অম্বরীশ বিশ্বাস
ব্যবহারের নিরিখে বর্তমানে বাংলাভাষায় ‘রোহিঙ্গা’ একটি বহুলপ্রচলিত শব্দ। রাগের বশে বা নিছক মজার ছলে কেউ কাউকে ‘রোহিঙ্গা’ বলে দাগিয়ে দিচ্ছেন। শব্দটির অর্থ জেনে বা না জেনেই। প্রশ্নটা হল, রোহিঙ্গা কারা? এই প্রশ্নের উত্তর একটি বাক্যে দেওয়া সম্ভব নয়। এর উত্তর জানতে হলে একটু সময় লাগব।
মায়ানমার দেশের যে রাজ্যটিকে আমরা বর্তমানে রাখাইন প্রদেশ নামে চিনি, পূর্বে তার নাম ছিল আরাকান। প্রেমেন্দ্র মিত্রের মামাবাবু সমগ্র যারা পড়েছেন, এই নামের সঙ্গে তাঁদের পরিচিত হওয়ার কথা। সেই আরাকান প্রদেশের উপাখ্যান অনুসারে আরাকান রাজ্য ২৬৬৬ খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়। তারপর বহু বহু বছর বহির্বিশ্ব থেকে আলাদা থেকে সেই অঞ্চলের মানুষের এক স্বতন্ত্র পরিচয় গড়ে ওঠে, সৌজন্যে দুর্গম গিরি আরাকান ইয়োমা পর্বতশ্রেণি। ইতিহাসের পিছনে অনেক ক্ষেত্রেই লেজুড় হয়ে জুড়ে থাকে ভূগোল। প্রামাণ্য ইতিহাসের সাক্ষ্য অনুসারে আরাকান রাজ্যের ধন্যবতী নামক স্থান সমৃদ্ধি লাভ করে সুদূর পূর্বের চিন থেকে পশ্চিমের পারস্য পর্যন্ত ব্যবসার এক গুরুত্বপূর্ণ সংযোগক্ষেত্র হিসেবে। আরাকান রাজ্যের নাম উল্লেখিত এখনও পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন শিলালিপিটি হল ৭২৯ খ্রিস্টাব্দের ‘আনন্দচন্দ্র শিলালিপি’। সংস্কৃত ভাষায় লেখা এই শিলালিপি অনুসারে আরাকান সাম্র্যাজের প্রতিষ্ঠা করেছিলেন ভারতীয়রা। সম্রাট দোনচন্দ্র ৩৭০ খ্রিস্টাব্দে এখানে চন্দ্র সাম্রাজ্য স্থাপন করেন। ৭৮৮ খ্রিস্টাব্দ নাগাদ চন্দ্র বংশের ভাগ্যাকাশে নেমে আসে নানান দুর্ভোগ। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা মহা তাইং চন্দ্র নানান বিপদ, দুর্যোগ থেকে বাঁচার জন্য শরণাপন্ন হলেন রাজজ্যোতিষীদের। জ্যোতিষীরা নিদান দিলেন, অতি শীঘ্রই রাজধানী পরিবর্তন করতে হবে। রাজা নিদান শুনেই লোক-লস্কর, জন্তু-জানোয়ার, মন্ত্রী-সান্ত্রী নিয়ে রাজধানী ধন্যবতী ত্যাগ করে সমুদ্রের নিকটবর্তী নতুন রাজধানী ভেথালি স্থাপন করেন। যে স্থানের বর্তমান নাম সিটউই। মহম্মদ বিন তুঘলকের ভাগ্য খারাপ ছিল, আর এঁর ভালো।
এই সময় আরাকান রাজ্যের সমুদ্রসীমার ভিতর দুর্ঘটনার শিকার হন কিছু আরব দেশীয় নাবিক। তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয় রাজধানী ভেথালিতে। রাজসাক্ষাতের পর রাজনুগ্রহে তাঁরা আরাকান রাজ্যে বসবাসের অনুমতি পান। বিভিন্ন গ্রামে তাঁরা বসতি স্থাপন করেন এবং প্রকৃতির নিয়মে প্রেম আসে। স্থানীয় মেয়েদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন নাবিকেরা। তাঁদের সন্তানেরা আরাকান রাজ্যে ইসলাম ধর্মের সূচনা করেন। তারপর সুফিদের প্রভাবে আরাকান অঞ্চলে বেশ কিছু মানুষ ইসলাম ধর্মের প্রতি অনুরক্ত হন।
১৪০৪ খ্রিস্টাব্দে রাজা মিন স মুন সিংহাসনে বসেন। ১৪০৬ খ্রিস্টাব্দে আরাকান রাজ্য আক্রমণ করেন প্রতিবেশী বর্মা রাজ্যের রাজা মিন খাউং ইয়াজা। যুদ্ধে হেরে পালিয়ে যেতে বাধ্য হন রাজা মিন স মুন। আশ্রয় নেন আমাদের বাংলার সুলতানের কাছে, গৌড় রাজ্যে। গৌড়ের সুলতান তখন আজম শাহ্, পোশাকি নাম সুলতান গিয়াসুদ্দিন। সুলতানের সেনাবাহিনীতে উচ্চপদে নিযুক্ত হন মিন স মুন। দক্ষতার সঙ্গে নানান যুদ্ধে নিজের পারদর্শিতার পরিচয় দিয়ে পরবর্তী সুলতান আবুল মুজাফফরের বিশেষ আস্থাভজন হন নির্বাসিত আরাকানরাজ। রাজদরবারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তিনি প্রায় ২৪ বছর এই বাংলার মাটিতে অতিবাহিত করেন। সুলতানি আদবকায়দা, সংস্কৃতি, শাসনপদ্ধতি তাঁর মন জয় করে নেয়।
১৪৩০ সালে বাংলার সুলতান আবুল মুজাফফরের (পোশাকি নাম জালালুদ্দিন মুহম্মদ শাহ্) সহয়তায়, সেনাপতি ওয়ালি খাঁ এবং সিন্ধি খাঁর রণকৌশলে হারানো রাজসিংহাসন ফিরে পান মিন স মুন। সিংহাসনে বসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নতুন নাম নেন, সুলেইমান শাহ্। তার নব প্রতিষ্ঠিত রাজবংশ ম্রাউক-উ নামে পরিচিত হয়। রাজা মিন স মুন ওরফে সুলেইমান শাহ্ তাঁর চব্বিশ বছরের নির্বাসন জীবনের সাথী-সহযোদ্ধা-পরিচিতদের আমন্ত্রণ জানান তাঁর রাজ্যে এসে বসবাস করতে। রাজ-আমন্ত্রণ গ্রহণ করেন অনেকেই। বাংলা থেকে বহু ইসলাম ধর্মাবলম্বী মানুষ পাড়ি জমান আরাকান রাজ্যে। বাংলা-আরাকান মৈত্রী অবশ্য বেশিদিন স্থায়ী হয়নি। পরবর্তী ম্রাউক-উ রাজ মিন বিন যুবাক শাহ্, বাংলার সুলতান বুরবক শাহ্কে পরাস্ত করে ১৪৫৯ সালে চট্টগ্রাম অধিকার করেন।
এর পর ১৬৬০ সাল। মুঘল সাম্রাজ্যের রাজধানী দিল্লির মাটি তখন ভ্রাতৃঘাতী লড়াইয়ে রক্তাক্ত। রাজ-আসন পাওয়ার লড়াইয়ে খড়্গহস্ত সম্রাট শাহজাহানের চার পুত্র ঔরঙ্গজেব, দারা শিকোহ, মুরাদ বক্স এবং শাহ্ সুজা। খাজওয়ার যুদ্ধে ঔরঙ্গজেবের সেনাবাহিনীর বিরুদ্ধে হার নিশ্চিত দেখে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেন শাহ্ সুজা। এর পর তিনি মৃত্যুদণ্ডের ভয়ে এবং ভাই ঔরঙ্গজেবের রোষানল থেকে বাঁচতে দেশত্যাগের সিদ্ধান্ত নেন। উদ্দেশ্য ছিল আরাকান রাজ্য হয়ে মক্কাতে তীর্থদর্শন করে, দিল্লি থেকে অনেক দূর পারস্য বা কনস্ট্যান্টিনোপলে নির্বাসন নেওয়া। তৎকালীন আরাকানরাজ শাহ্ সুজাকে সাহায্যের প্রতিশ্রুতি দেন। কথামতো পরিবার-পরিজন, লোক-লস্কর নিয়ে শাহ্ সুজা বর্তমান নোয়াখালি থেকে জলপথে আরাকান রাজ্যে পৌঁছান। প্রথম কয়েকদিন সব পরিকল্পনামাফিক চললেও আরাকানরাজের তরফ থেকে আসা ‘বিবাহ প্রস্তাবে’ আগুন লাগল দুই রাজপরিবারের মধ্যে। পরিণামে নিহত হলেন শাহ্ সুজা এবং তার পরিবার-পরিজন। তবে শাহ্ সুজার আগমন আরাকান রাজ্যের জনবিন্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন আনল। ঔরঙ্গজেব এবং তার সঙ্গীসাথীদের হাত থেকে নিস্তার পেতে অনেক সাধারণ মুসলমান মানুষ পাড়ি জমালেন আরাকান রাজ্যে।
আঠারো-শতাব্দীর শেষ ভাগ থেকে দুর্বল হতে শুরু করল ম্রাউক-উ সাম্রাজ্য। এই সুযোগের অপেক্ষাতেই ছিল প্রতিবেশী বর্মা রাজ্য। যুদ্ধ ঘোষণা করল দুর্বল, নানান সমস্যায় জর্জরিত আরাকান রাজ্যের বিরুদ্ধে। যুদ্ধের স্বাভাবিক পরিণতি হিসেবে আরাকানরাজ মাহা থাম্মাদাকে বন্দি করে ২ জানুয়ারি, ১৭৮৫ সালে জয়লাভ করলেন বর্মারাজ এবং দেশছাড়া হলেন আরাকান রাজ্যের প্রায় দুই লক্ষ মানুষ। উদ্বাস্তু মানুষদের অধিকাংশই জাতিতে রোহিঙ্গা এবং ধর্মে মুসলিম। আরাকান রাজ্যের আরেক নাম রোহাঙ্গ। রোহাঙ্গ অঞ্চলে যাঁরা বসবাস করেন তাঁরাই হলেন রোহিঙ্গা। উদ্বাস্তু মানুষেরা আশ্রয় নেন বর্তমান বাংলাদেশের দক্ষিণ-পূর্ব তটরেখা জুড়ে। সেই সময় বাংলাদেশের এই অঞ্চল ব্রিটিশদের অধীনে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপ্টেন হির্যাম কক্সকে দায়িত্ব দেয় উদ্বাস্তুদের পুনর্বাসন এবং সাহায্যের জন্য। ক্যাপ্টেন কক্সের নামানুসারে সেই জায়গা এখন বাংলাদেশে কক্সবাজার নামে পরিচিত।
এর পর আমাদের পৌঁছে যেতে হবে ১৯৪২ সালে। আরাকান, সর্বোপরি বর্মা তখন ব্রিটিশদের দখলে। পৃথিবীর আকাশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধোঁয়া। মানচিত্র জুড়ে চাপ চাপ রক্ত আর মানুষের আর্তনাদ। এশিয়ার প্রবল পরাক্রমশীল জাপান তখন উদ্যত বর্মার দখল নিতে, জাপানিদের সহায়তায় আরাকান প্রদেশের বৌদ্ধধর্মাবলম্বীরা, অন্যদিকে ব্রিটিশ সাম্রাজ্য রক্ষায় ইংরেজদের ভরসা রোহিঙ্গা মুসলমানেরা। বিশ্বের অনান্য উপনিবেশের মতো বর্মাতেও বৌদ্ধ-মুসলিমদের মধ্যে ‘দ্বি-জাতি’ তত্ত্বের সফল রূপায়ণ করে শাসনক্ষমতা উপভোগ করছিল ব্রিটিশরা। যুদ্ধে জয়লাভ করে বর্মার দখল নিল জাপান। নৈরাজ্যের মধ্যে সাম্রাজ্যবাদী যুদ্ধ আরাকান প্রদেশে রূপান্তরিত হল সাম্প্রদায়িক সংঘাতে। আবার ছিন্নমূল হলেন কয়েক লক্ষ রোহিঙ্গা।
তারপর থেকে চওড়া হয়ে উঠল বিভাজনের রাজনীতি। আরাকান প্রদেশে ‘রোহিঙ্গা মুসলমান’দের নামের পাশে জুটল ‘বাঙালি’, ‘বিদেশি’, অনুপ্রবেশকারী’ ইত্যাদি শব্দ। সময়ের সঙ্গে সঙ্গে মায়ানমারের রাজনৈতিক মানচিত্রে রোহিঙ্গারা হয়ে উঠল ‘পাঞ্চিং ব্যাগ’। ১৯৭৮ সালে মায়ানমারের তৎকালীন মিলিটারি জুন্টা সরকার শুরু করল ‘অপারেশন নাগামিন’। উদ্দেশ্য দেশজুড়ে জনগণনা এবং নাগরিকত্ব যাচাই। রোহিঙ্গাদের বিরুদ্ধে এই পরিকল্পিত যুদ্ধে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের তথ্য অনুসারে উদ্বাস্তু হন প্রায় দুই লক্ষ বাহান্ন হাজার মানুষ। আশ্রয় নেন বাংলাদেশে জাতিসংঘ পরিচালিত শরণার্থী শিবিরে। নানান অত্যাচারের পরেও রোহিঙ্গা জনগোষ্ঠীকে আরাকান থেকে নিশ্চিহ্ন করতে অসমর্থ হয় মায়ানমারের মিলিটারি জুন্টা। সংখ্যালঘু তাড়িয়ে সংখ্যাগুরুর মন জয়ে ব্যস্ত সরকার ১৯৮২ সালে নাগরিকত্ব আইন পাশ করেন। এই আইন অনুসারে রোহিঙ্গাদের মায়ানমারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় এবং শরণার্থীদের দেশে ফেরার আইনি সুযোগ কেড়ে নেওয়া হয়।
তারপর থেকে নিজদেশে পরবাসী অবস্থা হয় আরাকান প্রদেশের অবশিষ্ট রোহিঙ্গাদের। কিছু বছর পর পরই মায়ানমারের নির্বাচিত অথবা মিলিটারি জুন্টা সরকার একের পর এক আঘাত নামিয়ে আনে রোহিঙ্গাদের ওপর। ‘সংখ্যালঘুর প্রতিরোধ’ জন্ম দেয় স্বাধীন দেশের দাবি। প্রতিরোধকারী সংগঠনগুলি পরিচিত হয় ‘সন্ত্রাসবাদী’ সংগঠন হিসেবে। বর্তমানে বাংলাদেশে অবস্থিত ‘রোহিঙ্গা শরণার্থী শিবির’ বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবির।
এত সময় ব্যয় করে এতগুলো কথা বলার কারণ রোহিঙ্গা শব্দের সুলুক সন্ধান করা। দাড়ি-টুপি দেখলে রোহিঙ্গা-বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার যে খারাপ প্রবণতা তৈরি হচ্ছে তা বিপজ্জনক। রোহিঙ্গা শব্দ জুড়ে রয়েছে মাটি হারানোর যন্ত্রণা, যে যন্ত্রণার সাক্ষী পূর্ববঙ্গের ছিন্নমূল মানুষ। ঘরহারা মানুষের দুঃখে ঘরহারা মানুষ কাঁদে, কষ্ট পায়, সেটাই স্বাভাবিক। কেউ আনন্দ পেলে তা পৈশাচিক। আর যাঁরা জেনেবুঝে রোহিঙ্গা শব্দটিকে বাংলার রাজনৈতিক বা সামাজিক অভিধানের অন্তর্ভুক্ত করছেন তাঁদের উদ্দেশ্য খুব স্বাভাবিক। ওদেশের মানুষ হয়ে যান বাঙালি তাই বিদেশি, আর আমার পাশের বাড়ির মানুষ যিনি চার পুরুষের কবর আগলে বসে আছেন তিনি হয়ে যান রোহিঙ্গা, বিদেশি। কী বিচিত্র এই রাজনীতি!


রোহিঙ্গা, একটি অপরিসীম বেদনার ইতিহাস।
হীরক সেনগুপ্ত