ডেমোগ্রাফিক ডিভিডেন্ড— সুযোগ হাত থেকে চলে যাচ্ছে

সুমন কল্যাণ মৌলিক

 


ডেমোগ্রাফিক ডিভিডেন্ড একটা জাতির জীবনে একবারই আসে। আমরা যদি মূলত আশির দশকের মাঝামাঝি ভারতে এর শুরু বলে মেনে নিই, তবে বলা যায় যে ২০৪০ সালের মধ্যে এই সুবিধা শেষ হয়ে যাবে। এই সময়কে যদি আমরা কাজে লাগাতে না পারি, তবে তা চিরকালের মতো শেষ হয়ে যাবে। গড়পড়তা আমাদের হাতে আর ১৫ বছর সময় আছে। চিন তাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময়কালে গড় বৃদ্ধি ধরে রেখেছিল ৯-১০ শতাংশের মধ্যে এবং ২০১৫ সালে তাদের এই ডিভিডেন্ড শেষ হয়ে গেছে। ব্রিকসভুক্ত দেশগুলির মধ্যে ভারতের এখনও এই সুবিধা শেষ হয়ে যায়নি, কিন্তু সমস্যা হল, পৃথিবীর চতুর্থ অর্থনীতি হওয়া সত্ত্বেও ২০২৪ সালে ভারতের পার ক্যাপিটা আয় ছিল মাত্র ২৭০০ মার্কিন ডলার

 

 

পূর্ব-প্রসঙ্গ: অসাম্যের সাতকাহন

ভারতীয় অর্থনীতির ভালোমন্দ নিয়ে সাম্প্রতিক আলোচনায়, বিশেষ করে তার সম্ভাবনার প্রশ্নে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড (কঠিন বাংলা শব্দটি হল জনসংখ্যাগত লভ্যাংশ/জনমিতিক লভ্যাংশ) বহুল উচ্চারিত। সহজ কথায়, যখন কোনও দেশে জন্মহার কমে যাওয়ার কারণে শিশু ও বৃদ্ধ (নির্ভরশীল) মানুষের তুলনায় কর্মক্ষম (১৫–৬৪ বছর বয়সি) মানুষের সংখ্যা আনুপাতিক হারে সবচেয়ে বেশি হয় এবং এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ধরনের অবদান রাখে, তখন তাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে। এই ডিভিডেন্ড থেকে সর্বোচ্চ সুবিধা পেতে কর্মক্ষম মানুষদের জন্য প্রয়োজন হয় উপযুক্ত শিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান।

ভারতের বিষয়ে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে (অতঃপর, ডিডি) বুঝতে হলে ১৯৫০ সাল থেকে আমাদের দেশের জনবিন্যাসের পরিবর্তনের ঐতিহাসিক প্রেক্ষাপটটি বুঝতে হবে। ১৯৫১ সালের জনগণনা অনুসারে ভারতের লোকসংখ্যা ছিল ৩৫ কোটি, সংখ্যার বিচারে পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ। প্রথমে ছিল চিন, লোকসংখ্যা ৫৫ কোটি। অর্থাৎ চিনের থেকে আমাদের জনসংখ্যা ছিল ২০ কোটি কম। কিন্তু গত ৭৫ বছরে ছবিটা অনেক পাল্টে গেছে। আমরা এই মুহূর্তে জনসংখ্যার বিচারে পৃথিবীতে এক নম্বরে। জনসংখ্যা গুরুত্বপূর্ণ, যদি তার সঙ্গে উৎপাদনশীলতা যুক্ত হয়। ফলাফল হিসাবে তা বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে, এমনকি পৃথিবীর জিডিপির হারকে প্রভাবিত করতে পারে। যদি আমরা জনগণের ক্রয়ক্ষমতা-বিষয়ক মাপকাঠি পারচেজিং পাওয়ার প্যারিটিতে (পিপিপি) হিসাব করি, তাহলে ২০১৩ সাল থেকে চিন পৃথিবীর বৃহত্তম অর্থনীতি, দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তৃতীয় ভারত।

ভারত, চিনের মতো জনবহুল দেশের আমজনতার ভালোমন্দ নির্ভর করে তার নাগরিকদের শ্রম কতটা উৎপাদনশীল তার ওপর, সেটা আবার নির্ভর করে নাগরিকদের শিক্ষা ও স্বাস্থ্যের মানের ওপর। এক্ষেত্রে চিনের উদাহরণ গুরুত্বপূর্ণ। ১৯৪৯-এর বিপ্লব-পরবর্তী তিন দশক স্বাস্থ্য ও শিক্ষায় ব্যাপক বিনিয়োগ চিনকে যে অগ্রগামী অবস্থায় নিয়ে যায়, তার উপর ভিত্তি করে ১৯৭৯ সালে সে-দেশে সংস্কার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ভারতে পঞ্চাশের দশক-পরবর্তী সময়ে স্বাস্থ্য ও শিক্ষায় অনগ্রসরতা ভারতের মানবসম্পদের কাম্য উন্নতি ঘটাতে সমর্থ হয়নি। চিন তার প্রজননহারে লাগাম টানতে সফল হয়, ফলে ভারত হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ।

১৯৫০ সালে চিনের জনঘনত্ব ছিল প্রতি বর্গকিমিতে ৫৬.৭ জন (এশিয়ার মধ্যে ১৭), ভারতের তখন ছিল ১১৬.৯ জন। ২০২৩ সালে এসে দেখা যাচ্ছে, ভারতে জনঘনত্ব ৪৮৩ জন/প্রতি বর্গকিমি (এশিয়ার মধ্যে নবম), অথচ চিনের সেটা ১৪৮ (এশিয়ার মধ্যে ২১)। এখন অবস্থাটা হল, এশিয়ার এই দুটি বৃহত্তম দেশ, দুটোই তাদের প্রজননহার কমাতে সমর্থ হয়েছে। চিনের জনসংখ্যা এতটাই কমেছে যে ২০১২-১৫ সালের মধ্যে তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড শেষ হয়ে গেছে। ভারতের ক্ষেত্রে মোটাদাগের হিসাবটা হল, ২০২৪ সালে জনসংখ্যা ১৪২ কোটি, যা ২০৬২ সালের মধ্যে ১৬৯ কোটিতে দাঁড়াবে। তারপর কিন্তু জনসংখ্যার হার কমতে শুরু করবে। কিন্তু সমস্যা হল, ভারতের জনঘনত্বের এই উচ্চগতি ভারতের শহরগুলোকে আর বসবাসযোগ্য রাখেনি। যদি পরিকল্পিত নগরায়ণ না হয় এবং ছোট উদীয়মান শহরগুলিতে শিল্প ও কর্মসংস্থান না পৌঁছায়, তাহলে জীবনযাত্রার মানের ক্রমাবনতি দ্রুত হবে এবং পরিবেশ দূষণের হার বাড়বে। এখানে আবার কিছু এলাকাগত সমস্যা দেখা যাবে। বিশেষ করে বিহার ও পশ্চিমবঙ্গে, যেখানে জনঘনত্বের হার দেশের গড়ের তিনগুণ এবং উত্তরপ্রদেশে দ্বিগুণ।

অর্থনীতিবিদরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড (ডিডি) ভারতের জন্য কীভাবে কার্যকর হতে পারে, সে-বিষয়ে নানান সম্ভাবনার উল্লেখ করেছেন।

প্রথমত, যেহেতু নির্ভরশীল বাচ্চাদের সংখ্যা হ্রাস পায়, সরকার ফিজিক্যাল ক্যাপিটাল, কর্মসংস্থানকেন্দ্রিক প্রশিক্ষণ প্রভৃতি ক্ষেত্রে বেশি ব্যয় করতে পারে।
দ্বিতীয়ত, এই শিশুরা যখন কাজের বাজারে প্রবেশ করে, তখন উন্নত শ্রমশক্তি বৃদ্ধি পায়।
তৃতীয়ত, প্রজননহার কমার ফলে কাজের বাজারে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পায়।
চতুর্থত, জনগণের সঞ্চয়ের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় অর্থনীতিতে তার সদর্থক প্রভাব পড়ে। তার প্রমাণ, ২০০৩-০৪ সালে জিডিপির মধ্যে সঞ্চয়ের অংশ ছিল ২৩ শতাংশ, যা ২০০৭-০৮ সালে বেড়ে হয় ৩৭ শতাংশ। অনেকে দাবি করেন, ২০০৩-১৫ পর্যন্ত ভারতের জিডিপির দ্রুত বৃদ্ধির পেছনে এই ফ্যাক্টরটি কাজ করেছিল।

একই সঙ্গে আরও দুটো বিষয় মাথায় রাখা দরকার। এই ডিডি একটা জাতির জীবনে একবারই আসে। আমরা যদি মূলত আশির দশকের মাঝামাঝি ভারতে ডিডির শুরু বলে মেনে নিই, তবে বলা যায় যে ২০৪০ সালের মধ্যে এই সুবিধা শেষ হয়ে যাবে। এই সময়ের মধ্যে ডিডিকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তবে তা চিরকালের মতো শেষ হয়ে যাবে। এটা অত্যন্ত দুঃখের কারণ হবে। গড়পড়তা আমাদের হাতে আর ১৫ বছর সময় আছে। এক্ষেত্রে আরেকবার অন্য দেশের উদাহরণগুলি মাথায় রাখা দরকার। চিন তাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময়কালে গড় বৃদ্ধি ধরে রেখেছিল ৯-১০ শতাংশের মধ্যে এবং ২০১৫ সালে তাদের ডিডি শেষ হয়ে গেছে। চিন এখন জাপান ও আরও ধনী ইউরোপীয় দেশগুলির মতো বুড়োদের সমাজ। ২০১০ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের ডিডি শেষ হয়ে গেছে। ব্রিকসভুক্ত দেশগুলির মধ্যে ভারতের এখনও এই সুবিধা শেষ হয়ে যায়নি, কিন্তু সমস্যা হল, পৃথিবীর চতুর্থ অর্থনীতি হওয়া সত্ত্বেও ভারতের পার ক্যাপিটা আয় ছিল মাত্র ২৭০০ মার্কিন ডলার (২০২৪ সালে)।

এই পরিস্থিতি ভারতের নীতিনির্ধারক ও রাজনৈতিক নেতৃত্বের কাছে এক নতুন চ্যালেঞ্জ উপস্থিত করেছে। আমরা যদি জিডিপির বৃদ্ধি, মানুষের ক্রয়ক্ষমতা ও চাকরির বাজার বৃদ্ধি না করতে পারি, তবে এক অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের প্রতিবেদন অনুসারে, ভারতে পুরুষদের গড় আয়ু ৬৭.৪ বছর এবং মহিলাদের ৭০.৩ বছর। সার্বিকভাবে গড় বয়স ৬৮.৮ বছর। বিশ্বতালিকায় আমাদের স্থান ১২৫। ২০৪০ সালের মধ্যে ধরে নেওয়া যায়, গড় আয়ু আরও বাড়বে। ফলত, সবচেয়ে তরুণ দেশ থেকে আমরা সবচেয়ে প্রবীণ দেশে পরিণত হব। সরকারকে ফলে স্বাস্থ্যক্ষেত্রে আরও বেশি ব্যয়বরাদ্দ করতে হবে প্রবীণদের জন্য। ভারতে এই সময় কেন্দ্র ও রাজ্য সরকারগুলি তাদের জিডিপির মাত্র ১.৩ শতাংশ স্বাস্থ্যখাতে ব্যয় করে। দেশের কাজ করা মানুষদের মধ্যে মাত্র ১০ শতাংশের এবং অকৃষিক্ষেত্রের ১৫ শতাংশের সামাজিক সুরক্ষা আছে। বেশিরভাগ মানুষ রয়েছেন ইনফর্মাল সেক্টরে। এই অবস্থাটা কোনও অর্থনীতির পক্ষে ভালো বিজ্ঞাপন হতে পারে না।

আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড-সম্পর্কিত আলোচনাটিকে এক জায়গায় সূত্রায়িত করতে চাইলে কতগুলো সাধারণ সত্যকে সামনে আনতে পারি। যেহেতু প্রজননহার ধারাবাহিকভাবে কমছে, তাই ২০৪০ সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রিত হয়ে আসবে। আশা করা যায়, ২০৫০ সালের মধ্যে জনসংখ্যা হবে ১৫০ কোটি। তবে তরুণ প্রজন্মের সংখ্যা কমতে থাকবে। একদা জনসংখ্যার ৩০ শতাংশ ছিল যৌবরাজ্যের অধিবাসীরা, ২০৪০ সালের মধ্যে উল্টো খেলা শুরু হবে। অন্যদিকে, ৬০ বছর বয়সি ও তার বেশি মানুষের সংখ্যা দ্রুতগতিতে বাড়তে থাকবে। আর্থিকভাবে দুর্বল, স্বাস্থ্যপরিষেবার সুযোগহীন, দারিদ্র্যের সঙ্গে নিয়ত যুদ্ধ করা এক বিশাল সংখ্যক মানুষের সুচিকিৎসা, আর্থিক সংস্থান, সামাজিক সুরক্ষার দায় ভারত রাষ্ট্রকেই নিতে হবে।

ভারতে আজ সবচেয়ে বড় সমস্যা কাজের। এটা এক কাঠামোগত সমস্যা। ম্যানুফ্যাকচারিং ও পরিষেবা— দুটো ক্ষেত্রেই কর্মসংস্থান কমছে। কৃষিতে অগ্রগতির রাস্তা এই কাঠামোতে বন্ধ। ফলত, আমরা যেমন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে পুরো মাত্রায় ব্যবহার করতে পারছি না, তেমনি বৃদ্ধির হার কখনওই ৮ শতাংশের কাছাকাছি যেতে পারছে না। পরিস্থিতি পরিবর্তন না করলে হাতে থাকা ১৫ বছরের সুবিধাও আমরা নিতে পারব না।

 

তথ্যসূত্র: এই নিবন্ধে ব্যবহৃত যাবতীয় তথ্য ও পরিসংখ্যান বিশিষ্ট অর্থনীতিবিদ সন্তোষ মেহেরোত্রা ও যযাতি পারিদার লেখা India out of work: Rethinking India’s growth story, BLOOMSBURY Publication থেকে সংগৃহীত।

 


 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5450 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.