অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়
বোরকা-বিতর্কের গভীরে গেলে দেখা যায়, এটি আসলে কোনও ধর্মীয় পোশাকের প্রশ্ন নয়, এটি সহাবস্থান বনাম বিভাজনের প্রশ্ন। আমরা যদি প্রতিটি ভিন্নতাকে সন্দেহের চোখে দেখি, তাহলে সমাজ ক্রমশ বিভক্ত হবে। কিন্তু যদি আমরা ভিন্নতাকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করি, তাহলে সহাবস্থান সম্ভব। একই সঙ্গে এই প্রশ্নও কি সঙ্গত নয় যে, মুসলমান মেয়েদের মুখ ঢাকা আদতে একটি চরমপন্থী কুপ্রথা? কারণ মুখই তো মানুষের পরিচয়, প্রকৃতিপ্রদত্ত সৌন্দর্যের বিবিধতার পরিচায়ক। এমন নজিরও তো কম নেই যেখানে মুসলমান দেশগুলি মুখ ঢাকার বিরুদ্ধে গিয়েছে। যেমন— কাজাক্স্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এমনকি সৌদি আরবেও তো দিব্য নারীরা মুখ না ঢেকেই বেঁচে আছেন। তাই কেবল তালিবানি আফগানিস্তান কিংবা পাকিস্তানের ধর্মান্ধতাই তো ভারতীয় মুসলমানের কাছে দৃষ্টান্ত হতে পারে না
প্রশ্নটা সহজ, বোরকা (অথবা নিকাব) কী? কাপড়ের টুকরো ছাড়া আবার কী! ঠিক যেমন কোনও দেশের পতাকা, আদতে তো একখণ্ড কাপড়ই।
কিন্তু দুটিই প্রতীকিকরণের আরোপে বিশেষত্ব লাভ করেছে। বোরকা কারও কাছে হয়ে ওঠে নিপীড়নের প্রতীক, তো কারও কাছে পরিচয়ের আধার। কেউ আবার মনে করেন মর্যাদারক্ষার হাতিয়ার, কেউ-বা ধর্মগত অস্তিত্বধ্বজা হিসাবে গ্রহণ করেন। কেউ-বা ফ্যাশন, আবার কেউ সামাজিক প্রবাহ থেকে অবিচ্ছিন্ন থাকার নিমিত্তমাত্র ভেবে নেন। এবম্বিধ প্রতীকিকরণের সবকটি স্বতন্ত্র সত্তা মুসলমান সমাজের অভ্যন্তরে বিদ্যমান। এমন নয় যে, সমগ্র মুসলমান সমাজ এককাট্টাভাবে বোরকার কোনও একক প্রতীকিকরণে বিশ্বাস করে। সমাজ তো দূরস্থান, প্রতিটি মুসলমান পরিবারের ভিতরেই ভিন্নমতপোষণকারী সদস্য বর্তমান। এইখানেই বেগম রোকেয়ার উল্লেখ করা জরুরি, তিনি যেমন বোরকা পরার মধ্যে খুব বেশি অন্যায় দেখেননি। এই বিষয়ে তাঁর মত স্পষ্টত ব্যক্ত করেছেন, চাইলে দেখতে পারেন রোকেয়া রচনাবলী, মতিচূর (প্রথম খণ্ড)। বোরকা বিষয়ে তাঁর লেখাটি পড়লে একটা প্রশ্ন মনে জাগা অস্বাভাবিক নয় যে, তিনি কি আপস করলেন? সম্ভবত সেটাই। কারণ তিনি বুঝেছিলেন ঘরে বন্দিদশা কাটানোর চেয়ে মুসলিম নারী যদি পর্দানসিন থেকেই বাইরে বেরিয়ে কলজে-বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করে উন্নতি করতে পারে তাহলে সেটাই ঢের ভালো হবে। এই জন্য তিনি মেয়েদের শিক্ষালাভের উদ্দেশ্য সফল করার পক্ষপাতী ছিলেন, হোক-না সেটা বোরকার আড়ালে থেকেই, অসুবিধা কী! অর্থাৎ তাঁর কাছে বোরকা একপ্রকার স্বাধীনতাও বটে। কে না জানে আবাদি বানু বেগমের কাহিনি, যিনি বোরকা চাপিয়েই দেশের স্বাধীনতা আন্দোলনে গান্ধিজির পাশে লড়েছেন, ১৯১৭ সালে কলকাতার মাটিও তাঁর চরণস্পর্শ পেয়েছিল।
যাই হোক, তবে অন্যদিকে দেখা যায়, বোরকার সঙ্গে যারা সম্পর্কহীন, সেই অমুসলমান সমাজ মুসলমান মেয়েদের বোরকামুক্তির ব্যাপারে সবচাইতে বেশি প্রগল্ভ। কতরকমের অজুহাত যে সাজানো হয়েছে ইয়ত্তা নেই— রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা, নিরাপত্তা, অতীত সংস্কৃতির সুরক্ষা, নিপীড়িত নারীকে মুক্তিপ্রদান ইত্যাদি। যেন কেবল বোরকাই হল নন্দ ঘোষ। এই অতিভাষিতা কেবল হিন্দুত্ববাদীদের মধ্যে সীমাবদ্ধ নয়, ইহুদি, খ্রিস্টান সমাজেও প্রবল। কলকাতা, কেরালা, কর্নাটক, উত্তরপ্রদেশ, মুম্বই আমাদের নিকটবর্তী, তাই দৃষ্টিগোচর সহজে হয়। তথাপি, কী ফ্রান্স, কী ইটালি, এমনকি অস্ট্রিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, গ্রিস, স্পেন, ডেনমার্ক থেকে চিন অব্দি তাবড় শিক্ষিত ও উন্নত দেশগুলিও সমদোষে দুষ্ট। এমতাবস্থায় বোরকা নামের কালো কাপড়খণ্ড মুসলমান সমাজের কাছে রাষ্ট্রশক্তির (অ)বিচারের বিরুদ্ধে প্রতিবাদের সোচ্চার প্রতীক হয়ে ওঠে।
একখণ্ড কাপড়ের দেহ যদি এত রকমের প্রতীক বহন করে, তাহলে একজন নাগরিকের পরিচয় কি আদৌ একমাত্রিক হতে পারে? রাজনীতির প্রকৃত গরজ ঠিক এইখানেই। ক্ষমতার রাজনীতি মানুষকে একক পরিচয়ে সেঁধিয়ে দিতে চায়। কারণ সেটা হলেই মানুষে-মানুষে ভেদাভেদ বাড়বে, সমাজ হবে কট্টরপন্থায় বিভাজিত, রাজনীতি যার ফায়দা তুলবে ষোলোআনা। রাজনীতি মানুষকে ভুলিয়ে দিতে চায় যে, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণকারী একজন মানুষ একইসঙ্গে বাঙালি, ভারতীয়, হিন্দু বা মুসলমান বা অন্যকিছু, বামপন্থী অথবা দক্ষিণপন্থী, গান্ধিভক্ত বা সুভাষভক্ত কিংবা সাভারকরভক্ত, মুচি অথবা আমলা, শহুরে বা গ্রাম্য ইত্যাদি কত কী! রাজনীতির দাবি হল, নাগরিক একটিমাত্র পরিচয়কে শিখণ্ডী করে জীবন কাটিয়ে দিক। অথচ গণতন্ত্র তো শুধু ঐক্যরক্ষা নয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে টিকিয়ে রাখার দ্যোতনা। নাগরিকের বহুমাত্রিক পরিচয়ের বিবিধতার মধ্যে থাকা সহিষ্ণুতা ও সৌহার্দই হল গণতন্ত্রের ভিত্তি। একক পরিচয়ের ভিত্তিতে গড়ে ওঠা কোনও ঐক্য অবধারিতভাবে সংঘর্ষের পরিবেশ সৃষ্টি করবে। গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে। আজ সেটাই হচ্ছে, চারিদিকে যেন বিদ্বেষের বিষ ছড়িয়ে পড়েছে।
আমাদের কলকাতা শহরটাকেই যদি দৃষ্টান্ত হিসাবে নিই, তাহলে কী পরিবর্তন চোখে প্রকটভাবে ঠেকছে? যে-কোনও নাগরিক যদি একটু চিন্তা করেন, অনুভব করবেন যে, আজ থেকে আট-দশ বছর আগেও এত বোরকা-পরিহিতা নারী আমাদের চারপাশে ছিল না। আর বিশ-তিরিশ বছর আগের কথা তো ছেড়েই দিন। ইরানে যেমন সত্তর-আশির দশকে মেয়েরা খোলামেলা পোশাক পরত, এতদিন কলকাতাতেও হিন্দু-মুসলমান নির্বিশেষে মেয়েদের মানানসই সাধারণ পোশাকই চোখে পড়ত। আচমকা এই ক-বছরে কী এমন ঘটল যে মুসলমান মেয়েদের শরীরে বোরকার দাপট এতখানি বেড়ে গেল? বহু মুসলমানও উত্তরহীন। সত্য নয়, তবুও গায়ের জোরেই যদি ধরে নিই, বোরকা ধর্মাচরণের অলঙ্ঘনীয় বিধি, তাহলে কি বোরকা ব্যবহারের প্রাবল্য এই সিদ্ধান্তে উপনীত করে যে, মুসলমানরা আগের আমলে যথাযথ ধর্মাচরণ করতে পারত না, হাল-আমলে সেটা পারছে বলেই তারা স্বাধীনভাবে পছন্দ মোতাবেক বোরকা পরছে? আশা করি নয়। তাহলে কি এই সিদ্ধান্তই ঠিক হবে যে, বোরকা কোনও ধর্মাচরণ নয়, বরং ধর্মীয় পরিচয়ের প্রতীক হিসাবে হিন্দুত্ববাদের উত্থানে নিরাপত্তাহীনতার চিহ্ন গায়ে মেখে গোটা শহর ও রাজ্যজুড়ে অস্তিত্বের চিৎকার করছে? এটাও যে সর্বাংশে ঠিক, তা বলা যায় না। নাকি এমন একটা সামাজিক চাপের সংক্রমণ ঘটেছে যে বোরকা পরিধান না করলে মুসলমান সমাজে মুসলমানেরই মান-ইজ্জত থাকছে না, লোকজন টেরিয়ে দেখছে? হয়েছে-টা কী?
ইংরেজিতে যাকে বলে লুপ, মুসলমান সমাজ এমনই একটি চক্রে আটকে পড়েছে। এর দায় অবশ্যই গোটা সমাজের উপর বর্তায়। চক্রটি কী? ফেসবুককেন্দ্রিক সময়ে মানুষের পরিচয় আর ব্যক্তিগত বিষয় নয়, এটি সর্বসাধারণের বিষয়। মানুষ চিহ্নিত হয়, শ্রেণিবদ্ধ হয়, এবং সেই অনুযায়ী তাকে দেখাও হয়ে থাকে। এইখানেই পোশাক একটি শক্তিশালী সঙ্কেত হয়ে উঠেছে। পিকে নামের চলচ্চিত্রের একটি দৃশ্য মনে পড়ে যায়, যেখানে আমির খান একজন সাধুবাবার সামনে বিভিন্ন পোশাক পরা কয়েকজন মানুষকে হাজির করে ধর্মপরিচয় জিজ্ঞাসা করেন, আবার বিয়ে থেকে অন্তোষ্টিক্রিয়ার পোশাকের সাদা-কালো রঙের মধ্যে কতরকমের পরিচয় যে আছে সেটাও পরিচালক হাজির করেছেন। তাই বোরকা সেই অর্থে শুধু পোশাক নয়, এটি একটি দৃশ্যমান পরিচয়ের বাহকও বটে। আর এই পরিচয়টি যখন বারবার প্রশ্নের মুখে পড়ে, সরাসরি হোক বা পরোক্ষভাবে, তখন সেটাই প্রকটতর হয়ে ওঠে। যখন কোনও গোষ্ঠীর পরিচয়-চিহ্ন, যেমন— পোশাক, খাদ্যাভ্যাস বা ভাষা— বারবার সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, তখন সেটা ধীরে ধীরে মানসিক ও সামাজিকভাবে অনুভূত নিরাপত্তাহীনতার রূপ নেয় ও মানুষ আলোচ্য পরিচয়-চিহ্নগুলিকে ত্যাগ করার পরিবর্তে আরও আঁকড়ে ধরে। এটি একটি সামাজিক প্রতিক্রিয়া। উগ্র হিন্দুত্ববাদ যদি ভারতে এর জন্য দায়ী হয়, তাহলে (পড়ুন, উগ্র) ইসলামিক দেশগুলিতে (যেমন ধরুন বাংলাদেশে) কেন বোরকা নিয়ে (আজকাল) এত বাড়াবাড়ি দেখা যায়? এর কারণ সম্ভবত দুটো। এক, উগ্র-ইসলামি মনোভাব এক ধরনের চরমপন্থী মৌলবাদে পৌঁছে যেতে চায়, ওই স্তরে যাওয়ার জন্য সার্বিকভাবে বিদ্বেষের জাগরুক ঘটানো প্রয়োজন। সেটারই একটা ধারা হিসাবে পুরুষতন্ত্রের চরম সীমায় গিয়ে বাধ্যতামূলকভাবে মহিলাদের উপর বোরকা পরিধানের হুকুম জারি করা হয়, কখনও ধর্মরক্ষার আছিলায় কখনও-বা সরাসরি আইন তৈরি করে। আর দুই হল, ইউরো-মার্কিন সংস্কৃতির প্রতি ধর্মান্ধতাজাত আশঙ্কা ও অবিশ্বাস। ফলে প্রথম ধাপে পরিচয়ের দৃশ্যমানতা বৃদ্ধি পায়। পরবর্তী ধাপে এই দৃশ্যমানতা নতুন করে প্রশ্নের বা সমালোচনার জন্ম দেয়। এবং এটা চক্রাকারে চলতেই থাকে। এই চক্র সমাধান আনে না, সমস্যার ক্ষত দগদগে করে তোলে। এইখানে বলা যায় যে, বর্তমানে বোরকা যতটা না পর্দার আড়ালে নারীকে লুকাচ্ছে, তার চেয়ে ঢের বেশি প্রকাশ করছে প্রতিরোধ ও গোষ্ঠীগত অস্তিত্বরক্ষার জন্য দরাদরির চেষ্টা যে, “আমি আছি, আমাকে কিছুতেই মুছে ফেলা যাবে না।”
আসল কথা হল, যদি একজন নারী স্বেচ্ছায় বোরকা পরেন, সেটি তার অধিকার। যদি তাকে পরতে বাধ্য করা হয়, যেই-ই করুক, যে-অছিলায় করুক, সেটি নিপীড়ন। আবার যদি তাকে খুলতে বাধ্য করা হয়, একইভাবে সেটিও নিপীড়ন। নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি (আইসিসিপিআর) হল ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রসংঘের একটি বাধ্যতামূলক চুক্তি। এর ২ নম্বর অনুচ্ছেদটি অধিকারভোগে বৈষম্যহীনতা ও সমতা নিশ্চিত করে। অধিকন্তু, ১৮ নম্বর অনুচ্ছেদটি ধর্মের স্বাধীনতার নিরঙ্কুশ অধিকারের নিশ্চয়তা প্রদান করে। স্বাধীনতাবোধ আসে একটাই জায়গা থেকে, সেটা হল পছন্দের অধিকার প্রয়োগ করার ক্ষমতায়ন। এই সমাজের সামনে তাই বড় চ্যালেঞ্জ হল, এটা কি বৈচিত্র্যকে স্বীকার করতে পারে? এটা কি একজন মানুষকে তার একাধিক পরিচয়ের সমষ্টি হিসেবে দেখতে পারে? এটা কি এমন একটি পরিবেশ গড়তে পারে, যেখানে মানুষ তার পরিচয়, দৃশ্যমানতা এবং শরীর নিয়ে নিজেই সিদ্ধান্ত নিতে পারে?
তাই বোরকা-বিতর্কের গভীরে গেলে দেখা যায়, এটি আসলে কোনও ধর্মীয় পোশাকের প্রশ্ন নয়, এটি সহাবস্থান বনাম বিভাজনের প্রশ্ন। আমরা যদি প্রতিটি ভিন্নতাকে সন্দেহের চোখে দেখি, তাহলে সমাজ ক্রমশ বিভক্ত হবে। কিন্তু যদি আমরা ভিন্নতাকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করি, তাহলে সহাবস্থান সম্ভব। একই সঙ্গে এই প্রশ্নও কি সঙ্গত নয় যে, মুসলমান মেয়েদের মুখ ঢাকা আদতে একটি চরমপন্থী কুপ্রথা? কারণ মুখই তো মানুষের পরিচয়, প্রকৃতিপ্রদত্ত সৌন্দর্যের বিবিধতার পরিচায়ক। এমন নজিরও তো কম নেই যেখানে মুসলমান দেশগুলি মুখ ঢাকার বিরুদ্ধে গিয়েছে। যেমন— কাজাক্স্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এমনকি সৌদি আরবেও তো দিব্য নারীরা মুখ না ঢেকেই বেঁচে আছেন। তাই কেবল তালিবানি আফগানিস্তান কিংবা পাকিস্তানের ধর্মান্ধতাই তো ভারতীয় মুসলমানের কাছে দৃষ্টান্ত হতে পারে না। মুখ না ঢেকে হিজাবের মাধ্যমেও তো তাঁরা দিব্য মুসলমানত্ব জাহির করতেই পারেন, বোরকা বা নিকাবই তো নারীর মুসলমানত্বের একমাত্র প্রতীক নয়। মুসলমান নারীর মগজধোলাই করে কেবল হিজাব বা নিকাবের মধ্যে তাদের ইচ্ছাকে মুড়ে দিয়ে আরেক উগ্র-মুসলমানত্ব জাহির করা হয়ে যাচ্ছে না তো, মুসলিম সমাজ নিশ্চয় এটাও ভেবে দেখবেন।
অবশেষে যেটা বলার, উপরোক্ত প্রশ্নগুলির উত্তর যদি “না” হয়, তাহলে সমস্যা বোরকায় নয়, সমস্যা আমাদের সহিষ্ণুতার ধারণায়। আর যদি উত্তর “হ্যাঁ” হয়, তাহলে আমাদের প্রথম কর্তব্য হবে, মানুষের ভিন্নতর পরিচয়কে নিয়ন্ত্রণ করা নয়, বরং সেটিকে অনুভব করা। সকলেই জানে যে, বোরকা খুলে ফেললেই স্বাধীনতা আসবে না। আবার বোরকা চাপিয়েও মর্যাদা আসে না। কিন্তু এমন একটা বাসযোগ্য পরিবেশ তো দরকার যেখানে, বোরকা পরা বা না-পরা কোনো প্রতীক হয়ে উঠবে না, কেবল অন্যান্য পোশাকের উপাদানের মতো একটা কাপড় হয়েই থাকবে, ব্যক্তি-নারীর স্বাধীন পছন্দের অধিকার হবে।
বিশেষ কৃতজ্ঞতা
যাঁর সঙ্গে বেশ কয়েকবার দীর্ঘ আলোচনায় আমি ঋদ্ধ হয়েছি ও উৎসাহ পেয়েছি, একইসঙ্গে স্নেহ-ও পেয়েছি তাঁর, তাঁকে, জাহিরুল হাসান সাহেবকে আমার আন্তরিক সমাদর ও শ্রদ্ধা জানাই।


এমন চমৎকার লেখা, কী বলব!
হীরক সেনগুপ্ত