নহি যন্ত্র— দশ

সৈকত ভট্টাচার্য

 

পূর্ব প্রকাশিতের পর

জয়দা নিজের আই-প্যাডটা আমাকে দিয়ে হাপিস হয়ে গেছিল কোথায়। রোববারের সকাল। বসার ঘরের সোফায় শুয়ে কীই বা করার আছে! মোবাইলেই বা কত স্ক্রল করব! শুভ গেছে ব্যাডমিন্টন খেলতে। মঞ্জুশ্রীও গেছে। এটা ওর নতুন খেয়াল। আমার সক্কালবেলা উঠে এত দৌড়ঝাঁপ পোষায় না। তাই সোফাতে আধশোয়া হয়ে কী করা যায়, তাই ভাবছিলাম। এমন সময় দেখি জয়দা ফুলবাবুটি সেজে কোথায় যাচ্ছে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এই রবিবার সাতসকালে কোথায় যাচ্ছ?

রহস্যময় হেসে বলল, তদন্তের কাজ।

তদন্ত! বুঝলাম সেই এআই সিগন্যাল গড়বড়ের রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি।

—তা তুই এমন সিন্ধুঘোটকের মতো পড়ে আছিস কেন? কাজ নেই?
—কী করব… সেটাই ভাবছি।

জয়দা ঘরে গিয়ে নিজের আই-প্যাডটা এনে আমার হাতে দিয়ে বলল, পড় তাহলে। কেমন এগোচ্ছে দ্যাখ তো…

—আরে, নতুন লেখা?

মাথা নেড়ে সম্মতি জানিয়ে দরজা গলে অদৃশ্য হয়ে গেলেন ভদ্রলোক।

আমি সেটাই পড়ছিলাম। কিন্তু দরজায় ঘন্টি বাজায় উঠতে হল। সকালটা ব্যাঙ্গালোরে বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। আমি আলোয়ানটা গায়ে জড়িয়ে নিয়ে দরজা খুললাম। এ কী! ভোঁ ভাঁ। কেউ কোথাও নেই। বন্ধ করতে গিয়ে দেখি চৌকাঠের কাছে একটা খাম পড়ে আছে। মুখবন্ধ। উপরে শুধু ছাপার হরফে জয়দার নাম লেখা।

জয়দা ফিরল যখন, তখন প্রায় একটা বাজে। আমরা একসঙ্গে লাঞ্চ করব বলে অপেক্ষা করছিলাম। ও বলেছিল এসে খাবে। রবি ঠাকুর বেশ জমিয়ে পাঁঠার মাংস আর ভাত বানিয়ে দিয়ে গেছে। রোববারের দুপুর বলে কথা! শুভ জয়দার দেরি দেখে উশখুশ করছিল। মঞ্জুশ্রীও ব্যাজার মুখে মোবাইল ঘাঁটছিল। দেখেই মালুম হচ্ছিল যে খিদে পেয়েছে।

জয়দা বেশ প্রফুল্ল বদনে ঘরে ঢুকল। বুঝলাম কাজ ভালোই হয়েছে। ঢুকেই বলল, আহা, মাংসের কী সুবাস! ভাত বাড়।

ভাত, মাংস সবই থালায় রেডি ছিল। মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নিয়ে টেবিলে বসে পড়লাম চারজন।

—তা কী পেলে? সক্কাল সক্কাল অভিযান চালিয়ে? খেতে খেতে প্রশ্ন করল মঞ্জুশ্রী।
—খ্যাপা খুঁজে খুঁজে যা ফেরে। যথারীতি জয়দার প্যাঁচালো উত্তর।
—সোরসাররস স্টোন? মঞ্জুশ্রীই এইসব কোড ল্যাঙ্গুয়েজ বোঝে এবং একইরকম উত্তর দেয়।
—একদম খাঁটি পরশপাথর। জয়দা ‘খাঁটিত্ব’ বোঝাতে, নাকি মাংসের স্বাদে অমন আধবোজা চোখে কথাটা বলল বুঝলাম না। তারপর আবার বলল, তবে পরশপাথরের পরশ পাওয়ার জন্য একটা ক্যুরিয়ারের অপেক্ষায় আছি। আপাতত হাতে শুধু নুড়িপাথর।

আমার মনে পড়ল জয়দার নামে আসা খামটার কথা। কিন্তু সেটা বলার আগেই জয়দা প্রশ্ন করল, নুড়িপাথরের ল্যাটিন জানিস?

—মানে, এতদিন অঙ্ক বিজ্ঞান জিজ্ঞেস করতে, তার একটা মানে ছিল। এখন তা বলে ল্যাটিন!! শুভ প্রায় আঁতকে উঠে বলল।
—এটাও অঙ্ক। হিন্ট দিলুম। জয়দা একটা হাড়ের মধ্যে থেকে মজ্জাটা চুষতে চুষতে বলল।

আমরা সবাই এর ওর মুখের দিকে তাকিয়ে কিছুই বুঝলাম না।

—পারলি না তো? আচ্ছা আরও একটু হিন্ট দিই। নুড়িপাথর, অঙ্ক আর টিনটিন— এদের মধ্যে মিল কোথায়?
—ক্যালকুলাস? মঞ্জুশ্রী বলে উঠল।
—এই তো। অবিশ্যি অঙ্ক আর টিনটিন বলে দিলে আর কিছু থাকে না বাকি।
—নুড়িপাথরের ল্যাটিন ক্যালকুলাস?
—ছোট পাথর টু বি প্রিসাইজ। ল্যাটিনে ক্যালক্স মানে পাথর। যেখান থেকে ক্যালশিয়াম ট্যালশিয়াম এসেছে আর কী! আর ‘কুলাস’ মানে ছোট। দুইয়ে মিলে ছোট পাথর। যাকে বাংলায় নুড়িপাথর বলা চলে।
—হ্যাঁ, মায়ের কিডনিতে স্টোন হয়েছিল যখন ডাক্তার লিখেছিল বটে ‘রেনাল ক্যালকুলি’— মনে পড়ল।
—তা হঠাৎ ক্যালকুলাস নিয়ে পড়লে যে! জিজ্ঞেস করলাম।
—কারণ একটা অঙ্ক মিলছে না।
—অঙ্ক! তুমি আবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে-টেবে ভাবছ নাকি? শুভ পড়াশোনার নাম শুনলেই কেমন আঁতকে ওঠে।
—নাহ, ন্যাড়া বেলতলাতে একবারই যায়। কিন্তু আমি আটকেছি অন্য অঙ্কে। এই যে আমাদের এআই নিয়ে এত গোলমাল, তার দুটো শিরদাঁড়া— এক, সংখ্যাতত্ত্ব আর দুই, ক্যালকুলাস। তোদের আগেই বলছিলাম যে কম্পিউটারকে আপেলকে আপেল আর কমলাকে কমলা বলে চেনানোর উপায় হল এগুলোর বিভিন্ন চরিত্রগুলোকে চেনানো। মানে, আকার, গন্ধ, রং ইত্যাদি। কিন্তু কম্পিউটার তো সংখ্যা ছাড়া আর কিছু বোঝে না। অতএব এই সমস্ত কিছুকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে হবে শেখানোর আগে। যেমন ধর, লাল রংকে এক দিয়ে প্রকাশ করা হল, আর কমলা রংকে দুই দিয়ে। আবার আকারের জন্য দৈর্ঘ প্রস্থ ব্যাসার্ধ ইত্যাদির মাপ নেওয়া হল। ফলে, আপেল আর কমলালেবুর চরিত্রগত বৈশিষ্ট্যগুলো একটা সাংখ্যরূপ পেল। মেশিনকে শেখানোর আগে এই যে কাজটা— একে বলে ডেটা প্রিপারেশন বা শিক্ষণীয় তথ্য নির্মাণ। তবে বাস্তব জগতে আরও জটিল জটিল সমস্যার সমাধানের জন্য এআই বা মেশিন লার্নিং দরকার হয়। ফলে, এই তথ্য তৈরি করার ব্যাপারটা এত সহজ নয়। সেক্ষেত্রে মাঠে নামে সংখ্যাতত্ত্ব বা স্টাটিসটিক্স। সে নানারকম কলাকৌশল প্রয়োগ করে যন্ত্রের জন্য পর্যাপ্ত এবং উপযোগী তথ্য নির্মাণ করে দেয়। কীভাবে করে সেটা নাহয় অন্য দিনের জন্য তোলা থাক। আজ বরং নুড়িপাথরই কুড়োই।

খাওয়ার পর জয়দার মৌজ করে একটা সিগারেট ধরানো অভ্যাস। সেই মোতাবেক সোফায় গা এলিয়ে বসে একটা সিগারেট ধরিয়ে আমাদের প্যাসিভ স্মোকার বানিয়ে এক গাল ধোঁয়া ছেড়ে আবার খেই ধরল।

—পাই কীভাবে পাওয়া গেল সে কথা তো সেদিন বললাম। সেই প্রাচীনকাল থেকেই মানুষের মধ্যে বৃত্তের ক্ষেত্রফল বের করার চেষ্টা ছিল। তার ফল হিসাবেই পাই-এর খোঁজ। এবং যেমনটা বলছিলাম সেদিন যে সেই সুমেরীয় বা মিশরীয় সভ্যতার সময় থেকেই বুদ্ধিমান মানুষ বৃত্তের মধ্যে আর ঠিক বাইরে বহুভুজ এঁকে সেই বহুভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে বৃত্তের আনুমানিক ক্ষেত্রফল হিসাব করার চেষ্টা করে যাচ্ছিল। যত সময় গেছে, নানাবিধ গাণিতিক তত্ত্ব উদ্ভাবন হয়েছে। তার ফলে হিসাবের সুবিধা হয়েছে আরও। বৃত্তের সঠিক ক্ষেত্রফলের কাছাকাছি পৌঁছনোর জন্য অনুসন্ধিৎসু মানুষ বহুভুজের বাহুর সংখ্যা বৃদ্ধি করেছেন— কল্পনা কর যে একটা নির্দিষ্ট পরিধির মধ্যে কয়েক হাজার বাহুবিশিষ্ট বহভুজ আঁকলি— তাহলে সেটা কেমন দেখতে হবে?
—প্রায় বৃত্তের মতোই। মঞ্জুশ্রী চট করে জবাব দেয়।
—আর বাহুসংখ্যা বাড়িয়ে যদি কয়েক লক্ষ করা যায়?
—বৃত্তের আরও কাছাকাছি। মঞ্জুশ্রীর ফের জবাব।
—আরও আরও আরও কাছে পৌঁছনোর জন্য বাহুর সংখ্যা আরও আরও আরও বাড়াতে হবে। কিন্তু কখনওই কি একটা বহুভুজ পুরোপুরি বৃত্ত হয়ে যাবে?
—নাহ, একটু হলেও পার্থক্য থাকবে।
—রাইট! কিন্তু যদি গণিতের ভাষায় বলতে হয়, একটা বহুভুজের বাহুর সংখ্যা অসীম হলে তবেই তা একটা বৃত্তে পরিণত হবে।
—অসীম মানে, ইনফিনিটি? জিজ্ঞেস করি আমি।
—হ্যাঁ, অসীম মানে ইনফিনিটি। এবার একটা বহুভুজের ক্ষেত্রফল কীভাবে বের করা যায়?
—আয়তক্ষেত্র হলে তো দৈর্ঘ আর প্রস্থের গুণফল। ত্রিভুজ হলে যদ্দূর মনে আছে ত্রিভুজের উচ্চতা আর ভূমির গুণফলের অর্ধেক।

বাচ্চাদের পড়িয়ে পড়িয়ে মঞ্জুশ্রীর এইসব ভালোই চর্চা হয় দেখলাম। চটপট বলে দিল। আমার আয়তক্ষেত্রটা মনে থাকলেও ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা একটুও মনে নেই। শুভর মুখ দেখে মনে হল তো ও এইসব জীবনে প্রথম শুনছে।

—গুড। এইবার একটা বহুভুজকে, যার বাহুগুলো সমান অবশ্যই, নইলে বিস্তর গণ্ডগোলে পড়তে হবে, যদি দেখিস তবে তাকে এমন কতগুলো ত্রিভুজে ভেঙে ফেলা যায়? জয়দা আবার প্রশ্ন করে। কিন্তু আমাদের মুখে উত্তর নেই দেখে একটা কাগজ টেনে নিয়ে তাতে এঁকে ফেলল।

 

তারপর আবার বলল, তাহলে একটা ষড়ভুজকে কটা ত্রিভুজে ভাঙা যাচ্ছে?

আমরা চট করে গুনে বললাম, ছটা।

—অর্থাৎ ষড়ভুজটার ক্ষেত্রফল হবে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের ছ-গুণ। একইভাবে যদি n-সংখ্যক সমবাহুবিশিষ্ট বহুভুজ হয়, তবে তার ক্ষেত্রফল হবে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের n গুণ। অর্থাৎ, বহুভুজের কেন্দ্র থেকে যে কোনও একটা বাহুর দূরত্ব, যাকে ত্রিভুজের উচ্চতা বলা হয়, একটা বাহুর দৈর্ঘ্য আর n-এর গুণফলের অর্ধেক।
—আর এই n যদি অসীম সংখ্যক হয়ে যায়, তবে তা ওই বহুভুজের শীর্ষবিন্দুগুলো ছুঁয়ে আঁকা বৃত্তের ক্ষেত্রফলের প্রায় সমান হয়ে যাবে। মঞ্জুশ্রী বুঝে ফেলেছে ব্যাপারটা।
—একদম তাই। কিন্তু সমস্যা হল ওই অসীম-এ। রবীন্দ্রনাথ বলেছেন, তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই… কিন্তু পৌঁছতে নাহি পাই! অসীম হল এমন একটা জিনিস যেটা আমাদের ক্ষমতার ঠিক বাইরে। মানে ধর, আমার কাছে অনেক দূর নক্ষত্রপুঞ্জের একটা নক্ষত্র যেমন অসীমের সমান, কারণ সেখানে হাজার চেষ্টা করলেও আমি পৌঁছতে পারব না, সেরকম একটা পিঁপড়ের কাছে হয়তো এখান থেকে দু-কিলোমিটার দূরের একটা জায়গাই অসীমের সমান— সে সারা জীবন হেঁটে সেখানে পৌঁছতে পারবে না। অতএব অসীম জিনিসটা আপেক্ষিক। তাই বহুভুজের বাহুর সংখ্যা যদি এত বাড়িয়ে দেওয়া যায়, মানে তুই যত বড় সংখ্যা চিন্তা করতে পারিস, তার চেয়েও বড়— তবে বলা যায় অসীমসংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজ।
—কিন্তু আমি তো তার চেয়েও বড় সংখ্যা চিন্তা করতে পারি। মানুষের ভাবনা তো কম্পিউটারের মেমরির মতো নির্দিষ্ট ক্ষমতার গণ্ডিতে বাঁধা নেই। আমি জিজ্ঞেস করলাম।
—অবশ্যই পারিস। কিন্তু তুই যেই মুহূর্তে আরও বড় সংখ্যা চিন্তা করবি, অসীমবাবুও তাঁর মান এক লাফে তার চেয়ে একটু বাড়িয়ে নেবেন। তার কাছে পৌঁছনোই যাবে না।
—এ দেখি হযবরল-র গেছো দাদা!
—হা হা, ঠিক বলেছিস। তুই যদি যাস উলুবেড়ে, তবে অসীম চলে যাবে মতিহারি। আর তুই মতিহারি গেলে অসীমের ঠিকানা তখন হবে রামকিষ্টপুর।
—এইভাবে ক্লাস টুয়েলভে যদি কেউ পড়াত, তাহলে হায়ার সেকেন্ডারিতে সত্তর পার্সেন্ট এসে যেত।

শুভ এতক্ষণে মুখ খুলল। কথাটা ভুল বলেনি। বইয়ের পাতার নীরস তত্ত্বগুলো যদি মাস্টারমশাইয়েরা এমন করে মগজে ঢুকিয়ে দিতেন, তবে তাদের সঙ্গে এমন শত্রুতা তৈরি হত না। যাই হোক, গতস্য শোচনা নাস্তি।

—অসীমসংখ্যক সমবাহুবিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে বৃত্তের ক্ষেত্রফল তো বের করা যাবে, সেটা বোঝা গেল। কিন্তু অসীমসংখ্যক বহুভুজের ক্ষেত্রফল কী করে বের করা হবে? গণিতবিদরা সেই প্রশ্নে আটকে রইলেন সহস্রাধিক বছর। সেই আর্কিমিডিসের সময় থেকে শুরু করে সপ্তদশ শতক অবধি— যদ্দিন না দুই ছোকরা ইউরোপের দুই দেশে বসে এই সমস্যার উত্তর খুঁজে পেলেন প্রায় একইসঙ্গে। আর তাই নিয়ে বিস্তর বিবাদ শুরু হল। তুই বেড়াল না মুই বেড়াল নিয়ে বিজ্ঞানীকুল দুইভাগ হয়ে গেল। আর এই দুই বৈজ্ঞানিকের নাম?

প্রশ্নটা ছুড়ে দিয়ে আমাদের দিকে তাকাল জয়দা। আর যথারীতি কোনও উত্তর না পেয়ে নিজেই বলল— গটফ্রেড উইলহেলম লিবনিজ এবং নান আদার দ্যান স্যার আইজ্যাক নিউটন!

—এঁরা দুজন নিজেদের মধ্যে ঝগড়া করেছেন? হতবাক হয়ে বললাম আমি।
—নইলে আর বলছি কী! আর সে ঝগড়া যে সে ঝগড়া নয়, প্রায় বিশ-তিরিশ বছর ধরে চলেছে তা। অবশেষে লিবনিজের মৃত্যুর পর তাতে দাঁড়ি টানেন স্বয়ং নিউটন।
—ডিটেইলস প্লিজ। মঞ্জুশ্রী বলল।
—বিস্তারিত বলার জন্য পিছিয়ে যেতে হবে আর এক শতাব্দী। জানতে একটা বিয়ের আসরের গল্প।
—বিয়ে!
—হুঁ হুঁ বাওয়া, যার তার বিয়ে নয়— জোহানেস কেপলারের বিয়ে। কেপলারের নাম নিশ্চয়ই ভুলে মেরে দিসনি তোরা! জয়দা কেমন একটা সন্দেহর চোখে তাকাল আমাদের দিকে। আমরা সমস্বরে এ বাবা, না না ইত্যাদি বলে সামাল দিলাম।

জয়দা বিশ্বাস করল কি না জানি না, তবে আবার বলতে শুরু করল নিজেই— পনেরোশো একাত্তর, মানে তখন আমাদের ভারতবর্ষে দিল্লির মসনদে সম্রাট আকবর ফতেপুর সিক্রি নির্মাণের অর্ডার দিয়েছেন। এদিকে বাংলার গৌড়ের সিংহাসনে সুলেইমান খান করনানি। আর এই করনানির কুখ্যাত সেনাপতি ‘কালাপাহাড়’ বিপুল ধ্বংসলীলা চালাচ্ছেন বাংলা আর ওড়িশা জুড়ে। সেই পনেরোশো একাত্তর সালে জার্মানিতে জন্ম কেপলারের। বাবা ছিলেন ভাড়াটে সৈন্য। এদিক-সেদিক যুদ্ধ করে বেড়াতেন। কয়েক বছর পর নেদারল্যান্ডে যুদ্ধ করতে গিয়েই ইন্তেকাল হয়। তাঁর ছেলে এমন খ্যাতনামা জ্যোতির্বিদ হল তার পিছনে কেপলারের ছেলেবেলার দুটো ঘটনা দায়ী। এক, তাঁর ছ-বছর বয়সে আকাশে একটা ধূমকেতুর আবির্ভাব হয়েছিল। সারা পৃথিবীই সে ঘটনার সাক্ষী ছিল প্রায় বছরখানেক ধরে, কিন্তু শিশু কেপলারের মনে একটা আশ্চর্যের জন্ম দিয়েছিল। আর সেই ‘আশ্চর্য’ কৌতূহলে বদলে যায় ফের যখন পনেরোশো আশি সালে, তাঁর ন-বছর বয়সে প্রথমবার চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করেন। আকাশের এই সব কাণ্ডকারখানা তাঁকে একেবারে যাকে বলে পেড়ে ফেলল। মনে প্রবল জিজ্ঞাসার জন্ম হল গোটা ব্রহ্মাণ্ড সম্পর্কে। ইশকুলের পাঠ শেষ করে কেপলার ভর্তি হলেন টিউবিনগেন বিশ্ববিদ্যালয়ে। সেখানে নানাবিধ বিষয় নিয়ে চর্চা করার পর অবশেষে থিতু হলেন অঙ্ক আর জ্যোতির্বিজ্ঞানের সাগরে। আর জ্যোতির্বিজ্ঞান চর্চার অঙ্গ হিসাবে পড়তে হল টলেমি অ্যান্ড কোপার্নিকাসের তত্ত্ব।

—কোপার্নিকাস মানে যিনি বলেছিলেন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তিত হচ্ছে? মঞ্জুশ্রী বলে উঠল।
—ঠিক তাই। এই বাংলাদেশকে যখন চৈতন্যদেব ভাসিয়ে নিয়ে চলেছেন প্রেমের সাগরে, সনাতন জাতিভেদকে তোয়াক্কা না করে সমাজের সবাইকে করে নিয়েছেন আপন, ইওরোপকে একই সময়ে নাড়িয়ে দিচ্ছেন নিকোলাস কোপার্নিকাস। ধর্মপুস্তকের বর্ণনা অনুযায়ী পৃথিবী যে এই মহাবিশ্বের কেন্দ্রে নেই, বরং সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে জগৎসংসার— সেই কথা বলে প্রচলিত শিক্ষা এবং ক্যাথলিক বিশ্বাসের মুখে প্রায় থাপ্পড় কষিয়েছিলেন কোপার্নিকাস। এমন অধার্মিক কথাবার্তা বলার জন্য তাঁর নামে কুৎসা রটেছে, তাঁকে নিয়ে খেউড় বাঁধা হয়েছে। তবু জ্ঞানের আলোকে তো চেপে রাখা যায় না! কোপার্নিকাস তাঁর বই লিখলেন এই সৌরকেন্দ্রিক তত্ত্ব নিয়ে— ডি রিভোল্যুশনিবাস অরবিয়াম কোয়েলেস্টিয়াম— যার বাংলা মানে দাঁড়ায় মহাজগতের আবর্তন। কোপার্নিকাস বলেছিলেন, এই বিশ্বনাচের কেন্দ্রে আছে সূর্য। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। শুধু তাই নয়, পৃথিবী নিজের অক্ষের চারদিকেও প্রদক্ষিণ করে— তাই দিন, রাত হয়। বাকি সমস্ত তারাদের যা অবস্থান পরিবর্থন দেখতে পাই, তা আসলে আপেক্ষিক গতির ফলে— সকলেই সৌরজগতকে বেড় করে ঘুরে চলেছে অবিরত। এই বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে সৌরজগতের অবস্থানের ধারণাটা ঠিক না হলেও, এই আপেক্ষিক গতি এবং পৃথিবীর গতি নিয়ে যে ধারণাটা কোপার্নিকাস ওই সময়ে বসে, গোটা সমাজের ধ্যানধারণা, প্রচলিত শিক্ষার বিরুদ্ধে গিয়ে দিয়েছিলেন— সেটা একজন জিনিয়াসের পক্ষেই সম্ভব! আর তাই ইওরোপে একদল যুক্তিবাদী মানুষ তাঁর তত্ত্বের অনুগামী হয়ে পড়লেন খুব শিগগিরই। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন জোহানেস কেপলার।

 

 

[আবার আগামী সংখ্যায়]


 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5450 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.