আমি, এক নরওয়েজীয় সমাজতন্ত্রী, কীভাবে হালান্ডকে ভালোবাসতে শিখলাম

এইরিক গ্রাসাস-স্টাভেনেস

 

প্রযুক্তি-সাম্রাজ্যের কর্ণধারদের তৈরি ডিজিটাল সান্ত্বনা এবং সামাজিক বিচ্ছিন্নতার এই পৃথিবীতে ফুটবল স্টেডিয়াম, পানশালা এবং রাস্তাঘাটে যে সামনাসামনি বন্ধুত্ব, সহমর্মিতা ও একাত্মতার মুহূর্ত সৃষ্টি করে, তা আমাদের আবার মনে করিয়ে দিতে পারে, কীভাবে একটি অভিন্ন সামষ্টিক অভিজ্ঞতা ভৌগোলিক অবস্থান, জাতি ও লিঙ্গের বিভাজন অতিক্রম করে মানুষকে একসূত্রে বাঁধে। এই অভিজ্ঞতা আমাদের এ-ও স্মরণ করিয়ে দেয়, আমাদের সমাজ ও দেশকে শক্তিশালী করে তোলার প্রকৃত উৎস কোথায়। আমরা ঠিক কীসের জন্য লড়াই করছি, এবং থিয়েল, ট্রাম্প ও নেতানিয়াহুদের ভরা এই পৃথিবীতে— নেব্রাস্কা, নিউ ইয়র্ক কিংবা নরওয়ে, যেখানেই থাকি না কেন— কোন মূল্যবোধগুলিকে রক্ষা করতে হবে, সেটাও মনে করিয়ে দেয়। সেই পৃথিবীতে, হয়তো হালান্ডের মতো একজন শেষ পর্যন্ত এতটা খারাপ আইকন নন

 

গত পনেরো বছর ধরে সাংবাদিকতার কাজে আমি যুক্তরাষ্ট্রে আসছি। কিন্তু গত সপ্তাহে বোস্টনে নরওয়ে–ইরাক ম্যাচে এরলিং ব্রাউট হালান্ডের পা থেকে নরওয়ের প্রথম গোলটি দেখার পর যে উচ্ছ্বাস অনুভব করেছি— ঘামে ভেজা, হাতে বিয়ার ধরা অচেনা মানুষদের আলিঙ্গন করার সেই মুহূর্ত— তার মতো অনুভূতি এই দেশে আগে কখনও হয়নি।

আমি নরওয়ের সমাজতান্ত্রিক দৈনিক ক্লাসেকাম্পেন (বাংলা করলে ‘শ্রেণিসংগ্রাম’)-এর সাংবাদিক। বিশ্বকাপ কভার করার পাশাপাশি এই মুহূর্তে আমেরিকায় আসলে কী ঘটছে, সেটি বোঝাও আমার এই সফরের উদ্দেশ্য। এ যেন এক অন্য আমেরিকা— যেখানে সমাজতন্ত্রীরা নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হচ্ছেন, যুদ্ধের সমাপ্তি ঘটছে আত্মসমর্পণের মাধ্যমে, নিউ ইয়র্ক নিকস চ্যাম্পিয়নশিপ জিতছে, এমএমএ লড়াই অনুষ্ঠিত হচ্ছে হোয়াইট হাউসের লনে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে, আমি সেই দশ হাজারেরও বেশি ফুটবল-পাগল, ভাইকিং-শিরস্ত্রাণ পরা নরওয়েজীয়দেরই একজন, যারা জাতীয় উন্মাদনার নতুন এক মুহূর্তের সন্ধানে এখানে ছুটে এসেছে। তাঁদের অনেকেই এই সফরের জন্য সঞ্চয় ভেঙেছেন, কেউ কেউ ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা পর্যন্ত খরচ করেছেন— লোভ-চালিত মূল্যবৃদ্ধি (greedflation) এবং ফিফার তথাকথিত ‘ডাইনামিক প্রাইসিং’-এর গর্বিত জন্মভূমিতে আসার জন্য।

এই মূল্য দিতে আমরা অধিকাংশই প্রস্তুত ছিলাম। যদিও তার অর্থ ছিল এমন একটি দেশে আসা, যাকে একসময় বহু নরওয়েজীয় স্বাধীনতা ও নিরাপত্তার প্রতীক হিসেবে দেখতেন। কিন্তু আজ ট্রাম্প ও থিয়েলদের আমেরিকা ক্রমশই এক ধরনের হুমকি হয়ে দেখা দিচ্ছে— ফুটবলের জন্য— যেখানে অতিরিক্ত বাণিজ্যিকীকরণ এবং জলপান-বিরতি বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর মতো বিজ্ঞাপননির্ভর উদ্ভাবন খেলাটির চরিত্র বদলে দিচ্ছে; এবং সেই মূল্যবোধগুলির জন্যও— যেগুলির রক্ষক হিসেবে একসময় আমরা সরল বিশ্বাসে যুক্তরাষ্ট্রকে কল্পনা করতাম।

আমরা নতুন স্মৃতির জন্য ব্যাকুল। আমাদের প্রজন্ম বড় হয়েছে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপ এবং ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপের (১৯৩৮ সালের পর আমাদের প্রথম বিশ্বকাপ) গল্প শুনে শুনে। সেই সময় দলের নেতৃত্বে ছিলেন আমাদের কমিউনিস্ট প্রধান কোচ এবং জাতীয় নায়ক এগিল ‘ড্রিলো’ ওলসেন। তাঁর সেই দলে ছিলেন ২০২৬ সালের এই নরওয়ে দলটির বেশ কয়েকজন ফুটবলারের বাবাও। তাঁদের মধ্যেই ছিলেন আলফ ইনগে হালান্ড— যিনি ২০০০ সালের একটি দিনে সদ্যোজাত ছেলে এরলিংকে প্রথমবার নিজের দুই বাহুতে তুলে নিয়েছিলেন।

সেই শিশুই আজ পরিণত হয়েছে এক দুর্ধর্ষ গোলমেশিনে। আর এ-বছর আমাদের উচ্ছ্বাস ও প্রত্যাশা যে অতীতের যে-কোনও সময়ের চেয়ে বেশি, তার প্রধান কারণও সে-ই।

তেল, স্যামন মাছ এবং শ্রমিক সংগঠন, নিয়োগকর্তা ও সরকারের ত্রিপাক্ষিক সহযোগিতার মডেলের পর, এরলিং ব্রাউট হালান্ডই আজ নরওয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ। চিত্রশিল্পী এডভার্ড মুঙ্ক, সাহিত্যিক হেনরিক ইবসেন এবং শ্রমজীবী শ্রেণি থেকে উঠে আসা আমাদের প্রথম প্রধানমন্ত্রী, র‌্যাডিক্যাল সমাজগণতন্ত্রী আইনার গেরহার্ডসেনের পর আজ হালান্ডই নরওয়ের সবচেয়ে বড় জাতীয় প্রতীক।

সোনালি চুলের, লম্বা কেশধারী ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হালান্ডই এখন আমাদের নতুন জাতীয় আইকন। বাছাইপর্বে, যেখানে আমরা ইতালি ও ইজরায়েল— দুই দলকেই পরাস্ত করেছি, নরওয়ের হয়ে রেকর্ড গড়ে ষোলোটি গোল করেছেন তিনি। পশ্চিম নরওয়ের কৃষিপ্রধান অঞ্চল ব্রিনের ছেলে হালান্ড ধীরে ধীরে ডেভিড বেকহ্যাম, জ্লাতান ইব্রাহিমোভিচ এবং লিওনেল মেসির মতো বিশ্বতারকাদের সারিতে উঠে আসছেন। তিনি সেই বিরল কয়েকজন ফুটবলারের একজন, যাঁদের নাম ফুটবলে আগ্রহ নেই এমন মানুষও জানেন।

১৯৯৮ সালের সেই বিশ্বকাপের উন্মাদনা— যখন নরওয়ে ব্রাজিলকে হারিয়ে শেষ ষোলোয় উঠেছিল— আবার ফিরে পাওয়ার গোপন আশা আমরা এখন বুকে লালন করছি। তবু নরওয়েতে এখনও এমন অনেকে আছেন, যাঁদের কাছে আমাদের জাতীয় দলকে ভালোবাসা সহজ নয়। আপনাদের কেউ কেউ হয়তো ফিয়র্ডের ধারে ভাইকিং সেজে দাঁড়িয়ে থাকা আমাদের জাতীয় দলের সেই ছবি দেখেছেন। ছবিটি সারা বিশ্বে ভাইরাল হয়ে আমাদের প্রত্যাশার আগুনে আরও ঘি ঢেলেছিল। কিন্তু নরওয়েতেই অনেকে সেটির নান্দনিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, ছবিটির মধ্যে অতিপুরুষত্ব (hypermasculinity) এমনকি ফ্যাসিবাদেরও ইঙ্গিত রয়েছে।

আবার অনেকেরই মনে হয়েছে, নরওয়ের মতোই আমাদের জাতীয় দলও অতিরিক্ত ধনী এবং অতিরিক্ত আদুরে হয়ে উঠেছে। আমাদের একনিষ্ঠ সমর্থকদের সংগঠন অলিয়েবের্গেত (‘তেলের পাহাড়’) যখন গাইছিল— “ইচ্ছে করলে আমরা গোটা সুইডেনটাই কিনে নিতে পারি”— তখন লজ্জায় আমার মুখ লাল হয়ে উঠেছিল। গানটির মধ্যে যে আত্মবিদ্রূপের ইঙ্গিত খুঁজে পাওয়ার আশা করা যায়, তাঁদের চোখেমুখে তার সামান্যতম চিহ্নও ছিল না।

শুধু তা-ই নয়, আমিও একসময় লিখেছিলাম যে, অনেকের চোখে উদ্ধত বলে মনে হওয়া হালান্ড এমন এক নরওয়ের প্রতিনিধিত্ব করেন, যার সঙ্গে নিজেকে মেলাতে আমার অস্বস্তি হয়। আর সত্যি বলতে, একজন সমাজতান্ত্রিক সাংবাদিককে বিরক্ত করার জন্য যেন তাঁকে বিশেষভাবেই তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সহজ করতে তিনি নিজের পদবি Håland থেকে Haaland করেছেন। খেলছেন উপসাগরীয় রাজতন্ত্রের শাসকদের মালিকানাধীন একটি ক্লাবের হয়ে। ট্রাম্প-সমর্থক মার্কিন সোশাল মিডিয়া প্রভাবকদের এনার্জি ড্রিঙ্কের প্রচারও করেছেন। যুক্তরাষ্ট্রগামী বিমানে ওঠার সময় তাঁর হাতে ছিল ৪৫ হাজার ডলার মূল্যের একটি হ্যান্ডব্যাগ— যার দাম নরওয়ের মধ্যম বার্ষিক বেতনের প্রায় দুই-তৃতীয়াংশ। বছরে তাঁর আয় নরওয়ে দলের বাকি একুশজন ফুটবলারের সম্মিলিত আয়ের সমান। তাঁর ভাবমূর্তির পক্ষে আরেকটি অস্বস্তিকর বিষয় হল তাঁর বাবা আলফি হালান্ড— যিনি এখন কর ফাঁকি দিয়ে সুইজারল্যান্ডে বসবাসকারী ধনী নরওয়েজীয়দের একজন।

এর সম্পূর্ণ বিপরীত উদাহরণ হলেন আমাদের আর্সেনাল-অধিনায়ক মার্টিন ওদেগোরের বাবা। আর্সেনাল-সমর্থক জোহরান মামদানি নিশ্চয়ই জেনে খুশি হবেন যে, মার্টিন যখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেন, তখন তাঁর বাবা কর আইনের ফাঁকফোকর ব্যবহার করে কর এড়ানোর সুযোগ থাকা সত্ত্বেও তা করেননি। বরং তিনি জোর দিয়েছিলেন, তিনি এবং তাঁর ছেলে— দুজনেই স্পেনে তাঁদের ন্যায্য কর পরিশোধ করবেন।

তবু গোল, গৌরব এবং জাতীয় সংহতির আকাঙ্ক্ষায় উদ্বেল অধিকাংশ নরওয়েজীয়ই হালান্ডকে আপন করে নিয়েছেন। মাঠের বাইরে তাঁর খানিকটা আনাড়ি, কিশোরসুলভ ব্যক্তিত্ব যেমন তাঁদের মুগ্ধ করে, তেমনই মাঠে তাঁর অবিশ্বাস্য দক্ষতায় একের পর এক গোল করার ক্ষমতাও তাঁদের বিস্মিত করে। একই সঙ্গে, হালান্ড এবং নরওয়ে দলকে যত কাছ থেকে অনুসরণ করেছি, ততই বুঝেছি— তাঁকে নিয়ে আমার আগের ধারণা অন্তত আংশিকভাবে ভুল ছিল। যেটিকে আমি ঔদ্ধত্য মনে করতাম, তার অনেকটাই সম্ভবত ছিল তরুণ বয়সের অনিশ্চয়তার প্রকাশ। আজ দলের মধ্যে তিনি শুধু সবচেয়ে বড় তারকাই নন, বরং সকলের প্রিয় এক সতীর্থ— যিনি সত্যিই ফুটবল খেলতে ভালোবাসেন এবং একটি সুসংহত দলের অপরিহার্য অংশ।

২০২৬ সালে এসে আমাদের জাতীয় দলের নেতৃত্বে আর কোনও কমিউনিস্ট নেই। তবে দলের প্রধান কোচ, একনিষ্ঠ সমাজগণতন্ত্রী স্তোলে সোলবাক্কেন এমন একটি শক্তিশালী সমষ্টিগত দল গড়ে তুলেছেন, যেখানে নেতৃত্বের কাঠামো এমনভাবে তৈরি যে, হালান্ডের মতো মহাতারকাকেও বোদো/গ্লিম্টের মিডফিল্ডার প্যাট্রিক বের্গের মতো তুলনামূলকভাবে কম পরিচিত সতীর্থের কাছেও জবাবদিহি করতে হয়। নরওয়ে দলের সাম্প্রতিক চমৎকার ফলাফল এবং দলের মধ্যে গড়ে ওঠা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের পেছনে এই ধরনের সমষ্টিবাদী সংস্কৃতিকেই অনেক সময় প্রধান কারণ হিসেবে দেখা হয়।

নরওয়ের এই সাফল্যের আরেকটি প্রধান ভিত্তি হল শিশু ও কিশোর ফুটবলের একটি অন্তর্ভুক্তিমূলক এবং সরকারি অর্থে পরিচালিত ব্যবস্থা। হালান্ড সেই ব্যবস্থারই ফল— এই ব্যবস্থায় তিনি বিনামূল্যের সরকারি ইনডোর মাঠে অসংখ্য ঘণ্টা অনুশীলন করার সুযোগ পেয়েছেন এবং পেয়েছেন এমন এক যুব প্রশিক্ষককে, যিনি খুব অল্প বয়সেই খেলাকে পেশাদার কাঠামোর মধ্যে নিয়ে যাওয়ার প্রলোভন প্রতিরোধ করেছিলেন। বরং তিনি বলতেন, অপেক্ষাকৃত দুর্বল খেলোয়াড়দের সঙ্গে একসঙ্গে খেলাই একজন খেলোয়াড়কে আরও ভালো করে তোলে।

এটি নানা দিক থেকেই যুক্তরাষ্ট্রের ‘পে-টু-প্লে’ মডেলের সম্পূর্ণ বিপরীত। মার্কিন ফুটবল দল বিশ্বকাপে ভালো শুরু করলেও, তাদের বিশ্বকাপ স্কোয়াডের দিকে তাকিয়ে আমার মনে হয়েছে, মার্কিন খেলোয়াড়দের মধ্যে খুব কমজনই— এমনকি ট্রাম্পের নাচ অনুকরণ করে আলোচনায় আসা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিচও— নরওয়ে দলে নিশ্চিতভাবে প্রথম একাদশে জায়গা পেতেন। নরওয়ে কী গড়ে তুলতে পেরেছে এ তারই প্রমাণ। এ-বিষয়টি আবার মার্কিন পুঁজিবাদী ব্যবস্থার দুর্বলতাকেও আরও বেশি করে তুলে ধরে। সেখানে ফুটবলও, স্বাস্থ্যব্যবস্থার মতোই, কোটিপতিদের মুনাফা অর্জনের যন্ত্রে পরিণত হয়েছে। আর আকাশছোঁয়া খরচ শ্রমজীবী মানুষকে সেই ব্যবস্থা থেকে বাইরে ঠেলে দেয়। ফলে মাঠে হোক বা মাঠের বাইরে— কোনও ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র তার প্রকৃত সম্ভাবনার কাছাকাছি পৌঁছতে পারে না।

আজকের আমেরিকার চিত্র প্রায়শই বিষণ্ন। আমি এখানে এসেছি নানা প্রশ্ন নিয়ে। যেমন, ট্রাম্প-পরবর্তী আমেরিকা কেমন হবে? টাকার কার্লসনের মতো আর একজনের নেতৃত্বে ভবিষ্যৎ গড়ার হাত থেকে কি দেশটি বেরিয়ে আসতে পারবে? এমন এক ব্যক্তির হাত থেকে, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা সেন্টার নিয়ে মানুষের ক্ষোভ, এবং ইজরায়েলের প্রতি ন্যায়সঙ্গত জনরোষকে অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের পপুলিস্ট রাজনীতির পক্ষে কাজে লাগাচ্ছেন বলে মনে হয়।

জোহরান মামদানির সাফল্য আমাকে কিছুটা আশাবাদী করে। আর আমি আশা করি, মেইন অঙ্গরাজ্যে মার্কিন সিনেটের জন্য বার্নি স্যান্ডার্স-সমর্থিত প্রার্থী গ্রাহাম প্ল্যাটনারের সাফল্য প্রমাণ করবে যে, বামপন্থী পপুলিজম শুধু বড় শহরের উদারপন্থী পরিসরের মধ্যেই সীমাবদ্ধ নয়; তার বাইরেও তা মানুষের সমর্থন পেতে পারে। তাতে হয়তো এটিও স্পষ্ট হবে যে, আরও সমাজগণতান্ত্রিক— এমনকি আরও সমাজতান্ত্রিক— একটি আমেরিকার ভবিষ্যৎ নিছক কল্পনা নয়, যেমনটি প্রায়ই দাবি করা হয়। নিজের রাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে প্ল্যাটনার যেভাবে তাঁর ব্যক্তিগত বিতর্ক ও সীমাবদ্ধতাগুলি অতিক্রম করতে পেরেছেন, সেটিই আজকের আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাহিনি বলে আমার কাছে মনে হয়।

এই সব ভাবতেই আমার হালান্ড এবং বিশ্বকাপ শুরুর আগে নরওয়েতে চলা সেই বিতর্কের কথা বারবার মনে পড়ে যায়। বিতর্ক ছিল, রুনলিপি এবং ভাইকিং প্রতীককে ঘিরে তৈরি হওয়া নান্দনিকতা, যা আমাদের জার্সি এবং নতুন করে তৈরি হওয়া বহু বিশ্বকাপ-গানে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছিল, তা কতটা সমস্যাজনক? অসলোর বুদ্ধিজীবী মহলের একাংশ এই ধরনের ব্র্যান্ডিং মোটেই পছন্দ করেননি। তাঁদের মতে, এটি সমস্যাজনক এবং উগ্র জাতীয়তাবাদী প্রবণতার প্রকাশ। আবার বামপন্থীদের একাংশের যুক্তি ছিল, এটি রসবোধহীন এবং এত শক্তিশালী জাতীয় সাংস্কৃতিক প্রতীকগুলিকে ডানপন্থীদের একচেটিয়া দখলে ছেড়ে দেওয়া উচিত নয়। বরং সেগুলিকে নিজেদের করে নিয়ে নতুন অর্থে পুনরুদ্ধার করা দরকার। ইতিবাচক বিষয় ছিল যে, যথাক্রমে নাইজেরিয়া ও গাম্বিয়ায় পারিবারিক শিকড় থাকা আন্তোনিও নুসা এবং অস্কার ববও সোনালি চুলের হালান্ড ও ওদেগোরের মতোই স্বাভাবিকভাবে ভাইকিং পরিচয়ের অংশ হয়ে উঠতে পেরেছিলেন।

একই সঙ্গে, হালান্ড এবং তাঁর গোলগুলি একটা গোটা জাতিকে যে কতটা আনন্দ দিতে পারে, তা নিজের চোখে দেখার পর তাঁর প্রতি আমার বিরূপতাও দ্রুত মিলিয়ে গেছে। বোস্টনে অচেনা মানুষদের জড়িয়ে ধরার সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল— গ্রাহাম প্ল্যাটনার হোন বা এরলিং ব্রাউট হালান্ড, সমষ্টিগত আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিনিধি না হলেও, তাঁদের দুর্বলতা, সীমাবদ্ধতা বা আমাদের অপছন্দের বৈশিষ্ট্য সত্ত্বেও, যদি আমরা তাঁদের আপন করে নিতে না পারি, তাহলে হয়তো চিরকাল আমাদের সঙ্গী হয়ে থাকবে শুধু নিষ্প্রাণ পরাজয় আর নিঃসঙ্গতা।

প্রযুক্তি-সাম্রাজ্যের কর্ণধারদের তৈরি ডিজিটাল সান্ত্বনা এবং সামাজিক বিচ্ছিন্নতার এই পৃথিবীতে ফুটবল— আর হ্যাঁ, নিউ ইয়র্কের বাস্কেটবলও— স্টেডিয়াম, পানশালা এবং রাস্তাঘাটে যে সামনাসামনি বন্ধুত্ব, সহমর্মিতা ও একাত্মতার মুহূর্ত সৃষ্টি করে, তা আমাদের আবার মনে করিয়ে দিতে পারে, কীভাবে একটি অভিন্ন সামষ্টিক অভিজ্ঞতা ভৌগোলিক অবস্থান, জাতি ও লিঙ্গের বিভাজন অতিক্রম করে মানুষকে একসূত্রে বাঁধে। এই অভিজ্ঞতা আমাদের এ-ও স্মরণ করিয়ে দেয়, আমাদের সমাজ ও দেশকে শক্তিশালী করে তোলার প্রকৃত উৎস কোথায়। আমরা ঠিক কীসের জন্য লড়াই করছি, এবং থিয়েল, ট্রাম্প ও নেতানিয়াহুদের ভরা এই পৃথিবীতে— নেব্রাস্কা, নিউ ইয়র্ক কিংবা নরওয়ে, যেখানেই থাকি না কেন— কোন মূল্যবোধগুলিকে রক্ষা করতে হবে, সেটাও মনে করিয়ে দেয়।

সেই পৃথিবীতে, হয়তো হালান্ডের মতো একজন শেষ পর্যন্ত এতটা খারাপ আইকন নন।

আর এখন তিনি এসেছেন আমেরিকা জয় করতে।

 


*নিবন্ধটি জ্যাকোবিন-এ গত ২২ জুন, ২০২৬-এ ইংরেজিতে প্রকাশিত

 


 

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5450 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.