কর্পোরেট সাম্রাজ্য, ফুটবল, এবং প্রতিবাদ

শ্রুতায়ু ভট্টাচার্য

 

আধুনিক সময়ে সমর্থকদের মধ্যে নতুন ধরনের প্রতিরোধী সংস্কৃতির জন্ম হতেও দেখা গিয়েছে। গত দশকে তুরস্কের ‘গেজি পার্ক’ প্রতিবাদে একযোগে সরকার-বিরোধী আন্দোলনে পথে নামে গালাতাসারি, ফেনেরব্যাচে এবং বেসিকতাসের মতো চিরবৈরী ফুটবল দলের সমর্থকেরা। ১৯৮৯-এ হিলসবোরো দুর্ঘটনার বলি ৯৭ জনের মৃত্যুর ন্যায়বিচার চেয়ে লিভারপুল সমর্থকদের দীর্ঘদিনের আন্দোলন প্রশাসনবিরোধী রূপ নেয়। সম্প্রতি কলকাতার আরজিকর আন্দোলনে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের অংশগ্রহণ এই সংস্কৃতিকেই বয়ে নিয়ে চলে। তবে আলাদা করে বলতেই হয় আলট্রাস সংস্কৃতির কথা। গত শতাব্দীর সাতের দশকে ইতালিতে জন্ম নেওয়া আলট্রাস সংস্কৃতি আজ বিশ্ব-ফুটবলের দিকে দিকে ছড়িয়ে পড়েছে

 

“Stolen by the rich created by the poor”— কয়েক বছর আগেই ইউরোপের বিভিন্ন ফুটবল দলের গ্যালারিতে দেখা যাচ্ছিল এই ব্যানার। ইউরোপিয়ান সুপার লিগ নামক প্রস্তাবিত প্রতিযোগিতার বিরুদ্ধে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা উয়েফা আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল প্রতিযোগিতা থেকে বেরিয়ে গিয়ে ইংল্যান্ড, স্পেন ও ইতালির নামী ১২টা ক্লাবকে নিয়ে নতুন এই পরিকল্পনার প্রাথমিক ছক কষা হয়েছিল। এই উদ্যোগের পিছনে ফুটবলীয় যুক্তি ছিল এই যে, শুধুমাত্র বড় দলগুলোর মধ্যে প্রতিযোগিতা হলে তা উচ্চমানের হবে, এবং বেশি দর্শক আকৃষ্ট হবে। আর ব্যবসায়িক দিক থেকে উদ্দেশ্য ছিল বড় দলগুলোর জন্য আরও বেশি মুনাফার ব্যবস্থা করা। উদ্যোক্তা ক্লাবগুলোর ধনকুবের মালিকদের নেপথ্যে থেকে মূল পরিকল্পনা ছিল মার্কিন বিনিয়োগকারী ব্যাঙ্ক জেপি মরগ্যানের। তবে, এ-হেন পরিকল্পনা মুখ থুবড়ে পরে। ২০২১ সালে প্রতিযোগিতা ঘোষণার দু-দিনের মধ্যেই সমর্থকদের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। এমনকি উদ্যোক্তা ক্লাবগুলোর সমর্থকদেরও এক বিশাল অংশ ক্ষোভ জানায়। অন্যান্য ক্লাব, নিয়ামক সংস্থা, বিভিন্ন খেলোয়াড় কিংবা প্রশিক্ষকেরাও এই ধরনের পরিকল্পনার বিরুদ্ধে মুখ খোলে। অবস্থা বেগতিক দেখে ক্লাবগুলো একে একে বেরিয়ে আসে, উদ্যোগ বাতিল হয়ে যায়। তবে পরবর্তী সংস্করণে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিন্যাসে অনেক পরিবর্তন আসে। মনে করা হয় ইউরোপীয় সুপার লিগের বেশ কিছু ফুটবলীয় যুক্তিকে পর্যালোচনা করেই উয়েফা এরকম সিদ্ধান্ত নিয়েছে।

এই ধরনের সুপার লিগ তৈরির পরিকল্পনা আগেও হয়েছে। ইউরোপে একাধিকবার বড় ক্লাবগুলো অনেকটা একই ধাঁচের ব্যবসায়িক যুক্তিতে এই ধরনের উদ্যোগ নিয়েছে যদিও সফল হয়নি। তবে গত শতাব্দীর নয়ের দশক থেকে টেলিভিশন এবং সম্প্রচার সংস্থাগুলোর মাধ্যমে ফুটবলের বাণিজ্যিকীকরণ যে রূপ নিয়েছে, সমগ্র ফুটবল খেলা এবং তার সংস্কৃতি যেভাবে বিশ্বায়িত হয়েছে তাতে আগের সময়ের চেয়ে ফুটবলে পুঁজিবাদী প্রভাবেরও বড় তারতম্য ঘটে গেছে। উত্তরোত্তর বিবিধ বৃহৎ কর্পোরেট এবং বহুজাতিক সংস্থার অন্তর্ভুক্তি ঘটেছে, অধুনাকালে বেড়েছে ক্রোনি ক্যাপিটালিজমের প্রভাব। এ-ব্যাপারে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা-র কথা বলতেই হয়। তার জন্মলগ্ন থেকেই বিবিধ বিতর্ক। বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার, স্বজনপোষণ, দুর্নীতি, ভয়ানক ইউরোপকেন্দ্রিকতা এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণ— ব্রাজিলের জোয়াও হ্যাভেলাঞ্জ ১৯৭৪ সালে দায়িত্ব নেওয়ার আগে অবধি মোটামুটি এই ছিল ফিফার বিরুদ্ধে অভিযোগ। হ্যাভেলাঞ্জের আমলে ফুটবলের বাণিজ্যিকীকরণ ব্যাপক হল। অ্যাডিডাসের মতো সংস্থা তো জুড়লই, টেলিভিশন স্বত্ব, টিকিট বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত হতে থাকল নানা বহুজাতিক কর্পোরেট। ফিফার সাম্রাজ্য তৈরি হল তার ব্যবসায়িক প্রসারের সঙ্গে সঙ্গে। উত্তর-ঔপনিবেশিক আলোচনাকে কেন্দ্রে এনে হ্যাভেলাঞ্জ ইউরোপ-কেন্দ্রিক ফিফা পরিচালনাকে পাল্টালেন ঠিকই, তবে এশিয়া, আফ্রিকা এবং দুই আমেরিকার বড় অংশ ফিফার বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে পরিণত হল বিশাল বাজারে। ইউরোপের পুঁজির একাধিপত্য ছেড়ে ফিফার বাণিজ্যে সঙ্গ দিল বিশ্বায়িত পুঁজি। আর এই সব বাণিজ্যচুক্তি ঘটল অন্ধকারে, বিপুল দুর্নীতি এবং স্বজনপোষণের নজির তৈরি করেই। হ্যাভেলাঞ্জ থেকে শেপ ব্লাটার পেরিয়ে আজকের ইনফ্যান্তিনো— পরম্পরায় ফিফার বাণিজ্য বৃদ্ধির স্বার্থে একইরকম কাজ করে গেছেন বা যাচ্ছেন। সদ্য বিতর্কে ফিফা সভাপতির প্রস্তাবিত নয়া প্রকল্পের বিরুদ্ধে মুখ খুলেছে উয়েফা-সহ একাধিক মহাদেশীয় সংস্থা। এই প্রস্তাবনায় ফিফা বিশ্বকাপের অংশীদারিত্ব একটি বেসরকারি সহায়ক সংস্থা গঠনের মাধ্যমে বিক্রি করে মুনাফা বৃদ্ধির পরিকল্পনা ছিল। যার সঙ্গে যুক্ত ছিলেন বর্তমান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এক নিকটাত্মীয়। আর সমগ্র অর্থকরী পরিকল্পনায় সেই জেপি মরগ্যান চেজ! যদিও সমর্থন না পেয়ে ফিফাকেও এবার পিছু হঠতে হয়েছে। বাতিল হয়েছে পরিকল্পনা।

গত শতকের সাতের দশকের শেষ দিক থেকেই ইউরোপের বিভিন্ন ক্লাবে কর্পোরেট প্রবেশ শুরু হয় মূলত স্পনসরশিপের হাত ধরে। ফুটবল পরিমণ্ডলে বদল আসতে থাকে। সমাজতন্ত্রী হিসেবে পরিচিত লিভারপুলের প্রবাদপ্রতিম ফুটবল প্রশিক্ষক বিল শ্যাঙ্কলির দৃষ্টিতে ধরা পড়ে খেলোয়াড় এবং সমর্থকদের মধ্যে ক্রমশ বেড়ে চলা দূরত্ব। ইংল্যান্ডের খেলোয়াড়দের এবং গ্যালারিতে খেলা দেখতে আসা দর্শকদের আয়ের পার্থক্য অনেক বেড়ে যেতে থাকে। অঞ্চলের তারকারা ক্রমে ক্রমে দূরের নক্ষত্র হয়ে উঠতে থাকেন। ধীরে ধীরে অনেক দূর দেশ থেকে পাড়ি দিয়ে খেলতে আসা ফুটবলারের সংখ্যা বাড়তে থাকে, ফুটবল অনেক বেশি বিশ্বায়িত হয়। আট এবং নয়ের দশকে একাধিক ক্লাব কর্পোরেট বিনিয়োগের রাস্তা খুলে দিয়েছিল। নয়ের দশক থেকে টেলিভিশন সম্প্রচারে যে নতুন দিগন্ত খুলে যায় তার হাত ধরে এশিয়া এবং আফ্রিকায় বিশাল বাজার গড়ে ওঠে। ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয়তা এই সময় থেকেই। বলা বাহুল্য, এই সব পরিবর্তনের ফলে পেশাদারি নামী ক্লাবের ফুটবলার এবং একজন সাধারণ দর্শকের উপার্জনের ব্যবধান ক্রমশই বাড়তে থেকেছে। তবে শুধুই উপার্জন নয়, ফুটবলাররা ক্রমে পরিণত হয়েছেন বিপণনযোগ্য ব্র্যান্ড হিসেবে, ধার্য হয়েছে তাদের শরীরের বিভিন্ন অংশের বিমা। একুশ শতকে ধনকুবেরদের হাতে পড়ে ফুটবল ক্লাবের মালিকানা এক অন্য খাতে বয়ে চলেছে। পুঁজি কেন্দ্রীভূত হয়েছে, বড় ক্লাবের সঙ্গে ছোট ক্লাবের পার্থক্য বেড়েই চলেছে। বড় ক্লাব নিজের খেয়ালখুশিমতো খেলোয়াড় কেনা-বেচা করতে পারে, বিশ্বের সেরা প্রতিভাদের তুলে এনে নিজের ক্লাবে ‘জমাতে’ পারে। ফিনান্সিয়াল ফেয়ার প্লে (FFP) নামক গালভরা নামের এক ব্যবস্থা সরকারিভাবে চালু থাকলেও তা যে আদৌ কোনও কাজে আসে না সে বিষয়ে সবাই অবগত।

 

ফুটবল জনতার খেলা। এই কথাটার ব্যাখ্যা করতে গিয়ে গবেষকেরা দেখিয়েছেন, এই জনতা কোনও সমসত্ত্ব ব্যাপার নয়। কখনও একে গরিবের খেলা, কখনও বা শ্রমিকশ্রেণির খেলা বলে সরলীকরণ করার প্রবণতা দেখা গেলেও পেশাদারি ফুটবলের ইতিহাস আসলে জটিল। ক্যারি ডান কিংবা স্টেসি পোপের মতো গবেষকেরা দেখিয়েছেন যে দীর্ঘ সময় ধরে এই “জনতা”-র মধ্যে মহিলাদের কোনও স্থান ছিল না। আবার, ফুটবল যখন তার শুরুর দিনগুলোতে ইংল্যান্ডের পাবলিক স্কুলগুলোয় চালু হয়, তখন এ খেলা আদৌ শ্রমিকশ্রেণির খেলা ছিল না। গ্যাব্রিয়েল কুন-এর মতো লিখিয়েরা দেখান যে, সেই প্রথমদিকের ফুটবলের মধ্যে যে ধাক্কাধাক্কি, মারামারি ছিল সেই খেলাকে সুললিত করে পেশাদারিকরণের দিকে ঠেলে দেওয়া হয়। আর তখনই ফুটবলে অনুপ্রবেশ ঘটে পুঁজিবাদের। মজার ব্যাপার, সেই সময় থেকেই শ্রমিকশ্রেণির ফুটবলের প্রতি আসক্তি জন্মায়। তারা অমানুষিক পরিশ্রম, স্বল্প মজুরির অনিশ্চিত দৈনন্দিন জীবন থেকে বাঁচতে পেশাদারি ফুটবলে যোগ দিতে চান। ইংল্যান্ডের উপনিবেশগুলোতে এই খেলার আত্তীকরণ একটু অন্যভাবে ঘটলেও মোটের ওপর ছবিটা একই। বিশ শতকে শ্রমিকশ্রেণির এই খেলার প্রতি ক্রমশ ঝোঁক বাড়ছে দেখে প্রমাদ গোনে বিভিন্ন বামপন্থী দল। জার্মানি কিংবা আর্জেন্টিনায় শ্রমিকদের ফুটবল থেকে দূরে রাখার প্রচেষ্টা শুরু হয়। অন্যদিকে, শ্রমিকেরা নানা জায়গায় নিজেদের উদ্যোগেই ফুটবল দল তৈরি করে। তবে পুঁজিবাদের ক্রমবর্ধমান প্রভাবে পেশাদারি ফুটবলের যে চেহারা দাঁড়ায় তাতে বিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকেই শ্রমিকশ্রেণির প্রতিনিধিত্ব কমে আসে। তারা বরং ফুটবলের দর্শক হিসেবে বেশি করে প্রতিষ্ঠিত হয়। আবার স্টেসি পোপ দেখান, নয়ের দশকে নয়া উদারনীতির ছোঁয়ায় ইংল্যান্ডে স্টেডিয়াম সংস্কারের কাজ ঘটলে সেখানে শ্রমিকদের অংশগ্রহণের জায়গাগুলোকে দখল করে “ফ্যামিলি স্ট্যান্ড”। অর্থাৎ, অর্থনীতির নতুন নিয়মে পরিবারকে বেশি প্রাধান্য দেওয়া হয়, এর ফলে, ভোক্তা হিসেবে মহিলাদের উপস্থিতি গ্যালারিতে বাড়তে থাকে। কাজেই এ-কথা অস্বীকার করার জায়গা নেই যে পেশাদারি ফুটবলের দুনিয়ায় পুঁজিবাদের প্রভাব প্রথম থেকেই প্রতিষ্ঠিত। গত শতকের শেষদিক থেকে ফুটবল-বিনোদন এবং টেলিভিশন একযোগে ফুটবল খেলাকে বিপুল ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছিল যাকে ঘিরে থাকছিল বড় বড় কর্পোরেট। একুশ শতকে তারই ধারাবাহিকতায় আসে প্ল্যাটফর্ম ক্যাপিটালিজম। ডিজিট্যাল বিপ্লবের হাত ধরে পুঁজিবাদের এই রূপ অনায়াসে জায়গা করে নিয়েছে ফুটবলের অভ্যন্তরে। একদিকে যেমন সেকেন্ড স্ক্রিনে বেড়েছে উপভোক্তার সংখ্যা, পাল্লা দিয়ে বেড়েছে এই ফুটবল দর্শকদের সমাজমাধ্যমে নিজেকে বুঁদ করে রাখার প্রবণতা। মিডিয়ার নিত্যনতুন ভাবনার সঙ্গে সঙ্গেই জুড়ে গিয়েছে ভুয়ো খবর, ক্লিকবেট কিংবা অর্ধসত্য কন্টেন্টের বিশাল ‘ডিসইনফর্মেশন ইন্ডাস্ট্রি’ যা নিয়ন্ত্রণ করতে চাইছে ভূ-রাজনীতি থেকে ফুটবল সমস্ত কিছুর আখ্যানকে। কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা এআই-এর সাহায্যে তাই সহজেই মেসির পুরনো ছবির হাতে ধরিয়ে দেওয়া যাচ্ছে ইজরায়েলের পতাকা অথবা ডিপ ফেকের সাহায্যে অনায়াসে রোনাল্ডোর কণ্ঠস্বরে বসিয়ে দেওয়া যাচ্ছে প্যালেস্তাইনের বিরুদ্ধে প্রতিবাদ। এই সব কন্টেন্টের প্রভাবে চেষ্টা চলছে ভূ-রাজনৈতিক কর্মযজ্ঞের পক্ষে-বিপক্ষে ভাষ্য নির্মাণের যার নেপথ্যে কাজ করছে কর্পোরেট ব্র্যান্ডিং এবং লাখো লাখো পিআর কোম্পানি। ঘুরপথে লাভের গুড় খাচ্ছে বিবিধ কর্পোরেট হাঙর।

তাহলে ফুটবলকে কি শুধুমাত্র কর্পোরেটচালিত, পুঁজিবাদ-নিয়ন্ত্রিত একটা খেলা হিসেবেই দেখতে হবে? যে ফুটবল মাঠ অতীতে বহু প্রতিবাদের জন্ম দিয়েছে তার ভবিষ্যৎ কী? সবটাই কি নিয়তির মতো পুঁজিবাদের পায়ে সমর্পিত? এখানেই এক ধরনের অন্য দৃষ্টিভঙ্গির প্রয়োজন। ফুটবল আসলে কার খেলা সেই বিতর্কের নিষ্পত্তি না করতে চেয়ে ফুটবলকে দেখা যেতে পারে জনপ্রিয় সংস্কৃতির আরও কিছু মাধ্যমের মতো করে। ফুটবল খেলা সেই পরিসর দেয় যেখানে ভিন্ন ধরনের আদর্শিক এবং সাংস্কৃতিক সংঘাতের ক্ষেত্র তৈরি হয়, বিভিন্ন রাজনৈতিক স্বরের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা চলে। কখনও তা হয়ে ওঠে রূপক কিংবা প্রতীক, কখনও এই সংঘাত আত্মপ্রকাশ করে সব জাল ভেঙে দিয়ে মূর্ত বাস্তব হয়ে। কখনও আবার এই সংঘাতের মধ্যে থেকে উঠে আসা প্রতিবাদ এক ধরনের সাঙ্কেতিক অভিব্যক্তির বেশি কিছু হয়ে উঠতে পারে না। সাম্প্রতিক সময়ের একটা উদাহরণ দেখা যেতে পারে। ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের হত্যাকে কেন্দ্র করে “ব্ল্যাক লাইভস ম্যাটার” আন্দোলন ছড়িয়ে পড়লে তার অভিঘাত এসে পড়ে ফুটবলেও। প্রতিটা খেলার আগে খেলোয়াড়েরা হাঁটু মুড়ে বসে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেন, অঙ্গীকার করতেন বর্ণবাদকে প্রশ্রয় না দেওয়ার। অথচ এক বছরের মধ্যেই কৃষ্ণাঙ্গ খেলোয়াড়েরা সমাজমাধ্যমে বারবার বর্ণবিদ্বেষের স্বীকার হলে ক্রিস্টাল প্যালেসের তৎকালীন ফুটবলার উইলফ্রেড জাহা প্রতি ম্যাচে হাঁটু মুড়ে বসার রীতিকে মানতে অস্বীকার করেন। তাঁর মতে, এটা নেহাতই নিয়মমাফিক এক রীতি, আসলে এই ধরনের লোকদেখানো ব্যাপার কখনওই সমাজের শিকড়ে গেঁথে থাকা বর্ণবাদের মতো বিষয়কে বন্ধ করতে পারে না। স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনার মতো ফুটবলপাগল দেশগুলোতেও খেলার মাঠে ও গ্যালারিতে বর্ণবিদ্বেষ বেশ বড় আকার নেয়। তবে এ-কথা অনস্বীকার্য, ফুটবল সমর্থকদের সংস্কৃতি সমাজমাধ্যমের মারফত অনেক বেশি ‘ট্রান্সকালচারাল’ হয়ে ওঠায় বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদও আজকের দিনে বেশি করে চোখে পড়ে।

 

শেষ দশ বছরের মধ্যে ক্লাবের কর্পোরেট মালিকের বিরুদ্ধে সাধারণ দর্শক-সমর্থকদের প্রতিবাদের স্বর শোনা গেছে বেশ কয়েকবার। ২০১৬ সালে যেমন টিকিটের দাম বাড়ানোয় ক্ষুব্ধ লিভারপুল ক্লাবের সমর্থকেরা সংগঠিতভাবে ম্যাচের নির্দিষ্ট সময়ে মাঠ ছেড়ে চলে যান। তবে অধিকাংশ ক্ষেত্রে ক্লাব পরিচালনা করতে ব্যর্থ হওয়ার কারণেই প্রতিবাদ উঠে এসেছে। যেমন, ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা তাদের ক্লাবের মালিক গ্লেজার পরিবারের বিরুদ্ধে বারবার ক্ষোভ জানিয়েছেন ভালোভাবে দল গঠন করতে ব্যর্থ হওয়ায়। আবার অন্য এক ছবি দেখা গিয়েছে আর্জেন্টিনায়। দক্ষিণপন্থী রাষ্ট্রপতি খাভিয়ের মিলেই ক্ষমতায় আসার পর থেকেই সম্পূর্ণ বেসরকারি লগ্নির মাধ্যমে আর্জেন্টিনার ফুটবল ক্লাবগুলোকে মুনাফাজনক প্রতিষ্ঠানে পরিবর্তিত করতে চাইছিলেন, লক্ষ্য ছিল ব্যাপক পরিমাণে বিদেশি পুঁজি বিনিয়োগ। এর বিরুদ্ধে ২০২৪ সাল থেকেই বিভিন্ন ক্লাবের সমর্থকেরা সরকারের এই নীতির বিরোধিতা করে পথে নামেন, বোকা জুনিয়র্স কিংবা রিভার প্লেটের সদস্য-সমর্থকেরা বৈরিতা ভুলে একযোগে প্রতিবাদে সামিল হন। এখনও অবধি তাঁদের প্রতিবাদ সফলই বলা চলে। আমাদের রাজ্যে বিনিয়োগকারী সংস্থা কোয়েস-এর আমলে ইস্টবেঙ্গল ক্লাবে আবার দুই বিপরীতধর্মী ছবি দেখা গিয়েছিল। টিকিটের দাম বাড়লে একবার বেশ জোরালো প্রতিবাদ হয়। আবার সমর্থকদের এক অংশ দীর্ঘদিন সাফল্য না পেয়ে কর্পোরেট বিনিয়োগের পক্ষে সওয়াল করেছিলেন। পড়শি মোহনবাগান ক্লাবের সমর্থকেরাও ক্লাবের মালিকানা হস্তান্তরের পরে নতুন কর্তা সঞ্জীব গোয়েঙ্কার ক্লাব পরিচালনার বিরুদ্ধে পথে নামেন, ‘এটিকে-মোহনবাগান’ নামের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সোচ্চার থেকে ‘এটিকে’ নাম সরানোর লক্ষ্যে তাঁরা সফল হন।

 

অতীতে নানা কিসিমের প্রতিবাদ দেখেছে ফুটবলদুনিয়া, যেখানে সক্রিয়ভাবে ভূমিকা ছিল তারকা খেলোয়াড়দের। ব্রাজিলের সক্রেতিস এবং তাঁর ক্লাব কোরিন্থিয়ান্সের সতীর্থদের ‘কোরিন্থিয়ান্স ডেমোক্রেসি’ আন্দোলনে সক্রিয় যোগদান এক ঐতিহাসিক অধ্যায়ের জন্ম দিয়েছে। প্রতিবাদী নায়ক হিসেবে দিয়েগো মারাদোনা তো ফুটবল ইতিহাসে নিজের জায়গা করে নিয়েছেন। নিজে পুমা-র মতো বহুজাতিক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন, এক সময় ফুটবলের সর্বোচ্চ আয় করা ব্যক্তিদের মধ্যেও একজন ছিলেন, তাঁর বাঁ পায়ের বিমা ছিল এক বিশাল অঙ্কের। অথচ ফিফার টেলিভিশন সম্প্রচার থেকে আয়ের জন্য খেলোয়াড়দের খারাপ পরিবেশে খেলতে বাধ্য করা কিংবা অন্য ধরনের জুলুমের বিরুদ্ধে সরব থেকেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী ভূমিকার বিরোধিতা করেছেন, প্যালেস্তাইনের পক্ষে গলা ফাটিয়েছেন, সমাজতান্ত্রিক রাজনীতিবিদদের পাশে দাঁড়িয়েছেন। এর পাশাপাশি ফিফার বিরুদ্ধে গিয়ে তখনকার তারকা খেলোয়াড়দের একত্রিত করে ফুটবলারদের অধিকারের পক্ষে এবং শোষণের প্রতিবাদে ক্ষণস্থায়ী সংগঠন গড়ে তুলেছেন। মারাদোনার এই উদ্যোগে অংশ নেওয়া ফরাসি তারকা এরিক কাঁতোয়াঁও পরবর্তীকালে নানা প্রতিবাদী কর্মসূচিতে সামিল হয়েছেন, বিশ্ব-পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে তাঁকেও। সাম্প্রতিক সময়ে পেপ গার্দিওলার মতো প্রশিক্ষক, লামিন ইয়ামালের মতো তরুণ তারকা কিংবা নরওয়ের জাতীয় দলের সদস্যেরা প্যালেস্তাইনে ইজরায়েলের হত্যালীলার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বেলজিয়ামের তারকা ফুটবলার কেভিন দে ব্রুইন আবার উয়েফা নেশনস লিগের মতো প্রতিযোগিতার উদ্যোগকে একান্তই অপ্রয়োজনীয় মনে করেছেন, বিবৃতি দিয়েছেন খেলোয়াড়দের যথাযথ বিশ্রামের পক্ষে।

 

এই তারকাদের উল্টো পথে হেঁটেছেন পেলের মতো ফুটবলসম্রাট, অনেক ক্ষেত্রেই ক্ষমতার অলিন্দে বিচরণ ছিল তাঁর, খেলোয়াড়জীবনে বরাবরই রাজনীতি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। কিন্তু এ-কথা অনস্বীকার্য যে পেলে তাঁর খেলার মাধ্যমে তৃতীয় বিশ্বের উপনিবেশের মানুষের কাছে এক ধরনের মুক্তির বাণী পৌঁছে দিতে পেরেছেন। ব্যাপারটা যদি অন্য শিল্পমাধ্যমের সঙ্গে তুলনা করে দেখা যায় তাহলে অবাক করার মতো কোনও বিষয় না। অনেক প্রখ্যাত চিত্রশিল্পী, ভাস্কর কিংবা কবি, লেখক, নাট্যকার সমাজে ঘটে চলা বৈষম্য কিংবা অবিচারের সম্বন্ধে একটি কথাও আলাদা করে না বললেও তাঁদের কাজের রাজনৈতিক প্রকাশের মধ্য দিয়ে উঠে এসেছে বিবৃতি। মুলাটো আর্থার ফ্রেডেনরিশের ম্যাচ জেতানো বুট হয়ে উঠেছে ব্রাজিলে বর্ণবাদ ঘুচে গিয়ে অ-শ্বেতাঙ্গদের ফুটবল খেলতে পারার অধিকারের প্রতীক। একই কথা খাটতে পারে রোনাল্ডিনহো কিংবা মেসির মতো বিশ্ববন্দিত ফুটবলারের ক্ষেত্রে যাঁদের বল পায়ে এক-একটা মুভমেন্ট জন্ম দেয় প্রতিবাদী ভাষ্যের। অর্থাৎ, ফুটবল তার শিল্প প্রকাশের মাধ্যমে হয়ে ওঠে নতুন এক পাঠ। যে-কারণে সিরিয়া কিংবা গাজার বিপন্ন শিশু তাদের ফুটবলে খুঁজে নিতে পারে মুক্তির স্বাদ। তবে এ-কথা মানতেই হবে এখানে ফুটবলের রাজনৈতিক প্রকাশ সেই সাঙ্কেতিকতার মধ্যেই সীমাবদ্ধ, তার বেশি কিছু নয়।

আধুনিক সময়ে সমর্থকদের মধ্যে নতুন ধরনের প্রতিরোধী সংস্কৃতির জন্ম হতেও দেখা গিয়েছে। গত দশকে তুরস্কের ‘গেজি পার্ক’ প্রতিবাদে একযোগে সরকার-বিরোধী আন্দোলনে পথে নামে গালাতাসারি, ফেনেরব্যাচে এবং বেসিকতাসের মতো চিরবৈরী ফুটবল দলের সমর্থকেরা। ১৯৮৯-এ হিলসবোরো দুর্ঘটনার বলি ৯৭ জনের মৃত্যুর ন্যায়বিচার চেয়ে লিভারপুল সমর্থকদের দীর্ঘদিনের আন্দোলন প্রশাসনবিরোধী রূপ নেয়। সম্প্রতি কলকাতার আরজিকর আন্দোলনে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের অংশগ্রহণ এই সংস্কৃতিকেই বয়ে নিয়ে চলে। তবে আলাদা করে বলতেই হয় আলট্রাস সংস্কৃতির কথা। গত শতাব্দীর সাতের দশকে ইতালিতে জন্ম নেওয়া আলট্রাস সংস্কৃতি আজ বিশ্ব-ফুটবলের দিকে দিকে ছড়িয়ে পড়েছে। বিশ্বায়নের সুফল হিসেবে একে দেখা যেতে পারে। ইতালির আলট্রা-দের মধ্যে যেমন শুধুই তীব্র ফুটবল সমর্থক ছিল, তেমনই সংগঠিতভাবে উঠে এসেছিল বিবিধ বিপরীতধর্মী রাজনৈতিক সমর্থকদের অংশ। রোমা কিংবা লাজিওর মতো ক্লাবের আলট্রাদের মধ্যে অতি-দক্ষিণপন্থী কিংবা নিও-ফ্যাসিস্টরা ছিল। উল্টোদিকে লিভর্নো কিংবা কসেনজার মতো দলে র‍্যাডিক্যাল বামপন্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই রাজনৈতিক কারণেই ইংল্যান্ডের হুলিগান কিংবা অন্য দেশের গুন্ডা সমর্থকদের থেকে আলট্রারা স্বতন্ত্র ছিল। তবে টেলিভিশন এবং পরবর্তীকালে সমাজমাধ্যমে আলট্রাদের ‘টিফো’ সংস্কৃতি, সমবেত স্বরে দলকে সমর্থন জোগানোর মতো দৃশ্য জনপ্রিয় হয়ে ওঠে। ফুটবলের বিশ্বায়নের সঙ্গে সঙ্গে পড়শি দেশে কিংবা বিশ্বের বিভিন্ন প্রান্তে এই সংস্কৃতি ছড়িয়ে পড়ে, তবে নিজস্ব সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েই। এ-দেশেও গত দশকে আলট্রাদের আত্মপ্রকাশ ঘটে ইস্টবেঙ্গল আলট্রাস-এর হাত দিয়ে। তাদের নাম জুড়ে যায় এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনের সঙ্গেও। পরবর্তীকালে ‘বাংলাদেশি’ ভাষা প্রসঙ্গেও তাদের প্রতিবাদ উঠে আসে গ্যালারিতে। অন্যদিকে ‘রিমুভ এটিকে’ আন্দোলনে মোহনবাগানের দুটি আলট্রা সংগঠন সক্রিয় ভূমিকা পালন করে, পরবর্তী বিভিন্ন রাজনৈতিক ইস্যুতেও তাদের বক্তব্য উঠে আসে।

 

পেশাদারি ফুটবল দুনিয়ার বাইরেও রয়েছে ফুটবল। দক্ষিণ আফ্রিকার ‘অ্যাপার্টহেট’ শাসনের মুক্তিতে ফুটবলের সামাজিক ভূমিকা ছিল। তবে পেশাদারি ফুটবলের দৃশ্যমান দুনিয়ার তুলনায় সেইসব খবর কমই আসে। আপাতত পুঁজিবাদী বিশ্বব্যবস্থায় পেশাদারি ফুটবল জুড়ে যে কর্পোরেটের দাপাদাপি, তাকে অস্বীকার করার উপায় নেই। তবে এর মধ্যেও জার্মানির ক্লাব ফুটবল দু-একটা ক্লাব বাদে কর্পোরেট অংশীদারিত্বকে সম্পূর্ণ মালিকানার জায়গা দেয়নি, সেখানে সমর্থকেরা এখনও বেশি কথা বলার ক্ষমতা রাখেন। ইংল্যান্ডে এই ছবি সম্পূর্ণ আলাদা, সেখানে ক্লাব সম্পূর্ণভাবেই কর্পোরেট মালিকানাধীন, এবং সমর্থকদের স্বর নেই। ফুটবল তারকাদের কণ্ঠও নানাবিধ কারণে সীমাবদ্ধ।

 

তবুও এসবের ভেতর থেকেই ফুটবল জন্ম দেয় প্রতিবাদের। কখনও সাঙ্কেতিকভাবে, কখনও বা সরাসরি। গ্যালারিতে আজও চোখে পড়ে প্যালেস্তাইনের সমর্থনে কিংবা ঘরছাড়া শরণার্থীদের স্বাগত জানিয়ে ব্যানার। যদিও ফুটবল ইতিহাসবিদেরা কিংবা ক্রীড়াসংস্কৃতির বিভিন্ন গবেষকেরা মনে করিয়ে দেন এর সীমাবদ্ধতার কথা। ফুটবলজনিত প্রতিবাদকে অতিরঞ্জিত না করে দেখার কথা। ফুটবল-সমাজেরই বিভিন্ন ছবি তুলে ধরে। তার মধ্যে যেমন থাকে ক্ষমতা কিংবা অর্থের সঙ্গে দরকষাকষি, তেমনই থাকে ক্ষমতার কাঠামোর বিরুদ্ধে উঠে আসা বহুস্বর। প্রতিবাদ কিংবা প্রতিরোধ চর্চিত গণতান্ত্রিক চেতনা কিংবা অধিকারের বোধ থেকে জন্ম নেয়, ফুটবল প্রতিবাদকে আলাদা করে মহিমান্বিত করার প্রয়োজন থাকা উচিত নয়। তবে যেহেতু ফুটবল খেলার সঙ্গে জড়িয়ে আছে প্রতিবাদের ইতিহাস তাই এই খেলা থেকে প্রত্যাশা থেকেই যায়।

 

ঋণ:

  • ডেভিড গোল্ডব্ল্যাট, দ্য বল ইজ রাউন্ড
  • গ্যাব্রিয়েল কুন, সকার ভার্সাস দ্য স্টেট
  • স্টেসি পোপ, দ্য ফেমিনাইজেশন অব স্পোর্টস ফ্যানডম
  • টোবিয়াস জোন্স, অ্যাট হোম উইথ ইটালিজ আলট্রাস

 


 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5450 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.