দেবাদৃতা
ফুটবল কি আমাদের এক করে? হয়তো সাময়িকভাবে। কিন্তু সেই সাময়িক এক হয়ে যাওয়ার ভিতরেই তার সবচেয়ে বড় সম্ভাবনা। কারণ আমরা যখন কয়েক হাজার অচেনা মানুষের সঙ্গে একই গোলের জন্য কাঁদতে পারি, সেই মুহূর্তেই আমার হয়ত বুঝতে পারি— অন্য মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষাও আমার নিজের আকাঙ্ক্ষার মতোই সত্যি। মাঠে কখনও শুধু তো স্কোয়াড নামে না। নামে ইতিহাস। উপনিবেশ। অভিবাসন। যুদ্ধ। বর্ণ। নারী। কুইয়ার। উদ্বাস্তু। শিশু। নামে অসমাপ্ত স্বপ্ন। আর আমরা। এই ‘আমরা’ সবাই তো? ফুটবলের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন এটাই
মাথার ভেতর ক্রমাগত এক খোঁজ চলতে থাকে। খুঁজে পাওয়ার তাড়নায় বেঁচে যায় মানুষ, বার বার। প্রেমে, যুদ্ধে— বা গানে। দেশপ্রেমে অথবা দেশভাগে। মানুষ নিজের জন্য একটা রুট খুঁজে ফেরে— শিকড় অর্থে হোক, বা পথ। উদ্দেশ্য একটাই: নিজের অবস্থান কিছু দৃঢ় করা, নিজেদের আরও একবার চিনে নেওয়া। কিন্তু শিকড়ে তো ফেরা হয় না আর কিছুতেই। শিকড় থাকে না, হারিয়ে যায় সীমান্তের অন্যদিকে; হারিয়ে যায় অভিবাসনের আখ্যানে, কারও জন্য রাষ্ট্রের সীমান্ত, কারও নিজের শরীরে।
তবু মানুষ বেঁচে থাকার অজুহাত খুঁজে বেড়ায়— পাহাড়ে, পতাকায়, প্রতীকে, ক্লাবে, গানে অথবা ফুটবলে।
সেই এক দল মানুষের কাছে ক্রমশ ফুটবল অজুহাত থেকে ভরসা হয়ে ওঠে।
বিশ্বকাপের সময় তাই বাঙালি ফ্যান ভুলে যায় পরের দিন অফিস আছে। রাত তিনটেয় খেলা, সকাল আটটায় স্কুল, তবু ঘুম আসে না চোখে। পাড়ায় পাড়ায় চেয়ার, টেবিল, টিভি, পাখা, ফ্ল্যাগ, স্ট্যান্ডির আড়ালে লুকিয়ে থাকা ঈর্ষা— ‘ওরা যেন আজ হেরে যায়, হে ঈশ্বর!’ মুখে কিছু না বললেও। তারপর একদিন একটা ভুল পাস, একটা হ্যান্ডবল, একটা পেনাল্টি, আর হঠাৎ বহু বছরের বন্ধুত্বের ভিত নড়ে যায়— সারা জীবনের মতো।
না জানা আছে সেই দেশের ভাষা, না চেনা আছে তার মানচিত্র। তাহলে সেই জার্সির গায়ে কীসের এত খোঁজ আমাদের?
আসলে দল তো নয়, মানুষ সমর্থন করে একটা স্বপ্নকে।
হয়তো সেই স্বপ্ন নিজের নয় বলেই তাকে এত নিখুঁত মনে হয়।
প্রতি চার বছর পর পর বিশ্বকাপের সঙ্গে আসে অন্তর্গত হয়ে ওঠার এক অনুভূতি। জীবনের বাস্তবতার বাইরে গিয়ে কয়েক সপ্তাহের জন্য আমরা একটা পতাকা তুলে নিই হাতে, একটা রং বেছে নিই গায়ে, ভামোস বা জোগো বনিতো— একটা উচ্চারণ বসিয়ে নিই ঠোঁটে। এরপর, সেই পতাকায়, সেই রঙে, সেই উচ্চারণের মধ্যে হারানো কিছুর খোঁজ চলতে থাকে।
পাশের প্রিয় বন্ধুর সঙ্গে একসময় ফুটবল বিতর্ক ক্রমশ রাজনৈতিক বিতর্কের আকার নেয়। বন্ধ হয় কথা, মুখদেখাদেখি, কখনও বন্ধুত্বও। বিশ্বকাপ মরসুমে নিজের ভেতর গড়ে ওঠা ফ্যানাটিক বাধ্য করে অমুককে আনফ্রেন্ড করতে। ফুটবল, রাজনীতি, প্রেম, যুদ্ধ— সমস্ত এক হয়ে যায় তখন।
তাই ‘খেলার আলোচনায় আবার রাজনীতি কেন?’— প্রশ্ন অবান্তর।
রাজনীতি তো কখনও মাঠের বাইরের নয়।
রাজনীতি মাঠের মধ্যে, ডাগ-আউটে, গ্যালারিতে, টিভির পর্দায়, চায়ের ঠেকে।

যখন আমরা কোনও জাতীয় দলের জার্সি পরি, তখন শুধুমাত্র এগারোজন খেলোয়াড়কে সমর্থন করি না। সঙ্গে গায়ে জড়িয়ে নিই একটি গোটা দেশের ইতিহাস। তার যুদ্ধ, উপনিবেশ, অভিবাসন, পরাজয়, বিজয়, শ্রেণি, বর্ণ, ধর্ম, ভাষা এবং অসমাপ্ত সমস্ত স্বপ্ন। বুঝতে পারি, ফুটবল নিজেকে পৃথিবীর সবচেয়ে সর্বজনীন ভাষাগুলির একটি বলে দাবি করলেও সেই সর্বজনীনতার ভিতরেও পৃথিবী খুবই অসমান।
জাতীয় পতাকা থাকে। জাতীয় সঙ্গীত থাকে। রাষ্ট্রীয় পরিচয়ও থাকে। সঙ্গে থাকে সামরিক বিমানের প্রদর্শনী। বহুজাতিক সংস্থার কোটি কোটি টাকার বিজ্ঞাপন; কোটি কোটি ডলারের সম্প্রচার-স্বত্ব।
আর তার মাঝখানে একজন মানুষের পায়ে বল। সেই মানুষটির শরীরও নিরপেক্ষ নয়।
একজন কালো চামড়ার ফুটবলার যখন অসম্ভব দ্রুত দৌড়ান, তাঁকে ‘প্রাকৃতিক প্রতিভা’ বলা হয়। যখন একই মানুষ মাঠের কৌশল বোঝেন, নেতৃত্ব দেন, খেলা পড়েন, তখন সেই বুদ্ধিমত্তার ভাষা নিয়ে আমাদের প্রশংসার সুর বদল হয় প্রায়শই। বহুদিন ধরে কালো শরীরকে শক্তি, গতি, সহনশীলতা ও শারীরিক ক্ষমতার সঙ্গে যুক্ত করে দেখার যে বর্ণবাদী ঐতিহ্য, ফুটবল তার বাইরে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি আজও। এমনকি ফুটবল ততটা সচেতন হয়নি এখনও।
একজন কৃষ্ণাঙ্গ খেলোয়াড় গোল করার মুহূর্তে সে দেশের গর্ব। সেই খেলোয়াড় কয়েক ম্যাচ খারাপ খেললে সে ‘বিদেশি’, ‘অভিবাসী’। অভিবাসী শরীরের এই দ্বৈত পরিচয় ফুটবলের সবচেয়ে নির্মম সত্যগুলির একটি।
ফরাসি জাতীয় দলের দিকে তাকালেই এই ইতিহাসের বহু স্তর দেখা যায়। উপনিবেশের ইতিহাস, আফ্রিকা থেকে অভিবাসন, প্রজন্মের পর প্রজন্মের স্থানান্তর— এই সব মিলিয়ে আধুনিক ইউরোপীয় ফুটবলের মানচিত্র তৈরি হয়েছে। একই কথা ইংল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি— অসংখ্য দেশের ক্ষেত্রেই সত্য।
ফুটবল তাই কেবল মাঠে এগারোজন বনাম অপর এগারোজন নয়। সে মানুষের চলাচলের ইতিহাসও।
একজন খেলোয়াড়ের শরীরে সেনেগাল, মালি, আলজিরিয়া, ক্যামেরুন, কঙ্গো, মরক্কো, জামাইকা, ঘানা— অসংখ্য ভূগোল পাশাপাশি হাঁটে। এক দেশের জার্সি পরা মানুষটির শরীরেই হয়তো অন্য দেশের অসমাপ্ত ইতিহাস লেখা থাকে।
তাই ফুটবল যতটা জাতীয়, ততটাই অভিবাসনের খেলা।
যতটা সীমান্তের, ততটাই সীমান্ত ভাঙার।

কিন্তু ফুটবল শুধুমাত্র বর্ণের রাজনীতিই বহন করে না। বহন করে শরীরেরও রাজনীতি। বিশেষ করে নারী শরীরের।
ফুটবল বহুদিন ধরে এমন এক পৃথিবী তৈরি করেছে যেখানে পুরুষের শরীরকে স্বাভাবিক খেলোয়াড়ের শরীর হিসেবে ধরে নেওয়া হয়; সেখানে নারীকে প্রবেশ করতে হয় অতিথি হয়ে। মেয়েদের ফুটবলকে প্রতিনিয়ত নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। কতটা দ্রুত তারা? শক্তিশালী এবং দক্ষ? তারা কি পারবে পুরুষদের মতো হয়ে উঠতে?
অথচ পুরুষের ফুটবলকে কেউ একবারও জিজ্ঞেস করে না— কেন তার দর্শক এত বেশি? কেন তার খেলা এত টাকা আনে? কেন তার শরীরকে বাজারযোগ্য বলে মনে করা হয়? কেন তার ব্যর্থতাকে ‘খেলার অংশ’ বলা হয়, যেখানে মেয়েদের ব্যর্থতা প্রায়ই পুরোপুরি লিঙ্গের ব্যর্থতায় পরিণত হয়?
তবু ধীরে হলেও পরিস্থিতি বদল হয়।
নারীদের ফুটবল এখন আর কেবল ‘মেয়েদেরও খেলতে দেওয়া উচিত’— এই মানবিক আবেদনটির জায়গায় আটকে নেই। খেলা নিজেই একটি বৃহৎ দর্শক তৈরি করে ফেলেছে। ২০২৫ সালের উয়েফা উইমেনস ইউরো-তে ৬,৫৭,২৯১ জন দর্শক মাঠে উপস্থিত হয়েছিলেন— উইমেনস ইউরোর ইতিহাসে সর্বোচ্চ। প্রতি ম্যাচে গড় উপস্থিতি প্রথমবার ২০,০০০ ছাড়িয়ে যায়; ৩১টি ম্যাচের মধ্যে ২৯টি ছিল সোল্ড আউট। অর্থাৎ ‘মানুষ মেয়েদের ফুটবল দেখতে চায় না’— এই পুরনো যুক্তি কিন্তু আর টেকে না।
মানুষও চায়। দর্শকও আছে। উত্তেজনা আছে। তারকা এবং বাজার দুই-ই তৈরি হয় ক্রমশ।
সমস্যা তাহলে অনেক সময়ই ক্ষমতার কাঠামোয়।
ফিফার ২০২৫ সালের ‘সেটিং দ্য পেস’ রিপোর্টে ৮৬টি লিগ এবং ৬৬৯টি ক্লাবের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। সেই বিশাল পরিসরের মধ্যেও মাত্র ২২ শতাংশ হেড কোচ লিঙ্গপরিচয়ে নারী।
অর্থাৎ মেয়েদের ফুটবলের মাঠে মেয়েরা যত এগোচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার ঘরে তাঁদের উপস্থিতি এখনও সেই অনুপাতে বাড়েনি।
এই বৈপরীত্য গুরুত্বপূর্ণ।
মহিলা ফুটবলের সমস্যা প্রতিভার অভাব নয়। সমস্যা হল— কে প্রশিক্ষণ দেবে, কে সিদ্ধান্ত নেবে, কে বিনিয়োগ করবে, কে সম্প্রচার করবে, কে কত টাকা পাবে, কার জন্য উন্নত মাঠ থাকবে, কার জন্য তৈরি হবে ইউথ স্ট্রাকচার। একটা মেয়ে যদি ছোটবেলা থেকেই ফুটবল খেলার জায়গা না পায়, তার প্রতিভা তৈরি হওয়ার আগেই হারিয়ে যাবে। আমাদের দেশে একজন ছেলে অন্তত একটা খেলার মাঠ পায়। একজন মেয়ে কখনও কখনও অনুমতি পায় খেলতে যাওয়ার।
ফলত নারী ফুটবলের লড়াই শুধু মাঠে নয়। এ শরীরের লড়াইও।
একজন পুরুষ ফুটবলারকে তার শরীর দিয়ে খেলার জন্য মূল্য দেওয়া হয়। একজন নারী ফুটবলারকে অনেক সময় তার শরীর দিয়েই বিচার করা হয়। তার দক্ষতার পাশাপাশি দেখা হয় তার চেহারা, শরীর, পোশাক, ব্যক্তিগত জীবন, সম্পর্ক, মাতৃত্ব— এমনকি সে কতটা ‘নারীসুলভ’। একজন পুরুষের ব্যক্তিগত জীবন তার গোলের পাশে ফুটনোট মাত্র। একজন নারীর ক্ষেত্রে মূল খবর।
মাঠে মেয়েরা যত বেশি দৃশ্যমান হচ্ছে, সমাজের পুরনো লিঙ্গপ্রত্যাশা তত বেশি চ্যালেঞ্জের মুখে পড়ছে।
একজন মেয়ে যখন খেলোয়াড় হয়ে ওঠে, তখন সে শুধু একটা জীবিকা বেছে নেয়, এমন নয়। সে নিজের শরীরের ওপর নিজের অধিকার দাবি করে। নিজের শক্তির ওপর নিজের অধিকার দাবি করে।
ফুটবল মাঠে যা দেখা যায়, তার অনেকটাই তৈরি হয় মাঠের বাইরে— ড্রেসিংরুমে, বাসে, অনুশীলনের পরে, রাতের আড্ডায়।
লকার রুম টক!
যেন কোনও নির্দিষ্ট ঘরে ঢুকলেই নৈতিকতার দায় এবং নিয়ম বদলে যায়।
একটি দলের পৌরুষ তৈরি হয় সাধারণত অন্যের বিনিময়ে। কখনও নারীকে যৌনবস্তু বানিয়ে, কখনও সমকামী পুরুষকে দুর্বল প্রমাণ করে, কখনও একজন প্লেয়ারের কান্নাকে ‘মেয়েলি’ ডেকে অথবা তাকে কাপুরুষ বলে। ফুটবল শুধু ফুটবল শেখায় না। শেখায় কীভাবে এবং কতটা ‘পুরুষ’ হতে হয়। এবং এই পুরুষ হয়ে ওঠার একটা বিপজ্জনক শর্ত আছে— দুর্বল হওয়া যাবে না। ভয় পাওয়া যাবে না। কাঁদা যাবে না। ‘মেয়েদের মতো’ আচরণ করা যাবে না। সমকামী হলেও লুকিয়ে রাখতে হবে সেই ভালোবাসার কথা।
ফলে লকার রুম হয়ে ওঠে পৌরুষ তৈরির কারখানা। আর বিদ্বেষ সেখানে অনেক সময় আসে বন্ধুত্বের ছদ্মবেশে। সামান্য মজার ছদ্মবেশে।
এই ‘সামান্য মজা’ পৃথিবীর কত অত্যাচারের সবচেয়ে পুরনো কম্বল! কিন্তু একটি সমাজের মজাগুলো খুব মন দিয়ে দেখলে বোঝা যায়, সেই সমাজের অবচেতনে ঠিক কার প্রতি ভয়, ঘৃণা বা অবজ্ঞা লেখা আছে। যে মানুষকে নিয়ে সবচেয়ে সহজে মজা করা যায়, সেই মানুষটির সামাজিক অবস্থান কোথায়— সেটিও বোঝা যায়। তাই আমাদের মতো দেশে চক দে ইন্ডিয়া ছবি দেশপ্রমের কথা বলে। কোচ কবির খান অনায়াসে বলে ফেলে, ‘হকিতে ছক্কা হয় না’— ডায়লগের পৌরুষ আমাদের যথাযথ কাঁপিয়ে দেয়, লজ্জা নয়, বাহবায়।

তবু ফুটবলকে দোষী করে থামা যায় না। কারণ ফুটবল মাঠের মধ্যে এবং বাইরে সেই জায়গাটা বারবার তৈরি করে দেয়; যখন একজন কুইয়ার সমর্থক স্টেডিয়ামে বসে, সে শুধু খেলা দেখে না, সে নিজের শরীরের নিরাপত্তার হিসাবও করে। একজন অন্য ধর্মাবলম্বী খেলোয়াড় গোল করার পরে মাথা নোয়ালে তার বিশ্বাসের এক চিলতে হঠাৎ কয়েক কোটি মানুষের সামনে দৃশ্যমান হয়। একজন কৃষ্ণাঙ্গ প্লেয়ার বর্ণবাদী ব্যবহারের শিকার হলে তার শরীর এক মুহূর্তে ব্যক্তিগত শরীর থেকে রাজনৈতিক শরীরে পরিণত হয়। একজন নারী ফুটবলার মাঠে নামে তার শরীর, ইতিহাস, আকাঙ্ক্ষা— সবকিছুর ভার সঙ্গে নিয়ে। একজন রিফিউজি খেলোয়াড় কোনও এক সুদূর দেশের আর এক রিফিউজি ক্লাবের হয়ে গোল করে— আবার গোল করে, আবার, আবার। সারা গায়ে নিজের দেশের পতাকা জড়িয়ে নেয় কাঁধে ট্রফি তুলে নেওয়ার মুহূর্তে। আর খেলার মাঠে চোখের জল হয়ে যায় উদ্বাস্তু পরিচয়ের সমার্থক।
এই সমস্ত দ্বৈততা, এই সমস্ত অর্জন কেবলমাত্র ফুটবলের নয়। এ পৃথিবীরও।
কলকাতার মাঠ বসে থাকে মাথা জুড়ে। আমাদের শহরে তো ফুটবল কোনও দিন শুধুমাত্র অফসাইডের অঙ্ক ছিল না। বরং ছিল দেশভাগের ইতিহাস। উদ্বাস্তু মানুষের আত্মপরিচয়। শ্রমজীবী মানুষের গর্ব। আমাদের পাড়ায় পাড়ায় ক্লাব ছিল। বাবা-কাকার ছিল চায়ের দোকানের তর্ক। খেলাপাগল দিদার ছিল দুপুরবেলার রেডিও। আমাদের প্রেমের মধ্যে আছে বৃষ্টিভেজা মাঠে যাওয়ার প্রতিশ্রুতি— একটা অনেক বড় ছাতার নিচে আমরা— কোনও স্টেডিয়াম-ভরা ডার্বির হাতছানি নয়, নেহাতই লিগের মাঠে লিগের খেলা।
প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এই আবেগ। আমাদের প্রত্যেকের কাছে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের খেলা কখনওই শুধু দুটো ক্লাবের লড়াই নয়। দুই ধরনের বাঙালিত্বের এক দীর্ঘ কথোপকথন— যার মধ্যে ভালোবাসা-ক্ষত, দুই আছে। ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথের সামাজিক অর্থ নিয়ে গবেষণাতেও দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু হয়ে আসা মানুষের পরিচয় এবং স্থানীয় মানুষের সঙ্গে তাঁদের সামাজিক বিভাজনের কথা উঠে এসেছে। পরবর্তীকালে এই ফুটবল-পরিচয় নাগরিকত্ব, রাষ্ট্র ও রাজনৈতিক প্রশ্নের সঙ্গেও যুক্ত হয়েছে।
অর্থাৎ আমরা যাকে ডার্বি বলি, তার ভিতরেও বহু বাড়ির উঠোন, বহু পরিবারের ইতিহাস খেলা করে।
আমার ঠাকুরদার এক বাড়ি ছিল বটে। বাবার ছোটবেলায় নাকি দালানে বাবাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াত কোন এক লম্বা চাকর। ঠাকুমার গর্ব, চণ্ডীমণ্ডপে উঠতে যা সিঁড়ি, তাতে যা ইট, তাই দিয়ে তোমাগো দ্যাশে এক-একখান ইমারত খাড়া হইব গিয়া। সে সবের কোনও রেকর্ড নেই। নেই কোনও ছবি। এমনকি গল্প বলার লোকের অভাবে গল্পের গায়েও জং ধরে গেছে। আছে শুধু এক লাল-হলুদ জার্সি আর বুকভরা বারুদ, যা কোনও কাঁটাতারের খোঁচায়, কোনও অপমানে, কোনও হতাশায়, কোনও হেরে যাওয়ায় ম্লান হওয়ার নয়।
এই উত্তরাধিকার কোনও কাগজে লেখা থাকে না। এই উত্তরাধিকার থাকে শিলধোয়া জলে, কলোনিপাড়ার রকে, কোনও এক ডার্বির রাতে কাঁদতে দেখা এক বুড়ো দাদুর চোখের পাতায়।
মোহনবাগানও একইভাবে একটি দীর্ঘ ইতিহাস বহন করে— শুধু একটি ফুটবল ক্লাব হিসেবে নয়, ঔপনিবেশিক ভারতের ক্রীড়া-স্মৃতির অংশ হিসেবে।
তাই কলকাতায় ফুটবল ফ্যানডম-কে শুধু ফ্যানডম বলা যায় না। বলা যায় স্মৃতি, উত্তরাধিকার, অন্তর্গত হওয়ার অনুভূতি। এই অনুভূতির একমাত্র অন্ধকার দিক হল— আমরা যখন বলি ‘আমাদের দল’, তখন ‘আমাদের’ শব্দটির ভিতরে কারা থাকে? আর কারা ঠিক থাকে না? আমাদের প্রতিদ্বন্দ্বিতার ভাষার মধ্যে ঢুকে পড়ে আমাদের পরিচয়, কখনও কখনও শ্রেণি, অঞ্চল, উদ্বাস্তু, এমনকি অপমানের ভাষা।
তাই তো ফুটবল সমাজের বাইরের কিছু নয়। বরং সমাজের জমে থাকা রাগকে একটি গোলের দিকে ছুড়ে দেওয়ার সুযোগ। বিশ্বের অন্যত্রও একই। সেল্টিক-রেঞ্জার্স, বোকা-রিভার, বার্সা-রিয়াল, ইন্টার-মিলান, লিভারপুল-ইউনাইটেড।
কোনও প্রতিদ্বন্দ্বিতাই নব্বই মিনিটের নয়। এর পেছনে থাকে শহরের ইতিহাস, শ্রেণির ইতিহাস, ধর্মের ইতিহাস, জাতিগত পরিচয়, ভাষা, অভিবাসন, অর্থনীতি, ক্ষমতা।
তাই কলকাতা কোনও বিচ্ছিন্ন ব্যতিক্রম নয়।
কলকাতা বরং পৃথিবীর ফুটবল-রাজনীতিকে নিজের ভাষায় অনুবাদ করে চলেছে।

তবু প্রশ্ন তো থেকেই যায়। আমরা কেন অন্য দেশের জন্য হাসি? অন্য দেশের প্লেয়ারের জন্য কেঁদে ফেলি? কেন এমন একজন মানুষের জন্য রাত জাগি যার নাম আমরা উচ্চারণও ঠিকমতো হয়তো করতে পারি না? কারণ, আমরা হয়তো একটা সম্ভাবনাকে সমর্থন করি। আমরা চাই কোনও অসম্ভব গল্প সত্যি হোক। কোনও ছোট দেশ বড় দেশকে হারিয়ে দিক। পথে নেমে আসুক মানুষ প্যালেস্তাইনের সাপোর্টে। কোনও বহু-পরাজিত দল একদিন ট্রফি তুলুক। কোনও অভিবাসী ছেলের পায়ে বিশ্বকাপের গোল আসুক। কোনও মেয়ের দল এমনভাবে জিতুক যাতে পরের প্রজন্মের মেয়েরা আর অনুমতি না চায়।
ফুটবল এই পৃথিবীকে বানাতে পারবে না। তার সেই দায়ও নেই। কিন্তু ফুটবল সেই স্বপ্ন দেবে, স্বপ্নের হাত ধরে দাঁড়াতে শেখাবে। কারণ ফুটবল পৃথিবীর সবচেয়ে রাজনৈতিক খেলা। সে সরাসরি ক্ষমতার রাজনীতি শেখায় না। সে শেখায় অন্তর্ভুক্তির রাজনীতি। স্মৃতি, শরীর, ভালোবাসা, পরিচয়ের রাজনীতি। একটা ‘আমরা’ নামের শব্দের রাজনীতি। কারণ একটি গোল হওয়ার মুহূর্তে হাজার হাজার মানুষ একসঙ্গে চিৎকার করে ওঠে। প্রত্যেকে আমি থেকে আমরা হয়ে ওঠে সেই মুহূর্তে। দেশ, সময়, লিঙ্গ সমস্ত ছাপিয়ে এই এক হয়ে ওঠা।
ফুটবল কি তাহলে আমাদের এক করে? হয়তো সাময়িকভাবে। কিন্তু সেই সাময়িক এক হয়ে যাওয়ার ভিতরেই তার সবচেয়ে বড় সম্ভাবনা। কারণ আমরা যখন কয়েক হাজার অচেনা মানুষের সঙ্গে একই গোলের জন্য কাঁদতে পারি, সেই মুহূর্তেই আমার হয়ত বুঝতে পারি— অন্য মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষাও আমার নিজের আকাঙ্ক্ষার মতোই সত্যি।
মাঠে কখনও শুধু তো স্কোয়াড নামে না। নামে ইতিহাস। উপনিবেশ। অভিবাসন। যুদ্ধ। বর্ণ। নারী। কুইয়ার। উদ্বাস্তু। শিশু। নামে অসমাপ্ত স্বপ্ন। আর আমরা।
এই ‘আমরা’ সবাই তো?
হয়তো ফুটবলের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন এটাই।
ফুটবল ঠিক কার?
সম্ভবত সবার।
অথবা, অন্তত, সবার হওয়ার কথা। কারণ ট্রফি জয়ের আনন্দ, ফলাফল সব সাময়িক। বিশ্বাসেরা খেলোয়াড় একদিন অবসরপ্রাপ্ত।
শুধু অসম্ভব স্বপ্ন একটা থেকে যায়। এবং কোনও এক দিন, কোনও এক রাতে, কলকাতার কোনও গলিতে, পৃথিবীর কোনও এক প্রান্তের অচেনা দেশের জন্য আমরা আবার চিৎকার করে উঠি। সমবেত। নিজের জীবনে যে স্বপ্ন ফিরে পাওয়া সম্ভব হয়নি, তাকে হয়তো একটা ফুটবল আমাদের সামান্য সময়ের জন্য ফিরিয়ে দেয়। একটি নিজস্ব ‘আমরা’ ফিরিয়ে দেয়।
তাই, ফুটবল আমাদের বাঁচিয়ে রাখে।
কিন্তু এবার প্রশ্নটা শুধু— কাকে? নয়, বরং প্রশ্নটা হওয়া উচিত—
কাকে বাঁচিয়ে রাখার মতো পৃথিবী আমরা তৈরি করতে চাই?




আপনার মতামত...