বঙ্কিমচন্দ্রের বৈপরীত্য বা যৌগপত্য

সুকান্তি ভট্টাচার্য্য

 

বঙ্কিমচন্দ্রের প্রকৃত গুরুত্ব তাঁর কোনও একক মতাদর্শে নয়, বরং ঐতিহ্য ও আধুনিকতা, ধর্ম ও যুক্তি, জাতীয়তাবাদ ও বিশ্বমানবতার মধ্যকার জটিল সংলাপকে ধারণ করার অসামান্য ক্ষমতায়। সেই কারণেই তিনি আজও বাংলা সমাজ ও ভারতীয় বুদ্ধিবৃত্তিক ইতিহাসে এক অনিবার্য উপস্থিতি। তাঁকে একরৈখিক পরিচিতিতে আবদ্ধ করার প্রচেষ্টা কপট রাজনীতির অসূয়া ও অভিসন্ধির বিষময় প্রকাশ

 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ঘিরে বাংলা সমাজ-চিন্তা ও সাহিত্য-ইতিহাসে একটি মৌলিক প্রশ্ন বারবার ফিরে আসে— তিনি কি হিন্দু পুনর্জাগরণের প্রধান তাত্ত্বিক, না কি আধুনিক যুক্তিবাদী বুদ্ধিজীবী? তিনি কি আনন্দমঠ-এর স্রষ্টা, না কি কৃষ্ণচরিত্র-এর সমাজতাত্ত্বিক বিশ্লেষক? তিনি কি “বন্দেমাতরম্”-এর আবেগময় জাতীয়তাবাদী কবি, না কি মুসলিম চরিত্রচিত্রণে বাংলা সাহিত্যের অন্যতম উদার শিল্পী? এই দ্বৈততা আসলে কোনও ব্যক্তিগত অসঙ্গতি নয়; বরং উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণের অন্তর্নিহিত জটিলতারই প্রতিফলন। বঙ্কিমচন্দ্রের রচনা ও চিন্তাজগৎ বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি একই সঙ্গে সাংস্কৃতিক জাতীয়তাবাদের নির্মাতা এবং আধুনিক সমালোচনামূলক বুদ্ধিবৃত্তির অগ্রদূত। এই নিবন্ধে সেই বৈপরীত্যেরই বিশ্লেষণ করা হবে।

 

উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণ ও হিন্দু পুনর্জাগরণের প্রেক্ষাপট

ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলার শিক্ষিত সমাজ এক অভূতপূর্ব পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল। ইংরেজি শিক্ষা, পাশ্চাত্য দর্শন, বিজ্ঞানচেতনা এবং ঔপনিবেশিক আধিপত্যের অভিঘাতে ভারতীয় সমাজ আত্মপরিচয়ের সংকটে পড়ে। এই সময়ে একদিকে যেমন সামাজিক সংস্কারের ধারা গড়ে ওঠে, অন্যদিকে তেমনি জন্ম নেয় সাংস্কৃতিক ও ধর্মীয় আত্মমর্যাদা পুনরুদ্ধারের প্রচেষ্টা।

এই ধারার প্রধান ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন:

  • রাজা রামমোহন রায় — ধর্মীয় সংস্কার, ব্রাহ্মধর্মের প্রবর্তন, ও যুক্তিবাদী চিন্তার প্রবর্তক।
  • দেবেন্দ্রনাথ ঠাকুর — বেদান্ত-ভিত্তিক আধ্যাত্মিক পুনর্গঠন, ও আদি ব্রাহ্মসমাজের সংগঠক।
  • কেশবচন্দ্র সেন — ধর্মীয় সর্বজনীনতার প্রবক্তা, সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা।
  • রাজা রাধাকান্ত দেব — হিন্দু ধর্ম রক্ষার্থে ধর্মসভার সূচনা করেন, বিধবা বিবাহ আন্দোলনের বিরুদ্ধে ছিলেন।
  • রামকৃষ্ণদেব — কালীসাধক, সরলভাষার ভাববাদী ধর্মব্যাখ্যাতা ও সর্বধর্মসমন্বয়কারী।
  • স্বামী বিবেকানন্দ — আত্মমর্যাদাবোধ ও জাতীয় চেতনার পুনর্নির্মাতা।
  • দয়ানন্দ সরস্বতী — বৈদিক পুনর্জাগরণের প্রতিনিধি, ও আর্যসমাজের প্রতিষ্ঠাতা। ইনিই সর্বপ্রথম হিন্দু ধর্মকে সনাতন ধর্ম হিসেবে উল্লেখ করেন।

পূর্বাপর এই বৃহত্তর ধারার মধ্যেই বঙ্কিমচন্দ্র হিন্দু সভ্যতার ঐতিহাসিক আত্মবিশ্বাস পুনরুদ্ধারের এক সাহিত্যিক ভাষ্য নির্মাণ করেন।

 

আনন্দমঠ ও হিন্দু জাতীয়তাবাদের সাহিত্যিক নির্মাণ

১৮৮২ সালে প্রকাশিত আনন্দমঠ বাংলা সাহিত্যের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। উপন্যাসটির পটভূমি সন্ন্যাসী আন্দোলন হলেও এর গভীরে নিহিত রয়েছে জাতীয় পুনর্জাগরণের রূপক। সত্যানন্দের মুখে উচ্চারিত মাতৃভূমি-উপাসনা ভারতকে কেবল ভূখণ্ড হিসেবে নয়, দেবীমূর্তি হিসেবে কল্পনা করে। ফলে রাজনৈতিক স্বাধীনতার আকাঙ্ক্ষা ধর্মীয় আবেগের সঙ্গে একীভূত হয়ে যায়।

পরবর্তীকালে বিপ্লবী সংগঠনগুলি— বিশেষত অনুশীলন সমিতি ও যুগান্তর গোষ্ঠী— এই উপন্যাসকে একপ্রকার আদর্শিক গ্রন্থ হিসেবে গ্রহণ করে। অরবিন্দ ঘোষ কেবল নন, বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ-সহ বিভিন্ন ভাবাদর্শী ব্যক্তিও এর প্রভাব স্বীকার করেছেন।

 

“বন্দেমাতরম্”: রচনার ইতিহাস ও জাতীয় স্তোত্রে পরিণতি

জনপ্রিয় ধারণার বিপরীতে গবেষকরা দেখিয়েছেন যে “বন্দেমাতরম্” প্রথমে স্বাধীন কবিতা হিসেবে রচিত হয়েছিল এবং পরে আনন্দমঠ-এ সংযোজিত হয়। বঙ্কিমচন্দ্রের ঘনিষ্ঠ মহলে প্রচলিত স্মৃতিচারণে জানা যায়, বঙ্গদর্শন-এর একটি ফাঁকা পৃষ্ঠা পূরণের প্রসঙ্গেও এর রচনার কথা বলা হয়। যদিও এ-বিষয়ে প্রত্যক্ষ প্রামাণ্য দলিল সীমিত, তবু এই কাহিনি সাহিত্য-ইতিহাসে বহুল প্রচলিত।[1]

গানটির পূর্ণাঙ্গ রূপে দেবী দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর প্রতীকী উপস্থিতি রয়েছে। কিন্তু ভারতীয় জাতীয়তাবাদ যখন সর্বধর্মসমন্বয়ী রাজনৈতিক পরিসরে প্রবেশ করে, তখন পূর্ণ গানটির ধর্মীয় প্রতীকায়ন নিয়ে আপত্তি ওঠে।

১৯৩৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন-এ রবীন্দ্রনাথ ঠাকুর গানটি পরিবেশন করেন।

পরবর্তী বিতর্কের প্রেক্ষিতে প্রথম দুটি স্তবক— যেখানে মাতৃভূমির প্রাকৃতিক সৌন্দর্য ও কল্যাণময় রূপ বর্ণিত হয়েছে— সর্বজনগ্রাহ্য বলে বিবেচিত হয়। স্বাধীনতার পরে ১৯৫০ সালের ২৪ জানুয়ারি গণপরিষদ সিদ্ধান্ত নেয় যে প্রথম দুটি স্তবকই ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃত হবে, আর জনগণমন হবে জাতীয় সঙ্গীত।

এই সিদ্ধান্ত ছিল বহুত্ববাদী ভারতের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে বঙ্কিমীয় আবেগের এক ঐতিহাসিক সমন্বয়।

 

আন্তর্জাতিক নাগরিকের দৃষ্টিতে ভারত

বঙ্কিমচন্দ্রকে কেবল হিন্দু পুনর্জাগরণের প্রবক্তা হিসেবে দেখলে তাঁর চিন্তার একটি বৃহৎ অংশ আড়ালে থেকে যায়।

তাঁর প্রবন্ধসমূহে ভারতীয় সমাজকে তিনি আন্তর্জাতিক তুলনামূলক দৃষ্টিতে বিচার করেছেন। ইউরোপীয় ইতিহাস, রাষ্ট্রচিন্তা, নৈতিক দর্শন এবং সমাজবিজ্ঞান সম্পর্কে তাঁর বিস্তৃত জ্ঞানের পরিচয় পাওয়া যায়। তিনি বারবার দেখিয়েছেন যে, কোনও সমাজের শক্তি কেবল ধর্মীয় বিশ্বাসে নয়, সংগঠন, শিক্ষা, অর্থনীতি ও নৈতিক শৃঙ্খলার উপরও নির্ভরশীল।

এই দৃষ্টিভঙ্গি তাঁকে সমসাময়িক অনেক ধর্মীয় পুনরুজ্জীবনবাদীর থেকে পৃথক করে।

 

সন্ন্যাসী বিদ্রোহ ও ছিয়াত্তরের মন্বন্তর

ঐতিহাসিকভাবে তথাকথিত “সন্ন্যাসী বিদ্রোহ”কে অনেক সময় সরল ধর্মীয় বিদ্রোহ হিসেবে দেখা হয়েছে। কিন্তু বঙ্কিমচন্দ্র তার পটভূমিতে রেখেছেন ১৭৭০ সালের ভয়াবহ দুর্ভিক্ষ— ছিয়াত্তরের মন্বন্তর। এখানে তিনি বুঝিয়েছেন যে রাজনৈতিক প্রতিরোধের উৎস ধর্মীয় আবেগ নয়; অর্থনৈতিক ধ্বংস, ঔপনিবেশিক শোষণ এবং সামাজিক বিপর্যয় বিদ্রোহের জন্ম দেয়। আবেগ সেখানে অনুপ্রাণিত করে থাকে।

এই ব্যাখ্যা আধুনিক সামাজিক ইতিহাসচর্চার সঙ্গে আশ্চর্যজনকভাবে সামঞ্জস্যপূর্ণ।

 

কৃষ্ণচরিত্র: দেবতা থেকে ঐতিহাসিক মানুষ

কৃষ্ণচরিত্র বঙ্কিমচন্দ্রের সবচেয়ে সাহসী গ্রন্থগুলির একটি। এখানে তিনি কৃষ্ণকে অলৌকিক দেবতা হিসেবে নয়, ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে বিশ্লেষণের চেষ্টা করেছেন। দেশান্তরের ও সময়ান্তরের একাধিক ‘কৃষ্ণ’-চরিত্রের একশৈলিক সমাপতন হিসেবেই ভাগবতকথাকে দেখতে চেয়েছিলেন। পুরাণ, মহাভারত ও অন্যান্য উৎসসমূহকে সমালোচনামূলকভাবে বিচার করে তিনি কৃষ্ণের একটি মানবিক ও রাজনৈতিক চরিত্র নির্মাণ করেন।

ঔপনিবেশিক যুগের ধর্মীয় বিতর্কের প্রেক্ষিতে এই কাজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি ধর্মবিশ্বাসকে অস্বীকার না করেও যুক্তিবাদী অনুসন্ধানের অধিকার প্রতিষ্ঠা করেন।

এক অর্থে এটি বাংলা ভাষায় আধুনিক ধর্মসমাজতত্ত্বের অন্যতম প্রাথমিক নিদর্শন।

 

মীর মশাররফ হোসেন ও বিষাদ সিন্ধু সম্পর্কে বঙ্কিম

মীর মশাররফ হোসেন-এর বিষাদ সিন্ধু বাংলা মুসলিম সাহিত্যধারার শ্রেষ্ঠ রচনাগুলির একটি।

বঙ্কিমচন্দ্র অকুণ্ঠভাবে এর সাহিত্যগুণের প্রশংসা করেছিলেন। তিনি লেখকের ধর্মীয় পরিচয়কে বিচার্যের বিষয় করেননি; বরং ভাষা, রচনা-কৌশল ও শিল্পমূল্যকে গুরুত্ব দিয়েছিলেন।

এখানে আমরা এমন এক বঙ্কিমকে দেখি যিনি সাম্প্রদায়িক সীমারেখা অতিক্রম করে সাহিত্যকে মূল্যায়ন করতে সক্ষম।

 

মুসলিম চরিত্রচিত্রণে বঙ্কিমের সাহিত্যিক কৃতিত্ব

বঙ্কিমের বিরুদ্ধে পরবর্তীকালে মুসলিম-বিরোধিতার অভিযোগ উত্থাপিত হয়েছে। কিন্তু তাঁর উপন্যাসের বহু চরিত্র সেই সরলীকৃত ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করায়।

 

ক. দলের খান — দুর্গেশনন্দিনী

দুর্গেশনন্দিনী-র দলের খান কেবল প্রতিপক্ষ নন; তিনি বীরত্ব, আনুগত্য ও মর্যাদাবোধের প্রতীক। কারারক্ষিণী হিসেবে তাঁর কর্তব্যপরায়ণতা, বন্দির প্রতি সযত্ন আচরণ, নারী-হৃদয়ের স্বাভাবিক ব্যাকুলতা সবটা মিলিয়ে এক অনবদ্য চরিত্র চিত্রিত করেছেন বঙ্কিমচন্দ্র।

বঙ্কিম তাঁর মধ্যে এমন সামরিক মহত্ব দেখিয়েছেন যা সমকালীন বাংলা সাহিত্যে বিরল।

 

খ. মতিবিবি — চন্দ্রশেখর

চন্দ্রশেখর-এর মতিবিবি বাংলা উপন্যাসের অন্যতম জটিল নারীচরিত্র। প্রবল প্রণয়াকাঙ্ক্ষা, তীব্র আত্মসম্মান, জিঘাংসা ও অন্তর্দ্বন্দ্ব চরিত্রটিকে অসাধারণ গভীরতা দিয়েছে। তিনি কেবল “মুসলমান নারী” নন; তিনি এক পূর্ণাঙ্গ মানবিক সত্তা।

 

গ. আয়েশা — দুর্গেশনন্দিনী

বাংলা সাহিত্যে এক বিরল চরিত্র হল বঙ্কিমচন্দ্রের আয়েশা। অপরূপ সৌন্দর্য, প্রেমকাতরতা, বিরল আত্মত্যাগে আয়েশার চরিত্র অলোকসামান্য মর্যাদায় চিত্রিত হয়েছে।

 

ঘ. ঔরঙ্গজেব — রাজসিংহ

রাজসিংহ-এ ঔরঙ্গজেবকে একমাত্রিক খলনায়ক হিসেবে দেখানো হয়নি। বরং তাঁকে এক অসামান্য রাষ্ট্রনায়ক, কঠোর নীতিনিষ্ঠ শাসক, প্রজাহিতৈষী এবং ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে চিত্রিত করা হয়েছে। বঙ্কিম তাঁর রাজনৈতিক দৃঢ়তা ও প্রশাসনিক দক্ষতার স্বীকৃতি দিয়েছেন, যদিও নীতিগত সমালোচনাও করেছেন।

এই চরিত্রচিত্রণ প্রমাণ করে যে বঙ্কিমের সাহিত্যিক বিচার বহু ক্ষেত্রে তাঁর রাজনৈতিক অবস্থান বা ধর্মীয় অভিনিবেশের চেয়ে অধিক জটিল, মানবিক ও পক্ষপাত-রহিত।

 

“বিজ্ঞান” শব্দের আধুনিক অর্থ নির্মাণ

বাংলা ভাষায় “Science” শব্দের প্রতিশব্দ হিসেবে “বিজ্ঞান” শব্দটির আধুনিক ব্যবহার জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংস্কৃত “বিজ্ঞান” শব্দটি পূর্বে বিশেষত বৌদ্ধ ও বেদান্তিক দর্শনে ভিন্ন অর্থে ব্যবহৃত হত— চেতনা, বিশেষ জ্ঞান বা ইন্দ্রিয়াতীত জ্ঞানতত্ত্বের প্রেক্ষাপটে। বঙ্কিমচন্দ্র পাশ্চাত্য আধুনিক জ্ঞানতন্ত্রের আলোকে শব্দটিকে ব্যবহার করেন প্রমাণনির্ভর, পর্যবেক্ষণভিত্তিক এবং নিয়ম-সন্ধানী জ্ঞানব্যবস্থার অর্থে।

ফলে বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার একটি নতুন পারিভাষিক ভিত্তি নির্মিত হয়। শব্দটি একই অর্থে অন্যান্য আধুনিক ভারতীয় ভাষাতেও গৃহীত হয়।

বিজ্ঞান রহস্য (১৮৭৫)-এ বিজ্ঞান শব্দের সায়েন্স অর্থে যথাযথ প্রয়োগ শুধু নয়, তিনি বিজ্ঞানমনস্কতার ভিত্তি রচনায় উল্লেখযোগ্য ভূমিকা নেন। ‘আঁধার রাতে একলা পথিক’ অক্ষয়কুমার দত্ত বাংলা ভাষায় যে ধারার প্রবর্তন করেছিলেন, বঙ্কিমচন্দ্রের এই পর্বের রচনাগুলো তাকে এগিয়ে দেয়। পাশ্চাত্যের তাত্ত্বিক বিজ্ঞানের রচনার সঙ্গে বাংলাভাষীদের পরিচয় নিবিড় করেছিলেন টিন্ডালের Dust and Disease-নির্ভর ধূলা, হাক্সলির Lay Sermons-নির্ভর জৈবনিক, লিয়েলের Geographical Evidence of the Antiquity of Man-নির্ভর গতকাল মনুষ্য, প্রভৃতি জনপ্রিয় বিজ্ঞানমুখী প্রবন্ধের মাধ্যমে। এগুলি নিছক অনুবাদমাত্র ছিল না। জৈবনিক-এ সেই সময়ের (এই সময়েও সমানভাবে প্রাসঙ্গিক) আধুনিক হিন্দু মানুষদের সম্বন্ধে বলেন, তাঁরা হয় ঋষিদের সর্বজ্ঞ মানেন ও পঞ্চভূতের বাইরে কল্পনাও করতে পারেন না; অথবা ‘আজি কালি লোকে মূর্খ’ ভাবে বলে বিজ্ঞান মানেন, পাশাপাশি ‘সেই গৌরবে’ও আস্থাশীল।

‘আত্মাবলে নয়’, ‘বাষ্পীয় বা বৈদ্যুতিক বলেই’ ‘মনুষ্য বিহঙ্গপদপ্রাপ্ত হইবে’ লিখলেন ১৮৭৩-এ। ১৮৭৫-এ গগনবিহারী প্রথম মনুষ্য হিসেবে ফ্রান্সের রোজেরের নাম উল্লেখ করে কটাক্ষে জানালেন যে দুষ্মন্ত, পুরূরবা, কৃষ্ণার্জুন প্রমুখ, বা ‘জয়রাম’ রবে সমুদ্র ডিঙিয়ে যাওয়া হনুমানকে তিনি মনুষ্য বলতে পারেন না। কারণ? সেই ইঙ্গিত মেলে তাঁর ত্রিদেব সম্বন্ধে বিজ্ঞানশাস্ত্র কী বলে (১৮৭৫) নিবন্ধে। সেখানে জানালেন যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে পৌরাণিক উপাখ্যানের কল্পিত চরিত্র।

On the Origin of Hindu Festivals (1869)-এ এর আগেই লিখেছিলেন, হিন্দু উৎসবগুলি আদতে কৃষিপ্রধান দেশে গোলায় ফসল তোলার উদ্‌যাপন। The Study of Hindu Philosophy (1873)-তেও প্রশ্ন তুলেছেন, কেন ‘হিন্দু টরিসেলি’, ‘হিন্দু পাস্কাল’ হয় না। আর্যভট্টের অমন যুগান্তকারী পর্যবেক্ষণের পরেও কেন ভারতে কোনও কোপার্নিকাস, কেপলার হয় না। উত্তরে তিনিই জানালেন, আপ্তসূত্রে অটল আস্থা, অবরোহী ধারায় বিচার, ও ‘ভ্রান্ত পদ্ধতি তন্ত্রের বোঝা’ ভারতীয় মনীষার অগ্রসরণের অন্তরায়।

 

বৈপরীত্য না যৌগপত্য?

বঙ্কিমচন্দ্রের মধ্যে আপাতদৃষ্টিতে কয়েকটি পরস্পরবিরোধী প্রবণতা দেখা যায়—

  • হিন্দু পুনর্জাগরণ ও আধুনিক যুক্তিবাদ
  • আনন্দমঠ ও কৃষ্ণচরিত্র
  • বন্দেমাতরম্ ও ধর্মসমালোচনামূলক বিশ্লেষণ
  • সাংস্কৃতিক জাতীয়তাবাদ ও আন্তর্জাতিক তুলনামূলক দৃষ্টি
  • হিন্দু ঐতিহ্যের পুনরুদ্ধার ও পাশ্চাত্য বিজ্ঞান-সহ আধুনিকতা

তাঁর গৃহসহায়ক কালীনাথ দত্তের স্মৃতিকথায় জানা যায় যে বঙ্কিমচন্দ্র বাবুইপুরে স্থানীয় চিকিৎসক মহেন্দ্রনাথ ঘোষের থেকে অণুবীক্ষণ যন্ত্র এনে ঘরে বসে কীটাণু, পুস্করিণীর জলবিন্দু, উদ্ভিদের সূক্ষ্মভাগ, জীবশোণিত পরীক্ষা করতেন। শ্রীদত্ত মর্মাহত হয়ে দেখেছেন, “এই সমস্ত পরীক্ষার সময় আমি কখনও তাঁহার মধ্যে ঈশ্বরভক্তির পরিচয় পাই নাই।”

১৮৮০-র পর থেকে সেই বঙ্কিমচন্দ্রেরই মননের হাওয়া-মোরগটি ক্রমে দিকবদল করতে থাকে। ‘হয় বিজ্ঞান, নয় ঈশ্বর’ থেকে ‘আগে বিজ্ঞান, পরে ঈশ্বর’ (বিজ্ঞানকে ঈশ্বরের আগে বিবেচনা করায় বঙ্কিমের ওপর রামকৃষ্ণ দেব চটেও যান) বললেও, অবশেষে চরম পরাবাস্তবতায় আশ্রয় নেন।

১৮৮৫-তে বললেন, “যাঁহার চিত্তশুদ্ধি আছে তিনি শ্রেষ্ঠ হিন্দু, শ্রেষ্ঠ খ্রিস্টিয়ান, শ্রেষ্ঠ বৌদ্ধ, শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ পজিটিভিস্ট‌।” অগস্ত কোঁতের পজিটিভিজম্ (প্রত্যক্ষবাদ)-কে ধর্মের সঙ্গে মিলিয়ে দিলেন, নাকি গুলিয়ে দিলেন? যদিও ধর্মের ক্ষেত্রে বহুদর্শিতা বজায় রাখলেন।

কাছের মানুষ বঙ্কিমচন্দ্র বইতে সোমেন্দ্রনাথ বসু বিস্ময়ের সঙ্গে লিখলেন বঙ্কিমের ঝাড়াঝোড়া, mesmerism, তারকেশ্বরের মানতে বিশ্বাসের পাশাপাশি সমাজতন্ত্রের নানা বিষয়ে ক্ষুরধার বিশ্লেষণ।

এই দ্বৈততাকে ব্যক্তিগত অসঙ্গতি মনে হলে ভুল হবে।

ঔপনিবেশিক আধুনিকতার যুগে শিক্ষিত ভারতীয়দের সামনে দুটি চ্যালেঞ্জ ছিল— প্রথমত, আত্মপরিচয় রক্ষা; দ্বিতীয়ত, আধুনিক জ্ঞানব্যবস্থাকে গ্রহণ।

বঙ্কিমচন্দ্র এই দুই প্রয়োজনের মধ্যে সেতুবন্ধন গড়তে চেয়েছিলেন। তিনি একদিকে জাতীয় আত্মমর্যাদার উৎস খুঁজেছেন হিন্দু ঐতিহ্যে, অন্যদিকে সেই ঐতিহ্যকেই আধুনিক যুক্তি, ইতিহাস ও বিজ্ঞানের আলোয় পুনর্ব্যাখ্যা করেছেন।

সেই সময়ের অল্প দুয়েকজন মনীষী ছাড়া সকলেই এই দোলাচলতায় পড়েছিলেন বলে বিস্তারিত আলোচনা করেছেন আজকের সময়ের বিশিষ্ট যুক্তিবাদী প্রাবন্ধিক আশিস লাহিড়ী।

 

উপসংহার

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেবল “হিন্দু জাতীয়তাবাদের জনক” অথবা কেবল “আধুনিক যুক্তিবাদী চিন্তক”— এই দুই পরিচয়ের কোনও একটিতে সীমাবদ্ধ করা যায় না। তাঁর সাহিত্য ও চিন্তা ঊনবিংশ শতকের ভারতীয় সমাজের গভীর আত্মসংকট, আত্মঅন্বেষণ এবং আত্মপুনর্গঠনের দলিল।

আনন্দমঠ ও “বন্দেমাতরম্” তাঁকে জাতীয় আবেগের নির্মাতা করেছে; কৃষ্ণচরিত্র তাঁকে সমালোচনামূলক বুদ্ধিবৃত্তির পথিকৃৎ করেছে; মুসলিম চরিত্রচিত্রণে তাঁর শিল্পসত্তা সাম্প্রদায়িক সীমারেখা অতিক্রম করেছে; আর “বিজ্ঞান” শব্দের আধুনিক ব্যবহার তাঁকে জ্ঞান-আধুনিকতার ভাষ্যকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

অতএব বঙ্কিমচন্দ্রের প্রকৃত গুরুত্ব তাঁর কোনও একক মতাদর্শে নয়, বরং ঐতিহ্য ও আধুনিকতা, ধর্ম ও যুক্তি, জাতীয়তাবাদ ও বিশ্বমানবতার মধ্যকার জটিল সংলাপকে ধারণ করার অসামান্য ক্ষমতায়। সেই কারণেই তিনি আজও বাংলা সমাজ ও ভারতীয় বুদ্ধিবৃত্তিক ইতিহাসে এক অনিবার্য উপস্থিতি। তাঁকে একরৈখিক পরিচিতিতে আবদ্ধ করার প্রচেষ্টা কপট রাজনীতির অসূয়া ও অভিসন্ধির বিষময় প্রকাশ।

 


[1] “বন্দেমাতরম্” বঙ্কিম প্রসঙ্গ, সম্পাদনা: সুরেশ বন্দ্যোপাধ্যায়, ১৯২২।

 

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5450 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.