‘সঙ্গী হয়ে আছ যেথায় সঙ্গীহীনের ঘরে’

প্রবুদ্ধ বাগচী

 

রবীন্দ্রনাথ যে বাড়িটায় জন্মেছিলেন সে বাড়িটা মস্ত একটা জমিদারবাড়ি। শুধু তা-ই নয়, আমরা সামাজিক-রাজনৈতিক ইতিহাস থেকে বুঝতেই পারি যে উনিশ শতকের যে জমিদাররা বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়েছিটিয়ে ছিলেন তারা মূলত ‘চিরস্থায়ী বন্দোবস্তে’র ফসল। ফসল বলতে এটাই, ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ বাংলার জমিদারশ্রেণিকে যে অবাধ উদ্বৃত্ত সম্পদের সুযোগ সামনে এনে দিয়েছিল সেই উদ্বৃত্তের ফলে তারা গজদন্তমিনারের বাসিন্দা হয়ে গিয়েছিলেন। তাদের সঙ্গে সাধারণ মানুষ, যাদেরকে তারা প্রজা বলতেন, নিচের তলার অন্ত্যজ শ্রেণি, তাদের সঙ্গে প্রভুদের এক যোজন দূরত্ব তৈরি হয়েছিল। সম্পূর্ণ দুটো আলাদা সংস্কৃতি, যে সংস্কৃতি এইসব ভূস্বামী জমিদারকে একটা জীবনে অভ্যস্ত করে দেয় আর প্রজাদের প্রায় একরকম পায়ের তলায় মাটির নিচে দমিত করে রাখে। ফলে দ্বারকানাথ ঠাকুরের ওই প্রকাণ্ড প্রাসাদ থেকে তাঁর পৌত্র রবীন্দ্রনাথ ঠাকুর বলে যে ব্যক্তিটি বেড়ে উঠছিলেন, তিনি এমনকি তাঁর শহরের অর্থাৎ কলকাতার ভেতরে যে আরেকটা অন্য শহর আছে, যে শহরের মানুষ অন্যরকম, তাদের সঙ্গেও তাঁর কোনও সংযোগ সেরকমভাবে ছিল না। যাঁদের পরিবারের প্রত্যেকটি মানুষ প্রতিভাধর, বিভিন্ন বিষয়ে যাঁদের প্রজ্ঞা আকাশছোঁয়া, যে বাড়ি থেকে বাড়ির সদস্যরাই পত্রিকা বের করেন, বাড়ির নাটমঞ্চেই তাঁরা নাটক করে্‌ন, গান করেন— কিন্তু সবটাই একটা বেড়ার ভেতর। এই জায়গা থেকে রবীন্দ্রনাথ, সেইভাবে আমরা যাকে সামাজিক আন্তঃসম্পর্ক বলি, সমাজের অন্যান্য স্তরের মানুষদের সঙ্গে তাঁর প্রতিক্রিয়া ও বিনিময় ঘটাবার কোনও সুযোগ ও সম্ভাবনা অর্জন করতে পারেননি। কিন্তু যেহেতু তিনি মানুষটা রবীন্দ্রনাথ, আর সকলের থেকে তাঁর সংবেদনশীলতা ও গহীন চেতনা অনেকগুণে সুতীক্ষ্ণ— তা তাঁকে একটা ক্রান্তিকালের মধ্যে নিয়ে আসে যখন মহর্ষি দেবেন্দ্রনাথ তাঁকে জমিদারি দেখাশোনার ভার দিয়ে পদ্মাপাড়ে পাঠান।

রবীন্দ্রনাথের জীবনে অখণ্ড বাংলার পূর্বপ্রান্তের এই সুজলা-সুফলা-সবুজ, গ্রা্‌ম, নদী এবং সেইসব গ্রামের প্রান্তবাসী মানুষ, যারা তাঁর জমিদারি প্রজা, এবং তাদের ভিতর দিয়ে অন্তর্গত গ্রামজীবনকে স্পর্শ করার সুযোগ নিয়ে আসে ভাবনার প্যরাডাইম শিফট। রবীন্দ্রনাথ যদি গ্রামের এই মানুষগুলিকে খুব কাছ থেকে দেখার সুযোগ না পেতেন তাহলে বোধহয় তাঁর ভিতরে সামাজিক-ভাবনা, সমাজ নিয়ে ভাবনা বা মন্থন হয়তো ঘটার সুযোগ পেত না। এবার ফিরাও মোরে কবিতায় তিনি পরে বলবেন ‘এই সব মূঢ় ম্লান মুখে দিতে হবে ভাষা/ ইহাদের বুকে ঘনিয়ে তুলিতে হবে আশা’। কিন্তু এই যাদের কথা তিনি বলছেন তাদের যদি তিনি চোখে না দেখতেন তাহলে এই লাইনটা তাঁর কলম থেকে বের হত না। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল। বেশ কয়েক বছর আগে, সম্ভবত ২০০৩-২০০৪ সালে চিত্রপরিচালক শৈবাল মিত্র কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন যেটার নাম হচ্ছে ইন দ্য ল্যান্ড অফ ছিন্নপত্র। ছবিটি একটি বিশেষ অনুষ্ঠানে নন্দন-৩ প্রেক্ষাগৃহে খুবই সামান্য কিছু দর্শকদের মধ্যে দেখানো হয়েছিল, ঘটনাচক্রে আমি সেই ছবিটি দেখার সুযোগ পেয়েছিলাম। সেখানে ওঁরা ছিন্নপত্র লেখার সময় রবীন্দ্রনাথ যেসব জায়গা দিয়ে ঘুরতেন, জমিদারি পরিদর্শনে যেতেন সে সব রুটগুলো দিয়ে সিনেমার দলটি নিয়ে ঘুরে বেড়িয়েছেন। শিলাইদহ, পতিসর, সাজাদপুর এই সব জায়গাগুলোই তাঁরা পরিদর্শন করেছেন এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলেছেন ও সেই জায়গাগুলোর ছবি তুলেছেন। সেই ছবির এক দৃশ্যে দেখা যায় যে রবীন্দ্রনাথ শেষ যেবার শিলাইদহে গিয়েছিলেন, তারপরে তিনি যখন সেখান থেকে ফিরে আসছেন, সেখানকার গ্রামের অসংখ্য মানুষ তাঁকে একেবারে ঘিরে ধরেছে। চিত্রপরিচালক ইন্টারভিউ করেছিলেন যাঁরা তখনও জীবিত ছিলেন, তাঁদের। সাধারণ বৃদ্ধ গ্রামবাসীর সেটা একটা অবিশ্বাস্য উচ্ছ্বাস আর শোক। মানুষের সঙ্গে তাঁর যে গভীর সূক্ষ্ম সম্পর্ক ছিল সেটা ওই দৃশ্যে ধরা পড়েছে। পদ্মার তীরের জীবন তাঁকে দিয়ে যেমন গল্পগুচ্ছ লিখিয়েছে, তাঁকে দিয়ে যেমন ছিন্নপত্র লিখিয়েছে, তেমনি সেই ভৌগোলিক অঞ্চলটির মানুষের সুখ-দুঃখ ভালোবাসা বেদনা বঞ্চনা তাঁকে ভেতর থেকে অনেক বদলে দিয়েছে। রবীন্দ্রনাথের সমাজভাবনার সূত্রপাত সমাজকে এইভাবে কাছ থেকে দেখতে পাওয়া থেকেই। এখন তাহলে এটা তো তিনি বলেছেন যে এসব মুখে যদি ভাষা দিতে হয় তাহলে প্রথম কাজ হচ্ছে শিক্ষা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ, যার মধ্যে দিয়ে এই গ্রামজীবনের একটা পরিবর্তন হতে পারে।

এই শিক্ষার জায়গাটায় রবীন্দ্রনাথের ভাবনা যে তার আগে ছিল না তা নয়, কিন্তু যে কোনও ভাবনারই তো একটা আধার লাগে। সেই আধারটা হয়তো রবীন্দ্রনাথ তখনও পর্যন্ত অর্জন করতে পারেননি বা খুঁজে পাননি। একটা শিক্ষার আদর্শ ও অভিমুখ সমাজকে যে একটা চেহারা থেকে অন্য চেহারায় আনতে পারে, সে ব্যাপারে রবীন্দ্রনাথের একটা ভাবনা অবশ্যই ছিল এবং শিক্ষার ভাবনার সঙ্গে নানান সামাজিক উদ্যোগকে যে জড়িয়ে নিতেই হবে এটাও তিনি বুঝেছিলেন। পরবর্তীকালে যে পল্লী-সমবায়, গ্রামের পুনর্গঠন এই সমস্ত ভাবনাগুলি আসছে, সেগুলো কিন্তু আসলে শিক্ষার পরিপূরক হিসেবে। একই সঙ্গে এটাও ডিসক্লেমার হিসেবে বলে রাখা দরকার যে রবীন্দ্রনাথ মানুষটা কিন্তু অত্যন্ত স্ব-বিরোধী একজন মানুষ। তিনি বহু বিষয়ে বহুবার তাঁর মত বদল করেছেন, একটা জায়গা থেকে আর একটা জায়গায় সরে এসেছেন। একদম জীবনের শেষদিকে তিনি আর্জেন্টিনার একটা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে গিয়েছিলেন— সেখানে তাঁকে ভিজিটর বুকে কিছু মন্তব্য লেখার জন্য অনুরোধ করা হয়— তিনি লিখেছিলেন ‘মাই গ্রেটেস্ট ভারচু অ্যান্ড মাই গ্রেটেস্ট ভাইসেস ইজ মাই ইনকনসিস্টেন্সি’ (my greatest virtue and my greatest vice is my inconsistency)।

 

দুই.

রবীন্দ্রনাথ এবং শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলতে গেলে প্রাথমিকভাবে তাঁর শান্তিনিকেতনের কথাই আমাদের প্রথম মনে আছে। কিন্তু পাশাপাশি তাঁর শ্রীনিকেতন এবং শ্রীনিকেতনে তৈরি যে শিক্ষাসত্র, তার কথা সেইভাবে আলোচনা করা হয় না। শিক্ষা-বিষয়ে রবীন্দ্রনাথের প্রথম পূর্ণাঙ্গ রচনা শিক্ষার হেরফের প্রকাশিত হয়েছিল ১৮৯২ সালে। আর তার নয় বছর পরে ১৯০১ সালে শান্তিনিকেতনে গড়ে উঠল তাঁর ব্রহ্মচর্যাশ্রম, যা পরবর্তীকালে শান্তিনিকেতনে পরিবর্তিত হবে। শিক্ষার হেরফের রচনায় প্রচলিত শিক্ষার প্রধান ত্রুটিগুলো রবীন্দ্রনাথ নির্দেশ করলেন এইভাবে— “এই শিক্ষার সহিত আনন্দ নাই। এই শিক্ষা জীবনের সহিত অসংলগ্ন আমরা বাল্য হইতে কৈশোর এবং কৈশোর হইতে যৌবন প্রবেশ করি কেবলমাত্র কতগুলো কথার বোঝা টানিয়া।” ১৮৯৮ সালে ভারতী পত্রিকায় একটি রচনায় তিনি লিখছেন— “এই বিদ্যা আমাদের প্রাণের সহিত রক্তের সহিত মিশ্রিত হয় না।” ফলে তিনি যখন আশ্রম বিদ্যালয় সূচনা করছেন তখন তার যে বিকল্প শিক্ষা, তার প্রধান সূত্রটা হল অত্যাবশ্যক শিক্ষার সঙ্গে স্বাধীন পাঠ মিশিয়ে দিতে হবে যাতে “শিক্ষার্থীর গ্রহণশক্তি, ধারণশক্তি ও চিন্তাশক্তি সহজ ও স্বাভাবিক নিয়মে বিকশিত হতে পারে।” তবে এখানে একটা কথা বলা দরকার। আশ্রম বিদ্যালয়ের গোড়ার দিকে উদ্বোধনের দিন রবীন্দ্রনাথ পাঁচজন ছাত্রকে দীক্ষাদান করেছিলেন এবং তাদের তিনি প্রাচীন বৈদিক আদর্শের কথা স্মরণ করিয়ে তাদেরকে সেই আদর্শে উজ্জীবিত হওয়ার কথা বলেছিলেন। নিতান্ত নবীন বালকদেরর পক্ষে এই গভীর তত্ত্ব উপলব্ধি করা সম্ভব কিনা সে প্রশ্ন কিন্তু আমাদের থেকেই যায়। একটা সময় শান্তিনিকেতনের ভেতর সমস্ত ছাত্রদের নিয়মিত গায়ত্রী মন্ত্র উপাসনা করতে হত, সেটা নিয়ে একসময় বিতর্ক উঠেছিল এবং ছাত্ররা যে সেটা খুব উপভোগ করত এমন নয়। প্রমথনাথ বিশী লিখছেন যে— “ছাত্ররা এই ভাষণ শেষ হওয়ার জন্য অস্থির হয়ে অপেক্ষা করত।”

এখানে বলা দরকার স্বদেশি আন্দোলনে যোগ দেওয়ার আগে রবীন্দ্রনাথ কিন্তু কিছুটা হিন্দু-শ্রেষ্ঠত্ববাদী চিন্তার প্রভাবে আচ্ছন্ন ছিলেন এবং তার লেখা ভারতবর্ষের ইতিহাস প্রবন্ধে তার কিছু কিছু পরিচয় পাওয়া যায়। তিনি তখন বর্ণাশ্রমেরও কিছুটা সমর্থক ছিলেন এবং তপোবন বা আশ্রম এই শব্দগুলিকে একটি ধর্মীয় আলোকে ভেবেছিলেন। যদিও আবার বলি, এই মানুষটি কোনওদিন কোনও মতকে চূড়ান্ত বলে মেনে নেননি। ফলে, তিনি যখন স্বদেশি আন্দোলনের সঙ্গে যুক্ত হলেন তখনই কিন্তু তিনি নিজেকে এই হিন্দুত্ববাদী ভাবনার বৃত্তটি থেকে ছিন্ন করে নিয়েছেন। ১৯০৪ সালে ‘স্বদেশী সমাজ’ বক্তৃতা তাঁর সেই সরে আসার অভিজ্ঞান। অনেকেই হয়তো জানেন তিনি যেদিন কলকাতায় এই বক্তৃতা দেন সেদিন, আজকের ভাষায় আমরা যাকে ‘গেট ক্র্যাশ’ বলি, বাস্তবিকই তাই হয়েছিল। প্রচুর মানুষ আসন না পেয়ে হলে ঢুকতে পারেননি, রাস্তায় ভিড় করা জনতার জন্য বাইরে মাইক দেওয়া হয়েছিল। তারপরেও বহু মানুষ শুনতে না পাওয়ায় অনুষ্ঠানটি আরেকবার আয়োজন করতে হয়েছিল।

মুক্তশিক্ষার একটা দার্শনিক প্রত্যয় থেকে রবীন্দ্রনাথ তাঁর শান্তিনিকেতন শুরু করলেও ঠিক কোনও সুগঠিত শিক্ষাপদ্ধতি সেইভাবে তৈরি হয়ে উঠতে পারেনি। তার মধ্যে কিছু ভালো জিনিস ছিল, আবার কিছু জিনিস যেটা ভাবা গেছিল, ঠিক সেরকমভাবে যে সেটাকে বাস্তবায়িত করা গেছে এমনটা নয়। যেমন একটা উল্লেখ করা যায়, সেটা হচ্ছে যে, শান্তিনিকেতনের প্রথমদিকে যে পড়াশোনা, তার মধ্যে শ্রেণিবিভাগ সুসংগঠিতভাবে ছিল না কিন্তু একটা স্তর ছিল— প্রাথমিক স্তর বা ওয়ান টু থ্রি ফোর যাই বলি। কিন্তু সেটা অদ্ভুত। অর্থাৎ, আমি যেটুকু বাংলা শিখেছি তাতে আমি বাংলাতে হয়তো ফাইভ স্ট্যান্ডার্ডে পড়তে পারি, কিন্তু বিজ্ঞান অতটা শিখিনি তাই বিজ্ঞানে আমি থ্রি স্ট্যান্ডার্ড। বিভিন্ন বিষয়ে একেকজন একেক ক্লাসে পড়তে পারে। এটা আধুনিক অনেক দেশে আজ চালু আছে।

কিন্তু সমস্যাটা হল রবীন্দ্রনাথ যে ভাবনা থেকে শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমের সূচনাটা করেছিলেন এই কাজটা করতে গেলে তো তাঁর কিছু সহায়ক লাগবে, লাগবে তাঁর কিছু শিক্ষক সহযোগী। সে সময় যাঁরা শিক্ষক সহযোগী ছিলেন যেমন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, রেবা চাঁদ, কুঞ্জলাল ঘোষ, মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়— এঁরা সকলে কিন্তু রবীন্দ্রনাথের ভাবনার যে মৌলিকতা, তার সঙ্গে সবসময় খুব এক সুরে বাজতেন না। ব্রহ্মবান্ধব এবং রেবাচাঁদ অল্পদিনেই শান্তিনিকেতন ছেড়ে দেন। অজিত কুমার চক্রবর্তী লিখেছেন, সে সময়ের আবহাওয়া যে খুব নির্মল এবং উদার ছিল এটা বলতে পারি না। সতীশ চন্দ্র রায়ের শিক্ষণপদ্ধতির প্রশংসা করেছেন রবীন্দ্রনাথ, মোহিত চন্দ্র সেনের কথাও এসেছে। কিন্তু একই সঙ্গে এঁরা যে সবসময় খুব আকর্ষণীয়ভাবে রবীন্দ্রনাথের ভাবনার সঙ্গে তাল মিলিয়ে পড়াতে পেরেছেন এমনটা নয়। প্রমথনাথ বিশী লিখছেন যে, শরৎ রায় বলে একজনের গণিতের ক্লাস অনেক ছাত্রদের কাছে ভীতিপ্রদ ছিল। বরং রবীন্দ্রনাথের সঙ্গে ও তাঁর ভাবনার সঙ্গে অনেকটা এক হয়ে যিনি বেশ একটা ভিন্ন ধারার পড়াশোনার পরিবেশ তৈরি করেছিলেন তিনি জগদানন্দ রায়। তিনি নিজে বিজ্ঞান উৎসাহী ছিলেন এবং সরাসরি বিজ্ঞান শেখানোর জন্য তিনি প্রকৃতিপাঠ এবং বিভিন্ন জায়গায় ছাত্রদের নিয়ে গিয়ে সরাসরি বিজ্ঞানের সঙ্গে যুক্ত করে দেখানোর উদ্যোগ নিতেন। ত্রিপুরার মহারাজা, শান্তিনিকেতনের ছাত্রদের জন্য একটি দূরবীক্ষণ যন্ত্র উপহার দিয়েছিলেন। জগদানন্দ রায় তার সাহায্যে ছাত্রদের গ্রহনক্ষত্র চেনাতেন এবং সেই সময়ে (১৯১০) বাংলার আকাশে হ্যালির ধূমকেতুর আবির্ভাব হয়— শান্তিনিকেতনের ছাত্ররা কিন্তু সেই অসামান্য দৃশ্যটি প্রত্যক্ষ করেছিলেন। এইভাবেই চলছিল বিষয়গুলি।

মোটামুটি ১৯০৯-১০ সাল নাগাদ শান্তিনিকেতনের শিক্ষা একটা সুসংগঠিত চেহারা পায়। আগেই বলেছি স্বদেশি আন্দোলনের অভিজ্ঞতা রবীন্দ্রনাথের চিন্তার জগতে যে পরিবর্তন এনেছিল সেটা এই ব্যবস্থার মধ্যেও কার্যকরী হয়ে ওঠে। তার সঙ্গে বাস্তব কতগুলো জায়গা অনুভূত হতে থাকে। যেমন, এর আগে ছাত্রদের কাছ থেকে কোনও বেতন আদায় করা হত না, এখন অল্প বেতন নেওয়া হতে থাকল, কারণ যাঁরা পড়াতে আসছেন তাঁদের একটা সাম্মানিক দেওয়ার ব্যাপার থাকছে। এটা পুরোটাই একটা বিদ্যালয়ের সংগঠনের পক্ষে ব্যয় করা সম্ভব নয়। ১৯০৪-০৫ সালে ছাত্রসংখ্যা ছিল ২০ জনের মতো। সেটা ১৯১০ সালে প্রায় ১০০ জন হয়ে গেছে। এই জায়গা থেকেই তাঁর স্বদেশি চিন্তা স্বদেশ-ভাবনার প্রভাব শিক্ষায় পড়ল। শুধু আশ্রমিক শিক্ষা নয়, এবার থেকে কিন্তু ছাত্ররা রবীন্দ্রনাথের রচিত স্বদেশি গান গেয়ে এবং ভুবনডাঙ্গা গ্রামের দরিদ্র শিশুদের পড়িয়ে এবং ওষুধ বিতরণ করে এক ধরনের সমাজসেবার কাজ করতে শুরু করেন। বয়কট ও পিকেটিং আন্দোলনকে রবীন্দ্রনাথ সমর্থন করেননি, আবার একইসঙ্গে তিনি বোমার রাজনীতিকেও সমর্থন করেননি। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে এই ১৯১০ সালের পর থেকে তাঁর শিক্ষা এবং সমাজভাবনা একটা নতুন দিকে বইতে আরম্ভ করে। যেটা সমান্তরালভাবে একদিকে যেরকম শান্তিনিকেতনের পরিধির মধ্যে, একই সময়ে তাঁর শিলাইদহে যে জমিদারি সেখানেও কিন্তু তিনি গ্রাম পুনর্গঠনের উদ্যোগ নিলেন। রবীন্দ্রনাথের এই নতুন শিক্ষার ধরনকে মন্টেসরি, জন দিউ ও অল্ডাস হাক্সলি সমর্থন ও প্রশংসা করেছিলেন।

ঔপনিবেশিক শাসনের অধীনে গ্রামবাংলার যে অবস্থা তার সত্যি চেহারাটা ছিল খুবই কঠিন। এই সময়টাতেই রবীন্দ্রনাথের উদ্যোগে গ্রামের মানুষদের দিয়ে রাস্তা তৈরি, পুকুর কাটান্‌, জঙ্গল পরিষ্কার ইত্যাদি কাজের উদ্যোগ নেওয়া হয়। উদ্যোগকে আরও সংহত করার উদ্দেশ্যে তিনি বিরামপুর পরগনাকে কয়েকটি উপভাগে ভাগ করে প্রত্যেকটির জন্য একজন করে অধ্যক্ষ নির্বাচন করে দেন এবং গ্রামের যুবকদের নিয়ে তৈরি হয় ‘প্রতিপালক সংগঠন’ যারা অবৈতনিক পাঠশালা এবং মাইনর স্কুল তৈরি করে। পতিসরে কৃষি সমবায় ব্যাঙ্ক স্থাপনের আয়োজনও এই সময় শুরু হয়।  কৃষকদের জন্য বিকল্প জীবিকার কথা চিন্তা করে বাদাম, ধনেপাতা, মটরশুটি ইত্যাদি তাঁর কুঠিবাড়ির বাগানে চাষ করার ব্যবস্থা করেন ও বিশেষজ্ঞ নিয়োগ করেছিলেন। খুব উল্লেখ করার মতো বিষয় হল, ওই সময় কিন্তু আমরা খাদ্যে স্বয়ম্ভর ছিলাম না। সেইটা মাথায় রেখে রবীন্দ্রনাথ স্থাপন করেছিলেন ধর্মগোলা। এ আসলে একটি গ্রামের বা একটি এলাকার যা এক ধরনের ‘ফুড রিজার্ভ’ যেখানে খাদ্য সংকট হলে সেখান থেকে গ্রামবাসীরা তাঁদের খাবার সংগ্রহ করতে পারেন। এছাড়া সেই সময় রবীন্দ্রনাথ পাটের ব্যবসা করার চেষ্টা করেন। সমবায় ব্যাঙ্কের মাধ্যমে গ্রাম উন্নয়নের চেষ্টা করেছেন। আমরা সবাই জানি যে ১৯১৩ সালে তার নোবেল পুরস্কারের অর্থ সেটা সমস্তটাই ওই পতিসরের সমবায় ব্যাঙ্কে গচ্ছিত করা হয়েছিল। এই কাজগুলো আস্তে আস্তে একটা চেহারা নিচ্ছিল। রবীন্দ্রনাথ বুঝতে পারছিলেন যে শান্তিনিকেতনের পরিধিতে যে সমস্ত গ্রাম, তা বিশ শতকের প্রথম দশকে পরাধীন দেশের ক্লিন্নমলিন। গ্রামের সঙ্গে, সেই মানুষগুলি সঙ্গে যদি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি সম্পর্ক তৈরি না হয় তাহলে এই বিদ্যাচর্চার যেন কোথাও একটা ফাঁক থেকে যাবে। অবশ্য, এটাও ঘটনা যে অন্তত ১৯১০-১১ সাল নাগাদ শান্তিনিকেতনে অন্যরকম ভাবনা নিয়ে শিক্ষা চালু হলেও সেই সময়কার আশেপাশের গ্রামের মানুষরা এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে খুব একটা সুনজরে দেখতেন না। অমিতা সেন লিখছেন, সাঁওতালরা এখানকার ছাত্রীদের ‘কাঁচ-বাংলার দিদি’ বলেই জানত।

 

তিন.

দ্বিতীয় পর্বে রবীন্দ্রনাথ কিন্তু এই পল্লী উন্নয়নের কাজকে তাঁর শিক্ষা ও সমাজভাবনার অনিবার্য অঙ্গ করে তুললেন। তার আগে সুরুলের কুঠিবাড়িটা কেনা হয়ে গেছে, সেখানে একটা গোশালা স্থাপন করা হয়েছে, কিন্তু কিছুটা সাংগঠনিক কারণে কাজ খুব একটা এগোনো যায়নি। এখানে একটা কথা বলা দরকার ১৯১৭ সালে কলকাতায় একটি ভাষণে রবীন্দ্রনাথ স্মরণ করিয়ে দিয়েছিলেন ‘যে রাজস্ব হইতে আমাদের উন্নত শ্রেণীর শিক্ষার ব্যবস্থা হইতেছে তাহার বেশিরভাগ অর্থ আমাদের ওই অশিক্ষিত কৃষকরাই জোগাইতেছে। তাহাদের উন্নতির জন্য চেষ্টা করা আমাদের কর্তব্য।’ এটা তাঁর একটা উপলব্ধি, যে উপলব্ধির প্রকাশ আমরা দেখতে পাচ্ছি তাঁর কাজে এবং পাশাপাশি তিনি তাঁর শিক্ষাচিন্তা প্রবন্ধটিতেও লিখছেন, “যেখানে চাষ হইতেছে, কলুর ঘানি ও কুমোরের চাক ঘুরিতেছে সেখানে এই শিক্ষার কোন স্পর্শ পৌঁছায় নাই।” এর ঠিক দু-বছর পরেই আমেরিকায় এলমহার্সটকে তিনি জানাবেন যে “আমাদের গ্রামগুলি মুমূর্ষ শ্রীহীন হয়ে পড়ছে”— তিনি এমন একটা শিক্ষার কথা ভাবছেন, এমন একটা সামাজিক উদ্যোগের কথা ভাবছেন, যার ফলে কৃষকরা, সাধারণ মানুষরা সেই মৃত গ্রামকে পুনর্জীবিত করতে পারে।

এইখান থেকেই কিন্তু তাঁর ভাবনাটা বিশ্বভারতী থেকে চলে এল শ্রীনিকেতনে যার কাজ ১৯২৪ সালে মোটামুটিভাবে শুরু হয়। এবং সেখানে যে কাজটি দিয়ে তিনি শুরু করেন সেটা হচ্ছে ‘শিক্ষাসত্র’— একটি নতুন ধরনের বিদ্যালয়। খেয়াল করতে হবে, ১৯২১ সালে শান্তিনিকেতন ‘বিশ্বভারতী’তে রূপান্তরিত হয়েছে এবং প্রথম পর্বের আর্থিক অনিশ্চয়তা এবং নানান ধরনের সমস্যা অনেকটাই তখন কাটিয়ে ওঠা গেছে। কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে কিন্তু শান্তিনিকেতন নিয়ে তখন কিছুটা অসন্তোষ জমা হচ্ছে। কারণ ইতিমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম সেখানে মেনে চলার প্রশ্ন এসেছে, তাদের অনুসারী পরীক্ষাব্যবস্থা চালু করতে হয়েছে এবং রবীন্দ্রনাথ বুঝতে পারছিলেন এর ফলে তার শান্তিনিকেতনের যে প্রাণশক্তি, তা কিন্তু শুকিয়ে যাবে। আবার এগুলো না করলে মধ্যবিত্ত যে মানুষরা তাঁদের ছেলেমেয়েদের শান্তিনিকেতনে পড়াতে পাঠাচ্ছেন, তাঁদের যদি ডিগ্রি পাওয়া নিয়ে সংশয় থাকে তাহলে বাস্তব কারণে তাঁরা কিন্তু এখান থেকে সরে দাঁড়াবেন। ফলে শান্তিনিকেতনের আদর্শ যেখানে কিছুটা কম্প্রোমাইজড হচ্ছে— রবীন্দ্রনাথ কিন্তু এবার আস্তে আস্তে সরে যাচ্ছেন শান্তিনিকেতন থেকে শ্রীনিকেতনের দিকে।

১৯৩০ সালে সোভিয়েত ভ্রমণের সময় তিনি বলেছিলেন, “ধনী ঘর থেকে যারা আসে তারা সবাই জীবিকা নির্বাহের জন্য পরীক্ষা পাস করে ডিগ্রি নিতে উৎসাহী, তাই তাদের আদর্শ শিক্ষা দেওয়া সম্ভব নয়। সেই কারণেই আমি আরেকটি স্কুল খুলি”— সেই আরেকটি স্কুল শ্রীনিকেতন এবং শিক্ষাসত্র। কাজকর্মের ক্ষেত্রে তাঁর প্রধান ফোকাস যদি আমরা বলি, সেটা এবার হয়ে গেল গ্রাম-পুনর্গঠন— সৌন্দর্য হারানো গ্রামজীবনকে ফুল্ল করে তোলা। এইখানে তাঁর প্রধান উদ্যোগ হল তিনি ‘ব্রতীবালক’ এবং ‘ব্রতীবালিকা’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে আশেপাশের গ্রামে শিক্ষা-বিস্তার, স্বাস্থ্য-চেতনা বৃদ্ধি ও গ্রামবাসীদের নিজেদের সংগঠন গড়ে তুলে স্বয়ম্ভর করার দিকে জোর দিলেন। পাশাপাশি হাঁস-মুরগি পালন, কৃষিকাজের জন্য বাদাম, মুলো, টমেটো ও অন্য ফল-পাকুর ফলানো হতে লাগল শুধু নয়, পৌষমেলায় স্টল দিয়ে সেগুলিকে আরও মানুষের কাছে বিপণনের ব্যবস্থাও করা হতে লাগল। এই ব্যাপারটার অবশ্য নেপথ্য সংগঠক ছিলেন কালীমোহন ঘোষ। আরেকজনকেও আমরা পাই, তিনি আর্যনায়কম। তিনি এমনকি ছাত্রদের আগুন নেভানোর এবং প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দিতেন। সে সময় গ্রামে একটা বিরাট মহামারির আকার নিত ম্যালেরিয়া। সেখানে কুইনাইন কীভাবে প্রয়োগ করা যায়, সে-সব নিয়েও ভাবনা-চিন্তা হয়েছিল এবং এলাকা পরিষ্কার রাখা, বাঁশের কাজে প্রশিক্ষণ দেওয়া, কাঠের কাজ ও চামড়ার কাজ শেখানো— প্রত্যেকটি ক্ষেত্রে গ্রামবাসীরা অংশগ্রহণ করতে থাকে। গ্রামের শিশুরা ছিল শিক্ষাক্ষেত্রে মূল শিক্ষার্থী, এখানে কোনও শ্রেণিবিভাগ ছিল না। অর্থাৎ যেগুলিকে আমরা আজকের ভাষায় ‘নন ফরমাল এডুকেশন’ বলি তার ভিত্তি কিন্তু এখানেই স্থাপন হয়েছিল। পরবর্তীকালে এই কর্মসূচি থেকে আরও নতুন নতুন কর্মসূচি তৈরি হয় ও সঙ্গে জুড়ে যায় সাক্ষরতার কর্মসূচি আদপে যা ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি আত্মপ্রকাশ ও আনন্দময় জীবনচর্চার ক্ষেত্র। যদি আমরা এই সমগ্র বিষয়টিকে বিবেচনার আলোয় ফেলি, তাহলে আমাদের মনে পড়ে যাবে এর আগে যে বক্তৃতার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, আমাদের উঁচুশ্রেণির শিক্ষার ব্যবস্থার অর্থ জোগাচ্ছেন কৃষকরা— সেখানেই রবীন্দ্রনাথ বলছেন যে, তাদের শ্রমের ধন আমরা ভোগ করি কিন্তু বিনিময়ে আমরা তাদের কী দিয়েছি? “এই ব্যবধান দূর করিবার উপায় শ্রমজীবীদের জন্য শিক্ষার ব্যবস্থা করা”— এ-কথাটা যদি আমরা ভাবি তাহলে হয়তো বুঝতে পারব যে একটা মানুষ যিনি অভিজাত সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন, এই নিয়ে কার্যত তাঁর কোনও দায় ছিল না। কিন্তু সেই মানুষটা তাঁর যাবতীয় বহুমুখী সৃজনের পাশাপাশি একের পর এক শিক্ষা এবং সমাজের কাজে নিজেকে যুক্ত করতে চাইছেন। মনে পড়ে যায়, সহজপাঠ-এর মতো প্রাইমারে তিনি লিখেছেন “আজ মঙ্গলবার। পাড়ার জঙ্গল সাফ করার দিন।” খেয়াল করুন, এই সহজপাঠ তো একেবারে প্রাক-প্রাথমিক স্তরের বা প্রাথমিক স্তরের শিশুদের জন্য। এখানে বানানশিক্ষা, যুক্তাক্ষর এগুলোর যেমন একটা পরিকল্পনা আছে, কিন্তু আছে এই বার্তাটাও: আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন— পাড়ার জঙ্গল সাফ করাটা যে আসলে একটা সামাজিক কাজের মধ্যে মানুষকে ঢুকিয়ে নেওয়া এটা কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত। রবীন্দ্রনাথের বর্ষার গান আমাদের সকলের প্রিয় এবং রবীন্দ্রনাথ বর্ষাকে তাঁর প্রিয়তম ঋতু বলে ভেবে এসেছেন। তাঁর যে বিভিন্ন বর্ষার গান তার ভিতর আমরা দেখি প্রাকৃতিক রূপ, কোনও গোপনচারিণীর আসা-যাওয়া, কিন্তু একটা গানের কথা তুলি, গানটা আপনারা সকলেই জানেন— “ঝরো ঝরো পরিষে বারিধারা/হায় পথবাসী, হায় গতিহীন হায় গৃহহারা”— বর্ষার নিবিড় সৌন্দর্য যে পথবাসীকে গৃহহারা করতে পারে এই চকিত ভাবনা রবীন্দ্রনাথকে ছেড়ে যায়নি।

 

চার.

শ্রীনিকেতন-কেন্দ্রিক এই যাবতীয় শিক্ষা ও সামাজিক কর্তব্যগুলিকে রবীন্দ্রনাথ যে কতটা গুরুত্ব দিয়ে দেখেছিলেন সেটা জানতে পারা যায় ১৯৩০ সালে তাঁর প্রদত্ত এক বক্তৃতায়, যেখানে তিনিই বলেছিলেন যে “গ্রামবাসীদের লিপ্ত আত্মসম্মান ফিরিয়ে দিতে হবে, গ্রামে আনন্দের স্রোত প্রবাহিত করে দিতে হবে” এবং সতর্ক করে দেন “যে গ্রামবাসীদের অসম্মান করো না। যে শিক্ষার আমাদের প্রয়োজন তা শুধু শহরবাসীদের জন্য নয়, সমস্ত দেশের মধ্যে তার ধারাকে প্রবাহিত করতে হবে এবং গ্রামে গ্রামে আজ মানুষকে এই অধিকার ফিরিয়ে দিতে হবে।” এর সঙ্গে একটা কথা আরও যুক্ত করতে চাইছি। সেটা হচ্ছে যে, শিক্ষার সঙ্গে স্বাস্থ্য এবং স্বাস্থ্য-সচেতনতা ও প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থার বিকাশের ব্যবস্থা করা।

১৯২২ সালে কাজ শুরু হয়েছিল শ্রীনিকেতনের, কর্মক্ষেত্র ক্রমশ বিস্তৃত হতে থাকে। ১৯৩৬ সালে ‘লোকশিক্ষা সংসদ’ এবং তার পরের বছর ‘শিক্ষাচর্চা ভবন’ নামে আরও দুটি প্রতিষ্ঠান তৈরি হয় এবং গ্রাম সংস্কারের কাজও প্রসারিত হতে থাকে। এই সমস্ত কাজের বিবরণ দিয়ে ভূমিলক্ষ্মী নামে একটি পত্রিকা প্রকাশিত হত এবং ছাত্ররাও চাষা নামে একটি হাতে লেখা পত্রিকা প্রকাশ করত। এই পত্রিকার বিভিন্ন প্রকাশিত তথ্য ও সংবাদ প্রকাশ হত বিশ্বভারতীর বুলেটিনে। ১৯৩৪ সালে পাঁচটি সাঁওতাল পল্লী নিয়ে গঠন করা হয়েছিল ‘সাঁওতাল কেন্দ্র ও পল্লী সেবা সমিতি’ এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ‘স্বাস্থ্য সমবায় সমিতি’ বলে একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। তারা আঞ্চলিক স্বাস্থ্যব্যবস্থার কিছু কিছু কাজ করতে আরম্ভ করেছিল। একটা সময় কেন্দুলির মেলাতে স্লাইড সহযোগে ম্যালেরিয়া এবং বসন্ত নিবারণ বিষয়ে একটা প্রদর্শনীয় আয়োজন করা হয়েছে। এই ‘স্বাস্থ্য সমবায় সমিতি’র ভেতর থেকে স্কাউট নিয়োগ করে তারা বিভিন্ন আশপাশের গ্রামে স্বাস্থ্যপরিষেবা কেন্দ্র ও ছোট ছোট হেলথ ক্লিনিক পরিচালনা করত। আমরা হয়তো অনেকেই জানি না এই সমস্ত কেন্দ্রের পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন গ্রেচেন গ্রিন নামের এক বিদেশিনী যিনি ১৯২৬ সাল থেকেই শ্রীনিকেতনে এই সমস্ত কাজে যুক্ত ছিলেন। ওই সমস্ত ক্লিনিক থেকে দৈনিক অন্তত গড়ে ১০০ জন গ্রামবাসীকে চিকিৎসার পরিষেবা দেওয়া সম্ভব হয়েছিল এবং স্বাস্থ্যকেন্দ্রের বিকাশে ওই অঞ্চলে কিন্তু ম্যালেরিয়ার প্রকোপ অনেকটা কমে যায়। এখানে আর একজন বিদেশির কথাও আমরা একটু বলতে পারি। তিনি হলেন প্যাট্রিক গেডেস— একজন বিজ্ঞানী এবং পরিবেশবিদ, রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল ১৯১৫ সালে এবং শান্তিনিকেতনের কাজকর্মের উদ্যোগের কথা জেনে তিনি এবং তার পুত্র আর্থার কিছুদিন শ্রীনিকেতনের কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ‘স্বাস্থ্য-সমবায় সমিতি’র বিষয়টা আলাদা করে গুরুত্ব দেওয়ার আছে, কারণ এর একটা প্রভাব কিন্তু গ্রামাঞ্চলে পড়েছিল। একটা ব্যবস্থা হয়েছিল যে গ্রামবাসীরা চার-আনা দিয়ে সমিতির সদস্য হলে তাঁরা পরিষেবা পাবেন এবং সেখানে যে সমস্ত ডাক্তাররা ছিলেন তাঁরা অল্প কিছু সাম্মানিক নিয়ে পরিষেবা দিতেন, এমনকি তাঁরা বাড়িতে গিয়ে ‘হোম কল’ পরিষেবাও দিয়েছেন। এখানে ভারপ্রাপ্ত চিকিৎসক ছিলেন ডক্টর পি সরকার। ১৯৩৬-৩৭ সালে একটা রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ১৪ হাজারের মতো অসুস্থ মানুষ এই সমিতিগুলো থেকে সাহায্য পেয়েছিল এবং অন্তত দুই হাজারের মতো রোগীকে ডাক্তার বাড়িতে গিয়ে দেখে আসেন। এই অঞ্চলগুলিতে যেসব রোগের প্রাদুর্ভাব বেশি, তার মধ্যে ছিল তখনকার দিনের ম্যালেরিয়া, আন্ত্রি্‌ক, এছাড়া শ্বাসকষ্টজনিত রোগ, কালাজ্বর এবং কিছু কিছু যৌনরোগের রোগীও এখানে চিকিৎসিত হয়েছিল। আমরা এমন ছবিও দেখতে পেয়েছি যে এরকম একটি স্বাস্থ্যকেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন অনেক লোক। ১৯৪০-এর দশকের প্রথম দিক পর্যন্ত কিন্তু এই ‘স্বাস্থ্য সমবায় সমিতি’গুলি ভালোভাবেই চলেছিল। তারপর অর্থাভাব এবং উদ্যোগের অভাবে শ্রীনিকেতনের এই কাজের কিছুটা গুণগত পরিবর্তন হয়।

সেই সঙ্গে খেয়াল রাখতে হবে ১৯৩৯ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার ফলে বাংলার সমস্ত গ্রামেই যুদ্ধের একটা প্রভাব পড়েছিল। আর্থিক মন্দা, মানুষের কষ্ট এবং সামগ্রিকভাবে যুদ্ধ-পরিস্থিতিতে একটা পরাধীন দেশে যে ধরনের অর্থনৈতিক সামাজিক সংকট ঘনিয়ে আসে তা বীরভূম জেলার বোলপুর অঞ্চলের গ্রামগুলির ক্ষেত্রেও ব্যতিক্রম ছিল না। কিন্তু আমাদের যেটা বলার কথা সেটা হচ্ছে পুরো উদ্যোগগুলোর নেতৃত্বে ছিলেন অবশ্যই রবীন্দ্রনাথ এবং তাঁর কিছু ঘনিষ্ঠ সহযোগী, যাঁরা নিঃস্বার্থভাবে রবীন্দ্রনাথের ভাবনাকে এগিয়ে নিয়ে গেছেন।

রবীন্দ্রনাথ তাঁর নিজের কবিতা প্রসঙ্গে লিখেছিলেন যে “আমার কবিতা জানি/গেলেও বিচিত্রপথে/হয় নাই তা সর্বত্রগামী”— কিন্তু সামাজিক এবং শিক্ষার ব্যাপারে তাঁর উদ্যোগ কিন্তু বিচিত্র পথে গিয়েছে। বিচিত্র শুধু নয়, একটা সামাজিক অবস্থার মধ্যে, পরাধীন দেশের একটা বিশেষ রাজনৈতিক অবস্থা এবং সরাসরি একটা উপনিবেশের শাসন, যা মূলত দেশের উদ্বৃত্ত পুঁজিকে লুণ্ঠন করে গ্রামসমাজকে নষ্ট করে দেয়, ভেঙে দেয় তার অন্তর্গত ছন্দ— সেখানে এই কাজকে ক্রমপ্রসারিত করা আজকের চোখে এক বিপুল বিস্ময়। আজকে আমরা যারা বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি নানান ধরনের শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখি তারা কিন্তু এই কাজগুলোর ভিতর দিয়ে একটা দিশা পেতে পারি। আমরা এত বছর পরে রবীন্দ্রনাথের গান-কবিতা-উপন্যাস-গল্প-ছবি এগুলির রসগ্রহণ করতে পারি, কিন্তু আমরা এগুলিকে নিয়ে রেপ্লিকেশন করতে পারি না। আমরা রবীন্দ্রনাথের মতো একটা গান লিখতে পারি না, লেখার হয়তো দরকারও নেই। রবীন্দ্রনাথের মতন কবিতাও আমাদের লেখার দরকার নেই। কিন্তু রবীন্দ্রনাথের এই শিক্ষাচিন্তা, সামাজিক-চিন্তার মধ্যে বহমান বিভিন্ন ধারা— গ্রাম পুনর্গঠন, বুনিয়াদি শিক্ষা, ননফর্মাল শিক্ষা, পল্লীসংস্কার, স্বাস্থ্য এগুলি কিন্তু আমরা আজও অনুসরণ করতে পারি— এটা আমাদের একটা উত্তরাধিকার যে উত্তরাধিকারকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। রবীন্দ্রনাথ সমস্ত ক্ষেত্রে যেমন অনেক বেড়া ভেঙেছেন অনেক সীমানা অতিক্রম করেছেন তাঁর সাহিত্যের শিল্পে-চিত্রকলায়— শিক্ষা এবং সামাজিক ভাবনাগুলিতেও তাঁর যে চিন্তা সেটা অবশ্যই তাঁর সময় থেকে অনেক আগুয়ান। এগুলির ভিতর আছে এক গহীন সমানুভূতি, অবতলের মানুষের প্রতি এক অকৃত্রিম দায় ও সম্ভ্রম— অপমানের তলে নেমে দাঁড়ানোর এক বিনত প্রণতি।

 

তথ্য-ঋণ:
  • রবিজীবনী (প্রশান্ত কুমার পাল)
  • শান্তিনিকেতন-শ্রীনিকেতন: রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তার প্রয়োগ (সন্দীপ বন্দ্যোপাধ্যায়)

 


২৭ মে ২০২৬ রক্তকরবী প্রেক্ষাগৃহে ‘সুজনবন্ধু (বালি)’ আয়োজিত আলোচনাসভায় প্রদত্ত বক্তব্যের সম্পাদনা ও পরিমার্জনা করে এটি লিখিত হয়েছে।

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5450 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.