ডার্ক ম্যাটার

সুরঞ্জনা শর্মা

 

মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ: বাসুদেব দাস

 


পড়াশোনায় অত্যন্ত মেধাবী সুরঞ্জনা শর্মা পদার্থবিজ্ঞান এবং আইনের স্নাতক। বর্তমানে গুয়াহাটি হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে কর্মরত। আসামের প্রতিষ্ঠিত খবরের কাগজ এবং ম্যাগাজিনগুলিতে সুরঞ্জনার গল্প প্রকাশিত হয়ে সমালোচকের দৃষ্টি আকর্ষণ করেছে। শিপা (শিকড়) গল্পের জন্য আসাম প্রকাশন পরিষদ দ্বারা আয়োজিত গল্প প্রতিযোগিতায় পুরস্কৃত হন। সঙ্গীতের অনুরাগী সুরঞ্জনার গল্প সঙ্কলন সুরঞ্জনার পৃ্থিবী এবং এটা ঈশ্বর বরণীয়া সপোনর গ্রাহক।

 

আর পট করে তিনি এক্সিট দিয়ে ঢুকে পড়লেন। নিজের মধ্যে চলতে থাকা অ-সহজবোধটুকু মন থেকে দূর হল। এত সময়ের একটা পরিক্রমা কঠিন থেকে সহজ হল, সহজের চেয়েও সহজতর হল। অথচ মাঝখানে একটা দ্বিধা মনের মধ্যে কাজ করতে থাকল যে এটা অন্যায়। মন্দিরে আসা এত মানুষের ভিড়— দীর্ঘ লাইন। সেই দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে অনেক দেরি করে এসেও পুলিশের হাতের মুঠোতে ১০০ টাকার নোট গুজে দিয়ে রানি রয় মন্দিরের একেবারে ভেতরে ঢুকে গেলেন। কথাটা অযৌক্তিক। অন্যায়। অথচ রানি রয় ঢুকে গেলেন। সেটাও এক্সিট দিয়ে এন্ট্রি মেরে ঢুকে গেলেন। অস্বস্তিকর। তথাপি তিনি ঢুকলেন। এই ষাট বছর বয়সে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা পার করে মন্দিরে পূজো দেওয়ার সামর্থ্য তাঁর নেই। কে আর ব্যতিক্রম? অরাজনৈতিক ছাত্রনেতা থেকে ঘুষখোর রাজনৈতিক সত্তা পর্যন্ত, প্রগতিশীল সমাজসেবী থেকে আভিজাত্যের পাল্লায় পড়ে ফুলেফেঁপে উঠা ভদ্রলোক পর্যন্ত, প্রাণখোলা সশব্দ হাসি ভরা সোজা মানুষটি থেকে কপট গাম্ভীর্য ভরা দার্শনিক পর্যন্ত, সরল গ্রাম্য আচরণ থেকে কৃত্রিম মহানাগরিক অহঙ্কারী পর্যন্ত, স্বাভাবিক অনুভূতিতে পরিপুষ্ট মানুষটি থেকে অনুশীলিত বৌদ্ধিক কসরৎ করা মানুষটি পর্যন্ত, খেটেখাওয়া থেকে বুদ্ধিজীবী— কে এক্সিট দিয়ে এন্ট্রি করতে চায় না জীবনের কোনও না কোনও মুহূর্তে?

মন্দিরে ঢুকে রানি রয় একটা দীর্ঘশ্বাস নেন। পেছনে ঘুরে তাকালেন, একটা বিরাট লম্বা লাইন। আজ শিবরাত্রি বলে মন্দিরে অসংখ্য ভিড়। যদিও বা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে অনেকেরই একেকটি নিজস্ব ধারণা বা মতামত নেই— তথাপি এসেছে, দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়েছে। রানি রয় মন্দিরের ভেতরেই একটা পাটিতে বসে পড়েন। এখন তিনি কিছু সময় বসবেন। মন্দিরের পুজোর প্রসাদ খাবেন। যারা নাম গান করছে তাদের সুরে সুর লাগাতে পারেন। এদিকে ওদিকে দেখবেন। কোনও পরিচিত একজনকে পেলে সুখদুঃখের দু-একটি বাক্য বিনিময় করবেন। তারপরে ধীরে ধীরে বাড়িমুখো হবেন। রানি রয়ের মুখমণ্ডলে কিছু একটা অশান্তির চাপ লেগেই রইল। মন্দিরে আরতি চলছে। রানি রয় মাথা নিচু করে প্রণাম করেন। অথচ মাছি তাড়ানোর জন্য যেভাবে তরোয়ালের একটা পূর্ণ আঘাতের প্রয়োজন নেই, সেইভাবে রানি রয়ের এই ষাট বছরের জীবনটাকেও ঈশ্বরের আশীর্বাদের মতো বিশ্বাসের একটা ঢাকনি দিয়ে ঘিরে রাখার কোনও প্রয়োজনীয়তা নেই। তথাপি তিনি আসেন। অন্য দশজনের মতো তিনিও ভগবানের চরণে মাথা নত করেন। আশীর্বাদ নেন। অথচ তিনি নিজেও জানেন, বড় বিশেষ আকাঙ্ক্ষিত কোনও কিছু আর এখন তাঁর পাওয়ার মতো নেই। তিনি এখন এক শান্তিপূর্ণ মৃত্যুর অপেক্ষাতেই যেন বেঁচে আছেন।

—একটু সরে যান তো।

কারও কিছুতে বিরক্তিভরা কণ্ঠে যেন চমকে ওঠেন। একজন আধুনিক যুবতী। এগিয়ে যাওয়ার জন্য পথ চাইছে। রানি রয় কিছুটা পিছিয়ে বসলেন। ইস একেবারে! প্রদর্শনকারী। এক চড়ে…। না, মনে ভেবেছিলেন যদিও, রানি রয় মুখ ফুটে কিছুই বললেন না। এখন সেই সময় নেই। পরিস্থিতিও নেই। এই বয়সে এই সমস্ত কথা তাঁকে শোভা পায় না। কখনও সত্যিই তাঁর খুব খারাপ লাগে। বয়স বেড়ে চলেছে। অনেক কথাই পরিবর্তিত হতে চায়। কিছুটা পরিবর্তন করতে হয়। ইচ্ছা না থাকলেও বুড়ো বলে নিজেকে মেনে নিতে হয়। অশ্লীল দুটো গালি দিতে ইচ্ছে করলেও বয়স বাড়ার অজুহাতে নিজের জিহ্বাটাকে সংযত করতে হয়। চুলে সোনালি-রুপোলি রং ধরলেও নিজেকে বোঝাতে হয়। খাওয়ার লোভ থাকলেও নিজেকে দমন করতে হয়। আপন মনে একটা গান চিৎকার করে করে গাইতে চাইলেও থেমে যেতে হয়। কে জানে হয়তো কেউ বলবে— বুড়িটার এই বয়সে কী হয়েছে দেখ। অথচ মনের দিক থেকে রানি রয় এখনও যেন একজন যুবতী। এখনও লাল রঙের প্রতি তার অসীম ভালোবাসা। অথচ ক্রমান্বয়ে তিনি যেন লাল রং থেকে নির্দিষ্ট দূরত্বে উপনীত হয়েছেন। আজকাল তিনি হালকা রঙের শাড়ি পরেন। সাদা, আকাশি অথবা গোলাপী। নিজের মুখমণ্ডলে গড়ে নিয়েছেন গাম্ভীর্য ভরা এক মুখ। মনের দিক থেকে না হলেও বয়সের দিক থেকে তিনি বৃদ্ধ হয়েছেন। এটাই সত্য। এটাই অশান্তিকর।…

কিন্তু এক সময়ের কথাগুলি ব্যতিক্রম ছিল। রানি তখন কলেজে পড়া যুবতী। চারপাশে যেন রং-ই রং। প্রাচুর্যভরা স্বপ্ন। হয়তো তখন মগজের ঘিয়ের ক্রিয়াশীলতা খুব বেশি ছিল না। ছিল কেবল মন এবং হৃদয়ের চঞ্চল দপদপানি। রানি সুন্দরী ছিলেন। রানির জন্য ছিল অনেকের প্রতীক্ষাভরা চাহনি। রানি কাউকে বিশেষ পাত্তা দিলেন না। একবার কাউকে হৃদয় দিয়ে হৃদয় ভাঙার পরে পুনরায় কারও কাছে কাঁদলেন না। ভাড়াঘরে একা থাকার সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরে গেলেন না। পিতা-মাতার মৃত্যুর পরে রানির ছয় দাদার সঙ্গেও সম্পর্ক শিথিল হয়ে এল। দাদারাও নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত হওয়ার স্বতঃসিদ্ধ একটা অজুহাত বের করে নিল। এভাবেই বোধহয় রানি ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়লেন। নাকি নিজেকে নিজেই নিঃসঙ্গ করে তুললেন! পরে রানি ভাবার অবকাশ পেলেন— নিঃসঙ্গ মানুষের স্বপ্ন বলে কিছুই থাকে না। পরবর্তী পরিক্রমায় রানি রয় যেন বুঝে উঠলেন, নিঃসঙ্গ মানুষের নিজের আকাঙ্ক্ষা অথবা স্বপ্ন কিছুই থাকে না। কথাগুলি ডার্ক ম্যাটারের মতোই রহস্যময়!

ডার্ক ম্যাটার যেভাবে ব্রহ্মাণ্ডের সবচেয়ে রহস্যময় পদার্থ, সেভাবেই বোধহয় একটা নিঃসঙ্গ জীবনও সবচেয়ে রহস্যময়। জ্যোতির্বিজ্ঞানীরা নির্ধারণ করেছেন যে, বিশ্বব্রহ্মাণ্ডের বেশিরভাগ পদার্থই হল ডার্ক ম্যাটার। যার অস্তিত্ব বা উপস্থিতির কেবল আভাস পাওয়া যেতে পারে। কিন্তু প্রত্যক্ষ রূপে একে দেখতে পাওয়া যায় না। এই ডার্ক ম্যাটার দেখতেও পাওয়া যায় না এবং নিয়ন্ত্রণও করা যায় না। এরা আলোকে শোষণ, প্রতিফলন, উৎসর্গন অথবা অবশোষণ করে না। ডার্ক ম্যাটার আলোকে বাঁকা করতে পারে এবং যার থেকে এদের অবস্থিতির কিছু আভাস পাওয়া যায়। ডার্ক ম্যাটার হল এরকম পদার্থ— যার অস্তিত্ব আমরা এর মহাকর্ষণীয় প্রভাব থেকে অনুমান করতে পারি, কিন্তু বিদ্যুৎচুম্বকীয় প্রভাবের মাধ্যমে নয়। ডার্ক ম্যাটারগুলি হল মহাকাশের খালি জায়গাগুলিতে থাকা এক অজ্ঞাত শক্তি, রহস্যময় শক্তি, যে শক্তি বিশ্বব্রহ্মাণ্ডের পরিসীমা ক্রমান্বয়ে বৃদ্ধি করে চলছে। একটা নিঃসঙ্গ জীবনও বোধহয় সেরকমই। বেঁচে থাকার বাসনাগুলি ডার্ক ম্যাটারের মতো। রানি রয় মাঝেমধ্যে ভাবেন। পদার্থবিজ্ঞানের ছাত্রী ছিলেন রানি রয়। নিজের স্বপ্নহীন জীবনটাকে ডার্ক ম্যাটারের সঙ্গে মিলিয়ে নেন। বিয়ে-শাদি না হওয়া একটা জীবন, সন্ধেবেলা স্বামীর আসার জন্য অপেক্ষা নেই, সকালবেলা ভাত খাইয়ে যত্ন করে টিফিন সঙ্গে দিয়ে অফিস পাঠানোর তাড়া নেই। যেহেতু প্রতিপালন করার জন্য সন্তান নেই, তাই কাউকে সময় দেওয়ার ব্যাপার নেই, যত্ন করার কিছু নেই, কারও ভবিষ্যতের জন্য সযতনে উদ্বিগ্ন, কাউকে পড়াশুনা শিখিয়ে বড় করে ভবিষ্যতের স্বপ্ন দেখানোর ব্যাপার নেই। মোটের ওপর কী বাসনায় রানি রয় বেঁচে আছে এই কথা বোধহয় রানি রয় নিজেই জানে না। অবশ্য রানির একটা আদরের পালিত কুকুর আছে। ইংকি। তবে ইংকি রানির জীবনসঙ্গী হলেও স্বপ্ন অথবা ভবিষ্যৎ হতে পারে না। ইংকির প্রতি রানি রয়ের অপরিসীম ভালোবাসা থাকলেও ইংকিকে নিয়ে তার কোনও ভবিষ্যৎ স্বপ্ন অথবা আকাঙ্ক্ষা নেই। নিঃসঙ্গ জীবন এরকম হবে বলে জানলে রানি রয় বোধহয় কোনও একজনের সঙ্গে বিয়েতে বসতেন। শেষ বয়সে স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় যন্ত্রণাদায়ক। এখন ডার্ক ম্যাটারের মতোই রানি রয়ের জীবন অন্ধকারময়, বিষণ্ণ। রহস্যময়। সকালে ঘুম থেকে ওঠে চায়ের কাপে চুমুক দিয়ে ফুলগাছে জল দিয়ে ফুলের সঙ্গে যেন রানি রয় কথা বলেন। তারপরে, রাস্তা দিয়ে যাওয়া সবজিব্যাপারী অথবা শাকব্যাপারীদের সঙ্গে গল্প করেন। শাকসবজি কম দামে নেওয়ার অভিনয় করে মিছামিছি দরদাম করেন। কেনা না-কেনাটা যেন গুরুত্বপূর্ণ নয়। জলের মোটরের সুইচ অন করে ইংকির খাবার রেডি করে ইংকিকে নিয়ে কিছুক্ষণ ঘুরে বেড়ান। ইংকিকে নিয়ে ব্যস্ত থাকা পরের সময়টিতে রানি রয় নিজের জন্য ভাত রাঁধেন। সন্ধেবেলা টিভি অন করে কিছুক্ষণ বসে রানি রয় আবোলতাবোল কিছু চিন্তা করেন। অসংলগ্ন কথা। যার কোনও মাথামুণ্ডু নেই। কিছু স্মৃতিরোমন্থন। কিছু আক্ষেপ। কিছু আবেগ। এটাই যেন জীবন!

কিছু মানুষ মন্দিরের বৃহৎ শিবলিঙ্গে মাথা ঘষে ঘষে দুধ ঢালছে। অনেক কিছু যেন সমস্যার বোঝা মাথার উপরে, আর সেই সমস্যার সমাধানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে। মানুষগুলি কীসের জন্য এত ক্লান্ত পরিশ্রান্ত— রানি রয় বুঝতে পারেন না। রানি একাকী। একাকিত্বই তাঁর সমস্যা। কিন্তু মানুষের সঙ্গও মানুষের সমস্যা হতে পারে কি? না, মানুষ জাতিটার কোনও কিছুতেই সন্তুষ্টি নেই। কিছু মানুষ পূজারীর পায়ে পড়ে এমনভাবে সেবা করছে যেন এই পূজারী এখনই সমস্যার সমাধান করে দিতে পারবে। মানুষ তো ভালো করেই জানে যে, তাদের করা ধর্মীয় আচরণের সাহায্যে তাদের বর্তমান জীবনের দুঃখকষ্ট দূর নাও হতে পারে। কিন্তু প্রত্যেকের মনে একটাই আশা যে এই ভক্তি এই জন্মে না হলেও আগামী জন্মে তাদের সুখী জীবন দান করবে। আশায় বন্দি এই জীবন। রানি রয় মন্দিরের সিঁড়ি দিয়ে নেমে এসে নদীর ঘাটের তীরে বসেন। ছোট ছোট প্রাত্যহিক কাজের মধ্যেই জীবনটা পার হয়ে যাচ্ছে। নতুনত্ব নেই। আশাও নেই, সম্ভাবনাও নেই। কেবল মৃত্যুর জন্য অপেক্ষা। রানি রয় ফিরে আসার জন্য প্রস্তুত হন। ইংকির জন্য মাংস নিতে হবে।

এগজিট দিয়ে এন্ট্রি নিয়ে যতটা অস্বস্তিতে পড়েছিলেন, মন্দির থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই অস্বস্তি নাই হয়ে গেল। নিজেকে নিয়ে মুহূর্তের মধ্যে যেন কিছু স্বপ্ন রচে ফেললেন। মাংস কিনতে হবে। চুলে মাখা রং কিনতে হবে। সবজির বাজার করতে হবে। ইঙ্কির জন্য একটা ওষুধ নেওয়ার আছে।

বাসের জানালা মুখে বসে রানি রয় পদার্থবিজ্ঞানের ডার্ক ম্যাটারের কথা চিন্তা করতে শুরু করেন। কলেজ-বিশ্ববিদ্যালয়ের দিনগুলিতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলি যে কীভাবে বিধঁছিল। ইস, সেই যে দিনগুলি! হঠাৎ পাশের সিটে বসা লোকটিকে কারও সঙ্গে টেলিফোনে বলতে শুনলেন রানি রয়— কী বলব আর। শান্তি নাই হয়ে গেছে। না ছেলেমেয়েদের কাছ থেকে শান্তি পাচ্ছি, না মেয়ে-জামাইয়ের কাছ থেকে শান্তি পাচ্ছি। সব সময় কিছু না কিছু একটা লেগেই আছে। এদিকে গিন্নির ডিমেনসিয়া। অনবরত গিন্নিকে সঙ্গ দিতে হয়, না হলেই সমস্যা। জীবনটাতে কী যে চলছে! জীবনটা হেল হয়ে গেছে। তার চেয়ে সিঙ্গল লাইফই ভালো ছিল। ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই। আগে নেই, পেছনে নেই। বিয়ে-শাদি না করাই ভালো। লাভ নেই, ছেলে-বউও দেখে না, মেয়ে-জামাইও দেখে না। মিথ্যা, সব মিথ্যা।— রানি রয় এদিকে ওদিকে তাকালেন। আজ রানি রয়ের নিজেকে সবচেয়ে সুখী বলে মনে হল। জীবনের ভেতরেই তিনি হয়তো এগজিট দিয়ে এন্ট্রি মারলেন এবার। কিছুটা উৎফুল্ল হলেন। ডার্ক ম্যাটারের মতো রহস্যময় জীবনটা পরিষ্কার হওয়া যেন মনে হল। মন্দিরে পুজো করে এসে যেন ভগবানের কাছ থেকে কিছু একটা আশীর্বাদ পেলেন রানি রয়। কোনও এক অন্ধকার শক্তি থেকে উঠে এসে রানি রয় যেন আজ জীবনের এক নতুন অর্থ আবিষ্কার করায় ব্যস্ত হয়ে পড়লেন। আর নিজের একাকিত্বকে ইয়ার্কি করে বলে উঠলেন— আজ ভালো করে মাংস বানাব।

 


 

 

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5450 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.