নিউ যমুনা সার্কাস

ওয়াহিদার হোসেন

 

পুরানো মসজিদের ইমাম নানাসাহেব, নাতির নাম রাখলেন লম্বা করে। শাহেনশার মতো, সরাফ উল মুলক। পাঁচ বছর বয়সে মা আর নানা দুজনেই বিদায় নিলেন। বাবা বিয়ে করে পাতলেন নতুন সংসার। কারণ পাঁচ বছরের ছেলেটাকে দেখার কেউ নেই। নইলে কি আর বিয়ে করতেন?

একদিন ভোরে উঠে সরাফ উল মুলক দেখল তার পা দুটো বেঁকে গেছে। সরাফ উল মুলকও কখন যেন সরপুল হয়ে গেছে।

সেবার সার্কাস এল নবগ্রামে। সার্কাস এলে দেখতে যেতে হয় শহরে। দশ টাকা মিনিবাস ভাড়া দিয়ে। এবার নবগ্রাম মোড়েই এল সার্কাস। আর প্রথম সার্কাস যখন তাঁবু পাতল সিদ্দিক প্রধানের জমিতে তখন সরপুলকে ডেকে সার্কাসের মালিক রাজেশ সিং দিলেন অ্যানাউন্সমেন্টের দায়িত্ব। কারণ ছেলেরা বলছিল ওর চেয়ে ভালো অ্যানাউন্সমেন্ট কেউ পারে না। মাইক হাতে পাওয়ার পরেই সরপুল ঘোষণা দিল অচানক। গ্রামবাসীরা চমকে উঠল মাইকের আওয়াজ পেয়ে।

—সার্কেস সার্কেস সার্কেস। নিউ যমুনা সার্কেস।

ট্রাউজারের ভেতর হাতটা ঢুকিয়ে নিয়ে চুলকায় সরপুল, তারপর অজান্তেই হাতটা বের করে নাকের খুব কাছে আনে। গন্ধটা নিয়েই বমি পায় তার। এক হাতে মাউথপিস ধরা। আবার চেল্লানো শুরু করল সে—

—আজি বেলা চার ঘটিকায়…

বলে থেমে যায় সরপুল। মনে পড়ে এটা তো হলদিবাড়ি মাজার শরিফ যাওয়ার সময়ে বাস বুকিংয়ের জন্য সে ঘোষণা দেয়। কিন্তু এখানে তো এভাবে বললে হবে না। তাহলে কী করা যায়? নাহ সে পারবে না। চিন্তাভাবনাগুলো গুলিয়ে যাচ্ছে। কী করা তাহলে? মালিক রাজেশ বলেছিল, সরপুল এলাউন্স কর দে না, বাংলা ভাষা মে। ম্যায় তুমকো পুরা একশো রুপিয়া দেগা। অর একশো ফ্রি মে দিখায়গা। কিন্তু এখন যা মনে হচ্ছে টাকাটা গেল। টাকাটা নিতেই হবে। আরও কিছু বুদ্ধি সে পেয়েছে। আপাতত কোনওমতে অ্যানাউন্সমেন্ট করে দিলেই হল। কে আর অত বুঝতে যাবে?

—আজি বিকাল পাঁচ ঘটিকায় অনুষ্ঠিত হতে চলেছে সার্কেস। নিউ যমুনা সার্কেস। দিল্লির ফেমাস সার্কেস নিউ যমুনা সার্কেস। আসুন আজিকেই। নাইট শোর টিকিট পাওয়া যাচ্ছে। চেয়ার আশি টাকা। ত্রিপল মাত্র পঞ্চাশ।

আর কী বলছিল যেন? সে ট্রাউজারের পকেট থেকে কাগজের টুকরোটা বের করে দেখে লেখা আছে— সুইটি কিউটি লাড়কি লোগদের ডান্স, ডান্স, ডান্স।

—নিউ যমুনা সার্কেস দেখতে চলে আসুন। সুইটি কিউটি মেয়েদের ডান্স আরও আছে জুনিয়ার সোনু আজম। সোনু নিগমের মন মাতানো কণ্ঠে সোনু আজম। আর আপনাদের চাহিতা কেলাউন ছোটু সিং…

ঘাক করে গলা থেকে একদলা থুথু প্লাস্টিকের পুরনো বোতলটার ওপর ছুড়ে দিয়ে মাউথপিসটাকে খুব সাবধানে রেখে সরপুল গুটিসুটি বেরিয়ে আসে। তাঁবুর চেয়ারগুলো ইতস্তত ছড়ানো ছিল। সেটা টপকাতে গিয়ে মাউথপিসের তারে পা হড়কে যায়। মুখ বিকৃত করে সরপুল। ভালোই লেগেছে। মুখে উঠে আসা কাদামাটিগুলোকে মুখ থেকে জিভ দিয়ে বের করতে গিয়ে খুঁক খুঁক হাসির শব্দ শুনতে পায়। সুইটি আর কেলাউন ছোটু সিং, হাসছে। কেলাউনের ওপরই রাগটা গিয়ে পড়ে। মাদারচোদ দেড়ফুটিয়া… বের হওয়ার সময় নাকের মধ্যে একটা বসিয়ে দেয়। নাক বাঁচাতে গিয়ে ক্লাউন ছোটু সিংয়ের চোখে লেগে যায়। সঙ্গে সঙ্গে ফুলে ওঠে চোখ। উইমা উইমা। মেরি মা। মার ডালারে শালা বাঙ্গালকা মাদারচোদ। ক্লাউন ছোটু সিংয়ের প্রতিক্রিয়া দেখার আগেই সরপুল দৌড় মারে। মোড়ের কাছে এসে হাঁপায়। তারপর সোজা গিয়ে ঢোকে সিদ্দিক প্রধানের ঘন সুপারি অরণ্যের ভেতর। মোড়ের লোকজন হো হো করে ওঠে। ততই দৌড়তে থাকে সরপুল। পাকড়ো শালাকো। ম্যানেজার রাজেশ নিজে দৌড়চ্ছে। পেছন পেছন সঙ্গে হেড অ্যাসিস্ট্যান্ট গোপাল হালদার।

 

দুই.

অ্যানাউন্সের জন্য নিজের খাস লোক দীপক আসতে পারেনি। ফলে ওখানকারই একজনকে খুঁজে সেটা করার কথা ছিল। কিন্তু এত বড় বাজারে একটা চুতিয়া যে খুঁজে পাওয়া যাবে রাজেশ সেটা ভাবেনি। অ্যানাউন্সমেন্ট ঠিকই আছে। গোপালকে জিজ্ঞেস করে—

—সব ঠিক হ্যায়, লেকিন প্রাইমটাইমে একঠো লাড়কা কা জরুরত হোতা হ্যায়। সব সমহালকে কীভাবে হোবে? হালদার, ছোটু কো বুলাও।
—দাদা ওর তো জ্বর এসে গেছে। হালদারেরর উদ্বেগ স্পষ্ট।
—পর গোপাল ভাই ইয়ে ক্যায়সে চলেগা? আপকা বঙ্গালকা আদমি ইতনা চুতিয়া নিকলেগা হামনে সোঁচা হি নেহি। আভি ছয় বাজ রাহে হ্যায়। লেকিন এলাউন্সমেন্ট বাকি হ্যায়।

গোপাল হালদার মাথা চুলকায়।

—দাদা আমি করে দেই?
—তুম শালা মা কো চোদ। আভি ক্যায়সে হোগা? প্রাইম টাইম মে একঠো আদমি কি জরুরত হোতা হ্যায়। বাল তুম বঙ্গাল কা সব শালা চুতিয়া হ্যায়।

গোপাল হালদার ছোটু সিংকে নিয়ে হাজির হয়। ছোটুর চোখ ফুলে গেছে। সঙ্গে ঠিকঠাক দেখতেও পাচ্ছে না।

—হালদার, হাম শালা ইয়ে সরাফুল কো জেল খাটায়গা। পুরা পুলিশ লেকে আয়েগা।

হেড অ্যাসিস্ট্যান্ট গোপাল হালদার দাঁড়িয়ে থাকে। শোনে।

—তুম যাকে শো যাও ছোটু, আজ শালা মুড বিগার দিয়া। খানিক থেমে রাজেশ আবার বলে, আজ ম্যায় করুঙ্গা এলাউন্স।

 

তিন.

মাইকে একটা হিন্দি গান বাজছে। অঙ্গুরি বদন। আর সেই গানে সুইটি খুল্লমখুল্লা ডান্স করছে দিলীপ শাহর সঙ্গে। গোবিন্দার মতো ড্যান্স করছে দিলীপ। বাইরে থেকে কটা শেয়ালের হুক্কাহুয়া। মানুষের হুক্কাহুয়া? সেগুলো ছাপিয়ে যাচ্ছে মাইকের আওয়াজ। দিকদিগন্তে ভয় যেন অন্ধকারের মতো ছড়িয়ে পড়ছে আনাচেকানাচে। চিতাবাঘের মতো ঘাপটি মেরে বসেছিল সরপুল। থাবা চাটছিল। রক্তের ঘ্রাণ পেয়ে ইন্দ্রিয়গুলো সক্রিয় হয়ে উঠছে। এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষাতেই ছিল সে। সার্কাস শেষ হয়ে গেছে। সিদ্দিক প্রধানের সুপারিবাগান থেকে সে আস্তে আস্তে বেরিয়ে আসে। দোকানপাট বন্ধ। রাতে খাওয়াও হয়নি। সন্তর্পণে সে তাঁবুর চারপাশে ঘুরতে থাকে। ফাঁক খোঁজে রাতের নিভু আলোয়। একটু ফাঁকা পেয়ে টুক করে ঢুকে পড়ে। মাথায় নতুন আইডিয়া ঝকঝক করছে নতুন চাকুর মতন।

খাটিয়া পেতে শুয়েছিল রাজেশ। কয়েকজন বলাবলি করছিল মোটা করে বয়স্ক মহিলাটি, যার হাতে পানের একটা ডিব্বা এবং যে কিনা ক্যাশিয়ারও বটে, সে নাকি রাজেশের বিয়াত্তা বউ। গোটা সার্কাস নাকি সেই চালায়। সুইটি ওরই খালাতো বোন। সুইটির ফিগার লোক টানতে দরকার ছিল। কীসের বালের বোন? পাড়াতুতো। ওর আবার বোন? মাগিটাকে এখানে ওই এনেছে। মাগিটা এখন ওকেই ভেতর থেকে খাচ্ছে। রাজেশের অর্ধেক মাথা খেয়ে নিয়েছে। রাজেশ নাকি ওতে বদবু পায়। দিতে পারে না। আগের টেস্ট নাই। মাগির তো জিনিস ওই একটাই। তাহলে? এসব কথা ভাবতে ভাবতে রাজেশের অর্ধাঙ্গিনী রিনা শুয়ে পড়ে।

মনখারাপের বেড়াজালে নিজেকে গুটিয়ে নিয়েছে সে। শুয়ে শুয়ে এইসব দু-চার কথা ভাবে রিনা। রাজেশ মাল আনতে গেছে। এখানে নাকি বিলাতি মদ পাওয়া যায় না। বাংলা পাওয়া যায় আর চুলাই। চুলাই সব জায়গায় পাওয়া যায়। বিহারেও কোনওদিন অসুবিধা হয়নি, যখন গোটা বিহার শুখা স্টেট হয়ে গেল। টিমকে নিয়ে রাজেশ বঙ্গাল আর বিহার করছিল। একদিন দিলীপ ধরা পড়ে যায়। আরপিএফ ওর ব্যাগ চেক করতেই দেখে রাম। নিজে খাবে ঠিক আছে। কিন্তু ব্যাগে ধরা পড়লে জেল। শেষে আরপিএফকে ফাইন দিয়ে ছাড়িয়ে নিয়েছিল সমঝোতা করে। জাতভাই বিহারি বলে ছেড়ে দিয়েছিল দিলীপকে। পরে মেয়েদের দিয়ে মদ পাচার ছেড়ে দিয়েছিল রাজেশ সিং। সার্কাসের বাইরে সে যে কত কী করে এক গোপাল হালদার ছাড়া কেউ জানে না।

সরপুল মদ্যপ রাজেশের খাটিয়াটা দেখতে পায়। জেনারেটর বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ। বেড়ালের মতো সে রাজেশের খাটিয়া অনুসরণ করে। মাঝখানে খালি একটা পর্দা। পুরনো শাড়ি কেটে বানানো। সরপুল পর্দায় কান লাগায়। শেয়ালের মতো কান দুটোকে উঁচু করে শোনে।

—তুঝে মালুম…
—লেকিন আপ দারু পিতে হ্যায়
—দারু হি অসলি চিজ হ্যায়

কথা কটা অস্পষ্ট। একটা রাজেশের গলা। আরেকটা কার? সরপুল শোনে। মন লাগিয়ে দেয়। পর্দার ওপরেই প্রায় চড়ে বসে। ওদিকে অন্ধকারে দুটো ছায়া স্পষ্ট। কাছাকাছি।

—তু মেরি জান হ্যায় সুইটি
—জান বোলনে সে কোই জান নেহি হোতা।
—তুঝে ম্যায় বিহা করেগা
—আভি দারু কে নশে মে কুছ ভি বকরাহা হ্যায়। রিনাদি কো পাতা চলা তো?
—উসে তালাক দে দুঙ্গা
—লেকিন ম্যায় মুসলমান হু
—আবে রেন্ডি তু নামাজ পড়েগা? কোন আল্লাহ তেরা দুয়া শুনেগা?
—আভি রাজেশ শুনলিয়া
—বস আজ কি রাত। অর নেহি

তারপর ধপ করে আওয়াজ হয়। সুইটির আওয়াজ পাওয়া যায়—

—শালা মাদারচোদ, দারু পি কে শো গিয়া, যা শালা খুদ কে মা কো চোদ।

 

চার.

মুজনাই নদীর জল খুব একটা গভীর নয়। কাপড়গুলো ধুয়ে নেয় বিধুয়া রাবিয়া। স্নান করে। পাড়ে এসে দাঁড়ায়, আর তখুনি শুনল যেতে হবে বাদাইটারি।

এখান থেকে বাদাইটারি দূর নয়। ডেলিভারির জন্য যেতেই হবে। গন্ডগ্রাম এই বাদাইটারি। যখন সে শুনল জবের পাগলার ছেলে হবে, তখন সে ধরেই নিল বড় কিছু ঘটতে পারে। জবেরের নিজেরই হাইট চার ফুট।

অবশেষে জবেরের ছেলেকে সফুরার পেট থেকে বের করা হলে চিনি দিয়ে মুখমিষ্টি করানো হল। গরিব ফ্যামিলি। কাজের চাপ। কোনওরকমে দিন-আনি-দিন-খাই অবস্থা জবেরের। এবার কী হবে? বিয়ে দিয়েছিল সিদ্দিক প্রধান।

—বোনা লোকের বোনা বউ। বোনা ছাওয়া।

রাবেয়া পঞ্চাশ টাকা নিয়ে ফিরে আসার সময়ই বলে ফেলেছে— বনমানুষ হবে বড় হলে। কথাটা ফলে গেছে। সে-ও পনেরো বছর আগের গল্প।

লতিফুল মাঠ থেকে ফিরে এল। কামকাজের খবর নাই। অতটুকু মানুষকে কে কাজে নেবে? কেউই তাকে ডাকে না। বন্ধুবান্ধব যারা খেলার সাথী ছিল তারা গঞ্জে গিয়ে রাজমিস্ত্রির হেল্পারি শুরু করে দিয়েছে। কিন্তু জবেরের বেটার খোঁজখবর নাই। সারাদিন খেলে বেড়ায়।

ছেলেমেয়েরা খেলতে খেলতে বড় হয়। বড় হয়ে কয়েকজনের বিয়েও হয়ে গেছে। কারও আবার বাচ্চা হয়ে গেছে। কেউ কেউ চাকরির জন্য শুরু করেছে দৌড়ঝাঁপ।

—হা রে তোর সিতানোত এটা কী?
—হাত দিবু না।
—ঠিক করিয়া ক… সফুরার ধৈর্যের সীমা অতিক্রম করে যায়।

লতিফুল হাত কচলায়। হাসে।

—দেখি রে তো পারিস
—তুই খৈনি খাওয়া শিকচিস?
—হ্যাঁ তা কি হুচে? বিনয় সুশীল সাদেক সরপুল সগায় খায়।
—অমরা বড়। অমরা গু খাবে তুইও খাবো?
—একশোবার খাইম।
—জানোয়ারের বাচ্চা… বলে জোরে একটা চড় মারে সফুরা বিবি।

কেঁদে ফেলে লতিফুল। স্কুল যেতে দেয়নি ওর মা। ও কিছু শেখেনি। শিখেছে মাঠ, মারপিট আর খেলা, সারাদিন সারারাত।

হাউমাউ করে পালাতে থাকে লতিফুল।

পিছনে তাড়া করে সফুরা ঘাড়টা ধরে ফেলে। খড়ির বাকালি দিয়ে ক-ঘা বসিয়ে দেয়।

লতিফুল ছাড়া পেয়ে জোরে জোরে আর্তনাদ করে— ওমাগো। ওমাগো। না মারিস বাড়ে মরি যাইম।

আড়াই ফুটের লতিফুল পগার পার হয়।

বেশ কিছুদিন পরে লতিফুলকে দেখা যায় সরপুলের সঙ্গে। ওরা নাকি বাসে-ট্রেনে ভিক্ষে করে প্রচুর কামিয়েছে। জামাকাপড় কিনেছে। বাড়ি এসে মাকে বলে—

—মা বাড়ে, বাড়ি আসিনুং।
—আয় বইস বাবা। মার কি ভুল হবার পারে না?

মাথায় হাত বুলিয়ে দেয়। আদর করে খেতে দেয়। কতদিন পরে বুকের ছাওয়া বুকোত আসিল। এই ক-টা দিন পাগলের মতো ছেলেকে খুঁজে গেছে। কোনও খবর পায়নি। আর সে সন্তান হারাতে চায় না।

—জামাকাপড়গিলা খুলিয়া হাফপ্যান্ট পর। এদ্দিন কোটে ছিলু বাউ?
—ছিনু শিলিগুড়িত। বসের ওইঠে। বস সব দেয়। জামাকাপড়, খাওয়াদাওয়া সব। কিন্তু যেদিন মোক কিনিয়ার আইচ্চে লোক, মুই দে পালান কুনোরকমে জামাকাপড় ধরি। টাকাও আনির পাং নাই। কুন সার্কাসোত বোলে মোক বেচে দিবে। সরপুল টাকা দিয়া বাসোত ওঠে দিছে।
—ভালোই না হুচে। মায়ের অস্বস্তি কাটে।

তারপর আরও দশদিন কেটে যায়। সরপুলের আর দেখা পাওয়া যায় না। দেওয়ানি পঞ্চায়েতের বাড়িতে কাজ করে যতটুকু আয় সেটা দিয়েই চলে মা-ছেলের। দু-বছর আগে হঠাৎ একদিন জবের গা ধুতে গিয়ে ডুবে যায় বিশালা নদীত। পরে লাশ উদ্ধার করে কবরস্থ করে লোকজন। ঘাটের কাছে দুপুরে লোকজন কমই থাকে। বেচারা।

বিকেলের দিকে সরপুল এসে হাজির লতিফুলের বাড়িতে। ঘরে বসে দুজনে। তারপর বিষ ঢালতে থাকে পোলিও-আক্রান্ত সরপুল। সরপুলের মাথার চোরাবুদ্ধির ডেটা ট্রান্সফার হতে থাকে।

—কী বুঝিলো?
—বুঝিনু।
—টাইমে আসির নাগিবে।
—হ্যাঁ হ্যাঁ। মোড় আর কদ্দুর। মুই হাঁটি না যাইম।
—হ্যাঁ আসিস।

সরপুল চলে গেলে সফুরা আসে।

—কী কয়?
—কী আর কোবে। কাজের কাথা কোবার আইচ্চে।
—বাবা তোর চাইর পুরুষের কাঁহো ভিক্ষা করি খায় নাই। তুই খাবু?
—না না ভিক্ষা নোয়ায়। কাজের আলাপ।
—কী কাজ বাউ? মোক কওয়া না যায়?
—গেলে তো জানিম। কায় বোলে দেখা করির চায়।
—অ। সফুরা নিজের কাজে যায়।

গুটখা বের করে চিবিয়ে থুথু ফেলে দেয় ঘরের কাঁচা মেঝেতে। সঙ্গে সঙ্গে লাল হয়ে যায়। এ-ও সরপুলের শেখানো কায়দা।

সরপুল ফিরে আসছিল বাদাইটারি থেকে নবগ্রাম মোড়ের দিকে।

তার মাথায় ঘুরপাক খাচ্ছিল অনেক কিছুই। গতরাতে সে ধরা পড়ে যায় তাঁবুর কাছে। সারারাত ওকে বেঁধে রাখে রিনা আর রাজেশ।

রিংমাস্টারের বেতের বাড়িও খেতে হয়েছে। প্রায় আধমরা হয়ে পড়েছিল। ভোরে ছেড়ে দেয় সুইটি এসে। কিন্তু শর্ত একটাই, যেহেতু ছোটু কেলাউনকে সে মেরেছে তাই তাকেই আরেকটা কেলাউন জোগাড় করে দিতে হবে। আর এই জন্যই শরীরে প্রচুর ব্যথা থাকলেও লতিফুলের কাছে যাওয়া। ওকে বিক্রি করতে পারলে দশ হাজার টাকাও পাবে সরপুল।

এও কম কী? টোপ ফেলাইছে। মাছ উঠির নাহয় মানে? এটা সরপুলের শয়তান মাথার দেড়হাত বুদ্ধি।

 

পাঁচ.

—তো ফির সব ঠিক হো গয়া? রাজেশের উদ্ধত প্রশ্ন।

সরপুল বলে, ওইটাই তো বলি।

গোপাল বিস্মিত ক্রুদ্ধ।

—কী বলি? বোকাচোদা। ছেলেটা টাইমে না আসলে আবার বেঁধে পেটাব। এবার কিন্তু থানায় দেব।
—ও এসে যাবে স্যার।
—ধ্যার বোকাচোদা, আমার নাম গোপাল। গোপালদা বলবি।

আগেরদিন রাতে সরপুলকে উঁকি মারতে দেখে ফেলে সুইটি। তারপর কয়েকজন মিলে বেঁধে বেদম পেটায়। পেটানোর সময় সরপুল বলে, আমার একজন লোক আছে। জোকারের কাজ করবে। জোকার ম্যানেজ করবে বলায় ওকে ছেড়ে দেয় রাজেশ। গোপালকে প্রচুর খিস্তি শুনতে হয়েছে মালিক রাজেশের কাছে। তারই ঝাল সে মেটাচ্ছে।

পাক্কা সাড়ে পাঁচটায় হেলতে দুলতে একটা তিনফুটের কালো ছেলেকে দেখা যায়। মোড়ের মাথায় এসে সে বলে, কোটেরে সরপুলদা?

—আরে এদি আয়। এদি।

ক্যাম্পের ভেতরে লতিফুল প্রবেশ করে। কালো মোটা লোকটা বোধহয় মালিক। জিন্সের প্যান্ট পরা। মাথায় টুপি। অন্যজন আরেকটা চেয়ারে বসা। মধ্যবয়স্ক। শীতের দিনেও মাথা দিয়ে টপটপ করে ঘাম পড়ছে। এদের দুজনের মাঝখানে সরপুল। দাঁত বের করে আছে। টুপিঅলা লোকটি বলে—

—তুম হামারে সাথ কাম করোগে?
—কী কাম?
—কাম জাদা নেহি হ্যায়। বস খেলা দেখানা পড়েগা। থোড়া মজাক মস্তি। খানদান। পান। পাঁচ হাজার রুপিয়া মান্থলি। জামাকাপড়া সব দেগা। টিম কে সাথ রহোগে। আচ্ছা কাম কিয়া তো বোনাস মিলেগা।
—লেকিন হাম সমঝে নেহি? কী কাম সরপুলদা?

সরপুল সিরিয়াস হওয়ার চেষ্টা করে যতটা সম্ভব। পোলিও-আক্রান্ত পা-দুটোকে নাচায়।

—আরে কেলাউন হোবার নাগিবে।

রাজেশ বলে, হাম সব জাগা যাতা হ্যায়। দিল্লি মুম্বাই কেরালা মাদ্রাজ কলকাতা সব। হামারে সাথ ইন্ডিয়া ঘুমেগা?

—সে তো ঠিক হ্যায়। লতিফুল যেন অনাগত ভবিষ্যৎ দেখতে পায়। রঙিন জগতের চাদর সামনে রেখে টুপি পরে সে যেন খেলা দেখাচ্ছে।

সরপুলের চোখদুটো চকচক করে। দশ হাজার টাকার লোভ তাকে আরও লোভী করেছে। সে যে লতিফুলকে চিরকালের মতো বিক্রি করে দিচ্ছে ভেবে দুঃখ হওয়া দূরে থাক আনন্দ হয়। সে তার তর্জনীকে ট্রাউজারের ভেতর ঢুকিয়ে চুলকে নেয়।

—হাম জরুর জায়েগা। লতিফুলের কণ্ঠস্বরে এক্সাইটমেন্ট।
—ঠিক হ্যায় ফির। গোপালদা?
—হ্যাঁ হ্যাঁ।
—দাদা হামারা টাকা? সরপুলের স্বরে উদ্বেগ। লোভ।
—বোকাচোদা বো দেগা বাদমে। জিস দিন টোলি উঠেগা উসসে পহেলে নেহি।

মনটা তেতে ওঠে সরপুলের। সে ফাঁদে পড়ে গেছে। কিন্তু তখুনি তার মনে পড়ে লতিফুলকে কয়েদ থেকে গোলামি থেকে আর বাঁচানো গেল না। গতকাল সে দেখেছে কীরকম পাছা মেরে চলেছে সব একে অপরের। কিন্তু এখন তো কিছু করার নেই!

 

ছয়.

তাঁবুর নিচে বসে শশা খাচ্ছিল সুইটি। রিনা সব্জি কাটছিল। সতীন হিসেবে তাকে মেনে নিতেই হবে। নাহলে চম্পার মতো তারও পরিণতি হবে। বিয়ের পরে সে শুনেছিল রাজেশের প্রথম বউ নাকি নিখোঁজ হয়ে গিয়েছিল। পরে জানতে পারে শো থেকে ফেরার সময় পটনাগামী ট্রেন থেকে চম্পাকে নদীতে ফেলে দেয় রাজেশ। তাকে আর কোনওদিন খুঁজে পাওয়া যায়নি। অন্তত জান খোওয়াতে হবে না।

তখুনি বাইরে হইহট্টগোল শোনা যায়। একদল লোক জোরজবরদস্তি তাঁবু ভাঙতে শুরু করে। সঙ্গে তুমুল গালিগালাজ আর চিৎকার।

রাজেশ বেরিয়ে আসে তাঁবুর বাইরে। দেখে মসজিদ-ফেরা সব লোগ তাদের তাঁবু ঘিরে আছে। আসরের নামাজ শেষে এখানেই তারা এসেছে।

ভিড় ঠেলে রাজেশ নেতাগোছের বড় দাঁড়িওলা লোকটির কাছে অনেক কষ্টে পৌছায়।

—ক্যায়া হুয়া মলবি সাব?
—তুমকো কিসনে পারমিশন দিয়া সার্কাস কা?
—জি বো সিদ্দিক প্রধান সাহাব নে।
—সিদ্দিক অর সরপুল নে হামে বতায়া ইহা বহুত গলত কাম হচ্ছে।
—লেকিন আমি তো কিছু গলত করি নাই।

সবাই দাঁড়িয়ে ইমামসাহেব আর রাজেশের তর্কাতর্কি দেখে। উত্তেজনায় মহিলারা কাঁপছে। অলরেডি তাঁবুর চারপাশে শ-দুয়েক টুপি পরা মুছল্লি দাঁড়িয়ে আছে লাঠিসোঁটা হাতে।

রাজেশ ভেবেচিন্তে নার্ভ ঠান্ডা রেখে বলে— লেকিন কোনসা গলত কাম?

—লাড়কা লাড়কা, লাড়কি লড়কা জিনা হো রাহা হ্যায়। বো আপকা মামলা হ্যায়। গুনাহ আপকা। লেকিন আমাদের এখানকার পরিবেশ খারাপ হো রাহা হ্যায়। অর দুসরা এক বাত ভি হ্যায়।
—বো কি মলবি সাব?
—আমাদের ছেলেকে ভুলিয়েভালিয়ে নিয়ে যাচ্ছেন। লতিফুলকে ছেড়ে দিন। নাহলে এখুনি সার্কাস ভেঙে দেব।

রাজেশ মাথা নিচু করে থাকে। সরপুলের দিকে তাকিয়ে থাকে। রাগে চোয়াল শক্ত হয়ে ওঠে।

—ঠিক হ্যায়। লে জাইয়ে।

আস্তে আস্তে তাঁবুর ভেতর থেকে বেরিয়ে আসে লতিফুল।

আজকে কচুশাক আর আলুর ঝোল রান্না হয়েছিল। পোলিও সরপুল আর লতিফুল বসে ভাত খাচ্ছে লতিফুলদের ছোট্ট রান্নাঘরে।

সফুরা চিৎকার করে বলে ওঠে—

—হা রে লতিফুল এই বিড়িগিলা কার? সিতানোত পানু?

 


 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5450 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

3 Comments

আপনার মতামত...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.