অপর্ণা ঘোষ
কোনও ‘একটা’ দলের দুর্ভাগ্যের প্রতিবেদন নয়, এই গল্পটা আসলে মানুষের উদ্ভাবিত সবচেয়ে গণতান্ত্রিক খেলাটার। যে খেলাটা খেলতে একটা বল ভিন্ন কিছুই লাগে না, বলের বদলে দড়ি দিয়ে বাঁধা ছেঁড়া ন্যাকড়ার পোঁটলাতেও কাজ চলে গেছে মানুষের, আজ সেই খেলা বিশ্ব-পুঁজিবাদের মুনাফার অন্যতম আখড়া। শেষ অবধি, এটা কয়েকটা ‘বদমাইশ’ লোকের গল্প নয়, যদিও এই খেলায় সেরকম লোকের অভাব আছে এমনটাও কেউ বলবে না। আসলে এটা বেড়া দেওয়ার গল্প, গণ্ডি টেনে দেওয়ার গল্প
People made the game. Then somebody built a fence around it and a tollbooth, and a border post— and started charging the people to come in.
বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরু হবে, তার ঠিক চারদিন আগে, ৭ জুন ইরানের জাতীয় ফুটবল টিম তিখুয়ানা বিমানবন্দরে নামল।
তিখুয়ানা মেক্সিকোর একটা শহর। ইরানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই দুই রাষ্ট্রের মধ্যে দিয়ে চলে গেছে এ-গ্রহের অন্যতম কঠোর প্রহরাক্লিষ্ট সীমানা— একটা লোহার দেওয়াল, ফ্লাডলাইটের ঝলসানি আর ড্রোনের চক্কর কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের স্বপ্ন। পৃথিবীর অন্য অনেক সীমান্তের মতো। ইরানি ফুটবলারদের ভিসা জুটেছে দেরিতে, যথেষ্ট টালবাহানার পর। টিমের ১৪ জন অফিসিয়াল এবং কিট নিয়ে আসা মেডিকেল সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতেই পারেননি।[1] সমর্থকদের জন্য ছিল না কিছুই। ইরানিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধ, টিকিট থাকুক বা না থাকুক। ইরানের প্রথম ম্যাচের কদিন আগেই নিঃশব্দে বাতিল করে দেওয়া হয়েছে তাদের সমর্থকদের জন্য বরাদ্দ আসন।[2]
দেখা গেল, বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনকারী একটা দল, নিজেদের বিশ্বকাপ ভেন্যু থেকে নির্বাসিত। সীমান্তের একধারে নিজেদের ম্যাচ খেললেন আর ঘুমোতে গেলেন অন্যপারে। এর আগে আরও লক্ষ মানুষকে যা করতে হয়েছে, তেমনি নিজেদের কাজ করতে যুক্তরাষ্ট্রে গেল ইরানি ফুটবল দল এবং রাত্রে ফিরে আসতে হল মেক্সিকোর ডেরায়। কারণ ইরানি দলের যুক্তরাষ্ট্রে রাত্রিবাস নিষিদ্ধ। পুরো টুর্নামেন্ট জুড়ে, যতদিন তাঁরা খেললেন, প্রতিটি ম্যাচের দিন পার করতে হল বিশ্বের সর্বাধিক সামরিক প্রহরাখচিত সীমান্ত-দুয়ার।[3]
যে ব্যক্তি বিশ্বকাপ নিয়ন্ত্রণ করেন, তাঁর প্রতিশ্রুতি ছিল এই বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের শ্রেষ্ঠ অন্তর্ভুক্তিমূলক ফুটবল বিশ্বকাপ। যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই ভাষণ দিচ্ছিলেন হয়তো বিশ্বাস করেই বলছিলেন, কিন্তু টুর্নামেন্টের সিংদরজা সম্পূর্ণ ভিন্ন গল্প হাজির করল। আর দরজা তো কখনও মিথ্যে বলে না।
কোনও ‘একটা’ দলের দুর্ভাগ্যের প্রতিবেদন নয়, এই গল্পটা আসলে মানুষের উদ্ভাবিত সবচেয়ে গণতান্ত্রিক খেলাটার। যে খেলাটা খেলতে একটা বল ভিন্ন কিছুই লাগে না, বলের বদলে দড়ি দিয়ে বাঁধা ছেঁড়া ন্যাকড়ার পোঁটলাতেও কাজ চলে গেছে মানুষের, আজ সেই খেলা বিশ্ব-পুঁজিবাদের মুনাফার অন্যতম আখড়া। শেষ অবধি, এটা কয়েকটা ‘বদমাইশ’ লোকের গল্প নয়, যদিও এই খেলায় সেরকম লোকের অভাব আছে এমনটাও কেউ বলবে না। আসলে এটা বেড়া দেওয়ার গল্প, গণ্ডি টেনে দেওয়ার গল্প।

সবুজ মাঠ আর টোলপ্লাজা
‘বদমাইশ’ লোকেদের দিয়েই গল্পটা শুরু করা যাক, কারণ তাদের কথা প্রায় প্রত্যেকেই জানে, আর বিভ্রান্ত হওয়ার শুরুয়াতও সেখানেই।
২০১৫ সালের ২৭ মে খুব ভোরে সুইস পুলিশ জুরিখের বিখ্যাত লেকসাইড হোটেল Baur au Lac-এ হানা দিয়ে বিশ্বফুটবলের কয়েকজন ক্ষমতাশালী ব্যক্তিকে গ্রেপ্তার করল তাঁদের দামি স্যুইট থেকে, পাজামা ছাড়ার সময়ও দেওয়া হল না। হোটেলের স্টাফরা পুলিশের গাড়িতে ওঠা অবধি তাঁদের বেডশিট দিয়ে আড়াল করে নিয়ে গেল যাতে কেউ তাঁদের ছবি তুলতে না পারে। ‘মানুষের খেলা’র প্রভুরা নিখুঁতভাবে মানুষের দৃষ্টির আড়ালে, সাদা লিনেনে ঢাকা দামি আসবাবের বাসা পরিবর্তনের মতো পুলিশের গাড়িতে অদৃশ্য হয়ে গেলেন।[4]
আইনি অভিযোগপত্রের পাতার সংখ্যা হাজার ছাড়াল— ভোটের জন্য ঘুষ, টুর্নামেন্টের জন্য ভোট, ঘুষের জন্য টুর্নামেন্ট। ফুটবলপ্রেমীদের স্মরণে থাকার কথা। শেপ ব্লাটার, তৎকালীন প্রেসিডেন্ট, যাঁর তত্ত্বাবধানে এইসব ঘটেছিল, শেষ অবধি তাঁর পতন হল। আন্তর্জাতিক মিডিয়া ঘোষণা করল ফিফার ‘পচা হৃদয়’ কেটে বাদ দেওয়া হয়েছে এবং ‘পুরো শরীর’ ধ্বংস হওয়ার আশায় অপেক্ষা করতে লাগল।
‘শরীর’ কিন্তু ধ্বংস হল না। নব ফুলে-ফলে বিস্ফারিত হল।
‘বেডশিট’ ঘটনার এক দশক পর, ফিফা আরও বড়, আরও ধনী, আরও অনেক ক্ষমতাশালী, বলা যায় ক্ষমতার শিখরে। ব্লাটারের উত্তরসূরি জিয়ান্নি ইনফান্তিনোর তত্ত্বাবধানে ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট বেড়েছে দেড়গুণ, অর্জিত রেভেনিউ বেড়েছে কয়েকগুণ। যখনই মনে হয়েছে চালু টুর্নামেন্ট যথেষ্ট নয়, তখনই চালু করা হয়েছে নতুন কিছু। ‘The club world cup 2025’ অনুষ্ঠিত হল মার্কিন যুক্তরাষ্ট্রে, যে টুর্নামেন্ট কেউই দাবি করেনি।[5] ৩২টা ক্লাব ভৌতিকভাবে জোগাড় করে ফেলা হল, লিগ খেলে ক্লান্ত ফুটবলার এবং তাঁদের ইউনিয়নগুলির তীব্র প্রতিবাদ অগ্রাহ্য করে। সম্প্রচারচুক্তি হল বিলিয়ন ডলারে, সৌদির টাকায় ফেঁপে ওঠা একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে।[6] সঙ্গে রইল বিলিয়ন ডলার পুরস্কারের ঝুলি। আরও একটা উদ্দেশ্য এতে সাধিত হল, সে-সময়ে অবশ্য এটা কেউ বিজ্ঞাপিত করেনি। টিকিট-মূল্য নির্ধারণযন্ত্রের সাজ-মহড়া ছিল এটা, পরের বছর বিশ্বকাপে যার উদ্বোধন হবে। সে বিষয়ে পরে আসছি।
বেডশিট-কাণ্ডের উপসংহার হল এই, যার ঠিক উল্টোটা তখন আন্তর্জাতিক মিডিয়া অনুমান করেছিল। ঘুষ যদি মূল রোগ হত, তবে ঘুষখোর বিদায় করলেই তো ফুটবলের অসুখ সেরে যাওয়ার কথা। কিন্তু সারল না, কারণ অসুখটা ঘুষখোরির নয়। এটা অসুখের লক্ষ্মণ মাত্র। বেহিসাবি সম্পদের পাহাড় গড়ে উঠলে ছোটখাটো ব্যক্তিগত ক্ষীর খেয়ে যাওয়ার ঘটনা তো স্বাভাবিক। এইসব আধিকারিকরা টেবিলের তলায় খাম নিতেন কেন, সেটা কোনওদিনই প্রকৃত প্রশ্ন ছিল না। প্রকৃত প্রশ্ন হল, ফিফা কীভাবে আধুনিক পুঁজিবাদের সবচেয়ে সফল মনোপলিগুলোর একটা হয়ে উঠল। এর উত্তর খুঁজতে গেলে ফিফার সম্পদের উৎসের দিকে প্রথমে চোখ ফেরাতে হবে।

ফিফার সম্পদের উৎস ফিফা নয়
গ্রামের সবুজ খেলার মাঠ যেমনভাবে তৈরি হয় তেমনভাবেই তৈরি হয়েছে ফুটবলের মূল্যবোধ। প্রত্যেকটা মানুষের অবদানে, প্রজন্মের পর প্রজন্ম ধরে, স্বাধীন উদ্যোগে, বিনামূল্যে। কখনও কারখানা শ্রমিকের দল, কখনও চার্চ ইলেভেন। কখনও খনি-শ্রমিক উন্নয়ন ক্লাব অথবা রেল-শ্রমিকপক্ষ। আসাম আর ডুয়ার্সের চা-শ্রমিক একাদশ সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর খালিপায়ে দৌড়েছেন বল নিয়ে, অন্তত একটা ঘন্টা তাঁদের শরীর তাঁদের নিজেদের হয়ে উঠতে চাইত। ডক-শ্রমিকরা শনিবারের বিকেলে পতিত জমিতে মেতে উঠতেন বলে লাথি মেরে, ওই একটি বিকেল ছিল সপ্তাহের স্বাধীন বিকেল। সেইসব ঠাকুমাদের তৈরি এই খেলা যাঁরা উপহার দিয়েছেন ইস্টবেঙ্গল-মোহনবাগানের একশো বছরের অমোঘ ফুটবল-শত্রুতা, তাঁদের মন্ত্রে, দেশভাগের যন্ত্রণার স্মৃতিতে, সীমান্ত পেরিয়ে আসার দীর্ঘ পথশ্রমে যে খেলার স্বেদবিন্দু ফুটে আছে। সীমান্ত পেরিয়ে এসে ফুটবল মাঠে উদ্বাস্তু মানুষের বিশ্বাসের পুনর্নির্মাণ, সবহারানো তাঁদের হাতে আর কিছু ছিল না। ইটের দেওয়ালে চকখড়িতে গোলপোস্ট এঁকেছে যে শিশু, যে অনামী প্রতিভাবান আবিষ্কার করেছে একটা বস্তার টুকরো দড়ি দিয়ে গোল করে বেঁধে নিলে তা গড়িয়ে যেতে পারে, ফুটবল তাদের পায়ে রূপ পেয়েছে। এই অনিন্দ্যসুন্দর খেলাটার উদ্ভাবনার জন্য কেউ তাদের পয়সা দেয়নি। এই খেলার উদ্ভাবক যাঁরা, তাঁরা আসলে জীবনে কোনও কাজেরই উপযুক্ত পারিশ্রমিক পাননি।

এই যে সবুজ আর এই তো যৌথতা
ফিফার প্রতিভাই বলতে হবে, ফিফা প্রমাণ করতে পেরেছে সবুজ মাঠের দখল না নিয়েও কীভাবে তা থেকে মুনাফা তুলে নেওয়া যায়। তোমাকে শুধু প্রবেশদ্বারটুকু দখলে রাখতে হবে। ফিফা কোনও ফুটবল প্রশিক্ষণ দেয় না কোনও খেলোয়াড়কে, ফিফার কোনও ক্লাব নেই। কোনও ফুটবল মাঠে ফিফা জল ছড়ায় না। ফিফার শুধু একটা কাগজ আছে। আছে সেই একচ্ছত্র অধিকার, যার বলে সে আয়োজন করতে পারে সেইসব টুর্নামেন্ট যেখানে খেলার স্বপ্ন সব ফুটবলার দেখে। প্রজন্মের পর প্রজন্ম শ্রমজীবী মানুষের নির্মিত ফুটবলের যে দীর্ঘ রাস্তা তার উপর ফিফা একটা টোলপ্লাজা বসিয়েছে।
এ-যুগের এটাই পরিচিত বিজনেস মডেল। গুগল কিছুই লেখে না, শুধু ইন্ডেক্স বানায়। ইউটিউব যে-সব ছবি-ভিডিও দেখায় কোনওটাই সে বানায় না। কোনও বন্ধুত্ব মেটা গড়ে দেয় না, শুধু মনিটাইজ করে। এই শতাব্দীর গূঢ় সাফল্য নির্মাণে নিহিত নেই, নিহিত আছে দরজা দখলে। যে দরজা দিয়ে সকলকে যেতে হবে। ফিফা এটা বুঝে নিয়েছে অনেক আগে, সিলিকন ভ্যালি নিজের নাম পাওয়ারও আগে। প্ল্যাটফর্মই সত্য। তোমার, তোমার বাপ-ঠাকুর্দার খেলা হল তার কন্টেন্ট।
যে-কোনও টোলপ্লাজা মালিকের মতোই ফিফা রাস্তার জন্য কোনও পয়সা দেয় না। যখন দেশগুলো বিশ্বকাপের হোস্ট হওয়ার জন্য প্রতিযোগিতায় নামে, তারা কিছু দলিল সই করে। সে-সব দলিল দেশের ভোটাররা পড়তে পায় না। সেইসব দলিলে ফিফা আর ফিফার বাণিজ্যিক অংশীদারদের ট্যাক্স ছাড় দেওয়ার কথা লেখা থাকে, বিনামূল্যে পুলিশ, নিরাপত্তাব্যবস্থা, প্রায় সবকিছুর জন্য আইনি ক্ষতিপূরণ স্বীকার করার কথা লেখা থাকে। জনগণ উৎসবের পয়সা দেয় আর উৎসবে পাওয়া উপহার প্রধান অতিথি নিজের কাছে রেখে দেন। সরকারগুলো এইসব শর্ত মেনে নেয় কারণ পৃথিবীতে একটাই বিশ্বকাপ আর তার একটাই মালিক, যার কাছ থেকে ওটা ভাড়া নিতে হবে। একচেটিয়া ব্যবস্থার যেমন বন্দোবস্ত।
গত ১০০ বছরে এই খেলার ইতিহাসে তিনটি মোচড় আছে। প্রথমে ছিল ‘পবিত্র’ প্রতিষ্ঠান, ক্লাব ছিল যার চ্যাপেল, প্রাঙ্গণ ছিল যেন উপাসনা সমাবেশ আর ক্লাবের প্রতি আনুগত্য পদবির মতো প্রজন্মবাহিত। এরপর এল ১৯৮০-র দশক। স্যাটেলাইট টেলিভিশন খেলাটাকে বদলে দিল বৈশ্বিক পণ্যে। ধীরে ধীরে জার্সি হয়ে উঠল বিলবোর্ড, ক্লাব হল ব্র্যান্ড আর ফুটবল বিশ্বকাপ সাংঘাতিক দামী একটা প্রোগ্রাম। শেষ মোচড়ে বর্তমান— ২০২৬, একটা শিখর পর্যায়— ডিজিটাল অর্থনীতি যাকে গিলে খেয়েছে পুরোটা। স্ট্রিমিং, জুয়াচক্র, তথ্য-খনন এবং মধ্যরাত্রে অ্যালগরিদম-সম্মত উপায়ে দর্শকের পর্দায় প্রেরণ। ইতিহাসের প্রতিটি মোচড় ফুটবলের সুরটাকে ধরে রেখে মালিক বদলাতে বদলাতে গেছে।
আজ আমরা এই বিরাটকায় টুর্নামেন্টের সামনে এসে দাঁড়িয়েছি। ৪৮টা দল এবার। যেটা আগে ছিল ৩২। ১০৪টে ম্যাচ। আগে ছিল ৬৪। তিনটে দেশের ১৬টা শহর জুড়ে। যদিও তিন দেশের ব্রোশিওর ব্র্যান্ডিং-এর স্বার্থে। ৭৩টা ম্যাচ, প্রতি চারটে ম্যাচের তিনটে, অনুষ্ঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বর্তমান বাণিজ্যচক্র থেকে ফিফার প্রত্যাশা ১৩ বিলিয়ন ডলার। এই বিস্তার গণতন্ত্রের নামে বিক্রি হয়েছে। আফ্রিকা, এশিয়া, ক্যারিবিয়ানদের জন্য আরও জায়গা। সত্যিকারের আনন্দ বা সত্য বলে যদি কিছু থেকে থাকে তা হল প্রায়া, আম্মান এবং পোর্ট-ও-প্রিন্সের টিমের যোগ্যতামান ছুঁয়ে ফেলা। সেইসঙ্গে দেখতে হবে বেশি ম্যাচ মানে বেশি সম্প্রচার সময়, বেশি বিজ্ঞাপন স্লট, বেশি স্পনসরশিপ, আরও হস্পিটালিটি স্যুইট, আরও বড় জুয়াবাজার, আরও কন্টেন্ট। অন্তর্ভুক্তি আর পুঁজির পুঞ্জীভবন হাতধরাধরি করে চলে। দ্বার-রক্ষক ফিফা।
আনন্দ সত্য। ইনভয়েসও সত্য। বাকিটা দেখতে হবে কারা শেষ অবধি জোগাচ্ছে পয়সা।

দৃষ্টি আকর্ষণের খোঁয়ার
ধরে নিন একজন সাধারণ সমর্থক। যে কোনও দলের সমর্থক। তাঁরই মতো আরও দু-কোটি সমর্থক আছেন ধরে নেওয়া যাক। তাঁর সকাল শুরু হল ফোনে কোনও একটা বেটিং অ্যাপের পুশ নোটিফিকেশনের আওয়াজে। রাতের ম্যাচের বাজি, দুপুরের মধ্যে ধরে নিতে হবে। এরপর প্রাতরাশের টেবিলে এক হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ স্ক্রল করতে করতে দেখলেন ছটা থেকে সেখানে টিম সিলেকশন নিয়ে তর্ক চলছে। বাসে অফিস যেতে যেতে ইনস্টাগ্রামে তাঁর দলের অ্যাওয়ে ম্যাচের জার্সির বিজ্ঞাপন এল, কারণ ইন্সটা জানে তিনি কোন দল সমর্থন করেন, সম্ভবত তাঁর নিজের মায়ের চেয়েও ভালো জানে তাঁর পছন্দ-অপছন্দ। দুপুরবেলা লাঞ্চের সময় তিনি বানিয়ে ফেলেন তাঁর ফ্যান্টাসি স্কোয়াড। বিকেলবেলা ইউটিউব-বিশেষজ্ঞ ডুডল অ্যারো দিয়ে পরিষ্কার বুঝিয়ে দেন আজকের প্রতিপক্ষের নিচে, ডানদিকে ঠিক কী দুর্বলতা আছে। এরপর রাতের বেলা একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে তিনি নিজে খেলাটা দ্যাখেন। এই প্ল্যাটফর্মটা প্রতিবছর সাবস্ক্রিপশন বাড়ায়, আর ক্যান্সেল করতে চাইলেই জিজ্ঞেস করে ‘আপনি নিশ্চিত তো?’ তিনি অল্পস্বল্প বেটিং করেন, ফলাফলের ওপরে নয়, সেগুলো অ্যামেচারদের জন্য। তিনি বাজি ধরেন প্রথম কর্নার, প্রথম হলুদ কার্ড, প্রথম পরিবর্ত খেলোয়াড়ের সময়— এইসবের উপর। খেলা চলতে চলতে তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করেন, খেলা দেখতে দেখতে রিফ্রেশ করেন কতজন রিঅ্যাকশন দিল দেখতে। খেলা শেষ হওয়ার পর অ্যালগরিদম তাঁকে হাইলাইট, রিঅ্যাকশন, গুজব, ইত্যাদিতে গেঁথে ফেলে, যতক্ষণ না বুকের উপর মোবাইলটা রেখে তিনি ঘুমিয়ে পড়েন।
দিনের প্রতিটি মিনিট তিনি টাকা বানান, অন্যের জন্য।
এটাই প্রকৃত স্টেডিয়াম একবিংশ শতাব্দীর। কখনও বন্ধ হয় না। গত শতাব্দীর ফুটবল অর্থনীতি ৯০ মিনিটের জন্য আপনাকে মনিটাইজ করত, মাঠে হলে টিকিট গেট আর টেলিভিশন হলে মাঝখানে একটা অ্যাড ব্রেক। কিন্তু নয়া ব্যবস্থায় আপনি প্রতিনিয়ত টাকা জোগাচ্ছেন, কারণ আপনি এখন আর শুধু দর্শক নন, আপনি ফসল। আপনার মনোযোগ কর্ষণ করা হচ্ছে, আপনার পছন্দ বোতল ভর্তি করে বেচা হচ্ছে, আপনার দলের প্রতি আনুগত্য বেচা হচ্ছে যে কিনবে তার কাছে। সমর্থকরা পরিণত হয়েছেন ডেটা উৎপাদক মেশিনে। নিজেদের বাসনার ডেটা-মেশিন।
আর লাইভ ফুটবল, ‘মনোযোগের খোঁয়াড়’, মালিকদের কাছে সবচেয়ে উর্বর কর্ষণযোগ্য ভূমি। যে পৃথিবীতে সবকিছু ‘পজ’ করা যায়, ‘স্কিপ’ করা যায়, ‘ওয়াচ ল্যাটার’ করা যায়, সেখানে লাইভ ম্যাচ মানুষের কাছে থেকে যাওয়া শেষ সমবেত লগ্নি। একই সময়ে খেলা দেখছেন, একই সঙ্গে নাটকে অংশ নিচ্ছেন সারা পৃথিবীর নানা প্রান্তে থাকা অগণিত মানুষ। বিজ্ঞাপনদাতারা ওই সময়টুকুর জন্য বেচে দিতে পারে নিজেদের স্বজনকে। টেলিভিশন প্রায় মরে যাওয়া সত্ত্বেও তাই ব্রডকাস্টিং রাইটের মূল্য ক্রমশ চড়ছে। বেটিং ইন্ডাস্ট্রি হুমড়ি খেয়ে পড়েছে এই খেলার উপর, প্রতিটি কর্নার কিককে তারা বাজার বানিয়ে ছেড়েছে, ম্যাচের প্রতিটি অনিশ্চিত মুহূর্তের মূল্য হাঁকিয়েছে। যেখানে আগে থাকত স্থানীয় ভাটিখানার নাম, সেখানে বসে গেছে জুয়াব্যবসায়ীর লোগো। শনিবার বিকেলের আনন্দের ৯০ মিনিট চাইত যে খেলা, সে পুরো সপ্তাহ গিলে নিতে চায়— নেয়ও।
একটা তেতো ঐতিহাসিক মস্করা চাপা পড়ে আছে এসবের নিচে। ফুটবল-মানবতার আধা অংশের একশো বছর নির্বাসিত হয়ে থাকার গল্প। ১৯২০ সালের বক্সিং ডে-তে লিভারপুলের গুডিসন পার্কে সমবেত ৫৩ হাজার মানুষ, পার্কের বাইরে আরও কয়েক হাজার। ডিক, কের লেডিস, অত্যন্ত জনপ্রিয় মহিলা ফুটবল দলের খেলা দেখতে। এই দলের সদস্যরা ছিলেন অস্ত্রকারখানার শ্রমিক। দিনে শেল ভরতেন আর সন্ধেবাতির আলোয় খেলতেন ফুটবল। যে-কোনও মাপকাঠিতেই তাঁরা ছিলেন ব্রিটেনের অন্যতম জনপ্রিয় ক্রীড়া-আকর্ষণ।[7] এর ঠিক এক বছর পর ১৯২১ সালে ব্রিটেনের এফএ অনুমোদিত সমস্ত ক্লাবের মাঠে মহিলাদের ফুটবল নিষিদ্ধ করে দেওয়া হয়— অজুহাত ছিল ‘ফুটবল খেলাটা মেয়েদের জন্য একেবারেই অনুপযুক্ত।’ এই ব্যান ওঠে ৫০ বছর পর ১৯৭১-এ। এখন অসাধারণ সময়জ্ঞানে মহিলা-ফুটবলকে নতুন করে আবিষ্কার করছে ফুটবল প্রতিষ্ঠান। কারণ তা এখন বিকাশমান বাজার, প্রবৃদ্ধির এক সোনার সুযোগ, সম্পূর্ণ নতুন ক্ষেত্রের ব্রডকাস্টিং রাইট এবং স্পনসরশিপ তালিকা। যদিও বিনিয়োগ আর মর্যাদায় তা পুরুষ ফুটবলের ধারেকাছেও আসে না। অর্ধশতাব্দী ধরে মহিলা ফুটবলকে গেটের বাইরে দাঁড় করিয়ে রেখে প্রবেশাধিকার দেওয়া হল। আসলে দুবার ঘেরাটোপে রাখা হল। একবার বহিষ্কার আর দ্বিতীয়বার পণ্যায়ণ।

ম্যাপের দিকে তাকানো যাক, কারণ ম্যাপ মোটেই নিষ্পাপ নয়
বিশ্বকাপ শেষ অবধি এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে, যে দেশের হোতারা স্পোর্টসটাকে খননের বিজ্ঞানে পরিণত করতে পেরেছেন। মার্কিন ক্রীড়া পুঁজিবাদ মুনাফা বানানোর সব খেলার অগ্রপথিক, যা বাকি দুনিয়া এখন শিখছে। ফ্র্যাঞ্চাইজি, লাক্সারি বক্স এবং ব্যক্তিগত সিট লাইসেন্স— যার দিকে তাকাতে না তাকাতে তার দাম বেড়ে যায়। মার্কিন স্টেডিয়ামগুলো মানুষের মানিব্যাগ নিংড়ে নেওয়ার নিখুঁত মেশিন। এর অ্যাপ এমনভাবে ডিজাইন করা যাতে দর্শক বিয়ার, পার্কিং এবং রেপ্লিকা জার্সির জন্য কোম্পানির ইকোসিস্টেম ছেড়ে বেরোতেই না পারে। ফুটবল মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রায় এক শতাব্দী ঠেকিয়ে রাখতে পেরেছিল। লিওনেল মেসি মায়ামি যেতেই বিশ্ব-ক্রীড়াক্ষেত্রের শেষতম বিপুল অকর্ষিত বাজারের গন্ধ লগ্নিকারীদের নাকে এসে লাগে এবং প্রতিরোধের অন্ত এখানেই। ২০২৬-এর বিশ্বকাপ তো বিয়েবাড়ির মোচ্ছব। আইপিএল অকশনের হাতুড়ির ঘায়ে নিলাম ধরার মতো দর্শককে তথাকথিত ‘জনগণের খেলা’ দেখার দাম দিতে হচ্ছে, অদূর ভবিষ্যতে টুর্নামেন্ট নিজেই দর্শকের জন্য এইসব পরীক্ষানিরীক্ষা নিয়ে চলে আসবে।
ফটোফ্রেম থেকে, একেবারে প্রান্তে দাঁড়িয়ে থাকা মেক্সিকোকেও বাদ দেওয়া চলে না। মেক্সিকোতে বিশ্বকাপের উদ্বোধন হল, এর আগেও দু-বার হয়েছে— প্রথম দেশ যে তিনবার হোস্ট করল। আজটেকা স্টেডিয়ামে উদ্বোধন হল, যেখানে ফুটবল বিনোদন মাত্র নয়, বলা যায় ফুটবল সেখানকার আবহাওয়া, ফুটবলে নিঃশ্বাস নেয় লোকে। মেক্সিকোর গভীরতম অবদান বিশ্বকাপের ব্রোশিওরে উল্লিখিত হয় না। তা হল শ্রম। সেই পরিশ্রমী হাতগুলোর কথা, যারা প্রধান হোস্টের হোটেলে অতিথিদের খাবার তোলে, পরিবেশন করে, হোটেলের ঘর পরিষ্কার করে, রান্নাঘর সামলায়, সেই লক্ষ লক্ষ মেক্সিকান এবং সেন্ট্রাল আমেরিকান শ্রমিক মেক্সিকান সীমান্ত পেরিয়ে কাজ করতে এসেছেন, ঠিক ইরানীয় ফুটবল টিম যে পথে আসাযাওয়া করেছে। বহুজাতিক এই উৎসবে তাঁরা প্রাণপাত পরিশ্রম করেছেন, ইমিগ্রেশন রেইডের আশঙ্কা বুকের ভিতর বইতে বইতে। এই টুর্নামেন্টের তিনটি হোস্ট ফ্ল্যাগ, আর তা বহন করেছে একটা মাত্র কর্মীবাহিনী।
এর পরে আসবে সেই অতিথির কথা যে আসলে প্রায় হোস্ট। সৌদির টাকা আধুনিক ফুটবলে সর্বত্র খাটছে। সৌদির মালিকানায় নিউক্যাসেল ইউনাইটেডের উদ্যোগে শুরু হয়েছে বয়স হয়ে আসা সুপারস্টারদের ঝাঁক বেঁধে কিনে নেওয়ার লিগ। সৌদির লগ্নিতেই ভেসে উঠতে পেরেছে ফিফার নতুন ক্লাব ওয়ার্ল্ডকাপের সম্প্রচারকর্তারা আর কাপটাও। এক কথায় এটাকে মুনাফাকে খেলা দিয়ে ঢেকে দেওয়া বলা যায়, কিন্তু তাতেও খুব কম বলা হয়। প্রকৃতপক্ষে ফুটবল নিয়ে সৌদি যা করছে সেটাই সে গল্ফ, গেইমিং, পর্যটন এবং AI নিয়ে করেছে। তেলের পয়সায় সে জগতে এমন একটা অবস্থান কিনতে চাইছে যেটা তেলই শেষ করে দেবে। ফুটবল এখন একটা পরিকাঠামো, একটা বন্দর বা পাইপলাইনের মতো। দশকের পর দশক জুড়ে প্রভাব খাটানোর বন্দোবস্ত।

ডিসেম্বর ২০২৪-এই ফিফা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ২০৩৪-এর
বিশ্বকাপের হোস্ট হবে সৌদি। আর কোনও প্রতিদ্বন্দ্বী দরও হাঁকেনি। এমনভাবেই টাইমটেবল সাজানো হয়েছে যাতে আর কেউ হাঁকতেই না পারে। ভোট বলে কিছু হয়নি। বিশ্ব-ফুটবলের তাবড় হোমরাচোমরারা খেলাটার বিষয়ে এই প্রজন্মের সবচেয়ে মারাত্মক সিদ্ধান্তটা করতালি সহযোগে অনুমোদন করে দিলেন।[8] এই ছবিটা মনে রেখে দেবেন— কীভাবে ‘জনগণের খেলা’ আজকের দিনে পরিচালিত হচ্ছে তার সত্যতম, তিক্ততম ছবি। ঘরভর্তি আধিকারিক, করতালিমুখর, প্রতিনিধিত্ব করছেন লক্ষ সমর্থকের, যাদের কোনও মতামতই নেই বিষয়টায়।
এই পদ্ধতিতে চলতে থাকা টুর্নামেন্টের বাস্তব জগতের সঙ্গে সংঘর্ষ হওয়াটাই স্বাভাবিক। আর সেই দ্বন্দ্বের ছবি ফুটে উঠল ২০২৬-এর গ্রীষ্মে, সীমান্তপ্রহরার সামনে আর টিকিটের জন্য দীর্ঘ প্রতীক্ষার সারিতে। গোপন মিটিং আর সিদ্ধান্তের ফলাফল দেখল গোটা দুনিয়া অবশেষে।

সিং-দরোজা
প্রতিটি বিশ্বকাপ কিছু অদৃশ্য কাঁধের উপর ভর করে সাফল্যের বৈতরণী পার হয়। উদ্বোধনী গান বেজে ওঠবার অনেক আগে থেকে এক অদৃশ্য সুশৃঙ্খল সেনাবাহিনী তার কাজ করে যায়। সাফাইকর্মী আর রাঁধুনে, ড্রাইভার আর স্টুয়ার্ড, মঞ্চ বাঁধার অজস্র নির্মাণকর্মী— নারী-পুরুষ নির্বিশেষে। উৎসব শুরু হওয়ার আগে তাঁরা ছবির ফ্রেম থেকে মুছে যান। তবে কাতারে ২০২২ বিশ্বকাপ আকস্মিকভাবে তাঁদের খানিকটা দৃশ্যমান করে তুলেছিল। কর্মকর্তাদের অস্বস্তি বাড়িয়ে সংবাদমাধ্যমে আবর্তিত হয়েছিল অভিবাসী শ্রমিকদের কথা, কাতারের মরুভূমিতে স্বর্গ রচনা করতে করতে যাঁরা মরে গেলেন, কিছুদিন আলোচনা হল। তাঁদের অদৃশ্য মৃতদেহের উপর শুরু হল বিশ্বকাপ। আলোচনা থেমে গেল।[9]
যেসব সংস্কার পর্যবেক্ষণ ও সমালোচনার চাপে আদায় করা গেছিল, সেগুলো বাস্তব তবে আংশিক; সেগুলোও ধীরে ধীরে নিঃশব্দে মুছে গেল— অস্বস্তিকর পরিস্থিতির চাপে আদায় করা সংস্কারগুলোর ক্ষেত্রে সাধারণত যেমনটা ঘটে থাকে।
উত্তর আমেরিকায় অবশ্য প্রচণ্ড তাপে স্টেডিয়াম বানানোর দরকার পড়েনি। তবে বিশ্বকাপ উৎসব চালিয়ে নিতে হাজার হাজার কর্মীর প্রয়োজন তো অবশ্যই হয়েছে, তাঁরা নিম্নমজুরিতে কাজ করেছেন, বেশিরভাগই অভিবাসী। তাঁদের শ্রম অপরিহার্য, কিন্তু মজুরি, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা করে কিছুই ঠিক হয় না। নকশা আঁকাই থাকে, চলিত নিয়মে চলতে থাকে প্রচলিত উৎসব প্রস্তুতি।

শুরুয়াতের কয়েক সপ্তাহ আগেই ঘটল চিত্রনাট্য-বহির্ভূত ঘটনা
হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর ঘোষণা করল ICE, মানে অভিবাসন পুলিশ, যাদের অত্যাচারে ফাঁকা হয়ে যাচ্ছে মার্কিন দেশ জুড়ে বহু কর্মক্ষেত্র, টুকরো হয়ে যাচ্ছে পরিবারের পর পরিবার— তারা উপস্থিত থাকবে স্টেডিয়ামগুলোতে। এর বিরুদ্ধে দেওয়া সরকারি আশ্বাসবাণী কয়েকদিনের মধ্যে আরও উচ্চপদস্থ আধিকারিকদের হাতে খণ্ডিত হয়ে যায়। টুর্নামেন্টের অন্যতম দেখনদার স্টেডিয়াম লস অ্যাঞ্জেলসের সোফিতে অতিথিসেবাতে যুক্ত শ্রমিকদের ইউনিয়ন এই সংবাদ যে মুহূর্তে জানতে পারল, ধর্মঘট ডাকল। তাঁরা যে বিল্ডিংয়ে কাজ করছেন সেখানে ICE আসার অর্থ কী তাঁদের চেয়ে ভালো কেউ জানে না।[10]
অবশ্য শেষ অবধি তাঁদের ধর্মঘট করতে হয়নি। অচলাবস্থা কাটল, চুক্তিতে একটা ধারা যুক্ত করে। লিখিতভাবে, শ্রমিকরা তাঁদের অধিকার জিতলেন কর্মবিরতিতে যাওয়ার, যদি অভিবাসন পুলিশের উপস্থিতির কারণে তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে তাঁরা মনে করেন। এটা স্মৃতিতে অবশ্যধার্য থাকা উচিত। যাঁরা অতিথিদের গ্লাসে পানীয় ঢালেন, তাঁরা সংঘবদ্ধ হয়ে ক্ষমতাকে প্রতিরোধ করলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে, কর্মক্ষেত্রে তল্লাশি হলে পৃথিবীর অন্যতম বৃহৎ শো বন্ধ করে দেবেন— এই স্পর্ধিত উচ্চারণ এক ইতিহাস সৃষ্টি করল।[11] লস এঞ্জেলসের এক মধ্যস্থতাকক্ষে, টুর্নামেন্টের বৃহৎ দুটি চ্যুতিরেখা পরস্পরের মুখোমুখি দাঁড়াল। অনিশ্চিত শ্রম আর সামরিকীকৃত সীমান্ত। এই প্রথমবার শ্রমিকরা হেরে গেলেন না। টুর্নামেন্টের বলে লাথি পড়ার আগেই ফুটবলের সবচেয়ে আশাজাগানিয়া জয়লাভ হল এবার।

সীমান্তে ভিন্ন গল্প, কঠোর ও নিষ্ঠুর
মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপ পরিচালনার চারভাগের তিনভাগের কর্তা। যে রাষ্ট্র ৩৯টা দেশের নাগরিকদের উপর সম্পূর্ণ নিষেধ বা আংশিক বাধানিষেধ চাপিয়ে রেখেছে। এদের ভিতর চারটি নিষিদ্ধ দেশ— হাইতি, ইরান, সেনেগাল, কোট-ডি’ আইভরি বিশ্বকাপে খেলতে এসেছিল। দেশগুলির ফুটবলার, কোচ এবং তাঁদের পরিবারের ছাড় মিলেছিল, তাঁরা প্রবেশাধিকার পেয়েছিলেন। তাঁদের সমর্থকরা পাননি। অর্থাৎ পণ্য চলে গেল, যাঁরা তা ভালোবাসেন, তাঁদের সীমান্ত ডেস্ক আটকে দিল।
দীর্ঘ কয়েক মাস ধরে প্রায় ৫০টি দেশের নাগরিক ১৫০০০ মার্কিন ডলারের বন্ড পাঠাতে বাধ্য হলেন একটা অস্থায়ী ভিসা পাওয়ার জন্য, হয়তো কারও সারা বছরের রোজগার, কারও কয়েক বছরের— যতদিন না ফিফার লবিং কিছু টিকিটহোল্ডারদের জন্য ছাড়ের বন্দোবস্ত করে দেয়।[12] কাতার বা রাশিয়ার মতো এই বিশ্বকাপে কোনও বিশেষ ফ্যানভিসার বন্দোবস্ত ছিল না।[13] টিকিট আসলে রসিদ, কোনও চাবি নয়। সিং-দরোজার সিদ্ধান্ত।
যেমন ওমর আব্দুলকাদির আর্তানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিল সিং-দরোজা। তিনি একজন সোমালি। আফ্রিকার ‘রেফারি অব দ্য ইয়ার’। তাঁর যা যা করণীয় সবই ঠিকঠাক করেছিলেন। ভেটিং, কাগজপত্র বানানো এবং তাঁর পাসপোর্টের সঙ্গে বৈধ ভিসা ছিল। তিনি মায়ামিতে এলেন বিশ্বকাপের প্রথম সোমালি রেফারি হিসেবে। এক চার দশকের ফুটবল খেলা জাতির গর্বের ইতিহাসটুকু বহন করে। সীমান্ত আধিকারিক অজানা কোনও ‘ভেটিং কনসার্ন’ দর্শিয়ে তাঁকে ফিরতি প্লেনে অতলান্তিক পার করিয়ে দিল।[14] তাঁর বিশ্বকাপের মেয়াদ ছিল একটা এয়ারপোর্ট করিডরের মাপ।
দরোজা আয়েমেন হাসানকে আটকে রাখে শিকাগোর ও’ হারা এয়ারপোর্টে ৭ ঘন্টা ধরে, আধিকারিকরা সেই সময় তাঁর ফোন ঘাঁটছিলেন। হাসান ইরাকের জনপ্রিয় স্ট্রাইকার, যাঁর গোলে তাঁর দেশ ৪০ বছরে প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।[15] ইরাকি টিমের ফটোগ্রাফারকে ১০ ঘন্টা আটকে রেখে তারপর ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কোনও ব্যাখ্যা না দিয়ে অসংখ্য মরোক্কান সমর্থকের ভিসা বাতিল করা হয়, তাঁরা ম্যাচের টিকিট এবং হোটেল দুই-ই বুক করেছিলেন। অসংখ্য দেশের সাংবাদিকদের প্রত্যাখ্যান করা হয়েছে। ইরাকি টিমকে রাখা হয়েছিল তিজুয়ানায়, সীমান্তের ওপারে। যে কথা দিয়ে এই লেখার শুরু।
এই বিশ্বকাপে সর্বাধিক দেশ অংশ নিল, সবচেয়ে কম যোগ দিতে পারলেন সেই দেশগুলির মানুষ। সর্বাধিক অন্তর্ভুক্তিমূলক হিসেবে ঘোষিত এই বিশ্বকাপ ইতিহাসে প্রথম এত সমর্থকদের নিষিদ্ধ করল। ফুটবল চিরকাল সীমান্ত পার করেছে। ২০২৬-এ আমরা সঠিকভাবে জেনে গেলাম এই পারাপারের নিয়মাবলি— পুঁজি প্রথম শ্রেণিতে, খেলোয়াড়রা ছাড়ে ভ্রমণ করে, আর সমর্থকরা সীমান্তের তারের সামনে অপেক্ষা করে।
জুলাই মাসের ১ তারিখে মার্কিন ফুটবলার ফোলারিন বালোগান বসনিয়ার ডিফেন্ডারের পায়ে লাথি মেরে লাল কার্ড দেখেন। ফিফার নিজস্ব আইন অনুযায়ী ১টা ম্যাচে তাঁর নিষিদ্ধ হওয়ার কথা, ১৯৬২-র বিশ্বকাপ থেকে এর কোনও ব্যত্যয় ঘটেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসরে নেমে ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনোকে ফোন করে রিভিউ করার নির্দেশ দেন। রবিবার ফিফার ডিসিপ্লিনারি কমিটি কোনও এক ‘অব্যবহৃত’ ক্লজ আবিষ্কার করে এবং লালকার্ডের প্রয়োগ বাতিল করে এবং বালোগান সিধে পরের ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে খেলতে নেমে যান, যেন লালকার্ডের ঘটনাটা ঘটেইনি। ইনফ্যান্তিনো নির্লজ্জের মতো সাফাই দিয়ে যান, যে এটা ফিফার স্বাধীন সিদ্ধান্ত। কিন্তু প্রেসিডেন্ট ফোন করলে ফিফার আইনজ্ঞদের সেটা ধরতেই হয়। স্বভাবতই বেলজিয়াম ফুটবল ফেডারেশন অভিযোগ জানায়, ফিফা একটা ‘রেড লাইন’ অতিক্রম করল। এর উত্তরে ফিফা জানায় বেলজিয়ামের অভিযোগের কোনও সারবত্তা নেই।[16]
৬ দিন পর গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার ১১ মিনিট বাকি থাকতে ২-০ গোলে এগিয়ে যায় মিশর। এই সময়ে তাদের ১টা গোল বাতিল হয়, একটা পেনাল্টি-আবেদনে পাত্তা দেওয়া হয় না। কোচ এবং ক্যাপ্টেন বুঝতে পারেন যে সব কার্ড তাঁদের বিরুদ্ধেই জমানো আছে, আর্জেন্টিনা ১৩ মিনিটে ৩-২ গোলে ম্যাচ জিতে যায়। বেলজিয়ামের মতোই মিশর ফেডারেশন অভিযোগ দাখিল করে। ফিফাও বেলজিয়ামকে যা বলেছিল, মিশরের ক্ষেত্রেও একই উত্তর দেয়— কিছুই ঘটেনি। ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কলিনা প্রতিটি ফোনকল স্বয়ং উত্তর দেন এবং একই কথা এক নিঃশ্বাসে আউড়ে যান— এই খেলায় অপ্রমাণিত অভিযোগের কোনও জায়গা নেই এবং এই বলে সতর্ক করেন যে অফিসিয়ালদের বেশি প্রশ্ন করলে প্রশ্নকারীদের পরিবারের জন্য তা ভালো হবে না। কোনও ‘অব্যবহৃত’ ক্লজ খুঁজে পাওয়া গেল না, কোনও অস্থায়ী সাসপেনশনও নেই, ম্যাচ টিকে গেল।
সৎ পর্যালোচনা দরকার, ঠিক কী প্রমাণ করা যাবে আর কোনটা যাবে না। মিশরের কোচ হোসাম হাসান টুর্নামেন্টের প্রথম থেকে গাজার পক্ষে দরদী বক্তব্য রেখে গেছেন টানা, একটা অবিস্মরণীয় জয় প্যালেস্তাইনের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। মাঠে নেমে উড়িয়েছেন প্যালেস্তাইনের পতাকা মুসলিম এবং আরব দুনিয়ার অসংখ্য ফুটবলপ্রেমীদের জন্য।[17] পরিণামে গোল বাতিল হয়েছে। প্রমাণ হয়েছে যে আজকের বিশ্বব্যবস্থায় বেনিফিট অব ডাউট পাবে ক্ষমতাশালীর পছন্দ, সেই অনুযায়ী রুল বেঁকবে-চুরবে। এটা বুঝতে অসুবিধা নেই, আবার এটাও সত্য যে এটা কোনও প্রত্যক্ষ ষড়যন্ত্রের প্রমাণ বহন করে না। হোসাম হাসান অবশ্য সরাসরি প্রশ্ন করেছেন যে তাঁর প্যালেস্তাইনের পক্ষ-সমর্থন তাঁর দলের জন্য নেতিবাচক হয়ে গেল কিনা। পরে অবশ্য সেই অভিযোগ থেকে সরে এসে তিনি আরও সরলতর ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন যে তাঁর ছেলেদের এমন একটা ফুটবল প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিতে হয়েছে, যা মেসি এবং আর্জেন্টিনাকে সুবিধা করে দেয়। মিশরের মতো অত তীব্র না হলেও প্যালেস্তাইনের সপক্ষে স্পেনের খেলোয়াড়রাও বলেছেন। কিন্তু ফাইনাল ম্যাচে আমাদের মতো অনেকের আশায় জল ঢেলে বিজেতা স্পেনের কারও হাতে প্যালেস্তাইনের পতাকা দেখা যায়নি মাঠে।
এখন এই বিষয়টাকে প্রমাণ করার জন্য ষড়যন্ত্র-ত্বত্তের অবতারণার প্রয়োজন নেই। পাশাপাশি দুটি ফোনকল সাজিয়ে দেখলেই চলবে। একটি ফোনকলে ৭২ ঘন্টার মধ্যে ৬২ বছরের একটা রুল পরিবর্তিত হয়ে যায়, অন্য ফোনকলের উত্তরে জানানো হয় অভিযোগ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে এই দুটি ফোনকলের মাঝেই কোথাও প্রতিষ্ঠা পেয়েছে এই লেখার সমস্ত যুক্তি-প্রতিযুক্তি। ম্যাচগুলোকে কেউ নকশা করে গড়াপেটা করেনি, কিন্তু টুর্নামেন্টের দরোয়ানরা কারও করাঘাতে অন্যের করাঘাতের তুলনায় দ্রুত সাড়া দিয়েছে। আর ওই সিংদরোজায় সামনে অপেক্ষারত সকলেই জানে কার বা কাদের করাঘাতে দরজা তাড়াতাড়ি খোলে।
টুর্নামেন্টের উপরে বিছিয়ে থাকা আকাশও একই গল্প বলে, চোখ তুলে যে তাকাবে, দেখবে। ফিফার ব্রোশারে জ্বলজ্বল করছে সুস্থায়িত্বের দাবি। গত বিশ্বকাপের উদ্যোক্তারা নিজেদের ‘কার্বন নিউট্রাল’ দাবি করেছিল। সুইস রেগুলেটররা সেই দাবি খুঁটিয়ে দেখতে গিয়ে যা আবিষ্কার করেন তা নরম করে বললে দাঁড়ায় বিভ্রান্তিকর।
এবারের টুর্নামেন্ট ছড়িয়ে ছিল ১৬টা শহর আর তার হাজার হাজার কিলোমিটার যাত্রাপথ জুড়ে। একটা উৎসব উড়ে বেড়িয়েছে বিমানপোতে। টিম, আধিকারিক, মিডিয়া, লক্ষ লক্ষ মানুষের জমায়েত। ছয় সপ্তাহ জুড়ে। টুর্নামেন্টের মাপ ও আয়োজন মুনাফার দিকে তাকিয়ে এত বড় হবে অথচ পৃথিবীর বুকে তার ভার নামবে হালকা হয়ে, তা অসম্ভব, তা শুধু ব্রোশারেই লেখা থাকে। বৃদ্ধি হচ্ছে ব্যবসার মডেল। জলবায়ুর প্রশ্ন অনেক পরে আসে।

টিকিট কাউন্টারে লেখা হল বিশ্বকাপের নিজস্ব রসিকতা
টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার ফিফা বিমানসংস্থাগুলোর মতোই গতিশীল (ডাইনামিক) পদ্ধতিতে টিকিটের দাম নির্ধারণ করল— অর্থাৎ অ্যালগরিদমের মাধ্যমে, আপনার চোখের উপরে চাহিদা অনুযায়ী যার দাম বদলে বদলে যাচ্ছিল। ফিফার অবশ্য দাবি, এর সঠিক নাম ‘ভ্যারিয়েবল প্রাইসিং’। টিকিটগুলো অবশ্য এই নামবদলের কোনও পার্থক্য টের পায়নি।
উত্তর আমেরিকা যখন এই বিশ্বকাপ আয়োজনের নিলাম ডেকেছিল বিড-বইয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ফাইনালের একটা টিকিটের সর্বোচ্চ মূল্য হবে দেড় হাজার ডলার। কিন্তু ২০২৬ সালের এপ্রিল নাগাদ ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দাম পৌঁছায় ৫,৭৮৫ ডলারে। আরও দামি স্তরের টিকিটের মূল্য ৩০,০০০ ডলার ছাড়িয়ে যায়। আর ফিফার নিজস্ব অফিসিয়াল পুনর্বিক্রয় (রিসেল) প্ল্যাটফর্ম— যেটা নাকি একমাত্র বৈধ মাধ্যম— যেখানে প্রতিটি লেনদেন থেকে ফিফা প্রায় ৩০ শতাংশ কমিশন কেটে নিয়েছে। সমর্থকদের মরিয়া আকাঙ্ক্ষার ওপর দুবার কর বসিয়েছে— সেখানে টিকিটের তালিকাভুক্ত মূল্য ২০ লক্ষ ডলার পর্যন্ত উঠেছিল। ঘন্টার পর ঘন্টা মন্দিরে দর্শনার্থী-ভক্তের মতো সমর্থকেরা অনলাইন ওয়েটিং রুমে অপেক্ষা করেছেন মন্দিরের প্রণামী সম্পর্কে আগাম কোনও ধারণা ছাড়াই।
১০৪টে ম্যাচের মধ্যে ৯০টারই টিকিটের দাম বেড়েছিল। ভালোবাসা, আবেগকে পুঁজি করে পরিচালিত একচেটিয়া বাজারব্যবস্থার (monopoly economics) খাঁটি পরীক্ষা-নিরীক্ষা। একজন বিক্রেতা, বিকল্প-বিহীন আর ক্রেতার নাছোড় আবেগ হয়তো তার তিন প্রজন্মে বহতা বাসনা। এই ভালোবাসার মূল্য কত?
দুই দিক থেকেই একসঙ্গে উত্তর এসে গেল। নিউ ইয়র্ক ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা আনুষ্ঠানিক তদন্ত শুরু করলেন, পুরো ব্যবস্থাটা অতিরিক্ত অর্থ আদায় করে জনগণকে প্রতারিত করেছে কি না তা খতিয়ে দেখার জন্য। এই অঙ্গরাজ্য দুটো ফাইনাল ম্যাচের আয়োজক ছিল। অন্যদিকে সমর্থকেরা নিজেদের নীরব রায় দিলেন, তাঁরা বাড়িতেই রইলেন। কিক-অফের দু-দিন আগে পর্যন্তও প্রায় দুই লক্ষ আশি হাজার টিকিট অবিক্রীত পড়ে ছিল। সেমিফাইনাল, এমনকি ফাইনালের টিকিটও ক্রেতার অভাবে পড়ে ছিল। জুনের শুরুতে ফিফা প্রমাদ গুণল, শেষ পর্যন্ত নতি স্বীকার করে ১০৪টি ম্যাচের সবকটির টিকিটের দাম কমিয়ে দিল। নিজেদের জন্য আগাম সংরক্ষিত হোটেলকক্ষের সত্তর শতাংশ ফেরত দিল। তখন একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একে ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ বলে ঘোষণা করছিলেন, আর ফিফার প্রেসিডেন্ট দাম নিয়ে ক্ষুব্ধ সমর্থকদের বলছিলেন, তারা যেন “শান্ত হয়”। এরপর কিছুটা জাঁকজমক করেই ৬০ ডলারের একটি “Supporter Entry Tier” চালু করা হল। কিন্তু সেটা ছিল আশি হাজার আসনের স্টেডিয়ামে মোটামুটি হাজারখানেক আসনের জন্য। বিরাট ক্ষত ঢাকার জন্য একটা ছোট্ট ডুমুরপাতা। খালি আসনগুলোকে ফুটবলের পরাজয় বলে বোধ হলেও আসলে ওগুলো সাক্ষ্য। ফিফার বিশ্বকাপ মূল্য নির্ধারণের ভিত্তি ছিল একটা ধারণা— মানুষের আনুগত্য ও আবেগ যেন সূর্যালোকের মতো এক প্রাকৃতিক সম্পদ— অসীম, বিনামূল্যে মেলে এবং সেই আবেগ প্রত্যাখ্যান করতে জানে না। কিন্তু মানুষ প্রত্যাখ্যান করেছিলেন। প্রত্যাখ্যানের মধ্যে দিয়েই তাঁরা এই সমগ্র প্রবন্ধে বারবার ঘুরে আসা এক মৌলিক অর্থনৈতিক সত্যকে প্রমাণ করেছেন। মূল্য কখনওই ফিফা নির্ধারণ করতে পারে না। মানুষের ভিড়ই মূল্য নির্ধারণ করে। মানুষ না থাকলে তার অস্তিত্বই থাকে না। আশি হাজার আসনের একটা শূন্য স্টেডিয়াম আসলে শুধু একটা স্থাপত্য— তার বেশি কিছু নয়।
সমর্থকেরা এর আগেও তা প্রমাণ করেছেন। ২০২১ সালে পৃথিবীর সবচেয়ে ধনী বারোটি ক্লাব একটা বিচ্ছিন্ন ইউরোপীয় সুপার লিগ গঠনের ঘোষণা দিয়েছিল— ব্যাঙ্কারদের নকশা করা একটা বদ্ধ প্রতিযোগিতা। সেই ক্লাবগুলোর সমর্থকেরা রাস্তায় নেমে আসেন এবং মাত্র আটচল্লিশ ঘণ্টার মধ্যে সেই পরিকল্পনাকে ভেস্তে যায়। এই শতাব্দীতে ধনকুবেরদের দ্রুততম পরাজয় ছিল সেটা। সঙ্গে যোগ করুন SoFi শ্রমিকদের আন্দোলন ও ওয়াক-অফ ধারাকে (walk-off clause) জয়যুক্ত করা, সম্প্রদায়ভিত্তিক মালিকানার দাবিতে আন্দোলন, বর্ণবাদের বিরুদ্ধে সংগঠিত গ্যালারিসমূহ— যেগুলো যেকোনও ফুটবল ফেডারেশনের চেয়েও দ্রুত পদক্ষেপ নিয়েছে বা নিতে পারে। ফুটবল বারবার ধনকুবেরদের নিয়ন্ত্রণের বাইরে পালিয়ে যায়। খেলাটা উদ্ভাবন করেছিলেন এমন কিছু মানুষ, যাঁদের নিজের কিছুই ছিল না। আর ফুটবলও কখনও পুরোপুরি ভুলে যায়নি যে, শেষ পর্যন্ত সে সেইসব মানুষের।
ব্লাটারের পতন গল্পের সমাপ্তি ছিল না। আর ইনফান্তিনোর শাসনও কোনও সংস্কার-পর্ব নয়। বিছানার চাদরের আড়ালে ঘুষের খাম লেনদেনকারীদের জায়গা নিয়েছে আরও দক্ষ একটা ব্যবস্থা— এমন একটা যন্ত্র, যার আর খামের প্রয়োজন হয় না। তার নিয়ন্ত্রণে রয়েছে উৎসবের সিং-দরোজা, পুরস্কারের মঞ্চ, পুনর্বিক্রয়ের বাজার এবং সভাকক্ষের হাততালি। ব্লাটারের কেলেঙ্কারি শুধু দুর্নীতি ছিল না। ফিফার পুরনো ইতিহাস ঘাঁটলে দুর্নীতি ও ক্ষমতার মাখামাখিতে লিপ্ত তার পাতাগুলো, ফুটবল আর তাকে দখল নেওয়ার চেষ্টার সাক্ষ্য। ১৯৩৪-১৯৩৮, ফ্যাসিবাদী কব্জায় বিশ্বকাপ। ১৯৭৮-এ একনায়কতন্ত্রী আর্জেন্টিনার গাজোয়ারির ঘিরে বিতর্কের অন্ত হয়নি আজও। আর ২০১৪-তে ব্রাজিল বিশ্বকাপের আগে ফিফার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে সে-দেশের জনবিক্ষোভ তো ইতিহাস। অথবা ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বিডিং-দুর্নীতি। দুর্নীতির চেয়েও যেটা গুরুতর, প্রকৃত কেলেঙ্কারি সেটা হল ঘেরাও করে খেলাটাকে প্রায় ব্যক্তিগত মালিকানায় নিয়ে নেওয়া (enclosure)— নীরব, আইনসম্মত, শতাব্দীব্যাপী সেই প্রক্রিয়া, যার মাধ্যমে সবার তৈরি করা একটা খেলা এমন একটা বিনোদনের রূপ নেয়, যা শেষ পর্যন্ত মাত্র কয়েকজন বিক্রি করতে পারে।
এতসবের পর জিজ্ঞাসা করার মতো একটাই প্রশ্ন বেঁচে থাকে। ফুটবল কি মাটির পৃথিবীর? এই ধরনের কাঁচা প্রশ্নের অবশ্য তোয়াক্কা করে না সে। ফুটবল তো প্রথম থেকেই মাটির পৃথিবীর— একগোছা ন্যাকড়ার পুঁটুলি যেদিন প্রথম মাটির বুকের উপর দিয়ে গড়িয়ে গেছিল এক নগ্ন পা থেকে অন্য মাটিমাখা পায়ে, সেদিন থেকেই। প্রশ্নটা হল প্রবেশের সিং-দরোজার নিয়ন্ত্রণটা কার হাতে থাকবে? অসংখ্য মানুষ গড়ে তুলেছে এই আকণ্ঠ আনন্দের খেলা, এই সবুজ মাঠ, তারা কি এর ওপর দাঁড়ানোর জন্য সু-উচ্চ ভাড়া গুণে যাবে, নাকি সে ভাববে— যেমন সুপার লিগের সমর্থকেরা ভেবেছিল, যেমন সোফি স্টেডিয়ামের শ্রমিকেরা ভেবেছিলেন, যেমন এক লক্ষ আশি হাজার খালি আসন প্রমাণ করে দিল— যে-কোনও চেকিং-গেট কার্যকর হতে পারে তখনই, যদি মানুষ স্বেচ্ছায় তার সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে রাজি থাকে।
আজ ঘরডাকা গোধূলিতে, ঢাকা বা ডাকারে, কিংবা বাংলার কোনও ধুলোমাখা গলিতে, কোনও শিশু দেওয়ালের গায়ে ছুড়ে দিচ্ছে বল, ডান বা বাঁ-পায়ের লাথিতে। দেওয়ালটুকুই তার ডার্বিরাতের সল্টলেক স্টেডিয়াম। কানের পাশ দিয়ে বিপরীতে ছুটে যাওয়া বাতাস তার দর্শকের গর্জন। কেউ তার কাছ থেকে এর জন্য এক পয়সা নেয়নি, কোনও অ্যালগরিদম তার স্বপ্নের দাম বেঁধে দেয়নি। এই তো ফুটবল। টোলগেট তৈরি হওয়ার অনেক অনেক আগে এর জন্ম, আর টোলগেট একদিন ভেঙে যাবে, তারপরও বেঁচে থাকবে সে। ২০২৬ সালের বিশ্বকাপ— যার রেকর্ড আয়, নিষিদ্ধ হওয়া সমর্থক, আর বিশ লক্ষ ডলারের টিকিট— দেখিয়ে দেয় বটে পুঁজি সেই স্বপ্নকে চক্রবৃদ্ধি সুদে ধার নিয়ে কীভাবে মুনাফার যন্ত্রে পরিণত করতে পারে।
কিন্তু তাদের মনে রাখা উচিত, সেই স্বপ্ন কোনও চুক্তিপত্রে স্বাক্ষর করেনি, তাকে বন্ধক রাখা চুক্তিপত্র একদিন সে ছিঁড়ে উড়িয়ে দেবে।

[1] Carlisle, Jeff. Iran players: U.S. visa policies creating World Cup ‘tension’. ESPN. Jun 10, 2026.
[2] Iran says ticket allocation for World Cup withdrawn days before tournament. Reuters. Jun 9, 2026.
[3] Tait, Robert. An ideological tug-of-war: the pressures facing Iran’s World Cup squad in US. Guardian. Jun 12, 2026.
[4] Gibson, Owen & Gayle, Damien. Fifa officials arrested on corruption charges as World Cup inquiry launched. Guardian. May 27, 2015.
[5] Noble, Josh. Fifa’s moment of truth. FT. Jun 14, 2025.
[6] Hughes, Matt. Dazn targets rights for Champions League in latest football move involving Saudi Arabia. Guardian. Oct 22, 2025.
[7] Wrack, Suzanne. Dick, Kerr Ladies decorate Deepdale with the resplendent tribute they deserve. Guardian. Dec 26, 2017.
[8] Saudi Arabia launch bid to host the 2034 World Cup. Reuters. Mar 2, 2024.
[9] Kelly, Annie. Ten years of hurt: how the Guardian reported Qatar’s World Cup working conditions. Nov 19, 2022.
[10] Caroll, Rory. SoFi Stadium workers urge FIFA to bar ICE from World Cup, threaten strike. Reuters. Apr 7, 2026; Taxin, Amy. Stadium workers near Los Angeles vote to authorize a strike days before the World Cup begins. AP. Jun 6, 2026.
[11] DAYS BEFORE WORLD CUP, SOFI STADIUM WORKERS WIN HISTORIC CONTRACT — AND RESERVE THE RIGHT TO STRIKE IF ICE THREATENS SAFETY. Unite Here Local 11. Jun 9, 2026; Caroll, Rory. SoFi Stadium workers reach tentative contract days before World Cup. Jun 10, 2026.
[12] Kim, Seung Min & Lee, Mathew. Foreign ticket holders from World Cup qualifying countries won’t have to pay bonds to enter US. AP. May 14, 2026.
[13] Bushnell, Henry. The 2026 World Cup will attract millions of foreign fans. Will the U.S. grant them visas? Yahoo Sports. Jan 15, 2025.
[14] US denies Somali World Cup soccer referee entry because of ‘security threat’. Reuters. Jun 9, 2026.
[15] G, Sandip. Al Qaeda killed his father. His brother vanished. He sent Iraq to World Cup. Indian Express. Jun 17, 2026.
[16] Nair, Rohith. FIFA rejects Belgium challenge over US striker Balogun’s eligibility for World Cup clash. Jul 6, 2026.
[17] Calonge, Lorenzo. Hossam Hassan, the Palestinian cause of the Egypt coach. El Pais. Jul 7, 2026.



আপনার মতামত...