শুভজিৎ বসাক
রাষ্ট্র ও প্রশাসন যখন সরকারি স্কুলের এই চরম কঙ্কালসার ও বৈষম্যমূলক বাস্তবতাকে পুরোপুরি আড়াল করতে চায়, তখনই তারা হাতিয়ার করে এই জাতীয় শিক্ষানীতি ২০২০-কে। এই নীতি খুব কায়দা করে নিদান দিচ্ছে— "অনলাইন শিক্ষা, ডিজিটাল এডুকেশন ও ভার্চুয়াল ল্যাবই হল একবিংশ শতাব্দীর একমাত্র ভবিষ্যৎ।" প্রশ্ন, যেখানে গ্রামীণ ও মফস্বলের শ্রমজীবী মানুষের ঘরে দু-বেলা ঠিকমতো নুন আনতে পান্তা ফুরোয়, যেখানে ইন্টারনেটের রিচার্জ করার পয়সা জোটে না বা একটা সামান্য স্মার্টফোন কেনা বিলাসিতা, সেখানে ঢালাও অনলাইন এডুকেশনের ওকালতি করার আসল উদ্দেশ্য কী? আমাদের শিক্ষক সংগঠনের সার্ভেতে স্পষ্ট দেখা গেছে, করোনাকালে জোর করে চাপানো অনলাইন শিক্ষায় গ্রামে ও মফস্বলে মাত্র ৭ থেকে ৮ শতাংশ শিক্ষার্থী ন্যূনতম অংশ নিতে পেরেছিল। এই বাস্তবতা জেনেও যখন শিক্ষানীতি একে আইনি সিলমোহর দেয়, তার সোজা অর্থ হল— দরিদ্র, আদিবাসী, দলিত ও সর্বহারা ঘরের কোটি কোটি শিক্ষার্থীকে উচ্চশিক্ষা ও আধুনিক বিজ্ঞানের আঙিনা থেকে স্থায়ীভাবে, প্রাতিষ্ঠানিকভাবে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং শিক্ষাকে স্রেফ ডিজিটাল কর্পোরেটদের বাণিজ্যের চারণভূমি বানানো
ভূমিকা: সংকটের ভরকেন্দ্র ও শাসকশ্রেণির সুচতুর রূপান্তর
শিক্ষা কোনও বিচ্ছিন্ন, অবস্তুগত দ্বীপ নয়; তা হল একটি নির্দিষ্ট অর্থনৈতিক শ্রেণি-সমাজ ও রাষ্ট্রকাঠামোকে টিকিয়ে রাখা বা শোষিতের প্রতিরোধকে গোড়াতেই ভেঙে ফেলার সবচেয়ে শক্তিশালী, সুসংবদ্ধ আইডিওলজিক্যাল রাষ্ট্রীয় হাতিয়ার। দীর্ঘদিন ধরে আমাদের এ রাজ্যে এবং সামগ্রিকভাবে এ দেশে শিক্ষাক্ষেত্রকে কেন্দ্র করে এক সুচতুর খেলা চালানো হচ্ছে। আগের তৃণমূল সরকার যে ‘নতুন শিক্ষানীতি’ (NEP 2020)-কে উপরে উপরে লোকদেখানো বাচনিক বিরোধিতা করার ভান করেছিল, আসলে ভেতরে ভেতরে প্রশাসনিক স্তরে এবং সিলেবাস কমিটির পিছনের দরজা দিয়ে সেই নীতিরই মূল নির্যাসকে এ রাজ্যের শিক্ষাঙ্গনে অত্যন্ত নির্লজ্জভাবে প্রবেশ করাতে চেয়েছিল। আর এখন, কেন্দ্রের শাসকদল কোনও রাখঢাক না রেখে, সরাসরি, খুল্লমখুল্লা গায়ের জোরে এবং কর্পোরেট অ্যাজেন্ডা মেনে এই নীতিকে চাপিয়ে দিচ্ছে। এই দুই শাসকের কোনও মৌলিক তফাত নেই; উভয়েই আন্তর্জাতিক কর্পোরেট পুঁজি এবং দেশীয় দক্ষিণপন্থী ফ্যাসিবাদের যৌথ স্বার্থের পরম অনুগত ও আজ্ঞাবাহী। ইলেকটোরাল বন্ড এই ক্ষেত্রে বিচার্য হতে পারে। একটি দল যখন কর্পোরেটের জমি, সস্তার শ্রম ও বেসরকারিকরণের পরিকাঠামো প্রস্তুত করে দেয়, অন্য দল তখন রাষ্ট্রীয় আইনি সিলমোহর ও ক্ষমতার পুলিশি দণ্ড দিয়ে মানুষের শেষ গণতান্ত্রিক প্রতিরোধটুকু ভেঙে দেয়।
শ্রমজীবী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আমাদের আজ এই সর্বগ্রাসী শিক্ষানীতির মুখোমুখি দাঁড়িয়ে এর ভেতরের শ্রেণি-শোষণ, কর্পোরেট মুনাফা শিকার, বর্ণাশ্রমের সুপ্ত পুনরুত্থান ও মগজ ধোলাইয়ের কুৎসিত ব্লু-প্রিন্টটাকে সম্পূর্ণ উন্মোচিত করতে হবে। এটিকে কোনও সাধারণ শিক্ষাগত সংস্কার, আধুনিকীকরণ বা প্রযুক্তির বিকাশ বলে গুলিয়ে ফেললে আমাদের ঐতিহাসিক ভুল হবে; এটি আসলে ভারতের শিক্ষাব্যবস্থার এক বিপজ্জনক “প্যারাডাইম শিফট” বা দার্শনিক ভিত্তিভূমিটাই পুরোপুরি বদলে দেওয়ার দীর্ঘমেয়াদি চক্রান্ত। স্বাধীনতার পর কোঠারি কমিশন সরকারি বিদ্যালয় শিক্ষাকে সর্বজনীন করার, রাষ্ট্রের অর্থে সমান সুযোগ তৈরি করার এবং বেসরকারি বাণিজ্যিক পুঁজিকে শিক্ষাক্ষেত্র থেকে ক্রমশ শুকিয়ে মারার যে ন্যূনতম ওয়েলফেয়ার স্টেট বা রাষ্ট্রীয় দায়বদ্ধতার স্বপ্ন দেখিয়েছিল, এই ২০২০-র নীতি তাকে সমূলে উপড়ে ফেলছে। এরা রাষ্ট্রকে শিক্ষা দেওয়ার মৌলিক সাংবিধানিক দায়িত্ব থেকে সম্পূর্ণ মুক্ত করছে। শিক্ষাকে স্রেফ একটি নিখাদ বাণিজ্যিক পণ্য এবং বিশ্বব্যাঙ্ক ও আন্তর্জাতিক অর্থদাতা সংস্থাগুলোর নির্দেশিত মুনাফা শিকারের অবাধ চারণভূমিতে রূপান্তরিত করাই এই চালের আসল উদ্দেশ্য। এই সর্বগ্রাসী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েই, শ্রেণিসচেতনতার ক্ষুরধার অস্ত্রকে সম্বল করে, আমাদের আজকের এই আলোচনাসভা থেকে প্রতিরোধের বাস্তব রূপরেখা ও যৌথ আন্দোলনের ডাক তৈরি করতে হবে।
১. বালবাটিকা ও ইসিসিই (ECCE): শৈশবগ্রাসের কর্পোরেটবাণিজ্য এবং প্রাক-প্রাথমিক স্তরে শ্রেণি-বৈষম্যের প্রাতিষ্ঠানিক রূপ
জাতীয় শিক্ষানীতির প্রথম ৫ বছরের কাঠামোর (৫+৩+৩+৪) দিকে তাকালে এক পরম হিতৈষী, কল্যাণকামী রূপকথা চোখে পড়ে। ৩ বছর বয়স থেকে শিশুদের ‘বালবাটিকা’ বা অঙ্গনওয়াড়িতে এনে খেলাধুলো, সুর আর প্রকৃতির সঙ্গে মাখামাখি করিয়ে বড় করার এক চমৎকার মনস্তাত্ত্বিক মায়াজাল বোনা হয়েছে। বলা হয়েছে, এই স্তরে শিশুদের কোনও নির্দিষ্ট সিলেবাস থাকবে না, বইয়ের বোঝা থাকবে না, পরীক্ষাপদ্ধতি থাকবে না; শিশুরা স্রেফ আনন্দের মধ্যে দিয়ে সংখ্যা, রং ও প্রকৃতির রূপ চিনবে। কিন্তু এই তাত্ত্বিক রূপকথার খোলসটি ছাড়িয়ে বাস্তব মাটির দিকে তাকালেই কর্পোরেট শোষণের ও রাষ্ট্রীয় দায়িত্ব এড়ানোর এক কুৎসিত ও নগ্ন রূপ আমাদের সামনে উন্মোচিত হয়।
বাস্তবতা হল, ভারতের এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর বর্তমান পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। প্রায় অর্ধেক কেন্দ্রে ন্যূনতম ব্যবহারের মতো পাকা ঘর নেই, শিশুদের জন্য সুপেয় পানীয় জলের ব্যবস্থা নেই, আলো-পাখা নেই এবং সবচেয়ে লজ্জাজনক হল— অধিকাংশ কেন্দ্রে কোনও শৌচাগারই নেই। সেখানে মাত্র একজন বা দুজন কর্মী নিজেদের নাভিশ্বাস তুলে, নামমাত্র সরকারি ভাতার বিনিময়ে, এলাকার অন্ত্যজ ও দরিদ্র শিশুদের প্রাথমিক পুষ্টি ও টিকাকরণের কাজটুকু কোনওরকমে চালান। এই সম্পূর্ণ কঙ্কালসার পরিকাঠামোর ওপর হঠাৎ এই বিপুল আধুনিক প্রাক-প্রাথমিক শিক্ষার দার্শনিক বোঝা চাপানো হচ্ছে কার স্বার্থে?
শিক্ষানীতি বলছে, এই স্তরের রূপায়ণের জন্য বর্তমান অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোনে অনলাইনে ছ-মাস বা এক বছরের বিশেষ ‘প্রফেশনাল ডিপ্লোমা’ ট্রেনিং নিতে হবে, যার পোশাকি নাম দেওয়া হয়েছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন (ECCE)। এখানেই লুকিয়ে আছে আন্তর্জাতিক অর্থদাতা সংস্থা ও দেশীয় পুঁজিপতিদের চরম মুনাফাশিকারের সুচতুর ফন্দি। রাষ্ট্র এই বিপুল সংখ্যক কর্মীর প্রফেশনাল ট্রেনিংয়ের বিন্দুমাত্র আর্থিক বা পরিকাঠামোগত দায়িত্ব নিজের কাঁধে নেবে না। নীতিতে অত্যন্ত ধূর্ততার সঙ্গে লিখে দেওয়া হয়েছে যে, কর্মীরা কাজ করতে করতেই অনলাইনে নিজেদের খরচে এই কোর্স করে নেবেন। এর ফল কী হচ্ছে? আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় কর্পোরেট ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এবং বিভিন্ন প্রাইভেট কনসালটেন্ট সংস্থা এই এনইপি-র সুযোগ নিয়ে হাজার হাজার টাকা সেমিস্টার ফির বিনিময়ে ‘ইসিসিই’ কোর্সের রমরমা দোকান খুলে বসেছে। আশ্চর্যের বিষয় হল, এই আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাগ বেহার নিজেই কিন্তু এই জাতীয় শিক্ষানীতির ড্রাফটিং কমিটির অন্যতম প্রধান সদস্য ছিলেন। অর্থাৎ, কমিটির সদস্য হিসেবে নিজেই প্রথমে সরকারি নীতিতে বাধ্যতামূলক কোর্সের নিদান দিলেন, আর নিজের কর্পোরেট সংস্থায় সেই কোর্সের কয়েক হাজার টাকার প্যাকেজ তৈরি করে ব্যবসার ভিত সাজালেন! একেই বলে কর্পোরেটের সঙ্গে ফ্যাসিবাদের যৌথ মেলবন্ধন।
একজন ক্ষেতমজুর, গরিব চাষি বা ভ্যানচালকের পরিবারের যে নারী অঙ্গনওয়াড়ি কর্মীর সামান্য ভাতায় নিজের সংসার চলে না, তিনি কোথা থেকে এই প্রফেশনাল কোর্সের জন্য ৫০ হাজার বা এক লক্ষ টাকা জোগাড় করবেন? এর অর্থ খুব পরিষ্কার এবং ভয়ঙ্কর— পরিকল্পিতভাবে বর্তমান দরিদ্র ও অনগ্রসর সরকারি কর্মীদের এই পরিকাঠামো থেকে ছিটকে দেওয়া হবে। আর যে বিশাল শূন্যস্থান তৈরি হবে, সেখানে টাকার জোরে ডিগ্রি কিনে আনা বেসরকারি ওনারদের অনুগত ট্রেইনাররা ঢুকে পড়বে।
শুধু তাই নয়, এই শিক্ষানীতি সরাসরি ঘোষণা করেছে যে, বেসরকারি উদ্যোগ ও তথাকথিত ফিলানথ্রপিক অর্গানাইজেশনগুলোকে (যার আড়ালে মূলত আরএসএস-এর বিদ্যা ভারতী বা সরস্বতী শিশু মন্দিরের মতো দক্ষিণপন্থী ভাবাদর্শের আখড়াগুলো চলে) এই স্তরে অবাধ ছাড় দেওয়া হবে, তাদের কাজে কোনওরকম ‘রেগুলেটরি উৎপাত’ করা যাবে না। ৪২ তলা বিল্ডিংয়ের পুঁজিপতির সন্তান আর ক্ষেতমজুরের সন্তান কোনওদিনই এক সরকারি অঙ্গনওয়াড়ির ধুলোবালিতে পড়তে আসবে না। পুঁজিপতিদের সন্তানরা যাবে ঝাঁ-চকচকে কর্পোরেট প্লে-স্কুলে, আর দরিদ্র ঘরের শিশুরা পড়ে থাকবে জীর্ণ অঙ্গনওয়াড়ির ভাঙা ঘরে।
এটি আসলে শৈশব থেকেই শ্রেণি-বিভাজনকে স্থায়ী রূপ দেওয়ার এবং কর্পোরেটদের জন্য কোটি কোটি টাকার এক নতুন এডু-বিজনেস বাজার খুলে দেওয়ার এক সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক চক্রান্ত। শৈশবের এই আনন্দদায়ক শিক্ষার আড়ালে লুকিয়ে থাকা শ্রেণি-শোষণের এই কদর্য রূপটিকে আমাদের মগজে এবং রাস্তায় নেমে তীব্রভাবে প্রতিরোধ করতেই হবে।
২. পলিটেকনিক ও কারিগরি শিক্ষা: সস্তার কুলি-মজুর তৈরির কারখানা এবং সামাজিক উৎপাদন থেকে শ্রমিকের পরিকল্পিত বিচ্ছিন্নকরণ
ভারতবর্ষে দীর্ঘ ৮২ বছরের ঐতিহ্যবাহী পলিটেকনিক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও আইটিআই শিক্ষাক্রমকে এই নতুন শিক্ষানীতিতে যেভাবে অবজ্ঞা করা হয়েছে, তা এক চরম শ্রেণি-ক্রোধের জন্ম দেয়। গোটা খসড়া দলিলের কোথাও এই বিশাল কারিগরি শিক্ষাব্যবস্থার কোনও ভিশন বা দূরদর্শী দৃষ্টিভঙ্গি নেই। পলিটেকনিক শব্দবন্ধটিকে ভোকেশনাল শিক্ষার একটি অতি সাধারণ লেজুড় হিসেবে মাত্র একবার ৪৪ নম্বর পাতায় উল্লেখ করে ছেড়ে দেওয়া হয়েছে। কেন এই ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা এবং চরম অবহেলা? এর পেছনে রয়েছে বৈশ্বিক পুঁজি এবং দেশীয় বৃহৎ পুঁজিপতিদের এক সুগভীর ও চতুর চক্রান্ত, যা আমাদের শ্রেণি-চোখ দিয়ে চিনে নিতে হবে।
স্বাধীনতার পর থেকে এই দেশের পলিটেকনিক শিক্ষাক্ষেত্রটি ছিল মূলত সামাজিক-অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশ, মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র সর্বহারা পরিবারের মেধাবী সন্তানদের জীবনযুদ্ধের প্রধান হাতিয়ার। ১৬ বছর বয়সে মাধ্যমিক পাশ করে ১৯ বা ২০ বছরের মধ্যে একটি সম্মানজনক সুপারভাইজরি লেভেলের কারিগরি চাকরিতে ঢুকে নিজের পরিবারের আর্থিক হাল ফেরানোর একমাত্র ভরসা ছিল এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। ১৯৯৩-এর ইউএসএসআর পুশকিন মডেল বা পরবর্তীতে আমাদের দেশের কোঠারি কমিশন ও দামোদরন কমিটির মূল নির্যাস ছিল— কারিগরি শিক্ষার সঙ্গে মৌলিক বিজ্ঞানের নিবিড় সম্পর্ক থাকতে হবে। দামোদরন কমিটি পরিষ্কার বেঁধে দিয়েছিল যে সিলেবাসের ৫০ শতাংশ থাকবে হাতে-কলমে ওয়ার্কশপ বা ল্যাবরেটরি ট্রেনিং, ৩০ শতাংশ থাকবে মৌলিক বিজ্ঞান (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স)— যা দিয়ে শিক্ষার্থী উৎপাদনের পেছনের বিজ্ঞানকে বুঝতে পারবে, আর ২০ শতাংশ থাকবে ইকোনমিক্স ও ম্যানেজমেন্ট। অর্থাৎ, কারিগরি শিক্ষা ও সাধারণ শিক্ষার মেলবন্ধনে তৈরি হত এমন এক ‘সামাজিক উৎপাদন’ (Social Production)-এর বোধ, যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা শপ ফ্লোরের সাধারণ শ্রমিকের সঙ্গে ডিগ্রি ইঞ্জিনিয়ারের ডিজাইনের মেলবন্ধন ঘটাতেন।
২০১৯ সালের মডেল সিলেবাস এবং ২০২০-র এনইপি এই গোটা বিজ্ঞানভিত্তিক ও উৎপাদনমুখী দর্শনটাকে এক কোপে ধূলিসাৎ করে দিল। নতুন পুঁজিপতি-বান্ধব মডেলে সবচেয়ে বড় আঘাত আনা হয়েছে কারিগরি শিক্ষার অক্সিজেন সাপ্লাইলাইন— হাতে-কলমে ওয়ার্কশপ শিক্ষার ওপর। এতদিন পলিটেকনিকে একজন শিক্ষার্থীকে গোটা এক বছর ধরে দুটি সেমিস্টার ব্যাপী ৫০ ঘণ্টার বেশি সময় ধরে লেদ মেশিন, কার্পেন্ট্রি, ফিটিং, ওয়েল্ডিং শপে নিজে ডিজাইন করে, মাপজোক করে একটি বাস্তব প্রোডাক্ট (ধরা যাক একটি লোহার কলম বা যন্ত্রাংশ) তৈরি করতে হত। এর ফলে উৎপাদনের সামগ্রিক চেইন সম্পর্কে তার মগজে এক সম্যক ধারণা তৈরি হত। নতুন সিলেবাসে এই এক বছরের ওয়ার্কশপ কেটে মাত্র ছ-মাস করে দেওয়া হয়েছে, আর সেখানে ছটি আলাদা শপ ঢুকিয়ে দিয়ে শিক্ষার্থীর প্রতি শপে কাজের সময় নামিয়ে আনা হয়েছে মাত্র ৮ থেকে ১০ ঘণ্টায়।
৮ থেকে ১০ ঘণ্টায় কোনওদিন কোনও কারিগরি বিদ্যা বা প্রোডাক্ট তৈরি শেখা যায় না। তাহলে শিক্ষার্থী শিখবে কোথায়? ঠিক এখানেই থাবা বসিয়েছে কর্পোরেট বাজার। মহামারিকালে বাইজুসের মতো সংস্থা যেভাবে হাজার হাজার কোটি টাকার মুনাফা লুটেছিল, ঠিক তেমনি বেসরকারি কর্পোরেট প্লেয়াররা এখন ভার্চুয়াল রিয়ালিটি (VR) এবং “ভার্চুয়াল ল্যাব”-এর দোকান খুলে বসেছে। কাগজের ওপর বা কম্পিউটারের স্ক্রিনে ভার্চুয়ালি বোতাম টিপে লোহা কাটার মেকি শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের ডিগ্রি ধরিয়ে দেওয়া হচ্ছে। এর সঙ্গে সিলেবাস থেকে কেমিস্ট্রিকে অর্ধেক করা হয়েছে, ইকোনমিক্সকে বাদ দেওয়া হচ্ছে, আর সেই শূন্যস্থানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যোগা, বেদান্তিক পাঠ বা শাসকশ্রেণির নিজস্ব আইডিওলজির কিছু ফরম্যাট।
শ্রেণিসচেতন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন, একজন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা সিভিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি কেমিস্ট্রির মেটালার্জি না শেখে, মেটেরিয়াল সায়েন্সের ফিজিক্স না বোঝে, তবে সে তো অন্ধ এবং বোবা যন্ত্রে পরিণত হবে। শাসকশ্রেণি ঠিক এটাই চায়। তারা কোনও চিন্তাশীল, উৎপাদনের জটিল সমীকরণ বুঝতে পারা সচেতন টেকনোক্র্যাট চায় না; তারা চায় কারখানার শপফ্লোরের জন্য সস্তার, আজ্ঞাবহ, মেরুদণ্ডহীন এবং দক্ষ ‘অন্ধ টেকনিশিয়ান’।
উৎপাদন সম্পর্ক বা সামগ্রিক উৎপাদন প্রক্রিয়া থেকে শ্রমিককে বিচ্ছিন্ন করে তাকে স্রেফ একটি নির্দিষ্ট বহুজাতিক কোম্পানির যন্ত্রাংশের বোতাম টেপার ‘ক্যাপসুল ট্রেনিং’ দেওয়াই এই শিক্ষানীতির মূল কারিগরি উদ্দেশ্য। ২০১৭ সালে পলিটেকনিক শিক্ষাকে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে সরিয়ে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ-এর অধীনে নিয়ে যাওয়া এবং ব্যারাকপুর আইটিআই-এর মতো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কোটি কোটি টাকার পরিকাঠামোকে সরাসরি ইলেকট্রো স্টিল কাস্টিং-এর মতো বেসরকারি কোম্পানির কুক্ষিগত করতে দেওয়ার ঘটনাই প্রমাণ করে যে, রাষ্ট্র জনগণের ট্যাক্সের টাকায় পরিকাঠামো বানিয়ে তা স্রেফ আম্বানি-আদানি বা টাটাদের মতো পুঁজিপতিদের সস্তার লেবার সাপ্লাইয়ের আখড়া বানাতে চাইছে। কারিগরি শিক্ষাকে স্রেফ ‘স্কিল ইন্ডিয়া’-র সস্তার শ্রম-কারখানায় রূপান্তরিত করার এই কর্পোরেট-ফ্যাসিস্ট চক্রান্তের বিরুদ্ধে আমাদের শ্রমিকশ্রেণি ও ছাত্রসমাজকে এককাট্টা হয়ে প্রতিরোধ গড়ে তুলতেই হবে।
৩. ইন্ডিয়ান নলেজ সিস্টেম (IKS): প্রাচীনত্বের মোড়কে ফ্যাসিবাদের মতাদর্শগত অস্ত্র এবং মগজ দখলের ইডিওলজিক্যাল চক্রান্ত
ফরাসি মার্কসবাদী চিন্তাবিদ লুই আলথুসার সমাজ ও রাষ্ট্রকাঠামো বিশ্লেষণের ক্ষেত্রে দেখিয়েছিলেন যে, শাসকশ্রেণি তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কেবল পুলিশ, মিলিটারি, লাঠি, আদালত বা জেলখানা দিয়ে (Repressive State Apparatus) মানুষকে সরাসরি দমন করে না। কারণ, গায়ের জোরের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং দীর্ঘমেয়াদি হল মানুষের মন ও মগজকে এমনভাবে কন্ডিশনিং করা, যাতে শোষিত মানুষ নিজের শোষণকে ‘স্বাভাবিক’ বলে মেনে নেয়। এই সম্মতি উৎপাদনের সবচেয়ে সূক্ষ্ম ও মারাত্মক হাতিয়ারটি হল ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস বা ভাবাদর্শগত রাষ্ট্রীয় যন্ত্র, যার প্রথম সারির চারণভূমি হল শিক্ষাপ্রতিষ্ঠান ও স্কুলের সিলেবাস। জাতীয় শিক্ষানীতি ২০২০-র পাতায় পাতায় ছড়িয়ে থাকা ‘ইন্ডিয়ান নলেজ সিস্টেম’ (IKS) বা ভারতীয় জ্ঞান পরম্পরা এবং সংস্কৃত নলেজ সিস্টেম আদতে ফ্যাসিবাদের সেই মগজ দখলের ও শ্রেণি-শোষণকে চিরস্থায়ী করার এক সুপরিকল্পিত মতাদর্শগত অস্ত্র।
আপাতদৃষ্টিতে এই জ্ঞানপরম্পরার কথা অত্যন্ত গৌরবময়, ঐতিহ্যবাহী ও জাতীয়তাবাদী শোনায়, কিন্তু এর শ্রেণিগত এবং রাজনৈতিক অন্তঃসারটি অত্যন্ত বিপজ্জনক ও চক্রান্তমূলক। এই শিক্ষানীতিতে অত্যন্ত ধূর্ততার সঙ্গে ‘ভারতীয়’ আর ‘সংস্কৃত’— এই দুটো শব্দকে সমার্থক করে তোলার এক চরম আরএসএস-মার্কা ফ্যাসিস্ট অপচেষ্টা চালানো হয়েছে। ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য বা চিন্তার ইতিহাস কোনওদিনই একরৈখিক বা একক কোনও ধর্মের সম্পত্তি ছিল না। এই ভূখণ্ডের প্রাচীন ঐতিহ্যে যেমন বেদ-উপনিষদের আধ্যাত্মিক ধারা আছে, ঠিক তেমনি তার সমান্তরালে ও প্রবল দ্বন্দ্বে লোকায়ত বা চার্বাকের চরম বস্তুভৌতিক, নাস্তিক ও বিজ্ঞানমনস্ক দর্শনও আছে। এখানে যেমন ব্রাহ্মণ্যবাদী অনুশাসনের ধারা আছে, ঠিক তেমনি তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা গৌতম বুদ্ধের মুক্তচিন্তা, জাতপাতহীন সমাজ গড়ার আহ্বান এবং সন্দেহ করার মহান তর্ক-পরম্পরা (Dialectics) আছে। এখানে তামিল ও দ্রাবিড়ীয় সভ্যতার দুই-আড়াই হাজার বছরের প্রাচীন সমতাভিত্তিক বিজ্ঞান ও ধর্মনিরপেক্ষ সাহিত্যের বিপুল ভাণ্ডার আছে, পালি ও প্রাকৃত ভাষার লোকায়ত জ্ঞান আছে। কিন্তু এই শিক্ষানীতি বুদ্ধ, চার্বাক বা দ্রাবিড়ীয় বিজ্ঞানকে আঁকড়ে ধরে না; তারা আঁকড়ে ধরে বর্ণাশ্রম প্রথার সেই প্রাচীন শোষণমূলক অনুশাসনকে।
এরা ল্যাটিন ও গ্রিক সাহিত্যের যৌথ সম্পত্তির চেয়েও সংস্কৃত সাহিত্য আয়তনে বড়— এই ধরনের সস্তা, আত্মগর্বী ও অন্ধ জাতীয়তাবাদী অহঙ্কার সরকারি দলিলে ঢুকিয়ে দিয়ে শিক্ষার্থীদের ক্রিটিক্যাল ফ্যাকাল্টি বা প্রশ্ন করার ক্ষমতাকে অবশ করে দিতে চায়। যে মানুষের মগজে সস্তা অহঙ্কার আর কুসংস্কার ঢুকিয়ে দেওয়া যায়, সে কখনও নিজের চারপাশের আসল অর্থনৈতিক শোষণ ও বেকারত্ব নিয়ে প্রশ্ন তোলে না। খড়গপুর বা গুয়াহাটি আইআইটি-র মতো বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার প্রথম সারির রাষ্ট্রীয় কেন্দ্রগুলোতে আজ কোটি কোটি টাকার বিশেষ ফান্ড পাঠিয়ে ‘ইন্ডিয়ান নলেজ সিস্টেম’-এর নামে পুষ্পক রথ বা পৌরাণিক কাহিনির কাল্পনিক উড়োজাহাজ খোঁজার প্রোজেক্ট দেওয়া হচ্ছে। আইআইটি-র ক্যালেন্ডারে আজ আধুনিক মহাকাশবিজ্ঞানের জায়গায় পৌরাণিক আখ্যানকে ধ্রুব বৈজ্ঞানিক সত্য বলে বিলি করা হচ্ছে, যাতে বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষার মূল যুক্তিবাদী রসদটাই নষ্ট হয়ে যায়।
স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সিলেবাসে ‘ভ্যালু অ্যাডেড কোর্স’-এর নামে এমন এক প্রাচীন সনাতন সংস্কৃতির পাঠ চাপানো হচ্ছে, যা প্রকারান্তরে সমাজে জাতপাত, লিঙ্গবৈষম্য এবং ব্রাহ্মণ্যবাদী বর্ণাশ্রমকে এক স্বর্গীয় ও ধ্রুব রূপ দিতে চায়। এর গভীর শ্রেণিগত উদ্দেশ্যটি অত্যন্ত পরিষ্কার। সমাজে যে তীব্র অর্থনৈতিক ও সামাজিক শ্রেণিবিভাগ এবং কর্পোরেটদের সীমাহীন লুটপাট চলছে, তাকে এই ধর্মের ও প্রাচীন ঐতিহ্যের আফিম খাইয়ে টিকিয়ে রাখা। নিম্নবর্গের, দলিত বা আদিবাসী ঘরের ছেলেমেয়েরা যখনই এই ভেঙে পড়া সরকারি শিক্ষাব্যবস্থায় বিজ্ঞান বা গণিতে সামান্য পিছিয়ে পড়বে, তখনই এই ব্যবস্থার রচয়িতারা ঐতিহ্যের দোহাই দিয়ে বলতে পারবেন— “তোমার পূর্বপুরুষের ঐতিহ্যে তো গো-পালন, দাকপন, চাষবাস বা কাঠের কাজই লেখা আছে, তুমি ওখানেই ফিরে যাও, উচ্চশিক্ষার আধুনিক ল্যাবরেটরি তোমার জন্য নয়।”
অর্থাৎ, প্রকারান্তরে এই কর্পোরেট-ফ্যাসিস্ট জোট প্রাচীন ভারতীয় সংস্কৃতির অপব্যাখ্যা করে দেশকে একবিংশ শতাব্দী থেকে টেনে নিয়ে গিয়ে আবার সেই আদিম মনুস্মৃতির যুগে আছড়ে ফেলতে চাইছে, যেখানে শিক্ষার অধিকার থাকবে কেবল মুষ্টিমেয় উচ্চবর্ণের ও উচ্চশ্রেণির পুঁজিপতিদের হাতে, আর সর্বহারা ঘরের সন্তানরা পড়ে থাকবে অন্ধ কুসংস্কারের অন্ধকারে। শাসকশ্রেণির এই মগজ দখলের আইডিওলজিক্যাল চক্রান্তকে আমাদের শ্রেণিসচেতনতা দিয়ে চিনে নিতে হবে এবং এর বিরুদ্ধে ক্ষুরধার বৈজ্ঞানিক ও যুক্তিবাদী প্রতিরোধ গড়ে তুলতে হবে।
৪. রাষ্ট্রীয় দায় এড়ানো ও বৈষম্যের প্রাতিষ্ঠানিকীকরণ: দুর্বল পরিকাঠামো আড়াল এবং অনলাইন বাণিজ্যের ছদ্মবেশ
জাতীয় শিক্ষানীতি ২০২০-র সবচেয়ে চতুর এবং সর্বনাশা অধ্যায়টি লুকিয়ে আছে এর অর্থায়ন, পরিচালনা এবং তথাকথিত ‘ডিজিটালাইজেশন’-এর কাঠামোর মধ্যে। শিক্ষার অধিকার আইন (RTE ২০০৯) অনুযায়ী প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘নো ডিটেনশন পলিসি’ বা ফেল না করানোর যে বিজ্ঞানসম্মত পদ্ধতি চালু হয়েছিল, যার পেছনে মূল লক্ষ্য ছিল— দরিদ্র, অনগ্রসর, প্রান্তিক এবং প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা যাতে পারিবারিক অনটন ও সামাজিক ধাক্কা সামলে মাঝপথে স্কুলছুট না হয়ে অন্তত একটা প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষা লাভ করতে পারে। কিন্তু আমাদের দেশের এক বড় অংশের সামন্ততান্ত্রিক ও সংস্কারাচ্ছন্ন শিক্ষক এবং অভিভাবকেরা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আড়াল করতে খুব সহজেই প্রচার করতে শুরু করলেন— “ফেল না করালে পড়াশোনা হয় না।” তারা স্কুলব্যবস্থার চরম পরিকাঠামোগত অভাব, শিক্ষকের ঘাটতি ও রাষ্ট্রের উদাসীনতাকে সম্পূর্ণ লুকিয়ে রেখে সমস্ত ব্যর্থতার দায় চাপিয়ে দিলেন একটি শিশুর অবোধ মনের ওপর।
বাস্তবতা হল, আমাদের রাজ্যে ছাত্র-শিক্ষক অনুপাত প্রাথমিক স্তরে ১:৩৯ এবং উচ্চ প্রাথমিকে ১:৫৭, যা গোটা দেশের মধ্যে অন্যতম নিকৃষ্ট ও উদ্বেগজনক। দক্ষিণ ২৪ পরগনার উত্তর কুসুমপুর হাইস্কুলে ৪,৭০০ ছাত্রের জন্য শিক্ষক আছেন মাত্র ৩৯ জন, আবার হিঙ্গলগঞ্জের একটি স্কুলে ১,২৯৬ জন ছাত্রের জন্য শিক্ষক মাত্র ১৪ জন! কোচবিহার, মালদা বা পুরুলিয়ার মতো জেলাগুলোতে প্রতি পাঁচটি সরকারি স্কুলের একটিতেও বিজ্ঞান শাখা পড়ার ন্যূনতম সুযোগ বা শিক্ষক নেই। মিড-ডে মিলের জন্য যে অর্থ বরাদ্দ করা দরকার, দেওয়া হচ্ছে তার প্রায় অর্ধেক। কম্পোজিট স্কুল গ্র্যান্ট যা দেওয়া হয়, তা বাস্তব চাহিদার তুলনায় পাঁচগুণ কম। রাষ্ট্র ও প্রশাসন যখন সরকারি স্কুলের এই চরম কঙ্কালসার ও বৈষম্যমূলক বাস্তবতাকে পুরোপুরি আড়াল করতে চায়, তখনই তারা হাতিয়ার করে এই জাতীয় শিক্ষানীতি ২০২০-কে। এই নীতি খুব কায়দা করে নিদান দিচ্ছে— “অনলাইন শিক্ষা, ডিজিটাল এডুকেশন ও ভার্চুয়াল ল্যাবই হল একবিংশ শতাব্দীর একমাত্র ভবিষ্যৎ।”
শ্রেণিসচেতন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন, যেখানে গ্রামীণ ও মফস্বলের শ্রমজীবী মানুষের ঘরে দু-বেলা ঠিকমতো নুন আনতে পান্তা ফুরোয়, যেখানে ইন্টারনেটের রিচার্জ করার পয়সা জোটে না বা একটা সামান্য স্মার্টফোন কেনা বিলাসিতা, সেখানে ঢালাও অনলাইন এডুকেশনের ওকালতি করার আসল শ্রেণিগত উদ্দেশ্য কী? আমাদের শিক্ষক সংগঠনের সার্ভেতে স্পষ্ট দেখা গেছে, করোনাকালে জোর করে চাপানো অনলাইন শিক্ষায় গ্রামে ও মফস্বলে মাত্র ৭ থেকে ৮ শতাংশ শিক্ষার্থী ন্যূনতম অংশ নিতে পেরেছিল। এই বাস্তবতা জেনেও যখন শিক্ষানীতি একে আইনি সিলমোহর দেয়, তার সোজা অর্থ হল— দরিদ্র, আদিবাসী, দলিত ও সর্বহারা ঘরের কোটি কোটি শিক্ষার্থীকে উচ্চশিক্ষা ও আধুনিক বিজ্ঞানের আঙিনা থেকে স্থায়ীভাবে, প্রাতিষ্ঠানিকভাবে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং শিক্ষাকে স্রেফ ডিজিটাল কর্পোরেটদের বাণিজ্যের চারণভূমি বানানো।
উচ্চশিক্ষাক্ষেত্রে এই বঞ্চনা আরও মারাত্মক রূপ নিয়েছে। এনইপি-র অধীনে ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল এবং হায়ার এডুকেশন গ্র্যান্টস কাউন্সিল নামক একক সেন্ট্রাল ফান্ডিং বডি তৈরি করে ইউজিসি (UGC) বা এআইসিটিই (AICTE)-র মতো স্বায়ত্তশাসিত রেগুলেটরি বডিগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। এই নতুন ব্যবস্থার পরিষ্কার রূপরেখা হল— পলিটেকনিক, সাধারণ কলেজ বা রাজ্যস্তরের বিশ্ববিদ্যালয়গুলিকে রাষ্ট্র আর কোনও স্থায়ী আর্থিক অনুদান দেবে না। প্রতিটি institution-কে নিজস্ব স্বশাসন বা অটোনমি-র লোভ দেখিয়ে বলা হচ্ছে, নিজেদের তহবিল নিজেদেরই জোগাড় করতে হবে। এর কুখ্যাত লজিক্যাল পরিণতি হল— কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে লাগামহীন ফি-বৃদ্ধি।
এর পাশাপাশি, বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও তথাকথিত ডিমড বিশ্ববিদ্যালয়গুলোকে খোলাখুলি ছাড় দেওয়া হয়েছে যে, তারা সংবিধানে স্বীকৃত কোনও রিজার্ভেশন পলিসি (তফসিলি জাতি, উপজাতি ও ওবিসি সংরক্ষণ) মানতে বাধ্য নয়। যে সংরক্ষণ ছিল অনগ্রসর শ্রেণির মানুষের অধিকার আদায়ের ও সামাজিক সাম্যের একটি আইনি দেওয়াল, তাকে এই কর্পোরেট-ফ্যাসিস্ট নীতি এক ফুৎকারে উড়িয়ে দিল। ফলে, এই নীতি সরকারি অংশকে সঙ্কুচিত করে এবং বেসরকারি ক্ষেত্রকে অবাধ লুটের লাইসেন্স দিয়ে শিক্ষাক্ষেত্রে এক ভয়ঙ্কর ও স্থায়ী শ্রেণি-বৈষম্যের প্রাতিষ্ঠানিকীকরণ ঘটাচ্ছে। উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা যাতে কেবল ধনকুবেরদের সন্তানদের একচেটিয়া সম্পত্তিতে পরিণত হয় এবং দরিদ্রের সন্তানরা যাতে চিরকাল সস্তার অদক্ষ শ্রমিক হিসেবেই থেকে যায়— এটি তারই এক সুসংবদ্ধ রাষ্ট্রীয় ব্লু-প্রিন্ট।
উপসংহার: শ্রেণিসচেতনতা এবং রাস্তায় নেমে যৌথ প্রতিরোধের আবশ্যিকতা
এই অন্ধকার ক্রান্তিকালে দাঁড়িয়ে আমাদের কোনও অলীক মোহে আচ্ছন্ন থাকলে চলবে না, কিংবা নিজেদের মতাদর্শগত শুচিবায়ুতার অহঙ্কার নিয়ে ছোট ছোট বৃত্তে আটকে থাকলেও চলবে না। ইতিহাস সাক্ষ্য দেয়, আমরা যখনই ‘কে কোন লাইনে আন্দোলন করছি’ বা ‘কার তত্ত্ব কতটা বিশুদ্ধ’— তা নিয়ে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী তাত্ত্বিক বিতর্কে লিপ্ত হয়েছি, ঠিক সেই ফাঁকেই শ্রেণি-শত্রু এসে আমাদের ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আজ আর ঘরের কোণে বসে তত্ত্বকথা আউড়ানোর সময় নেই; আজ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমাদের ঘরের সন্তানকে, আমাদের আগামী প্রজন্মকে এবং সামগ্রিকভাবে শ্রমজীবী শ্রেণির সন্তানদের আজ এক চরম নব্য-দাসত্ব, প্রাতিষ্ঠানিক অশিক্ষা এবং একজাতীয়তাবাদী অন্ধকারের খাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
এই জাতীয় শিক্ষানীতি ২০২০ কোনও বিচ্ছিন্ন শিক্ষাগত দলিল নয়; এটি হল কর্পোরেটদের জন্য কোটি কোটি টাকার এক নতুন এডু-বিজনেস বাজার খুলে দেওয়ার এবং ফ্যাসিবাদের উপযোগী এক আজ্ঞাবহ, প্রশ্নহীন অনুগত নাগরিক সমাজ তৈরি করার যৌথ রাষ্ট্রীয় ব্লু-প্রিন্ট। সবচেয়ে বিপজ্জনক দিকটি হল— এই শিক্ষানীতি আমাদের দেশের সাংবিধানিক ও রাজনৈতিক কাঠামোর মূল স্তম্ভ বহুত্ববাদ এবং ফেডারেলিজমকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে। ভারতবর্ষের মতো বিশাল বৈচিত্র্যময়, বহুভাষিক ও বহুজাতিক দেশে শিক্ষার অধিকার মূলত রাজ্যের বিষয় ছিল। কিন্তু এই শিক্ষানীতি শিক্ষার নিয়ন্ত্রণকে পুরোপুরি কেন্দ্রীভূত করে রাজ্যগুলোর স্বকীয়তা, স্থানীয় সংস্কৃতি ও ভাষাভিত্তিক স্বাতন্ত্র্যকে এক ফুৎকারে উড়িয়ে দিচ্ছে। তারা এক দেশ, এক সংস্কৃতি এবং এক ভাষাতাত্ত্বিক আধিপত্য চাপিয়ে দিয়ে ভারতীয় ফেডারেল কাঠামোর গলা টিপে ধরছে।
পুঁজি এবং বাজারের আদিম ধর্মই হল মানুষের চৈতন্যকে মুক্ত হতে না দেওয়া। কারণ মানুষের চেতনা একবার মুক্ত হলে সে পুঁজিপতিদের সীমাহীন মুনাফা লুট এবং এই কেন্দ্রিকতাবাদী ফ্যাসিবাদের আসল কুৎসিত রূপটা ধরে ফেলবে। এই ব্লু-প্রিন্টের বিরুদ্ধে আমাদের ঘরে, বাইরে এবং সমাজের প্রতিটি স্তরে এক ক্ষুরধার, তীক্ষ্ণ ও আপসহীন শ্রেণি-প্রশ্ন ছুড়ে দিতে হবে।
কার্ল মার্কসকে যখন তাঁর কন্যারা জিজ্ঞেস করেছিলেন তাঁর প্রিয়তম জীবন-বাক্য কী, তিনি আক্ষরিক অর্থে উত্তর দিয়েছিলেন, “Doubt Everything” (সবকিছুকে সন্দেহ করো)।
আসুন, এই শিক্ষানীতি আমাদের ওপর যে সুদৃশ্য সনাতন ঐতিহ্যের মায়াজাল, কর্পোরেট গ্লোবালাইজেশনের টোপ কিংবা একজাতীয়তাবাদী আধিপত্য চাপিয়ে দিতে চাইছে, তার প্রতিটিকে আমরা আমাদের শ্রেণিসচেতন তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে তীব্র সন্দেহ করি, প্রশ্ন করি। এই কর্পোরেট-ফ্যাসিস্ট জোটের তৈরি করা সিলেবাসের প্রতিটি ছত্রে যে শ্রেণি-শোষণের বিষ ও বিভাজনের রাজনীতি লুকিয়ে আছে, তা সাধারণ ক্ষেতমজুর, গরিব চাষি, ভ্যানচালক, কারখানা শ্রমিক এবং সমাজের প্রান্তিক ও বঞ্চিত মানুষের দরবারে সম্পূর্ণ উন্মোচিত করি। এই লড়াই শুধু সেমিনারের হলঘরের মগজচর্চা নয়, এই লড়াই স্কুল-কলেজের আঙিনা ছাড়িয়ে কারখানার গেটে, ক্ষেতের আলে এবং শহরের রাজপথে নামার লড়াই।
“আমরা চাইনি ভেবে আজও আমরা মেনে নিইনি সব”— এই ঐতিহাসিক জেদ ও শ্রেণিচেতনাকে সম্বল করে শিক্ষক, অভিভাবক, ছাত্র, কারিগরি শিক্ষার্থী, সমাজকর্মী এবং সামগ্রিক শ্রমিকশ্রেণিকে আজ এককাট্টা হয়ে এই সর্বনাশা ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা আজ এই প্রগতিশীল গণতান্ত্রিক মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় রাষ্ট্র ও কর্পোরেট শক্তিকে জানিয়ে দিতে চাই— তোমাদের কর্পোরেট স্বার্থের দাসত্ব তৈরির এই ‘বিষ-নীতি’ এবং আমাদের ফেডারেল কাঠামো ও বহুত্ববাদ ধ্বংসের এই চক্রান্ত আমরা আমাদের মগজে বা আমাদের সমাজকাঠামোয় স্থান দেব না। আমাদের শ্রেণিসচেতন যৌথ প্রতিরোধ দীর্ঘজীবী হোক!



আপনার মতামত...