সুশোভন ধর
আজও বাচ্চারা অনুমতির তোয়াক্কা না করে ফুটবলকে আবিষ্কার করছে। তারা স্পনসরশিপ বা স্ট্রিমিং রাইট নিয়ে মাথা ঘামাচ্ছে না। বাজারের মূল্যায়ন বা ট্যাকটিকাল সিস্টেম নিয়েও ভাবছে না। তারা কল্পিত হ্যান্ডবল নিয়ে ঝগড়া করছে, অসম্ভব মিস নিয়ে হাসাহাসি করছে, গোল করলে হইহই করছে। কোনও ক্যামেরা কখনওই সেসব রেকর্ড করে না। এখানেই ফুটবলের শুরু। চিরকাল। গালিয়ানো সম্ভবত এটা সবচেয়ে ভালো জানতেন। নিজেকে তাই তিনি বলেছিলেন, “ভালো ফুটবলের ভিক্ষুক”। তিরিশ বছর পর, আমরা দেখছি, আমরাও তাঁর পাশে এসে দাঁড়িয়েছি
কিছু বই থাকে, সময়ের দলিল হয়ে যায়। আর কিছু, সময়কে অস্বীকার করে। সকার ইন সান অ্যান্ড শ্যাডো এই দ্বিতীয় দলে পড়ে। এই বই আমাদের জন্য অপেক্ষা করে।

এদুয়ার্দো গালিয়ানো যখন ১৯৯৫ সালে বইটি প্রকাশ করেন, তখন ফুটবল এক নতুন যুগে পা দেওয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে। স্যাটেলাইট টেলিভিশন ফুটবল দেখার দিগন্তকে নতুন করে আঁকতে শুরু করেছে। কর্পোরেট স্পনসরশিপ ইতিমধ্যেই তার ঔপনিবেশিক থাবা বিস্তৃত করে ফেলেছে। ফিফা বিশ্ববাণিজ্যের উন্মাদক সম্ভাবনা আবিষ্কার করতে শুরু করেছে। বসম্যান রুলিং[1] আসবে ওই বছরেরই শেষের দিকে, এবং এসে দ্রুতই পুরনো ট্রান্সফারের জমানার ইতি ঘটিয়ে শ্রমসঞ্চালন এবং পুঁজিসঞ্চয়ের এক নতুন যুগের সূচনা ঘটাবে। গালিয়ানো যে খেলাটাকে ভালোবেসেছিলেন, সেটা স্থানীয় উৎসব থেকে বৈশ্বিক বাণিজ্যের পথে তার দীর্ঘ অভিযাত্রার পথে ততদিনে পাড়ি দেওয়া শুরু করে দিয়েছে।
আমাদের অনেকেরই আগে তিনি এই রূপান্তর অনুভব করতে পেরেছিলেন। তিনি লিখেছিলেন,
The history of soccer is a sad voyage from beauty to duty.
বাক্যটি বহুব্যবহারে স্লোগানে পর্যবসিত হওয়ার ভয় আছে। তবুও এটি আধুনিক স্পোর্টস সম্পর্কে তীক্ষ্ণতম পর্যবেক্ষণগুলির অন্যতম। গালিয়ানো কিন্তু কোনও ট্যাকটিক্যাল বিবর্তন নিয়ে বিলাপ করেননি, বা ফুটবলাররা আগের মতো আর ড্রিবল করে না বলে অভিযোগ করেননি। বরং তিনি দেখিয়েছেন এক বৃহত্তর চিত্র— দেখিয়েছেন, উৎপাদনের যুক্তি কীভাবে ধীরে ধীরে খেলাটার ঔপনিবেশিকীকরণ ঘটাচ্ছে। মনের আনন্দে যে বাচ্চাটা বল পেটাচ্ছে তাকে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে সেই পেশাদারটি, যার শরীর, সময়, কল্পনা সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করছে চুক্তি, শিডিউল এবং প্রত্যাশা। আনন্দকে ধীরে ধীরে পর্যায়ক্রমিক ফল দিতে বলা হচ্ছে।
তিন দশক পর, আজ, সকার ইন সান অ্যান্ড শ্যাডো খুলে মনে হচ্ছে তিন দশক আগে যে হুইসলটি বাজানো হয়েছিল তার প্রতিধ্বনি যেন এই সবেমাত্র আমাদের কানে এসে পৌঁছল। গালিয়ানো যা আশঙ্কা করেছিলেন, ঘটনাক্রম নিজেকে তার চেয়েও বেশি রোমহর্ষক বলে প্রমাণ করেছে।
ফুটবল শুধু একটা ইন্ডাস্ট্রি হয়েই থেমে থাকেনি। তার উচ্চাকাঙ্ক্ষা আরও বেশি। সে শুধু দৃশ্যই নির্মাণ করে না, নির্মাণ করে আর্থিক সম্পদ, ভূরাজনৈতিক মর্যাদা, তথ্য এবং মনোযোগ। ক্লাবগুলি এখন বিনিয়োগের মাধ্যম। খেলোয়াড়দের মূল্য নির্ধারিত হয় শেয়ারের কাগজের মতো, ওঠে আর পড়ে। মাঠের প্রতিটি দৌড় অনূদিত হচ্ছে মেট্রিক্সে; প্রতিটি সমর্থক ডেটায়; প্রতিটি ম্যাচ কন্টেন্টে। ফুটবল পুঁজিবাদকে পাশ কাটাতে পারেনি। পরিণত হয়েছে তার অন্যতম নিখুঁত পরিভাষায়।
তবু, আজও গালিয়ানো পড়তে গিয়ে জন্ম নিচ্ছে অদ্ভুত সব অনুভূতি।
ঘটনাগুলি পুরনো হয়ে গেছে।
তাঁর অন্তর্দৃষ্টি পুরনো হয় না।
তিনি যেটা বুঝেছিলেন তা স্প্রেডশিট দিয়ে গণনা করা বা টেলিভিশন রেটিং দিয়ে ব্যাখ্যা করা যাবে না। ফুটবল সবসময়েই অর্থনীতির সীমার বাইরে কিছু উদ্বৃত্ত তৈরি করে। কিছু চিরস্থায়ী মুহূর্ত সৃষ্টি করে চলতে থাকে, যেসব মুহূর্তে অচেনা মানুষ বন্ধু হয়ে যায়, শহরগুলি নিজেদের চিনতে থাকে কোনও সঙ্গীতের মধ্যে দিয়ে, অসম্ভব সূক্ষ্মভাবে সমস্ত পূর্বাভাসকে পরাস্ত করে দেয়। দুরন্ত পাসগুলি নিছক পরিসংখ্যান হয়ে রয়ে যেতে চায় না। ম্যানেজারদের চিত্রনাট্য ঘেঁটে দিয়ে চলে যায় অপ্রত্যাশিত কোনও ড্রিবল। কোনও বিস্মৃত গলির মধ্যে ছেঁড়াফাটা চামড়ার গোলক জাগলিং করতে থাকা বাচ্চাটা নিরন্তর মনে করিয়ে দেয় যে স্পনসরশিপ আসার আগেও ফুটবলের অস্তিত্ব ছিল এবং তার চেয়ে সে অনেক বেশিদিন বেঁচেও থাকতে পারে।
ঠিক এইজন্যই আজও গালিয়ানো প্রাসঙ্গিক।
শুধুই নস্টালজিয়া নয়, এ জন্যও নয় যে তিনি সবকিছুরই ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন।
তিনি প্রাসঙ্গিক, কারণ তিনি বুঝতে পেরেছিলেন ফুটবল সবসময়েই ফুটবলের চেয়ে আরও বেশি কিছু।
সমস্ত মহান লেখকদের মতোই গালিয়ানো বুঝেছিলেন তাঁর বিষয়বস্তু নিজের আপাত লক্ষ্যের পরিসরেই নিজেকে সীমাবদ্ধ রাখবে না। তিনি ফুটবল নিয়ে সেভাবেই লিখেছেন যেভাবে কাম্যু লিখেছিলেন গোলকিপিং নিয়ে বা সিএলআর জেমস লিখেছিলেন ক্রিকেট নিয়ে। তাঁদের কাছে বিষয়গুলি ছিল স্বাধীনতা, শ্রম, স্মৃতি এবং ক্ষমতা নিয়ে চিন্তাভাবনার একটা মাধ্যম। গালিয়ানোর ফুটবলাররা কখনওই নিছক অ্যাথলিট নয়। তারা শ্রমিক। তাঁর ফ্যানরা নিছক দর্শক নয়। তারা আত্ম-অনুসন্ধানে রত এক-একটি সম্প্রদায়। তাঁর স্টেডিয়ামগুলি নিছকই কংক্রিট আর স্টিল-নির্মিত কোনও কাঠামো নয়। সেগুলি নাট্যমঞ্চ— যেখানে ইতিহাস নিজের জয় এবং পরাজয়ের মহড়া দেয়।
তাঁর গদ্য চলে হালকা চালে— কারণ তার ভিত খুব ভারি।

সুন্দরের শত্রু আছে সর্বদা
গালিয়ানো নিজেকে বলেছেন “ভালো ফুটবলের ভিক্ষুক”। আধুনিক ক্রীড়াসাহিত্যে মধুরতম আত্ম-বর্ণনাগুলির মধ্যে এটি অন্যতম। তিনি স্বীকার করে নিয়েছেন যে, ফুটবলার হওয়ার স্বপ্ন তিনি দেখতেন এবং যা তিনি কখনওই হয়ে উঠতে পারেননি। বরং তিনি স্টেডিয়াম থেকে স্টেডিয়ামে ঘুরে বেরিয়েছেন একটি মাত্র উপহারের আকাঙ্ক্ষায়— “A pretty move, for the love of God.” যখন সেই সৌন্দর্যের দেখা পেতেন, কোন জার্সি তার জন্ম দিল তাতে গুরুত্ব না দিয়েই উদ্বেল হয়ে উঠতেন।
এই স্বীকারোক্তি ব্যক্তিগত নম্রতার চেয়েও গভীরতর অভিব্যক্তি। একটি দর্শনের আত্ম-উন্মোচন।
একজন ভিক্ষুক আনন্দ কেনেন না। তিনি তার জন্য অপেক্ষা করেন। না তিনি তাকে নির্দেশ দিতে পারেন, না পারেন নির্মাণ করতে।
তিনি কেবল কৃতজ্ঞচিত্তে গ্রহণ করেন।
কেমন করে অপেক্ষা করতে হয়, আধুনিক ফুটবল তা প্রায় ভুলতে বসেছে।
সে ক্রয় করে। দখল করে। বিনিয়োগ করে। ভবিষ্যদ্বাণী করে।
সবকিছুই এখন মূল্যনির্ধারিত। তাতে আর বিস্ময়ের কিছু নেই।
ট্রান্সফার উইন্ডো দ্রুতলয়ে স্টক এক্সচেঞ্জের সমতুল্য হয়ে উঠছে। একসময়ে মাঝমাঠের পার্টনারশিপেই কেবল যে সাবলীলতা দেখা যেত, এখন সেই সাবলীলতায় টিভি-ভাষ্যকাররা প্লেয়ারদের বেতন-কাঠামো নিয়ে চর্চা করেন। ক্লাব এক্সিকিউটিভরা কথা বলেন সেই ভাষায়, যে-ভাষায় বিনিয়োগ থেকে মুনাফা, ব্র্যান্ডের বিজ্ঞাপন বা বাজারে নতুন পণ্যের আগমন নিয়ে কথা বলা হয়। শৈশবও এখন মূল্যনির্ধারিত। আফ্রিকা, লাতিন আমেরিকা এবং এশিয়া জুড়ে অ্যাকাডেমিগুলো এমন বয়সের বাচ্চাদের খুঁজে বের করে যারা চুক্তিপত্রের কিছু বুঝতেই পারবে না। অথচ কিন্তু এই চুক্তিপত্রই একদিন তাদের গোটা জীবন পরিচালনা করবে। ‘আশা’ আজ নিজেই বাজারজাত।
তবু, অনাহুত অতিথির মতো সুন্দরের পদচারণা থেমে থাকে না।
সে আসে এমন একটা পাসের মধ্যে দিয়ে যার সুপারিশ কোনও ট্যাকটিক্যাল সফটওয়ার করেনি।
বা তাৎক্ষণিকভাবে সময়কে স্তব্ধ করে দেওয়া একটা ফার্স্ট টাচ।
বা এমন একটা গোল— যে পূর্বাভাসের চাহিদা মেনে জালে জড়ায়নি, শুধুমাত্র ঘটে গেছে, তার ওপর প্রবল কল্পনাশক্তি ভর করেছিল বলে।
পুঁজি ফুটবল সংগঠন করতে পারে। কিন্তু পুঁজি এখনও প্রেরণার বিলি-বন্দোবস্ত করতে পারে না।

ভিক্ষুক এবং বল
বল কখনওই একা একা গড়ায় না।
ইতিহাস আমাদের প্রায়ই বলে থাকে যে ব্রিটেন বিশ্বকে ফুটবল দিয়েছে। যেন, খেলাটার পাসপোর্ট ছিল, আর নিছক কৌতূহলবশতই মহাসমুদ্র তাকে স্বাগত জানিয়েছিল একদিন। কিন্তু বল তো নিজে নিজে সাগর পাড়ি দেয়নি। সে জাহাজ, বণিক এবং সাম্রাজ্যের সঙ্গেই পাড়ি দিয়েছিল। পৌঁছেছিল কার্গো, চুক্তিপত্র এবং আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে। জাহাজ থেকে নেমেছিল মুখে তাদেরই ভাষা নিয়ে, যারা বিশ্বাস করত যে তারাই ভবিষ্যতের দিন-দুনিয়ার মালিক।
ঊনবিংশ শতকে ইংল্যান্ড থেকে পাড়ি দেওয়ার সময় ফুটবল সেই জগতটাকে ছেড়ে যায়নি, যে জগতটা তার জন্ম দিয়েছিল। সেটাকে সঙ্গে নিয়েই সে পাড়ি জমিয়েছিল।
সে ল্যাঙ্কাশায়ার কটন এবং শেফিল্ড স্টিলের পাশ দিয়ে আটলান্টিক পার করেছিল। তার সফর সেই একই বাষ্প-জাহাজে যে জাহাজ আর্জেন্টিনায় ইঞ্জিনিয়ার, মন্টিভিডিওয় ব্যাঙ্কার আর রিও ডি জেনেইরোতে বণিক নিয়ে গেছিল। যে বন্দরগুলোতে লোকোমোটিভ নেমেছিল, সেই একই বন্দরে চর্মগোলকগুলিও নেমেছিল। রেলওয়ে ট্র্যাক পেতেছিল যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোই ফুটবল-পিচগুলিও পেতেছিল। সাম্রাজ্য প্রায় কখনওই কোনও পণ্য এককভাবে রপ্তানি করে না। তারা অভ্যাস, পরিমাপ, প্রতিষ্ঠান, ক্যালেন্ডার এবং স্বপ্নও রপ্তানি করেছে পর্যায়ক্রমে। ফুটবল হল সেই স্বপ্নগুলির একটি। গালিয়ানো বুঝেছিলেন আর “ইংরেজ আগ্রাসনে”র বর্ণনা দিতে দিতে বুঝিয়েছিলেন যে সেই আগ্রাসনই লাতিন আমেরিকায় ফুটবল নিয়ে এসেছিল। এই আগ্রাসনের জন্য ফৌজ পাঠাতে হয়নি— পাঠানো হয়েছিল নাবিক, রেলওয়ে কোম্পানি আর বাণিজ্যিক সংস্থাদের।
ভিক্টোরিয়ানরা নিয়মশৃঙ্খলার একটা হাতিয়ার হিসেবে ফুটবল উদ্ভাবন করেছিল। এই খেলা থেকে নিয়মানুবর্তিতা, আনুগত্য, টিমওয়ার্ক এবং আত্ম-সংযম শেখা যায়, যেগুলো কারখানা, অফিস এবং ঔপনিবেশিক প্রশাসনের ক্ষেত্রেও বেশ উপযোগী। মাঠের মাপ নির্দিষ্ট, নিয়ম নথিভুক্ত, রেফারি কর্তৃপক্ষের দ্বারা নিযুক্ত। ঘাসে টানা প্রতিটা লাইন বিভাজনের একটা শতকের প্রতিফলন। যে সভ্যতা উপনিবেশগুলির সমীক্ষা করেছে, রেলওয়ে-মারফত সময়কে দিয়েছে বাণিজ্যিক সঙ্গতি এবং বিশ্বকে ভাগ করেছে মানচিত্রে, সে-ই নিখুঁত দক্ষতায় ফুটবল মাঠেরও পরিমাপ করেছে। খেলাটার জ্যামিতি সাম্রাজ্যের জ্যামিতির অধিকারেই ছিল।
কিন্তু ইতিহাসের আয়রনির ওপর দুর্বলতা চিরকাল।
সাম্রাজ্য প্রতিষ্ঠান রপ্তানি করতে সফল হলেও তার রূপারূপ নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব হয়নি।
ব্রিটিশরা ফুটবল রপ্তানি করেছিল।
লাতিন আমেরিকা তাকে পুনরাবিষ্কার করল।
বুয়েনস এয়ার্স, মন্টিভিডিও আর রিও ডি জেনেইরোর ধূলিমলিন গলিঘুঁজির মধ্যে ফুটবল খেলাটা নিঃশব্দে সাম্রাজ্যের ঘেরাটোপ থেকে বেরিয়ে গেল। বলটা, যা ইংরেজি ভাষায় কথা বলতে বলতে পৌঁছেছিল, দ্রুতই একটা সম্পূর্ণ নতুন বাচনভঙ্গি আয়ত্ত করে ফেলল। সে দীর্ঘক্ষণ প্লেয়ারদের পায়ে কাটাতে লাগল। মার্চ করার পরিবর্তে সে নাচতে শুরু করল। সরলরেখা বক্ররেখাকে জায়গা করে দিল। ছকে বাঁধা পাস প্রায়শই অপ্রয়োজনীয় ড্রিবলের কাছে আত্মসমর্পণ করল। গালিয়ানো আমাদের মনে করিয়ে দেন, ব্রাজিলে ফুটবল আফ্রিকান ক্রীতদাসদের যুদ্ধনৃত্য কাপিরার ছন্দ আত্মস্থ করে নিয়েছিল— যতদিন না খেলাটা নিজেই এমন সব স্মৃতির ভারে আন্দোলিত হতে শুরু করেছে যেসব স্মৃতিকে ধরে রাখা কোনও ব্যাকরণ বইয়ের কম্মো নয়।
উপনিবেশের ইতিহাসে সম্ভবত এটাই সবচেয়ে মধুর প্রতিশোধ।
সাম্রাজ্য ব্যাকরণ রপ্তানি করেছিল।
উপনিবেশে লেখা হল কবিতা।
খেলার নিয়মকানুন ইংরেজিতেই রইল।
কিন্তু তার কল্পনা— সাম্রাজ্যের সীমা পার হয়ে গেল।
ফুটবল সেই বিরল সাংস্কৃতিক রূপগুলির একটি হয়ে উঠেছিল যে নিজের উৎসকে পরিত্যাগ না করেই স্রষ্টাকে পাশ কাটাতে পেরেছিল। উপনিবেশগুলি খেলাটাকে প্রত্যাখ্যান করেনি। তারা তাকে তাদের মতো করে নিয়েছিল। ভেঙেচুরে, অপূর্ব কারুকাজে সাজিয়ে নিজেদের ভাষায় অনুবাদ করে নিয়েছিল, যতদিন না সেটা নির্দিষ্ট কারও কুক্ষিগত হয়ে পড়ে। ভিক্টোরীয় কাঠামোর মোড়কে যে বলটা এসে পৌঁছেছিল, সে কিন্তু শ্রমিকবস্তি, বন্দর এলাকা এবং ফাভেলাগুলির মধ্যে নিজেকে খাপ খাইয়ে নিতে জানত। সে আবিষ্কার করেছিল নিয়মকানুন উদ্ভাবনের সঙ্গে দিব্যি মিলেমিশে থাকতে পারে, এবং সাম্রাজ্যের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী বিজয়গুলি প্রায়শই নান্দনিক হয়, যতদিন পর্যন্ত না তারা সম্পূর্ণ রাজনৈতিক হয়ে ওঠে।
গালিয়ানো এই রূপান্তরকে ভালোবেসেছিলেন, কারণ তিনি বুঝেছিলেন ফুটবল খেলাটা কখনওই স্রেফ জয়-পরাজয়ের বিষয় ছিল না। ফুটবল হল স্টাইল। তফাতটা গুরুত্বপূর্ণ। জয়পরাজয়ের খতিয়ান আর্কাইভে রাখা থাকে। স্টাইল সভ্যতার অঙ্গ হয়ে ওঠে। খেলার স্কোর কবেই বিস্মৃতিতে চলে গেছে, কিন্তু গ্যারিঞ্চার অসম্ভব ফেইন্ট, মারাদোনার দাম্ভিক ড্রিবলিং বা পেলের অনায়াস লালিত্য মানুষের মনে এখনও জ্বলজ্বল করছে। সুন্দর পরিসংখ্যানের চেয়ে অনেক বেশিদিন বাঁচে কারণ তা স্মৃতিকে অন্যভাবে ব্যবহার করে। সে নিছক তথ্য হয়ে থাকতে অস্বীকার করে।
এটাই সেই জায়গা, যেখানে, আমার মনে হয়, গালিয়ানোর রাজনীতি নীঃশব্দে স্পন্দিত হয়।
ফুটবল নিয়ে লেখার সময় সাম্রাজ্যবাদ-বিরোধিতার কথা প্রত্যক্ষভাবে তিনি প্রায় লেখেনইনি। তিনি বলটাকেই নিজের গল্প বলতে দেন। প্রতিটি অপ্রত্যাশিত মুভমেন্ট অবাধ্যতার এক-একটি টুকরো হয়ে ওঠে। প্রতিটি সৃজনশীল উদ্ভাবন ফিসফিস করে বলে যায়, আমাদের কল্পনা নির্ধারণ করার জন্য আমদানি করা নিয়মকানুনের কোনও প্রয়োজন নেই। সাম্রাজ্যের বাধ্য ছাত্রেরা নয়, বরং তাঁর ফুটবলে ভিড় করে থাকে সেইসব উচ্ছ্বসিত ধর্মদ্রোহীরা যারা খেলাটাকে গ্রহণ করলেও তাদের ঠিক যেভাবে শেখানো হয়েছিল, সেভাবে খেলতে অস্বীকার করেছে।
যদিও, তিরিশ বছর পর, সেই মানচিত্র অনেক বদলে গেছে।
পুরনো সাম্রাজ্য পিছু হটেছে, কিন্তু পুঁজি নতুন পথ খুঁজে নিয়েছে।
বাণিজ্যতরীগুলো ফাইবার-অপটিক কেবলকে পথ ছেড়ে দিয়েছে। রেলওয়ে টাইমটেবিল এখন টেলিভিশন শিডিউল। ঔপনিবেশিক ব্যবসায়ী কোম্পানিগুলো এখন বহুজাতিক মিডিয়া কর্পোরেশন। গভর্নরের বাড়ি এখন পরিণত হয়েছে কোনও সার্বভৌম সম্পদ সংস্থার বোর্ডরুমে।
ফুটবল এখনও বিশ্বভ্রমণ করছে।
কিন্তু ভ্রমণসঙ্গীরা পালটে গেছে।
বল এখন বিজনেস ক্লাসে ভ্রমণ করছে।
তার আশেপাশে এখন ইমেজ রাইটস নিয়ে দরকষাকষিতে ব্যস্ত আইনজীবী, সম্ভাব্য গোল নিয়ে হিসেবনিকেশে রত বিশ্লেষক, গ্লোবাল ক্যাম্পেইনের নকশা করতে থাকা মার্কেটিং এক্সিকিউটিভ, ক্লান্তি মাপতে থাকা ক্রীড়াবিজ্ঞানী, অনিশ্চয়তার মূল্য ধার্য করা বেটিং কোম্পানি এবং আজকের কিশোরটিকে খুঁজতে থাকা অ্যালগরিদমরা ভিড় করে থাকে— যে-কিশোরটির ভবিষ্যতকে বর্তমান মূল্যে রূপান্তরিত করা যাবে। গ্রামের মাঠ এবং চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মধ্যে কোনও একটা জায়গায় ফুটবল আটকে গেছে স্রেফ বিশ্ব-পুঁজিবাদকে সঙ্গ দেওয়ার জন্য। ফুটবল আজ বিশ্ব-পুঁজিবাদের সবচেয়ে পরিশীলিত নাট্যমঞ্চগুলির অন্যতম।
তা সত্ত্বেও, এই এতকিছুর পরেও, সেই পুরনো মিরাকল মুছে যেতে চায় না।
প্রতিটি প্রজন্মেই কিছু বাচ্চার জন্ম হয়, বিজনেস প্ল্যান যাদের দখল করতে পারে না। স্কুলব্যাগের মধ্যে থেকে গোলপোস্ট আবিষ্কার করে নেয় তারা, নিরেট গ্রাফিতিতে ফুটিয়ে তোলে বলের আনাগোনা, কল্পিত ফাউল নিয়ে তর্ক করে, আর, জীবনে গালিয়ানোকে না পড়েও, আবিষ্কার করে— ফুটবলের জন্ম টাকা দিয়ে হয়নি, সেটা একটা খেলাই শেষত।
হয়তো সেইজন্যই তিন দশক পরেও সকার ইন সান অ্যান্ড শ্যাডো নিজের কথা বলে চলেছে— এখনও।
সে আমাদের অবিরাম স্মরণ করাচ্ছে— পুঁজি টুর্নামেন্ট আয়োজন করতে পারে, ক্লাবের মালিকানা নিতে পারে, সম্প্রচারস্বত্ব বিক্রি করতে পারে— কিন্তু কখনওই ফার্স্ট টাচ-টার সম্পূর্ণ মালিকানা পেতে পারে না।

গ্যালারির প্রজাতন্ত্র
বাজার একটা বোধ কখনওই পুরোপুরি উৎপাদন করতে শিখল না।
আপন ভাবার বোধ।
বাজার পরিচিতি বিক্রি করতে পারে। নস্টালজিয়া বিক্রি করতে পারে। রেপ্লিকা শার্ট, স্মারক জার্সি এবং প্রিমিয়াম মেম্বারশিপ বিক্রি করতে পারে। সম্প্রদায়ের বিভ্রমকেও বিক্রি করতে পারে।
কিন্তু আপনতার বোধ নিজেই বাণিজ্যের বিরুদ্ধে এক দৃঢ় প্রতিরোধ হয়ে রয়ে গেছে— ধীরে ধীরে বাড়ে, যেমন কংক্রিটের ফাটলে ঘাস গজায়। বিপণন নয়, একে পুষ্টি জোগায় স্মৃতি।
গালিয়ানো এটা বহু আগেই বুঝেছিলেন। সোশাল মিডিয়া যবে থেকে প্রতিটি মানুষকে সংযুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে একাকী বাঁচতে শেখাল, তারও বহু আগে।
তাঁর সমর্থকরা কখনওই “আজ আমার ক্লাবের খেলা আছে” বলে না।
তারা বলে— “আজ আমাদের খেলা আছে।”
এই ছোট্ট সর্বনাম এক সমগ্র রাজনৈতিক দর্শন বহন করে।
নব্বই মিনিট ধরে ফুটবল এমন এক মিরাকলের অনুশীলন ঘটায়, আধুনিক সমাজের জন্য এমনিতে যেটা ঘটে ওঠা ক্রমশই কষ্টকর হয়ে উঠছে। এই নব্বই মিনিটের মধ্যে হাজার হাজার আগন্তুক ‘আমরা’র জনসমষ্টিতে পরিণত হয়। অগণিত নারী-পুরুষ— যারা এমনিতে অনামি যাত্রী, অফিস-কর্মচারী, দোকানদার, ছাত্র বা পেনশনার— আচমকাই আবিষ্কার করে যে তারা একটাই ভাষায় কথা বলছে। তারা ওঠে একসঙ্গে, হতাশ হয় একসঙ্গে, তর্ক করে একসঙ্গে, এবং, প্রায়শই, এমনভাবে পরস্পরকে আলিঙ্গন করে যা কয়েক মুহূর্ত আগেও অসম্ভব বলে মনে হত।
গোলের গুরুত্ব আছে।
কিন্তু ততটা নয় যতটা গুরুত্ব গোলের পরে ওঠা কোরাসটার রয়েছে।
বিচ্ছিন্ন ব্যক্তি উৎপাদন করতে আধুনিক পুঁজিবাদ যথেষ্ট দক্ষ। আমাদের একা কিনতে, একা দেখতে, একা স্ক্রল করতে, এমনকি একা একা স্বপ্ন দেখতেও উৎসাহিত করা চলে। আজ আমাদের খুশিগুলোও ব্যক্তিকেন্দ্রিক। আমাদের প্রতিবেশীরা আমাদের নামটুকু জেনে ওঠার আগেই অ্যালগরিদম আমাদের পছন্দ জেনে যায়। সঙ্গীত পৌঁছয় হেডফোনে। সিনেমা পৌঁছয় প্রাইভেট স্ক্রিনে। বন্ধুত্ব দ্রুতই পরিণত হয় আরও একটা নোটিফিকেশনে।
আর তারপরই রেফারি বাঁশি বাজান।
আর শহর অন্য একটি ভাষার স্মৃতিতে ডুবে যায়।
স্টেডিয়ামই এখন সেই শেষতম স্থান যেখানে নামহীনতা সাহচর্যে পরিণত হয়। পেশা, আয় এবং শিক্ষার তফাতগুলো উবে না গেলেও একটা বিকেলের জন্য পুরনো কোনও কিছুর কাছে আত্মসমর্পণ করে। সেই কোনও কিছু-টা আসলে একা হয়ে যাওয়ার বদলে বৃহত্তর কোনও গল্পের অংশ হওয়ার মানবিক প্রবৃত্তি।
একটা ফাঁকা স্টেডিয়াম কখনওই কেন ফাঁকা মনে হয় না সম্ভবত এটাই তার ব্যাখ্যা।
গালিয়ানো লিখেছিলেন স্টেডিয়ামগুলো মনে রাখে। মারকানা এখনও ১৯৫০ নিয়ে বিলাপ করে। ওয়েম্বলিতে পুরনো জয়গুলোর প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়। ক্যাম্প ন্যু কাতালানের কথা বলে। বমবোনেরার শ্বাসে বুয়েনস এয়ার্সের সাড়া পাওয়া যায়। কংক্রিট ধরা থাকে স্মৃতি। প্রজন্মের পর প্রজন্ম গানে, চোখের জলে, দীর্ঘশ্বাসে, উৎসবে নিজেদের কিছু কিছু টুকরো রেখে যায় এখানে।
স্টেডিয়াম নিছক স্থাপত্য নয়।
স্টেডিয়াম চাপ বেঁধে থাকা সময়।
কোনও ইনভেস্টমেন্ট ফান্ড এই উত্তরাধিকার কিনতে পারে না। কোনও স্পনসর স্মৃতির নতুন নামও দিতে পারে না।
মালিক পাল্টে যেতে পারে, সমর্থকদের পাল্টানো বিরল।
সম্ভবত এই কারণেই ফুটবল ক্লাবগুলি লাগাতার নিজেদের সাধারণ পণ্য হিসেবে বিবেচনা করার বিরোধিতা করে থাকে। একটা শার্ট কেনা যায়। একটা ক্লাব কেনা যায় না— সম্পূর্ণ অর্থে। শেয়ারহোল্ডাররা ক্লাবের মালিকানা পেতে পারে, কিন্তু মানুষের মুখে মুখে ফেরা সেইসব গল্পগুলির মালিকানা সে কখনও পায় না। সেই গল্পগুলির মালিকানা এক শতাব্দী আগে টেরাসে দাঁড়িয়ে থাকা ডকশ্রমিকদের; দাদুর হাত ধরে প্রথমবারের জন্য খেলা দেখতে আসা বাচ্চাদের; অথবা শীতের রাতে ফ্লাডলাইটের নিচে নিজেদের প্রতিবিম্ব আবিষ্কার করা মানুষগুলির।
স্মৃতি ব্যক্তিমালিকানায় বিশ্বাস করে না।
তবে, ফুটবলের এই প্রজাতন্ত্রের নিজস্ব ছায়াও আছে।
মানুষগুলো একসঙ্গে শুধু গানই গায় না, ঘৃণাও করে। যে কণ্ঠস্বর স্বাগত জানায়, সে তাড়িয়েও দেয়।
গালিয়ানোর ফ্যানাটিকরা স্টেডিয়ামের ভেতরে জন্মায় না। সে বহির্বিশ্বের ক্ষতগুলো বয়ে নিয়ে পৌঁছয়। নব্বই মিনিটের নিশ্চয়তার মধ্যে সপ্তাহভরের অবমাননার থেকে মুক্তি খোঁজে। ক্লাবের রং হয়ে ওঠে অস্ত্র। প্রতিপক্ষ হয়ে ওঠে শত্রু। হিংসা, কখনও বা, মর্যাদার বিভ্রম জোগায়।
ফুটবল গোষ্ঠীবাদের জন্ম দেয়নি, তাকে শুধু একটা মঞ্চ দিয়েছে।
এইজন্যই একনায়করা সবসময় স্টেডিয়াম ভালোবাসে।
তারা বোঝে যে একদল মানুষ যখন ইতিমধ্যেই একসঙ্গে শ্বাস নিচ্ছে, তখন তাদের সহজেই ফুটবল ছাড়া অন্য কিছুর জন্যও একসঙ্গে গলা ফাটাতে শেখানো যাবে। জাতীয় সঙ্গীতে নতুন জোশ যুক্ত হয়। বিজয়গুলো রাজনৈতিক উৎকর্ষের প্রমাণ হিসেবে গণ্য হয়। পরাজয়গুলো জাতীয় বিপর্যয়ে পরিণত হয়। যে খেলাটা মানুষকে ঐক্যবদ্ধ করেছিল, তা তদের বিভক্ত করতেও পারে।
ক্ষমতা সবসময়েই ফুটবলের আবেগদীপ্ত শব্দভাণ্ডার দখল করার চেষ্টা করেছে।
কখনও সফল হয়েছে।
কিন্তু তার চেয়ে অনেক বেশি ব্যর্থ হয়েছে।
কারণ ফুটবলের গভীরতম আনুগত্যগুলি ওপর থেকে তৈরি হয় না বললেই চলে।
তারা আসে তলা থেকে। রাস্তা থেকে। মানুষের বসতি থেকে। শ্রমিকদের ক্লাবগুলি থেকে। সেই বাচ্চাদের থেকে যারা অক্ষর চেনার আগে জার্সির রং চেনে।
এই কারণেই অবিরাম বাণিজ্যিকীকরণ সত্ত্বেও ফুটবলকে পুরোপুরি মালিকানাধীন করে ফেলা যায়নি। সম্প্রচারস্বত্ব বিক্রি করে, নামের স্বত্ব নিলামে চড়িয়ে, দূরের বাজারের কথা মাথায় রেখে টেলিভিশন সূচি পাল্টে ফেলেও পারেনি। স্টেডিয়ামের এক কোণায় শুরু হওয়া যে আওয়াজটা লহমায় সব মানুষের গলায় উঠে আসে— কোনও কর্পোরেশন এখনও পর্যন্ত সেই স্বতঃস্ফূর্ত আওয়াজের কীভাবে পেটেন্ট নেওয়া যায় সেই পথ আবিষ্কার করতে পারেনি।
বাজারের বৃদ্ধি হয় বিক্রির অভিজ্ঞতায়। ফুটবল এখনও যৌথস্মৃতি সৃষ্টি করে।
সম্ভবত এই পার্থক্যটাই গালিয়ানো অন্য সবার চেয়ে ভালো বুঝেছিলেন।
তিনি কখনওই সমর্থকদের ক্রেতা হিসেবে দেখেননি। তিনি তাদের ‘তত্ত্বাবধায়ক’ বলেছেন। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে গান বয়ে নিয়ে যায়। তারা জয়গুলির মতো পরাজয়গুলিকেও যত্ন করে রক্ষা করে। ব্যালেন্স শিট ভুলে যাওয়ার পরেও বহুদিন তারা প্লেয়ারদের মনে রাখে। এই গতিময়তায় আচ্ছন্ন যুগেও তারা স্মৃতিতে বিশ্বাস রাখে।
সম্ভবত এই জন্যই টেরাসগুলো এখনও গুরুত্বপূর্ণ।
এইজন্য নয় যে তারা পুঁজিবাদকে পুরোপুরি প্রতিরোধ করে— সেটা তারা করেও না।
বরং এই জন্য যে, সেগুলি আমাদের মনে করিয়ে দেয় এই সর্বগ্রাসী বাজারের মধ্যেও এমন জায়গা আছে যেখানে মানুষ কেনাকাটা করতে নয়, একে অপরকে চিনতে জড়ো হয়।
নব্বই মিনিটের জন্য একাকী সর্বনাম ‘আমি’ নিঃশব্দে ‘আমরা’ হয়ে যায়।
মাঠে শেষ বাঁশি বাজলে সেই সময়টা ভেঙে যায়।
জনতা ছড়িয়ে পড়ে। গান সন্ধের অন্ধকারে মিলিয়ে যায়। শহর কাজে ফেরে।
কিন্তু প্রত্যেকেই সেই বিলীয়মান প্রজাতন্ত্রের কিছু কিছু টুকরো বহন করতে থাকে। সেই স্মৃতি, যতই সংক্ষিপ্ত হোক, তাদের মগজকে দখল করে ফেলে যা কেনাবেচা করা যায় না।

বল এখনও কথা শুনতে চায় না
সাম্রাজ্য সর্বদাই নিজেদের চিরস্থায়ী মনে করে। প্রতিটি বাজার নিজেদের অনিবার্য ভেবে নেয়।
দুটো দাবিকেই নস্যাৎ করার তাকত ফুটবলের আছে। সে অনেকগুলি সাম্রাজ্য পার করেছে।
একই স্টেডিয়ামের ওপরের পতাকাগুলিকে পালটে যেতে দেখেছে ফুটবল। সে সেইসব যুদ্ধ পার করে এসেছে, যেগুলোর এখন আর কোনও অস্তিত্ব নেই। কত একনায়ক— যারা জয়কে বৈধতায় পরিণত করে নিয়েছিল, বা কত বণিক— যারা ব্যালেন্স শিটকে ইতিহাস ভেবে গুলিয়ে ফেলেছিল— তাদেরকেও পার করে এসেছে ফুটবল। এসবের রেশ মিলিয়ে যাওয়ার এবং ভাগ্যের হাতবদল হয়ে যাওয়ার পরেও বাচ্চারা একটা বলের চারপাশে `একত্রিত হতে থেকেছে যে বলটার একমাত্র উচ্চাকাঙ্ক্ষা হল গড়ানো।
তাই বোধহয় গালিয়ানো এখনও আমাদের সঙ্গে কথা বলে চলেন।
বলটা প্রতিটি রূপান্তরের সাক্ষী নয়। কিন্তু ২০২৬-এর এই বলটা ১৯৯৫-এর দিগন্ত ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত ঘুরে এসেছে। ক্লাব প্রেসিডন্ট ইনভেস্টমেন্ট ফান্ড হয়ে গেছেন। স্কাউটরা প্রতিযোগিতা করছে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে। যে ক্যামেরাগুলো স্টেডিয়ামে নজরদারি চালায় তারা গোলের সঙ্গে সঙ্গে মুখগুলিকেও গোণে। টেলিভিশন আর নিছকই খেলাটার সম্প্রচার করে না— তারা এটা উৎপাদন করে, তার সূচি নির্ধারণ করে, এবং পৃথিবীর সমস্ত টাইম জোনে বিক্রি করে। পাড়ার মাঠ এবং বিশ্ব-বিনোদনশিল্পের মাঝামাঝি কোনও একটা জায়গায় ফুটবল ডেরিভেটিভ, ডেটা আর ডিজিটাল প্ল্যাটফর্মের ভাষায় কথা বলতে শিখে গেছে।
তবু গালিয়ানোর ছোট্ট বইটি আমাদের স্থিতাবস্থায় ক্রমাগত আঘাত হেনে যায়। কারণ এটি ক্রমাগত এমন কিছু মনে করিয়ে দিতে থাকে, যা পুঁজিবাদ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে যায়।
সে সম্প্রচারের রাজস্ব মাপতে পারে। কিন্তু যখন একটা ফ্রিকিক অসম্ভব বাঁক নিয়ে টপ কর্নারে আশ্রয় নেয়, তখন পুরো স্টেডিয়ামে যে ক্ষণেকের নীরবতা নেমে আসে বাজার তার পূর্বাভাস দিতে পারে না।
একজন প্লেয়ার কত কিলোমিটার দৌড়াল, কতগুলো নিখুঁত পাস বাড়াল, কতগুলো গোলের আশা করা হচ্ছে— এসব সে পরিমাপ করতে পারে। কিন্তু যে খেলার ফল কিছুই বদলায়নি, বা, কোনওভাবে হয়তো সবকিছুই বদলে দিয়েছে, সেই খেলার পর লাখ লাখ মানুষ কীভাবে কান্নায় ভেঙে পড়ে, বাজার তার ব্যাখ্যা দিতে পারে না।
প্রয়োজন আর স্বাধীনতার মধ্যে ফুটবল সর্বদাই একটা যুক্তি হিসেবে রয়ে গেছে।
পুঁজি বলতে থাকে যে সবকিছুরই একটা মূল্য আছে।
ফুটবল মাঝেমাঝেই অমূল্য কিছু দিয়ে তার জবাব দেয়।
এমন একটা পাস— যা কোনও কোচের কল্পনায় আসেনি।
এমন একটা ড্রিবল— যা সম্ভাবনার সমস্ত তত্ত্বকে নস্যাৎ করে দিয়েছে।
সেই গোলকিপার— যে চুরানব্বইতম মিনিটে অসতর্ক হয়ে পড়েছে প্রথমবারের জন্য।
লাগোসের সেই বাচ্চাটা— যে বল নেই বলে একটা কমলালেবু পায়ে নাচাচ্ছে।
রেসিফের বাচ্চা মেয়েটা— যে অন্ধকার হওয়া অব্দি খালি পায়ে খেলে যাচ্ছে।
কলকাতার এক ধুলোয় ভরা মাঠ— যেখানে স্কুলব্যাগ দাঁড়িয়ে আছে গোলপোস্ট হয়ে।
একটা উদ্বাস্তু শিবির— যেখানে সমবেত প্রথম কথাটা মুখে বলা হয়নি, পায়ে মারা হয়েছে।
এই মুহূর্তগুলি পুঁজিবাদকে উৎখাত করতে পারে না বটে, তবু নিঃশব্দে অন্য কিছু ঘটিয়ে দেয়।
এগুলি আমাদের মনে করাতে থাকে মানুষ সব সময়ই এমন কিছু অর্থ তৈরি করে নিতে পারে যা তার মূলকেই ছাপিয়ে চলে যায়।
সম্ভবত এইজন্যই ফুটবলকে গৃহপালিত বানানো এত কষ্টকর।
ফুটবলকে ঘিরে থাকা প্রতিষ্ঠানগুলি ক্রমশই আরও শক্তিশালী হয়ে উঠছে। ফিফা একটা বৈশ্বিক প্রদর্শনী পরিচালনা করে। ব্রডকাস্টিং কর্পোরেশনগুলো মহাদেশগুলি জুড়ে কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্য করে। সার্বভৌম সম্পদ সংস্থাগুলো কূটনীতি এবং মর্যাদার হাতিয়ার হিসেবে ক্লাব কেনাকাটা করে। বেটিং কোম্পানিগুলো অনিশ্চয়তাকে মুনাফায় পরিণত করে। বেড়ে ওঠার আগেই অ্যালগরিদম ভবিষ্যতের তারকাদের চিহ্নিত করে ফেলে।
ফুটবলের চারিদিকের সব কিছুই চমকপ্রদভাবে ঝকমকে হয়ে উঠেছে।
কিন্তু ফুটবল নিজে নিষ্পৃহভাবে সাদাসিধেই রয়ে গেছে।
বাইশজন। একটা বল। একটা খোলা জায়গা। পৃথিবীর সবচেয়ে পুরনো স্বপ্ন।
এই সারল্যই ফুটবলের সবচেয়ে বড় প্রতিরক্ষা।
বাজার দৃশ্যকে দখল করতে পারে। কিন্তু যে তাড়না সেই দৃশ্যের জন্ম দেয় সেই তাড়নাকে সম্পূর্ণ দখল করতে পারে না।
আজও বাচ্চারা অনুমতির তোয়াক্কা না করে ফুটবলকে আবিষ্কার করছে। তারা স্পনসরশিপ বা স্ট্রিমিং রাইট নিয়ে মাথা ঘামাচ্ছে না। বাজারের মূল্যায়ন বা ট্যাকটিকাল সিস্টেম নিয়েও ভাবছে না। তারা কল্পিত হ্যান্ডবল নিয়ে ঝগড়া করছে, অসম্ভব মিস নিয়ে হাসাহাসি করছে, গোল করলে হইহই করছে। কোনও ক্যামেরা কখনওই সেসব রেকর্ড করে না।
এখানেই ফুটবলের শুরু। চিরকাল।
গালিয়ানো সম্ভবত এটা সবচেয়ে ভালো জানতেন। নিজেকে তাই তিনি বলেছিলেন, “ভালো ফুটবলের ভিক্ষুক”।
তিরিশ বছর পর, আমরা দেখছি, আমরাও তাঁর পাশে এসে দাঁড়িয়েছি।

এমনটা নয় যে আমরা সেই কল্পিত স্বর্ণযুগে ফিরে যেতে চাই। ফুটবল কখনওই অপাপবিদ্ধ ছিল না। যে জাহাজগুলো বল বয়ে নিয়ে গিয়েছিল, সেগুলো সাম্রাজ্যকেও নিয়ে গিয়েছিল। অবসরে খেলা হত যে কারাখানাগুলোয়, সেগুলোতেই শ্রমকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছিল। প্রথম যে ক্লাবগুলির জন্ম হয়েছিল, সেগুলির মধ্যে ততদিনে শ্রেণি, ব্যবসা এবং ক্ষমতার সমীকরণ বাসা বেঁধে ফেলেছে। অতএব, ছায়া ছিল, শুরু থেকেই।
কিন্তু সূর্যালোকও ছিল। পুঁজির আগে নয়। পুঁজির পরেও নয়। পুঁজির পাশাপাশি। পুঁজির বিরুদ্ধে।
ফুটবলকে পণ্যে পরিণত করার প্রতিটি প্রয়াসের ভিতরেই একটি করে ছোট্ট প্রত্যাখ্যান ঘাপটি মেরে থেকে গেছে।
একটা বাচ্চা ড্রিবল করতে করতে যখন পাস বাড়িয়েছে, তখন।
কোনও মিডফিল্ডার যখন কোনও অসম্ভব প্রয়াস করেছে, তখন।
হারের পরও সমর্থকরা যখন গান গাইতে থেকেছে, তখন।
স্মৃতির মতোই দৃঢ় বলটা সম্পূর্ণ আনুগত্য কখনওই স্বীকার করেনি। শেষ পর্যন্ত, এই কারণেই, সকার ইন সান অ্যান্ড শ্যাডো এখনও গুরুত্বপূর্ণ। এই বই হারিয়ে যাওয়া ফুটবলকে উদ্ধার করার কোনও হ্যান্ডবুক নয়। সুন্দরকে যে সবসময়েই চাপ সহ্য করে বেঁচে থাকতে হয়, এই বই তার এক অভিজ্ঞান।
আর তাই, প্রতিটা সাম্রাজ্য, প্রতিটা বাজার এবং প্রতিটা অ্যালগরিদম সত্ত্বেও, ফুটবল স্বাধীনভাবে গড়িয়ে চলার অপ্রত্যাশিত সব রাস্তা খুঁজে নেয়।

[1] Bosman ruling, wikipedia.org.



আপনার মতামত...