শ্রীলঙ্কার কৃষি: পাহাড়ের খাঁজে বেঁচে থাকার লড়াই

দেবাশিস মিথিয়া

 

নুয়ারা এলিয়ার যে সতেজ ও রঙিন সবজি পর্যটকদের প্লেটে শোভা পায়, তার প্রতিটি দানায় মিশে আছে হাজারো কৃষকের নিঃশব্দ হাহাকার আর হাড়ভাঙা খাটুনির গল্প। জলবায়ুর খামখেয়ালি আচরণ, সেচের সংকট, চাষের ধাপ ধসে পড়া, কৃষি উপকরণের আকাশছোঁয়া দাম যা স্ট্যানলি, সরথ কুমারদের মতো মানুষদের জীবনকে আজ খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। একদিকে প্রকৃতির রুদ্ররূপ, অন্যদিকে মধ্যস্বত্বভোগীদের অমানবিক শোষণ— এই দুই সাঁড়াশি অভিযানে পিষ্ট হয়ে নুয়ারা এলিয়ার কৃষি আজ তার জৌলুস হারাতে বসেছে

 

মধ্য-শ্রীলঙ্কার ছোট্ট পাহাড়ি জনপদ নুয়ারা এলিয়া। সমুদ্রতল থেকে প্রায় ৬,১২৮ ফুট উচ্চতায় মেঘের চাদরে মোড়া এই অঞ্চলটির পরতে পরতে যেন সবুজের গালিচা বিছানো। ব্রিটিশ স্থাপত্যের আভিজাত্য এখানে স্পষ্ট, তাই পর্যটকদের কাছে এই জায়গাটি ‘লিটল ইংল্যান্ড’ নামে পরিচিত। নুয়ারা এলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য যতটা মুগ্ধকর, পাহাড়ের খাড়া ঢালে টিকে থাকার লড়াই ঠিক ততটাই কঠিন। এই নৈসর্গিক রূপের আড়ালে মেঘের কোল ঘেঁষে প্রতিদিন রচিত হয় এক অন্যরকম জীবনযুদ্ধ।

​এখানকার ধাপ-কাটা সবুজ ক্ষেতগুলি মূলত শ্রীলঙ্কার ‘আপ-কান্ট্রি’ কৃষির প্রাণকেন্দ্র। হাড়কাঁপানো শীত আর মেঘের আনাগোনার মাঝেই স্ট্যানলি, সরথকুমার, সুধা বা রানিদেবীদের মতো হাজারো কৃষক ও কৃষিশ্রমিকের নিরলস পরিশ্রমে গড়ে উঠেছে এক বিশাল কৃষি-অর্থনীতি। এখানকার প্রতিটি মাটির কণা যেন সংগ্রামের কথা বলে; ঘাম আর প্রকৃতির সঙ্গে এই মানুষগুলির এক অবিচ্ছিন্ন বন্ধুত্ব গড়ে উঠেছে।

 

ফসলের চক্র ও উৎপাদনের অঙ্ক

​নুয়ারা এলিয়ায় মূলত সব্জির চাষ হয়। এখানকার হাড়কাঁপানো শীতল আবহাওয়া যে কোনও সব্জিচাষের জন্যই আশীর্বাদ। আলু, গাজর, লিকসের পাশাপাশি এখানে বাঁধাকপি, বিনস, টমেটো, কাঁচালঙ্কা, মিষ্টি কুমড়ো আর সালাদ পাতার প্রচুর ফলন হয়। নুয়ারা এলিয়ার কৃষিজমিতে বছরে সাধারণত তিনটি প্রধান ফসলের চাষ হয়। ঘুরিয়ে-ফিরিয়ে একটার পর একটা সব্জির চাষ যেমন হয়, তেমনই কোনও সব্জির মাঝে আর একটা সব্জিও কৃষকরা ফলিয়ে নেন। কৃষি-অর্থনীতির ভাষায় যাকে বলা হয় ‘ইন্টার ক্রপিং’ (Inter-cropping)।

মাঠে লিকস তোলার কাজে ব্যস্ত স্ট্যানলি জানালেন— “আজ আর কালকের মধ্যে এই লিকস তুলে বাজারে পাঠাব। এর ঠিক পরের দিন থেকেই শুরু হবে আলুর জন্য জমি তৈরি।” তাঁর কথাতেই স্পষ্ট এখানকার জমির বিরাম নেই। এছাড়াও তিনি জানালেন, এখানকার কৃষকরা গাজরের সঙ্গে বিটও চাষ করেন। গাজরের দুটো সারির মাঝখানের ফাঁকা জায়গায় পুঁতে দেন বিটের বীজ। পাহাড়ের পাদদেশে যেখানে ঢালটা কিছুটা সমতল, সেখানে ট্রাক্টর নিয়ে আলুর জন্যে জমি চষছিলেন সরথকুমার। পাশেই দেখা গেল সুধা, রানি ও অন্যান্য মহিলা কৃষিশ্রমিকদের যাঁরা লিকসের চারা পুঁততে ব্যস্ত।

নুয়ারা এলিয়ার উর্বর মাটিতে প্রধান ফসলগুলির উৎপাদনের হিসাব রীতিমতো বিস্ময়কর। এক একর জমিতে আলুচাষের জন্য প্রয়োজন হয় প্রায় ৮০০ কেজি বীজ, যা মূলত সমুদ্র পাড়ি দিয়ে সুদূর হল্যান্ড (নেদারল্যান্ডস) থেকে আসে; আর অনুকূল আবহাওয়া থাকলে এখান থেকে একর প্রতি ৬-১০ মেট্রিক টন আলুর ফলন পাওয়া যায়। লিকস চাষের ক্ষেত্রে একরে ৮ থেকে ১০ বক্স (প্রতি বক্সে ১০০ গ্রামের ১০টি প্যাকেট) বীজের বিপরীতে ফলন আসে গড়ে ১৫০ থেকে ১৭৫ ব্যাগ (প্রতিটি ২৫ কেজি) বা ৫-৭ মেট্রিক টন। অন্যদিকে, গাজরচাষে বীজের প্রয়োজনীয়তা কম (একরে মাত্র দুটি ৪০০ গ্রামের টিন বীজ) হলেও ফলন পাওয়া যায় প্রায় ৬-৯ মেট্রিক টন। তবে এই ফলন তখনই সম্ভব প্রকৃতি সহায় হলে।

 

জলবায়ু পরিবর্তন:  বৃষ্টি ও ধসের ক্ষত

কিন্তু বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব নুয়ারা এলিয়াকেও রেহাই দেয়নি। অনিয়মিত বৃষ্টিপাত এবং চরম জলবায়ু পরিবর্তন বর্তমানে এখানকার কৃষি ঐতিহ্যের ওপর সবচেয়ে বড় আঘাত। এক সময় এখানকার আবহাওয়া ছিল ঘড়ির কাঁটার মতো নির্দিষ্ট; কৃষকরা জানতেন ঠিক কখন কুয়াশার চাদর নামবে আর কখন ঝরবে কাঙ্ক্ষিত বৃষ্টি। কিন্তু সেই চিরচেনা ঋতুচক্র এখন কেবলই স্মৃতি। জলবায়ুর এই খামখেয়ালি আচরণ গত ডিসেম্বরে বিধ্বংসী রূপে দেখা গেছে। অসময়ের অস্বাভাবিক বৃষ্টির তোড় এতটাই শক্তিশালী ছিল যে, পাহাড়ের খাড়া ঢালে বছরের পর বছর ধরে পরম মমতায় গড়ে তোলা চাষের ধাপগুলো (Terraces) তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

এছাড়া, বৃষ্টির কারণে খেতে দীর্ঘক্ষণ জল জমে থাকায় ফসলে হানা দিয়েছে মারাত্মক মড়ক বা ব্লাইট (Blight) রোগ। বিশেষ করে আলু ও গাজরের ক্ষেতগুলো চোখের সামনে এই মড়কের কবলে পড়ে বিলীন হয়ে গেছে। বৃষ্টির পাশাপাশি দিনের পর দিন জেঁকে বসা ঘন কুয়াশা এই পচন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করেছে, যার ফলে সেই সময় অধিকাংশ ফসল মাঠেই পচে নষ্ট হয়ে গেছে। ফলন তোলার ঠিক আগের মুহূর্তে এই প্রাকৃতিক বিপর্যয় কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে।

এই ভেঙে পড়া পাহাড়কে আবার জোড়া দেওয়া, ধাপগুলো সংস্কার করা এবং জমিকে পুনরায় চাষযোগ্য করে তোলা এখন কৃষকদের জন্য এক বিশাল আর্থিক বোঝা আর হাড়ভাঙা খাটুনির কারণ হয়ে দাঁড়িয়েছে— যার জন্য প্রয়োজনীয় কোনও বাড়তি পুঁজি বা শক্তি এখন আর তাদের অবশিষ্ট নেই। একদিকে ফসল হারানোর শোক, অন্যদিকে ধাপ সংস্কারের বিপুল খরচ— যেন মরার ওপর খাঁড়ার ঘা। আবহাওয়ার এই চরম অনিশ্চয়তা কৃষকদের দীর্ঘদিনের চেনা চাষের ক্যালেন্ডারকে সম্পূর্ণ ওলটপালট করে দিয়ে নুয়ারা এলিয়ার সামগ্রিক কৃষি-অর্থনীতিকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে।

 

ফসল বিমার অভাব ও অর্থনৈতিক বিপর্যয়

​এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে কৃষকদের সবচেয়ে বড় বিপদ হল তাঁদের কোনও ফসল বিমা না থাকা। শ্রীলঙ্কার ‘এগ্রিকালচারাল অ্যান্ড অ্যাগ্রেরিয়ান ইন্স্যুরেন্স বোর্ড’-এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ বা পোকামাকড়ের আক্রমণ মোকাবিলায় বিমার সুবিধা পাওয়ার নিয়ম রয়েছে। কিন্তু নুয়ারা এলিয়ার সাধারণ চাষিদের কাছে তা অধরাই থেকে গেছে। ফলে ডিসেম্বরের বিপর্যয়ে তারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েন। এই ক্ষতি সামলাতে কৃষকরা এখনও হিমশিম খাচ্ছেন। নতুন করে চাষ শুরু করার মতো পুঁজিটুকুও জোগাড় করা এখন তাঁদের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

প্রতিকূলতা মোকাবিলায় কৃষকরা এখন ফসলের বৈচিত্র্যকরণ, সঠিক জলনিষ্কাশন ব্যবস্থা, মাটি সংরক্ষণ এবং পলিথিন টানেল বা শেড নেটের মতো সুরক্ষিত পদ্ধতিতে চাষাবাদ করার চেষ্টা করছেন। এছাড়া নিয়মিত কৃষি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন ও জানতে চাইছেন কীটপতঙ্গের আক্রমণ থেকে ফসল রক্ষা করতে কীভাবে আগাম প্রস্তুতি নেবেন।

 

জলসেচ ও জলের তীব্র সংকট

বর্তমানে নুয়ারা এলিয়ার অন্য একটি সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে তা হল ভয়াবহ জলের অভাব। ভৌগোলিক অবস্থানের কারণে এখনকার জলসেচ ব্যবস্থা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। পাহাড়ের খাড়া ঢালে স্বাভাবিক কারণেই জল নিচের দিকে গড়িয়ে যায়, ফলে জমিতে সরাসরি জল ধরে রাখা বা জমানো প্রায় অসম্ভব। এখানকার কৃষকরা শতাব্দীকাল ধরে পাহাড়ের উঁচুতে থাকা প্রাকৃতিক ঝরনার জলকে মাইলের পর মাইল দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে অত্যন্ত সুপরিকল্পিতভাবে পাহাড়ের নিচের ধাপগুলোতে নামিয়ে আনেন। পাহাড়ের এই জলই লিকস, আলু বা গাজরের মতো তৃষ্ণার্ত ফসলের জীবন।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাহাড়ের সুউচ্চ চূড়াগুলিতে আগের মতো নিয়মিত বৃষ্টিপাত না হওয়ায় প্রাকৃতিক ঝরনাগুলির প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে গেছে। অনেক ঝরনা আজ প্রায় শুকিয়ে যাওয়ার পথে। আবার ডিসেম্বরের অতিবৃষ্টিতে পাহাড়ের ধাপগুলি (Terraces) ক্ষতিগ্রস্ত হওয়ায় মাটি তার আর্দ্রতা অনেকখানি হারিয়ে ফেলেছে। মাটি অতিরিক্ত রুক্ষ হয়ে পড়ায় ফসলের ফলন আশঙ্কাজনকভাবে কমে যাবে বলে চাষিরা মনে করছেন। একদিকে পাহাড়ের উপরে জলের অভাব, এর সঙ্গে যোগ হয়েছে মাটির উর্বরতা হ্রাস— এই দুইয়ের জাঁতাকলে পড়ে নুয়ারা এলিয়ার কৃষকরা এখন দিশেহারা।

 

অর্গানিক বনাম কেমিক্যাল ফার্মিং

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে অনেকেই এখানে অর্গানিক ফার্মিং বা জৈব চাষের পরামর্শ দিচ্ছেন। ২০২১ সালের এপ্রিলে শ্রীলঙ্কা সরকার যখন রাতারাতি দেশজুড়ে অর্গানিক ফার্মিং বা সম্পূর্ণ জৈব কৃষির নীতি ঘোষণা করে, তখন বিশ্বজুড়ে তা প্রশংসিত হলেও নুয়ারা এলিয়ার পাহাড়ি মাটিতে তা বিপর্যয় ডেকে আনে। সরকারি নথিতে এবং প্রচারে জৈব কৃষির জয়গান গাওয়া হলেও, এখানকার বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। নুয়ারা এলিয়ার এই বিশেষ জলবায়ু এবং মাটির ধরনে দেখা গেছে যে, রাসায়নিক চাষ জৈব চাষের চেয়ে অনেক বেশি কার্যকর, নির্ভরযোগ্য এবং লাভজনক।

নুয়ারা এলিয়ার কৃষকদের অভিজ্ঞতা থেকে জানা গেল, জৈব পদ্ধতিতে ফসলের উৎপাদন হার রাসায়নিক পদ্ধতির তুলনায় অবিশ্বাস্য রকমের কম। শুধু উৎপাদনই নয়, জৈব সবজির বাজারজাতকরণ এবং পচনশীলতার ঝুঁকি বিবেচনা করলে কৃষকের নিট আয়ও অনেক কমে যায়। এই পাহাড়ি মাটিতে অতীতে বছরের পর বছর রাসায়নিকের ব্যবহারের ফলে মাটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, এখন রাসায়নিক সার ও শক্তিশালী কীটনাশক ছাড়া কাঙ্ক্ষিত ফলন পাওয়া প্রায় অসম্ভব। জৈব সারের কার্যকারিতা এখানে এতটাই কম যে, তা আলু বা লিকসের মতো দ্রুত বর্ধনশীল ফসলের পুষ্টি চাহিদা মেটাতে পারে না।

​ফলস্বরূপ, কৃষকরা বাধ্য হয়েই মাটির স্বাস্থ্যরক্ষা এবং গাছের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে, কৃষি বিভাগের সুপারিশ অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় ইউরিয়া, টিএসপি (TSP), এমওপি (MOP) এবং বিভিন্ন এনপিকে (NPK) মিশ্র সার ব্যবহার করেন। রাসায়নিক সার ছাড়া উচ্চক্ষমতাসম্পন্ন কীটনাশকও ব্যবহার করছেন। কিন্তু সংকটের জায়গাটি হল— আমদানি জটিলতা এবং অর্থনৈতিক অস্থিরতার কারণে এই সকল উপকরণের দাম বর্তমানে কয়েক গুণ বেড়ে গেছে। ফলে কৃষকের উৎপাদন খরচ এখন আকাশ ছুঁয়েছে। আয়ের সিংহভাগই এখন চলে যাচ্ছে সার ও বিষ কেনার পেছনে। ফলে জৈব কৃষির তাত্ত্বিক আদর্শ নুয়ারা এলিয়ার রুক্ষ পাহাড় আর কৃষকের ক্ষুধার্ত বাস্তবতার কাছে আজ বড়ই ম্লান এবং অকার্যকর।

 

উপকরণের ব্যয় ও শ্রমিকের কঠিন জীবন

আলোচনায় পরিষ্কার, নুয়ারা এলিয়ায় রাসায়নিক কৃষিই ভরসা। কিন্তু এখানকার ঐতিহ্যবাহী সেই কৃষি আজ এক গভীর সংকটের মুখোমুখি। একদিকে কৃষি-উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অন্যদিকে শ্রমবাজারে তীব্র হাহাকারে স্থানীয় কৃষকরা আজ দিশেহারা। বর্তমান মুদ্রাস্ফীতির কারণে উচ্চফলনশীল বীজের উচ্চমূল্য চাষাবাদের শুরুতেই কৃষকদের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিচ্ছে। সার ও কীটনাশকের অনিয়ন্ত্রিত দাম এই সংকটকে আরও ঘনীভূত করেছে। রাসায়নিক পদ্ধতিতে চাষাবাদ চালিয়ে নিতে গিয়ে অনেক কৃষকই তাদের মূলধন হারিয়ে ফেলছেন এবং জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে নতুন করে ঋণের জালে জড়িয়ে পড়ছেন। ফলে মাটির উর্বরতা রক্ষার লড়াই ছাপিয়ে এখন টিকে থাকাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

​সবজি চাষ মূলত একটি শ্রমনিবিড় প্রক্রিয়া। জমি প্রস্তুত করা থেকে শুরু করে চারা রোপণ, নিড়ানি এবং ফসল সংগ্রহ পর্যন্ত প্রতিটি ধাপে হাড়ভাঙা খাটুনি প্রয়োজন। এর বেশিরভাগই করেন মহিলারা। কিন্তু সেই মহিলারা পাহাড়ের হাড়কাঁপানো শীতে সকাল আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কাদা-মাটিতে নিরলস পরিশ্রম করে মজুরি হিসেবে পান মাত্র ২০০০ থেকে ২৫০০ শ্রীলঙ্কান রুপি। বর্তমান শ্রীলঙ্কার আকাশছোঁয়া জীবনযাত্রার ব্যয়ে এই নামমাত্র মজুরি দিয়ে একটি পরিবারের দৈনন্দিন চাহিদা মেটানো প্রায় অসম্ভব। শ্রমের এই সস্তা মূল্যের কারণেই নতুন প্রজন্মের মধ্যে কৃষিতে যুক্ত হওয়ার আগ্রহ হারিয়ে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে নুয়ারা এলিয়ার কৃষিকে এক গভীর সংকটে ফেলতে পারে।

 

বিপণনকেন্দ্র ও বাজারের বৈষম্য

এ তো গেল নুয়ারা এলিয়ার পাহাড়ে ফসল ফলাতে কী সমস্যা। জানতে হবে এই কষ্টের ফসল বিক্রি করে চাষি সত্যি লাভ ঘরে তুলতে পারছেন কিনা। নাকি শুধুই যোগ-বিয়োগ চলছে? নুয়ারা এলিয়ার টাটকা সবজির সামান্য অংশ স্থানীয় হোটেলগুলিতে গেলেও সিংহভাগই পাড়ি দেয় এলাকার বাইরে। মাঠের তাজা ফসল প্রথমেই পৌঁছায় এই অঞ্চলের অর্থনীতির হৃৎপিণ্ড— নুয়ারা এলিয়া ডেডিকেটেড ইকোনমিক সেন্টার এবং ডাম্বুলা ডেডিকেটেড ইকোনমিক সেন্টারে। এখান থেকেই লরি-বোঝাই সবজি কলম্বোর বড় বড় সুপার শপ ও বিলাসবহুল হোটেলের রান্নাঘরে পৌঁছে যায়। কিন্তু এই সরবরাহ ব্যবস্থার আড়ালে লুকিয়ে আছে এক চরম অমানবিক বাস্তবতা; নুয়ারা এলিয়ার স্থানীয় বাজারের সবজির দাম বিশ্লেষণ করলে দেখা যায়, সাধারণ ক্রেতা যে দামে সবজি কিনছেন, তার সঙ্গে রক্ত জল করা কৃষকের পাওয়া দামের কোনও সঙ্গতি নেই।

মাঠের খাটুনি আর বাজারের চড়া দরের মধ্যেকার এই বিস্তর ফারাক এক পলকে দেখে নেওয়া যাক (প্রতি কেজি শ্রীলঙ্কান রুপিতে):

  • ফুলকপি: চাষি পান ৭০০-৮০০ রুপি, খুচরা বাজারে বিক্রি হয় ১২০০ রুপিতে।
  • আলু: চাষি পান ২৫০-৩০০ রুপি, ক্রেতাকে কিনতে হয় ৪৮০ রুপিতে।
  • লিকস: চাষি পান ১৮০-২৫০ রুপি, বাজারে দাম পৌঁছায় ৪৫০ রুপিতে।
  • গাজর: চাষি পান ১৮০-৩০০ রুপি, মধ্যস্বত্বভোগীদের হাত ঘুরে তা হয় ৪৮০ রুপি।
  • বাঁধাকপি: চাষি ২০০-২৫০ রুপিতে ছাড়লেও বাজারে তার দাম দাঁড়ায় ৫০০ রুপি।

​পরিসংখ্যান বলছে, প্রতি কেজিতে ২০০ থেকে ৫০০ রুপির বিশাল লভ্যাংশই চাষির হাতছাড়া হয়ে মাঝপথে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের পকেটে চলে যাচ্ছে।

গত ডিসেম্বরের বিধ্বংসী বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও ফলন বিপর্যয়, উৎপাদন খরচের বৃদ্ধি; অন্যদিকে পাইকারি বাজারের শক্তিশালী সিন্ডিকেট কৃষকের প্রাপ্য মুনাফা শুষে নিচ্ছে। ভোক্তা পকেট উজাড় করে চড়া দাম দিলেও তার কানাকড়িও পৌঁছাচ্ছে না কৃষকের হাতে। সব মিলিয়ে, হাড়ভাঙা খাটুনি করা চাষির প্রাপ্তি আর সাধারণ ক্রেতার ব্যয়ের মাঝখানের এই ব্যবধান বা ‘প্রাইস গ্যাপ’ এখন নুয়ারা এলিয়ার পাহাড়ের উচ্চতাকেও ছাড়িয়ে গেছে।

 

অনিশ্চিত ভবিষ্যতের পথে পাহাড়ের জীবন

​নুয়ারা এলিয়ার যে সতেজ ও রঙিন সবজি পর্যটকদের প্লেটে শোভা পায়, তার প্রতিটি দানায় মিশে আছে হাজারো কৃষকের নিঃশব্দ হাহাকার আর হাড়ভাঙা খাটুনির গল্প। জলবায়ুর খামখেয়ালি আচরণ, সেচের সংকট, চাষের ধাপ ধসে পড়া, কৃষি উপকরণের আকাশছোঁয়া দাম যা স্ট্যানলি, সরথ কুমারদের মতো মানুষদের জীবনকে আজ খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। একদিকে প্রকৃতির রুদ্ররূপ, অন্যদিকে মধ্যস্বত্বভোগীদের অমানবিক শোষণ— এই দুই সাঁড়াশি অভিযানে পিষ্ট হয়ে নুয়ারা এলিয়ার কৃষি আজ তার জৌলুস হারাতে বসেছে।

​সবচেয়ে শঙ্কার বিষয় হল, বর্তমান প্রজন্মের তরুণরা আর এই পূর্বপুরুষদের রক্ত-জল করা পেশায় নিজেদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। যে পাহাড় একসময় সমৃদ্ধির গান গাইত, আজ সেখানে কেবল অনিশ্চয়তার কুয়াশা। যদি দ্রুত কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা না যায়, তবে অচিরেই শ্রীলঙ্কার এই কৃষি-হৃদপিণ্ড স্তব্ধ হয়ে যাবে। তখন হয়তো পাহাড়ের ভাঁজে সবুজের গালিচা থাকবে ঠিকই, কিন্তু থাকবে না সেই প্রাণস্পন্দন— যা যুগ যুগ ধরে পুরো দেশের মানুষের পাতের টাটকা সবজির জোগান দিয়ে এসেছে।

শেষে যেটা বলার, নুয়ারা এলিয়ার এই সংকটের ছবিটা আসলে শুধু শ্রীলঙ্কার একার নয়; এটি সমগ্র দক্ষিণ এশিয়ার কৃষি-অর্থনীতির এক করুণ ছবি। ভারতের মতো বিশাল কৃষিপ্রধান দেশের দিকে তাকালে এর সঙ্গে এক অদ্ভুত মিল পাওয়া যায়। সারের ক্রমাগত মূল্যবৃদ্ধি, উচ্চফলনশীল বীজের ওপর বহুজাতিক কোম্পানিগুলির একচেটিয়া আধিপত্য এবং ফড়ে বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে কৃষককে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করা— এই ব্যাধিগুলি আজ ভৌগোলিক সীমা ছাড়িয়ে গেছে। শ্রীলঙ্কার হঠকারী নীতি নির্ধারণ বা প্রকৃতির খামখেয়ালি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, কৃষির জন্য এখনই যদি কৃষিবান্ধব স্থায়ী পরিকাঠামো গড়ে তোলা না যায়, তবে দক্ষিণ এশিয়ার সামগ্রিক খাদ্যনিরাপত্তা অচিরেই হুমকির মুখে পড়বে।

 


 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5450 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.