এলিস ক্যাশমোর ও কেভিন ডিক্সন
১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে পেশাদার ফুটবল এমন এক কাঠামোগত রূপান্তরের মধ্যে দিয়ে গেছে, যেখানে ফুটবলার স্রেফ একজন শ্রম বিক্রয়কারী কর্মচারী থেকে এক বহুমাত্রিক এন্টারপ্রাইজে রূপান্তরিত হয়েছেন। যা একসময় কঠোরভাবে নিয়ন্ত্রিত একটি পেশা এবং ক্লাবভিত্তিক ক্ষমতার শ্রেণিবিন্যাসের মধ্যে সীমাবদ্ধ ছিল, তা এখন অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সম্ভাবনার এক বিস্তৃত ক্ষেত্রে পরিণত হয়েছে। আধুনিক ফুটবলার আর কেবল একটি বিশ্বব্যাপী জনপ্রিয় খেলার নিছক অংশগ্রহণকারী নন; তিনি এমন এক সক্রিয় ব্যক্তি, যিনি একই সঙ্গে মিডিয়া, বাণিজ্য এবং জনপরিসরের আলোচনার পরস্পর-সম্পর্কিত বিভিন্ন ব্যবস্থার মধ্যে কাজ করেন। এই প্রবন্ধে আলোচিত তিনটি উপাদান— ব্র্যান্ডিং, অ্যাক্টিভিজম এবং প্ল্যাটফর্মিং— সম্মিলিতভাবে সেই নতুন ভূমিকার ভিত্তি বা কাঠামো গড়ে তুলেছে
১. মূল বিষয়গুলি
শীর্ষস্তরের ফুটবলাররা এখন কেবল ক্রীড়াবিদ নন, বরং অ্যাথলিট-এন্টারপ্রাইজেস হিসেবে কাজ করেন। তাঁরা ক্রীড়া-নৈপুণ্য প্রদর্শনের সঙ্গে সঙ্গে এখন বাণিজ্যিক ও মিডিয়া-সংক্রান্ত ভূমিকাও পালন করে থাকেন। ব্র্যান্ডিং ফুটবলারদের এমন এক জনপরিচিতি (public persona) নির্মাণ করতে সক্ষম করে, যার বাণিজ্যিক মূল্য রয়েছে এবং যা মাঠের সীমানা ছাড়িয়ে বিস্তৃত। অ্যাক্টিভিজম বা সামাজিক-রাজনৈতিক সক্রিয়তা তারকা ফুটবলারদের তাঁদের ব্যাপক দৃশ্যমানতাকে কাজে লাগিয়ে সামাজিক ও রাজনৈতিক বিতর্কে প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। প্ল্যাটফর্মিং (platforming) ফুটবলারদের গণমাধ্যমের কেবল ভোক্তা নয়, বরং নির্মাতায় রূপান্তরিত করছে, ফলে তাঁরা নিজেরাই ন্যারেটিভ গড়ে তুলছেন এবং মানুষের মনোযোগকে সরাসরি আর্থিক মূল্যে পরিণত করছেন।
এই পরিবর্তনগুলি ফুটবলের রাজনৈতিক অর্থনীতিকে পুনর্গঠিত করছে; যার ফলে সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ প্রতিষ্ঠানগুলির বদলে ক্রমশ স্বতন্ত্র ফুটবলারদের হাতে কেন্দ্রীভূত হচ্ছে।

২. কর্মচারী থেকে এন্টারপ্রাইজ
“রোনাল্ডোই একমাত্র বিদেশি খেলোয়াড়, যে তার প্রাপ্য পারিশ্রমিকের যথার্থ মূল্য দেয়। কারণ, সে লিগ এবং দেশ— উভয়ের জন্যই যে বৈশ্বিক প্রচার এনে দেয়, তা অন্য কেউ পারে না,”— ২০২৫ সালের নভেম্বর মাসে এভাবেই মন্তব্য করেছিলেন সৌদি আরবের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল্লাহ বিন মোসাদ।[1] তখন ক্রিস্তিয়ানো রোনাল্ডোর বার্ষিক বেতন ছিল ২১ কোটি ১০ লক্ষ মার্কিন ডলার— অর্থাৎ প্রতি সপ্তাহে প্রায় ৪০ লক্ষ মার্কিন ডলার। এই মন্তব্যটি স্পষ্টভাবে ইঙ্গিত করে আজকের ফুটবল-বাস্তবতায় রোনাল্ডোর প্রকৃত মূল্য কোথায় নিহিত। তাঁর মূল্য আর প্রধানত গোল করা, ট্রফি জেতানো কিংবা মাঠে ধারাবাহিকভাবে ভালো খেলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তিনি যে বিশ্বব্যাপী প্রচার ও দৃশ্যমানতা (global exposure) সৃষ্টি করতে পারেন, সেটিই তাঁর সবচেয়ে বড় সম্পদ।[2]
ক্রিস্তিয়ানো রোনাল্ডো এমন এক সমসাময়িক ফুটবলারের দৃষ্টান্ত, যিনি একই সঙ্গে ক্রীড়াবিদ, মিডিয়া-ব্যক্তিত্ব এবং একটি অর্থনৈতিক উদ্যোগ (economic enterprise) হিসেবে কাজ করেন।[3] এই নিবন্ধের মূল বক্তব্য হল, গত তিন দশকে পেশাদার ফুটবল এবং সামগ্রিকভাবে ক্রীড়াজগৎ একটি মৌলিক রূপান্তরের মধ্যে দিয়ে গেছে। যে খেলোয়াড়রা একসময় প্রধানত বিভিন্ন নিয়ন্ত্রিত প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে কর্মচারী হিসেবে কাজ করতেন, তাঁরা এখন নিজেরাই স্বতন্ত্র বাণিজ্যিক সত্তায় পরিণত হয়েছেন। তাঁদের জনপরিচিতি (public image) পরিকল্পিতভাবে ক্রমবর্ধমান ডিজিটাল, ব্রডকাস্টিং এবং প্রোমোশনাল প্রচারমাধ্যমের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে নির্মিত, পরিচর্যিত, পরিচালিত হচ্ছে এবং বিস্তার লাভ করছে।[4] অবশ্যই, সমসাময়িক ফুটবল একটি তীব্র প্রতিযোগিতামূলক ক্ষেত্র। কিন্তু একই সঙ্গে এটি একটি বৈশ্বিক ব্যবসাও। আর এই ব্যবস্থায় শীর্ষ ফুটবলাররা এমন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো কাজ করেন, যাদের একাধিক কর্মকাণ্ডের অনেকগুলিই খেলাধুলার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।[5]
খেলোয়াড়রা একই সঙ্গে বেতনভোগী কর্মচারী এবং মানবসম্পদ (human assets)। ক্লাবগুলি নির্দিষ্ট সময়ের জন্য তাঁদের সঙ্গে চুক্তি করে কাজ করায়, কিন্তু একই সঙ্গে তাঁদের এই স্বীকৃতিও দিতে বাধ্য হয় যে, খেলোয়াড়রা নিজেদের ভাবমূর্তির (image) স্বাধীন প্রচারক ও নিয়ন্ত্রক; আর সেই ভাবমূর্তিকে তাঁরা স্পনসরশিপ, বিজ্ঞাপন এবং অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ডের মাধ্যমে আর্থিক মূল্যে পরিণত করেন। একসময় ক্লাবগুলি খেলোয়াড়দের ব্যক্তিগত প্রচারমূলক কর্মকাণ্ডকে মনোযোগ-বিচ্ছিন্নকারী বিষয় হিসেবে দেখত। (২০০০-এর দশকের গোড়ার দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের তৎকালীন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন মনে করতেন, ডেভিড বেকহ্যামের তারকা-খ্যাতি ও ব্যক্তিগত বাণিজ্যিক আগ্রহ তাঁর ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলজীবনে ব্যাঘাত সৃষ্টি করছে।) কিন্তু এখন তারা খেলোয়াড়দের সেই ক্ষমতাকে মূল্য দেয়, যার মাধ্যমে তাঁরা জনসাধারণের মনোযোগ আকর্ষণ করতে পারেন, দর্শকদের সঙ্গে সম্পৃক্ততা (audience engagement) তৈরি করতে পারেন এবং ক্লাবের পরিচিতি ও পরিসরকে আরও বিস্তৃত করতে পারেন— যেমনটি উপরে উদ্ধৃত প্রিন্স বিন মোসাদের মন্তব্যে স্পষ্ট হয়েছে।

এই প্রেক্ষাপটে রোনাল্ডোর কেরিয়ার বিশেষভাবে শিক্ষণীয়। তাঁর বিশ্বব্যাপী অনুসারীর সংখ্যা এবং বাণিজ্যিক অংশীদারিত্বের বিশাল পরিসর দেখিয়ে দেয়, কীভাবে একজন খেলোয়াড়কে একটি আন্তর্জাতিক এন্টারপ্রাইজে রূপান্তরিত করা যায়— যে এন্টারপ্রাইজ শুধু খেলোয়াড় রোনাল্ডোর নয়, তাঁর ব্র্যান্ড, তাঁর ক্লাব এবং তাঁর দেশগুলির জন্যও মূল্যবান বৈশ্বিক দৃশ্যমানতা তৈরি করতে সক্ষম। উল্লেখ করা যায়, তিনি বর্তমানে সৌদি আরবে বসবাস করেন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পর্তুগালের প্রতিনিধিত্ব করেন। CR7 ব্র্যান্ড নিয়ে গবেষণাগুলি দেখিয়েছে যে, বিভিন্ন ক্লাব ও লিগের মধ্যে রোনাল্ডোর স্থানান্তর বারবার তাঁর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলির বৈশ্বিক পরিচিতি ও দৃশ্যমানতা বৃদ্ধি করেছে।[6]
স্পষ্টতার জন্য বলা প্রয়োজন, এখানে এন্টারপ্রাইজ বলতে শুধু উদ্যোক্তা-সুলভ কর্মকাণ্ড বা বাণিজ্যিক ক্ষেত্রের বৈচিত্র্যকরণ বোঝানো হচ্ছে না; বরং বোঝানো হচ্ছে এমন এক ধরনের সেলফ-রিপ্রেজেন্টেশন, রেপুটেশন ম্যানেজমেন্ট এবং বাজারে অবস্থান নির্ধারণের (market positioning) পদ্ধতিকে, যার প্রত্যক্ষ ও পরিমাপযোগ্য অর্থনৈতিক প্রভাব রয়েছে। এই ধারণাটি ক্রীড়াবিদদের ব্যক্তিত্ব-নির্মাণ, ব্র্যান্ডিং এবং বিশ্বাসযোগ্যতার বাণিজ্যিক মূল্য নিয়ে পরিচালিত গবেষণার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।[7]
সুতরাং, ‘ফুটবলার-অ্যাজ-এন্টারপ্রাইজ’ ধারণাটিকে সম্পূর্ণ স্বতন্ত্র কোনও শ্রেণি হিসেবে বোঝা উচিত নয়; বরং এটি এমন কয়েকটি পরস্পর-আবদ্ধ বিকাশের সমন্বয়, যেগুলি সেলিব্রিটি সংস্কৃতি, ডিজিটাল শ্রম এবং সাংস্কৃতিক উৎপাদন নিয়ে পূর্ববর্তী গবেষণায় ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে। এই ধারণাটি হিউম্যান ব্র্যান্ড, গণমাধ্যম-নির্মিত পরিচয় (mediatized identity), প্ল্যাটফর্ম পুঁজিবাদ এবং বিশ্বাসযোগ্যতার (authenticity) বাণিজ্যিকীকরণ, উৎপাদন ও প্রদর্শনের ওপর পরিচালিত গবেষণাগুলির একত্রীকরণ; একই সঙ্গে এই প্রক্রিয়াগুলিকে অভিজাত ক্রীড়ার রাজনৈতিক অর্থনীতির নির্দিষ্ট পরিসরের মধ্যে স্থাপিত। বর্তমান সময়ের বিশেষ বৈশিষ্ট্য শুধু এই নয় যে, ক্রীড়াবিদদের দৃশ্যমানতা বেড়েছে; বরং গুরুত্বপূর্ণ বিষয় হল, দৃশ্যমানতা নিজেই এক ধরনের উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে।
২০২৫ সালের নভেম্বর মাসে একটি আন্তর্জাতিক ম্যাচে লাল কার্ড দেখার ঘটনার পর রোনাল্ডোর গুরুত্ব আরও স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। ফিফা তাঁকে নিষিদ্ধ করেছিল, কিন্তু এমনভাবে সেই শাস্তির ব্যবস্থা করেছিল যাতে পরবর্তী বিশ্বকাপে অংশ নিতে তাঁর কোনও সমস্যা না হয়। সমালোচকেরা অভিযোগ করেন, এই সিদ্ধান্ত প্রচলিত শৃঙ্খলার থেকে বিচ্যুতি এবং এটি এমন একটি উদাহরণ, যেখানে বাণিজ্যিক বিবেচনা ক্রীড়ার ন্যায্যতাকে ছাপিয়ে গেছে। সিদ্ধান্তটি যথার্থ ছিল কি না সে বিতর্কে না ঢুকেও বলাই যায়, রোনাল্ডো এখন এমন এক অবস্থানে রয়েছেন, যেখানে তাঁর বাণিজ্যিক গুরুত্ব বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তকেও যে প্রভাবিত করে এই ঘটনা তার স্পষ্ট প্রমাণ।[8]
রোনাল্ডোই প্রথম ক্রীড়াবিদ নন, যিনি প্রচলিত সীমারেখা অতিক্রম করেছেন। ১৯৯০-এর দশকে মাইকেল জর্ডান দেখিয়েছিলেন যে, একজন ক্রীড়াব্যক্তিত্ব কীভাবে এক ধরনের কর্পোরেট ইকোসিস্টেমে পরিণত হতে পারেন। নাইকির সঙ্গে তাঁর অংশীদারিত্ব তাঁকে বাস্কেটবল পরিচয়ের গণ্ডি ছাড়িয়ে একটি বৈশ্বিক প্রতীকে পরিণত করেছিল।[9] ২০০০-এর দশকে ডেভিড বেকহ্যাম ফুটবলে একই ধরনের পথ অনুসরণ করেন। তাঁর ব্র্যান্ড ফ্যাশন, বিজ্ঞাপন এবং লাইফস্টাইল-সংক্রান্ত ক্ষেত্রগুলিতে বিস্তৃত হয় এবং পুরুষত্বের (masculinity) সাংস্কৃতিক ধারণা নিয়ে আলোচনাকেও প্রভাবিত করে। এই প্রভাবকে হয়তো কখনও কখনও অতিরঞ্জিত করে দেখা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এর সাংস্কৃতিক গুরুত্ব অস্বীকার করা যায় না।[10]

রোনাল্ডো এই পূর্ববর্তী উদাহরণগুলিকে আরও বিস্তৃত করেছেন। তিনি এমন এক স্বনির্ভর এন্টারপ্রাইজে পরিণত হয়েছেন, যা নিজেই জনসাধারণের মনোযোগ আকর্ষণ করতে পারে, স্পনসরশিপ অর্জন করতে পারে, নিজস্ব পণ্যসামগ্রীর (merchandise) লাইন তৈরি করতে পারে, ভাবমূর্তির স্বত্ব (image rights) থেকে আয় করতে পারে এবং ব্যাপকভাবে গণমাধ্যম-নির্মিত মুহূর্ত সৃষ্টি করতে পারে।[11] ইউরো ২০২০-র একটি সংবাদ সম্মেলনে রোনাল্ডোর কোকা-কোলার দুটি বোতল সরিয়ে জলের দিকে ইঙ্গিত করার ঘটনাটি কোকা-কোলা কোম্পানির বাজারমূল্যে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার পতনের সঙ্গে সমাপতিত হয়েছিল।[12]
এই ধরনের বাজারে অস্থিরতা সৃষ্টিকারী মুহূর্তগুলির বাইরেও, রোনাল্ডোর ব্যক্তিগত ডিজিটাল ইকোসিস্টেম একটি প্ল্যাটফর্ম-নির্ভর মিডিয়া পরিবেশ হিসেবে কাজ করে। গবেষণায় দেখা গেছে, রোনাল্ডো, তাঁর সঙ্গী এবং তাঁর মা— তাঁরা সম্মিলিতভাবে ইনস্টাগ্রামে তাঁর সন্তানদের ডিজিটাল পরিচয় নির্মাণ ও প্রচার করেন। এর মাধ্যমে পারিবারিক জীবনকে একটানা ব্র্যান্ড-নির্মিত কনটেন্টের ধারায় যুক্ত করা হয়, যা পরে দর্শকেরা নিজেদের মতো করে পুনর্নির্মাণ এবং পুনঃপ্রচার করে চলেন।[13] এই ‘পারিবারিক মাইক্রো-সেলিব্রিটি’ (family micro-celebrity) ধারণাটি ব্র্যান্ড হিসেবে নির্মিত ব্যক্তিসত্তাকে আরও বিস্তৃত করে,[14] এবং প্ল্যাটফর্মায়ন (platformisation) ও ইনফ্লুয়েন্সার অর্থনীতির ভিসুয়াল লজিকের মধ্যেই কাজ করে।[15]
অন্যান্য শীর্ষস্থানীয় ক্রীড়াবিদদের মতোই রোনাল্ডো এখন আর কেবল বিপুল অর্থমূল্যের বিজ্ঞাপনী চুক্তি বা অ্যাপিয়ারেন্স ফি-ই ভোগ করেন না; বরং তিনি নিজেই বিভিন্ন প্রকল্পের নির্মাণ ও পরিচালনায় সক্রিয়ভাবে অংশ নেন। মাইকেল জর্ডানের এয়ার জর্ডান ব্র্যান্ড এবং চলচ্চিত্রে তাঁর উপস্থিতি থেকে এই ধরনের ঘটনার পূর্বাভাস পাওয়া গিয়েছিল। বেকহ্যাম ২০১৩ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পরও বিভিন্ন দৃশ্যমানতার ক্ষেত্রে নিজের ব্যক্তিত্ব ও ব্র্যান্ড-পরিচিতি গড়ে তুলেছেন। রোনাল্ডোর CR7 ব্র্যান্ডের মধ্যে সুগন্ধি, অন্তর্বাস এবং ক্রীড়াপোশাকও পাওয়া যায়। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, রোনাল্ডোর মোট সম্পদের আনুমানিক মূল্য ১৪০ কোটি মার্কিন ডলার। মাঠে খেলার জন্য তাঁর প্রাপ্ত ২৩ কোটি ৭২ লক্ষ মার্কিন ডলার বেতন তাঁর বার্ষিক আয়ের কেবল একটি অংশ মাত্র।
এই দৃষ্টিকোণ থেকে দেখলে, ফুটবলার-অ্যাজ-এন্টারপ্রাইজ ধারণাটির তিনটি পরস্পর-সম্পর্কযুক্ত উপাদান রয়েছে।
- ব্র্যান্ডিং (branding)— যার মাধ্যমে একজন খেলোয়াড় তাঁর জনপরিচিতি বা ব্যক্তিত্বের (persona) ভিত্তিতে সহজেই চেনা যায় এবং এমন একটি স্বতন্ত্র পরিচয় অর্জন করেন, যা পরবর্তীকালে বাণিজ্যিকভাবে ক্রয়-বিক্রয়যোগ্য সম্পদে পরিণত হয়।
- অ্যাক্টিভিজম (activism)— যেখানে খেলোয়াড় তাঁর জনসমক্ষে অর্জিত খ্যাতি ও প্রভাবকে ব্যবহার করে সামাজিক বা রাজনৈতিক কোনও উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যান কিংবা তার প্রতীক হয়ে ওঠেন।
- প্ল্যাটফর্মিং (platforming)— যা বোঝায়, কীভাবে একজন খেলোয়াড় নিজেই একটি গণমাধ্যমে পরিণত হন; অর্থাৎ সম্প্রচারকারী, ইনফ্লুয়েন্সার বা বিভিন্ন ধরনের কনটেন্টের পরিবেশক হিসেবে কাজ করেন।
বিশ্লেষণের সুবিধার জন্য এই তিনটি মাত্রাকে আলাদাভাবে চিহ্নিত করা গেলেও, বাস্তবে এগুলি প্রায়ই একে অপরের সঙ্গে মিশে যায়। ব্র্যান্ডিং অ্যাক্টিভিজমকে আরও শক্তিশালী করতে পারে; অ্যাক্টিভিজম আবার প্ল্যাটফর্মে দৃশ্যমানতা বাড়াতে পারে; আর প্ল্যাটফর্মিং কোনও খেলোয়াড়ের বাণিজ্যিক মূল্যকে আরও বৃদ্ধি করতে পারে। এই তিনটি প্রক্রিয়া একে অপরকে পারস্পরিকভাবে শক্তিশালী করতে করতে শেষ পর্যন্ত ফুটবলারকে এমন এক এন্টারপ্রাইজে রূপান্তরিত করে, যা ক্লাব, প্রতিযোগিতা, শিল্পখাত এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিসরের মধ্যে সহজেই বিচরণ করতে সক্ষম।

৩. হিউম্যান ব্র্যান্ড
ব্র্যান্ড কী? প্রচলিত অর্থে, একটি ব্র্যান্ড হল কোনও একটি সংস্থার উৎপাদিত এক বা একাধিক পণ্য, যা সেই সংস্থার নিজস্ব নামে বাজারজাত করা হয়। ব্র্যান্ড রেকগনিশন বলতে বোঝায়, সেই ব্র্যান্ড সম্পর্কে জনসাধারণের পরিচিতি বা গ্রহণযোগ্যতা— অর্থাৎ মানুষ কোনও নির্দিষ্ট ছবি, শব্দ বা নামের সঙ্গে সেই ব্র্যান্ডকে চিহ্নিত করতে পারে।
মানব ব্র্যান্ড বা হিউম্যান ব্র্যান্ডকে একটি বিস্তৃত বর্ণালীর (spectrum) মতো কল্পনা করা যেতে পারে। এই বর্ণালীর এক প্রান্তে রয়েছেন এমন সাফল্যের শিখরে থাকা ব্যক্তিত্বরা— যেমন চলচ্চিত্র তারকা বা শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ— যাঁরা এতটাই পরিচিত, এবং অনেক ক্ষেত্রেই এতটাই সম্মানিত বা এমনকি পূজিত, যে তাঁরা যে ক্ষেত্রের মাধ্যমে নিজেদের খ্যাতি অর্জন করেছিলেন, তার সীমানা অতিক্রম করে যান।[16]
আর বর্ণালীর অন্য প্রান্তে রয়েছেন হ্যারি ও মেগান।
হ্যারি ও মেগান— সাসেক্সের প্রাক্তন ডিউক ও ডাচেস— হলেন বিশুদ্ধ সেলিব্রিটি ব্র্যান্ড। তাঁদের খ্যাতি খেলাধুলা, শিল্পকলা বা রাজনীতিতে কোনও বিশেষ কৃতিত্বের ওপর প্রতিষ্ঠিত নয়। তাঁদের খ্যাতি স্বয়ংসম্পূর্ণ; তাঁরা আছেন, আর সেই কারণেই উপার্জন করেন। তাঁদের বিশ্বব্যাপী পরিচিতি নিজেই এক ধরনের পুঁজিতে পরিণত হয়েছে, যা নেটফ্লিক্স, স্পটিফাই এবং বিভিন্ন প্রকাশনা সংস্থার সঙ্গে লাভজনক চুক্তিতে রূপান্তরিত করা যায়— কারণ এই প্রতিষ্ঠানগুলি তাঁদের জনপ্রিয়তা ও দৃশ্যমানতাকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে আগ্রহী। ওয়েবারীয় পরিভাষায়, তাঁরা আদর্শ হিউম্যান ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করেন— যার উপস্থিতি ও সুনাম উৎপাদনমূলক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।

ক্রীড়াবিদেরা নিজেদেরকে জীবন্ত পণ্যে রূপান্তরিত করার অনেক আগে থেকেই খেলাধুলায় ব্র্যান্ডিং-এর উপস্থিতি ছিল। প্রথম দিকে বিভিন্ন কর্পোরেট সংস্থা বিভিন্ন ক্রীড়া ইভেন্টের সঙ্গে যুক্ত হত। ওমেগা ১৯৩২ সাল থেকে মোটামুটি লাগাতার অলিম্পিকের আনুষ্ঠানিক টাইমকিপার হিসেবে দায়িত্ব পালন করে আসছে। হয়ার (Heuer) ১৯৭১ সালে ফেরারি-র সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলে ফর্মুলা ওয়ান দলের প্রথম অটোমোবাইল-বহির্ভূত স্পনসর হয়। ১৯৬৭ সালে রোলেক্স গলফার আর্নল্ড পামার-এর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা শুরু করে। কীভাবে একটি পণ্য কোনও ব্যক্তির মূল্যবোধ ও চরিত্রকে আত্মস্থ করতে পারে, এই সম্পর্ক তা দেখিয়ে দিয়েছিল।[17] এর অন্তর্নিহিত ধারণা ছিল, পামার যে ঘড়িটি পরতেন— সাধারণত একটি হলুদ সোনার ডে-ডেট (Day-Date) মডেল, ১৯৭০ সালে যার দাম ছিল ১,৫০০ থেকে ২,৫০০ মার্কিন ডলার— তা একজন সফল পুরুষের ধারণার প্রতীক। অর্থাৎ, ভোক্তারা শুধু একটি ঘড়িই কিনতেন না; প্রতীকী অর্থে তাঁরা বিশ্বাস করতেন যে, পামারের স্থিরতা, আত্মবিশ্বাস এবং নৈতিক কর্তৃত্বের কিছুটা অংশও যেন তাঁদের নিজের হয়ে যাচ্ছে।
আর্নল্ড পামারের থেকে জর্জ বেস্টের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। পামার যেখানে একটি ব্র্যান্ড বা পণ্যের প্রচার করতেন, সেখানে বেস্ট নিজেই ছিলেন একটি ব্র্যান্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবলারটিকে প্রায় মিডিয়া ধাওয়া করে বেড়াত— বিশেষ করে যখন তিনি নাইটক্লাবে যেতেন। বেস্ট কিছু পণ্যের প্রচার করলেও, নিজের বাণিজ্যিক সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগানোর বিষয়ে তাঁর বিশেষ আগ্রহ ছিল না। তাঁর তারকা-খ্যাতির পেছনে কোনও এজেন্ট-পরিচালিত ব্র্যান্ড নির্মাণের কৌশল ছিল না। বরং সময়ের সঙ্গে সঙ্গে মিডিয়ার এই অতিরিক্ত মনোযোগ তাঁকে অস্বস্তিতে ফেলতে শুরু করেছিল।
টেনিসে তাঁর সমসাময়িক বিয়র্ন বর্গ, যাঁর চেহারা ও ব্যক্তিত্ব রকস্টারদের মতো, পুমা-সহ একাধিক সংস্থার সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছিলেন। কিন্তু মাত্র ২৬ বছর বয়সে অবসর নেওয়ার সিদ্ধান্তের ফলে তিনি নিজের বাণিজ্যিক সম্ভাবনাকেই সীমিত করে ফেলেন; বেশ কয়েকটি লাভজনক চুক্তি অপূর্ণই থেকে যায়। লিভারপুল ও হামবুর্গ-সহ একাধিক ক্লাবের হয়ে খেলা কেভিন কিগান সম্ভবত প্রথম ক্রীড়াবিদ, যিনি নিজের ব্র্যান্ডকে পরিকল্পিতভাবে গড়ে তোলার কাজ শুরু করেছিলেন। তাঁকেই প্রথম ‘ফেস ডিল’ (face deal)-এর কৃতিত্ব দেওয়া হয়— যা আজ আমরা ইমেজ রাইটস নামে চিনি। এই ব্যবস্থার মাধ্যমে নিজের চেহারা ও ভাবমূর্তির বাণিজ্যিক ব্যবহারের ওপর তিনি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। FourFourTwo পত্রিকার এড ম্যাকক্যামব্রিজ ২০২১ সালে লিখেছিলেন, “নিজের বাজারমূল্য সম্পর্কে সচেতন হওয়া প্রথম দিককার ফুটবলারদের মধ্যে কিগান ছিলেন অন্যতম।”[18]

১৯৯০ দশকের শেষভাগ পর্যন্ত যেসব ক্রীড়াবিদ নিজেদের ব্র্যান্ড পরিচিতি গড়ে তুলেছিলেন, তাঁরা মূলত ক্রীড়াবিদ হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু আনা কুর্নিকোভা তা নন। তিনি ছিলেন বর্ণালির সেই হ্যারি ও মেগানের প্রান্তে— অর্থাৎ বিশুদ্ধ ব্র্যান্ড। টেনিসে কখনও কোনও গ্র্যান্ড স্ল্যাম না জিতেও তিনি ধারাবাহিকভাবে সর্বাধিক আয়কারী মহিলা ক্রীড়াবিদদের একজন ছিলেন। কুর্নিকোভা দেখিয়ে দিয়েছিলেন, খেলাধুলা এবং এন্টারপ্রাইজ— এই দুইকে একে অপরের থেকে পৃথক করা সম্ভব। তিনি পোশাকের মডেল হয়েছেন, বিভিন্ন পণ্যের প্রচার করেছেন, ভিডিও গেমে উপস্থিত হয়েছেন, পপ-তারকাদের সঙ্গে মেলামেশা করেছেন, বিপুল জনপ্রিয়তা ও বিতর্কের জন্ম দিয়েছেন, এমনকি Penthouse পত্রিকার বিরুদ্ধে এক কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণের মামলা পর্যন্ত করেছিলেন। এসবই তাঁকে মিডিয়ার কেন্দ্রবিন্দুতে ধরে রেখেছিল এবং তাঁর আয়কে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছিল, যা ক্রীড়া-সাফল্যের বিচারে তাঁর চেয়ে অনেক এগিয়ে থাকা বহু টেনিস খেলোয়াড়ের ধরাছোঁয়ার বাইরে ছিল।[19] কুর্নিকোভা এক ভিন্ন নজির— খেলাধুলা থেকে জন্ম নেওয়া, কিন্তু শেষ পর্যন্ত খেলাধুলার গণ্ডি অতিক্রম করে স্বাধীনভাবে টিকে থাকা এক অত্যন্ত দৃশ্যমান বাণিজ্যিক পণ্য। তাঁর ব্র্যান্ড-পরিচিতির ঋণ টেনিসের কাছে খুব বেশি ছিল না; কিন্তু আবার টেনিস না থাকলে তিনি কোনও দিনই একটি ব্র্যান্ড হিসেবে জন্ম নিতে পারতেন না।
মানব ব্র্যান্ড মূলত এক ধরনের ব্যক্তিচরিত্র (personae)— এমন চরিত্র, যাদের দর্শক বা ভোক্তারা নিজের অধিকারে একটি স্বতন্ত্র পণ্য হিসেবেই উপলব্ধি করেন। এঁরা আসেন খেলাধুলা, চলচ্চিত্র বা অন্য কোনও সাংস্কৃতিক ক্ষেত্র থেকে। কিন্তু অল্প সময়ের মধ্যেই তাঁরা সেই ক্ষেত্রের সীমা অতিক্রম করে স্বাধীনভাবে প্রচারিত ও পরিচিত হতে শুরু করেন। এর ফলে তাঁরা বহুমুখী এবং অত্যন্ত মূল্যবান বিপণন-উপকরণে পরিণত হন। উপরে যে উদাহরণগুলি দেওয়া হয়েছে সেগুলিতে পণ্যই মুখ্য, ক্রীড়াবিদ গৌণ। কিগান কখনও তাঁর প্রচারিত ব্রুট সুগন্ধিকে ছাপিয়ে যাননি। একইভাবে, কুর্নিকোভার খ্যাতি অ্যাডিডাসকে প্রতিস্থাপন করেনি; বরং তার পরিচিতি ও আবেদনকেই আরও শক্তিশালী করেছিল।
সম্ভবত রোনাল্ডোর মতো আর একমাত্র যে ব্যক্তির খ্যাতির উৎস খেলাধুলা হলেও তা সর্বজনীন ব্র্যান্ড পরিচিতির মাধ্যমে তার সীমা অতিক্রম করেছে, তিনি হলেন উসেইন বোল্ট। তর্কযোগ্যভাবে মুহাম্মদ আলির পর সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ বোল্ট একজন স্প্রিন্টার থেকে ক্রমে এক সর্বব্যাপী সাংস্কৃতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তাঁর বিভিন্ন উদ্যোগের মধ্যে নিজের বিখ্যাত সিগনেচার পোজকে ট্রেডমার্ক করার প্রচেষ্টাও ছিল। বছরের পর বছর তিনি পুমা, গেটোরেড এবং হুবলো-র মতো সংস্থার প্রচারাভিযানের মুখ হয়েছেন। এমনকি তিনি ট্র্যাকস অ্যান্ড রেকর্ডস নামে রেস্তোরাঁর একটি ফ্র্যাঞ্চাইজিও প্রতিষ্ঠা করেছেন। এই সমস্ত উদ্যোগই তাঁর এমন এক ভাবমূর্তিকে আরও শক্তিশালী করেছে, যেখানে তাঁকে দেখা হয় সহজাত প্রতিভা ও অনায়াস শ্রেষ্ঠত্বের মূর্ত প্রতীক হিসেবে।[20]
আরও জটিল ও বহুমাত্রিক উদাহরণ হলেন মেগান র্যাপিনো। তিনি প্রথমে একজন শীর্ষস্থানীয় ফুটবলার হিসেবে পরিচিতি অর্জন করেছিলেন, কিন্তু পরবর্তীকালে নিজেকে আরও বিস্তৃত এক পরিচয়ে গড়ে তোলেন। এলজিবিটিকিউ+ অধিকার, লিঙ্গসমতা এবং সামাজিক ন্যায়ের পক্ষে তাঁর স্পষ্ট ও সোচ্চার অবস্থানের মাধ্যমে তিনি একজন ক্রীড়াবিদ থেকে এক অ্যাক্টিভিস্ট-ব্র্যান্ডে রূপান্তরিত হয়েছেন। শেষ পর্যন্ত তাঁর জনপরিচিতি ফুটবল মাঠের সীমানা অতিক্রম করেছে। এখন তিনি যে কর্তৃত্ব ও গ্রহণযোগ্যতার সঙ্গে লেখেন, বক্তৃতা দেন এবং গণমাধ্যমে কথা বলেন, একসময় সেই একই কর্তৃত্ব তিনি ফুটবল মাঠে নিজের খেলার মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন।[21]

র্যাপিনোর ক্ষেত্রে আমরা সেই সন্ধিক্ষণটি দেখতে পাই, যেখানে ব্র্যান্ডিং ধীরে ধীরে অ্যাক্টিভিজমের সঙ্গে মিশে যেতে শুরু করে; অর্থাৎ যেখানে ব্র্যান্ড-হিসেবে-ক্রীড়াবিদ (athlete-as-brand) তাঁর দৃশ্যমানতাকে শুধু পণ্য বিক্রির জন্য নয়, বরং নির্দিষ্ট মূল্যবোধ ও আদর্শের প্রচারের জন্যও ব্যবহার করেন। প্রতিযোগিতা, যোগাযোগ এবং সামাজিক বিবেক— এই তিনটির সমন্বয়েই এই নতুন রূপটি গড়ে ওঠে। আর ঠিক এই জায়গা থেকেই এই নিবন্ধের পরবর্তী যুক্তির পর্যায়টি স্বাভাবিকভাবেই শুরু হয়।

৪. অ্যাক্টিভিস্টরা
মহিলা ফুটবল অন্যান্য সব খেলার থেকে ভিন্ন। কারণ, এটি শুধু একটি প্রতিযোগিতামূলক খেলা নয়; বরং সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন ঘটানোর একটি আন্দোলনও বটে। এই দ্বৈত পরিচয়ের সবচেয়ে স্পষ্ট প্রকাশ দেখা যায় মেগান র্যাপিনো-র মধ্যে। উইঙ্গার থেকে অ্যাক্টিভিস্ট-আন্ত্রেপ্রেনিওর হয়ে ওঠার তাঁর যাত্রা দেখিয়ে দেয়, কীভাবে একজন ক্রীড়াবিদের জনসমক্ষে দৃশ্যমানতাকে সমাজে প্রভাব বিস্তারের শক্তিতে রূপান্তরিত করা যায়। র্যাপিনোর উত্থান আরও দেখায় যে, অ্যাক্টিভিজম এখন সমসাময়িক ফুটবলার-অ্যাজ-এন্টারপ্রাইজ ধারণার একটি কেন্দ্রীয় উপাদানে পরিণত হয়েছে। এটি এমন এক ধরনের আত্ম-উপস্থাপনা, যেখানে রাজনৈতিক বিবেক ক্রীড়া-নৈপুণ্যের সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেতৃত্ব সম্পর্কে র্যাপিনোর নিজের বক্তব্যও এই বিষয়টিকে আরও স্পষ্ট করে। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি তাঁর বিকাশকে এমন এক যাত্রা হিসেবে ব্যাখ্যা করেছেন, যেখানে তিনি ধীরে ধীরে আবেগগত ও বৌদ্ধিক দায়িত্ববোধের দিকে অগ্রসর হয়েছেন। তাঁর কাছে ক্রীড়া-দক্ষতা কেবল মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ নয়; বরং তা পারস্পরিক সহযোগিতা, সামাজিক কাঠামোর সমালোচনামূলক মূল্যায়ন এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার দায়বদ্ধতার সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে যুক্ত।[22]
সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন আনার লক্ষ্যে র্যাপিনোর প্রচারাভিযান বহুমাত্রিক। এলজিবিটিকিউ+ অধিকার, লিঙ্গসমতা এবং বর্ণগত ন্যায়ের পক্ষে তাঁর সোচ্চার অবস্থান তাঁকে ক্রীড়াবিদদের রাজনৈতিক দায়িত্ব নিয়ে চলমান বিতর্কের একটি কেন্দ্রীয় রেফারেন্সে পরিণত করেছে। এভারবাখ, নিসবেট এবং ওয়েইলার-অ্যাবেলস-এর গবেষণায় ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে র্যাপিনো একজন প্রভাবশালী সেলিব্রিটি-অ্যাক্টিভিস্ট-এ পরিণত হয়েছেন।[23] গণমাধ্যমে তাঁর উপস্থিতি, ক্রীড়া-সাফল্য এবং সামাজিক সমালোচনাকে তিনি এমনভাবে একত্রিত করেছেন, যা আধিপত্যবাদী পৌরুষের ধারণা এবং নারী ক্রীড়াবিদদের সম্পর্কে প্রচলিত সামাজিক প্রত্যাশা— উভয়কেই চ্যালেঞ্জ জানায়। গবেষণাটিতে তাঁকে এমন এক ধারার ক্রীড়াবিদদের উত্তরসূরি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাঁদের অ্যাক্টিভিজম সাংস্কৃতিক রীতিনীতি ও সামাজিক মানদণ্ডকে পুনর্গঠন করে। লেখকদের মতে, র্যাপিনোর ব্যাপক জনদৃশ্যমানতা লিঙ্গভূমিকা, সামাজিকভাবে স্বীকৃত আচরণের মানদণ্ড এবং যৌনতা সম্পর্কে জনসাধারণের ধারণায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার সুযোগ সৃষ্টি করেছে।
ঐতিহাসিকভাবে ফুটবল সংস্কৃতি— বিশেষ করে মহিলা ফুটবলের ক্ষেত্রে— কুইয়ার পরিচয় নিয়ে দ্বিধা, অতিরিক্ত নজরদারি এবং মুছে ফেলার প্রবণতা দ্বারা চিহ্নিত হয়েছে। এই মুছে ফেলার প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে নীরবতার এক শাসন হিসেবে কাজ করেছে। র্যাপিনো এই নীরবতার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে অস্বীকার করেছেন। ২০১২ সালে নিজের যৌন পরিচয় প্রকাশ্যে ঘোষণা করাও ছিল এমন এক মিডিয়া-পরিবেশে তাঁর সচেতন হস্তক্ষেপ, যা দীর্ঘদিন ধরে জনসমক্ষে কুইয়ার পরিচয়ের দৃশ্যমানতাকে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবদ্ধ করে এসেছে। খেলাধুলায় লিঙ্গ ও যৌনতা নিয়ে গবেষণাগুলিও দেখিয়েছে যে, বিষমকামিতাকে সামাজিক মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠাকারী কাঠামো ঐতিহাসিকভাবে ক্রীড়াবিদদের অভিজ্ঞতাকে গভীরভাবে প্রভাবিত করেছে। অ্যান্ডারসনের ইনক্লুসিভ ম্যাসকুলিনিটি তত্ত্ব[24] দেখায়, কীভাবে হোমোফোবিয়া এবং যৌনতার ওপর সামাজিক নিয়ন্ত্রণ দীর্ঘদিন ধরে ক্রীড়া-সংস্কৃতিকে গড়ে তুলেছে। তবে তিনি একই সঙ্গে স্বীকার করেন যে, বৃহত্তর সমাজে এ-বিষয়ে মানুষের মনোভাব আগের তুলনায় অনেকটাই নমনীয় হয়েছে।
সাম্প্রতিক গবেষণাগুলি দেখিয়েছে যে, সমর্থক-সংস্কৃতি ক্রমশ এলজিবিটিকিউ+ পরিচয়ের প্রতি আরও অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল হয়ে উঠছে। এর অর্থ, এই বিষয়ে জনমতের যে পরিবর্তন ঘটছে, গণমাধ্যমে ফুটে ওঠা চিরস্থায়ী বৈরিতার চিত্র অনেক সময় তার চেয়ে পিছিয়ে রয়েছে। উদাহরণস্বরূপ, ক্যাশমোর প্রমুখ দেখিয়েছেন যে, খেলাধুলায় যৌন বৈচিত্র্য সম্পর্কে সমসাময়িক মনোভাব সাধারণভাবে যতটা রক্ষণশীল বলে মনে করা হয়, বাস্তবে তা তার চেয়ে অনেক বেশি উদার ও গ্রহণযোগ্য।[25] একইভাবে, ক্লিল্যান্ড প্রমুখের গবেষণাতেও দেখা গেছে, বিশেষ করে তরুণ প্রজন্মের ফুটবল সমর্থকেরা লিঙ্গ ও যৌনতা সম্পর্কে আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি প্রগতিশীল দৃষ্টিভঙ্গি পোষণ করেন।[26] এই প্রেক্ষাপটে র্যাপিনোর অ্যাক্টিভিজম কেবল ব্যক্তিগত মতপ্রকাশ নয়; বরং এটি একটি সচেতন ও কৌশলগতভাবে বিঘ্নসৃষ্টিকারী রাজনৈতিক পদক্ষেপ। ফুটবলের ভেতরে প্রোথিত লিঙ্গভিত্তিক ক্ষমতার শ্রেণিবিন্যাসের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ এমন এক সময়ে এসেছে, যখন জনমত ক্রমশ সেই ধরনের দৃশ্যমানতা ও সমালোচনামূলক অবস্থানকে গ্রহণ করার জন্য আরও প্রস্তুত হয়ে উঠছে, যার প্রতিনিধিত্ব করেন র্যাপিনো।
এই চ্যালেঞ্জ ডিজিটাল মাধ্যমের সহযোগিতায় আরও শক্তিশালী হয়েছে। হাওয়েলের বিশ্লেষণে র্যাপিনো ও সু বার্ডের ইনস্টাগ্রাম লাইভ সিরিজ এ টাচ মোর দেখানো হয়েছে, যেখানে এই জুটি সরাসরি সম্প্রচার (liveness), ব্যক্তিগত জীবনযাপন (domesticity) এবং রসবোধকে ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা (authenticity) ও কুইয়ার পরিচয়ের দৃশ্যমানতা গড়ে তুলেছিলেন।[27] কোভিড-১৯ মহামারির সময় খেলাধুলা বন্ধ থাকার পরিস্থিতিতে, যখন মহিলা ক্রীড়ার অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক অনিশ্চয়তা (precarity) আরও স্পষ্ট হয়ে উঠেছিল, তখন এই ধরনের গণমাধ্যম-নির্ভর যোগাযোগ অর্থনৈতিক ও সাংস্কৃতিক— দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এইভাবে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলি র্যাপিনোর অ্যাক্টিভিজমকে আরও মানবিক ও ব্যক্তিগত করে তোলার ক্ষমতাকে বৃদ্ধি করেছে এবং একই সঙ্গে এলজিবিটিকিউ+ বিষয়ক ন্যারেটিভের সাংস্কৃতিক পরিসরকেও বিস্তৃত করেছে।
র্যাপিনো প্রায়ই বলেন, দৃশ্যমানতার সঙ্গে দায়িত্বও যুক্ত থাকে। বিভিন্ন প্রকাশ্য আলোচনায় তিনি বলেছেন, তিনি জোরে কথা বলেন, কারণ তিনি উপলব্ধি করেন যে, আরও অনেক মানুষ সেই সুযোগ পান না।[28] তিনি যে নিজের বক্তব্যকে ব্যক্তিগত প্রচার বা ব্র্যান্ড নির্মাণের কৌশল হিসেবে নয়, বরং একটি বৃহত্তর সমষ্টিগত সংগ্রামের অংশ হিসেবে, প্রতিনিধিত্বমূলক ও সংহতিমূলক অবস্থান হিসেবে তুলে ধরেন তা তাঁর অ্যাক্টিভিজম নিয়ে মিডিয়ার আলোচনাগুলিতেই দেখা যায়। এলজিবিটিকিউ+ অধিকার-সংক্রান্ত সংগঠনগুলির প্রতি তাঁর দীর্ঘদিনের সমর্থনের মধ্যেও এটি প্রতিফলিত হয়। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা অ্যাথলিট অ্যালি (Athlete Ally), যারা খেলাধুলায় এলজিবিটিকিউ+ অন্তর্ভুক্তির পক্ষে কাজ করে; এবং একটি জাতীয় শিক্ষা সংস্থা জিএলএসইএন (GLSEN), যারা এলজিবিটিকিউ+ যুবদের জন্য নিরাপদ ও স্বীকৃতিমূলক স্কুল-পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে— এদের নাম করা যায়। সব স্তরের কুইয়ার ক্রীড়াবিদদের জন্য খেলাধুলাকে অবশ্যই একটি নিরাপদ ও স্বাগতপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে— র্যাপিনোর এই জোরালো অবস্থান তাঁর এই অঙ্গীকারকেই আরও স্পষ্ট করে তোলে।
তবে দৃশ্যমানতার সঙ্গে পাল্টা প্রতিক্রিয়াও আসে। ফ্রেডরিক, পেগোরারো এবং শ্মিট-এর গবেষণায় ২০১৯ সালে হোয়াইট হাউসে যেতে র্যাপিনোর অস্বীকৃতির প্রতিক্রিয়ায় প্রকাশিত ১৬ হাজারেরও বেশি টুইট বিশ্লেষণ করা হয়েছে। তাঁরা দেখেছেন, এই জনআলোচনা মূলত বর্ণবাদ, জাতীয়তাবাদ এবং ভিন্নমত প্রকাশের অধিকার— এই বিষয়গুলিকে ঘিরে আবর্তিত হয়েছে। এর মাধ্যমে বোঝা যায়, সমসাময়িক আমেরিকায় পরিচয় ও অন্তর্ভুক্তির প্রশ্ন নিয়ে চলমান বিতর্কে র্যাপিনোর জনপরিচিতি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে।[29] একইভাবে, শ্মিট প্রমুখ দেখিয়েছেন যে, র্যাপিনো এবং কলিন ক্যাপারনিক-এর মতো ক্রীড়াবিদদের প্রতিবাদ কর্মসূচি বৈধতা, নাগরিকত্ব এবং বর্ণ-রাজনীতি নিয়ে তীব্র মতাদর্শগত ও ভাষাগত সংঘাতের জন্ম দেয়।[30]
র্যাপিনোর অ্যাক্টিভিজমের লিঙ্গ-রাজনীতি আবার ফুটবলার-অ্যাজ-এন্টারপ্রাইজ ধারণার প্রযুক্তিগত মাত্রার সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত। ম্যাকডোনাল্ড ও ক্লিল্যান্ড-এর মতে, সোশাল মিডিয়া ক্রীড়াবিদদের রাজনৈতিক মতপ্রকাশের জন্য সরাসরি একটি পরিসর তৈরি করে। এর ফলে তাঁরা প্রচলিত মিডিয়ার বাছাই ও নিয়ন্ত্রণ এড়িয়ে নিজেদের জনপরিচিতি অনেক বেশি স্বাধীনভাবে নির্মাণ করতে পারেন।[31] র্যাপিনোকে নিয়ে তাঁদের কেস স্টাডি দেখায়, তাঁর অনলাইন উপস্থিতি একদিকে যেমন তাঁর রাজনৈতিক বার্তাগুলিকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দিচ্ছে, অন্যদিকে তেমনি তাঁকে তীব্র প্রতিক্রিয়ার মুখেও ফেলছে। বিশেষ করে, শ্বেতাঙ্গ সমকামী নারী হিসেবে তাঁর পরিচয় একটি প্রবল পুরুষ-প্রাধান্যপূর্ণ ক্রীড়া-সংস্কৃতির মধ্যে বারবার আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এই অর্থে, অ্যাক্টিভিজম একই সঙ্গে সম্পদ এবং ঝুঁকি। একদিকে এটি একজন ক্রীড়াবিদের প্রভাব বিস্তারের ক্ষেত্রকে সম্প্রসারিত করে, অন্যদিকে মনোযোগ-নির্ভর অর্থনীতির— যার ওপর ফুটবলার-এন্টারপ্রাইজ নির্ভরশীল— তার ভিতরে এটি এক অবিরাম মতাদর্শগত ও রাজনৈতিক সংঘর্ষের ক্ষেত্রও হয়ে ওঠে। স্পনসরদের ভূমিকার কারণে এই অর্থনীতি আরও জটিল হয়ে ওঠে। ক্লিল্যান্ড প্রমুখ [৩৯] দেখিয়েছেন, যুক্তরাষ্ট্রের অধিকাংশ ক্রীড়া-সমর্থক মনে করেন যে, ব্র্যান্ডগুলি এখন ক্রীড়াবিদদের অ্যাক্টিভিজমকে আগের তুলনায় বেশি সমর্থন করছে। কিন্তু তাঁদের অনেকেরই ধারণা, এই সমর্থনের প্রধান কারণ নীতিগত অবস্থান নয়, বরং আর্থিক স্বার্থ। এই জটিল সম্পর্কের একটি উল্লেখযোগ্য উদাহরণ হল নাইকি-র সঙ্গে র্যাপিনোর বহুল আলোচিত ও রাজনৈতিক তাৎপর্যপূর্ণ অংশীদারিত্ব। ২০২১ সালে ‘Nike × Megan’ ব্র্যান্ড এবং তাঁর কো-ডিজাইনড কালেকশন বাজারে আসার মাধ্যমে এই অংশীদারিত্ব আরও বিস্তৃত হয়। এই ঘটনা দেখায়, কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং একজন অ্যাক্টিভিস্ট হিসেবে নিজের বিশ্বাসযোগ্যতা অটুট রাখা— এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা কতটা সূক্ষ্ম ও কঠিন।
র্যাপিনোর অ্যাক্টিভিজম কেবল পরিচয়-রাজনীতির (identity politics) মধ্যেই সীমাবদ্ধ নয়। সমান মজুরির দাবিতে পরিচালিত আন্দোলনেও তিনি অন্যতম প্রধান মুখ। যুক্তরাষ্ট্রের মহিলা জাতীয় ফুটবল দলের সঙ্গে ইউএস সকার ফেডারেশন-এর আইনি ও রাজনৈতিক লড়াইয়ে তিনিই হয়ে উঠেছিলেন সেই আন্দোলনের প্রতীকী এবং আইনি মুখ। এখানেও তাঁর জনপরিচিতি ব্যক্তিগত অভিজ্ঞতা, সমষ্টিগত সংগ্রাম এবং প্রাতিষ্ঠানিক সমালোচনার সংযোগস্থলে অবস্থান করে। এটাই অ্যাক্টিভিস্ট-অ্যাজ-এন্টারপ্রাইজ ধারণার প্রকৃত অর্থ। অর্থাৎ, তিনি এমন কোনও ক্রীড়াবিদ নন, যিনি মাঝেমধ্যে রাজনৈতিক অবস্থান গ্রহণ করেন; বরং এমন এক ব্যক্তিত্ব, যার ব্র্যান্ড-পরিচিতি নাগরিক দায়িত্ব ও সামাজিক সক্রিয়তার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে র্যাপিনোর সমর্থন এবং কলিন ক্যাপারনিক-এর প্রতি সংহতি জানিয়ে তাঁর হাঁটু গেড়ে বসার সিদ্ধান্ত তাঁকে ক্রীড়াবিদদের প্রতিবাদের এমন এক ঐতিহ্যের অংশ করে তোলে, যে ঐতিহ্যের ধারায় রয়েছেন মুহাম্মদ আলি এবং টমি স্মিথের নাম জ্বলজ্বল করছে।[32]
র্যাপিনোর অ্যাক্টিভিজমের সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব তরুণ ক্রীড়াবিদেরা নিজেদের ভূমিকা কীভাবে দেখেন, সেই ধারণাকেও প্রভাবিত করেছে। মিডিয়ার প্রতিবেদন নিয়ে করা কনটেন্ট অ্যানালিসিস থেকে দেখা যায়, ২০১৯ সালের মহিলা ফুটবল বিশ্বকাপ-এর পুরো সময় জুড়ে র্যাপিনো সংবাদ-আখ্যানের কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছিলেন। এর কারণ শুধু তাঁর গোল করার দক্ষতা নয়; তাঁর জনপরিচিতি এবং বিভিন্ন বক্তব্যের সঙ্গে যুক্ত প্রতীকী রাজনৈতিক তাৎপর্যও ছিল সমান গুরুত্বপূর্ণ। বুলিংহ্যাম ও ম্যাগ্রাথ-এর গবেষণায় দেখানো হয়েছে যে, র্যাপিনোর অ্যাক্টিভিজম তাঁকে আরও বেশি সংবাদযোগ্য করে তুলেছিল। এই গবেষণা দেখায়, ক্রীড়াবিদেরা যখন রাজনৈতিক অবস্থান গ্রহণ করেন, তখন তাঁরা গণমাধ্যমে আরও বেশি মিডিয়াটাইজড (mediatized) হয়ে ওঠেন; অর্থাৎ তাঁদের ক্রীড়া-নৈপুণ্য এবং প্রতিবাদ— দুইই একসঙ্গে সংবাদ-আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।[33] অ্যাথলিট-এন্টারপ্রাইজের একটি বৈশিষ্ট্যই হল এই সংমিশ্রণ। এখানে ক্রীড়া-নৈপুণ্য এবং প্রতিবাদ একে অপরের সঙ্গে মিশে গিয়ে একজন মানুষের ব্যক্তিসত্তাকেই বৃহত্তর সামাজিক ও সাংস্কৃতিক আলোচনার একটি প্ল্যাটফর্মে পরিণত করে।
সুতরাং, অ্যাক্টিভিজম হল ফুটবলার-অ্যাজ-এন্টারপ্রাইজ ধারণার দ্বিতীয় স্তম্ভ। এটি হল জনপরিচিতি ও সামাজিক প্রভাবকে কৌশলগতভাবে কাজে লাগিয়ে পক্ষ সমর্থন করা, প্রতিরোধ গড়ে তোলা, প্রতিষ্ঠিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা এবং নতুন সম্ভাবনার কল্পনা নির্মাণের প্রক্রিয়া। এটি এমন এক ধরনের সাংস্কৃতিক উৎপাদন যার গুরুত্ব গোল করা, স্পনসরশিপ অর্জন বা গণমাধ্যমে উপস্থিত হওয়ার মতোই তাৎপর্যপূর্ণ। আর মহিলা ফুটবলের ক্ষেত্রে মেগান র্যাপিনো এই ধারণার সবচেয়ে উজ্জ্বল ও প্রতিনিধিত্বকারী উদাহরণ।

৫. প্ল্যাটফর্মিং (Platforming)
প্ল্যাটফর্মিং বলতে শুধু ডিজিটাল প্রযুক্তি বা সোশাল মিডিয়ার ব্যবহার বোঝায় না; বরং এমন একটি প্রক্রিয়াকে বোঝায়, যার মাধ্যমে ক্রীড়াবিদেরা নিজেরাই কনটেন্ট প্রচারের মাধ্যম-এ পরিণত হন। তাঁদের মূল্য তখন নির্ধারিত হয় এই ক্ষমতার ভিত্তিতে যে, তাঁরা কতটা সফলভাবে দর্শক বা অনুসারীদের আকর্ষণ করতে, সক্রিয় রাখতে এবং সেই মনোযোগকে আর্থিক মূল্যে রূপান্তর করতে পারেন। এটি সমসাময়িক খেলাধুলার যোগাযোগ-পরিবেশের (communicative ecology) আরও বিস্তৃত এক কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত বহন করে। ২০১০-এর দশকের মাঝামাঝি সময় থেকে সোশাল মিডিয়া ক্রীড়াবিদদের যোগাযোগের ধরনকে আমূল বদলে দিয়েছে। একসময় খেলোয়াড়দের জনসমক্ষে দৃশ্যমানতা প্রায় সম্পূর্ণভাবে ক্লাব, লিগ এবং সম্প্রচারমাধ্যমের নেটওয়ার্ক দ্বারা নিয়ন্ত্রিত হত। কিন্তু আজ ফুটবলাররা নিজেরাই একেকটি ক্ষুদ্র মিডিয়া-প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। তাঁরা নিয়মিত পোস্ট, ছবি, ভিডিও এবং ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নিয়ে অনুসারীদের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তুলছেন এবং তা ধারাবাহিকভাবে লালন করছেন।
সোশাল মিডিয়ায় সক্রিয়তার পাশাপাশি, ক্রীড়াবিদদের নিজস্ব উদ্যোগে পরিচালিত গণমাধ্যমেরও একটি নতুন স্তর গড়ে উঠেছে। পডকাস্ট, ইউটিউব সিরিজ এবং নিজস্ব প্রযোজনা উদ্যোগ ক্রীড়াবিদদের এমন অবস্থানে নিয়ে এসেছে, যেখানে তাঁরা শুধু সাক্ষাৎকারদাতা নন, বরং ধারাবাহিকভাবে নিজেদেরই প্রকাশক হিসেবে কাজ করছেন। দ্য ওভারল্যাপ (The Overlap) এবং দ্য রেস্ট ইজ ফুটবল (The Rest Is Football)-এর মতো অনুষ্ঠানগুলি— যেগুলির মুখ হিসেবে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার গ্যারি নেভিল, ইয়ান রাইট, অ্যালান শিয়ারার এবং মাইকা রিচার্ডস— দেখিয়ে দেয়, কীভাবে প্রাক্তন ফুটবলাররা এখন প্রচলিত সম্প্রচারমাধ্যমের বাইরে আধা-স্বায়ত্তশাসিত গণমাধ্যম-প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন। তাঁরা দীর্ঘ সাক্ষাৎকার, বিশ্লেষণধর্মী আলোচনা এবং ফুটবল ও সংস্কৃতি নিয়ে মন্তব্য নিয়মিতভাবে নিজেরাই তৈরি ও প্রচার করছেন।

মহিলা ফুটবলেও একই ধরনের পরিবর্তন লক্ষ করা যায়। দ্য টুনি অ্যান্ড রুসো শো (The Tooney & Russo Show)-তে ইংল্যান্ডের আন্তর্জাতিক ফুটবলার এলা টুনি ও আলেসিয়া রুসো শুধু সঞ্চালক নন; তাঁরা সমসাময়িক ফুটবল সংস্কৃতির ভাষ্যকার হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। অন্যদিকে, ক্রসওয়েজ (Crossways)— যার নেতৃত্বে রয়েছেন ইয়ান রাইট, আর যেখানে নিয়মিত অতিথি হিসেবে অংশ নেন ইংল্যান্ডের উইমেনস সুপার লিগ (WSL)-এর ফুটবলাররা— আলাপচারিতাভিত্তিক বিশ্লেষণ, সমর্থকদের সঙ্গে সম্পৃক্ততা এবং রসিকতাপূর্ণ, ব্যক্তিত্বনির্ভর আলোচনার মাধ্যমে মহিলা ফুটবলকে ঘিরে একটি নতুন গণমাধ্যম-পরিসর তৈরি করছে।

এই প্ল্যাটফর্মগুলি গণমাধ্যমের ক্ষমতার কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ পুনর্বিন্যাসের প্রতিনিধিত্ব করে। একসময় ক্রীড়াবিদেরা ছিলেন মূলত সংবাদ-প্রতিবেদনের বিষয়বস্তু। কিন্তু এখন তাঁরা ক্রমশ নিজেরাই আলোচনার সূচনাকারী হয়ে উঠছেন। অ্যাজেন্ডা তাঁরা নিজেরাই নির্ধারণ করছেন এবং বিভিন্ন ঘটনা ও ইস্যুকে ঘিরে ন্যারেটিভ নির্মাণেও সক্রিয় ভূমিকা নিচ্ছেন। একই সঙ্গে তাঁরা দর্শক-অনুসারীদের সঙ্গে এমন আবেগঘন সম্পর্ক গড়ে তুলছেন, যা দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা তৈরি করে। এছাড়া, প্রি-রোল (pre-roll) ও মিড-রোল (mid-roll) বিজ্ঞাপন, স্পনসরশিপ, ব্র্যান্ড-নির্ভর বিশেষ পর্ব এবং বিভিন্ন প্ল্যাটফর্মের রাজস্ব ভাগাভাগির (revenue-sharing) ব্যবস্থার মাধ্যমে কনটেন্টকে সরাসরি অর্থে রূপান্তর করেও তাঁরা আয় করছেন।
এই রূপান্তর ক্রীড়াবিদদের মূল্য কীভাবে সৃষ্টি হয়, সেই ধারণার ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে। ক্রীড়াবিদদের বাণিজ্যিক মূল্যের পুনর্গঠন নিয়ে করা গবেষণাগুলি দেখিয়েছে যে, সোশাল মিডিয়া তাঁদের দৃশ্যমানতা বৃদ্ধি, এনডোর্সমেন্টের সম্ভাবনা সম্প্রসারণ এবং ক্রীড়াবিদদের ব্র্যান্ডকে দ্রুত আর্থিক মূল্যে রূপান্তরিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।[34] আমাদের এই পর্দা-নির্ভর সমাজে প্ল্যাটফর্মিং নিজেই এক ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। এ হল অবিরাম উপস্থিতির এক ধারাবাহিক প্রদর্শনী। এখন আর ক্রীড়াবিদদের দৃশ্যমানতা কেবল ম্যাচের দিনের পারফরম্যান্সের ওপর নির্ভর করে না। বরং তাঁরা ধারাবাহিকভাবে এমন এক মনোযোগের চক্র তৈরি করেন, যা স্পনসরশিপ, পণ্য বিক্রি এবং দর্শক-সম্পৃক্ততার পরিসংখ্যানের মাধ্যমে পরিমাপযোগ্য আর্থিক লাভে রূপান্তরিত হয়। এই সুচিন্তিত ও পরিকল্পিত দৃশ্যমানতার নির্মাণ আরও একবার ফুটবলার-অ্যাজ-এন্টারপ্রাইজ ধারণাকে শক্তিশালী করে। এখানে ফুটবলার এমন এক ব্যক্তি, যার গণমাধ্যম-নির্ভর উপস্থিতি ও কনটেন্ট উৎপাদন নিরবচ্ছিন্ন, কৌশলগত এবং বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর সমান্তরাল, কিন্তু স্বতন্ত্র আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল ক্রীড়াবিদ-মালিকানাধীন গণমাধ্যমের (athlete-owned media) উত্থান। এই ব্যবস্থায় ফুটবলাররা নিজেরাই কনটেন্ট স্টুডিও, তথ্যচিত্র নির্মাণ ইউনিট এবং ব্র্যান্ড-নির্ভর বিনোদন সংস্থা প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য হল নিজেদের ন্যারেটিভ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং কমার্শিয়াল স্ট্র্যাটেজির ওপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অ্যানেনবার্গ (USC Annenberg)-এর ২০২৫ সালের একটি গবেষণা অনুযায়ী, ক্রীড়াবিদদের পরিচালিত এই ধরনের প্রযোজনা উদ্যোগ এখন মাল্টিবিলিয়ন ডলারের একটি সেক্টরে পরিণত হয়েছে। এর ফলে প্রচলিত মিডিয়া ক্ষমতার শ্রেণিবিন্যাসকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে এবং ন্যারেটিভ নির্মাণের ক্ষমতা ক্রমশ ক্রীড়াবিদদের দিকেই স্থানান্তরিত হচ্ছে।[35]
সোশাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করার সঙ্গে ক্রীড়াবিদ-মালিকানাধীন গণমাধ্যমের একটি মৌলিক পার্থক্য রয়েছে। সাধারণ সোশাল মিডিয়ার কার্যক্রম ইউটিউব বা ইনস্টাগ্রাম-এর মতো কর্পোরেট প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল এবং সে-সব প্ল্যাটফর্মের অ্যালগরিদম ও আর্থিকীকরণ-ব্যবস্থা (monetisation systems) দ্বারাই নিয়ন্ত্রিত হয়। কিন্তু ক্রীড়াবিদ-মালিকানাধীন গণমাধ্যম এই নির্ভরতা থেকে সরে এসে কাঠামোগত মালিকানার (structural ownership) দিকে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে। বাস্তবে এর অর্থ হল, ক্রীড়াবিদেরা নিজেরাই পেশাদার মানের দীর্ঘ-পরিসরের কনটেন্ট তৈরি করেন এবং নিজেদের শর্তে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ নিয়ে আলোচনা ও চুক্তি করেন। ফুটবল জগতে এর কয়েকটি উল্লেখযোগ্য উদাহরণ রয়েছে। যেমন— ডেভিড বেকহ্যামের ‘স্টুডিও ৯৯’ (Studio 99), যা তথ্যচিত্র এবং ব্র্যান্ড-নির্ভর সৃজনশীল প্রকল্প তৈরি করে; লিওনেল মেসির ‘৫২৫ রোজারিও’ (525 Rosario), যা মৌলিক গল্পনির্ভর কনটেন্ট নির্মাণের উদ্দেশ্যে গড়ে তোলা একটি গণমাধ্যম-উদ্যোগ; ক্রিস্তিয়ানো রোনাল্ডোর ‘ইউআর মার্ভ’ (UR Marv), যা তাঁর বিশ্বব্যাপী ব্র্যান্ডকে স্বাধীন কনটেন্ট প্রযোজনার ক্ষেত্রে সম্প্রসারিত করেছে; এবং এলা টুনির ‘আমিচিৎসিয়া স্টুডিওস’ (Amicizia Studios), একটি সৃজনশীল সংস্থা, যার লক্ষ্য মহিলা ফুটবলারদের নিজেদের মিডিয়া-পরিচিতি গড়ে তোলা এবং তা পরিচালনার ক্ষমতায়ন করা।

তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে, এই স্বায়ত্তশাসন আসলে প্ল্যাটফর্মের কাঠামোর ঘেরাটোপের মধ্যেই আবদ্ধ। ওয়েস্টারবিক ও ভ্যান শাইক একটি সিস্টেমেটিক রিভিউ করে দেখিয়েছেন যে, ডিজিটাল প্রযুক্তি ক্রীড়াবিদদের নিজেদের কনটেন্ট তৈরি ও প্রচারের ক্ষমতা বাড়ালেও, একই সঙ্গে তাঁদের এমন এক অ্যালগরিদম-নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে আবদ্ধ করে, যেখানে দৃশ্যমানতা কর্পোরেট প্ল্যাটফর্মগুলির ওপরেই নির্ভর করে।[36] অতএব, ক্রীড়াবিদেরা এমন এক বাণিজ্যিক ব্যবস্থার মধ্যে যৌথভাবে মূল্য (value) তৈরি করেন, যার ওপর তাঁদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই। তাঁরা একদিকে যেমন ডিজিটাল মাধ্যমের মাধ্যমে ক্ষমতায়নের সুযোগ পান, অন্যদিকে তেমনই প্ল্যাটফর্ম পুঁজিবাদ (platform capitalism)-এর ওপর নির্ভরতার এক দ্বন্দ্বের মধ্যেও অবস্থান করেন।
তা সত্ত্বেও, প্ল্যাটফর্মিং খেলাধুলার সাংস্কৃতিক রাজনীতিতে আমূল পরিবর্তন এনে দিয়েছে। এখন ক্রীড়াবিদদের জনসমক্ষে দৃশ্যমানতা নিয়মিতভাবেই জীবনযাপন, রাজনীতি এবং বিনোদনের ক্ষেত্রেও বিস্তৃত হচ্ছে। এর ফলে পারফর্মার ও ইনফ্লুয়েন্সার, কিংবা ক্রীড়া-সাফল্য এবং পরিচয়-নির্ভর সাংস্কৃতিক উৎপাদনের মধ্যেকার প্রচলিত বিভাজন ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে।[37] ক্রীড়াবিদদের এই বহুমুখী আত্মপ্রকাশ আবার নতুন ধরনের প্রাতিষ্ঠানিক টানাপোড়েনেরও জন্ম দিয়েছে। একদিকে ক্লাব ও লিগগুলি ক্রীড়াবিদদের তৈরি করা বিশ্বব্যাপী দৃশ্যমানতা থেকে লাভবান হচ্ছে, কিন্তু অন্যদিকে ক্রীড়াবিদেরা নিজেদের প্ল্যাটফর্মে যে ন্যারেটিভ নির্মাণ ও প্রচার করছেন, তার ওপর তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না। বড় বড় স্পোর্টিং ইভেন্ট নিয়ে করা গবেষণাগুলিও দেখিয়েছে যে, সোশাল মিডিয়ায় ক্রীড়াবিদ, সমর্থক বা বিভিন্ন সম্প্রচারমাধ্যমের প্রকাশিত ক্রীড়াবিদ-কেন্দ্রিক কনটেন্ট এখন কোনও ঘটনার গণ-অর্থ (public meaning) এবং সাংস্কৃতিক ব্যাখ্যা গড়ে তোলার ক্ষেত্রে নির্ধারক ভূমিকা পালন করে।[38]
সুতরাং, প্ল্যাটফর্মিং হল ফুটবলার-অ্যাজ-এন্টারপ্রাইজ ধারণার তৃতীয় মাত্রা। এখানে ক্রীড়াবিদ এমন এক নিরবচ্ছিন্ন প্রকাশক, যার ব্যাপ্তি, দৃশ্যমানতা এবং সাংস্কৃতিক প্রভাব ফুটবল মাঠের সীমানাকে অনেক দূর পর্যন্ত অতিক্রম করে যায়। এই নতুন বিন্যাসে ক্রীড়াবিদেরা আর শুধু মিডিয়া সিস্টেমে অংশগ্রহণকারী নন; তাঁরাই একেকটি মিডিয়া সিস্টেমে পরিণত হয়েছেন। তাঁরা নিজেরাই অর্থ, ব্যাখ্যা ও ন্যারেটিভ তৈরি ও প্রচার করেন, যা ডিজিটাল যুগে খেলাধুলাকে মানুষ যেভাবে ভোগ করছে, ব্যাখ্যা করছে এবং পরিচালনা করছে— তার ওপর গভীর প্রভাব ফেলছে।

৬. উপসংহার
১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে পেশাদার ফুটবল এমন এক কাঠামোগত রূপান্তরের মধ্যে দিয়ে গেছে, যেখানে ফুটবলার স্রেফ একজন শ্রম বিক্রয়কারী কর্মচারী থেকে এক বহুমাত্রিক এন্টারপ্রাইজে রূপান্তরিত হয়েছেন। যা একসময় কঠোরভাবে নিয়ন্ত্রিত একটি পেশা এবং ক্লাবভিত্তিক ক্ষমতার শ্রেণিবিন্যাসের মধ্যে সীমাবদ্ধ ছিল, তা এখন অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সম্ভাবনার এক বিস্তৃত ক্ষেত্রে পরিণত হয়েছে। আধুনিক ফুটবলার আর কেবল একটি বিশ্বব্যাপী জনপ্রিয় খেলার নিছক অংশগ্রহণকারী নন; তিনি এমন এক সক্রিয় ব্যক্তি, যিনি একই সঙ্গে মিডিয়া, বাণিজ্য এবং জনপরিসরের আলোচনার পরস্পর-সম্পর্কিত বিভিন্ন ব্যবস্থার মধ্যে কাজ করেন। এই প্রবন্ধে আলোচিত তিনটি উপাদান— (১) ব্র্যান্ডিং, (২) অ্যাক্টিভিজম এবং (৩) প্ল্যাটফর্মিং— সম্মিলিতভাবে সেই নতুন ভূমিকার ভিত্তি বা কাঠামো গড়ে তুলেছে।
এখানে আলোচিত উদাহরণগুলি পরিসংখ্যানগতভাবে প্রতিনিধিত্বমূলক করার উদ্দেশ্যে বেছে নেওয়া হয়নি; বরং এগুলি ব্যাখ্যামূলক উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। রোনাল্ডো এবং র্যাপিনো দুজনেই অসাধারণ ব্যক্তিত্ব। তাঁদের বিপুল জনদৃশ্যমানতা (visibility) এবং বাণিজ্যিক প্রভাব এমন সব বৃহত্তর কাঠামোগত প্রবণতাকে স্পষ্টভাবে দৃশ্যমান করে, যা অন্য ক্ষেত্রে তুলনামূলকভাবে কম চোখে পড়ে। ফুটবলার অ্যাজ এন্টারপ্রাইজ ধারণাটি পেশাদার ফুটবলের সব স্তরে সমানভাবে প্রযোজ্য নয়। তেমনি বিভিন্ন দেশ ও ভিন্ন ভিন্ন অর্থনৈতিক প্রেক্ষাপটে এর বিকাশও একরকম নয়। তবুও, শীর্ষস্থানীয় ক্রীড়াবিদদের এই ধরনের উদাহরণ প্রায়ই এমন রূপান্তরের ইঙ্গিত দেয়, যা পরবর্তী সময়ে অসমভাবে হলেও বৃহত্তর ক্রীড়া-সংস্কৃতি এবং বিভিন্ন ক্রীড়া-প্রতিষ্ঠানের মধ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে।
ব্র্যান্ডিং দেখায়, কীভাবে ক্রীড়াবিদেরা এমন এক পাবলিক আইডেন্টিটি গড়ে তোলেন, যার মূল্য তাঁদের মাঠের পারফরম্যান্স ছাপিয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। রোনাল্ডোর মতো ব্যক্তিত্বের মাধ্যমে আমরা দেখতে পাই, কীভাবে মাঠের সাফল্যকে ব্যাপক পরিচিতি, বাণিজ্যিক আবেদন এবং সাংস্কৃতিক প্রভাবের উৎসে রূপান্তরিত করা যায়। এই অর্থে, ব্র্যান্ডিং কোনও বাহ্যিক অলঙ্করণ বা উপরিতলের সাজসজ্জা নয়। বরং এটি এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে ক্রীড়াবিদেরা অর্থ, অ্যাসোসিয়েশন এবং ন্যারেটিভ নির্মাণ করেন, যা ম্যাচের ফলাফলের ওপর নির্ভর না করেও স্বাধীনভাবে সমাজে প্রচারিত ও পুনরুৎপাদিত হতে থাকে। এইভাবে প্রচারিত অর্থ ও ন্যারেটিভ ক্রীড়াবিদের উপস্থিতিকে মিডিয়া, বাজার এবং সমর্থক-সমাজের নানা স্তরে বিস্তৃত করে। আর এভাবেই ব্র্যান্ডিং ফুটবলার-অ্যাজ-এন্টারপ্রাইজ ধারণার অন্যতম মৌলিক ভিত্তি নির্মাণ করে।
অ্যাক্টিভিজম দেখায়, কীভাবে ক্রীড়াবিদেরা তাঁদের জনদৃশ্যমানতাকে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিবর্তনের পক্ষে প্রচার ও আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ মেগান র্যাপিনো। লিঙ্গসমতা, এলজিবিটিকিউ+ অধিকার, বর্ণগত ন্যায়বিচার এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের পক্ষে তাঁর ধারাবাহিক অবস্থান দেখিয়ে দেয়, কীভাবে খেলাধুলা বৃহত্তর সামাজিক প্রভাব বিস্তারের একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হতে পারে। বিশেষ করে মহিলা ফুটবলে স্বীকৃতি, পর্যাপ্ত সম্পদ এবং ন্যায্যতার দাবিতে দীর্ঘদিন ধরে চলা সংগ্রামের সঙ্গে অ্যাক্টিভিজম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে, অ্যাক্টিভিজম কোনও অতিরিক্ত বা ঐচ্ছিক বিষয় নয়; বরং কিছু ক্রীড়াবিদের কার্যক্রমের একটি কেন্দ্রীয় উপাদান। তাঁরা নিজেদের জনপরিচিতিকে সামাজিক পরিবর্তনের পক্ষে কাজে লাগান এবং ক্রীড়াক্ষেত্রে নেতৃত্ব বলতে কী বোঝায়, সেই ধারণাকেও নতুনভাবে নির্মাণ করেন।
ক্রীড়াবিদেরা এখন নিজেরাই একেকটি গণমাধ্যম-ব্যবস্থায় পরিণত হয়েছেন তা দেখিয়ে প্ল্যাটফর্মিং এই ত্রিমাত্রিক মডেলটিকে সম্পূর্ণ করে। সোশাল মিডিয়া, নিজস্ব প্রযোজনা উদ্যোগ এবং ক্রীড়াবিদ-মালিকানাধীন মিডিয়ার মাধ্যমে আধুনিক ফুটবলার এখন একই সঙ্গে সম্প্রচারক, কনটেন্ট-নির্বাচক ও নির্মাতা এবং আন্ত্রেপ্রেনিওর। একসময় খেলাধুলায় দৃশ্যমানতার ওপর যাদের নিয়ন্ত্রণ ছিল, সেই ক্লাব, লিগ এবং সম্প্রচারমাধ্যমের মতো প্রচলিত প্রাতিষ্ঠানিক শক্তিগুলির হাতে এখন আর সেই ক্ষমতা কেন্দ্রীভূত নেই। ক্রীড়াবিদেরা নিজেরাই নিজেদের অডিয়েন্স গড়ে তুলছেন, নিজেরাই ন্যারেটিভ নির্মাণ করছেন এবং ক্রমশ নিজেদের আয়ের উৎসগুলির ওপরেও অধিকতর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন।
প্ল্যাটফর্মিং শুধু ক্রীড়াবিদের কণ্ঠস্বরকে আরও জোরালোই করে না; বরং এটি সেই মনোযোগ-নির্ভর অর্থনীতিকে (attention economy) পুনর্গঠন করে, যার মধ্যে দিয়ে আধুনিক খেলাধুলায় দৃশ্যমানতা, প্রভাব এবং বাণিজ্যিক মূল্য সৃষ্টি, বিনিময় ও সঞ্চালিত হয়।
এই তিনটি মাত্রা একসঙ্গে দেখায় যে, ফুটবলার-অ্যাজ-এন্টারপ্রাইজ বিষয়টি এমন এক পরিসরে অবস্থান করতে শুরু করেছেন, যেখানে শ্রম, সেলিব্রিটি-পরিচিতি, সাংস্কৃতিক ন্যারেটিভ নির্মাণের ক্ষমতা এবং রাজনৈতিক সক্রিয়তা একে অপরের সঙ্গে মিশে গেছে। ফুটবলার এখন একই সঙ্গে পণ্য এবং উৎপাদক, কর্মচারী এবং উদ্যোক্তা, প্রতীক এবং নাগরিক। এই হাইব্রিড অবস্থান যেমন নতুন নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে— যেমন, অর্থনৈতিক স্বনির্ভরতা, নিজের ন্যারেটিভের ওপর নিয়ন্ত্রণ এবং নাগরিক জীবনে প্রভাব বিস্তারের সুযোগ— তেমনি নতুন ধরনের টানাপোড়েনেরও সৃষ্টি করেছে। কারণ ক্রীড়াবিদদের একদিকে নিরবচ্ছিন্ন দৃশ্যমানতার চাপ, অন্যদিকে ডিজিটাল বাজারের অস্থিরতা এবং ক্রমশ আরও বিশ্বব্যাপী হয়ে ওঠা দর্শক-সমাজের প্রত্যাশা— এই সবকিছুর মধ্যে ভারসাম্য রক্ষা করে চলতে হচ্ছে।
এর জন্য প্রয়োজন ফুটবলারকে মিডিয়া, বাণিজ্য এবং সামাজিক অর্থ-নির্মাণের বৃহত্তর প্রবাহের মধ্যে একটি কেন্দ্রীয় বিন্দু হিসেবে স্বীকৃতি দেওয়া। আজকের ফুটবলার আর কেবল একজন ক্রীড়াবিদ নন; বরং তিনি এমন এক বৃহত্তর ব্যবস্থার অংশ, যেখানে দৃশ্যমানতা, প্রভাব এবং অর্থনৈতিক মূল্য পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। ব্র্যান্ডিং, অ্যাক্টিভিজম এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ক্রমাগত বিকশিত হতে থাকলে এগুলি শুধু ফুটবলের সাংস্কৃতিক পরিসরকেই বদলে দেবে না, একই সঙ্গে এই খেলাটি যে কাঠামোর দ্বারা পরিচালিত, বাণিজ্যিকীকৃত এবং নিয়ন্ত্রিত হয়, তাকেও পুনর্গঠিত করবে।

[1] Ashraf Hamid, Only Ronaldo worth his pay, says Saudi ex-sports chief, Reuters, Nov 27, 2025.
[2] R. Scarfe, C. Singleton, P. Telemo, Extreme wages, performance and superstars in a market for footballers, Department of Economics, University of Reading, Nov 2020.
[3] A. Vijay & A. Shaji, CR 7 – The Global Brand Icon, IJFMR, 2025.
[4] A. Linsner, An Examination of Brand Management in High‑Performance Sport, PhD thesis. Griffith University, 2020.
[5] E. Cashmore, K. Dixon (Eds.), Studying Football, Routledge, London, 2016.
[6] T. Hayat, T. Samuel‑Azran, T. Laor & Y. Galily, Unveiling the intersection of individual stardom and team loyalty in Social Network Reflections: the case of soccer-stars ronaldo and messi, American Behavioral Scientist, 2024.
[7] Á.F. Papp‑Váry, When the face of the ad is bigger than the brand: how zlatan ibrahimović redefined advertising with athletes, Administrative Sciences, 2025.
[8] D. Schreyer & C. Singleton, Cristiano of Arabia: did Ronaldo increase Saudi Pro League attendances? Contemporary Economic Policy, 43 (2), 2025, pp. 260-270.
[9] D. Kellner, Sports, media culture, and race: some reflections on Michael Jordan, Sociology of Sport Journal, 1996, pp. 458-467.
[10] G. Whannel, Media Sport Stars: Masculinities and Moralities, London: Routledge, 2005; E. Cashmore, Beckham (Second Edition), Polity, 2004.
[11] P. Machado, Challenges to Portuguese Tourism — Restelo old man or Cristiano Ronaldo? Worldwide Hospitality Tour Themes, Vol.10, Issue 6, 2018, pp. 698-704; S. Wagg, Cristiano meets Mr Spleen: global football celebrity, mythic Manchester and the Portuguese diaspora, Sport in Society, Vol. 13, Issue 6, 2010, pp. 919-934; D.L. Andrews & B.C. Clift, Football and stardom: on context, intertextuality and reflexivity, J. Hughson, K. Moore, R. Spaaij, J. Maguire (Eds.), Routledge Handbook of Football Studies, London: Routledge, 2017, pp. 200-211.
[12] A. Chaturvedi, Coca-Cola responds after Cristiano Ronaldo gesture wipes off $4 billion from its market value, Hindustan Times, 16 Jun 2021; G. Lacobucci, Sixty seconds on… Ronaldo and Coke, BMJ, 373, 2021, p. n1567.
[13] A. Jorge, L. Marôpo & F. Neto, When you realise your dad is Cristiano Ronaldo: celebrity sharenting and children’s digital identities, Information, Communication & Society, Vol. 25, Issue 4, 2022, pp. 516-535.
[14] C. Abidin, #Familygoals: family influencers, calibrated amateurism, and justifying young digital labour, Social Media + Society, Vol. 3, Issue 2, 2017, pp. 1-15; S.B. Steinberg, Sharenting: children’s privacy in the age of social media, Emory Law J, Vol. 66, 2017, pp. 839-884; A. Blum‑Ross & S. Livingstone, Sharenting, parent blogging, and the boundaries of the digital self, Popular Communication, Vol. 15, Issue 2, 2017, pp. 110-125.
[15] A. Hearn & S. Schoenhoff, From celebrity to influencer: Tracing the diffusion of celebrity value across the data stream, P.D. Marshall, S. Redmond (Eds.), A Companion to Celebrity, Hoboken, NJ: Wiley, 2016, pp. 194-212; T. Highfield & T. Leaver, Instagrammatics and digital methods: studying visual social media, from selfies and GIFs to memes and emoji, Communication Research and Practice, Vol. 2, Issue 1, 2016, pp. 47-62; D.L. Andrews & B.C. Clift, Football and stardom: on context, intertextuality and reflexivity, J. Hughson, K. Moore, R. Spaaij, J. Maguire (Eds.), Routledge Handbook of Football Studies, London: Routledge, 2017, pp. 200-211.
[16] B. Smart, The Sport Star: Modern Sport and the Cultural Economy of Sporting Celebrity, Sage, London, 2005.
[17] Bill Wilson, Arnold Palmer: How golfer defined sports marketing, BBC News, 26 September 2016.
[18] Ed McCambridge, Kevin Keegan: How Liverpool, Hamburg, Southampton and Newcastle fell head over heels in love with King Kev, FourFourTwo, 2021.
[19] L. Dillman, Kournikova Sues Penthouse, Los Angeles Times, 2002.
[20] Usain Bolt to trademark his signature celebration pose. Hindustan Times. Aug 23, 2022.
[21] L. Lockwood, Nike deepens relationship with Megan Rapinoe With New Logo and Curated Nike Collection, WWD, Dec 15, 2021.
[22] M. Rapinoe, Leadership isn’t about having one style, HBR, 2020, p. 144.
[23] T. Everbach, G.S. Nisbett, K. Weiller‑Abels, Rebel, Rebel! How Megan Rapinoe’s Celebrity Activism Forges New Paths for Athletes, Springer Nature, Aug 13, 2021.
[24] E. Anderson, Inclusive Masculinity, Routledge, 2011.
[25] E. Cashmore, K. Dixon, J. Cleland, Why are there STILL no gay Professional Association Football Players in Men’s Major Leagues? Revisiting the Views of Football Fans in the United Kingdom, Journal of Homosexuality, 70 (8), 2023, pp. 1653-1673.
[26] J. Cleland, E. Cashmore, K. Dixon, C. MacDonald, Analysing the presence of Homosexually-themed language among association football fans in the UK, Communication & Sport, 11 (3), 2021.
[27] C.E. Howell, A touch more with Megan Rapinoe and sue bird: authenticity, intimacy and women’s sports celebrity on Instagram Live, Celebrity Studies, 14 (3), 2023, pp. 264-279.
[28] W. Gittins, Megan Rapinoe’s social activism: LGBTQ+ rights, racial justice, pay equity…, AS, Sep 23, 2023.
[29] E.L. Frederick, A. Pegoraro, S. Schmidt, “I’m not going to the f***ing white house”: twitter users react to Donald Trump and Megan Rapinoe, Communication & Sport, 10 (6), 2020, pp. 1210-1228.
[30] S.H. Schmidt, E.L. Frederick, A. Pegoraro, T.C. Spencer, An analysis of Colin Kaepernick, Megan Rapinoe, and the national anthem protests, Communication & Sport, 7 (5), 2018, pp. 653-677.
[31] C. MacDonald, J. Cleland, Gender politics of social media: A case study of Megan Rapinoe, Routledge Handbook of Gender Politics in Sport and Physical Activity, Routledge, 2022, pp. 249-258.
[32] দ্রষ্টব্য, টীকা ২৯; ২৬।
[33] Bullingham R., Magrath R., ‘Pink Hair, Don’t Care’: A Print Media Analysis of Megan Rapinoe at the 2019 Women’s World Cup. In: Culvin A, Bowes A, eds. Women’s Football in a Global, Professional Era. Emerald Publishing; pp 221-234.
[34] C. Riot, M. Hayes, Social media and athlete branding, M. Naraine, T. Hayduk, J. Doyle (Eds.), Routledge Handbook of Digital Sport Management, Routledge, 2022, pp. 217-231.
[35] USC Annenberg Norman Lear Center, Owning the Narrative: The Rise of Athlete-Owned Media, 2025.
[36] H. Westerbeek, T. van Schaik, Platform power, athlete branding, generative AI, and the future of sport governance: a systematic review, Front Sports Act Living, 7 (2025), Article 1642180.
[37] Michelle Pulaski Behling, The Rise of Athlete‑Driven Media: A New Era in Sports Broadcasting, Booth Review, Oct 21, 2024; দ্রষ্টব্য, টীকা ৩৫।
[38] Y. Su, B.J. Baker, J.P. Doyle, T. Kunkel, The rise of an athlete brand: factors influencing the social media following of athletes, Sport Marketing Quarterly, 29 (1), 2020, pp. 33-46.
*নিবন্ধটি ফুটবল স্টাডিজ-এর জুন, ২০২৬ সংখ্যায় প্রকাশিত


আপনার মতামত...