ভারতীয় ফুটবলের অধঃপতনের জন্য দায়ী পরিচালন ব্যবস্থা

নবাব ভট্টাচার্য

 

এআইএফএফ যখনই যাঁরা চালান, যাঁদের হাতে ক্ষমতা, তাঁদের সঙ্গে ফুটবলের যোগাযোগ বড়ই কম। তাঁরা পলিসিমেকার। কিন্তু পলিসিমেকারদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হয়, যেটা তাঁদের নেই। সবচেয়ে ভালো হয়, যদি তাঁদের ক্লাব চালানোর অভিজ্ঞতা থাকে। আসলে ক্ষমতায় থাকলে চোখে একটা ক্ষমতার চাদর পড়ে যায়। মানুষ তখন ভাবতে থাকে, চিরকালই এরকম থাকবে। আমিই শেষ কথা। কিন্তু পরিবর্তন একটা নিয়ম। ফলে যে-ই যখন ক্ষমতায় থাকে, দু-একটা ভালো কাজ করে, কিন্তু অনেক ক্ষতিও করে দিয়ে যায়। সেই ক্ষতিগুলো হয়তো পরে রিপেয়ার হয়, কিন্তু ততদিন ভোগে তো সাধারণ মানুষ। আর খেলাধুলোয় সেই ক্ষতিগুলো আর রিপেয়ার হয় না। ফলে, ভারতের ফুটবলের এই অধঃপতনের জন্য দায়ী যদি কাউকে করতে হয়, তাহলে পরিচালন-ব্যবস্থাকেই করতে হবে

 

এই মুহূর্তে ভারতের ফুটবলের কথা যদি বলেন, গত ৪০ বছর ধরে আমরা ক্রমশ পিছিয়েই চলেছি। ভারতবর্ষ একটা দেশ হিসেবে সবকিছুতে এগিয়েছে। আজ থেকে ৪০ বছর আগে, মানে ধরুন আমরা আমাদের ১২-১৩ বছর বয়সে যেরকম দেখেছি, যেরকম রাস্তাঘাট, লাইটপোস্ট, অন্ধকার— সেই সব কিছুতেই আমাদের প্রচুর উন্নতি হয়েছে। এবং ক্রমান্বয়ে উন্নতি হয়েও যাচ্ছে। এডুকেশন সিস্টেমে চেঞ্জ হয়েছে, উন্নতি কতটা হয়েছে, বা কতটা যুগোপযোগী হয়েছে, সেটা আমি ঠিক বুঝতে পারি না যদিও, তবু চেঞ্জ হয়েছে। এবং সেটার একটা সিস্টেম আছে। আমরা সবাই সরকারি স্কুলে পড়াশোনা করেছি। আজ চাইলেই বাড়ির সামনে তিনটে প্রাইভেট স্কুলে খুঁজে পাওয়া যাবে। এরকম একটা বিস্তার হয়েছে। এবার, আমাদের ছোটবেলায় আমরা চাইলে বাড়ির সামনেই এরকম জায়গা পেয়ে যেতাম যেখানে আমরা খেলাধুলা করতে পারতাম, প্র্যাকটিস করতে পারতাম। আমরা ফুটবল খেলতাম, ভলি খেলতাম, অ্যাথলেটিক্স হত। মাঠে গেলেই দেখা যেত কেউ না কেউ দৌড়চ্ছে, কেউ না কেউ হাইজাম্প দিচ্ছি, লংজাম্প দিচ্ছে। স্কুলে খেলাধুলো হত। সব মিলিয়ে খেলাধুলোর একটা পরিবেশ ছিল। মাঠে যাওয়ার একটা টান ছিল। সেই পরিবেশটা উঠে গেছে। আমি বেসিক্যালি মনে করি—খেলাধুলো শিক্ষার একটা পার্ট। কিন্তু শিক্ষার সবচেয়ে অবহেলিত পার্ট হচ্ছে এই ক্রীড়াশিক্ষা। ক্রীড়াশিক্ষা মানে দুটো বল দিয়ে ছেড়ে দিলাম, দুটো জ্ঞান দিয়ে ছেড়ে দিলাম, বা মঞ্চে উঠে দুটো ভাষণ দিয়ে একটা ব্যাজ পরে চলে গেলাম— এটাই হল মানসিকতা।

খেলা একটা এমন জিনিস, একটা বাচ্চার পায়ে বল দিয়ে দিলে তার যে আনন্দ, সেটা তার থেকে কেউ কাড়তে পারে না। আর খেলবে মানুষ আনন্দে। এখানে দুটো কথা— এক তো খেলে মানুষ আনন্দে, আর দুই হল, সামনে রোলমডেল থাকতে হবে। যেটা আগে জেলায় জেলায়, শহরে শহরে, এমনকি পাড়ায়-পাড়ায়ও ছিল। ইস্টবেঙ্গল-মোহনবাগানে খেলেছে, এমন অনেককে পাওয়া যেত। কিন্তু আজকের দিনে সেই রোলমডেলটা আর নেই। এখন মানুষ যেটুকু খেলছে, আনন্দেই খেলছে। এখনকার ছেলেমেয়েরা ইংলিশ প্রিমিয়ার লিগের সব প্লেয়ারদের নাম বলে দিতে পারবে, কিন্তু আমাদের বাংলার প্লেয়ারদের নাম বলতে পারবে না। কারণ ইপিএল দেখছে তারা, দেখানো হচ্ছে, এটা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি। আমাদের সেসব কোথায়? যুগ পাল্টাচ্ছে, কিন্তু বাংলার খেলাধুলো যুগের সঙ্গে তাল মিলিয়ে এখনও যুগোপযোগী হল না।

একবার ফুটবলে আন্ডার-ফোরটিন রাজ্যস্তরের ম্যাচ হচ্ছে। সেখানে উপস্থিত এক ডাকসাইটে ক্রীড়া প্রশাসককে আমি জিজ্ঞেস করেছিলাম, এই যে এরা খেলছে, এরা যদি পরবর্তী লেভেলে যায়, তাহলে এদের জন্য আপনার পরবর্তী প্ল্যান কী হবে? তিনি আর কিছু বললেন না। মানে মাধ্যমিকের পর আর কিছু করা হবে না। এটাই সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। পশ্চিমবাংলায় ১৪ বছর, ১৫ বছর পার হয়ে গেলে বাবা-মা আর খেলতে দিচ্ছে না। বিশেষ করে মধ্যবিত্ত ঘরে। কারণ, মাধ্যমিক এসে যাচ্ছে। ওই যে ঢুকে গেল, তারপর আর ছেলেদের বেরোনো হচ্ছে না।

শুনতে অপ্রিয় হলেও একটা কথা বলা দরকার, শিক্ষিত মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা আজ আর ফুটবল খেলতে আগ্রহী নয়। মান্না-পিকে-চুনী ও ইস্টবেঙ্গল-মোহনবাগান-ডায়মন্ড সিস্টেম যে বাঙালির অস্তিত্বের অংশ ছিল, আশির দশকের পর থেকে ভারতবর্ষে ক্রিকেটের উত্থানের পর থেকে ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। বাজার ও মধ্যবিত্ত— উভয়েই আজ ক্রিকেটের প্রেমে পাগল। ক্রিকেটে টাকা আছে, স্পনসরশিপ আছে, গ্ল্যামার আছে, পরিচিতি আছে, যা এই মুহূর্তে আর কোনও খেলায় নেই। সে অর্থে ফুটবল আমাদের দেশে ছোটলোকদের খেলা। ইংরেজি মাধ্যম অনেক স্কুলেই গজিয়ে উঠেছে সাপ্তাহিক ক্রিকেট অ্যাকাডেমি, কারণ মধ্যবিত্ত-উচ্চবিত্ত বাড়ির বাবা-মারা সকলেই চান তাদের সন্তান ক্রিকেট শিখুক। সম্ভবত ভারতই একমাত্র দেশ, যার মধ্যে এতগুলি খেলাধুলোয় এত প্রতিভা থাকা সত্ত্বেও সেগুলির সঙ্গে সুবিচার করা হল না।

অনেক বলতে পারেন, ক্রিকেটের আইপিএল-এর ঢঙে ফুটবলে আইএসএল চালু হয়েছিল তো, তাও কেন ফুটবলকে সাধারণ্যে জনপ্রিয় করা গেল না? আইএসএল-এর কথা বলতে গেলে আইএসএল আসার পর ইনফ্রাস্ট্রাকচার ভালো হয়েছে, খেলা দেখানোর কোয়ালিটি অনেক ভালো হয়েছে। আমরা যেভাবে কৃশানু-বিকাশ-সুদীপ চ্যাটার্জিদের খেলা দেখেছি, তার সঙ্গে আজকের খেলা দেখার কোনও তুলনাই হয় না। কিন্তু আমার মতে, আইএসএল ওয়াজ অ্যাকচুয়ালি মিসগাইডেড। একচেটিয়া বিষয়টা আবার ফিরে এল। ভারতবর্ষ বোধহয় একমাত্র দেশ, যার ফুটবল ফেডারেশনটাই বিক্রি হয়ে গেল। ফেডারেশনের আর কোনও কন্ট্রোলই নেই। আইএসএলে যেসব ফ্র্যাঞ্চাইজি এল, অনেক অনেক টাকা দিয়েই এল, তারা কিন্তু কেউ ফুটবলের প্যাশন থেকে আসেনি। তারা এল, কারণ তারা বুঝেছিল এখানে এলে তারা মুকেশ আম্বানির সঙ্গে যোগাযোগ রাখতে পারবে বা বাড়াতে পারবে। এটা তাদের কাছে একটা ওয়ে অফ রিচিং হিজ হাউজ। তার জন্য কয়েক কোটি টাকা খরচা হলে হবে। সেটাই বলছি, আইএসএল ওয়াজ অ্যাকচুয়ালি মিসগাইডেড। যদি এরকম নিয়ম করা যেত দ্বিতীয় বছর থেকেই, যে রেলিগেশন থাকবে। যদি তোমার পারফরমেন্স ভালো না হয়, তবে তোমাকে নেমে যেতে হবে। এবং আরও জরুরি, প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে অ্যাকাডেমি রাখতে হবে, রাখতেই হবে। ১৩-১৫-১৭ এই এজ গ্রুপগুলোর অ্যাকাডেমি থাকবে প্রতিটা ক্লাবের, সেখান থেকে প্লেয়ার তুলে আনতে হবে। এগুলো করা হলে ব্যাপারটা অনেক কার্যকর হত। কিন্তু ওই যে বললাম, কেউ চায় না খেলার পেছনে টাকা খরচ করতে। যারা চায়, তাদের কাছে অতটা পয়সা নেই। তাহলে কী করতে হয়, নিয়ম করে চাপিয়ে দিতে হয়। আমি যদি এখন আমার ডিস্ট্রিক্ট ক্লাবগুলোকে বলি, তোমাদের এটা খেলতেই হবে। এবার ওরা খেলা ভালোবাসে না, এমন নয়। কিন্তু আমাকে বুঝতে হবে ওদের সমস্যা কী। ওদের মূল সমস্যা অর্থের—ওদের ক্লাছে টাকা নেই, রোজগার নেই। রোজগার নেই বলেই ওদের কাউন্সিলরের কাছে যেতে হয়, পৌরসভার কাছে যেতে হয়। কাউন্সিলরদের-নেতাদের ডেকে আনতে হয়। এবং তারা সেই সুযোগে ক্লাবগুলোকে দখল করে নেয়। কিন্তু দখল করার পর তাদের আর ইন্টারেস্ট থাকে না। কারণ এখানে একচেটিয়া খরচা, কামানোর কিছু নেই।

আর একটা ব্যাপার হল খেলাধুলোয় অপরচুনিটি কমে যাওয়া। অপরচুনিটি অর্থাৎ, কাজের সুযোগ কমে যাওয়া। চাকরি কমে যাওয়া। বাঙালি কেন, সমস্ত মানুষই এটা ভাবে, যে আমাকে এমন কিছু করতে হবে, যেন তাতে আমার কিছু রোজগার হয়, আমার জীবন, আমার পরিবার ঠিকমতো চালানো যায়। খেলাধুলো করে যে সেটা হচ্ছে না এটা বাঙালি মোটামুটি ২০১২-১৩ থেকে বুঝতে শুরু করল। তার আগে, ২০০৮-৯-১০ অব্দি কিন্তু ছেলেরা খেলছিল। তারপরে রেল চাকরি দেওয়া বন্ধ করে দিল হঠাৎ। জানিয়ে দিল, আমরা আর চাকরি দেব না। এর পেছনে এআইএফএফ-এর একটা ভুল নীতি। এআইএফএফ সিদ্ধান্ত নিল, যে জাতীয় পর্যায়ে সন্তোষ ট্রফিতে ৫টা আন্ডার-১৯ ছেলে খেলাতেই হবে। রেল বলল, আমরা চাকরি দিই ১৮ বছর বয়স হলে। আন্ডার-১৯ ছেলে আমরা পাব কোথায়! এআইএফএফ অনড়— খেলাতেই হবে। রেল বলল, তাহলে আমরা সন্তোষ ট্রফি খেলবই না। আর অবভিয়াসলি, সন্তোষ ট্রফিই যখন খেলব না, তখন ফুটবলারদের আর চাকরিও দেব না।

আসলে এআইএফএফ যখনই যাঁরা চালান, যাঁদের হাতে ক্ষমতা, তাঁদের সঙ্গে ফুটবলের যোগাযোগ বড়ই কম। তাঁরা পলিসিমেকার। কিন্তু পলিসিমেকারদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হয়, যেটা তাঁদের নেই। সবচেয়ে ভালো হয়, যদি তাঁদের ক্লাব চালানোর অভিজ্ঞতা থাকে। এখন ক্লাব বলতে ভারতবর্ষে তো দুরকম— একটা টাকাওয়ালা, ফ্রাঞ্চাইজি ক্লাব। তারা এসেছে। আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল আরেক দলও ছিল, কিন্তু তারা সময়ের সঙ্গে সঙ্গে ক্লাব বন্ধ করে দিয়েছে। ওরকে মিলস, কোচি এফসি, মফতলাল… এরকম প্রচুর নাম করা যায়। এমনকি জেসিটি বা মাহিন্দ্রার মতো দলও ক্লাব তুলে দিল। আমাদের দুর্ভাগ্য, আমাদের কর্মকর্তারা কখনওই সেই ক্লাবের সমস্যাগুলো বুঝলেন না। এই যে মাহিন্দ্রা ক্লাব তুলে দিল— তারা তো আর ব্যবসা বন্ধ করে দিচ্ছে না, শুধু ফুটবল দলটা বন্ধ করে দিল। কেন, তা আমাদের কর্মকর্তারা বুঝলেন না। আসলে ক্ষমতায় থাকলে চোখে একটা ক্ষমতার চাদর পড়ে যায়। মানুষ তখন ভাবতে থাকে, চিরকালই এরকম থাকবে। আমিই শেষ কথা। কিন্তু পরিবর্তন একটা নিয়ম। ফলে যে-ই যখন ক্ষমতায় থাকে, দু-একটা ভালো কাজ করে, কিন্তু অনেক ক্ষতিও করে দিয়ে যায়। সেই ক্ষতিগুলো হয়তো পরে রিপেয়ার হয়, কিন্তু ততদিন ভোগে তো সাধারণ মানুষ। আর খেলাধুলোয় সেই ক্ষতিগুলো আর রিপেয়ার হয় না।

ফলে, ভারতের ফুটবলের এই অধঃপতনের জন্য দায়ী যদি কাউকে করতে হয়, সে হল পরিচালন-ব্যবস্থা। প্রফুল্ল প্যাটেলের সময় থেকেই এই অধোগতি শুরু হয়। তার আগে প্রিয়রঞ্জন দাশমুন্সি ছিলেন, তিনি যে ফুটবল যথেষ্ট ভালোবাসতেন সে নিয়ে কোনও সন্দেহ নেই, কিন্তু তাঁরও প্রাথমিক অগ্রাধিকার ছিল রাজনীতি। প্রিয়দা ফুটবল নিয়ে খুবই প্যাশনেট ছিলেন, সব কিছু ব্যস্ততা সামলেও তিনি ভারতীয় ফুটবলকে সময় দিতেন, তাঁর ক্ষমতা ব্যবহার করে তিনি স্পনসর এনে ফুটবল চালিয়েছেন। প্রিয়দার রাজনৈতিক ক্ষমতা ছিল, তাই তিনি প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ির কাছে চলে যেতে পেরেছিলেন স্পনসরের জন্য, আমার তো সে ক্ষমতা নেই, তাই আমি পারব না। কিন্তু প্রিয়দা একবারও ভাবলেন না, কেন আমাকে স্পনসরের জন্য প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে, কেন আমার সেলেবল প্রোডাক্টটাকে আমি সেল করতে পারব না। কেন ক্রিকেট, যে একসময় পপুলারিটিতে ফুটবলের অনেক পেছনে পড়েছিল, সে আজ এই জায়গায় চলে গেল? আমাদের ছোটবেলায় দেখেছি ক্রিকেট ম্যাচের টিকিট স্বচ্ছন্দে পাওয়া যেত, তারপর ৮৩-তে বিশ্বকাপ জেতা, ৮৫-র বেনসন অ্যান্ড হেজেস কাপ, ৮৭-তে দেশের মাঠে বিশ্বকাপ— এই ঘটনাগুলো থেকেই ফুটবল আস্তে আস্তে পেছনে সরতে শুরু করল। অথচ তখনও, মানে ৮০-র শেষদিকে আর ৯০-এর গোড়ায়, তখনও কিন্তু পপুলারিটিতে ফুটবলই অনেক এগিয়ে। তাহলে সেইরকম একটা খেলার স্পনসর জোগাড়ের জন্য কেন আমাকে প্রধানমন্ত্রীর কাছে ছুটে যেতে হবে? সবাই বলবেন, প্রিয়রঞ্জন দাশমুন্সি ওএনজিসি-কে স্পনসর করে নিয়ে এসেছিলেন, সেটা বিরাট ক্রেডিট। আমার কাছে কিন্তু ওটা ডিসক্রেডিট। আমার কাছে কথাটা হচ্ছে এত জনপ্রিয় খেলাটাকে আমি বেচতে পারলাম না কেন? কেন আমি স্পনসরশিপ আনতে পারলাম না? কেন সেই সময়েও স্পনসর আনার জন্য ফুটবলকে একজন রাজনৈতিক নেতার পেছনে দৌড়তে হবে? কই ক্রিকেটকে তো দৌড়তে হল না। এর একটা প্রধান কারণ হচ্ছে দেশ সাফল্য পাচ্ছে না, দেশ আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলছে না। একটা সময় আমরা জাপানকে হারাতাম, ড্র করতাম। আজ জাপান একটা প্রোগ্রাম বানিয়েছে কী করে ৮ বছরের মধ্যে ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। ওরা সেভাবে এগোচ্ছে। আর আমরা ২০৩০-এর কমনওয়েলথ গেমসে যদি ফুটবল থাকে, তাহলে খেলব, কিন্তু আজও আমরা জানি না সেই টিমে কারা থাকবে। এটা ২০২৬। তার মানে একটা চার বছরের প্রস্তুতিও থাকবে না আমাদের। এগুলোর জন্য কাকে দোষ দেবেন আপনি? প্রশাসক ছাড়া তো আর কাউকে দোষ দেওয়ার নেই। ২০১০ থেকে ২০২২, দীর্ঘ বারো বছর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ছিলেন কুশল দাস। তাঁর সময়ে জেনারেল সেক্রেটারির মাসিক সাম্মানিক এক লাফে বেড়ে হল পাঁচ লাখ টাকা। কেন? ক্রীড়া প্রশাসকের পারিশ্রমিক বাড়ে কখন? যখন দেশ সেই ফিল্ডে খুব ভালো কিছু করে, আন্তর্জাতিক মানের টুর্নামেন্টে ভালো ফল করে, পদক জেতে। সেসব তো আমরা কিছুই করতে পারিনি, তাহলে পরিকাঠামো উন্নয়নের পেছনে খরচ না বাড়িয়ে সাধারণ সম্পাদকের বেতন হঠাৎ এত বেড়ে গেছিল কেন? কে এর উত্তর দেবে?

সরকারের ইচ্ছাও একটা ব্যাপার। ৭৫-৮০ এই সব সময়ে তো সরকারের হাতে এত টাকা ছিল না, কিন্তু এখন তো সরকারের হাতে টাকার অভাব নেই। একটা ব্রাশ কিনলেও সরকার টাকা পায়, পেস্ট কিনলেও পায়, ফিনাইল কিনলেও পায়। এখন তো ভারতবর্ষের মানুষের কাছে ‘খেলে কেন লোকে?’ সেটাই একটা প্রশ্ন হয়ে গেছে। কিন্তু সরকারের হাতে এত টাকা সত্ত্বেও ক্রীড়াশিক্ষা বা স্পোর্টিং কালচার গড়ে তোলার কাজটা কিন্তু হচ্ছে না। খেলা হয়ে গেছে একমাত্র ক্রিকেট। বাকি কোনও খেলাতেই মানুষের উৎসাহ নেই।

এখন অবশ্য খেলে চাকরি পাওয়ার ঘটনা বেড়েছে। সাঁতার, অ্যাথলেটিক্স সবেতেই চাকরি পাওয়া যাচ্ছে। ফুটবলেও। আমার হাত দিয়েই গত ৩-৪ বছরে ১৬-১৭টা ছেলের চাকরি হয়েছে রাজ্য সরকার-কেন্দ্র সরকার মিলিয়ে। কিন্তু প্রাথমিকভাবে মানুষের উৎসাহ না ফিরলে ফুটবল কেন, কোনও খেলাই তো বাঁচবে না।

দীর্ঘদিন ধরে খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকার ফলে এটা জোর দিয়ে বারবার বলতে পারি— ফুটবল-সমেত রাজ্য তথা দেশের প্রায় সমস্ত খেলাকে শেষ করে দিয়েছে আমাদের দেশের ক্রীড়া প্রশাসকদের অদূরদর্শিতা ও দুর্নীতি। আমাদের সমস্যা ক্রীড়াক্ষেত্রে নবীন প্রতিভার অভাব নয়, বরং আমাদের মূল সমস্যা হল সেইসব প্রতিভাকে ঠিকঠাকভাবে তুলে আনতে যে পরিকল্পনা ও পরিকাঠামো দরকার, তার অভাব। এর দায় সম্পূর্ণভাবে আমাদের দেশের ক্রীড়া প্রশাসকদের। বলা বাহুল্য, ক্রিকেটকে এই তলিকার মধ্যে রাখছি না। ক্রিকেট, একমাত্র ক্রিকেটই বিগত চার দশক ধরে আমাদের দেশে যে পরিমাণ বাজারের আশীর্বাদ ও প্রচারের দাক্ষিণ্য পেয়ে আসছে, যা এক কথায় অভূতপূর্ব। কিন্তু অন্য খেলার মধ্যে যদি শুধু ফুটবলের কথাই ধরি, আমাদের রাজ্যে প্রতিভার কোনও অভাব নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, শুধুমাত্র উত্তর ২৪ পরগণা থেকেই ইন্ডিয়া টিম দাঁড় করানো যেতে পারে। আবার একইসঙ্গে আমাদের দেশে ফুটবলই একমাত্র খেলা যেখানে প্র‍্যাক্টিসে ছেলেদের টিফিন দিতে হয়। এই মুহূর্তে যে শ্রেণি থেকে ছেলেরা ফুটবল খেলতে আসে, তারা এতখানি নিম্নবিত্ত যে তাদের বাড়িতে নিয়মিত জলখাবার খাওয়ার ব্যবস্থা নেই, অর্থাৎ উঠতি বয়সের ফুটবলার হিসেবে শরীরের প্রয়োজনীয় পুষ্টিটুকু জোটে না। ফলে খেলতে এলে তাদের খাবার দিতেই হয়। অথচ একটুখানি তদারকি পেলেই, প্রতিভার দিক থেকে একেকজন একেকটি সোনার খনি। শুধু ফুটবল কেন, শুধুমাত্র বসিরহাট থেকেই ২০০ জন জাতীয় স্তরের সাঁতারু হাজির করা যেতে পারে। কিন্তু পরিকাঠামো নেই। এই যে বেঙ্গালুরু থেকে এখন এত ব্যাডমিন্টন প্লেয়ার বেরোয়, জানেন, শুধু বেঙ্গালুরু শহরেই এই মুহূর্তে ব্যাডমিন্টনের জন্য ৫৭০০টা আন্তর্জাতিক মানের কৃত্রিম টার্ফ আছে, আমাদের রাজ্যে সেরকম মানের ৫০টা সুইমিং পুল আছে কিনা সন্দেহ।

বর্তমানে রাজ্যে পালাবদল ঘটেছে। আশা করা যায়, খেলাধূলা যারা করে, সেইসব ছেলেমেয়েরা এবার কিছু বাড়তি সুযোগ সুবিধা পাবে। আগের সরকারের আমলে রাজ্য ও কেন্দ্র পরস্পরের বিরোধী হওয়ার কারণে বাংলার ছেলেমেয়েরা ভুক্তভোগী হয়েছিল, খেলো ইন্ডিয়া-র অধীনে কোনও প্রকল্পের সুবিধা পায়নি। এবার খেলো ইন্ডিয়া-য় নাম নথিভুক্ত করালেই তরুণ খেলোয়ারেরা মাসিক বৃত্তি পাবে, নিয়মিত কোচিং ও অন্যান্য পরিচর্যা পাবে। যেমন, খেলো ইন্ডিয়া-র আওতাভুক্ত হলে একজন প্রতিশ্রুতিমান খেলোয়াড়কে প্রশিক্ষণ, সরঞ্জাম, ডায়েট এবং পড়াশোনার জন্য বার্ষিক ৬.২৮ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। খেলাধুলো ভালোবাসি, তাই সমস্ত রাজনীতির উর্ধ্বে উঠে এটাই চাইব যে খেলোধুলোর পরিকাঠামো উন্নত হোক, তরুণ প্রজন্ম আরও বেশি করে সুযোগসুবিধে পাক— এটাই আশা করব। বাংলার ফুটবল-সহ অন্য সমস্ত ক্রীড়ার উন্নতি হোক, প্রতিশ্রুতিবান ছেলেমেয়েরা খেলার সুযোগ পাক, ঠিকমতো ট্রেনিং পাক, প্রয়োজনীয় পুষ্টি পাক— একজন ক্রীড়ামোদী হিসেবে এর বেশি আর কী চাওয়ার থাকতে পারে!

 


*সাক্ষাৎকারের ভিত্তিতে অনুলিখিত

About চার নম্বর প্ল্যাটফর্ম 5450 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.