স্টেশনমাস্টারের কলাম
শুরুতেই মার্জনাভিক্ষা প্রয়োজন। ব্যক্তিগত এবং সমষ্টিগত নানান কারণে সংখ্যা প্রকাশে যথেষ্ট দেরি হল। নিজেরাও ব্যাকুল হয়েছি, এবং তার চেয়েও বেশি ব্যাকুল হয়েছেন সম্ভবত আমাদের বন্ধুরা। তাঁরা বারবার খোঁজ নিয়েছেন, সহযোগিতা করতে চেয়েছেন। সবার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। তাই এই অনিচ্ছাকৃত বিলম্বের জন্য আমাদের সমস্ত বন্ধু, পাঠক, এবং অবশ্যই লেখকরা— যাঁরা নির্দিষ্ট সময়ে লেখা দিয়েও এই দীর্ঘদিন ধৈর্য ধরে অপেক্ষা করে রইলেন— সবার কাছেই আমরা আন্তরিক ক্ষমাপ্রার্থী।
এই সংখ্যার মূল ভাবনা— ফুটবল। যে কেউ বুঝবেন, ভাবনাটার জন্ম ফুটবল বিশ্বকাপের সময়ে, যেটাকে দুর্ভাগ্যজনকভাবে আর সদ্য-সমাপ্ত বলা যাচ্ছে না। কিন্তু না বলা গেলেও, ভাবনাটাকে আমরা ছাড়িনি। আসলে, ফুটবলের মতো রহস্যময় ঘটনা বোধকরি এই ভূ-রাজনৈতিক চরাচরে বেশি কিছু নেই। একদিকে গ্ল্যামার, চাকচিক্য, ডলারের ফোয়ারা— যে-সবের দৌলতে খেলাটা আজ বিশ্ব-কর্পোরেট পুঁজিবাদের অন্যতম সফিস্টিকেটেড পণ্যে পরিণত হয়েছে; আর তার অন্যদিকেই এঁদো গলি বা কোনও জনবিরল প্রান্তরে কতগুলো এমন বাচ্চার বল-পেটানো যাদের সঙ্গে ওইসব চাকচিক্যের আলোকবর্ষ আলোকবর্ষ দূরত্ব। সেই বাচ্চাগুলোর ঠিকানা হতে পারে বিশ্বের যে-কোনও প্রান্তে— রিও, মন্টিভিডিও, বুয়েনস এয়ার্সের গলিঘুঁজিতে, বা কেপ ভার্দে কি ঘানা কি নাইজেরিয়ার কোনও দাঙ্গাবিধ্বস্ত লোকালয়ে, ইরাক-ইরানের কোনও মরুপ্রান্তরে, বা আমাদের এই কলকাতা কি ঢাকার কোনও বস্তিতে, নৈহাটি-হালিশহর-বাঁকুড়া-পুরুলিয়া বা বরিশালে— এমনকি কোনও নাৎসি কনসেনট্রেশন ক্যাম্প বা আধুনিক ডিটেনশন ক্যাম্পেও। এবং, পুঁজিবাদের রক্তচক্ষু বা দীর্ঘশ্বাস যা-ই থাকুক না কেন, সে-সবকে উপেক্ষা করে ফুটবল যেন শান্তি পায় ওই বাচ্চাগুলোরই কাছে। ফুটবল পুঁজিবাদের এক অবাধ্য সন্তান। পুঁজিবাদ ভেবেই পায় না, যে খেলাটাকে জন্ম দিল তারা, যার মাঠের প্রতিটি ইঞ্চি তারা নির্দিষ্ট করে দিল, প্রতিটি চকের দাগ কাটল নিখুঁত মাপ মেনে, মাঠে খেটার পরিচালনার ভার দিয়ে দিল নিজেদের নিযুক্ত পরিচালকের হাতে, তাকে সে কেন কিছুতেই সম্পূর্ণ করায়ত্ত করতে পারে না! নইলে তো ভাবা গেছিল, এত নিখুঁত ছকে বাঁধা একটা খেলা পুঁজির ফুলেফেঁপে ওঠার জন্য একান্ত প্রয়োজন ওরকম ছকে বাঁধা বিপুল এক কর্মীবাহিনীর জন্ম দেবে, ফুটবল মাঠই যাদের শৃঙ্খলা শিখিয়ে শৃঙ্খলাবদ্ধ করার কাজটা আদ্ধেক সেরে রাখবে। উপনিবেশবাদীরা অন্য হাজারটা পণ্যের সঙ্গে ফুটবলকেও উপনিবেশগুলোতে রপ্তানি করেছিল তো সেই কুহক আশাতেই। কিন্তু সেখানেই খেলাটা গেল হাতছাড়া হয়ে। ওই নিখুঁত মাপ মেনে তৈরি হওয়া মাঠ, মাঠের প্রতিটি দাগ, নিখুঁত উচ্চতা এবং বেধের গোলপোস্ট— কিছুরই দরকার পড়ল না। দুটো-দুটো চারটে ইট বা স্কুলব্যাগ হলেই অনায়াসে তৈরি হয়ে যেতে পারে গোল, আর লাগে একটা হাওয়া ভরা চর্মগোলক। সে না থাকলে ন্যাকড়া বেঁধে একটা গোল-মতো কিছু তৈরি করে বা ডাবের খোলা দিয়েও দিব্যি কাজ চলে যেতে পারে। মাদকতার, সৌন্দর্যের জন্ম তাতে আটকায় না। ফলত, যা ঘটার তাই ঘটল— ওসব নিয়মকানুন ছেড়ে লাখো লাখো মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে বুঁদ হয়ে থাকল বরং একটা ফার্স্ট টাচে— শুধু যে টাচটাই মার্কারকে ছিটকে দেয় অন্য দিকে; বা একটা ডিফেন্সচেরা থ্রু পাসে— কোনও অ্যালগরিদম দিয়ে যার ভবিষ্যদ্বাণী করা যায় না; বা একটা ট্যাকলে— যে ট্যাকলটা হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর দৌড়তে থাকা অ্যাটাকার আবিষ্কার করে বলটাই আর নেই তার পায়ে; বা একটা জ্যামিতিক প্রোজেকশনের বিধি উলটে দেওয়া সোয়ার্ভিং শটে। তাকে নিয়ে বহু টানাপোড়েন, বহু সাম্রাজ্যের উত্থান-পতন ফুটবল নির্বিকারভাবে প্রত্যক্ষ করে যায় বোধকরি এগুলির ভরসাতেই।

নিজস্ব অন্তর্নিহিত দ্বন্দ্বও তো কিছু কম নেই ফুটবলে। সমাজের প্রতিটি দ্বন্দ্ব, প্রতিটি সংঘাতই ফুটবলকে দীর্ণ করেছে, রক্তাক্ত করেছে বিভিন্ন সময়ে। সে বর্ণবৈষম্যই হোক বা লিঙ্গবৈষম্য— গাণিতিক পরিভাষায় যাকে কমন নেওয়া বলে সেভাবে কমন নিয়ে শ্রেণিবৈষম্যের কথা না হয় উহ্যই রাখা গেল। আবার ধরুন, এই যে খেলাটা, যে খেলাটা একটা গোটা সম্প্রদায়ের পরিচিতির অভিজ্ঞান হয়ে ওঠে প্রায়শই, অজ্ঞাত-অপরিচিত মানুষ নিমেষে আপন হয়ে যেতে পারে কোনও কিছুর তোয়াক্কা না করে, সেই খেলাটাই আবার সম্প্রদায়ে সম্প্রদায়ে তৈরি করতে পারে প্রজন্মবাহিত বৈরিতা, রক্তাক্ত সংঘর্ষ। সে-সব উদাহরণ এখানে বাহুল্য— ওয়াকিবহাল মাত্রেই জানেন, আলোচিতও হয়েছে আমাদের এই সংখ্যার বিভিন্ন লেখায়। কিন্তু কথাটা হচ্ছে, ফুটবল বোধকরি সে-সবেরও খুব একটা তোয়াক্কা করে না। সে খালি গড়িয়ে যায়। ইওরোপ থেকে লাতিন আমেরিকায়, আফ্রিকায়, এশিয়ায়…। কনসেনট্রেশন ক্যাম্প থেকে উদ্বাস্তু শিবিরে। আর অপেক্ষা করে থাকে একটা ফার্স্ট টাচ কি বানানা কিকের।
এই সবকিছুই আমরা ধরতে চেয়েছি এই সংখ্যায়। অবশ্যই পারিনি। কতটা পেরেছি— হে মহান পাঠক— তার বিচারক আপনারাই। চুম্বকের মতো বলে রাখা যাক— ফুটবলের ওপর বর্তমান কর্পোরেট আগ্রাসন, ফুটবলারদের বিবর্তন, ক্ল্যাসিক পুঁজিবাদী শিল্পের সঙ্গে ফুটবলের বিরোধ— এই সব কিছুর সঙ্গে সঙ্গেই আমরা ধরতে চেয়েছি বৈষম্য, প্রতিবাদের মতো ফুটবলের অন্তর্নিহিত বিষয়গুলিকেও। আর অবশ্যই আলোচনায় এসেছে ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থার কথা। বিশেষভাবে এসেছে উরুগুয়ের সাংবাদিক এদুয়ার্দো গালিয়ানোর তিন দশক আগে প্রকাশিত ফুটবল ইন সান অ্যান্ড শ্যাডো-র কথা—এমনকি আমরা এই সংখ্যার শিরোনামটাও ধার নিয়েছি তাঁর থেকে। বেশ কিছু লেখা আমরা অনুবাদ করে ছেপেছি, আরও করা যেত, উচিতও ছিল হয়তো, কিন্তু সে অন্য কথা। আর যাঁরা লিখেছেন— সুশোভন ধর, নবাব ভট্টাচার্য, অপর্ণা ঘোষ, দেবাদৃতা এবং শ্রুতায়ু ভট্টাচার্য— সবার কাছেই আমরা ঋণী হয়ে রইলাম।
পড়বেন, মতামত দেবেন, এবং যেভাবে সঙ্গে রয়েছেন— থাকবেন।
ইতি…



আপনার মতামত...