টি-শার্ট, ট্রায়াল রুম এবং ক্ষয়িষ্ণু মিঠা জলের ভাণ্ডার

সোমনাথ মুখোপাধ্যায়

 

আধুনিক ফ্যাশনশিল্প এক অর্থে ঘাতক শিল্প। পরিবেশের ওপর, বিশেষ করে জলসম্পদের ওপর এই শিল্পের প্রভাব নিয়ে আজ বিশ্বময় উদ্বেগ বাড়ছে। বাংলাদেশ-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে আজ তাই নতুন করে প্রশ্ন উঠেছে এই শিল্পের ধংসাত্মক প্রভাব নিয়ে। জলসম্পদকে উজাড় করে দেওয়ার পাশাপাশি এই শিল্প থেকে ছড়িয়ে পড়ছে বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক। ইদানিং মিশ্র তন্তুর ব্যবহার বাড়ছে এই শিল্পে। এক নিবিড় সমীক্ষায় দেখা গেছে যে প্রতি বছর প্রায় ৫০০০০০ টন মাইক্রোপ্লাস্টিক কণা প্রতি বছর সমুদ্রের জলে গিয়ে মিশেছে কেবলমাত্র সিন্থেটিক পোশাক ধোয়াধুয়ির কারণে। এই পরিমাণ ৫০ বিলিয়ন প্লাস্টিক জলের বোতল কিংবা ৩ মিলিয়ন ব্যারেল তেলের সমান। মাথায় রাখতে হবে যে এই মাইক্রোপ্লাস্টিক জৈব বিয়োজ্য নয়, বহু বছর ধরে তারা টিকে থাকতে পারে আমাদের বাস্তু-পরিবেশে

 

শপিং মলের ট্রায়াল রুমে ঢুকে পছন্দের দুটো কটন শার্ট গায়ে দিয়ে দেওয়াল জুড়ে থাকা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল সায়ন। বেশ অন্যরকম লাগছিল নিজেকে। যা গরম পড়েছে, তাতে কটন ছাড়া অন্য কিছু গায়ে ওঠাতে ইচ্ছে করে না এই সময়ে। দুটো শার্ট পালা করে পরে দেখতে দেখতে কেমন ঘোর লাগে। এমন সময় কেউ যেন কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল— “এই যে সায়নবাবু! খুব তো কটন শার্ট গায়ে দিয়ে কাপ্তেনি করছেন! এই শার্ট তৈরির পেছনে কত অপচয়ের কথা জড়িয়ে আছে তা কি আপনার জানা আছে?” সায়ন সাততাড়াতাড়ি ট্রায়াল রুম থেকে ছুটে বেরিয়ে আসে। সামনে দাঁড়িয়ে থাকা সেলস্ বয়ের হাতে জামা দুটো প্যাকিং করার জন্য তুলে দিতে দিতে বেশ ভয়ার্ত কণ্ঠে সায়ন তাকে জিজ্ঞেস করে— “এক্সকিউজ মি, আপনাদের ওই ট্রায়াল রুমের কি কোনও প্রবলেম আছে? আই মিন….।” সায়নের কথা শেষ হয় না। সেলস্ বয় ছেলেটি মুচকি হেসে বলে ওঠে, “ওহ্! আপনিও এক্সপিরিয়েন্স করেছেন ব্যাপারটা! কেন যে এমন অদ্ভুতুড়ে কাণ্ড ঘটছে কে জানে! আমাদের ম্যানেজার স্যার হায়ার অথরিটিকে জানিয়েছেন বিষয়টা। তবে এখনও কোনও সুরাহা হয়নি। সবসময় হচ্ছে…। কথা শেষ হয় না, বিকিকিনি মলের সেন্ট্রাল সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর—

“শুভসন্ধ্যা আপনাদের সকলকে। সায়ন স্যারকে ধন্যবাদ, আমাদের এই বিকিকিনি মল থেকে দুটো কটন টি-শার্ট কেনবার জন্য। আপনি কি জানেন সায়ন স্যার, আপনার পছন্দের ওই একটা টি-শার্ট তৈরি করতে প্রায় ২৭০০ লিটার মিঠা জলের প্রয়োজন হয়েছে যা আপনার আড়াই বছরের পেয় জলের সমান। অবাক হচ্ছেন? এই মুহূর্তে পৃথিবীর ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্রতি বছর কমবেশি ৭৯ বিলিয়ন কিউবিক মিটার টাটকা জল ব্যবহার করা হয় যার পুরোটাই প্রায় নিয়ে আসা হয় সেই সব এলাকা থেকে যেখানে ইতোমধ্যেই প্রবল খরার দাপট স‌ইতে হচ্ছে মানুষদের। এই কথাগুলো বলা…।”

সায়ন আর অপেক্ষা করে না। মলের বাইরে বেরিয়ে আসে।

সায়নের অভিজ্ঞতার সূত্রে যে বাস্তবতার মুখোমুখি হতে হল আমাদের সকলকে, সেই প্রসঙ্গেই কয়েকটি কথা আজ বলব। শুরুতেই বলি, এই তথ্য নেহাতই মনগড়া এমন মনে করার কোনও কারণ নেই। এই হিসেবনিকেশ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের সূত্রে পাওয়া। তারাই একেবারে চাষের পর্যায়ে সেচের জল থেকে শুরু করে, সুতো তৈরি, তাকে রাঙিয়ে তোলা, কাপড়ের থান তৈরি থেকে বাক্সবন্দি হয়ে মলের বিকিকিনির হাটে পৌঁছনো পর্যন্ত প্রয়োজনীয় প্রতিটি পর্যায়ে ব্যবহৃত জলের হিসেব কষে এই তথ্য তুলে এনেছেন সকলের জন্য। সুতরাং এই তথ্যকে মান্যতা না দিয়ে উপায় নেই। তার মানে একটা সহজ সমীকরণ হল—

একটি সুতির টি-শার্ট = ২৭০০ লিটার মিঠা পেয় জল।

গল্পের যে এখানেই শেষ নয় তা বোধহয় বিলক্ষণ টের পেয়ে গেছেন। শুধু টি-শার্ট গায়ে চাপিয়ে সায়নবাবুরা ঘুরে বেড়াবেন তা তো হয় না। বাহারি প‌্যান্টালুন ছাড়া মানায় নাকি! আর একালে প্যান্ট মানেই এ পেয়ার অফ ব্র্যান্ডেড জিন্স। জলখরচের ব্যাপারে ইনি শার্টের অনেক ওপরে ওপরে চলেন। ফ্যাশনের জন্য তো বাড়তি খচ্চা আছে দাদা! হিসেব বলছে একটি জিন্সের প্যান্ট তৈরি করতে ৯০০০-১০০০০ লিটার জল লাগে, ২৫০০০ লিটার জল দরকার হয় এক কিলোগ্রাম সুতো বা কটন ফাইবার প্রস্তুতিতে এবং সেই সুতোয় রং চড়িয়ে ফিনিশিং টাচ দিতে কিলোগ্রাম পিছু আনুমানিক ১০০ থেকে ১৫০ লিটার জল প্রয়োজন হয়। তাহলে এক্ষেত্রে হিসেব দাঁড়াল এ-রকম— একটা জিন্সের প্যান্ট তৈরি করতে যে পরিমাণ পরিস্রুত মিঠা জলের প্রয়োজন তা ৪৭৫০ জন মানুষের এক দিনের পানীয় জলের সমান। মোদ্দা কথা হল— একটি জিন্সের প্যান্ট তৈরি করতে গিয়ে ৪৭৫০ জন মানুষের পানীয় জলের জোগান কেড়ে নেওয়া হচ্ছে। এই না হলে ফ্যাশন! নিজেদের ফ্যাশনদুরস্ত্ করতে গেলে কিছু মাশুল তো দিতেই হবে বাবা!

এই অবধি পড়ার পর যাঁরা ভাবছেন কেন একটা সাধারণ (?) পোশাক তৈরি করতে এত জলের জোগান দিতে হয়, আসুন সে কথা শোনা যাক্। আসলে এখানে বিসমিল্লাতেই গলদ রয়েছে বিস্তর। জামা বা প্যান্ট তৈরি করতে লাগে সুতো, আর সেই সুতো তৈরি হয় তুলো দিয়ে। এখন কথা হল কার্পাসগাছ হল একটি তৃষ্ণার্ত ফসল, যার অর্থ কার্পাসের মতো একটি দীর্ঘমেয়াদি ফসল চাষ করতে প্রচুর পরিমাণে জলের জোগান দিতে হয় সেচের মাধ্যমে। কার্পাস শুখা ফসল তাই বৃষ্টিবহুল এলাকায় এর চাষ করা সম্ভব নয়, চাই কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এবং নিরবচ্ছিন্ন জলের জোগান। হিসেব বলছে সুতো তৈরির আগেই সুতোর কাঁচামালের জোগান দিতে জলের মোট চাহিদার ৬০ শতাংশ খরচ হয়ে যায়।

অবশিষ্ট ৪০ শতাংশ খরচ হয় সুতো তৈরি থেকে উপযুক্ত কাপড় তৈরি করতে। সেখানেও তো হ্যাপা কম নয়— তুলো থেকে সুতো তৈরি, সুতো থেকে কাপড়; তারপর তাকে রাঙাও রে, ছাপাও রে, পালিশ করো রে, তারপর ছেঁটেকেটে পোশাক তৈরি করা। সবক্ষেত্রেই জল চাই গো, জল চাই। ২০১৮ সালে কোয়ান্টিস্ ইন্টারন্যাশনাল তাঁদের গ্লোবাল পলিউশন ইমপ্যাক্টস্ অফ দ্য অ্যাপারেল ইন্ডাস্ট্রি বিষয়ক সমীক্ষা রিপোর্টে বয়নশিল্পের ডাইং ও ফিনিশিং বিভাগের কাজকর্মকেই সবচেয়ে প্রধান জলদূষণকারী শিল্প হিসেবে ঘোষণা করেছে। এই কাজে প্রায় ৩৬ শতাংশ জলের ব্যবহার করা হয়। এর মধ্যে সুতো তৈরি করতেই লাগে ২৮ শতাংশ জল।

সুতো রং করা এবং কাপড় থেকে পোশাক তৈরি করতে যে পরিমাণ পরিস্রুত মিঠা জল কাজে লাগানো হয় তা আর কোনওভাবেই স্থানীয় জলভাণ্ডারে ফিরে যায় না। বাংলাদেশের পোশাক-শিল্পে বছরপিছু যে ১.৫ ট্রিলিয়ন লিটার জল কাজে লাগানো হয় তা দেশের শিল্প-জলদূষণের প্রধানতম উৎস। এই এক‌ই চিত্রের দেখা মিলবে দক্ষিণ চিনে, ভিয়েতনামে, তুরস্কের পোশাক তৈরির এলাকায়, ভারত ও পাকিস্তানের বস্ত্রবয়ন শিল্পকেন্দ্রগুলোতে। জিওগ্রাফিকাল ম্যাগাজিনে সদ্য (২০২৬) প্রকাশিত এক গবেষণামূলক প্রতিবেদনে জানানো হয়েছে কীভাবে বস্ত্রশিল্পের বিভিন্ন পর্যায়ে ব্যবহৃত ডাই, হেভি মেটাল, তেল, ফিনল এবং কীটনাশকের অবশিষ্ট বর্জ্যপদার্থ ভৌমজল, কৃষিতে ব্যবহৃত সেচব্যবস্থা এবং সামুদ্রিক পরিবেশকে প্রতিনিয়ত দূষিত করে চলেছে অনিয়ন্ত্রিতভাবে।

 

এখানেই উঠে আসে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এত বিপুল পরিমাণ মিঠা জলের প্রয়োজন মেটানো হয় কোন্ উৎস থেকে? পৃথিবীর দিকে তাকালে দেখা যাবে যে পেয় জলের বণ্টনের মতো জলের ব্যবহার‌ও সর্বত্র সমান নয়। আগেই বলেছি যে কার্পাস একটি শুষ্ক আবহাওয়ার ফসল হ‌ওয়ায় পৃথিবীর অপেক্ষাকৃত শুষ্ক অথচ উন্নত সেচসেবিত এলাকাগুলিতেই কার্পাস তুলা ভালো হয়। এই কারণেই উজবেকিস্তানের আরল সাগরের অধিত্যকা অঞ্চল, মিশরের নীলনদ অববাহিকার সেচিত এলাকা, পাকিস্তানের সিন্ধু অববাহিকার বিস্তীর্ণ অংশ, ভারতের গুজরাত, মহারাষ্ট্র, পঞ্জাবের সেচের জলের জোগান-সমৃদ্ধ অঞ্চলে আবহমানকাল ধরে কার্পাস অত্যন্ত পছন্দের অর্থকরী ফসলের মর্যাদা পেয়েছে। এইসব এলাকায় জলের জোগান ক্রমশই কমছে। ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট ইতোমধ্যেই এই এলাকাগুলোকে ওয়াটার স্ট্রেসড বা জলের ঘাটতিপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। এই সমস্যা যে ক্রমবর্ধমান তা বলা বাহুল্য।

বেশ কিছুদিন আগেই বিখ্যাত আরল সাগর হ্রদ বিলকুল শুকিয়ে গেছে এখানে এসে পড়া দুই বিখ্যাত নদী আমুদরিয়া আর সিরদরিয়া অববাহিকার বিস্তীর্ণ সেচসেবিত কার্পাসচাষের এলাকায় জল সরবরাহের জন্য। একদা ৬৮০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই হ্রদের মাত্র ১০ শতাংশ এলাকা এখনও কোনওরকমে টিকে আছে। হ্রদের জল শুকিয়ে যাওয়ার কারণে এই হ্রদের ওপর একান্তভাবে নির্ভরশীল ৪০০০০ থেকে ৬০০০০ মৎস্যজীবী মানুষ তাঁদের জীবিকাচ্যুত হয়েছেন। আরল সাগরের তলদেশের বিস্তীর্ণ অগভীর এলাকা কৃষিজ বর্জ্যপদার্থে ভরে উঠে আরালকুম মরুভূমিতে পরিণত হয়েছে। চেষ্টা করেও আরল সাগরের পুরনো প্রতিপত্তি ফিরে আসেনি।

আধুনিক ফ্যাশনশিল্প এক অর্থে ঘাতক শিল্প। পরিবেশের ওপর, বিশেষ করে জলসম্পদের ওপর এই শিল্পের প্রভাব নিয়ে আজ বিশ্বময় উদ্বেগ বাড়ছে। বাংলাদেশ-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে আজ তাই নতুন করে প্রশ্ন উঠেছে এই শিল্পের ধংসাত্মক প্রভাব নিয়ে। জলসম্পদকে উজাড় করে দেওয়ার পাশাপাশি এই শিল্প থেকে ছড়িয়ে পড়ছে বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক। ইদানিং মিশ্র তন্তুর ব্যবহার বাড়ছে এই শিল্পে। এক নিবিড় সমীক্ষায় দেখা গেছে যে প্রতি বছর প্রায় ৫০০০০০ টন মাইক্রোপ্লাস্টিক কণা প্রতি বছর সমুদ্রের জলে গিয়ে মিশেছে কেবলমাত্র সিন্থেটিক পোশাক ধোয়াধুয়ির কারণে। এই পরিমাণ ৫০ বিলিয়ন প্লাস্টিক জলের বোতল কিংবা ৩ মিলিয়ন ব্যারেল তেলের সমান। মাথায় রাখতে হবে যে এই মাইক্রোপ্লাস্টিক জৈব বিয়োজ্য নয়, বহু বছর ধরে তারা টিকে থাকতে পারে আমাদের বাস্তু-পরিবেশে। সমুদ্রের জলে ভাসমান এই অতি সূক্ষ্ম উপাদানের খোঁজ মিলেছে সামুদ্রিক বিভিন্ন প্রাণী থেকে শুরু করে মানুষের শরীরে— প্লাসেন্টা-সহ শোণিতপ্রবাহে। এ যেন সেই নাকের বদলে নরুণ পাওয়া! এই রূঢ় বাস্তবতার কথা তথাকথিত নামি ব্র্যান্ডের পোশাকবিক্রেতারা কখনওই মুখ ফুটে বলবে না। তারা অঢেল অর্থ ব্যয় করবে বিজ্ঞাপনের পেছনে, তাদের তৈরি পোশাকের বাণিজ্যিক বিপণনের উদ্দেশ্যে। খোঁজ রাখতে হবে আমাদের‌ই, নিজেদের স্বার্থে।

এই নিবন্ধটি শুরু করেছিলাম এক আশ্চর্য ট্রায়াল রুমের কথা দিয়ে, আবার সেখানেই ফিরে যাব। পরিসংখ্যানের পাশাপাশি আমাদের অভিজ্ঞতা থেকে বলতেই পারি যে বিগত দুই বা আড়াই দশকে ফ্যাশনশিল্পের প্রতাপ প্রবলভাবে বেড়েছে, বেড়ে গেছে এই শিল্পের বাণিজ্যিক পরিসর। সংখ্যাতত্ত্ব বলছে ২০০০ সালের পরবর্তী সময়ে তৈরি করা পোশাকের উৎপাদন তার আগের সময়ের তুলনায় দ্বিগুণের‌ও বেশি হয়েছে এবং তা আরও বাড়ছে। নানান ছলছুতোয় মানুষের কেনাকাটা বেড়ে যাওয়ায় উন্নয়নশীল দেশগুলোতে তৈরি পোশাকের বিক্রি বিগত দশ বা পনেরো বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেড়েছে। ফ্যাশনের জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এক জিনিস বেশিদিন পরা চলে না, ফলে নিত্যনতুন চমকের অপেক্ষায় থাকতে থাকতে ঘুম ছুটেছে সম্ভাব্য ক্রেতাদের। ফ্যাশনের ফাঁদে পড়ে বিকিয়ে যাচ্ছে পুরনো সব কিছু। চাপ বাড়ছে আমাদের পরিবেশের ওপর।

সুমনের কেনা একটা টি-শার্ট গায়ে চাপাতে খরচ হয় ২৭০০ লিটার জল। নিন্দুকেরা বলছে গোটা দুনিয়ায় কমবেশি ৫০ বিলিয়ন সুতির পোশাক তৈরি হয় প্রতিবছর। সংখ্যাটিকে ২৭০০ দিয়ে গুণ করলেই পেয়ে যাবেন ঠিক কত পরিমাণ জল নিঃশেষিত হচ্ছে। ঘাবড়ে গেলে চলবে না দাদা! ইয়ে ফ্যাশন কা মামলা হ্যায়।

 


 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5450 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

6 Comments

  1. অত্যন্ত ভীতিপ্রদ। এ অশনিসংকেত আমাদের গ্রাস করল বলে!
    হীরক সেনগুপ্ত

  2. ধন্যবাদ হীরক বাবু মতামতের পাতায় প্রথম কিছু বলার জন্য। গোড়ার দিকে এই সমস্যার গহীনতা বিষয়ে আমার নিজেরও খুব ভালো ধারনা ছিলোনা। পরবর্তী কালে বিষয়টি নিয়ে সামান্য পড়াশোনা করতে গিয়ে রীতিমতো আৎকে উঠতে হলো। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তীব্র ভাবে। এমনিতেই পৃথিবীর মিঠা জলের ভাণ্ডার নগণ্য, তার ওপর এভাবে তাকে ব্যবহার করা হলে ভবিষ্যতে বড়ো কঠিন পরিস্থিতিতে পড়তে হবে ধরিত্রী বাসীদের। কোথায় যাবেন হীরক বাবু ?

  3. অনেক দিন পর লেখকের লেখা পড়ছি। একদম অজানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই ব্যাপারে কোনো ধারণা ছিলোনা। লেখকের কাছে অনুরোধ এভাবেই আমাদের সচেতন করে তুলুন।

  4. এই বিষয়টা নিয়ে কিছুদিন আগেই ভাবছিলাম নানান জায়গায় কিছু লেখা পড়ে। আর মনুষ্যসৃষ্ট কারণে আরল সাগরের ধীরে ধীরে শুকিয়ে যাওয়ার বিষয়েও জেনেছিলাম ইউটিউব থেকে। দুটো বিষয়ই এই লেখায় উঠে এসেছে দেখে ভালো লাগলো। এ এক ভয়াবহ পরিসংখ্যান! যদিও কার্পাস চাষে ব্যবহৃত জলকে পুরোপুরি “খরচ হয়ে যাওয়া” বলায় খানিক আপত্তি আছে। হালে গড়পড়তা সাধারণ মানুষের কাপড় কেনার প্রবণতা বেড়েছে অত্যধিক। এই প্রবণতা আগেও ছিলো, কিন্তু এই ই কমার্স ওয়েবসাইটগুলো এই বাড়বাড়ন্তের মূল উৎস বলে মনে হয়। আশেপাশে অনেককেই দেখি, কোনো কাপড় দুদিন পুরানো হলেই আর চলেনা তাদের! আশ্চর্য লাগে। একটা ব্যবসায়িক চক্র চলছে লাগাতার। ব্যবসায়ীদের মদতে চলছে ক্রমাগত ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে বিজ্ঞাপন, যা লোভে আস্কারা দেয় অনেক বেশি। ভিডিওতে দেখে পছন্দ হলেই, ভিডিওতে লাগানো লিঙ্ক থেকে চট করে আমাজন ফ্লিপকার্ট মিন্ত্রা নাইকা মিশো খুলে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনে নেওয়া হচ্ছে, এতোটা সহজ। একটা অদ্ভুত পণ্যভোগবাদ গ্রাস করছে সিংহভাগ জনগণকে!

  5. @ ধন্যবাদ কিঙ্কর বাবু,
    ঠিক‌ই ধরেছেন এবার বেশ কিছুদিন পরে প্ল্যাটফর্মের পাতায় লেখা হলো। জানা বিষয়ে লেখালেখি করলে পাঠকরা অনেক সময় এড়িয়ে যান। বিষয়টি খুবই গম্ভীর। লেখাটা ছড়িয়ে পড়ুক সচেতনতার জন্য।

  6. অভ্রদীপ,
    মতামতের জন্য শুভেচ্ছা জানাই।”এ এক ভয়াবহ পরিসংখ্যান! যদিও কার্পাস চাষে ব্যবহৃত জলকে পুরোপুরি “খরচ হয়ে যাওয়া” বলায় খানিক আপত্তি আছে। হালে গড়পড়তা সাধারণ মানুষের কাপড় কেনার প্রবণতা বেড়েছে।”– ভোগবাদী সমাজের এই চেহারা অচেনা নয়। এ থেকে মুক্তি পেতে হলে আত্মসংযমের প্রয়োজন। সে পথে হাঁটতে রাজি আছি আমরা? মনে হয় না।

আপনার মতামত...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.