জগন্নাথদেব মন্ডল

শিরোনামহীন

 

 

১.

যার জন্য সকল নিয়ে বসে আছি
তার আছে অন্য নারী

সে যখন তাকে আদর করে রাতে
আমি করুণ মেয়েছেলে হয়ে শ্বাসকষ্টে ভুগি

একদিন তোমার বন্ধ চোখে হাত রেখেছিলাম
সেই পোড়া-হাত ধীরে ধীরে সরিয়ে আনি

যে লাল রঙের দুঃখ প্রসব করলাম
তা ঢোকে ঢোকে খাই হবিষ্যান্ন জ্ঞানে

 

২.

ফ্রিজ থেকে শীতল জামরুল বের করে এনে
বৃন্তে চেপে ধরি
তারপর জলে রেখে অনেকদূর গলার ভিতরে

দেখি বাৎসল্য ও মধুর কীভাবে খেলা করে
দক্ষিণেশ্বরের চুড়োর মতন ভোরের বেলা

এ কি মানুষের স্বাভাবিক জন্ম, মা?
মাটির নিচে শুয়ে থাকতে থাকতে গা ঘেমে ওঠে

ঘুমের বিছানায় কত হরিৎ ধানক্ষেতে ফলে থাকে
চোখ বুজলেই শুকনো জিভে হাওয়া খেলে যায়
তখন শীঘ্রপতনের চানঘরে বসে
একা একা গাই শৈশবের যত নিদ্রালু স্তব

প্রতিরাতে এই এক হয়েছে
জাগরণের পাখি এসে প্রেমিকের নাম
ডালিমদানার মতো লাল জিভে রেখে চলে যায়

 

৩.

কাগজফুলের শাখা ও ডালে সান্ধ্যকালীন হাওয়া
এই অসাড় হাতে ধরে ধরে অক্ষর লিখে ভাবি
তরুণ বয়সে বৃদ্ধের রতিক্রিয়ার আয়ু কেন আমায় ঘিরেছে

পেতলের দীপ নীরবে একা একা ঘি খায়
দু-একটি নগণ্য তারা নগর কলকাতার মাথায়

এই একটু জমিন কিনে রাখি তামার যৌবন বন্ধক দিয়ে
তোমার সন্তান বিয়োতে গিয়ে
দ্যাখো কী দশা হয়েছে আমার
লাল জবাফুলরঙা জরায়ু নতমুখে ফেটে গেছে একা

আকাশের নিচে তাই অন্ধকার শরবন
ছলছলে তিলজল, বাসর, মাতৃশ্রাদ্ধ

 

 


 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5450 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.