বাঙালি জাতিসত্তার ধ্বংসকার্য চলছে

শৈলেন সরকার

 

২০২৪ সালের বিখ্যাত নেচার পত্রিকার লিস্টে পৃথিবীর প্রথম একশোটি লিডিং সায়েন্স সিটি-র অন্যতম শহর কলকাতা। ভারতের মাত্র তিনটি শহর, কলকাতা ৮৪-তে, ব্যাঙ্গালোর ৯৪ আর মুম্বাই ৯৮-তে। মনে রাখতে হবে কলকাতা একেবারে পরপর তিন বছর এই একশো শহরের মধ্যে স্থান পেল। যাঁরা দিনরাত ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বই বা দিল্লির জয়গান গেয়ে কলকাতার গুষ্টি উদ্ধার করেন তাঁদের এটা ভালো লাগবে না। আবার কেন্দ্রীয় সরকারের হিসেবেই ভারতের তিনভাগের একভাগ বিজ্ঞান গ্র্যাজুয়েটই বাঙালি আর শতকরা চল্লিশভাগ বিজ্ঞান বা গণিতের শিক্ষক ও গবেষক, হ্যাঁ, বাঙালি। আমাদের যুক্তিবাদের প্রতি আগ্রহ বা তর্কবাগীশতা বা বিজ্ঞানমনস্কতার কারণ আমাদের বৌদ্ধ ইতিহাস। আমাদের ভাষা ও সংস্কৃতির ভিত্তিটাই তৈরি বৌদ্ধদের হাতে। তথাকথিত হিন্দু বা মুসলমান দুজনেই বাংলায় বহিরাগত, এদের আগমন দ্বাদশ শতকের আগে নয়। সেখানে আমাদের গর্বের বাঙালি পাল রাজবংশের জন্ম ৭৫০ সালে। গোপাল, ধর্মপাল বা দেবপালেরা হিন্দু বা মুসলিম ছিলেন না, ছিলেন বৌদ্ধ। আমাদের দুই বিশ্ববিখ্যাত পণ্ডিত শ্রী অতীশ দীপঙ্কর বা শীলভদ্র কিন্তু বৌদ্ধ ছিলেন। আমি এখানে বৌদ্ধ ধর্মের গুণগান গাইতে আসিনি, এসব বলা শুধু আমাদের এই হিন্দু-মুসলমান নিয়ে অর্থহীন উন্মাদনার জন্য

 

কখনও ভাবতে পারবেন ব্রিটেনের অক্সফোর্ডশায়ার কাউন্টির লিডার অব দ্য কাউন্সিল অক্সফোর্ডের ছাত্ররা তাঁর কথা শোনে না বলে বা হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্ররা বামপন্থী বলে একদল ন্যাংটো মানুষ নিয়ে সামনে এই ইউনিভার্সিটি ধ্বংসের অ্যাজেন্ডা নিয়ে মিছিল করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যসাচুসেটস প্রভিন্সের গভর্নর? হিসেব করলে অক্সফোর্ডশায়ারের লিডার অব দ্য কাউন্সিল বা ম্যাসাচুসেটসের গভর্নর আর বাংলার শুভেন্দু অধিকারী মর্যাদার দিক থেকে সমান। আমাদের শুভেন্দু অধিকারীর এই যে তাঁর রাজ্যের শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র ধ্বংসের অ্যাজেন্ডা নিয়ে মাঠে নামা, এটি কিন্তু আরও বড় এক অ্যাজেন্ডার অংশ, আর তা হল বাঙালির জাতিসত্তা ধ্বংস করা। এই যে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ধর্মকে জড়িয়ে আমিষ-নিরামিষ তর্ক তুলে দেওয়া, বা বাবা বাগেশ্বর কাণ্ড বা  দুর্গাপুজোর উৎসব আনন্দানুষ্ঠান নষ্ট করতে চাওয়া— এই সব কিছুই সেই বড়সড় অ্যাজেন্ডারই অংশ।

ব্রিটিশ ঐতিহাসিক ফিলিপ স্প্রাটের কথা দিয়েই শুরু করি। ১৯৩৯ সালে তিনি Gandhism: an analysis গ্রন্থে লেখেন, ‘Gujarat accordingly, though economically advanced is culturally backward province … Bengal in contrast is economically backward but culturally advanced.’ ঐতিহাসিক রামচন্দ্র গুহ ২০২০ সালে তাঁর এক টুইটে ঐতিহাসিক ফিলিপ স্প্রাটের উক্তিটির উল্লেখ করা মাত্র তুমুল উত্তেজনা তৈরি হয়। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি থেকে শুরু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও গুজরাত বা উত্তরপ্রদেশীয় গোবলয়ের বিজেপি নেতারা চিৎকার শুরু করেন, এমনকি পার্লামেন্টে তোলেন, তাঁদের অভিযোগ রামচন্দ্র গুহ ভারতের মধ্যে, ভারতীয়দের মধ্যে বিভাজন শুরু করতে চান। অথচ কী মজার দেখুন, এই কথাটার কিছু বাদ দিয়ে অন্যভাবে, অর্থাৎ বাংলা অর্থনৈতিকভাবে গুজরাতের চেয়ে অনেক পিছিয়ে— এই কথাটা দিয়ে সারা বছর শুধু গুজরাতিরা কেন, গুজরাতিদের তল্পিবাহক বাঙালিরাও চিৎকার করে গলা ফাটাতে থাকে। অর্থাৎ ‘Bengal culturally advanced’ বাদ দিয়ে বললে যেন বিভেদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। মনে রাখতে হবে, ভারত কিন্তু আজ চার গুজরাতির হাতে— মোদি, অমিত শাহ আর আম্বানি ও আদানি। এইভাবে কথাটা বললে বেশ অতিসরলীকরণ ও সাম্প্রদায়িক মনে হতে পারে, কিন্তু ঘটনার গতিপ্রকৃতি লক্ষ করলে দেখবেন, এই চার গুজরাতিই আসলে আজকের ভারতের চালক। ও হ্যাঁ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, গুজরাতি ব্যবসায়ী আদানি নাকি বাংলায় শুভেন্দুদের জয়ে উল্লসিত হয়ে দশ লাখ টাকার লাড্ডু বিতরণ করেছেন। অর্থাৎ শুভেন্দুদের সামনে রেখে গুজরাতি লবির বাংলার উপর আধিপাত্য কায়েম শুরুর আনন্দ প্রকাশ করলেন আদানি।

এই মুহূর্তের উইকিপিডিয়াতে আর নেই, মুছে দেওয়া হয়েছে, আগেকার উইকিপিডিয়ায় মোদি-অমিত শাহের বন্ধুত্বের বিবরণ লেখা ছিল। অমিত শাহ তখন বেকার অবস্থায় এক গ্রামীণ কাগজ চালাচ্ছেন আর মোদি হিন্দুত্বের খোঁজে হন্যে হচ্ছেন। দেখা হল একদিন, এবং রতনে রতন চিনলেন। গুজরাতে তখন অর্থনৈতিক অবস্থা খারাপ, হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সংঘর্ষ বলতে গেলে রোজকার ব্যাপার। দুজনে মিলেই রাজনীতিতে নামলেন। রাজনীতিতে উত্থান একেবারে চমকপ্রদ, মুসলিম-ঘৃণা সম্বল করে মুখ্যমন্ত্রী হলেন মোদি। এই নরেন্দ্র মোদির বিরুদ্ধে ওঁর মন্ত্রিসভার অর্থমন্ত্রী হরেন পান্ডিয়াকে হত্যার অভিযোগ আনলেন হরেন পান্ডিয়ার বাবা বিঠলভাই পান্ডিয়া। ২০০২ সালের কুখ্যাত গুজরাত দাঙ্গা নিয়ে মোদির বিরুদ্ধে এক ট্রাইবিউনালে গোপনে জবানবন্দি দিয়েছিলেন হরেন পান্ডিয়া, ফলস্বরূপ পান্ডিয়াকে মন্ত্রিসভা থেকে সরানো তো হয়ই এমনকি পরবর্তী বিধানসভা নির্বাচনে প্রার্থীও করা হয় না। এবার ২০০৩ সালে ২৬ মার্চ পান্ডিয়া যখন বাড়ির বাইরে প্রাতঃভ্রমণে ছিলেন, সেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর যথারীতি সিবিআই ও সুপ্রিম কোর্টে প্রমাণাভাবে খালাস।[1] বা বিখ্যাত ‘snoopgate scandal’, গুজরাত সরকারের অনুরোধক্রমে সিবিআই একটি মেয়ের ওপর সার্ভাইলেন্স শুরু করে, মেয়েটি কোথায় যাচ্ছে, কী করছে, কেস সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালে মেয়েটির বাবা জানান তাঁর ইচ্ছেতেই নাকি ওই সাতাশ বছর বয়সি মেয়েটিকে নজরে রাখা হচ্ছে। এদিকে ২৪ নভেম্বর ২০১৩ তারিখের অনলাইন টাইমস অব ইন্ডিয়া-র খবর, আইএএস অফিসার প্রদীপ শর্মা জানিয়েছেন তিনিই নাকি ওই মহিলাকে নিয়ে এসেছিলেন এক ডেকরেশন শিল্পী হিসেবে। শর্মার অভিযোগ মোদির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মেয়েটির, মোদি-শাহের দল সন্দেহ করছিল মোদি আর সেই মেয়েটির সম্পর্ক-সংক্রান্ত কিছু ভিসিডি হয়তো থেকে গেছে অফিসার শর্মার কাছে। সৌভাগ্যক্রমে অমিত শাহকে জামিন না দিতে চাওয়া বিচারপতি লোয়য়ার মতো মৃত্যু হয়নি আইএএস অফিসার প্রদীপ শর্মার, কিন্তু সাসপেন্ডেড হতে হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহ ভারতীয় রাজনীতিতে এক অতুলনীয় শুধু নয়, ভয়ঙ্কর জুটি। ওঁদের রণনীতি হল, ‘মারি অরি, পারি যে কৌশলে।’ ঠিক এখানে এসে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরপর চার দেহরক্ষী ও ব্যক্তিগত সহকারীর রহস্যময় মৃত্যুর প্রসঙ্গগুলিও আসে। আজ এত বছর হয়ে গেল মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে জানা গেল না কিছু, বলা হল তিনি নাকি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ‘entire political science’-এর মাস্টার্স। এই নামে কোনও ডিগ্রির নাম শুনেছেন ভূভারতে?

এইবার আসি গোড়ার কথায়, আমি তাত্ত্বিক কচকচানিতে যাব না, জেনে রাখুন এই রূপানি, আদানি-আম্বানি বা মোদি-অমিত শাহের মতো গুজরাতিদের মধ্যে বাঙালিদের প্রতি মনোভাব খুবই বিরূপ। বাঙালির শিক্ষা ও বিজ্ঞানমনস্ক সংস্কৃতি নিয়ে হীনম্মন্যতা থেকে এই মোদি-শাহ-আদানিরা বাঙালিদের সংস্কৃতিকেই ধ্বংস করতে চান। এটা মোদি-শাহ-আদানিদের বা বলা যায় নাগপুরের আরএসএসের অনেক দিনের প্ল্যান। যে কোনও জাতির সংস্কৃতির অন্যতম উপাদান তার খাদ্যাভ্যাস, তার উৎসব-অনুষ্ঠান আর মাতৃভাষা। পুজোর আগমুহূর্তে বিভিন্ন খাবারের দোকানে হানা দেওয়া পুজোয় আমিষ আহারের ওপর বাঙালিদের মনে সন্দেহ তৈরি করা ছাড়া আর কি? রেলস্টেশন বা ট্রেনের হকারদের শেষ করা হল আদানির জন্য, সমুদ্রবন্দর তাজপুর থেকে সন্দেহজনক আদানিকে বাদ দেওয়া হয়েছিল, শুভেন্দু অধিকারী আবার আদানিদের ফিরিয়ে আনলেন, শুধু বন্দরের জায়গা পালটে গেল। শোনা যাচ্ছে রাইটার্স বিল্ডিং-এর নবায়নের ভার দেওয়া হবে গুজরাতি আদানিকেই। বাংলার নিজের সফল উদ্যোগ মাদার ডেয়ারি ধ্বংসের জন্য গুজরাত থেকে নিয়ে আসা হচ্ছে আমুল ডেয়ারিকে। মনে রাখবেন উত্তরপ্রদেশ বা হিমাচল প্রদেশের সব বড় সরকারি কন্ট্রাক্টরি কিন্তু গুজরাতিদের হাতে। বাংলার রাজাকাররা এখন উত্তরপ্রদেশ বা গুজরাতের দেখানো বুলডোজার বা এনকাউন্টারের পথেই হাঁটছে। কলকাতার মাথা থেকে বিশ্বের অন্যতম বিজ্ঞানমনস্ক শহরের শিরোপা নামিয়ে সেখানে অন্যতম ধর্মান্ধ শহরের শিরোপা দেওয়ার আয়োজন সম্পূর্ণ হয়ে গিয়েছে। যাদবপুর ইউনিভার্সিটিতে হবে বেদপাঠ, হবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হনুমান চালিশা। এরা হয়তো এই হনুমান চালিশাকে বাংলার সব স্কুল-কলেজে অবশ্যপাঠ্য করে দিতে পারে। আর শিক্ষিত তথাকথিত ভদ্র আর রুচিশীল বাঙালি? তাঁরা একেবারে চুপ, তাঁরা এখন মোদি-অমিত শাহের কৃপা পাওয়ার লাইনে দাঁড়িয়ে গিয়েছেন, চুলোয় যাক বাঙালিত্ব।

এই ২০২৪ সালের বিখ্যাত নেচার পত্রিকার লিস্টে পৃথিবীর প্রথম একশোটি লিডিং সায়েন্স সিটি-র অন্যতম শহর কলকাতা। ভারতের মাত্র তিনটি শহর, কলকাতা ৮৪-তে, ব্যাঙ্গালোর ৯৪ আর মুম্বাই ৯৮-তে। মনে রাখতে হবে কলকাতা একেবারে পরপর তিন বছর এই একশো শহরের মধ্যে স্থান পেল। এই একশো শহরের মধ্যে যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের ৩২টি, চিনের ৩১টি, জাপানের ৭টি, সেখানে ভারতের মাত্র তিনটি। গত বছর বা তার আগের বছর কলকাতাকে নিয়ে ছিল দুটি মাত্র। হ্যাঁ, যাঁরা দিনরাত ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বই বা দিল্লির জয়গান গেয়ে কলকাতার গুষ্টি উদ্ধার করেন তাঁদের এটা ভালো লাগবেই না। খেয়াল করুন বিজেপি-ওয়ালাদের গোবলয়ের কোনও শহরেরই সেখানে স্থান নেই। কেন্দ্রীয় সরকারের হিসেবেই ভারতের তিনভাগের একভাগ বিজ্ঞান গ্র্যাজুয়েটই বাঙালি আর শতকরা চল্লিশভাগ বিজ্ঞান বা গণিতের শিক্ষক ও গবেষক, হ্যাঁ, বাঙালি। ভালো কথা, শুভেন্দু অধিকারী সাম্প্রতিক বিজ্ঞান দিবসে ঘোষণা করেছেন বাংলায় এক হাতে থাকবে বিজ্ঞান আর অন্য হাতে বেদান্ত। আর সেই দুশো বছর আগে জন্মানো বিদ্যাসাগর মহাশয় বেদান্তকে মনে করতেন ভ্রান্ত দর্শন, কিন্তু শুধু ইতিহাসের গুরুত্বের কারণে বেদান্তকে কলেজের সিলেবাসে রাখতে বলেছিলেন। শিক্ষা অধিকর্তাকে তিনি জানিয়েছিলেন ছাত্রদের জন্য বেদান্ত শিক্ষা অবান্তর, তার পরিবর্তে গণিতভিত্তিক পাশ্চাত্য বিজ্ঞান পড়ানো দরকার। আর আজ আমাদের শুভেন্দু অধিকারী জানাচ্ছেন এক হাতে থাকবে বিজ্ঞান আর অন্য হাতে বেদান্ত। দুজনই মেদিনীপুরের কিন্তু।

আমাদের যুক্তিবাদের প্রতি আগ্রহ বা তর্কবাগীশতা বা বিজ্ঞানমনস্কতার কারণ আমাদের বৌদ্ধ ইতিহাস। আমাদের ভাষা ও সংস্কৃতির ভিত্তিটাই তৈরি বৌদ্ধদের হাতে। তথাকথিত ব্রাহ্মণ বা মুসলমান দুজনেই বাংলায় বহিরাগত, এদের আগমন দশম শতকের আগে নয়। সেখানে আমাদের গর্বের বাঙালি পাল রাজবংশের জন্ম ৭৫০ সালে। গোপাল, ধর্মপাল বা দেবপালেরা হিন্দু বা মুসলিম ছিলেন না, ছিলেন বৌদ্ধ। আমাদের দুই বিশ্ববিখ্যাত পণ্ডিত শ্রী অতীশ দীপঙ্কর বা শীলভদ্র কিন্তু বৌদ্ধ ছিলেন। আমি এখানে বৌদ্ধ ধর্মের গুণগান গাইতে আসিনি, এসব বলা শুধু আমাদের এই হিন্দু-মুসলমান নিয়ে অর্থহীন উন্মাদনার জন্য। আমাদের হিন্দু সেন রাজারা ছিলেন বহিরাগত, দাক্ষিণাত্য-আগত, তাঁরা আনুকূল্য দেখিয়েছিলেন সংস্কৃত ভাষাকে, বাংলা তাঁদের আমলে ছিল ঘৃণ্য ছোটলোকের ভাষা। বৌদ্ধ পাল রাজাদের আমলের পরে বাংলা ভাষা তাঁর গৌরবের যুগ ফিরে পায় ফের সুলতানি আমলে। রামায়ণ, মহাভারতের অনুবাদ বা মনসামঙ্গলের মতো কাব্য হয়ে সুলতানি যুগে বাংলা ভাষা এমনকি প্রশাসনের কাজেও ব্যবহৃত হতে শুরু করে।

জানি এবার আপনি বাঙালির দুর্নীতি নিয়ে বলবেন। বিজেপিওয়ালারা রাজনৈতিক স্বার্থে ভারতকে ধর্মান্ধদের দেশ বানাতে চাইছে। দুর্নীতিগ্রস্ত দেশগুলির লিস্ট লক্ষ করে দেখবেন, পৃথিবীর যে দেশ যত বেশি ধর্ম ধর্ম করে সেই দেশগুলি তত দুর্নীতিগ্রস্ত। ধর্ম ধর্ম করা আমাদের মুখ্যমন্ত্রী থেকে ঘোষিত বা অঘোষিত বিরোধীরা সবাই একেবারে ঘোর দুর্নীতিগ্রস্ত। অথচ এদেরই একদল আরেক দলকে চোর চোর স্লোগান তুলে ডিম ছুড়ে মারছে। এরাই আবার মুসলমানদের ঘৃণা করতে বলছে। এরাই আনছে গুণ্ডাদমন বিল, একেবারে মুসোলিনি কি হিটলারের মতো। এদের গুরু আরএসএসের প্রতিষ্ঠাতা ছিলেন মুসোলিনিরই সমর্থক। মুসলমানদের উনি আখ্যা দিচ্ছেন শুক্রবারি, ইনি বা তাঁর অনুগত নেতারা মুসলমানদের পাড়ায় বিদ্যুৎ বা পানীয় জলের সুবিধাদানেরও ইচ্ছুক নন, এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বারে বেরোতে দেবেন না বলে শুভেন্দু অধিকারী মানে মুখ্যমন্ত্রী নিজে হুমকি দিচ্ছেন।

বাংলার সংস্কৃতি ধ্বংস করতে হলে শুধু খাদ্যাভ্যাস, উৎসব-অনুষ্ঠান বা ভাষা বা বাঙালির বিজ্ঞানমনস্ক মন নয়, পাল্টাতে হবে ইতিহাস, আঘাত করতে হবে বাঙালির জাতীয় আইকনদের। তা অবশ্য ২০১৯ সালের ১৪ মে মোদি-অমিত জুটির অমিত শাহের কলকাতা আগমনের সময়ই শুরু হয়ে গেছে, বিদ্যাসাগর কলেজে সেদিন বাঙালির নবজাগরণের শ্রেষ্ঠ আইকন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। বাঙালির উৎসবগুলির পরিবর্তন ঘটাতে হবে। এমনিতেই চালু হয়ে গিয়েছে হনুমানপূজা, চালু হবে গণেশপূজা, রামনবমী। ধরে নিতে পারেন এ-বছর থেকেই দুর্গাপুজোর গুরুত্ব কমানো শুরু হবে। জোরদার করা হবে রামনবমী বা গণেশপুজো।

রবীন্দ্রনাথের লেখা আমাদের স্কুল বা কলেজের পাঠ্য থেকে বাদ দেওয়ার কাজ শিগগিরই শুরু হবে। হনুমানের পূজারিরা বাঙালির উপর চরম আঘাত হিসেবে স্কুলে হিন্দি অবশ্যপাঠ্য করবে, এবং ইতিমধ্যে তা শুরুও হয়ে গেছে, জাতীয় শিক্ষানীতির ছদ্মবেশে প্রাইমারি স্কুলে তৃতীয় ভাষা হিসেবে যে হিন্দি শেখানো হচ্ছে তার প্রমাণ হিসেবে প্রাইমারি স্কুলগুলিকে এসআই-এর নির্দেশে ব্ল্যাকবোর্ডে হিন্দি অক্ষর লিখে সামনে দু-চারজন ছাত্রছাত্রী দাঁড় করিয়ে ছবি তুলে পাঠানো হচ্ছে। মূর্খদের এই দলে জওহরলাল, ইন্দিরা গান্ধি, মনমোহন বা অটলবিহারির মতো কোনও পড়াশোনা জানা ইতিহাসসচেন মানুষও নেই। মোদি এখনও বিদেশে গিয়ে টেলিপ্রম্পটার ছাড়া কোথাও কথা বুঝতে বা বলতে পারেন না। ধরা পড়ার ভয়ে দেশ বা বিদেশ কোথাও সাংবাদিক সম্মেলন পর্যন্ত করেন না। এই মোদির নাকি পুজো শুরু হয়েছে উত্তরপ্রদেশে, আর উত্তরপ্রদেশের দেখানো পথে হেঁটে শুভেন্দু অধিকারীও ঠিক করেছেন তিনিও বাংলায় এই নতুন ঠাকুরের পুজো শুরু করবেন, হয়তো মন্দিরও গড়বেন। তামিলনাড়ুর প্রখ্যাত সমাজসংস্কারক ও রাজনৈতিক নেতা ইভি রামস্বামী পেরিয়ার হিন্দিকে সংস্কৃত ও ‘পৌরাণিক মূল্যবোধ’এর বাহক হিসেবে দেখতেন, হিন্দি চাপিয়ে দেওয়াকে তিনি জাতপাতের ব্রাহ্মণ্যবাদী সাংস্কৃতিক আধিপত্যবাদ হিসেবেই দেখতেন। সময় পাল্টালেও পেরিয়ারের মূল্যায়নের কিন্তু কিছুই পরিবর্তন হয়নি।

কথাটা হল, এই উৎপাতটাকে বাংলায় নিয়ে এল কে? এই উৎপাত আমাদের রাজ্যে নিয়ে আসায় অবদান সবার, তৃণমূল-সিপিএম বা এমনকি কংগ্রেসেরও। সেই ষাটের দশক থেকে যে অ্যানার্কি-রাজের সূত্রপাত বাংলায় তা যুক্তফ্রন্ট হয়ে ৭২ সাল থেকে ৭৭ সাল পর্যন্ত বজায় রেখেছে কংগ্রেস। এরপর সিপিএমের স্বৈরাচারী রূপ। বিরোধিতা বন্ধ, সিপিএমের কেউ ছাড়া কি স্কুলের শিক্ষকতার চাকরি পেত কেউ? পেত না। বাম আমলে কতগুলি মাস-কিলিং হয়েছে গুনে দেখেছেন? বা পুলিস কাস্টডিতে মৃত্যু? গ্রামের মানুষ ভোট দিতে পারত তখন? গ্রাম বাদ দিন, শহরতলির মানুষ? পার্টির সূক্ষ্ম পরিকল্পনা অনুসারে কংগ্রেসের সুব্রত মুখার্জি বা সোমেন মিত্রদের মতো নেতাদের ছেড়ে দেওয়া হত ভোটে জেতার জন্য, এঁরা বা কংগ্রেসের কিছু নেতা তখন যেমন ইচ্ছা দুর্নীতি করে পার পেতেন। সিপিএম অবশ্য তার ভোট ফিরে না আসার কারণ নিয়ে ভেবেও দেখেনি কখনও। পরে তৃণমূল সিপিএমের সেই একই ধারাবাহিকতা বজায় রাখল। জেলায় জেলায় প্রশাসনিক আসরে বিরোধী এমএলএরা ডাক পেতেন না, মমতার মধ্যে ছিল চরম পরমতঅসহিষ্ণুতা, তিনি নিজেই প্রশাসন, নিজেই শ্রেষ্ঠ লেখক, গায়ক, সুরকার… কী নয়? এবং লাগামছাড়া দুর্নীতি। যাদের মাধ্যমে গুজরাটি আমিত শা বা মোদি বাঙালি সংস্কৃতির ধ্বংসের কাজটি করবেন তাদের অবশ্যই বাঙালি মীরজাফর বা একাত্তরের বাংলাদেশের রাজাকার হতে হবে। সেই রাজাকারদের খুঁজে পেয়েছেন অমিত শা বা মোদিরা এই দুর্নীতিগ্রস্ত বাঙালি রাজনীতিবিদদের বা এমএলএ-এমপিদের মধ্যে। শুধু বিরোধী নয় তো, দেখব মুখ্যমন্ত্রী শুভেন্দু, অর্জুন সিং থেকে শুরু করে বিজেপি বা তৃণমূলি সব মহা মহা নেতাদের দুর্নীতির ফাইল ইডি বা সিবিআই-এর মাধ্যমে অমিত শা বা মোদির হাতে। লোভী বা দুর্নীতিগ্রস্ত মানুষের নৈতিক বল থাকতে পারে না, নেইও। অর্থাৎ এই শুভেন্দু-অর্জুন সিং বা মদন-ঋতব্রত বা ফিরহাদ-সুদীপ-রচনাদের নিশ্চিত কোনও নৈতিক বল নেই। এরা এখন একেবারে গুজরাত-ইউপি লবির পেছনে চোখ-কান বুজে ছুটছেন, পরিষ্কার কথায় এরা বিজেপি-র গুজরাত-ইউপিওয়ালা জাতপাতের ধ্বজাধারী সংস্কৃতিচক্রের ব্ল্যাকমেলিং-এর শিকার হচ্ছেন, এতে বাংলা বা বাঙালি উচ্ছন্নে গেলে কার কী? একেবারে চোখেমুখে দুর্নীতি ঠিকরে পড়া অনুব্রত মন্ডল বা হাবরার জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন মমতার সবচেয়ে প্রিয়পাত্র।

উইঙ্কল টুইঙ্কল লিখে বিখ্যাত হওয়া ব্রাত্য বসু একেবারে মন্ত্রিসভায় সদস্য হয়ে ২০২২ সালে মুখ্যমন্ত্রীর কবিতা বিতান কাব্যগ্রন্থের জন্য তাঁকে বিশেষ বাংলা অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত করেন। কাব্যগ্রন্থটির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে কে? ব্রাত্য বসু, আবুল বাশার বা সব লেখক-কবিরা— হ্যাঁ আমি ওই জয়, সুবোধ, শীর্ষেন্দুদের নিয়েও বলছি— তখন এঁরা মুখ্যমন্ত্রী মমতার খোসামুদির সবরকম সীমা ছাড়িয়ে গেছেন, মুখ্যমন্ত্রী মমতার সাহিত্যকীর্তিকে ফুলিয়ে ফাঁপিয়ে তাঁকে সন্তুষ্ট করে তাঁরা তখন সরকারি ক্ষমতা ব্যবহার করে আজ এই কবিকে পুরস্কার দিচ্ছেন তো পরের বার আর এক কবিনীকে উপন্যাস বা গদ্যের পুরস্কার দিয়ে মান ভাঙাচ্ছেন। আর নিজেদের জন্য ফ্ল্যাট বা আর্থিক উপঢৌকন, ছেলেমেয়েদের বা অনুগৃহীত মানুষদের কলেজে বা আধা সরকারি সংস্থাগুলিতে উচ্চপদের চাকরি, শুধু ছেলেমেয়েদের জন্য নয়— এঁরা করেছেন এঁদের প্রেমিকা বা এমনি আরও মানুষের জন্যও। বাংলার লেখক কবি শিল্পীরা কত হাস্যকর হতে পারেন, তারই প্রতিদ্বন্দ্বিতা চলছিল যেন। এই অভ্যাস চালু কিন্তু বাম আমল থেকেই। বাম আমলে সুবোধ সরকার বা ব্রাত্য বসুর ভূমিকায় ছিলেন দেবেশ রায়। তিনি দুহাতে ‘আলু-মূলা’ বিলিয়েছেন বাম-অনুগত লেখক বা কবিদের। বাম-আমল থেকে ক্ষমতার দাসত্ব করার অভ্যাস লাভ করলেন বাংলার লেখক বা কবিরা। বাম আমলের শুরুতেই তরুণ লেখক-কবিদের প্রথম বই প্রকাশের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছিল, অনুগতদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজে ভিজিটিং প্রফেসর করে পাঠিয়ে নির্দিষ্ট অনুদানের ব্যবস্থা করা হল। বিজেপি আমলে এবার নতুন একদল মুসলিমবিদ্বেষী গোমূত্রপ্রেমী লেখক-কবি-বুদ্ধীজীবী নেতৃত্ব এসে হাজির হবেন, পুরস্কারপ্রাপ্তির জন্য এবার ভিখারিসদৃশ বাঙালি কবি-লেখক-বুদ্ধিজীবিদের লাইন পড়বে এদের পেছনে। বাম আমলের ক্ষমতার তল্পিবাহক কবি-লেখক-বুদ্ধিজীবীরা ছাড় পেলেও ছাড় পাচ্ছেন না তৃণমূল আমলের তল্পিবাহকেরা, বিজেপি চতুর কৌশলে এঁদের প্রায় ঘরবন্দির জায়গায় নিয়ে ফেলেছেন। এত সুবিধাভোগী সব কবি-লেখক বুদ্ধিজীবীরা আজ বরং সুযোগের আরও কয়েক গুণ সদ্ব্যবহার করলেন। বিভিন্ন অ্যাকাডেমির মাথায় বসা থেকে প্রভূত অর্থ আর ফ্ল্যাট উপঢৌকন পাওয়া। অথচ আজ বাংলা ভাষা ও সংস্কৃতির চরম সংকটের সময় দেখুন জাস্ট ডিম খাওয়ার ভয়ে সব ঘরে বসে। এই সব গুণী মানুষেরা এখন ফোনে এর সঙ্গে বা ওর সঙ্গে কথা বলে যাকে বলে আশ্রয়ের সন্ধানে আছেন। আরে আপনি যদি নৈতিকভাবে ঠিক থাকেন তবে ডিম তো দূরের কথা, ইট বা গুলিতেই বা ভয় থাকবে কেন আপনার?

জয় গোস্বামী, সুবোধ সরকার, শীর্ষেন্দুদের ভীত আর সন্ত্রস্ত কণ্ঠস্বর বা নীরবতা লক্ষ করুন। দেখুন এই যে তসলিমাকে কলকাতায় ফেরত আনা হল তা নিয়ে জয় গোস্বামী বলেছেন যাঁরা এই উদ্যোগ নিয়েছেন তাঁদের ‘প্রণাম’, শুধু তা-ই নয়, তিনি সেই অনুষ্ঠানে অংশ নিতেও গিয়েছিলেন। জয় বা শীর্ষেন্দুদের কি শিল্পী এমএফ হোসেনের কথা মনে পড়ে? নগ্ন সরস্বতীর ছবি আঁকার জন্য আধুনিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পীকে দেশ ছাড়তে হয়েছিল, এই বিজেপিওয়ালারা মুম্বাইতে তাঁর প্রদর্শনীতে ভাঙচুর চালিয়েছিল। আমাদের এই বিজেপিওয়ালারা কি অস্বীকার করতে পারেন, সেই ছবি আঁকাটাও ছিল তসলিমার কোরান বা আল্লার বিরোধিতা করার ব্যক্তিস্বাধীনতার মতো শিল্পীর স্বাধীনতার অঙ্গ, আমাদের জয় বা শীর্ষেন্দু এমনকি তসলিমাও কি তা অস্বীকার করবেন? বিখ্যাত ঐতিহাসিক পল গ্রিনোর বিখ্যাত বই আধুনিক বাংলা: সমৃদ্ধি ও দারিদ্র্য দুর্ভিক্ষ ১৯৪৩-৪৪ বইতে এক চমৎকার কথা লেখা আছে। বাঙালিদের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছেন, ‘Violence would be internalized from above to the below.’ অর্থাৎ ওপরের স্তরের ক্ষমতাশালী ব্যক্তির সহিংসতা বা হিংস্রতা বা অত্যাচার/অপমান বা জবরদস্তি নিচের স্তরের মানুষ একেবারে ভেতর থেকেই মেনে নিত। অর্থাৎ, সাধারণ বাঙালিরা জমিদারদের লাথি খেতে অভ্যস্ত, সেই জমিদার পরে কখনও দয়া হিসেবে ওদের প্রতি কিছু অর্থ বা খাবার ছুড়ে দিলে আর তারা অপমানিতও বোধ করে না। আমাদের বুদ্ধিজীবীদের দেখে তাই অবাক হই না।

কিছু হীনম্মন্যতায় আক্রান্ত ধর্মান্ধ আর মধ্যযুগীয় মননের গুজরাতি ও উত্তর ভারতীয়ের স্বার্থে আমাদের এক বাঙালি দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্রেফ মোদি-অমিত শাহের ব্ল্যাকমেলিং-এর শিকার হয়ে কিছু রাজনৈতিক লোক বাঙালি হয়েও আজ বাঙালি জাতিসত্তার ধ্বংসকার্যে নিযুক্ত। ভবিষ্যতের বাঙালি এদের মীরজাফর বা রাজাকার কোন অভিধায় অভিযুক্ত করবেন তা তখন তাঁরাই ঠিক করবেন।

 


[1] উইকিপিডিয়া।


*মতামত ব্যক্তিগত

About চার নম্বর প্ল্যাটফর্ম 5450 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

4 Comments

  1. বাঙালি জাতিসত্তার ধ্বংসকার্য চলছে – শৈলেন সরকারের এই লেখাটি পড়লাম। অত্যন্ত যুক্তিনিষ্ট বক্তব্য। বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক। শেয়ার করছি।

  2. পশ্চিমবঙ্গে বাঙালি জাতিসত্বার ধ্বংস সাধন যে শুরু হয়ে গেছে এবং এইমুহুর্তে তা যে ত্বরান্বিত হচ্ছে তা অনুভব করতে পারি। শৈলেন সরকারের এই লেখা তাকেই নানান তীব্র যুক্তির মধ্য দিয়ে সমাজের চোখের সামনে তুলে ধরে। ভয় হয় ভয় ভাঙে। অসাধারণ এক লেখা।

  3. আত্মসমীক্ষণ যে কী দরকারি কাজ! অন‍্যের দোষ ধরে কী হবে! সেই বৃটিশ আমল থেকে বাঙালি হ‍্যাংলা, কাঙাল। তবু তখন শিল্প সাহিত্য এই অন্ধকারে যায়নি, নাহলে আমাদের গর্বের বিদগ্ধ সাহিত্যিক ও শিল্পীদের আর পাওয়া হতো না।

আপনার মতামত...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.