‘ড্যানিকেন সিনড্রোম’ ও আর্য বহির্গমন তত্ত্ব

মণিশংকর বিশ্বাস

 

সংস্কৃত ভাষার চেয়ে অনেক পুরনো তামিল ভাষা, এবং কন্টিনিউয়াস ভাষা, সেই ভাষায় কেন বেদমন্ত্র লেখা হল না বা সরস্বতী স্তোত্র লেখা হল না, তামিল ভাষাটা এলই বা কোথা থেকে যদি না সংস্কৃত ভাষা থেকে এর জন্ম হয়ে থাকে! ধান-চাল-গম ইত্যাদি ফসলগুলির চাষ শুরু হয়েছে বড়জোর ৮ থেকে ১৪ হাজার বছর ধরে। ল্যাকটোজ টলারেন্স এই সেদিনের ঘটনা, উপমহাদেশে বড়জোর ৫ হাজার বছর পুরনো, তাহলে শ্রীকৃষ্ণের দুধ-মাখন আসত কোথা থেকে! অথবা বিবর্তন তো অনেক মিলিয়ন বছর আগেই মানুষ আর বানরের যাত্রাপথ আলাদা করে দিয়েছিল, তাহলে রামসেতু বানাবার সময় বানররা ঠিক কীভাবে কমিউনিকেট করেছিল মানুষের সঙ্গে— আমি নিশ্চিত তারও উত্তর এই জাত্যভিমানীদের কাছে আছে! তাই ভারতে এখন বিজ্ঞান ও ইতিহাস চর্চায় ‘ড্যানিকেন সিনড্রোম’ চলছে

 

প্রথমেই বলে নিই, ড্যানিকেন সিনড্রোম নামে সত্যিই কোনও সিনড্রোমের কথা, আমি জানি না। কিন্তু যে রোগ বা উপসর্গের কথা বলব, তার জন্য এর চেয়ে ভালো কোনও নাম আমি খুঁজে পাইনি।

এরিক ভন ড্যানিকেনকে (Erich von Däniken) বিজ্ঞান ও ছদ্মবিজ্ঞান, এবং প্রত্নতত্ত্ব ও ছদ্ম-প্রত্নতত্ত্বের মধ্যে পার্থক্য বোঝার দৃষ্টিকোণ থেকে আকর্ষণীয় মনে হয়।

ভন ড্যানিকেন বিভিন্ন স্থানে গিয়ে কিছু জিনিস খুঁজতেন, কিছু আবিষ্কার করতেন, এবং বলতেন— “দেখুন, এটাই সেই প্রমাণ যা আমি খুঁজছিলাম।”

সমস্যাটি হল, তিনি তাঁর তত্ত্ব প্রমাণ করবার জন্য প্রমাণ খুঁজছিলেন, প্রমাণ থেকে তত্ত্ব নির্মাণ করবার চেষ্টা করেননি। এইভাবে তিনি অ্যারিস্টটলীয় প্রাকৃতিক দর্শনের পথ অনুসরণ করছিলেন, বেকনের (Francis Bacon) পদ্ধতি নয়, যাকে আমরা আজ ‘বিজ্ঞান’ বলে থাকি।

এখন অন্য একটি তত্ত্ব দিয়ে বিষয়টি দেখা যাক: চার উপাদান তত্ত্ব। এই প্রাচীন তত্ত্বে বলা হয়, সবকিছুই মাটি, বায়ু, আগুন ও জলের বিভিন্ন সংমিশ্রণে তৈরি। একবার এই ধারণা গ্রহণ করলে, এর সপক্ষে প্রচুর প্রমাণ খুঁজে পাওয়া যায়: পাখি বায়ুর অংশ, তাই তারা উড়তে পারে; ইট মাটির অংশ, তাই মাটিতে শক্ত ভিত তৈরি করবার জন্য ইট ব্যবহৃত হয়, কিন্তু ইট জলে ডুবে যায়, কারণ জলের নিচে মাটি থাকে।

এই তত্ত্ব এতটাই প্রভাবশালী ছিল যে লাইবনিজের (Gottfried Wilhelm Leibniz) সময় পর্যন্তও এটি ব্যবহৃত হত; তিনি এ নিয়ে একটি চার্টও তৈরি করেছিলেন। পরবর্তীতে মৌলগুলির পর্যায় সারণি আবিষ্কারের পর এই তত্ত্বকে পুনর্বিবেচনা করা হয় এবং এই তত্ত্ব ভিত্তিহীন বলে প্রমাণিত হয়।

ভন ড্যানিকেন তাঁর তত্ত্বের পক্ষে কিছু প্রমাণ খুঁজে পেয়েছিলেন, কিন্তু তাঁর তত্ত্ব এমন কিছু ব্যাখ্যা করতে পারেনি, যা তাঁর ধারণা বা মতবাদের পক্ষে কথা বলেনি।

বৈজ্ঞানিক তত্ত্ব হতে হলে, প্রত্যক্ষ বাস্তবতাকে ব্যাখ্যা করতে হবে, তত্ত্বটিকে খণ্ডনযোগ্য (falsifiable) হতে হবে, এবং তার পূর্বাভাস দেওয়ার ক্ষমতা থাকতে হবে। এগুলিই কার্ল পপারের বিজ্ঞান-দর্শনের নির্ধারিত মানদণ্ড, যেটা হিউমের অভিজ্ঞতাবাদকে উন্নত করে; যা আবার গড়ে উঠেছিল বেকনের আরোহী পদ্ধতির (Baconian inductive method) ওপর ভিত্তি করে।

কেউ যদি একটি তত্ত্ব নিয়ে প্রত্নতাত্ত্বিক স্থানে যান, সাধারণভাবে কিছু না কিছু পাবেনই যা সেই তত্ত্বের সঙ্গে মেলে। কিন্তু যদি তত্ত্বটি ওই স্থানের অন্যান্য প্রত্ন-উপাদানগুলিকে ব্যাখ্যা করতে না পারে, তাহলে প্রথম মানদণ্ডটিই পূরণ হয় না। দ্বিতীয় মানদণ্ড— খণ্ডনযোগ্যতা— মানে তত্ত্বের প্রস্তাবককে দেখাতে হবে কীভাবে তত্ত্বটি ভুল প্রমাণিত হতে পারে। ভন ড্যানিকেন কখনও তা করেননি; তাঁর তত্ত্ব ভুল প্রমাণিত হোক, সে বিষয়ে তাঁর কোনও আগ্রহই ছিল না। তৃতীয় মানদণ্ড— পূর্বাভাস দেওয়ার ক্ষমতা— মানে তত্ত্বটি দ্বারা এমন কিছু অনুমান করা সম্ভব যা এখনও আবিষ্কৃত হয়নি।

আমাদের ‘অসাধারণ দাবি অসাধারণ প্রমাণ দাবি করে’— এই ধরনের উচ্চকিত ধারণার আশ্রয় নেওয়ার দরকার নেই (যা একজনের কাছে অসাধারণ, অন্যের কাছে তা নাও হতে পারে), যদিও কার্ল সেগান এই তত্ত্বগুলোর জবাবে এ কথা বলেছিলেন। একইভাবে, ‘কোনও কিছু সত্য তখনই, যখন তা প্রমাণ করা যায়’— এই পজিটিভিস্ট ফাঁদেও পড়ার প্রয়োজন নেই।

আমাদের শুধু লক্ষ করতে হবে যে, ভন ড্যানিকেনের তত্ত্ব তাঁর পর্যবেক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থানের অন্যান্য আবিষ্কারগুলিকে ব্যাখ্যা করতে পারে না (অর্থাৎ তাঁর তত্ত্ব অধিকাংশ পর্যবেক্ষণ ব্যাখ্যা করতে ব্যর্থ), তা খণ্ডনযোগ্য নয় (কেননা তাঁর তত্ত্ব আমাদের বলে না কী ধরনের প্রমাণ উপস্থিত করলে, তত্ত্বটি ভুল প্রমাণিত হবে), এবং সবশেষে পরীক্ষণযোগ্য কোনও দাবি তত্ত্বটি উত্থাপন করে না।

সুতরাং, বৈজ্ঞানিক অর্থে এগুলো ‘তত্ত্ব’ নয়; বরং তিনি যেসব জিনিসগুলিকে আকর্ষণীয় মনে করেছেন, সেগুলোকে কল্পনাপ্রসূত বিন্যাসে সাজিয়ে জনপ্রিয় কল্পনাকে উদ্দীপিত করেছেন। অর্থাৎ সোজা কথায় আগে সিদ্ধান্ত নিয়ে তার সপক্ষে ‘প্রমাণ’ খুঁজে নিয়েছেন।

সেগান তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থেকে লিখেছিলেন: “যখনই তিনি (ভন ড্যানিকেন) এমন কিছু দেখেন, যা তিনি বুঝতে পারেন না, তখনই তিনি তা ভিনগ্রহের বুদ্ধিমত্তার উপস্থিতির প্রমাণ হিসেবে দাবি করেন; আর যেহেতু তিনি প্রায় কিছুই বোঝেন না, তাই তিনি পৃথিবীর সর্বত্র ভিনগ্রহী বুদ্ধিমত্তার প্রমাণ দেখতে পান।”

 

একটা উদাহরণ দেওয়া যাক, ভন ড্যানিকেনের দাবি অনুযায়ী, সঙ্গের ছবিটি কি একটি মহাকাশযান চালানো মানুষের ছবি? উত্তরটা সোজা, না। এটা সপ্তম শতাব্দীর মায়া শিল্পকলার বিস্তৃত প্রতীকচিত্রের একটি অংশ। যদি ভন ড্যানিকেন প্রচুর মায়া শিল্পকর্ম দেখতেন, তবে তিনি একই মোটিফ বিভিন্নভাবে দেখতে পেতেন, যার কোনওটিই মহাকাশযানের মতো নয়। ফলে মায়া-শিল্পকর্ম সম্পর্কে অনভিজ্ঞতাই তাঁর পর্যবেক্ষণ-জাত ব্যাখ্যাকে ভুল দিকে পরিচালিত করেছে।

খণ্ডনযোগ্যতার প্রশ্নে আসি। যদি আমরা নিজেদের জিজ্ঞাসা করি— কোন বৈশিষ্ট্য থাকলে কোনও কিছুকে মহাকাশযান বলা যায়, আর কোনগুলো থাকলে তা বলা যায় না— তাহলে বুঝতে হবে, একটি রকেট বা মহাকাশযানের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে।

মূলত, একটি মহাকাশযানের জন্য এমন একটি ইঞ্জিন দরকার, যা গ্যাসীয় পদার্থ নির্গত করতে সক্ষম। বিমানের মতো নয়, যা বাতাস ঠেলে এগোয়; রকেটকে কিছু না কিছু নির্গত করতেই হয়, কারণ মহাশূন্যে ঠেলার মতো কিছু নেই।

তাই চিত্রটিতে আমরা কোনও রকেট দেখি না, কেননা এখানে কোনও জ্বালানি চেম্বার নেই। এমনকি একটি কার্যকর মহাকাশযানের জন্য যে সঠিক অনুপাত দরকার সেটিও ঠিক নেই চিত্রটিতে।

ভন ড্যানিকেন সম্ভবত ছবিটির আপাত দুই-ধাপের কাঠামোর ওপর নির্ভর করেছিলেন, যা কিছুটা রকেটের মতো মনে হতে পারে।

কিন্তু একটি বাস্তব রকেটের ডিজাইনের দিকে যদি আমরা দেখি, আমরা দেখব যাত্রী কম্পার্টমেন্টটি রকেটের দশ ভাগের এক ভাগও হবে না; তাই খুব নির্দ্বিধায় বলা যায়, ভন ড্যানিকেনের ‘রকেট’ কোনওভাবেই উড়তে পারত না।

এখন যদি আমরা ছবিটির সূক্ষ্মতার দিকেও তাকাই, তাহলেও আমরা দেখব, পাথরে খোদাই করা প্রতিটি ফিগারের মূল্য আছে। হাত-পায়ের সূক্ষ্ম কাজগুলি তো অভাবনীয়! তাহলে উপরে বসে থাকা পাখিটির অর্থ কী? পাখি কি মহাশূন্যে ওড়ে? চিত্রের সর্বোচ্চ স্থানে থাকার কারণে পাখিটির নিশ্চয়ই বিশেষ গুরুত্ব রয়েছে!

যাইহোক, ভন ড্যানিকেনের ধারণাকে কিছু সম্ভাব্য বিকল্প তত্ত্বের সঙ্গে তুলনা করা যাক:

  1. এটি সাবমেরিনে পেরিস্কোপ-সহ একজন মানুষ
  2. এটি মানমন্দিরে টেলিস্কোপ-সহ একজন মানুষ
  3. এটিতে পাকালকে (মায়া-সভ্যতার বিশেষ গুরুত্বপূর্ণ শাসক) সামনের দিক মুখ করে পাতালে পড়ে যেতে দেখা যাচ্ছে, যেখানে রয়েছে বিশ্ববৃক্ষ, সূর্যদানব এবং স্বর্গীয় পাখি।

এখন যৌক্তিকভাবে, যদি এটি সাবমেরিনে থাকা মানুষ হয়, তবে কোথাও না কোথাও সাবমেরিন বা পেরিস্কোপের প্রমাণ পাওয়ার কথা মায়া-সভ্যতার প্রত্নতাত্ত্বিক নির্দশনগুলি থেকে।

আবার যদি এটি টেলিস্কোপ-সহ মানুষ হয়, তবে টেলিস্কোপে দেখা সৌরজগতের চিত্র— যেমন, দানব গ্রহ বৃহস্পতি বা শনির বলয় চিত্র দেখতে পাওয়া উচিত মায়া শিল্পকলায়।

আর যদি এটি পাকাল হয়, তবে মায়াশিল্পে সর্বত্র যেমন দেখা যায়, বিশ্ববৃক্ষ, সূর্যদানব ও স্বর্গীয় পাখি দেখতে পাওয়ার কথা।

আর যদি এটি রকেট চালানো দেবতা হয়, তবে রকেটের প্রমাণ— যেমন লঞ্চিংপ্যাডের জটিল ইঞ্জিনিয়ারিং, উৎক্ষেপণস্থলের গলিত পাথর, ইত্যাদির সন্ধান পাওয়া উচিত।

বাস্তবে, আমরা সাবমেরিন, টেলিস্কোপিক পর্যবেক্ষণ বা রকেট উৎক্ষেপণস্থলের কোনও প্রমাণ পাই না। কিন্তু মায়াশিল্পে এই একই উপাদানগুলো (বিশ্ববৃক্ষ, সূর্যদানব ও স্বর্গীয় পাখি) বারবার দেখা যায় এবং সেগুলি সেভাবেই চিহ্নিত।

অর্থাৎ সঙ্গের চিত্রটিকে বৈজ্ঞানিকভাবে বিচার করলে, এতক্ষণে আমরা পাকালকে তার মায়া প্রেক্ষাপটে সঠিকভাবে স্থাপন করতে পারতাম। এমনকি যদি এই খোদাইটি পৃথিবীর অন্য প্রান্তের কোনও জাদুঘরে নামহীন অবস্থায়ও পাওয়া যেত, তবুও আমরা এটিকে মায়া শিল্পকলার অংশ হিসেবে চিহ্নিত করতে পারতাম। এমনকি যদি এটি কোনও মহাকাশ জাদুঘরেও থাকত, তবুও আমরা বুঝতাম এটি সেখানে মানায় না।

কিন্তু ভন ড্যানিকেন কখনওই বিজ্ঞানে আগ্রহী ছিলেন না। তিনি এমন কিছুর প্রতি আগ্রহী ছিলেন যা দেখতে বিজ্ঞানের মতো, কিন্তু আসলে নিখাদ কল্পনা।

এবং মনে হয়, আরও অনেক মানুষও সেই কল্পনার প্রতি আকৃষ্ট ছিলেন।

 

দুই. সিন্ধু সভ্যতা ও আর্য অভিবাসন

আজকাল সর্বত্র এই ড্যানিকেন সিনড্রোম আরও ভয়াবহ রূপে দেখা দিয়েছে। সে-সব কথা লিখতে গেলে একটি স্বতন্ত্র বইয়ের প্রয়োজন। আমি তাই এই আলোচনা শুধু একটা বিষয়ের উপরে সীমাবদ্ধ রাখব। তবে এরকম ভাবার কোনও কারণ নেই যে ইসলামিক বিশ্ব ও খ্রিস্টান বিশ্বের এই ‘ড্যানিকেন সিনড্রোম’ নিয়ে আলোচনা করতে আমার কোনও অসূয়া আছে। কেননা এই একই জিনিস সমস্ত প্রাতিষ্ঠানিক ধর্মগুলির এক গুরুত্বপূর্ণ ইউনিক সেলিং পয়েন্ট। কিন্তু এই লেখাটা কোনও ধর্ম নিয়ে নয়, যতটা ভারতের প্রাগিতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। আর্যরা কি প্রকৃত অর্থে ‘ভারতীয়’? নাকি ‘বহিরাগত’? আমাদের অল্পবয়সে এ নিয়ে তেমন কোনও বিতর্ক ছিল না বা যাঁরা এই ধরনের বিতর্ক করতেন, তাঁরা বোধহয় কল্কে পেতেন না তেমন।

যেহেতু ইতিহাস আমি নিজেও পড়িনি বললেই চলে তাই লেখাটা মোটামুটি সেই সব তথ্যের ভিত্তিতেই লিখব, যা প্রায় সবাই জানে। প্রথমেই সবার জানা কথাগুলি আরেকবার আউড়ে নিই। আমরা বোধহয় সকলেই ক্লাস ৯/১০-এ পড়েছি, রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদাড়ো ‘আবিষ্কার’ করেছিলেন। ওই ক্লাস নাইনের বইতেই পড়েছিলাম যে রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই আবিষ্কারে কৃতার্থ বোধ করেছিলেন এই কারণে যে এই সভ্যতা ছিল সম্পূর্ণ ভারতীয়। এর আগে ওঁর দুঃখ ছিল যে ভারতীয় সভ্যতা বলতে যে বৈদিক সভ্যতাকে ধরা হয়, তা মোটেই ভারতের ভূমিপুত্রদের দ্বারা গড়ে ওঠেনি। ওই সময় পড়া রাহুল সাংকৃত্যায়নের একটি বইতেও এ কথার সমর্থন পেয়েছিলাম। তারপর ফ্যাক্ট ম্যানুফ্যাকচারিং গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। আর্য-রা যে বিদেশি এ-কথা মানতে আমাদের আর মন চায় না। কেননা সেরকমটা হলে যে মুঘলদের বিদেশি বলতে বাঁধো বাঁধো ঠেকে!

যাই হোক এতদিন সিন্ধু-সভ্যতার যে টাইমলাইনটা সকলেই জানতেন, সেটা নিয়ে একটু কথা বলা যাক।

  • প্রারম্ভিক হরপ্পা পর্যায় (আনুমানিক ৩৩০০-২৬০০ খ্রিস্টপূর্বাব্দ): এই গঠনমূলক যুগে ছোট ছোট প্রাচীন কৃষিভিত্তিক গ্রামগুলি ধীরে ধীরে প্রথম আঞ্চলিক নগর ও নগর-নেটওয়ার্কে রূপান্তরিত হতে শুরু করে।
  • পরিণত হরপ্পা পর্যায় (আনুমানিক ২৬০০-১৯০০ খ্রিস্টপূর্বাব্দ): এটি ছিল সভ্যতার সর্বোচ্চ বিকাশের সময়। এই পর্যায়ে অত্যন্ত উন্নত ও পরিকল্পিত নগরকেন্দ্র (যেমন Mohenjo-daro এবং Harappa), মানসম্মত ওজন ও পরিমাপের ব্যবস্থা, এবং জটিল নিকাশি (ড্রেনেজ) ব্যবস্থা গড়ে ওঠে।
  • অন্তিম হরপ্পা পর্যায় (আনুমানিক ১৯০০-১৩০০ খ্রিস্টপূর্বাব্দ): এটি ছিল সভ্যতার অবক্ষয় ও স্থানীয়করণের একটি যুগ, যা জলবায়ু পরিবর্তন (বিশেষত মৌসুমি বৃষ্টিপাতের দুর্বল হয়ে পড়া) দ্বারা চিহ্নিত। এই সময়ে বৃহৎ নগরগুলিকে ধীরে ধীরে পরিত্যাগ করা হয় এবং জনসংখ্যার একটি বড় অংশ ছোট ছোট গ্রামীণ বসতিতে স্থানান্তরিত হয়।

অন্যদিকে আর্য অভিবাসনের টাইমলাইনটা ছিল এরকম—

  • খ্রিস্টপূর্ব ২০০০-১৮০০: ইন্দো-আর্য ভাষাভাষীদের ছোট ছোট দল উত্তর-পশ্চিমের পর্বতপথ অতিক্রম করে বর্তমান পাকিস্তান অঞ্চলে প্রবেশ করতে শুরু করে। এই সময়েই সিন্ধু সভ্যতার পতন শুরু হয়।
  • খ্রিস্টপূর্ব ১৮০০–১৫০০: এটি ছিল অভিবাসনের প্রধান পর্যায়। স্টেপ থেকে আগত জিনগত উপাদান এবং ইন্দো-আর্য ভাষাগুলি দ্রুত ছড়িয়ে পড়ে। আগত জনগোষ্ঠী স্থানীয় অধিবাসীদের সঙ্গে মিশে যায় এবং ধীরে ধীরে আত্মীকৃত হয়।
  • খ্রিস্টপূর্ব ১৫০০–১০০০: প্রারম্ভিক বৈদিক যুগ। এই সময় বৈদিক সংস্কৃতে রচিত হয় ঋগ্বেদ, যা হিন্দুধর্মের প্রাচীনতম ধর্মগ্রন্থ। পাঞ্জাব অঞ্চল এবং উত্তর-পশ্চিম ভারতে বসতি স্থাপিত হয়।
  • খ্রিস্টপূর্ব ১০০০-৫০০: পরবর্তী বৈদিক যুগ। সাংস্কৃতিক ও ভাষাগত কেন্দ্র পূর্বদিকে উর্বর গঙ্গা সমভূমিতে স্থানান্তরিত হয়। লৌহ প্রযুক্তির প্রসার ঘটে, বৃহৎ জনপদগুলি রাজ্যে রূপান্তরিত হয় এবং সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ সঙ্কলিত হয়।

সিন্ধু সভ্যতা ও বৈদিক সভ্যতার এই টাইমলাইন নিয়ে ছোটখাটো বিতর্ক যে হয়নি, তা নয়। কিন্তু কিছুই ধোপে টেকেনি। তার কারণটা এবার ধীরে ধীরে বলি।

এখানে লক্ষণীয় ঠিক যখন মহাকালের গর্ভে সিন্ধু সভ্যতা একটু একটু করে, জলবায়ু পরিবর্তনের ফলে তলিয়ে যাচ্ছে, ঠিক তখনই আর্য অভিবাসন শুরু হচ্ছে। আর সিন্ধু-সভ্যতার বিদায়বেলায় হচ্ছে মহান এই দুই ধারার সংমিশ্রণ।

এখন সাদা চোখে আমরা বুঝব কী করে সিন্ধু সভ্যতা বৈদিক সভ্যতার বা বৈদিক সভ্যতা সিন্ধু সভ্যতারই একটা পরিণত রূপ নয়? প্রথম কারণ এই যে, দুই সভ্যতার চরিত্রগত অমিল। অর্থাৎ সিন্ধু সভ্যতা থেকে বৈদিক সভ্যতা বা বৈদিক সভ্যতা থেকে সিন্ধু সভ্যতা ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে এমনটা যদি হত তাহলে সেই ট্রান্সফর্মেশনের চিহ্ন থাকত, ভাষাতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ থাকত। কিন্তু সেরকম কোনও প্রমাণ নেই।

এখন দেখা যাক দুটি সভ্যতার চমকপ্রদ অমিলগুলি। যা খুব সুস্পষ্টভাবে প্রমাণ করে, সিন্ধু সভ্যতা ও আর্য সভ্যতার ধারক ও বাহক ছিল সম্পূর্ণ দুটি ভিন্ন জনগোষ্ঠী।

সিন্ধু সভ্যতা অত্যন্ত উন্নত নগরসভ্যতা; পরিকল্পিত শহর, পাকা রাস্তা, নিকাশিব্যবস্থা। আর্য বা বৈদিক সভ্যতা প্রধানত গ্রামভিত্তিক; প্রাথমিক বৈদিক যুগে নগরায়ন প্রায় অনুপস্থিত। সিন্ধু সভ্যতার অর্থনীতি ছিল কৃষি, কারুশিল্প ও দূরপাল্লার বাণিজ্য-নির্ভর। বৈদিক সভ্যতার অর্থনীতি ছিল, কৃষি ও পশুপালন-নির্ভর; বিশেষত গবাদি পশু ছিল সম্পদের প্রধান মানদণ্ড। সিন্ধু সভ্যতার মানুষ লিখতে-পড়তে জানত। অন্যদিকে আর্যরা লিখতে-পড়তে জানত না। শুনে শুনে মনে রাখা হত বলে বেদের অপর নাম শ্রুতি, কে না জানে! ধর্মের কথা যদি বলি, সিন্ধু সভ্যতায় মাতৃদেবীর আরাধনা করা হত, এছাড়াও উর্বরতা-উপাসনা, পশুপতি-সদৃশ দেবতা, প্রতীকপূজা করা হত। বৃহৎ মন্দির বা যজ্ঞবেদির প্রমাণ নেই। অন্যদিকে আর্যদের ছিল ইন্দ্র, অগ্নি, বরুণ, সোম প্রভৃতি বৈদিক দেবতার যজ্ঞকেন্দ্রিক উপাসনা। যজ্ঞ ছিল ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু। বৈদিক ধর্ম ছিল দেবতাদের উদ্দেশ্যে অগ্নিযজ্ঞ ও স্তোত্রপাঠ-নির্ভর। মূল মহাভারতে, রামায়ণেও আমরা কিন্তু পুজো-অর্চনা প্রায় দেখি না বললেই চলে। সবই এই ধরনের যজ্ঞ।

রাজনীতি সম্পর্কে প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে যেটুকু বোঝা যায়, তা হল, সিন্ধু সভ্যতায় ছিল কেন্দ্রীভূত প্রশাসনের ইঙ্গিত; তবে রাজাদের বিশাল প্রাসাদ বা সমাধি থাকত না। অন্যদিকে বৈদিক সাহিত্য থেকে যেটুকু ধারণা করা যায়, তা হল, অসংখ্য রাজা (রাজন) ও সভা-সমিতির ভূমিকা গুরুত্বপূর্ণ; উপজাতীয় রাজতন্ত্র। সিন্ধু সভ্যতায় ঘোড়া নেই। উপমহাদেশে ঘোড়া এসেছে আর্যদের সঙ্গেই। প্রত্নতাত্ত্বিক খনন থেকে একটি-দুটি ঘোড়ার কঙ্কাল উদ্ধার করে স্বাদেশিকতায় উদ্বুদ্ধ হয়ে কেউ কেউ অবশ্য বলবার চেষ্টা করেছেন, ঘোড়া এ-দেশে অনেক কাল আগে থেকেই ছিল। অথচ কার্বন-ডেটিং নিশ্চিত করে যে এই ঘোড়াগুলির সময়কালের সঙ্গে প্রথম আর্য আগমনের সময়কাল পুরোপুরি মিলে যায়। তাছাড়া সিন্ধু-সভ্যতার সিলমোহরগুলিতে ঘোড়া সম্পূর্ণ অনুপস্থিত। তাই বলাই যায় সিন্ধু সভ্যতায় ঘোড়া ছিল না। সিন্ধু সভ্যতায় রথের নিশ্চিত প্রমাণ নেই। যা ছিল, তা হল গরু-বলদ চালিত এক ধরনের শকট, যার চাকা ছিল নিরেট। অন্যদিকে আর্যদের কাছে রথ ছিল যুদ্ধ ও মর্যাদার প্রধান প্রতীক। রথের চাকা নিরেট হত না। স্পোক বা শলাকাযুক্ত হত। সিন্ধু সভ্যতা সর্বৈব ব্রোঞ্জযুগের সভ্যতা, অথচ বৈদিক সভ্যতায় কিন্তু প্রথমে ব্রোঞ্জ, পরে লোহার ব্যাপক ব্যবহার শুরু হয়। এসবই ইঙ্গিত করে, সিন্ধু সভ্যতার পরে এসেছে আর্য সভ্যতা।

এইসব প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলি জানতে গেলে স্কুল-পাঠ্য ইতিহাস বই পড়লেই চলে।

এবারে বলি, ভাষাতাত্ত্বিক প্রমাণের কথা। ভাষাতাত্ত্বিক দিক থেকে আর্য (অর্থাৎ ইন্দো-আর্য ভাষাভাষী জনগোষ্ঠী) অভিবাসনের পক্ষে যুক্তি শক্তিশালী তুলনামূলক ভাষাবিজ্ঞানের (Comparative Linguistics) ভিতের উপর দাঁড়িয়ে আছে। যাকে ধানাইপানাই যুক্তি (যেমন বৈদিক সাহিত্যে সরস্বতী নদীর উপস্থিতি) দিয়ে ভাঙা যাবে না। ১৭৮৬ সালে উইলিয়াম জোনস প্রথম লক্ষ করেন যে সংস্কৃত, গ্রিক ও ল্যাটিন ভাষার মধ্যে এত বেশি মিল আছে যে নিশ্চিতভাবেই বলা যায় এই ভাষাগুলো নিশ্চয়ই একটি সাধারণ পূর্ব-ভাষা থেকে এসেছে। কিন্তু যদি কেবল কয়েকটি শব্দ মিলত, তাহলেও শব্দগুলি ধার করা বলে ব্যাখ্যা করা যেত। কিন্তু সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, জার্মানিক, স্লাভিক ভাষাগুলোর মধ্যে— ক্রিয়ার রূপ, বিভক্তি, লিঙ্গ, বচন, সংখ্যা ইত্যাদি সব ক্ষেত্রেই গভীর কাঠামোগত মিল রয়েছে। এরপর ভাষাবিদরা এই ভাষাগুলির একটি পূর্ব-ভাষা (Proto-Language) পুনর্গঠন করতে সক্ষম হন, যার নাম দেওয়া হয় প্রত্ন ইন্দো-ইউরোপিয়ান (Proto-Indo-European) ভাষা। এই বৃহৎ ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের একটি গুরুত্বপূর্ণ শাখা হল ইন্দো-ইরানীয় (Indo-Iranian) বা আর্য ভাষা যা থেকে এসেছিল আদি সংস্কৃত।

ভাষাবিজ্ঞানের আরেকটি শক্তিশালী হাতিয়ার হল ধ্বনির পরিবর্তনের নিয়ম (Sound Laws)।

ভাষা যখন একটা অঞ্চল থেকে আরেকটি অঞ্চলে যায়, তা নিয়মিত ধ্বনি-পরিবর্তন করে। গ্রিমের সূত্র (Grimm’s Law) প্রমাণ করে যে ইন্দো-ইউরোপীয় মূল ভাষার কিছু ধ্বনি বিভিন্ন শাখায় নিয়মিতভাবে অন্য ধ্বনিতে রূপ নিয়েছে। এই নিয়মগুলি সর্বজনীন এবং শর্তসাপেক্ষে কাজ করে, যা ভাষাগুলোর মধ্যে জৈবিক সম্পর্ক নিশ্চিত করে। যেমন, সংস্কৃতের সপ্তন্ (saptan)-এর সঙ্গে ল্যাটিনের সেপটেম (septem) এবং ইংরেজির সেভেন (seven)-এর সম্পর্ক নিয়মিত ধ্বনির পরিবর্তন দ্বারা ব্যাখ্যা করা যায়। তাছাড়া ইন্দো-ইউরোপীয় মূল ভাষার ধ্বনিতত্ত্ব (phonology) ও রূপতত্ত্ব (morphology) পুনর্গঠন করে দেখা যায়, ইরানীয় ও ভারতীয় শাখাগুলির (যেমন আবেস্তা ও বৈদিক সংস্কৃত) ধ্বনিগত মিল এতই নিবিড় যে তাদের একটি সাধারণ ইন্দো-ইরানীয় পর্ব অবশ্যই অতিক্রম করতে হয়েছিল। এ ছাড়া কোনও ভাষার মূল শব্দভাণ্ডার থেকেও আমরা সেই ভাষাভাষীদের অতীত জীবনযাত্রা ও পরিবেশ সম্পর্কে ধারণা পাই। এটিকে ভাষাগত পুরাতত্ত্ব (Linguistic Paleontology) বলে। এখন আমরা যদি লক্ষ করি, তাহলে দেখব, ইন্দো-ইউরোপীয় ভাষাগুলিতে তুষার, নেকড়ে, বার্চগাছ, ঘোড়া ও চাকাযান (রথ)-এর জন্য সাধারণ শব্দ পাওয়া যায়, কিন্তু সিংহ, বাঘ, হাতি, বাঁশ, ধান ইত্যাদির জন্য কোনও সাধারণ শব্দ নেই। এটি প্রমাণ করে যে মূল ইন্দো-ইউরোপীয় ভাষাভাষীরা একটি শীতল ও নাতিশীতোষ্ণ অঞ্চলে (মধ্য এশিয়ার স্টেপ) বসবাস করতেন। পরবর্তীতে তাঁরা দক্ষিণে ভারতের মতো উষ্ণ অঞ্চলে অভিবাসিত হলে সেখানকার প্রাণী ও উদ্ভিদের জন্য নতুন শব্দ তৈরি করে বা দেশীয় ভাষা থেকে গ্রহণ করে। আবারও ঘোড়া ও রথের কথায় আসি। বৈদিক সংস্কৃতে অশ্ব ও রথ-সংক্রান্ত প্রচুর শব্দ আছে। অন্যদিকে, সিন্ধু সভ্যতার (হরপ্পা) প্রত্নতাত্ত্বিক নিদর্শনে অশ্বের চিহ্ন মাত্র নেই। অশ্বচালিত যুদ্ধরথের সঙ্গে অভ্যস্ত আর্য গোষ্ঠীটি বহিরাগত ছিল, সেই তত্ত্বকেই এটা আবারও প্রমাণ করে।

এখন এমন একটা কথা বলব, যাঁরা জানেন না, তাঁদের অনেকের কাছেই চাঞ্চল্যকর ঠেকবে কথাটা। কিন্তু এখন পর্যন্ত সংস্কৃত ভাষার সবচেয়ে প্রাচীনতম নিদর্শন দেখতে পাওয়া যায় সিরিয়ায়। ১৪০০ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে মধ্যপ্রাচ্যের মিতান্নি সাম্রাজ্যের একটি চুক্তিতে ইন্দো-আর্য দেবতাদের (ইন্দ্র, বরুণ, মিত্র, নাসত্য) নাম ও ঘোড়দৌড়ের জন্য কিছু প্রযুক্তিগত শব্দ পাওয়া যায়। এটি প্রমাণ করে যে আর্য ভাষাভাষীরা ভারতে আসার আগেই পশ্চিম এশিয়ায় উপস্থিত হয়েছিল।

যাইহোক এতেও যাদের শান্তি হবে না, আধুনিক পপুলেশন জেনেটিক্স, তাদের গুড়ে বালি দেয়নি, গোটা গুড়টাই কেড়ে নিয়েছে।

 

বিখ্যাত রাখিগড়ি (Rakhigarhi) ডিএনএ গবেষণার ফলাফল দেখিয়েছে যে সিন্ধু সভ্যতার (IVC) জনগোষ্ঠী ছিল ইরানীয় শিকারি-সংগ্রাহক (Iranian hunter-gatherers) এবং দক্ষিণ এশীয় শিকারি-সংগ্রাহকদের (South Asian hunter-gatherers) একটি মিশ্রণ। এখানে “ইরানীয় শিকারি-সংগ্রাহক” বলতে কিন্তু ইন্দো-ইরানীয়দের (Indo-Iranians) বোঝায় না।

ইন্দো-ইরানীয়রা (স্টেপ অঞ্চলের জনগোষ্ঠী) পরবর্তী কোনও এক সময়ে ইরানে প্রবেশ করেছিল। তাই এখানে ‘ইরানীয়’ বলতে নব-প্রস্তর যুগের বা নিওলিথিক ইরানের জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে।

আজকে গবেষকরা খুব স্পষ্টভাবে প্রমাণ করেছেন রাখিগড়ির ডিএনএ-তে স্টেপ-সম্পর্কিত (Steppe) বংশগতির কোনও উপস্থিতি পাওয়া যায়নি।

বর্তমানে ভারতীয়দের মধ্যে R1a1, H এবং L হ্যাপলোগ্রুপ (haplogroup) অন্যান্য হ্যাপলোগ্রুপের তুলনায় অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। এছাড়া বিভিন্ন জাতি (caste) গোষ্ঠীর মধ্যে এই হ্যাপলোগ্রুপগুলির অনুপাতের উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

  • হ্যাপলোগ্রুপ H, দেশীয় (indigenous)। এটি ভারতীয় উপমহাদেশের প্রথম অধিবাসীদের সঙ্গে সম্পর্কিত এবং মূলত ভারতীয় উপমহাদেশেই পাওয়া যায়। এটি “আউট অব আফ্রিকা” (Out of Africa) অভিবাসনের সঙ্গেও যুক্ত।
  • হ্যাপলোগ্রুপ L, নব-প্রস্তর যুগের ইরানীয় অভিবাসনের সঙ্গে সম্পর্কিত (যে জনগোষ্ঠী থেকে সিন্ধুসভ্যতার উদ্ভব হয়েছিল)। সিন্ধুসভ্যতার পতনের পর এই জনগোষ্ঠীর একটি অংশ উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
  • হ্যাপলোগ্রুপ R1a1 স্টেপ অঞ্চল থেকে আগত অভিবাসনের সঙ্গে সম্পর্কিত। এই হ্যাপলোগ্রুপটি স্টেপ-উৎপত্তির জনগোষ্ঠীর মাধ্যমে উপমহাদেশে আসে।
  • O-এর মতো হ্যাপলোগ্রুপ দক্ষিণ-পূর্ব এশীয় জনগোষ্ঠীর (বিশেষত অস্ট্রোএশীয় অভিবাসনের) সঙ্গে সম্পর্কিত।

এখন উত্তর ভারতের কিছু কিছু ব্রাহ্মণ সাবকাস্টের ভিতর R1a1 হ্যাপলোগ্রুপটির উপস্থিতি প্রায় ৭০ শতাংশ, যা অধিকাংশ অব্রাহ্মণ সাবকাস্টগুলিতে অনেক কম। অন্যদিকে রোর, জাট এবং কালাশ জনগোষ্ঠীর মধ্যে মধ্যেও এই হ্যাপলোগ্রুপটির উপস্থিতি ব্রাহ্মণদের সমপর্যায়ের যেহেতু মনে করা হয় স্টেপ বংশগতি অভিবাসনের অভিমুখ এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছিল প্রথম। আবার যেহেতু বাংলায় আর্যরা অভিবাসিত হয়েছেন অনেক পরে তাই এই হ্যাপলোগ্রুপটির উপস্থিতি গড় বাঙালিদের মধ্যে অনেক কম, মাত্র ২০ থেকে ৩৯ শতাংশ। যদিও বাঙালি ব্রাহ্মণদের ভিতর এই হ্যাপলোগ্রুপটির উপস্থিতি, ৬০ থেকে ৭২.২ শতাংশ। এই জেনেটিক বিশ্লেষণ প্রমাণ করে বাঙালি ব্রাহ্মণরা খুব বেশিদিন আগে বাংলায় অভিবাসিত হননি।

ভারতীয় উপমহাদেশে পাওয়া mtDNA হ্যাপলোগ্রুপগুলি (মাতৃসূত্রের বংশধারা) Y-ক্রোমোজোম হ্যাপলোগ্রুপগুলির তুলনায় অনেক বেশি একরূপতা (uniformity) প্রদর্শন করে।

কেন? কারণ অধিকাংশ অভিবাসন (আউট অব আফ্রিকা বা উপমহাদেশে প্রথম মানব আগমনের অভিবাসন ব্যতীত) ছিল ‘পুরুষ-নিয়ন্ত্রিত’ (male-mediated)।

অর্থাৎ, অধিকাংশ ক্ষেত্রে দূর-দূরান্তে স্থানান্তরিত হয়েছে পুরুষরাই; শিশু ও নারীদের দীর্ঘ দূরত্ব অতিক্রম করে অভিবাসন করার সম্ভাবনা তুলনামূলকভাবে কম ছিল। ফলে mtDNA হ্যাপলোগ্রুপে বৈচিত্র্য Y-ক্রোমোজোম হ্যাপলোগ্রুপের তুলনায় কম দেখা যায়। ইউরোপীয়দের মধ্যে mtDNA-এর U এবং N বংশধারা পাওয়া যায়, কিন্তু M পাওয়া যায় না। M হল একটি দেশীয় (indigenous) হ্যাপলোগ্রুপ। Y-ক্রোমোজোমের H হ্যাপলোগ্রুপের মতোই mtDNA-এর M বংশধারা “আউট অব আফ্রিকা” অভিবাসনের সঙ্গে সম্পর্কিত। যদি ভারত থেকে ব্যাপক “আউট অব ইন্ডিয়া” অভিবাসন হয়ে থাকত, তাহলে প্রাচীনতম এই M এবং H হ্যাপলোগ্রুপগুলিও ইউরোপীয়দের মধ্যে উল্লেখযোগ্য ভাবে পাওয়া যেতই। কিন্তু বাস্তবে তা দেখা যায় না।

আরও সহজ করে বলি? যদি আউট অব ইন্ডিয়া (Out of India বা OIT) তত্ত্ব সত্যি হত, তাহলে ইউরোপে কি তুলনামূলকভাবে আরও বেশি সংখ্যক কৃষ্ণকায় বা গাঢ় ত্বকের মানুষের উপস্থিতি দেখা যেত না? কিন্তু বাস্তব চিত্র তা নয়।

অন্যদিকে, স্টেপ (Steppe) বংশগতির উৎস ছিল কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী বিস্তীর্ণ তৃণভূমি, এবং এই জনগোষ্ঠী প্রথমে উত্তর ভারতে প্রবেশ করেছিল। তাই গড় হিসেবে উত্তর ভারতীয়দের ত্বকের রং দক্ষিণ ভারতীয়দের তুলনায় অপেক্ষাকৃত উজ্জ্বল। অবশ্যই, হাজার হাজার বছর ধরে অবাধ জনসংমিশ্রণের ফলে উত্তর ও দক্ষিণ— উভয় ভারতেই ত্বকের রঙে ব্যাপক বৈচিত্র্য দেখা যায়।

 

***

লেখাটি আমার মতো যারা, তাদের জন্য। জটিল কোনও তত্ত্ব এখানে বলা হয়নি। তবু সংক্ষেপে আরেকবার নিজের মতো করে দুটি কথা বলে শেষ করব।

আমার মতে সিন্ধু-সভ্যতা ছিল ব্রোঞ্জ যুগের পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতা। এখানে না ছিল শাসনকর্তার জন্য বিরাট বিলাসবহুল রাজপ্রাসাদ, না ছিল তেমন উঁচু-নিচু ভেদাভেদ। তাই প্রায় প্রতিটি বাড়িতে ছিল নলকূপ, স্নানাগার। ধর্ম নিয়ে উন্মাদনাও ছিল না। এই সভ্যতার আরেকটি বৈশিষ্ট্য ছিল, যুদ্ধাস্ত্রহীনতা। অর্থাৎ অহিংসা। সিন্ধু সভ্যতার মানুষ লিখতে পড়তে পারতেন। বাণিজ্য করতেন অর্থাৎ হিসাবনিকাশ জানতেন। তাহলে এই প্রেক্ষাপটে কীভাবে সম্ভব, যে একটি গোষ্ঠীর হঠাৎ আবির্ভাব হল, যাদের ভাষা বিজাতীয় এবং যার সঙ্গে স্থানীয় ভাষাগুলির কোনও মিলই নেই? কীভাবে সম্ভব যে তাঁরা ছিলেন নিরক্ষর, যদি না তাঁরা অন্য জায়গা থেকে আসেন? এই মানুষগুলির নগরকেন্দ্রিক সভ্যতা সম্পর্কে কোনও ধারণাই ছিল না। যদি এরা সিন্ধুসভ্যতা থেকেই আসবেন বা তাঁদের থেকেই সিন্ধু-সভ্যতার উদ্ভব, তাহলে এই আর্যদের একটা ‘বৈদিক ভিলেজ’-ও কেন পাওয়া গেল না আজ পর্যন্ত? কেনই-বা তথাকথিত আর্য ভাষার সঙ্গে সিন্ধু-সভ্যতার ভাষা বা অন্যান্য ভাষা যেমন দ্রাবিড় বা অস্ট্রোএশিয়াটিক ভাষাগুলির কোনও মিলই নেই কেন? বরং ভারতের বাইরের ভাষাগুলির সঙ্গে কেন এত মিল?

আজ পপুলেশন জেনেটিক্স প্রায় নিখুঁতভাবে দেখাতে পারে কীভাবে প্রাচীন মাইগ্রেশনগুলি কোথা থেকে কোথায় ঘটেছিল। টাকা খরচ করলে আপনিও একটা বিস্তারিত রিপোর্ট পেতে পারেন যা থেকে আপনি জানতে পারবেন যে, আপনার পূর্ব-পুরুষ ও নারী ঠিক কোন পথে অভিবাসন করেছিল। আবার ভাষাতাত্ত্বিকরা খুবই বিজ্ঞানসম্মতভাবে দেখাতে পারেন যে কোনও ভাষা তার আদি উৎসস্থল থেকে কীভাবে বিভিন্ন ভূখণ্ডে ছড়িয়ে পড়ে।

তার সঙ্গে কার্বন ডেটিং দেখায়, সিন্ধুসভ্যতার প্রধান নগর পর্যায় (হরপ্পা, মহেঞ্জোদারো, ঢোলাভিরা) খ্রিস্টপূর্ব ২৬০০-১৯০০ অব্দের। অন্যদিকে ঋগ্বেদের প্রাথমিক রচনাকাল সাধারণভাবে খ্রিস্টপূর্ব ১৫০০-১২০০ অব্দে। সিন্ধুসভ্যতার প্রত্নস্থলগুলোতে (খ্রিস্টপূর্ব ২৬০০-১৯০০) ঘোড়া ও রথের কোনও চিহ্ন নেই, অন্যদিকে বৈদিক সাহিত্যে এগুলোর উল্লেখযোগ্য গুরুত্ব রয়েছে। উত্তর-পশ্চিম সীমান্তের প্রত্নতাত্ত্বিক স্তরে খ্রিস্টপূর্ব ১৫০০-র পর হঠাৎ করে স্টেপ-এর ঘোড়া-নির্ভর সংস্কৃতির (যেমন অ্যান্ড্রোনোভো) উপাদান দেখা যায়।

সুতরাং প্রত্নতত্ত্ব, কালক্রম, ভাষাতত্ত্ব এবং জিনতত্ত্ব— চারটি স্বাধীন শাখাই প্রমাণ করে যে সিন্ধুসভ্যতা বৈদিক সংস্কৃতির আগে থেকেই বিদ্যমান ছিল। এবং আজ যাদের প্রাচীন আর্য ঋষি বলে আমরা জানি, ভারতে তাঁদের পূর্বপুরুষরাই নিয়ে এসেছিল স্টেপ-বংশগতি। বারংবার বিভিন্ন জেনেটিক্স স্টাডি এ-কথাই প্রমাণ করেছে।

এতদ্বারা আলোচনাটি শেষ করা যেত। কিন্তু আরও দুটি কথা না বললেই নয়।

প্রথম কথা: আজকাল বহু ইউটিউবার, পডকাস্টার, শখের ইতিহাসবিদ, এমনকি লেখকরা পর্যন্ত একটি তত্ত্বকে ভুল প্রমাণ করতে আদাজল খেয়ে লেগে পড়েছেন, আর তা হল, আর্য-আক্রমণ তত্ত্ব (Aryan Invasion Theory)। এই ভুলভাল তত্ত্বটির আমদানিতে অবশ্যই ইংরেজদের অবদান আছে। বিশেষত ইংরেজ নৃতাত্ত্বিক স্যার মর্টিমার হুইলার এই তত্ত্বটি জনপ্রিয় করে তোলেন। এই তত্ত্বে বলা হয় আর্যরা ঘোড়ায় টানা রথে করে এসে সিন্ধু-সভ্যতার অধিবাসীদের আক্রমণ করেছিলেন। বস্তুত তার দাবি ছিল এই ভাবেই সম্ভবত সিন্ধুসভ্যতার পতন হয়। বহুদিন হল এই তত্ত্ব বাতিল হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে প্রশিক্ষিত কোনও ঐতিহাসিকই বলেন না, যে আর্য-আক্রমণ তত্ত্ব সঠিক। বরং সবাই একবাক্যে স্বীকার করেন আর্য অভিবাসী দলগুলি ধীরে ধীরে বহু শতাব্দী ধরে ছোট ছোট দলে এখানে এসে বসবাস শুরু করেন। আমার এই লেখাটিতেও আমি তাই বলেছি। সুতরাং যে তত্ত্বটি বহুদিন আগেই ভুল প্রমাণিত হয়েছে, বিভিন্ন নৃতাত্ত্বিক, ভাষাতাত্ত্বিক ও জিনগত গবেষণার বৈজ্ঞানিক প্রমাণগুলি দ্বারা, সেই তত্ত্বটিকে ভুল প্রমাণ করে তাহলে কী লাভ হচ্ছে? লাভ হচ্ছে এই যে কেউ কেউ এতদ্বারা প্রমাণ করতে চাইছেন যে আর্য-আক্রমণ তত্ত্ব যখন ভুল, তখন আর্য অভিবাসন তত্ত্বও (Aryan Migration Theory) ভুল! এঁদের দাবি আর্য অভিবাসন হয়েছিল ভারত থেকে বহির্মুখী (আউট অব ইন্ডিয়া)। অর্থাৎ একটা ভুল তত্ত্বকে ভুল প্রমাণ করে, আরেকটি ভুলকে প্রতিষ্ঠা করা। এরা সাধারণত এমন একটি-দুটি বিষয় তুলে ধরেন, যা সাদা চোখে হয়তো আর্য-অভিবাসন তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। বা এঁরা ব্যাখ্যাটা শুনতেও চান না। যেমন বৈদিক সাহিত্যে সরস্বতী নদীর উপস্থিতি। কিন্তু এরও ব্যাখ্যা আছে। যদিও নৃতাত্ত্বিক, ভাষাতাত্ত্বিক,কার্বন ডেটিং ও জিনগত প্রমাণ নিয়ে আলোচনা করবার পরও এ বিষয়ে আলোচনার কোনও প্রয়োজন দেখি না। তবু প্রশ্ন উঠতে পারে, তাই লিখছি। প্রথমত, উপগ্রহ চিত্র থেকে যে নদীখাতকে চিহ্নিত করা হয়, মরুভূমির ভিতর দিয়ে প্রবহমান, অন্তত ৫ হাজার বছর আগে যা শুকিয়ে গেছে, সেটাই যে সরস্বতী নদী, তা কী করে প্রমাণ হল? দ্বিতীয়ত, স্বর্গের পারিজাত ফুলের মতো, সরস্বতীও যে সত্যিকারের নদী, তাই বা প্রমাণ হল কী করে? ঋগ্বেদে সরস্বতী নদীটির উল্লেখ ৬০-এরও বেশিবার আছে, কিন্তু নদীর গতিপথের বর্ণনা কী আছে, যা উপগ্রহ চিত্রের শুকনো নদীখাতের চলনপথের সঙ্গে মেলে? তৃতীয়ত এই অঞ্চলের বিখ্যাত নদী, ঘগ্গর-হকরা নদী (ভারতে ‘ঘাঘর’ এবং পাকিস্তানে ‘হকরা’ নামে পরিচিত), যার অস্তিত্ব এখন শুধু বর্ষার সময়ই; ভূতাত্ত্বিকরা মনে করেন একসময় এই নদীতে বর্ষা ছাড়াও হিমালয়ের বরফগলা জলের ধারা প্রবাহিত হত। কিন্তু ভূ-প্রাকৃতিক পরিবর্তন ও নদীর গতিপথ পরিবর্তনের কারণে এটি ধীরে ধীরে একটি মৌসুমি (ও শুকিয়ে যাওয়া) নদীতে পরিণত হয়। অনেক ইতিহাসবিদ এবং গবেষকের মতে, এই নদীটিই প্রাচীন বৈদিক যুগের ‘সরস্বতী নদী’। এর অববাহিকা অঞ্চলেই প্রাচীন হরপ্পা বা সিন্ধুসভ্যতার নিদর্শন এবং বসতিগুলি খুঁজে পাওয়া গেছে। স্বভাবতই ‘আর্য’-রা এই অঞ্চলেই প্রথম বসতি স্থাপন করেন। পরে এই নদীর প্রচণ্ড অস্তিত্ব শুধু স্মৃতি ও মিথের ভিতর জাঁকিয়ে বসে, বৈদিক শ্লোকগুলির মাধ্যমে।

কিন্তু আউট অব ইন্ডিয়া থিওরি নিয়ে যাঁরা খুব উল্লসিত থাকেন, তাঁরা কিন্তু আর্যরা যে ভারত থেকেই ভারতের বাইরে অভিবাসন-যাত্রা করেছিল, তার কোনও ভাষাতাত্ত্বিক, নৃতাত্ত্বিক ইত্যাদি সুস্পষ্ট প্রমাণ দিতে পারেন না। তো এইসব ‘ড্যানিকেন উপসর্গ’ এখন খুবই চলছে।

দ্বিতীয় কথা: আগেই বলেছি, গ্রিক, ল্যাটিন, সংস্কৃত, ইত্যাদি সকল প্রাচীন ইন্দো-ইউরোপিয়ান ভাষাগুলি একটা সাধারণ ভাষা থেকে উদ্ভূত হয়েছিল। কালক্রমে যা থেকে হিন্দি, বাংলা, ইংরেজি, ইরানিয়ান, স্প্যানিশ, জার্মান, ফরাসি, লাটভিয়ান, আর্মেনিয়ান, ইটালিয়ান, রাশিয়ান, সুইডিশ, অসমিয়া, উর্দু, ডাচ, পোলিশ ইত্যাদি অসংখ্য ভাষা এসেছে। বস্তুত সারা পৃথিবীর মোটামুটি ৪৬ শতাংশ মানুষের ভাষার উৎস এই ইন্দো-ইউরোপিয়ান ভাষাজননী। কিন্তু ভারতীয়রা যেরকম কেউ কেউ দাবি করেন “আমাদের সংস্কৃত থেকে সকল ভাষার জন্ম” বা যাঁরা একচুল বেশি জানেন যে ইংরেজি, রুশ, ডাচ, হিন্দি সকল ভাষাই ইন্দো-ইউরোপিয়ান ভাষা, তাঁরা যেমন অনেকে বলেন, “সংস্কৃত ভাষা ভারত থেকেই বাইরে ছড়িয়ে গিয়ে এই ভাষাগুলির জন্ম দিয়েছিল,” অথচ উল্টোদিকে কোনওদিন দেখেছেন কোনও ফরাসি ব ইংরেজ বা জার্মান দাবি করছে যে প্রাচীন হেলেনিক ভাষা থেকেই পৃথিবীর সকল ভাষা বা নিদেনপক্ষে রাশিয়ান বা সংস্কৃত ভাষার উদ্ভব হয়েছিল? ইনফ্যাক্ট, এইরকম একটা বিষয়ের অবতারণা করে যে জাত্যভিমানের আত্মপ্রসাদ অনুভব করা যায়, এটা হয়তো বহির্বিশ্বে কেউ ভাবতেও পারেন না। কোনও জার্মান বা স্লোভাক কখনও দাবি করে না, আর্যদের আদি উৎসস্থল তাদের দেশে। অবশ্য এদের সেখানেও ‘যুক্তি’ আছে। অন্যরা স্বাজাত্যভিমানী হবে কী করে! সবকিছুই তো ভারতে সবচেয়ে আগে শুরু হয়েছে! ভারতীয় সভ্যতা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা, সবচেয়ে প্রাচীন গণতন্ত্র, এখানে ৩০ হাজার বছর আগে দ্বারকা নামের নগরী ছিল, সেখানে শ্রীকৃষ্ণ গোপিনীদের নিয়ে খেলা করতেন। বা ১ লাখ ৩০ হাজার বছর আগে আর্য ঋষিরা বেদমন্ত্রগুলি লিখেছেন, তাই তো সরস্বতী নদীর কথা রয়েছে বেদের শ্লোকগুলিতে। অথবা ১ লাখ ৮০ হাজার বছর আগে রামসেতু বাঁধা হয়েছিল। এখন যদি এদেরকে কেউ বলে, সংস্কৃত ভাষার চেয়ে অনেক পুরনো তামিল ভাষা, এবং কন্টিনিউয়াস ভাষা, সেই ভাষায় কেন বেদমন্ত্র লেখা হল না বা সরস্বতী স্তোত্র লেখা হল না, তামিল ভাষাটা এলই বা কোথা থেকে যদি না সংস্কৃত ভাষা থেকে এর জন্ম হয়ে থাকে! ধান-চাল-গম ইত্যাদি ফসলগুলির চাষ শুরু হয়েছে বড়জোর ৮ থেকে ১৪ হাজার বছর ধরে। ল্যাকটোজ টলারেন্স এই সেদিনের ঘটনা, উপমহাদেশে বড়জোর ৫ হাজার বছর পুরনো, তাহলে শ্রীকৃষ্ণের দুধ-মাখন আসত কোথা থেকে! অথবা বিবর্তন তো অনেক মিলিয়ন বছর আগেই মানুষ আর বানরের যাত্রাপথ আলাদা করে দিয়েছিল, তাহলে রামসেতু বানাবার সময় বানররা ঠিক কীভাবে কমিউনিকেট করেছিল মানুষের সঙ্গে— আমি নিশ্চিত তারও উত্তর এই জাত্যভিমানীদের কাছে আছে! তাই ভারতে এখন বিজ্ঞান ও ইতিহাস চর্চায় ‘ড্যানিকেন সিনড্রোম’ চলছে। অর্থাৎ প্রথমে যাতে তোমার কল্পনা উদ্দীপিত হয়, যেটা তোমার ভালো লাগে বিশ্বাস করো, তারপর তার ‘প্রমাণ’ খুঁজে বের করো। ইনফ্যাক্ট প্রমাণ খুঁজে বের করবার দরকারও নেই সোশাল মিডিয়া, ইউটিউব ইত্যাদিতে এমন সব ‘প্রমাণে’ এখন ভর্তি। তাই ইতিহাস, প্রত্ন-ইতিহাস নতুন করে লেখা হচ্ছে আর সোশাল মিডিয়ায় বাড়ছে গালাগাল, শ্রদ্ধেয় প্রতিষ্ঠিত অধ্যাপক, গবেষক, স্বাধীন পড়ুয়া ও স্বাধীন চিন্তকদের উদ্দেশ্যে!

 

তথ্যসূত্র:

 


 

 

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5450 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

1 Comment

আপনার মতামত...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.