প্রতীক
চন্দনা মুখার্জির আর ছ-মাস চাকরি বাকি। তারপর ছত্রিশ বছর ধরে প্রথমে ট্রেন, তারপর দুবার বাস বদলে রোজকার ক্লান্তিকর নিত্যযাত্রা থেকে মুক্তি। ভাবলেই মনটা ফুরফুরে হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে তার উলটো— গায়ে জ্বর আসছে। কারণ সুধার মাথাটা দিনদিন খারাপ হয়ে যাচ্ছে। যে কটা ঘন্টা বাড়িতে থাকতে হয়, সুধার কথায় কথায় চেঁচামেচি মানিয়ে নিয়েই থাকতে হয়। স্কুলে গিয়ে চন্দনা পালিয়ে বাঁচেন। বামাসুন্দরী বালিকা বিদ্যালয়ের সেই রমরমা আর নেই। চন্দনা যখন চব্বিশ বছর বয়সে যোগ দিয়েছিলেন, তখন এগারোশো মেয়ে পড়ত, এখন তিনশো। পঞ্চাশজন দিদিমণির টিচার্স রুম গমগম করত— মনে হয় এই সেদিনের কথা। আর এখন অত বড় ঘরটায় বারোজনের কেউ উঁচু গলায় কথা বললেই প্রতিধ্বনি হয়। তবু, ছাত্রীদের সঙ্গে দিন কাটানোর কোনও বিকল্প নেই। চাকরির প্রথমদিককার মতোই আজও এক-আধটা মেয়ে চন্দনাদিকে একটু বেশি ভালোবেসে ফেলে, উঁচু ক্লাসে উঠে একটু সাহস বাড়লে আবদার করে— দিদিভাই, স্কুল বন্ধের দিন একটা নীল শাড়ি পরে আসবেন। আপনাকে হেব্বি লাগে। কোনওদিন কামাই করলে, পরদিন ঠিক যাদের যাদের ক্লাস ছিল তাদের কেউ বারান্দায় পাকড়াও করে কৈফিয়ত চায়— কাল আসেননি কেন? টিচার্স রুমের পরিবেশটা আর আগের মতো নেই ঠিকই, কিন্তু জুনিয়রদের দু-একজনের জন্যে এখনও বাসযোগ্য আছে। সমবয়সীদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ স্বস্তিকা, তার এখনও এক বছর চাকরি আছে। তাই শরীরটা খুব খারাপ না থাকলে চন্দনা আজও স্কুল কামাই করেন না। ছুটি জমে আছে, কিন্তু নিয়ে হবে কী? যত বেশিক্ষণ বাড়িতে থাকবেন, তত সুধার খ্যাপামি সহ্য করতে হবে।
সুধা যখন প্রথম আসে, তখন কিন্তু মানুষটা ঠিক এর উল্টো ছিল। চন্দনার কত্তা অধীর তো মাঝেমাঝে রেগেই যেতেন— কী একটা মেয়েকে ধরে আনলে! একে তো গলা শোনা যায় না, তার উপর ঘাড়টাও নাড়ল কি নাড়ল না বুঝতে পারি না। চন্দনা বলতেন, বাড়াবাড়ি কোরো না। তোমাদের বাড়ির সবার গাঁক গাঁক করে কথা বলা স্বভাব, তোমার সঙ্গে থেকে থেকে আমারও হয়েছে তাই। দুনিয়ার সবাই ওরকম হয় নাকি? আর কাজের লোকের বেশি কথাবার্তা না বলাই ভালো। ও চুপচাপ কাজ করে, এটাই আমার ভালো লাগে। আমি তো আর পাঁচটা বাড়ির গিন্নির মতো ঝগড়া করতে পারি না, অত সময়ও নেই। সুধা অধীরের প্রাথমিক অপছন্দ কাটিয়ে উঠে ভরসার জায়গা হয়ে উঠেছিল মূলত তার রান্নার জন্যে। তিন কুলে কেউ না থাকা, অকালবিধবা মেয়েটার খোঁজ চন্দনাকে দিয়েছিলেন এক ছাত্রের মা। চন্দনা তখন প্রাইভেট পড়াতেন, শাশুড়ি সদ্য মারা গেছেন। উনি থাকতে চন্দনাকে সংসার নিয়ে বিশেষ ভাবতে হত না। হঠাৎ চলে যাওয়ায়, সাড়ে নটার মধ্যে রান্নাবান্না করে স্কুলে দৌড়তে দৌড়তে ক্রমশ নেতিয়ে পড়ছিলেন। রান্নার লোকের খোঁজে ছিলেন স্বামী-স্ত্রী দুজনেই, কিন্তু যে দেখা করতে আসে, হয় তার ট্যারাব্যাঁকা কথা শুনে চন্দনা সভয়ে বাতিল করেন। নইলে অধীর নাড়িনক্ষত্র জেনে নিয়ে নাক কুঁচকে চন্দনার কানে কানে বলেন— এদেশি তো, রান্নায় বড্ড মিষ্টি দেবে।
অভীকের মা এসে চন্দনাকে বলেছিলেন— আমার সন্ধানে একজন অল্পবয়সী বিধবা আছে। আপনার যদি আপত্তি না থাকে, তাহলে নিয়ে আসব একদিন।
—আপত্তি! আমি এখন যাকে হোক একটা পেলেই বাঁচি।
—না, মানে অল্পবয়সী মেয়ে…
—তাতে কী?
—ইয়ে… বাড়িতে দাদা আছেন…
চন্দনা অনেক কষ্টে রাগ সামলে বলেছিলেন, দাদা বাড়িতে থাকেই না প্রায়। আপনি নিয়ে আসুন কালই।
সুধার ইন্টারভিউতে অধীরের অংশটাই বেশি শক্ত ছিল। চন্দনা কেবল জিজ্ঞেস করেছিলেন কত মাইনে চায়। সুধা ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিল, পাশ থেকে অভীকের মা বলে দেন, ও কখনও কোথাও কাজ-টাজ করেনি, আপনি ভালো বুঝে যা দেবেন। আমাদের শিখাকে তো চারশো দিই। অতএব ওটাই সুধারও মাইনে হয়ে গেল, চাকরি পাকা। কিন্তু অধীর অত সোজা লোক ছিলেন না। তিনি বললেন, দাঁড়াও, দাঁড়াও। আগে জেনে নিই রান্নাবান্না ঠিকঠাক পারে কিনা। হ্যাঁ গো, তুমি ঘটি না বাঙাল? চন্দনা বললেন, আঃ! থামো তো। অধীর পাত্তা দিলেন না।
সুধা বলল, বাপের বাড়ি নামখানা, শ্বশুরবাড়ি বসিরহাট।
অধীর একটু ক্ষুণ্ণ হয়ে বললেন, হুম।
—আমার স্বামী বাঙাল ছিল।
অধীর নড়েচড়ে বসলেন।
—কদ্দিন বিয়ে হয়েছিল?
—দশ বছর।
অভীকের মা জানালেন— ছেলেপুলে হয়নি, স্বামী ড্রাইভারি করত। অল্প বয়সে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে গতবছর। শ্বশুরবাড়ির লোক এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, বুঝলেন না? এদিকে ওর মা-বাবা আগেই… ভাইগুলো অমানুষ, থাকতে দেয় না। এখানে মামাতো ভাইদের সংসারে কোনওমতে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে।
—কাদের বাড়িতে থাকো? অধীর জিজ্ঞেস করলেন।
—পানদের বাড়ি। ওই যে গ্রিলের দোকান…
—হুম।
চন্দনা জানতেন, এই দ্বিতীয় হুমটার মানে হল— অধীরের মন নরম হয়েছে বেচারির দুর্দশা শুনে। যদিও মুখ দেখে বা গলার স্বর থেকে তা অন্য লোক বুঝতে পারবে না। অধীর একই সুরে জিজ্ঞেস করে গেলেন— কচুর লতি করতে পারো?
সুধা ঘাড় হেলাল।
—চিংড়ি দিয়ে পারবে?
পারবে।
—চিতলমাছের মুইঠ্যা?
পারবে।
—মরিচ ঝোল?
পারবে।
—নারকেলের নাড়ু বানাতে পারো?
পারে।
—পিঠে-ফিঠে করতে পারো?
পারে।
—আমি কিন্তু সকাল দশটায় বেরিয়ে যাই, বৌদি বেরোয় আরও সকালে। অত সকালে ভাত, ডাল, তরকারি, মাছের ঝোল— এত সব করে উঠতে পারবে?
পারবে।
—কামাই করবে না তো বেশি?
ঘাড় দুদিকে নড়ল।
যেন নিরুপায় হয়ে, অধীর বললেন, তাহলে করুক। বলে উঠে গেলেন। কবে থেকে আসবে, কটায় আসবে সে-সব আলোচনা চন্দনাই করলেন। সেটা তিরিশ বছর আগেকার কথা। মাঝে অবশ্য একটা বড়সড় পরিবর্তন হয়েছে। কাজে যোগ দেওয়ার বছরখানেক পরে, যখন অধীর সুধার রান্নার ভক্ত হয়ে গেছেন, এক রবিবার দুপুরে স্বামী-স্ত্রী খেতে বসেছেন, অধীর জিজ্ঞেস করলেন— আচ্ছা, সুধার মামাতো ভাইগুলো ওকে খেতে-টেতে দেয় না নাকি? দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে না?
—নতুন করে শুকিয়ে যাচ্ছে কিনা জানি না, তবে শুরু থেকেই দেখে মনে হয় রুগ্ন।
—বেঁচে থাকার লড়াইটা এত কঠিন ওর, স্বাস্থ্য আর হবে কোত্থেকে? তবে বয়সটা অল্প… বরের মতো অকালে মারা না যায়।
—ইশ! কী খারাপ মুখ তোমার! এরকম কেউ বলে?
—আরে বাবা, দেখে চিন্তা হয় বলেই বলছি। খারাপের জন্যে তো বলছি না।
অবাক কাণ্ড! পরদিনই রান্না করতে করতে মাথা ঘুরে পড়ে গেল সুধা। পারিবারিক ডাক্তারকে ডেকে আনা হল, চন্দনা আর অধীরের অফিস আর স্কুল কামাই হল। বৃদ্ধ ডাক্তার বললেন, ক্ল্যাসিক কেস অফ অ্যানিমিয়া। বিধবা হয়েছ বলে তিনশো পঁয়ষট্টি দিন সাবু খেয়ে থাকো নাকি, মা?
ওষুধ-টষুধ কিনে দেওয়ার পর অধীর বিস্তর বকাবকি করলেন, সুধা চুপ করে রইল। তারপর তিনি সরে যেতে চন্দনার কাছে সে স্বীকার করল যে পেট ভরে খাওয়াই হয় না। মামাতো ভাইরা নিজের ভাইদের থেকে মোটেই উন্নত জীব নয়, বাড়ির এক কোণে থাকতে দিয়েছে— এই পর্যন্ত। দুটো বাড়িতে রান্না করে সে যা রোজগার করে, তারও বেশিরভাগটাই তারা নিয়ে নেয় রাহাখরচের নাম করে। অধীর শুনে বললেন— একেবারে অমানুষ। ওকে বলো, ও-বাড়িতে থাকতে হবে না। পোঁটলাপুঁটলি নিয়ে চলে আসুক। মায়ের ঘরটা তো খালিই পড়ে আছে, ওখানে থাকবে। চন্দনা ওই কথাটাই কিন্তু কিন্তু করে বলতে পারছিলেন না। সুধাকে বলতেই অবশ্য সে রাজি হয়নি, তার আশঙ্কা ছিল তাকে অন্য বাড়িতে কাজ করতে দেওয়া হবে না। কিন্তু চন্দনা-অধীরের তেমন কোনও দাবি ছিল না। সেই থেকে সুধা রয়ে গেছে।
সুধা বদলেছে অনেক, সবুজগ্রামের মতোই। সেকালে সন্ধের পর বাঁশবনে শিয়াল ডাকত, এখন বাঁশবন ব্যাপারটাই উধাও। তখন সাইকেল চালাতে না জানলে তাড়াহুড়োর সময়ে বাড়ি থেকে স্টেশন যাওয়া মহা ঝক্কির ব্যাপার ছিল। পাড়ার স্ট্যান্ডে রিকশা না থাকলে হাঁটা ছাড়া অন্য রাস্তা ছিল না। এখন অটো, টোটোর ছড়াছড়ি। সুধা দিব্যি ছিল, বাড়ির মেয়ে হয়ে উঠেছিল। কিন্তু বছর দুয়েক হল মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিয়েছে। দশ বছর আগে অধীর যখন সেরিব্রাল অ্যাটাকে আচমকা চন্দনাকে একা করে দিয়ে চলে গেলেন, তখন চন্দনা একেবারে বিছানায় পড়ে গেছিলেন। সেইসময় সুধা না থাকলে তিনিও বাঁচতেন না বেশিদিন। ছেলেপুলে হয়নি, তিন কুলে আর কেউ নেই। সুধা যখন দিনরাত সেবা করত, চন্দনা ভাবতেন— ছোট ছোট সিদ্ধান্ত মানুষের জীবনে কত বড় বড় কাণ্ড ঘটিয়ে দেয়। সেইসময় যদি সুধাকে কাজে না রাখা হত, আজ তো তিনি কাগজে বেরোনো খবরের মতো একলা মরে পড়ে থাকতেন। গন্ধ বেরোলে তবে আশপাশের লোকেরা পুলিশে খবর দিত, পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করত। চন্দনার বিয়ের সময়কার পাড়াও তো আর নেই। চন্দনাদের বাড়ি ছাড়া আশপাশের সব বাড়িই ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে। সবচেয়ে বড় হাউজিংটা হয়েছে মোড়ের মাথায়— গিরিকুঞ্জ অ্যাপার্টমেন্টস। ওটার যখন ভিত খোঁড়া হচ্ছিল সাইনবোর্ড লাগিয়ে, অধীর তখনও জীবিত। বলেছিলেন— শালাদের ঢং দেখেছ? ভাগীরথীর ধারে নাকি গিরি। সেই গিরিকুঞ্জে কাজের লোকেদের ঢুকতে গেলে নাকি আইকার্ড দেখাতে হয়, তাদের জন্যে আবার আলাদা লিফট। এসব কথা নিজের বাড়ির কাজের লোক বিউটির মুখে শোনেন চন্দনা। আগে অবাক হতেন, এখন অবশ্য বুঝে গেছেন— সর্বত্র এরকম ফ্ল্যাটবাড়ি হয়েছে। এখন এটাই দস্তুর। তা নিয়ে সমস্যা ছিল না, সমস্যা হয়েছে সুধার মাথাটা বিগড়ে যাওয়ার পাশাপাশি পুরনো সবুজগ্রামের শেষ চিহ্নগুলোর একটা— বিউটিদের বাড়িগুলো নিয়ে।
এরা সব গরিব মানুষ। ছোট ছোট একতলা বাড়িতে থাকে, গোটা বিশেক পরিবার। এদের বাড়ির মেয়ে-বউরা লোকের বাড়িতে কাজ করে, ছেলেরা কেউ ট্রেনে হকারি করে, কেউ টোটো চালায়, কেউ সিকিউরিটি গার্ডের চাকরি করে, কেউ আবার নেশা করা ছাড়া কিছুই করে না। ওদের বাড়িগুলো চন্দনার বাড়ির পিছনের পাঁচিলের ওধারেই। সে তো বিয়ের পর থেকেই দেখছেন, এতদিন সমস্যা হয়নি। এখন সুধার পাগলামির কারণে হচ্ছে। ওদের বাড়ির ছোট ছোট ছেলেগুলোর প্রিয় খেলা হয়ে দাঁড়িয়েছে নিচু পাঁচিলের উপর দিয়ে লাফিয়ে চন্দনার উঠোনে এসে পড়া। ওখানে শান বাঁধানো নেই, ঘাসজমি। বর্ষায় জল জমে যায়, তবু বাড়ির মধ্যে এক খণ্ড ঘাসজমি থাক— এমনটাই অধীরের ইচ্ছে ছিল। দু-একবার পিছলে পড়ে গিয়ে চোট পেয়েও চন্দনা সে ইচ্ছের অমর্যাদা করতে চাননি। এই খেলাটা হয়ে দাঁড়িয়েছে খিটখিটে হয়ে যাওয়া সুধার অশান্তির বড় কারণ। বয়সে সে চন্দনার চেয়ে সামান্য বড়ই হবে, এখন অস্টিওপোরোসিসের ঠ্যালায় ভালো করে হাঁটাচলা করতে পারে না। একটানা দাঁড়িয়ে থাকতে তো পারেই না, তাই রান্নার লোক সরস্বতীকে হুকুম করাই তার কাজ হয়েছে। সরস্বতীর প্রায় কোনও রান্নাই সুধার পছন্দ হয় না, ফলে বিস্তর বকাবকি করে। সেই বকাবকির চোটে প্রতি সপ্তাহেই সরস্বতী বলে, বৌদি, আমি কাল থেকে আর আসব না। চন্দনাকে অনেকক্ষণ ধরে বাবা-বাছা করতে হয়, শেষে সরস্বতী বলে, আপনি বলছেন তাই এবারকার মতন মেনে নিলাম। আরেকবার হলে কিন্তু…। এই কথোপকথনের সময়ে নিজের ঘর থেকে সুধা সরস্বতীকে অভিশাপ দিয়ে চলে, ভাগ্যিস বাইরে আসে না! বিউটির সঙ্গেও রোজ লেগে যেত আগে, কিন্তু বিউটি চন্দনাকে বলেছে, ওনার তো ইস্ক্রু ঢিলা। কী আর কতা বলব? তাই সুধা যা বলে, সে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। ভাগ্যিস! সুধাও চেঁচামেচি করে যখন ক্লান্ত হয়ে যায়, তখন চুপ করে যায়। কিন্তু ওই বাচ্চা ছেলেগুলোর ব্যাপারটা কিছুতেই সামলানো যাচ্ছে না।
বিকেলের দিকে প্রায় এক-দেড় ঘন্টা ওরা হুজ্জতি করে। পাঁচিলের ওপারে একটু দূর থেকে দৌড় শুরু করে ওরা, তারপর পাঁচিলের উপর দিয়ে লাফ দিয়ে চন্দনার উঠোনে এসে পড়ে। গোটা দশেক ছেলের একটা দল, কে কত দূরে লাফ দিয়ে পড়তে পারে তার প্রতিযোগিতা। যেখানে লাফ দিয়ে পড়ে সেখানে মাটির ভাঁড়ের ভাঙা টুকরো গেঁথে দেয় ওরা। যারটা সবচেয়ে দূরে, সে-ই জয়ী। এই খেলা বছরখানেক হতে চলল শুরু হয়েছে। প্রথম দিনই বকে তাড়িয়ে দিলে হয়ত থেমে যেত, কিন্তু চন্দনা আবার সেটা করতে পারেন না। চোদ্দ-পনেরো বছরের ছেলেরা নির্দোষ খেলা করছে বলে তাড়িয়ে দেওয়ার কোনও মানে খুঁজে পান না তিনি। সুধার যুক্তি হল— মাঠে গিয়ে খেলুক, অন্যের বাড়ির মধ্যে ঢুকে আবার খেলা কীসের? যদিও সুধার কথার মধ্যে যুক্তি খোঁজার মানে হয় না, কারণ সে সকাল থেকে রাত পর্যন্ত রেগে ওঠার অজুহাত খোঁজে এখন। রেগে উঠতে পারলেই যেন শান্তি। ডাইনিং টেবিলে নুনের শিশিটা মরিচের শিশিটার ঠিক গায়ে গায়ে কেন নেই, জলের বোতলগুলো কেন ছোট থেকে বড় করে সাজানো নেই, সরস্বতী একটা বাড়ির বউ হয়ে রোজ সালোয়ার কামিজ পরে কাজে আসে কেন, বাথরুমে ঝুল জমেছে কেন, বিউটির মোবাইলের আওয়াজটা অত জোরে কেন— সবকিছুই তার রেগে যাওয়ার কারণ। এমনকি একেকদিন চন্দনার চুল বাঁধা ঠিক হয়নি— এই অভিযোগ করেও সে বাড়ি মাথায় করে। কিন্তু এ-কথা ঠিক যে ছেলেগুলোর ওই খেলার ফলে প্রচণ্ড ধুলো ওড়ে, পিছনদিকের বারান্দাটা নোংরা হয় বেশি। এখন অবশ্য বর্ষাকাল, কিন্তু তার ফলে ওদের দাপটে উঠোনটা একেবারেই ব্যবহার করা যাচ্ছে না, সারাক্ষণ কাদা হয়ে থাকছে। কাদায় মাখামাখি হয়ে কেন যেন ছেলেগুলো দ্বিগুণ আনন্দ পায়, দ্বিগুণ চেঁচায়— এই অভিযোগ সুধার মুখে শোনার পর রবিবারগুলোতে চন্দনা নিজের চোখেও দেখেছেন। ওরা আবার রিল বানাচ্ছে এই খেলার! অত চেঁচামেচিতে একটু অস্বস্তি হয় বটে, কিন্তু কতকগুলো বাচ্চা ছেলেকে অত তুচ্ছ কারণে আনন্দ করতে দেখে ভালোও লাগে। সুধার মতো ক্রমশ পাগল একজনের সঙ্গে জীবন কাটানোর ক্লান্তি খানিকটা দূর হয়। সে-কথা অবশ্য বাড়িতে প্রকাশ করার উপায় নেই। চন্দনার মুচকি হাসি সুধা দেখতে পেয়ে গেলে কদিন আর বাড়িতে কাক-চিল বসতে পারবে না। তবে হ্যাঁ, ওদের লাফিয়ে পড়া দেখতে গিয়ে কখনও কখনও চন্দনার চিন্তা হয়— যদি বেকায়দায় পড়ে হাত-পা ভাঙে কারও! ওদের সর্দার হল বিউটির ছোট ছেলে মন্টু। সে এখনই তার বাবার মতো ঢ্যাঙা। নেহাত দাড়ি-গোঁফ বেরোয়নি ভালো করে, নইলে আঠেরো-উনিশ বছরের ছেলে বলে চালিয়ে দেওয়া যেত। তাই চন্দনা বিউটিকে একবার বলেছিলেন ব্যাপারটা বন্ধ করা যায় কিনা দেখতে। বিউটি বলেছিল, বড্ড বজ্জাত হয়েচে, বৌদি। কারও কতা শোনে না। ওর বাপের আদরে এরকম হয়েচে। ওর ঠ্যাং খোঁড়া করে দেব আমি। লোকের বাড়ির মদ্যে ঢুকে খেলা করা বার করচি। এরপর দিন দুয়েক ব্যাপারটা বন্ধ ছিল, ফের যে কে সেই। চন্দনা এখন ঠিক করেছেন— ওদিকে তাকাবেনই না। এমনিতেও সারা সপ্তাহ ব্যাপারটা চন্দনা স্কুল থেকে ফেরার আগেই শেষ হয়ে যায়। শনি, রবি বিকেলে হুল্লোড়টা দেখতে মন্দ লাগে না। বরং সুধার চেঁচামেচিটা না থাকলে আরও উপভোগ করা যেত বলে মনে হয়। সুধা সরাসরি চন্দনার কাছে ঘ্যানঘ্যান করায় তিনি একদিন ধমকেও দিয়েছেন, নিজের মতো করে থাকতে পারো না? সারাক্ষণ এ কী করল, সে কী করল! বাড়িতে টিভি আছে, টিভি দেখবে। কয়েকটা বাচ্চাছেলে তোমার কোন পাকা ধানে মই দিয়েছে?
—বাড়ির মধ্যে ঢুকে পড়বে তা বলে? ওরা নেশাভাঙ করে। উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খায়, জানেন?
—খায় তো খায়। তোমার তাতে কী? ওরা যখন খেলবে তখন ঘরে থাকবে, বারান্দায় যাবে না। তাহলেই তো হল।
—আরে ওদের চুরি-চামারি স্বভাব আছে, আপনি জানেন না। যদি এটা সেটা সরায়?
—উফ! আচ্ছা তুমি গ্রিলে তালা দিয়ে রাখবে। বারান্দায় উঠতে না পারলেই তো হল।
—এ আবার কী কথা! পাঁচিল দেয়া আছে তো। পাঁচিল টপকে অন্যের বাড়ি ঢুকবে কেন?
—আরে বাবা বাড়ির মধ্যে তো ঢুকছে না। আর এরা কি অচেনা লোক? বিউটির ছেলে তো ছোটবেলায় মায়ের হাত ধরে আসতই এ বাড়িতে। চোখের সামনেই থাকে এরা সবাই। অত বাড়াবাড়ি কোরো না। আমার বিরক্ত লাগছে।
—সময় থাকতে বলছি, ভালো লাগছে না তো? এদের ঢোকা বন্ধ না করলে বাড়িতে ডাকাত পড়বে একদিন। সেদিন টের পাবেন। গরিবের কথা বাসি হলে কাজে লাগে।
—কী করে ঢোকা বন্ধ করব? আমি কি বাড়িতে থাকি? ওদের আটকানোর জন্যে স্কুল কামাই করে লাঠি নিয়ে উঠোনে দাঁড়িয়ে থাকব? নাকি পুলিশে খবর দেব?
—অত কাণ্ড করার কী আছে? মিস্তিরি ডেকে পাঁচিলটা উঁচু করিয়ে নিলেই হয়। আপনি বললেই আমি কাজিপাড়ার কুতুব মিস্তিরিকে ফোন করে দেব। ওদের এসব একবেলার কাজ।
সুধার কথাবার্তা শুনে গা-পিত্তি জ্বলছিল চন্দনার। তিনি কড়া গলায় বলেছিলেন— দক্ষিণদিকের পাঁচিল উঁচু করিয়ে গরমকালের ঠান্ডা হাওয়াটা আটকে দিই আর কি। ওসব হবে না। তুমি নিজের চরকায় তেল দাও, সুধা। তেমন কিছু হলে আমি বুঝব।
সুধা চুপ করে গিয়েছিল তখনকার মতো, কিন্তু চন্দনা জানতেন সে এই নিয়ে গোলমাল চালিয়েই যাবে। কিন্তু ব্যাপার যে এতদূর গড়াবে তা কল্পনা করতে পারেননি।
পরপর দুটো ক্লাস করে এসে টিফিনের সময়ে ব্যাগ থেকে ফোনটা বের করতেই চন্দনা দেখলেন তেরোখানা মিসড কল— কিছু বিউটির ফোন থেকে, কিছু অজানা নম্বর থেকে। বিউটিকে কল ব্যাক করতেই সে প্রচণ্ড কান্নাকাটি করে কী যে বলল, চন্দনা সবটা বুঝে উঠতে পারলেন না। এইটুকু বুঝলেন যে সুধা খুব অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছুটির আগেই পড়ি কি মরি করে বেরিয়ে পড়লেন স্কুল থেকে, সবুজগ্রাম স্টেশনে নেমে সোজা ছুটলেন নার্সিংহোমে। দেখতে পেয়েই বিউটি যেভাবে হাউমাউ করে কেঁদে উঠে জড়িয়ে ধরেছিল, তাতে চন্দনার বুক ধড়াস করে উঠেছিল। পা দুটোয় কোনও জোর নেই মনে হচ্ছিল। দেখতে পেয়েই অবশ্য বেশ জাঁদরেল চেহারার, বিউটিরই বয়সী একটি মেয়ে এগিয়ে এসে ঝাঁঝিয়ে উঠল— আরে তুই এমন কথায় কথায় কাঁদছিস কেন রে? কাকিমাকে আগে বলবি তো কী হয়েছে। কেঁদেই সারা হল। আচ্ছা আমি বলবখনে। তুই সর তো, ওদিকে যা।
বিউটি গিয়ে বেঞ্চে বসে পড়ল, মেয়েটি বলল, আপনি আমায় চিনবেন না। আমার নাম আভা। আমার বাবা কাকুকে স্টেশনে নিয়ে যেত।
ভেরিকো’জ ভেনের জন্যে যখন অধীরের সাইকেল চালানো নিষেধ হয়ে গেল, তখন পাড়ার রিকশাওলা রাম সিংয়ের সঙ্গে মাসকাবারির বন্দোবস্ত হয়েছিল স্টেশনে নিয়ে যাওয়া, নিয়ে আসার। চন্দনা আভার ছোটবেলার মুখটা মনে করতে পারলেন।
—কাকিমা, আসলে আমাদের ছেলেপিলেগুলোই বাড়াবাড়ি করে ফেলেছে। তাই বিউটি অত কান্নাকাটি করছে…
—সুধার কী হয়েছে আগে বলো তো… আছে তো?
আভা জিভ কেটে বলল, এ মা, ওরম ভাবছেন কেন? বিউটিটা আপনাকে ফোনে কী বলেছে কে জানে! সুধাপিসির তো পড়ে গিয়ে কোমরে লেগেছে।
চন্দনার ঘাম দিয়ে জ্বর ছাড়ল। তিনি আর থাকতে না পেরে বিউটির পাশে গিয়ে বসে পড়লেন। তখন চোখে পড়ল, নার্সিংহোমের লবি-ভর্তি চেনা মুখ। এদের কারও নাম তিনি জানেন না, তবে সকলেই যে বিউটির প্রতিবেশী তা দেখেছেন। একজন বোধহয় বিউটির বর; কী যেন নামটা! পাঁচিল টপকে লাফ দেওয়া ডানপিটেগুলো প্রায় সবাই রয়েছে।
—আমাদের এরা সব বড্ড বাড় বেড়েছে। তাতেই এই বিপদটা হল। আজ আবার আপনার উঠানে ঝাঁপ দিতে লেগেছিল, তা সুধাপিসি কী দু-চারটে কথা বলেছে আর এরাও মুখে মুখে উত্তর করেছে। তাই সুধাপিসি ওদের বাপ তুলে গাল পেড়েছে। কাজটা কি ভালো হল, বলুন? আমি কাপড় কাচছিলাম, শুনে আর থাকতে পারিনি। আমিও দু-চারটে ভালোমন্দ কথা বলে ফেলেছি। আপনি বললে আমি পা ধরে ক্ষমা চেয়ে নেব, কিন্তু আমরা লোকের বাড়ি কাজ করি বলে আমাদের বাজারের মেয়েছেলে বলা কি উচিত, বলুন? আমাদের কোনও সন্মান নেই?
শুনে চন্দনার সুধার উপরে ভয়ানক রাগ হল। তিনি অনেকদিন ধরেই আশঙ্কা করছিলেন— ওর রাগের মাথায় যা নয় তাই বলার অভ্যাস থেকে একটা বিপদ ঘটবে। তিনি হাতজোড় করে বললেন— ছি ছি! আমি খুব লজ্জিত। ওর হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি।
আভা আর বিউটি, দুজনে মিলে তাঁর হাত চেপে ধরল। বিউটি বলল— এ রাম! কাকিমা কী করচ! অমনি কোরো না। পিসিমার কি মাতার ঠিক আচে? আভাকে কতবার বলেচি, ওনার কতা ধরবি না। পাগলের ওপর রাগ করে? খামোকা বুড়ি মানুষের সাথে রাগারাগি না কল্লেই এত কাণ্ড হত না।
জাঁদরেল আভা লজ্জা পেয়ে বলল, সে আমি মানছি, কিন্তু ক্যারেক্টার তুলে কথা বললে কেমন সহ্য করতে পারি না।
বিউটি হঠাৎ খেপে উঠে মন্টুকে ডাক দিল। যত নষ্টের গোড়া এই শয়তানটা। এদিকে আয়, আয় শিগগির। সে বেচারা ভয়ে ভয়ে এগিয়ে আসতেই বিউটি তার চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে মারতে লাগল, আভা আর চন্দনা দুজনে মিলেও সামলাতে পারেন না। কী বিশ্রী দৃশ্য! অনেক কষ্টে ছাড়িয়ে নিয়ে চন্দনা ছেলেটার মাথায় হাত-টাত বুলিয়ে দিলেন, আভা ওকে সরিয়ে দিল। চন্দনা ধমকালেন— এসব কী হচ্ছে, বিউটি? এত বড় ছেলেকে কেউ মারে? তাও এত লোকজনের মাঝখানে? খবরদার এরকম করবে না।
—হাতে-পায়েই বেড়েচে, ঘটে বুদ্ধি হয়নি। তুমি জানো না কাকিমা। আভার সঙ্গে পিসিমা ঝগড়া করচিল, ও তার মদ্যে জিভ ভেঙিয়েচে। তাতেই তো পিসিমা ওকে মারতে দৌড়েচে, আর কাদায় পিছলে পড়ে এই কাণ্ড।
দৃশ্যটা কল্পনা করে হাসি পেয়ে গেল চন্দনার, চেষ্টা করেও চাপতে পারলেন না। তাঁর ফিক করে হাসা দেখে আভা হাসিতে ফেটে পড়ল। এরই মধ্যে যাকে বিউটির স্বামী বলে মনে হচ্ছিল, সে এসে বলল— কাকিমা, একবার ডাক্তারবাবুর সাথে কথা বলবেন? আপনার নাম করে ভর্তি করেছি, নইলে নিতে চাইছিল না। আমাদের কাছে তো টাকাপয়সা…
ঠিক কথা। চন্দনার এতক্ষণ খেয়াল হয়নি। তিনি সোজা নার্সিংহোমের মালিক ডাক্তার অরুণাংশু হোমের চেম্বারে ঢুকে পড়লেন। অরুণ ছোটবেলায় চন্দনার কাছে প্রাইভেট পড়ত।
—কী রে! কত টাকা খসাবি আমার?
অরুণ লাজুক হেসে বলল, বসুন, বসুন। খরচ হবে ভালোই, তবে জোর বেঁচে গেল সুধাপিসি।
—কেন রে? হাড়-টাড় ভেঙেছে নাকি? কাদায় পিছলে পড়ে গেছিল বলল যে ওরা?
—হ্যাঁ তাই-ই। পড়ে গিয়ে কোমর ভেঙেছে, আবার উত্তেজনার চোটে একটা স্ট্রোকও হয়ে গেছে। এখন বেশ কিছুদিনের জন্যে বিছানায়।
চন্দনার মুখ ছোট হয়ে গেল।
—এরা অ্যাম্বুলেন্স-ট্যাম্বুলেন্সের ধার ধারেনি। টোটো করে এখানে নিয়ে এসে চিৎকার চেঁচামেচি করে এমার্জেন্সিতে ঢুকিয়ে দিয়েছে। নইলে বাঁচা মুশকিল ছিল।
—সে কী রে! এখন কী অবস্থা?
—কোমরের তো অপারেশন করতে হবে, বুঝতেই পারছেন। হার্ট এখন স্টেবল, তবে মনিটরিংয়ে রেখেছি। আগামী দু-এক দিনের মধ্যে আবার স্ট্রোক না হলে বিপদ নেই।
—কী করা উচিত বল। এখানে সামলানো যাবে, নাকি কলকাতায় নিয়ে যেতে হবে? সেটা হলেও তোকেই সব ব্যবস্থা করতে হবে বাবা। আমি তো কাউকে চিনি-টিনি না।
—না, আপাতত অত সিরিয়াস কন্ডিশন নয়। আমরাই সামলে নেব, আপনি চিন্তা করবেন না। সেরকম হলে নিজেই বলব।
—ওর কি এখন জ্ঞান আছে? দেখা করতে পারব একবার?
—হ্যাঁ হ্যাঁ, যান না। দোতলায় উঠেই বাঁদিকে। আপনার লোক, তাই আমি জিজ্ঞেস না করেই কেবিনে দিয়েছি। তবে বেশি কথা বলাবেন না।
চন্দনা বাইরে এসে বিউটিকে খুঁজলেন। মন্টু বলল, মা বাবাকে রেঁধে দিতে গেল। বাবার নাইট আছে আজকে।
—আচ্ছা, তুমি আমার সাথে এসো।
অত বড় চেহারার ছেলেটা এমন ভয় পেয়ে গেল যে চন্দনার হাসি পেল।
—বাবা, আমি বুড়ো মানুষ তো, রোগীর ঘরে একা একা যেতে ঠিক ভরসা হয় না।
ছেলেটা হাত-পা নেড়ে বলল, না না, আমাকে দেখলেই দিদা রেগে যাবে। মা বলল আমার জন্যেই শরীর খারাপ হয়েছে।
—ধুর বোকা। কিচ্ছু হবে না। এসো আমার সঙ্গে— বলে খপ করে মন্টুর হাতটা ধরে লিফটে উঠে পড়লেন চন্দনা।
কেবিনে ঢুকতে গিয়ে প্রথমে মনে হল সুধা ঘুমোচ্ছে, কিন্তু দরজা খোলার আওয়াজেই চোখ খুলল। হাতটা বাড়িয়ে দিল, চন্দনা ভেবেছিলেন তাঁর দিকে। কিন্তু তিনি ধরতে যেতেই আঙুল দিয়ে মন্টুকে দেখাল। মন্টু চোরের মতো চন্দনার পিছনে লুকিয়ে থাকার চেষ্টা করছিল, কিন্তু পাঁচ ফুট দু ইঞ্চির পিছনে কি আর পাঁচ ফুট সাত ইঞ্চি লুকোতে পারে? চন্দনা তাকে এগিয়ে দিলেন। সুধা তার হাত ধরে ইশারায় মাথাটা নামাতে বললেন, ছেলেটা ভয়ে ভয়ে নামাল। সুধা মাথায় হাত বুলিয়ে দিয়ে একটা চুমু খেলেন, চন্দনা স্বস্তির নিশ্বাস ফেললেন। নিচে অন্তত আভাকে দেখতে পেলেও তিনি সদ্য স্ট্রোক হওয়া রোগীর কাছে স্ট্রোকের কারণকে নিয়ে আসার ঝুঁকি নিতেন না।
সুধা ক্ষীণ কণ্ঠে বলল— ওর জন্যেই আজকে বেঁচে গেলাম, বৌদি। অজ্ঞান হয়ে যাবার আগে টের পেলাম, ও আমাকে কোলে তুলে নিয়ে দৌড়চ্ছে।
চন্দনা হেসে বললেন— তাহলে কী করব বলো? কুতুবকে খবর দিয়ে পাঁচিলটা উঁচু করাব?
সুধা লজ্জা পেয়ে হেসে মুখ ফিরিয়ে নিল।


আপনার মতামত...