সুন্দরবনের বিপন্নতা ও বঞ্চনায় খতিয়ান— প্রসঙ্গ, ভাঙন

মেগনা মেহত্তা

 

আজকের দিনে সুন্দরবনের কথা উঠলেই উঠে আসে জলবায়ু পরিবর্তনের কথা। সমুদ্রের জলস্তর বাড়ছে, ঘূর্ণিঝড় বাড়ছে, লবণাক্ততা বাড়ছে, দ্বীপ ডুবছে। সংকট বাস্তব এবং গভীর। কিন্তু জলবায়ু পরিবর্তনের এই সর্বব্যাপী ব্যাখ্যা আরও নির্দিষ্ট ছোট ছোট কারণগুলোকে আড়াল করে দেয়। নদীভাঙনের পেছনে জোয়ার-ভাটা, স্রোত, পলিসঞ্চালন, সমুদ্রস্তর বৃদ্ধি, বাঁধ, নদীর গতিপথের পরিবর্তন, বন্দর, জাহাজ চলাচল— অনেকগুলো কারণ একসঙ্গে কাজ করতে পারে

 

পলিমাটির ‘আইনি জীবন’— ক্ষতিপূরণ, সুন্দরবন এবং ভূ-সামাজিক ন্যায়বিচারের সন্ধানে

নদীবাঁধে থাবা বসিয়েছে ভাঙন। দক্ষিণপাড়া, বালি ২ গ্রামপঞ্চায়েত, গোসাবা ব্লক, সুন্দরবন। চিত্র: মেগনা মেহত্তা

 

নদীতে অঝোরে বৃষ্টি পড়ছিল। আমরা নদীর দিকে মুখ করে বসেছিলাম। ঘনঘন প্রকাণ্ড জলযানের আনাগোনা দেখা যাচ্ছিল। আধঘণ্টার মধ্যেই পাঁচটা ‘বার্জ’ (barge) গেল নদী দিয়ে। নদীর ওপারে, সুন্দরবন টাইগার রিজার্ভ এলাকার ঠিক উল্টোদিকে মথুরাখণ্ড গ্রাম। সেখানকার বাসিন্দা মৎস্যজীবী তরুণদা বলছিলেন—

এই জাহাজগুলোর জন্য এখানে নদীর চরে ভাঙন হচ্ছে। জাহাজগুলো পলি জমতে দেয় না। কোথাও কোথাও বালির চর একটুখানি উঠেও আবার ভেঙে যায়। গত বছর এখানেই একটা জাহাজডুবি হয়েছিল। ছয় মাস আমরা মাছ পাইনি। জাহাজগুলো মাছ আর কাঁকড়ারও ক্ষতি করছে।

জাহাজগুলোর অধিকাংশই কয়লা পোড়ানোর ফলে তৈরি হওয়া উড়ন্ত ছাই বা ফ্লাই অ্যাশ নিয়ে ভারত থেকে বাংলাদেশে যায়। জলযানগুলো লঝঝড়ে, মরচে ধরা, এবং পুরনো। মাঝেমধ্যেই সেগুলো উল্টে যায়, ডুবে যায়। তখন শুধু নদীর জল নয়, নদীর তলদেশ, মাছ, কাঁকড়া, জলজ প্রাণী এবং গোটা নদী-অরণ্যের জীবজগতের ক্ষতি হয়। হুগলি নদী-সহ ভারতের জাতীয় জলপথগুলোতে পণ্য পরিবহণ বেড়ে চলেছে। তার অভিঘাত আছড়ে পড়ছে নদী-নির্ভর জনজীবনে।

গত এক দশক ধরে সুন্দরবনের বসতিপূর্ণ দ্বীপগুলোতে কাজ করতে গিয়ে জাহাজের এই সমস্যার কথা বারবার শুনেছি। মৎস্যজীবীদের কাছে এ কোনও বিমূর্ত ‘পরিবেশগত সমস্যা’ নয়। নদী ভাঙছে, মাছ কমছে, চর টিকছে না, জীবিকা অনিশ্চিত হচ্ছে। দিনে দিনে কমে আসছে জীবনে, যাপনে স্বাচ্ছন্দ্য।

 

কাদামাটির গ্রহ

বদ্বীপকে তৈরি করে নদী। আবার, ভাঙে, নতুন করে গড়ে— আবহমান বহতা এই ধারা অব্যাহত। নদী পলি বয়েই আনতে থাকে; সমুদ্রও ডাঙার দিকে পলি ঠেলে দেয়। এক জায়গায় কাদামাটি হারিয়ে যায় নদীর গর্ভে। অন্য কোথাও আবার গড়ে ওঠে নতুন চর। পলি তাই নিছক সুন্দরবনের ভূদৃশ্যের উপাদানমাত্র নয়; পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের অন্যতম প্রধান স্তম্ভ।

ভূতাত্ত্বিক ইতিহাসের দিকে তাকালে বোঝা যায়, মাটি-জমি-পাথর-নদী-কাঁকড়-বালি-পলি-ময় পৃথিবী বদলেই চলেছে। পাহাড় তৈরি হয়েছে, নদী পথ বদলেছে, সমুদ্র এগিয়েছে, পিছিয়েছে, মাটি সরে আবার নতুন ভূমি তৈরি হয়েছে। পৃথিবী গ্রহের ইতিহাস আদতে প্রবাহ, সঞ্চয়, ক্ষয় ও পুনর্গঠনের ইতিহাস।

সুন্দরবনে, এই ইতিহাসকে খুব কাছ থেকে দেখা যায়। এখানে সর্বত্র কাদা— বাদাঝাড়ের শিকড়ে, নদীজলে, ধানক্ষেতে, কাঁচা রাস্তায়। বৃষ্টি নামলে মাটি আরও কাদা হয়; নদী ফুলে উঠে সেই কাদাকে সরিয়ে দেয়; কোথাও জমে নতুন ভূমি তৈরি করে।

এই ভূ-প্রাকৃতিক প্রক্রিয়াগুলো নিছক ‘প্রকৃতির ব্যাপার’ নয়। এর উপর নির্ভর করে মানুষ কোথায় বসতি গড়বে, কোথায় চাষ হবে, কোথায় মাছ পাওয়া যাবে, কোথায় রাস্তা বা বন্দর তৈরি করা যাবে। নদী কোথা দিয়ে বয়ে যাবে, কোথা থেকে সরে যাবে— তার উপর নির্ভর করছে বহু গ্রাম-শহর-মাঠ-পাথার-বন্দরের জীবন ও ভবিষ্যৎ।

পৃথিবী নেহাতই মানুষের সঞ্চালিত সমাজ ও রাজনীতির রঙ্গমঞ্চ নয়। সে নিজেও সক্রিয়। নদী, পাহাড়, পলি, ভূগর্ভস্থ শক্তি, জোয়ার-ভাটা— সবকিছু দিয়ে সে প্রভাবিত করছে মানুষের ইতিহাস।

কিন্তু এখানেই গল্প শেষ হয় না।

নদীর পাড়ের রাস্তায় ফাটল ধরিয়েছে ভাঙন। দক্ষিণপাড়া, বালি ২ গ্রাম পঞ্চায়েত, গোসাবা ব্লক, সুন্দরবন। ছবি: মেগনা মেহত্তা

 

পৃথিবী ও মানুষ

পৃথিবীর ভূতাত্ত্বিক পরিবর্তনের পাশাপাশি মানুষও পৃথিবীর চেহারা বদলে দিচ্ছে— কখনও ধীরে, কখনও প্রবল বেগে। বাঁধ তৈরি হচ্ছে, নদীর গতিপথ বদলানো হচ্ছে, নদীর তলা থেকে পলি তুলে ফেলা হচ্ছে, বন্দর সম্প্রসারিত হচ্ছে, জাহাজ চলাচলের নতুন পথ তৈরি হচ্ছে। মানুষের তৈরি এই অবকাঠামোগুলো এখন পৃথিবীর ভূতত্ত্বকে প্রভাবিত করার মতো শক্তিশালী হয়ে উঠেছে।

এর একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হল হুগলি নদী।

শতাব্দীর পর শতাব্দী ধরে হুগলি ছিল বাণিজ্য ও সাম্রাজ্য বিস্তারের এক প্রধান জলপথ। ঔপনিবেশিক আমলে কলকাতা বন্দরকে ঘিরে এই নদীর গুরুত্ব আরও বেড়ে যায়। কিন্তু হুগলির একটা পুরনো সমস্যা ছিল— নদীতে বিপুল পরিমাণ পলি জমত। নদীর উজান থেকে পর্যাপ্ত মিষ্টি জল এলে সেই পলি অনেকটাই সরে যেত। কিন্তু নদীর গতিপথের পরিবর্তন এবং ভূ-প্রাকৃতিক নানা কারণে বন্দরের নাব্যতা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়তে থাকে।

স্বাধীনতার পর এই উদ্বেগের উপশমের জন্য তৈরি হল ফারাক্কা ব্যারেজ। গঙ্গার জলকে নির্দিষ্ট পথে সরিয়ে হুগলিতে প্রবাহ বাড়িয়ে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা ছিল এর অন্যতম উদ্দেশ্য। কিন্তু প্রকৃতিকে যন্ত্র দিয়ে, যন্ত্রের মতো নিয়ন্ত্রণ করার চেষ্টা কখনও একমুখী ফল দেয় না। ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর থেকেই নানা ধরনের পরিবেশগত ও সামাজিক সমস্যা সামনে আসা শুরু হল।

এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে: নদীকে ‘ঠিক’ করার জন্য যখন আমরা বাঁধ বানাই, নদীর গতিপথ বদলাই, পলি সরাই, বন্দর বাড়াই— তখন আমরা কি সত্যিই কেবল প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছি? নাকি একই সঙ্গে এমন এক নতুন ভূদৃশ্য তৈরি করছি, যার ফলাফল বহু দূরের মানুষের জীবনেও প্রভাব বিস্তার করবে?

 

অবকাঠামোর ভূতত্ত্ব

সমাজবীক্ষণে দীর্ঘদিন পৃথিবীকে স্থির পটভূমি হিসেবে দেখা হত। বদলাতে থাকা সমাজ, অর্থনীতি, রাজনীতিকে ধারণ করেও মাটি যেন একই জায়গায় পড়ে থাকে। বর্তমান জলবায়ু সংকট এই ধারণা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে আমাদের।

কারণ মানুষ এখন এমন মাত্রায় পৃথিবীর উপর হস্তক্ষেপ করছে যে মানুষের তৈরি বাঁধ, রাস্তা, বন্দর, খনি, শিল্পাঞ্চল, জলপথ এবং নগরায়নের ঘটনাগুলো ভূদৃশ্যের উপর তীব্র পরিবর্তনসাধন করে চলেছে।

এর অনন্য উদাহরণ হল ফারাক্কা ব্যারেজ। পৃথিবীর তীব্র ক্ষত হিসাবে তাই আজ আমাদের সামনে প্রকট হয়েছে হুগলি নদীর বন্দর-ব্যবস্থা, নদীগর্ভ থেকে নিয়মিত পলিমাটি তোলা, জাহাজ চলাচল, নদীর উপর ক্রমবর্ধমান বাণিজ্যিক চাপ।

এই ক্ষতগুলো, এবং এর প্রভাব, সবসময় দৃশ্যমান নয়। ধরুন, কোনও একটা নির্দিষ্ট জায়গার কোনও একটা নদীবাঁধ, যার প্রভাব বহু দূরের নদী, চর, কৃষিজমি এবং মানুষের জীবনে ছড়িয়ে পড়ছে। আবার ধরুন, কোনও একটা কোনও একটা নদী দিয়ে ঘণ্টাখানেক চলাচল করল; কিন্তু, এই চলাচলের ফলে সৃষ্ট ঢেউ, দূষণ বা নদীতলদেশের পরিবর্তনের প্রভাব থেকে যায় বহুদিন।

সেহেতু, পরিবেশের ক্ষয়ক্ষতির হিসাব করতে গেলে শুধু “কত হেক্টর জমি গেল” বা “কত টন মাছ কমল”— এই প্রশ্নই পর্যাপ্ত নয়। জমির সঙ্গে মানুষের সম্পর্ক আছে। জলের সঙ্গে জুড়ে আছে জীবিকা। অরণ্যের সঙ্গে সম্পৃক্ত অরণ্য-নির্ভর জনজাতিদের স্মৃতি, প্রজ্ঞান, সংস্কৃতি, পরিচয় এবং ঘরবাড়ির ধারণা।

তাই, নদী ভাঙলে মাটি ভাঙে, মানুষের জীবন-জগৎ ভাঙে।

 

বৃহৎ আখ্যান, ক্ষুদ্র দায়— জলবায়ু পরিবর্তন

আজকের দিনে সুন্দরবনের কথা উঠলেই উঠে আসে জলবায়ু পরিবর্তনের কথা। সমুদ্রের জলস্তর বাড়ছে, ঘূর্ণিঝড় বাড়ছে, লবণাক্ততা বাড়ছে, দ্বীপ ডুবছে। সংকট বাস্তব এবং গভীর।

কিন্তু জলবায়ু পরিবর্তনের এই সর্বব্যাপী ব্যাখ্যা আরও নির্দিষ্ট ছোট ছোট কারণগুলোকে আড়াল করে দেয়।

মথুরাখণ্ডের তরুণদা যখন বললেন, “জাহাজের জন্য নদী ভাঙছে”, তখন তাঁর বক্তব্য হয়তো নদীভাঙনের সম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়। নদীভাঙনের পেছনে জোয়ার-ভাটা, স্রোত, পলিসঞ্চালন, সমুদ্রস্তর বৃদ্ধি, বাঁধ, নদীর গতিপথের পরিবর্তন, বন্দর, জাহাজ চলাচল— অনেকগুলো কারণ একসঙ্গে কাজ করতে পারে।

তবে, আরেকটা দিক থেকে দেখলে বোঝা যায় যে তাঁর বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ।

“জলবায়ু পরিবর্তন” এক বিশাল, বৈশ্বিক, কখনও বা নিরাকার কারণ হয়ে উঠলে তার আড়ালে বাস্তবিকতা, বাস্তব মাটি-পৃথিবীতে বাস্তব মানুষদের দৈনন্দিন জীবনের প্রয়োজন আর তাগিদগুলো, স্থানীয় ও স্থানিকভাবে নেওয়া সিদ্ধান্তগুলো, চাপা পড়ে যায়। মূলধারার এমনটা ভাবার প্রবণতা দেখা যায়— “সমুদ্রের জল তো বাড়ছেই, তাই সুন্দরবন ভাঙছে।” এর আড়ালে চাপা পড়ে যাচ্ছে নদীগুলোতে কেন এত জাহাজের চলাচল, কোথায় বাঁধে বাধা পড়েছে নদীপথ, প্রবাহের পথে নদীর কোন কোন অঞ্চলে পলিমাটি আটকে যাচ্ছে, কোন শিল্প বা বন্দর সম্প্রসারিত হচ্ছে, কিংবা কার সিদ্ধান্তে বা কাদের স্বার্থসিদ্ধির জন্য সংঘটিত হচ্ছে এই পরিবর্তন— এই প্রশ্নগুলি।

বিশ্বজনীন জলবায়ু সংকট বাস্তব। কিন্তু তার আড়ালে স্থানীয় ও আঞ্চলিক দায়কে নস্যাৎ করে দেওয়া, উপেক্ষা করে করে অদৃশ্য করে দেওয়া— রাজনৈতিকভাবে বিপজ্জনক। কারণ, দায় নির্দিষ্ট করাই হল মানুষের রাজনৈতিক ক্ষমতার থাকা বা না-থাকাকে দৃশ্যমান করা। আর, সেখান থেকেই শুরু হতে পারে ন্যায়বিচারের পথচলা।

 

ক্ষতিপূরণ থেকে ভূ-সামাজিক ন্যায়বিচার

যে পারস্পরিক সম্পর্কগুলির মধ্যে দায় নির্দিষ্ট করতে হবে, সেগুলি জটিল। তাই, দায় নির্ধারণের পথও বন্ধুর।

এই প্রসঙ্গে, প্রশ্ন হল, একটা নির্দিষ্ট নদীভাঙনের জন্য কার কার কী কী দায়? কতটা দায় জাহাজের, কতটা বাঁধের, কতটা বন্দর সম্প্রসারণের, কতটা নদীর স্বাভাবিক গতিশীলতার, চলাচলের, আর কতটাই বা জলবায়ু পরিবর্তনের? আমরা কত বছর পিছনে তাকাব? শুধু বর্তমান নদীখাতের দিকে তাকাব, নাকি ঔপনিবেশিক আমলের নদী-নিয়ন্ত্রণ, বন্দরনির্মাণ ও জলপথব্যবস্থার ইতিহাসও বিবেচনায় আনব? উত্তর কঠিন, কিন্তু তাতে প্রশ্ন তার গুরুত্ব হারায় না।

 

ক্ষতিপূরণের রাজনীতি

সুন্দরবনের পরিবেশের ক্ষতির কথা বললে “ক্ষতিপূরণ” শব্দটা উঠে আসে। কিন্তু, কীসের ক্ষতি পূরণ?

বাড়ি ভেঙে গেলে তার দাম হিসাব করা যায়। জমির ক্ষেত্রফল অনুসারে বাজারমূল্য নির্ধারণ করা যায়। একটা নৌকো ডুবে গেলে নৌকোটার আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব। কিন্তু, সেই নৌকার সঙ্গে জড়িয়ে যে মানুষদের জীবিকা, নদী সম্পর্কে তাঁদের জ্ঞান, মাছ ধরার দক্ষতা, পরিবারের ভবিষ্যৎ, গ্রামের সঙ্গে সম্পর্ক— এসবের দাম কীভাবে নির্ধারণ করা যায়?

দ্বীপের কিছু অংশ নদীতে চলে গেলে শুধু যে জমিই হারিয়ে যায়, তা নয়। হারিয়ে যেতে পারে বহু পরিবারের বহু প্রজন্মের স্মৃতি। হারিয়ে যেতে পারে পেশা। হারিয়ে যেতে পারে নদীর সঙ্গে গড়ে ওঠা আঞ্চলিক লোকপ্রজ্ঞা। জমিহারা, বাস্তু ও জীবিকা হারানো মানুষদের সেখান থেকে অন্য জায়গায় চলে যেতে হয়। নতুন জায়গায় কি তাঁরা সেই একই মানুষ থাকবেন, তাঁদের একই জীবন হবে? তাঁদের সামাজিক সম্পর্ক, পরিচয়, জীবিকার দক্ষতা— সব কিছু কি তল্পিতল্পা ভরে নিয়ে যাওয়া যায়?

ক্ষতিগুলোর অনেকটাই কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ফটোগ্রাফে, সেই অনুসারে বানানো ম্যাপে ধরা পড়ে না। সরকারি পরিসংখ্যানে তো নৈব নৈব চ।

তবুও, ক্ষতিপূরণের দাবি অর্থহীন নয়। প্রশ্নটা অধিকারের। এই অধিকারের দাবির সীমাবদ্ধতার মধ্যেই নিহিত এর রাজনৈতিক গুরুত্ব। ক্ষতিপূরণের প্রসঙ্গ উঠলেই আনুষঙ্গিক প্রশ্ন উঠে আসে— কার ক্ষতি? কার সিদ্ধান্তের ফলে এই ক্ষতি? কার জীবনে এর ফলে ঘটা ক্ষত কতটা গভীর? ক্ষতিসাধনের দায় কে নেবে? ক্ষতিপূরণ শুধু টাকা পাওয়ার প্রশ্ন নয়। অধিকারের পাশাপাশি, রয়েছে দায়, ক্ষমতা এবং ন্যায়বিচারের প্রশ্ন।

দক্ষিণবাংলার বদ্বীপ ও তটরেখা, মানচিত্রে

 

আইনের দিকে তাকানো

প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটা পথ হল আইন।

২০১৮ সাল থেকে পরিবেশ-বিষয়ক আইনজীবীদের সঙ্গে কাজ করে, নদীভাঙনের নির্দিষ্ট কারণগুলোকে সামনে রেখে, জনস্বার্থ মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২০ সালে জাতীয় পরিবেশ আদালতে মামলা এনেছে দক্ষিণবাংলার ক্ষুদ্র মৎস্যজীবীদের ট্রেড ইউনিয়ন। ফ্লাই অ্যাশ বহনকারী জাহাজের চলাচলের পথ পুনর্বিবেচনা করা, পুরনো ও ঝুঁকিপূর্ণ জলযানগুলোর মান উন্নত করা, পরিবেশগত মূল্যায়নে আরও কঠোর হওয়া, দূষণ পরীক্ষা জোরদার করা— এই ধরনের দাবিগুলো একটু একটু করে উঠে আসছে।

তবে, আইনের পথচলা মন্থর। কাগজের স্তূপে ডুবে অ্যাফিডেভিটের ভারে মুখ লুকোয় বাস্তব জনমানুষের বাস্তব জীবনসংগ্রাম।

 

নিছক ক্ষতিপূরণই যথেষ্ট নয়

যা হারায়, তা কেবলমাত্র জমি বা বস্তুসম্পদ নয়।

জমির হারানোর অঙ্গ হিসাবে হারায় মানুষের জীবিকা। জলের সঙ্গে হারিয়ে যায় সম্পর্ক। অরণ্যের অপসারণের সঙ্গে সঙ্গে বিলীন হতে থাকে অরণ্য-নির্ভরতার প্রাকৃত-প্রজ্ঞান। একটা গ্রাম উঠে গেলে ইতিহাসের ফোঁকর গলে হারিয়ে যায় তার সামাজিক স্মৃতি। তেমনই, নদীদের হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা হারিয়ে ফেলতে থাকি এমন সব দক্ষতা, লোকদর্শন, জ্ঞান ও জীবনবোধ, যার ঠাঁইটুকু পাঠ্যপুস্তকে নেই।

ক্ষতিপূরণের হিসাব যতই নিখুঁত হোক, ক্ষতির ও ক্ষতের পূর্ণাঙ্গ হিসাব কষা আদৌ সম্ভবই নয়।

তবু, বাস্তবের কথা মাথায় রেখের ক্ষতির নির্দিষ্ট কারণগুলি যতটা সম্ভব অনুসন্ধান তো করতেই হবে। কারণ যদি আমরা সবকিছুর জন্য খালি “প্রকৃতি” বা “জলবায়ু পরিবর্তন”-কে দায়ী করি, তাহলে তা-ও একপ্রকার অদৃষ্টবাদ হয়ে দাঁড়ায়। ফলে, মানুষের নেওয়া সিদ্ধান্তগুলো অদৃশ্য হয়ে যায়, সঙ্গে সঙ্গেই অদৃশ্য হয়ে পড়ে রাজনৈতিক জবাবদিহির অমোঘ প্রশ্নটা।

বিষয়টাকে এইভাবে দেখলে, “ভূ-সামাজিক ন্যায়বিচার”-এর ধারণা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

 

ভূ-সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?

“ভূ-সামাজিক” কথাটার ব্যঞ্জনা হল এই যে, পৃথিবীর ভূতাত্ত্বিক ও সামাজিক ইতিহাসকে আলাদা করে দেখা যায় না। নদী আপন গতিতে চলে। মানুষ নদীকে বাঁধে বাধে। নদী পলিমাটি বহন করে। কিন্তু মানুষের বাঁধা আটকা পড়ে সেই পলি। সাগরে জল বাড়ে। মানুষ উপকূল অঞ্চলকে শিল্পায়িত করে। গড়ে তোলে বন্দর, রাস্তা, বাঁধ।

“প্রকৃতি” ও “সমাজ” পৃথক জগত নয়। উভয়ে একে-অপরকে ক্রমাগত গঠন-বিগঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঠেলে ঠেলে, ভেঙে-গড়ে নিয়ে চলেছে।

এই দৃষ্টিভঙ্গি আমাদেরকেও ঠেলে দেয় এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধের দিকে: পৃথিবীর পরিবর্তন মানুষের জীবনকে অসমভাবে প্রভাবিত করে চলেছে। যেমন, হসদেও আরন্ড-এ জঙ্গল হারালে আদিবাসীদের হাজার বছরের জীবন, যাপন, প্রজ্ঞা তছনছ হয়ে যায়, মুনাফায় ফুলেফেঁপে ওঠে আদানি কোম্পানি। সুন্দরবনের ক্ষেত্রেও এর ব্যাত্যয় নেই। গাঙ্গেয় অববাহিকায় যে কারখানাগুলো থেকে কয়লা পুড়ে বিদ্যুৎ হচ্ছে, যে জলযানগুলো সেই কয়লা-পোড়া ছাই তথা “ফ্লাই অ্যাশ” ভারত থেকে বাংলাদেশ নিয়ে যাচ্ছে, বা বাংলাদেশের যে কোম্পানি সেই ফ্লাই অ্যাশ দিয়ে ইট, সিমেন্ট ইত্যাদি বানাচ্ছে— তাদের মুনাফায় কতই বা ভাটা পড়ছে। কলকাতা বা হলদিয়ার পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ, বা জাতীয় ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি— এদের অফিসার, কর্মচারীদেরও এতে কতটুকুই বা আর ক্ষতি হচ্ছে সরাসরি? তার চেয়ে শতগুণে ক্ষতির মুখে পড়ছে জলযানের চলাচলে যে মৎস্যজীবীদের জাল ছিঁড়ে গেছে, নৌকো ভেঙে গেছে তাঁরা; বা ভাঙা জাহাজ থেকে ফ্লাই অ্যাশ জলে মিশে নদী থেকে মাছের উপলব্ধতা কমে গিয়ে যে মৎস্যজীবীরা জীবিকা হারাচ্ছেন তাঁরা; বা যে গ্রামবাসীদের বাড়ি বা ক্ষেত বা মাছ শুকানোর জায়গা চড়ার বা নদীবাধের লাগোয়া ভাঙনে হারিয়ে যাচ্ছে তাঁরা। সুন্দরবন বদ্বীপ ও উপকূলবর্তী দক্ষিণ বাংলার সর্বত্র। জালবায়ু পরিবর্তনের দায় ও সম্পদের সমবণ্টন কখনওই ঘটে না।

বড় বন্দর বিপুল বাণিজ্যিক লাভ করে। সেই বন্দরের জন্য হওয়া নদীভাঙনের বোঝা বহন করে উপকূলীয় গ্রামবাসী ও মৎস্যজীবী পরিবার। জলপথে পণ্য পরিবহণ জাতীয়-আন্তর্জাতিক অর্থনীতিকে লাভবান করে; সেই জলপথের তীরের মানুষ মাছ হারায়, চর হারায়, নদী হারায়।

এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে আমাদেরকেও বুঝতে হবে যে পরিবেশগত ন্যায়বিচার আদতে সামাজিক ন্যায়বিচারেরই আঙ্গিক।

 

কেন সুন্দরবনকে নতুনভাবে দেখা দরকারি

সুন্দরবনকে আমরা প্রায়ই এক “ভঙ্গুর” প্রাকৃতিক অঞ্চল হিসেবে দেখি— যেখানে রয়েছে বাঘ, বাদাবন, যেখানে ধেয়ে আসে ঘূর্ণিঝড়, যেখানে ঘন মেঘের সঙ্গে পাল্লা দিয়ে দিগব্যাপী ছেয়ে চলেছে জলবায়ু পরিবর্তনের সংকট।

সুন্দরবন নিছক এক সংরক্ষিত বনাঞ্চল নয়। এ এক জীবন্ত ভূদৃশ্য। নদী, পলিমাটি, কাদা, জোয়ার, মাছ, কাঁকড়া, ম্যানগ্রোভ, কৃষিজমি, নৌকা, মানুষ এবং মানুষের শ্রম— সব মিলিয়ে এর অস্তিত্ব।

এই ভূদৃশ্যের উপর মানুষের নানা ধরনের দাবি ও হস্তক্ষেপ রয়েছে। কোথাও সংরক্ষণ, কোথাও বন্দর, কোথাও পর্যটন, কোথাও নদীপথ, কোথাও বাঁধ, কোথাও শিল্প। প্রতিটা হস্তক্ষেপের পিছনে রয়েছে আলাদা, হয়তো সম্পৃক্ত, ইতিহাস; ইতিহাসের ধারা ধরে পৃথক পৃথক শ্রেণি ও গোষ্ঠীর মানুষ এই হস্তক্ষেপগুলোর সুবিধা পেয়েছে, অথবা বহন করেছে ক্ষতির বোঝা।

তাই, সুন্দরবন রক্ষার প্রশ্নকে শুধু “বাঘ বাঁচানো” বা “ম্যানগ্রোভ বাঁচানো”-র প্রশ্নে সীমাবদ্ধ রাখলে একেবারেই চলবে না। প্রশ্ন ওঠাতে হবে— সুন্দরবন কাদের? কার জন্য সুন্দরবন? সুন্দরবনের এই যে মুহুর্মুহু বদলাতে থাকা, এর মূল্য কে চোকাবে? কারাই বা লুটছে এই বদলে যাওয়ার ফায়দা?

সুন্দরবনের নদীতটে ভেঙে পড়া ফ্লাই-অ্যাশের জলযানের টুকরো-টাকরা

 

মূলধারায় চর্চিত “সভ্যতা”-র সংজ্ঞা ও ধারণা— পরিবর্তনের প্রয়োজন

সমস্যার শিকড় গভীরে।

যে জীবনযাপনকে আমরা “সভ্যতা” বলে অভিহিত করেছি, চিহ্নিত করেছি, তার বড় অংশই আদতে পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা— নদীর আঁকাবাঁকা পথকে কম্পাসের টানে সোজা করা, জলকে ইমারৎ-অবকাঠামো গড়ে আটকে রাখা, পাহাড় কেটে রাস্তা বানানো, মাটি খুঁড়ে, পাথর ভেঙে খনিজ সম্পদ উত্তোলন, সমুদ্রের উপর, মোহানার কণ্ঠনালীতে বন্দর গড়ে তোলা।

পৃথিবী দ্রুত বদলাচ্ছে। ভূভাগ ক্রমশ গ্রাস করছে জলরাশি। সময় এসেছে নেহাত টিকে থাকার জিকিরেই, নিছক উদ্বর্তনের স্বার্থেই, “সভ্যতা”-র সংজ্ঞা নতুন করে ভাবা।

জীবিকাগ্রাসী উন্নয়ন কাদের উন্নয়ন? নদীকে নাব্য রাখার নামে যদি নদীতীরের মানুষ মাছ হারায়, হারিয়ে ফেলে জীবিকা ও ভিটা, তবে সেই নাব্যতার সাধন কার স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে? বন্দর যদি বাণিজ্য বাড়ায়, কিন্তু তার ফলে যখন কোনও দ্বীপের মাটি ও মানুষের জীবনে এমন চরম ক্ষতি নেমে আসে, তবে সেই বাণিজ্যের প্রকৃত মূল্য কোথায়, কীভাবে হিসাব করা হবে?

এই প্রশ্নসমুচ্চয়ের উত্তর খুঁজতে কেবল প্রকৌশল বা অর্থনীতিই যথেষ্ট নিশান নয়। দরকার মানুষের জীবনকে কাছ থেকে দেখা— তাঁদের অভিজ্ঞতা, স্মৃতি, জ্ঞান ও ক্ষতির বিবরণ শোনা।

আর ঠিক এই কারণেই, মাঠপর্যায়ের নৃতাত্ত্বিক গবেষণা এবং মাঠপর্যায়ে আইনের চর্চা একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারে। নদীভাঙনের উপগ্রহচিত্র হয়তো আমাদের দেখাতে পারে কোথায় জমি সরে গেছে। কিন্তু, কোনও একজন মৎস্যজীবীই বলতে পারেন সেই জমি হারানোর অর্থ কী। কোনও সরকারি নথি হয়তো বলতে পারে কত একর ভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু, ভাঙন-কবলিত এলাকার বাসিন্দারাই বলতে পারেন সেই ভূমির সঙ্গে তাঁদের পরিবারের জীবন কীভাবে, কত প্রজন্মের ধরে, কতটা নিবিড়ভাবে জড়িয়ে ছিল।

আইন ও বিচারব্যবস্থা এই কণ্ঠস্বর শুনতে শিখলে কেবলমাত্র তবেই আইন নিছক ক্ষতিপূরণ আদায়ের বা তা আদায়ের প্রচেষ্টার যন্ত্র হয়ে পড়ে থাকবে না; তা হয়ে উঠবে সামাজিক পুনর্গঠনের হাতিয়ার।

 

পলিমাটির কাছে ফিরে আসা

শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় যে আমরা বারেবারে আবার আবার করে পলিমাটির কাছেই ফিরে আসছি।

পলিমাটি জমে চর তৈরি করে। নদী সেই চর ভেঙে নিয়ে যায়। প্রকৃতির এই চক্র থামছে না। কিন্তু মানুষের তৈরি বাঁধ, বন্দর, জাহাজ, নদী-নিয়ন্ত্রণ ও শিল্প এই স্বাভাবিক প্রবাহকে বদলে দিতে চাইছে।

প্রশ্ন প্রকৃতিকে থামিয়ে দেওয়ার, দমন করার নয়। প্রশ্ন হল— আমরা যখন পৃথিবীর সহজাত গঠন-বিগঠনে হস্তক্ষেপ করি, তখন সেই হস্তক্ষেপের সামাজিক মূল্য কে বা কারা বহন করে?

সুন্দরবনের মৎস্যজীবীদের অভিযোগ শুধুই স্থানীয় মানুষের ক্ষোভের উদ্গীরণ নয়। তাঁদের অভিজ্ঞতায় নিহত রয়েছে বস্তুনিষ্ঠ সত্য— মানুষ পৃথিবীর উপর যে পরিবর্তন সাধন করছে, তার সুফল ও কুফল সমানভাবে বণ্টিত হয় না। তাই, ন্যায়বিচারের রাজনীতির পথচলা শুরু সাম্যের এই অভাবকে ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে।

হারানো জমি ফিরে আসবে না। ভেঙে যাওয়া নদীতীর পূর্বাবস্থায় ফিরবে না। হারিয়ে যাওয়া জীবিকা বা সামাজিক জগত, বাস্তুতন্ত্র জগতদের টাকার অঙ্ক দিয়ে পুনর্গঠন করা যায় নয়।

তবু আমরা বলতে পারি— এই ক্ষতি কারও ভাগ্যের লিখন নয়। এর ইতিহাস আছে। এর কারণ আছে। এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে মানুষের সিদ্ধান্ত। যেখানে মানুষের সিদ্ধান্তের প্রসঙ্গক্রম রয়েছে, সেখানেই রয়েছে দায় নেওয়ার প্রশ্নও। আর দায় নেওয়ার প্রশ্নেই রয়েছে জবাবদিহির পথের দরজার চাবিকাঠি। জবাবদিহির সম্ভাবনা থাকলে তবেই কিনা খুলে যায় ন্যায়বিচারের পথ! পথ অতিদীর্ঘ, বন্ধুর। তবু পথও নদীর মতোই— ধীরে, বাঁক নিয়ে, বাধার মুখে নতুন পথ তৈরি করে— সেই পথ এগিয়ে চলে। আবার, থেকে যায় কিছু আশঙ্কায়। সব নদী সাগরে বা অন্য নদীতে ঢলে পড়তে পারে না, কিছু নদী হারিয়েও যায় বালিতে, মাটিতে। আবার কখনও বা ভূপৃষ্ঠের উপরে বহতা বজায় রাখতে না পেরে কিছু নদী পথ খুঁজে নেয় মাটির তলায় চাপা অন্ধকারে।

পৃথিবীকে বাঁচানোর পাশাপাশি তাই আমাদের আরেকটা কাজ করতে হবে: পৃথিবীর উপর মানুষের হানা আঘাতের ক্ষতগুলোর দিকে তাকাতে হবে, সেই ক্ষতগুলো যাঁদের জীবনকে ভেঙেচুরে দিচ্ছে, তাঁদের কণ্ঠস্বর শুনতে হবে, তুলে ধরতে হবে। লিখতে হবে সেই ক্ষতগুলোর, সেই ক্ষতিগ্রস্তদের রাজনৈতিক ইতিহাস। এভাবেই, সেই ক্ষতির বোঝা যাঁরা বহন করছেন, তাঁদের ন্যায়বিচারের দাবিকে আলোচনার কেন্দ্রে আনতে সম্ভব হবে। কেবল তবেই শুরু হবে জবাবদিহির পালা, ক্ষমতার চোখে চোখ রেখে প্রশ্ন তোলার পালা।

সুন্দরবনের নদী, পলিমাটি, চর এবং মৎস্যজীবীদের জীবন এই বাস্তবিক ন্যায়বিচারের প্রশ্ন তাই আমাদের সামনে নিয়ত নব নব কলেবরে হাজির করে চলেছে।

 


সুন্দরবনের মানুষ ও প্রকৃতির যুথযাপন নিয়ে গবেষণা করে চলা নৃতত্ত্ববিদ মেগনা মেহত্তার এই নিবন্ধটি সোসাইটি ফর কালচারাল অ্যান্থ্রোপোলজি-র ওয়েবসাইটে The Legal Life of Sediments? Reparations and “Geosocial” Justice শিরোনামে ইংরেজিতে প্রকাশিত। লেখকের অনুমতি নিয়ে ভাষান্তর করেছেন অতীন্দ্রিয় চক্রবর্তী।


 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5450 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.