এক অপদার্থ মন্ত্রীর পদত্যাগ: দেশোদ্ধারের পরবর্তী স্টেশন

অশোক মুখোপাধ্যায়

 

পশ্চিমবাংলার টিএমসি সরকারের অধীনে শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে কেন্দ্রীয় পদ্ম-সরকারের প্রশ্নপত্র ফাঁস দুর্নীতির জাতে প্রচুর মিল থাকলেও মাত্রায় দুটোর মধ্যে আকাশপাতাল প্রভেদ। একটাতে লক্ষ লক্ষ টাকার খেলা হয়েছে চাকরি বিক্রিতে, অপরটাতে কোটি কোটি টাকার বিনিময়ে ফাঁস করা হয়েছে ডাক্তারি ও অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র। পশ্চিমবাংলায় যেখানে দুবারের চাকরির পরীক্ষায় কারচুপি করা হয়েছিল, দিল্লিতে সেখানে ১৫২ বার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। একটাতে যেখানে সিবিআই-মতে ছয় হাজারের মতো কলঙ্কিত নিয়োগের আভাস পাওয়া গেছে, আর একটাতে সেখানে বাইশ লক্ষ ছাত্রের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতিতে চারজন চাকরিহারা শিক্ষক আত্মহত্যা করেছেন, নিটের প্রশ্ন ফাঁসে ১৮ জন ছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে

 

এই মুহূর্তে ভারতবর্ষের সামগ্রিক পরিস্থিতি খুবই খারাপ। অর্থনীতিতে দেশটা ডুবতে চলেছে। সরকারি কোষাগারে ডলার সঞ্চয় প্রায় নিঃশেষিত। রিজার্ভ ব্যাঙ্ক থেকে সোনা বিক্রি করে ডলার কিনে অবস্থা সামলানোর এক বেয়াড়া নাটক চলছে। ভারতের বাজার থেকে সমস্ত বিদেশি বিনিয়োগ ছুটে পালিয়ে যাচ্ছে। শিল্প উৎপাদনের বৃদ্ধির হার অনেক কারচুপি করেও শূন্য থেকে খুব বেশি উপরে তুলে রাখা যাচ্ছে না। তার ফলে বিশ্ববাজারে ভারতীয় মুদ্রা রুপির দাম হু-হু করে কমছে। মাথাপিছু জিডিপি-তে বাংলাদেশ ভুটান এখন ভারতের উপরে। এক ডলারের তুল্যাঙ্ক মান একশো টাকা হওয়া এখন শুধু দু-চার মাসের অপেক্ষা। ফলে যে-সমস্ত প্রয়োজনীয় দ্রব্য আমদানি করতে হয়, বা যে-সমস্ত পণ্যে আমদানিকৃত দ্রব্য সংশ্লিষ্ট থাকে, সেগুলির দাম হু-হু করে বেড়েই চলেছে। যেমন, নতুন প্রজন্মের ওষুধ যাঁদের বাজার থেকে কিনে খেতে হয়, তাঁরা দোকানে গেলেই তা টের পাচ্ছেন। কিংবা, দুই দশক আগে যেখানে কম্পিউটার বা মোবাইল এবং সেগুলির আনুষঙ্গিক যন্ত্রাংশের দাম বিশ্ববাজারে কমে আসার সঙ্গে সঙ্গে ভারতীয় বাজারেও অনেকটাই কমে এসেছিল, সেগুলিও এখন দামোদরদাসের বিকশিত ভারতে ক্রমাগত বেড়ে যাচ্ছে। অশোধিত তেলের দাম বিশ্ববাজারে অনেকখানি কমে যাওয়ার পরেও ভারতের ক্রেতাদের কেন বেশি দামে কিনতে হয়, তারও অনেক রহস্যের একটা হল রুপির দ্রৌপদী দশা। সমস্যা হল, তার কোনও কৃষ্ণ সখা নেই যে তাকে দুঃশাসনের হাত থেকে বাঁচাবে।

 

দুর্নীতি

ভারতীয় রাজনীতিতে কংগ্রেসি আমলের দুর্নীতির প্রশ্নকে হাতিয়ার করেই কেন্দ্রে বিজেপি-র শুভাগমন হয়েছিল। উত্তর ভারতে সেকালে অনেকেই ভেবেছিলেন, মনমোহন সিং-এর জমানার অবসান ঘটিয়ে গেরুয়া ব্রিগেডকে কেন্দ্রীয় সরকারী ক্ষমতার মসনদে বসালেই প্রশাসন এবং সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতিরও সমাপ্তি ঘটবে। তাঁরা সকলেই সম্ভবত বাজপেয়ির আমলে গ্রুয়া দুর্নীতির প্রথম শহিদ উত্তরপ্রদেশের যুবক কেন্দ্রীয় সরকারি ইঞ্জিনিয়ার সত্যেন্দ্র দুবের করুণ পরিণতির কথা ভুলে গিয়েছিলেন। রাস্তা নির্মাণের মহাচুরি ধরে ফেলে প্রধানমন্ত্রীকে চিঠি লেখায় কিঞ্চিত রুষ্ট হয়ে এক বুলডোজার এসে তাঁকে পিষে দেয়। এবং যথারীতি, সেই রহস্যের কোনও সুরাহা হয়নি। কিংবা হয়তো তাঁরা ভেবেছিলেন, এটা নিতান্তই একটা বিচ্ছিন্ন একক ঘটনা। গেরুয়া পার্টি অতটা খারাপ নয়।

আসলে অচিরেই যেটা জানা গেল, গেরুয়া বাহিনী অতটা কম খারাপ নয়। চুরি বা দুর্নীতিতে কংগ্রেস, টিএমসি বা আরজেডি যদি কোনও সরকারি বা জন প্রকল্প থেকে ১০০ কোটি টাকা খেয়ে ফেলে, বিজেপি-র খাদ্যগ্রহণ ক্ষমতা শুরুই হয় ১০০০০০ কোটি থেকে। এ একটা বড় তফাত। গত এক দশকে আম্বানি-আদানি আর বিজেপি-র রোজগার যে হারে বেড়েছে তার দিকে তাকালেই এটা ধরা পড়বে।

আরও এক জায়গায় একটা তফাত হয়ে গেছে।

কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থায় কতগুলো চোর-ডাকাত ধরা হাতিয়ার আছে। সিবিআই, ইডি, এনআইএ, ইত্যাদি। দেশে একটা সুগঠিত বিচারব্যবস্থা আছে যেখানে এই বড় চোর-ডাকাতদের ধরে নিয়ে গিয়ে অপরাধের সত্যাসত্য বিচার হওয়ার কথা। অতীতে কংগ্রেস সরকারগুলির তরফে বারংবার চেষ্টা হয়েছে এই হাতিয়ারগুলিকে প্রভাবিত করার এবং দলীয় স্বার্থের অনুকূলে ব্যবহার করার। গেরুয়া বাহিনী এত কাঁচা কাজ করে না। তারা এবারে ক্ষমতায় বসেই একের পর এক এই হাতিয়ারগুলিকে সম্পূর্ণ দখল করে নেওয়ার উদ্দেশ্যে সরাসরি দলের দলবল, সঙ্ঘের সদস্য এবং/অথবা সুযোগসন্ধানী গেরুয়া-অনুগত লোকজন দিয়ে ভরিয়ে ফেলেছে। যারা চোর-ডাকাতদের অপরাধ দেখে ধরতে ছোটে না, অপরাধীর রং দেখে নেয় আগে। এমনকি বদলতি-হুই রংও দেখে নেয়। সেই অনুযায়ী এদের ফাইল তৈরি হয়। ফাইল এগোয়-পেছোয়। অপরাধ না থাকলেও ধরতে পারে। ধরবার সময় বাইশটা চ্যানেলের ওবি ভ্যান সঙ্গে নিয়ে যায়। অপরাধ করেছে দেখে ধরে আবার রং বদলে গেলে অনায়াসে ছেড়েও দিতে পারে। ফাইল ক্লোজড! অনেক সময় এই হাতিয়ারগুলিই গেরুয়া বাহিনীর রিক্রুটিং এজেন্ট হিসাবে কাজ করতে থাকে।

চ্যানেলগুলি খবর দেওয়ার পরিবর্তে গেরুয়া ব্রিগেডের বক্তব্যের “ঘন্টা খানেক” কীর্তন শোনায়। সারা দিন ধরে। সবই বাছাই। আপ সরকারের আমলে দিল্লির আবহাওয়ার দুষণ নিয়ে তারা সর্বপ্রহর নামসংকীর্তন শোনাবে। রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী হলে তারা দিল্লিতে পায়রার খাওয়ার দৃশ্যকাব্য দেখাবে।

উচ্চতর আদালতগুলি, যেখানে উপরোক্ত রাঘব ডাকাতদের ধরে নিয়ে সোপর্দ করার কথা, সেখানেও প্রায় সুবন্দোবস্ত হয়ে গেছে। কে জামিন পাবে, কে পাবে না, কাকে কদিন কাস্টডি দেওয়া হবে, কার মামলা কতকাল বাদে শুনানিতে আসবে, কার জামিনের আবেদন বারবার নাকচ হবে— তার কোনওটাই আইনের প্রামাণ্য ধারা-উপধারা দেখে হবে না, হবে ইন্দ্রপ্রস্থের প্রাসাদে আসীন কোতোয়াল সর্দারের তর্জনীর গতিশীল মুদ্রার সঙ্কেততরঙ্গের দ্বারা। অর্ণব গোস্বামী আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলে বড় কাজি জরুরি বিশেষ অধিবেশনে বসে তার সাংবাদিক স্বাধীনতা সুরক্ষার জন্য তিন দিনের মধ্যে জামিন দিয়ে ফেলে। সিদ্দিকি কাপলানের মিথ্যা মামলায় গ্রেপ্তারির বিরুদ্ধে জামিনের শুনানির মামলা সেই একই মঞ্চে উঠতেই আড়াই বছর লেগে যায়। তখন বড় কাজিদের মাথায় সেই “সাংবাদিক স্বাধীনতা সুরক্ষা”-র মহতী ভাবনা ভেসে ওঠে না। সবই সেই তর্জনীর খেল!!

যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ধর্ষকদের বছরে ছ-মাস করে বাড়িতে থাকার জন্য প্যারল প্রদানে আদালত বেশ উদার। সাতজন ধর্ষককে তো গুজরাত সরকার আদালতকে এড়িয়ে মুক্তিই দিয়ে ফেলেছিল। বড় কাজির তখন জজ-ইগোতে বোধহয় এমনই খোঁচা লেগে যায় যে তারা বাধ্য হয় ওদের ফের জেলে ঢোকাতে। অন্যদিকে জেএনইউ-র মেধাবী ছাত্র উমর খালিদ এবং শার্জিল ইমাম-দের দিল্লিতে দাঙ্গা বাধানোর মিথ্যা অভিযোগে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে ইউএপিএ-র সাহায্যে জেলে পুরেছিল, তার ছয় বছর পার হয়ে গেছে। আজও পুলিশ সেই কেস সাজিয়ে উঠতে পারেনি, বিচারের প্রক্রিয়া শুরু করাও যাচ্ছে না। স্বাভাবিক, পুলিশের হাতে কেস সাজানোর মতো এক নকুলদানাও তথ্য সাক্ষ্য নেই। কিন্তু আজ অবধি তাঁদের (কয়েক লক্ষ টাকা খরচ করে) জামিনের আবেদনের প্রেক্ষিতে একবারও বড় কাজি দপ্তরের কেউ পুলিশ এবং স্বরাষ্ট্র দপ্তরের উকিলকে বলে উঠতে পারল না, তোমরা যেহেতু মামলা সাজাতেই পারছ না, আমরা এই মামলা ডিসমিস করে দিচ্ছি, বা নিদেনপক্ষে অভিযুক্তদের জামিন অনুমোদন করছি। দু-একটা গরম বাক্য যে তাদের কেউ দু-একবার বলেনি তা নয়, কিন্তু শেষ পর্যন্ত সরকারি উকিল যা চেয়েছে তাতেই সই করে দিয়েছে।

সুপ্রিম কোর্টের বিশিষ্ট উকিল প্রশান্ত ভূষণ কিছু দিন আগে যথার্থই বলেছেন, একটা শাসক দল যখন সরকারি ক্ষমতার অপব্যবহার করে সংবিধান ও আইনের শাসনকে একটু একটু করে ধ্বংস করে চলেছে, তাতে রাশ টেনে ধরার পরিবর্তে আইন এবং সংবিধানের সর্বোচ্চ রক্ষকদের এক বড় অংশই তাতে ইতিবাচক স্কন্ধস্পন্দন করে যাচ্ছে।

অনেক সংগ্রাম ও আত্মত্যাগের মধ্যে দিয়ে অর্জিত সভ্য শাসন ও গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ হাতিয়ারগুলির এরকম দুরবস্থা ২০১৪ সালের আগে কখনও দেখা যায়নি। এমনকি জরুরি অবস্থার কালেও নয়। পদ্মশিবির দেখিয়ে দিয়েছে, দেশের জাতীয় সম্পদ চুরি-ডাকাতি, জল-জঙ্গল-জমি-খনি-পাহাড় দখল ও লুটপাট, এবং জনজীবনে বিপর্যয় নামিয়ে আনার ক্ষেত্রে তারা কতটা বেপরোয়া হতে পারে। এবং কত দূর নিচে নামতে পারে।

একটা খুব আশ্চর্য জিনিস সকলেই লক্ষ করে থাকবেন, দেশের এই দুরবস্থার প্রতি যে গুরুত্ব আরোপ করার কথা তা, অন্তত পশ্চিমবাংলায় খুব বেশি লোক করতে পারছেন না। মানে, যাদের করার কথা। সারা ভারতবর্ষের সাধারণ মানুষ যখন কেন্দ্রের ডাকাতিয়া দুঃশাসনের বিরুদ্ধে উত্তাল, উত্তরভারতে পদ্মশিবিরের বরাবরের শক্ত ঘাঁটিগুলিতে সর্বত্রই যখন টালমাটাল অবস্থা, পশ্চিমবাংলায় টিএমসি ভূত এবং মুসলিমবিদ্বেষ (কোথাও একযোগে, কোথাও স্বতন্ত্রভাবে) এমনভাবে আমাদের অধিকাংশ শিক্ষিত মধ্যবিত্ত মানসলোকের প্রতিবাদী সত্তাকে গ্রাস করেছে যে তারা সেই অতি-দুঃশাসকদের পক্ষেই যেন চিৎ হয়ে বাতচিত করে চলেছে। কোন আশা-ভরসায় কে জানে!

 

দুই.

ডাক্তারি পড়ার জন্য নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ভয়ঙ্কর দুর্নীতির বিরুদ্ধে নবগঠিত ককরোচ জনতা পার্টির ডাকে দিল্লিতে সাম্প্রতিক যে ব্যাপক ছাত্রযুব বিক্ষোভ সমাবেশ হয়ে গেল, যেখানে প্রধান দাবিই ছিল দুর্নীতি প্রতিরোধে অক্ষম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। নির্মম পুলিশি দমনপীড়ন সত্ত্বেও যখন সেই আন্দোলনকে বাগে আনা গেল না, কেন্দ্রীয় সরকারকে সেই দাবি মেনে নিতে হল। সত্যেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। দায়িত্বহীনতার সর্বোচ্চ পরিচয় দেওয়ার পরেও বিজেপি-রাজত্বে এর আগে কোনও কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করেননি বা কাউকে করতে বাধ্য করা যায়নি। সেদিক থেকে গণ-আন্দোলনের এ এক অভূতপূর্ব সাফল্য। কেন্দ্রীয় সরকার চারদিক থেকে চাপে পড়ে গিয়েছিল। তাদের সামনে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল আর একজন সমান বা আরও দুর্নীতিগ্রস্ত ও দুর্নীতিবান্ধব নাগপুরি ক্যাডার খুঁজে বের করা। প্রহ্লাদ জোশি সেই দিক থেকে একজন যোগ্য ব্যক্তি হিসাবেই নিযুক্ত হয়েছেন। কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের উদ্যোগে এক বিশাল কেলেঙ্কারি সম্পন্ন করে তিনি নিজের পদ্ম-ক্যালিবার আগেই মোদি-শাহ জুটির কাছে প্রতিষ্ঠা করে রেখেছিলেন। তাই তাঁর একটা সুযোগ আসতেই…

লাদাখের বিজ্ঞানী ও জননেতা সোনাম ওয়াংচুকের সংগ্রামটিও এখানে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তিনি ছাত্রযুবকদের এই সংগ্রামের মঞ্চে এসে যোগ দিয়ে আমরণ অনশনে বসে যান। আঠেরো দিন ধরে টানা অনশন করার পর তাঁর যখন শরীর ভেঙে যেতে থাকে, কেন্দ্রীয় সরকার পুলিশ পাঠিয়ে তাঁকে জোর করে অনশনমঞ্চ থেকে তুলে নিয়ে যায় এবং হাসপাতালে ভর্তি করে। ইতিমধ্যে বিজেপি-র আইটি সেল অমিত মালব্যর নেতৃত্বে জোরশোর প্রচার শুরু করে দেয়, ওয়াংচুক চিনের দালালি করছেন, ভারতের জমি চিনের হাতে তুলে দেওয়ার জন্য আন্দোলন করছেন, সিজেপি-কে পাকিস্তান-চিন-আমেরিকা ইত্যাদি বিদেশি চক্র অর্থ ও প্রচার দিয়ে সাহায্য করছে, ইত্যাদি। যদিও এই কথাগুলি পদ্মপ্রচারকরা এত জায়গায় এতবার ইতিমধ্যেই বলে ফেলেছে যে পুলওয়ামা ও পহলগামের “পাক সন্ত্রাসী”-দের হামলার পর তার তদন্ত না হওয়ায় এগুলোর ধার এবং ভার বহুদিনই ক্ষয়ে গেছে। কিন্তু ওরাও নিরুপায়। এগুলো ছাড়া ওদের স্টকে আর কোনও মালকড়ি নেই।

সমস্যা হয়ে গেল, অনশন ভাঙাতে জেপি নাড্ডা এবং রাজনাথ সিং আসরে নেমে পড়লেন, তাঁদেরই হাতে লেবুর রস পান করে অনশন ভাঙলেন ওয়াংচুক। চিন-টিন নিয়ে সঙ্ঘশিবিরের মালব্যবাহিনীর হোয়া-মাধ্যমের যাবতীয় টিংটং গেল ভেস্তে। ইতিমধ্যে বিদেশমন্ত্রীও ঘোষণা করতে বাধ্য হলেন, জন্তরমন্তরে বিদেশি সাহায্যের কোনও খবর তাদের কাছে নেই। তাদের অন্তত এটকু বুদ্ধি গজিয়েছে যে বিদেশি আর্থিক মদতে অত বিশাল একটা জমায়েত এবং বিক্ষোভ হতে পারলে স্বরাষ্ট্র ও বিদেশ দপ্তরের মন্ত্রক ও প্রশাসনের সামর্থ্যের মুখে কালিমিশ্রিত চুনের মোটা প্রলেপ লেগে যাবে। আন্দোলনের সমর্থক অনেকেই ওয়াংচুকের অনশনভঙ্গের জনসমাহারের ছবি দেখে হতাশ ও বিক্ষুব্ধ হয়েছিলেন। তাঁরা ভেবেছিলেন, যাঃ, এই লোকটাও শেষে পদ্মশিবিরে চলে গেল! তাঁরা ধরতেই পারেননি যে লাদাখের বিজ্ঞানী মহোদয় একদিকে বিজেপি নেতাদের দিয়ে পদত্যাগের দাবি মানিয়ে নিয়েছেন, অপরদিকে ছাত্রদের উপর অমিত বিক্রম বাহিনীর বর্বরতা বন্ধ ও যাবতীয় মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছেন। ফলাফল দেখার পর তাঁদের অনেকেরই চক্ষু এবং মগজ চড়কগাছ!

আন্দোলনের শক্তি কথাটার আসল তাৎপর্য হল আন্দোলনের জনবল। দুশো লোকের প্রতিবাদ-বিক্ষোভে বিজেপির লোকেরা পাত্তা দেবে না। ওদের সিলেবাসে সেটা নেই। কিন্তু দু লক্ষ লোকের বিক্ষোভে পাত্তা না দিলে যে ভবিষ্যতে আরও বড় বিপদ ঘনাতে পারে, এটা তাদের বোঁচকা রক্ষার সহজাত প্রবৃত্তি দিয়েই তারা বুঝতে পারে। দিল্লিতে কৃষক বিক্ষোভের সময়ও তারা দেরিতে হলেও এটা বুঝেছিল। এবার কিঞ্চিৎ তাড়াতাড়ি ধরতে পেরেছে।

এই শক্তির ব্যাপারে আর একটা ঘটনাপ্রবাহের দিকে তাকানো যাক।

হায়দ্রাবাদের নালসারে আইন কলেজের সমাবর্তন উৎসবে মূল ভাষণ দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকে আমন্ত্রণ জানিয়েছিল। ছাত্ররা সমবেতভাবে জানিয়ে দেয়, তারা সূর্যকান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে এবং তাঁর ভাষণ বয়কট করবে।

এত সাহস?

লন্ডনের বিক্ষোভে আমরা কিছু করে উঠতে পারিনি। তাই বলে ভারতেও?

পদ্মশিবিরের এত বিশ্বস্ত একজন বীর বিচার-সেনার বিরুদ্ধে ছাত্ররা বিক্ষোভ দেখাবে?

দাঁড়াও, আমরাও ওদের এমন উচিত শিক্ষা দেব, যাতে আর কেউ কখনও এরকম বেয়াদপি দেখাতে আর সাহস না পায়। ভারতের বার কাউন্সিল চেয়ারম্যান মনন কুমার মিশ্র (যথারীতি সেটাও দখলে রাখার জন্য সেই পদে বিজেপি-র এমপি) গত তেরোই আগস্ট ঘোষণা করে দেন, রাজ্যের বার কাউন্সিল এই (২০২৬) ব্যাচের কোনও ছাত্রকেই পাশ করলেও আইনজীবী হিসাবে কোথাও নিবন্ধন করতে দেবে না! উপরন্তু তিনি কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেন, ছাত্রদের মধ্যে কারা কারা এই বিক্ষোভ সংগঠিত এবং প্রচার করছে, পোস্টার লাগাচ্ছে, সামাজিক মাধ্যমে পোস্ট করছে, তাদের সবাইকে চিহ্নিত করতে এবং অভ্যন্তরীণ তদন্ত শুরু করতে। উদ্দেশ্য, সেই সেই ছাত্রদের পোষা বাহিনী দিয়ে অচিরে পুলিশি হয়রানির শিকার বানানো।

বেশ বেশ! কিন্তু তারপর কী হল? একটু ঘড়ি দেখে নেওয়া যাক:

  • সন্ধ্যা ৭:২০: প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রতিবাদের কারণে বার কাউন্সিলের চেয়ারম্যান এবং পদ্ম সাংসদ নালসারের ২০২৬ সালের স্নাতকদের আইনজীবী হিসেবে নিবন্ধন আটকে দেন;
  • রাত ৮:৩০: ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ এবং আন্দোলন শুরু করার ঘোষণা করে ককরোচ জনতা পার্টি;
  • রাত ৮:৪৫: বার কাউন্সিলের চেয়ারম্যান তাঁর সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন! ওরে, ভুল করেছি রে বাপ! এবারকার মতো ছেড়ে দে।
  • রাত ১২:৩৭: নালসারের স্নাতক শিক্ষার্থীদের বিরুদ্ধে জারি করা “তদন্তের” নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়।

নালসারের ছাত্ররা এবার দাবি করেন বার কাউন্সিলের চেয়ারম্যানকে তাঁর ছাত্রবিরোধী দ্বিবিধ অপরাধের জন্য জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। অনেকের ধারণা ছিল— ধারণাটা ভুল নাও হতে পারে— এই দাবি না মানলে অচিরেই তাঁর পদত্যাগের দাবি উঠবে! ফলত, তিনিও এই কাজে দেরি করেননি। ঝপাঝপ ক্ষমা চেয়েছেন।

বার কাউন্সিলের অন্য সদস্যরা অভিযোগ করেছেন, তাঁদের সঙ্গে চেয়ারম্যান কোনও আলোচনা না করেই একতরফা স্রেফ নিজের উদ্যোগে এই সব ফরমান জারি করতে গিয়েছিলেন। হতে পারে। BCI-এর চেয়ারম্যান নিজেকে BCCI চেয়ারম্যানের সমকক্ষ ভাবতেই পারেন। পদ্ম-সাংসদ বলে কথা! একটা C-এর অভাবে ক্ষমতার আর কতটা তারতম্য হবে! তবে তিনিও পদ্মশিবির সম্পর্কে দেশের ছাত্রযুবকদের মেজাজটা বুঝতে সামান্য ভুল এবং দেরি করে ফেলেছিলেন।

এদিকে হায়দ্রাবাদ থেকে প্রেরণা নিয়ে বেঙ্গালুরু আইন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও তাদের সমাবর্তনে আমন্ত্রিত বিচারপতি সূর্যকান্তকে বয়কট করার ডাক দিয়েছে। এবার আর তাদের ধমকি দেওয়ার কোনও বান্দা পাওয়া যাচ্ছে না।

কোনও এক বাড়িতে, আদালতের চেয়ারে বসে “আরশোলা” শব্দটা উচ্চারণ করার জন্য, পরিবারের লোকজন নিশ্চয়ই এক সুভদ্রলোককে প্রচুর গালমন্দ করছে!!

পদ্মশিবিরের কী দুর্দিনই না এল!

সঙ্ঘ বাহিনী তার বিশাল রাষ্ট্রীয় তাকত নিয়েও ছাত্র-যুব আন্দোলনের এই বিশালতর শক্তির সামনে পেশি ফোলাতে এখন দ্বিধাগ্রস্ত বোধ করছে। অনেকদিন ধরে অপুংসক বিরোধী দলগুলির সঙ্গে একতরফা খেলে ফাঁকা মাঠে গোল দিয়ে দিয়ে তাদের ধারণা হয়ে গিয়েছিল, তারা যা চায় বর্তমানকালে দেশে শুধু তাই হতে থাকবে। এই প্রথম তাদের এই উপলব্ধি জন্মাতে শুরু করেছে, তারা যা চাইছে তাকে নাকচ করার শক্তিও দেশের গোকুলে বাড়ছে।

উমর খালিদ এবং শার্জিল ইমামের জামিন পাওয়া এখন শুধু দিনের এককে সময়ের অপেক্ষা।

 

তিন.

এবার কিছু আশা-নিরাশার কথা তোলা যাক।

আমরা যারা হতাশ হয়ে পড়েছিলাম, দেশে বুঝি আর বিরোধী শক্তি বলে কিছু রইল না, তারা দিল্লির বিক্ষোভের উত্তাল তরঙ্গ এবং তার ফলাফল দেখে আবার কিছুটা ভরসা ফিরে পেলাম। দাবি আদায় করতে, অর্থাৎ, কৃষি কৃষক ও খাদ্যসুরক্ষা বিরোধী কর্পোরেটবান্ধব তিনটি কৃষি বিল প্রত্যাহার করাতে ২০২৩ সালের কৃষক আন্দোলনের সময় লেগেছিল প্রায় তেরো মাস। কুস্তিগিরদের নারী হেনস্থাকারী পদ্ম-প্রধানকে হঠাতে তিন মাসেরও বেশি সময় ধরে দিল্লিতে আন্দোলন করতে হয়েছিল। আর এবার কেন্দ্রীয় ফ্যাসিস্ট স্বৈরাচারের মাথা নোয়াতে সময় লেগেছে এক মাসেরও কম সময়। এ থেকে বোঝা যাচ্ছে, একদিকে আন্দোলনের শক্তি ও চাপ বাড়ছে, অন্যদিকে পদ্ম-সরকারের আমজনতাকে বিভ্রান্ত করে ক্ষমতার মসনদ আঁকড়ে বসে থাকার কৃৎকৌশল ও প্যাঁচপয়জার দুর্বল হতে শুরু করেছে। প্রায় সমস্ত বড় গণমাধ্যমকে কিনে অথবা চাপে ফেলে কুক্ষিগত করার পরও একচল্লিশটা চ্যানেলের সমস্বরে শেয়ালপনা হুক্কাহুয়াতে আর কাজ দিচ্ছে না। টিআরপি টাকার দামের মতোই পড়ে যাচ্ছে।

পশ্চিমবাংলার টিএমসি সরকারের অধীনে শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে কেন্দ্রীয় পদ্ম-সরকারের প্রশ্নপত্র ফাঁস দুর্নীতির জাতে প্রচুর মিল থাকলেও মাত্রায় দুটোর মধ্যে আকাশপাতাল প্রভেদ। একটাতে লক্ষ লক্ষ টাকার খেলা হয়েছে চাকরি বিক্রিতে, অপরটাতে কোটি কোটি টাকার বিনিময়ে ফাঁস করা হয়েছে ডাক্তারি ও অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র। পশ্চিমবাংলায় যেখানে দুবারের চাকরির পরীক্ষায় কারচুপি করা হয়েছিল, দিল্লিতে নরেন্দ্র দামোদরের সুযোগ্য পরিচালনায় সেখানে ১৫২ বার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। একটাতে যেখানে সিবিআই-মতে ছয় হাজারের মতো কলঙ্কিত নিয়োগের আভাস পাওয়া গেছে, আর একটাতে সেখানে বাইশ লক্ষ ছাত্রের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতিতে চারজন চাকরিহারা শিক্ষক আত্মহত্যা করেছেন, নিটের প্রশ্ন ফাঁসে ১৮ জন ছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

এ তো গেল মাত্রার পার্থক্য। এবার আইন আদালত বিচার এবং শাস্তির পালাও দেখে নেওয়া যাক।

পশ্চিমবাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলন হয়েছে এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একের পর এক মামলা হয়েছে, সিবিআই-ইডি ধরপাকড় করেছে, একজন শিক্ষামন্ত্রী এবং চোদ্দজন শিক্ষা প্রশাসনের আধিকারিক দুই থেকে আড়াই বছর জেলহাজতে ছিল, চ্যানেলে চ্যানেলে এই সবের বিরতিহীন প্রচার ও দৃশ্যায়ন হয়ে গেছে। কিন্তু দিল্লির প্রশ্নপত্র ফাঁসের দুর্নীতি নিয়ে এর আগে না হয়েছে কোনও প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন, না হয়েছে কোনও মামলা মোকদ্দমা। এখন পর্যন্ত একজনও কেন্দ্রীয় আধিকারিক বা নেতামন্ত্রীর বাড়ির রাস্তার দিকে সিবিআই বা ইডির কোনও গাড়ি এমনকি উঁকি মারতেও যায়নি। ফলে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কারও জেল অভিমুখে যাত্রার প্রশ্নই ওঠে না। দেশের কোথাও কোনও টিভি চ্যানেলে কখনও পাঁচ-সাত মিনিটের ছবিও কেউ দেখেনি!

এই প্রেক্ষিত-পার্থক্যটা মনে রাখলে তবেই দিল্লির ছাত্রযুবদের আন্দোলনের জোশ এবং গুরুত্ব বোঝা যাবে। অন্যান্য ক্ষেত্রের কথা আপাতত বাদ দিলেও, পদ্মশিবির এই একটি জায়গাতেও যে নিশ্চিন্ত সুখে মেগাদুর্নীতির রামঘুঘুর বাসা তৈরি করে ডিম পেড়ে চলেছিল, আর মোদি-শাহ জুটি মাঝে মাঝেই দেশে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মুহ কি বাতেঁ প্রদান করে যাচ্ছিলেন, সেখানেই এই আন্দোলন এক ভয়ঙ্কর আঘাত হেনেছে। এখন সংসদ ছেড়ে জোচ্চোরদের এই দুই বাপ-কাকা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, বাদল অধিবেশন তাড়াহুড়ো করে সমাপ্ত করে দিতে হয়েছে। এই আন্দোলন দিশা হারিয়ে ফেলা দেশের গণতন্ত্রপ্রিয় বামপন্থী প্রতিবাদী শক্তিকে দেখিয়ে দিল, কোন দুর্গে আঘাত হানতে হবে এবং কীভাবে।

এখানেই আমাদের মনে কিছু দ্বিধা দ্বন্দ্ব সংশয়ের খচখচানি।

এই আন্দোলন কাদের করার কথা আর কারা করল।

বিরোধী শিবির বিজেপি-র রাজনৈতিক প্যাঁচের সামনে শুধু নির্বীর্য হয়ে বসে আছে তাই নয়, নিজেদের মধ্যেই বেশি করে খেয়োখেয়ি করে শক্তিক্ষয় করে যাচ্ছে। কংগ্রেস ও সিপিআই(এম) খুশি যে টিএমসি রাজ্যপাট হারিয়ে শেষ; মমতা খুশি যে বাম ও কংগ্রেসকে প্রায় শূন্য করে দেওয়া গেল; যে মামলায় অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ শিশোদিয়া দেড় বছর তিহার জেলে কাটিয়ে বেকসুর খালাস হলেন, সেই মামলায় যখন এই দুজন আপ নেতাকে গ্রেপ্তার করা হয়, বিরোধীরা এককাট্টা হয়ে বড় মাপের আন্দোলন করা তো দূরের কথা, একটা বড় মিছিলও সংগঠিত করেনি। জ্ঞানেশ কুমারকে নির্বাচন কমিশনে বসিয়ে এসআইআর করে প্রথমে বিহারে এবং তারপর পশ্চিমবঙ্গে যখন প্রায় দু-কোটি মানুষকে ভোটারতালিকা থেকে বদমাইশি করে ছেঁটে ফেলা হল, তখনও তারা তার বিরুদ্ধে কোনও শক্তিশালী প্রতিরোধ দাঁড় করানোর চেষ্টা করেনি। জল মাপা এবং বিবৃতি বা ডেপুটেশনের বাইরে আর কিছু করার কথা ভাবতেই পারেনি।

যে আন্দোলন আরশোলা পার্টির অনভিজ্ঞ সদস্যরা আবেগের সঙ্গে করতে পারল, তা অভিজ্ঞতাসম্পন্ন বিরোধী দলগুলি করতে পারল না কেন? সেই স্ব-অক্ষমতাকে জেরা করার বদলে কাউকে কাউকে দেখছি, সিজেপি-র পেছনে কারা আছে তা নিয়ে গভীর গবেষণায় মগ্ন হতে।

আমেরিকা? সিআইএ? চিন?

একটা নিকৃষ্টতম বদ শাসক দলের বারো বছরের চূড়ান্ত অপশাসন কর্পোরেট লুটপাট, জল-জঙ্গল-জমি-খনি-পাহাড় বিতরণ ও সর্বোচ্চ পরিমাণের দুর্নীতিতে বীতশ্রদ্ধ হয়ে কিছু বোধবুদ্ধিওয়ালা (“দিমাগি”) মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে ক্ষুব্ধ হতে পারে, জমায়েত করতে পারে, বিক্ষোভ সমাবেশ সংগঠিত করতে পারে, এটা যেন এই নিউটনের প্রথম গতিসূত্র মুখস্থ করা সংগ্রাম বিশেষজ্ঞরা ভাবতেই পারে না। এমনকি এদের বিবেচনার সঙ্কীর্ণ পরিসরে এই সম্ভাবনাটাও জায়গা পায় না যে দেশের মনোপলি মালিকদের কোনও কোনও অংশও গুজরাত লবির এই একপেশে লাগাতার লুটপাটের বিরুদ্ধে বর্তমান শাসক দলকে একটা হোঁশ-মে-আও ঝটকা দেওয়র কথা ভাবতে পারে। আমেরিকা আর চিন ছাড়া যেন দুনিয়ায় বড় ঘটনা আজকাল আর কেউ ঘটাতে পারে না।

আমাদের ভাবনাটা হবে, আমরাও কীভাবে এরকম আরও কয়েকটা রাবণ-ধাক্কা দিতে পারি।

ছোট ছোট ধাক্কা এরা খাচ্ছে। বকরি ঈদের কুরবানিতে গরু কাটার বিরুদ্ধে প্রথম “মোল্লা-টাইট” ফরমান দিতে গিয়েই এরা হিন্দুদের কাছে ব্যাপক ঝাড় খেয়ে যায়! রাজ্য দেশ ও জাতির সম্পর্কে ছিটেফোঁটা জ্ঞানও না থাকায় সাম্প্রদায়িক ঘৃণা-বিদ্বেষের বশে হুকুম জারি করতে গিয়ে এরা বুঝতেই পারেনি যে ঈদের সময় গ্রামীণ হিন্দুদের এক বিরাট অংশের বছরে একবার বড় অঙ্কের রোজগারের উপর কোপ বসিয়ে দিচ্ছে! উত্তরভারতের গোবলয়ের গোমাংস রপ্তানিকারক গোরক্ষকদের কাছে বুদ্ধি ধার করতে গিয়েই এদের এই বিপত্তি।

সরকারে বসার প্রথম মাসেই রেলের হকারদের উপর আক্রমণ শানাতে গিয়ে মোল্লা-টাইটে উৎফুল্লদের কাছে নিজেদের কাছা খুলে দেখিয়ে এবং বিরোধী শক্তির সক্রিয় বাধাদানের ফলে এমন অপদস্থ হয়েছে যে অচিরেই ঘোষণা করতে বাধ্য হয়েছে যে পুজোর আগে আর হকার উচ্ছেদ নয়।

বারুইপুরে ধর্ষকের পরিবারকে পুরস্কৃত করে এবং মূল সাক্ষীকে গভীর রাতে এনকাউন্টারে মেরে ফেলে শুধু সাধারণ মানুষ নয়, রত্না দেবনাথকেও এরা বোঝাতে পেরেছে যে এদের হাতে কোনও অভয়াই আর নিরাপদ নয়।

রামপুরহাটের সুভাষ বসুর নামাঙ্কিত এক রাস্তার নাম বদল করে শ্যামাপ্রসাদের নাম লিখে ফেলেও আবার তাকে মুছতে হয়েছে এবং নেতাজির নাম ফিরিয়ে আনতে হয়েছে।

নেতাজির নামে বাজে কথা বলার জন্য অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ উপাধি ফিরিয়ে নিয়ে অসম্মান করে নেতাজির সম্মান রক্ষায়— অন্তরে না হলেও লোকদেখানো পন্থায়— মোড় ফিরতে হল!

বাঁকুড়ার ইন্দাসে দিল্লির বিক্ষোভে অংশগ্রহণ করার অপরাধে এক ছাত্রের বাবাকে পিটিয়ে মেরে ফেলার পর এখন ড্যামেজ কন্ট্রোল করতে রাজ্য সরকার নাজেহাল হয়ে যাচ্ছে।

গুন্ডা দমন আইন চালু করতে গিয়ে নাকানিচোবানি খেয়ে শেষে আদালতের কাছে শুনতে হল, “মানুষকে শান্তিতে থাকতে দিন!” অর্থাৎ দুদিনের কচি সরকার যে এর মধ্যেই সাধারণ মানুষের উপর হামলাবাজি চালাতে শুরু করেছে— তা আদালতেরও নজর এড়াতে পারেনি।

ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

এমতাবস্থায়— ঠিকমতো রাজনীতি বুঝলে— পদ্ম-ফ্যাসিবাদের বিরুদ্ধে ফুঁসে ওঠার এটা এক শুভক্ষণ!

ছাত্রযুবকরা পথ দেখিয়েছে। অভিজ্ঞরা এবার গন্তব্য দেখান!


*মতামত ব্যক্তিগত

 

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5450 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.