সাগরিকা শূর

চারটি কবিতা

 

 

একটি আষাঢ়ে গল্প

সারাদিন উৎকণ্ঠায় কাটে,
কৌণিক দৃষ্টিবিভঙ্গ ঘন ঘন
দেখে নেয় সংবিগ্ন সময়,
উদগ্রীব কিশোরীর মতো
চাঞ্চল্য সর্বাঙ্গীন,
হৃদয় ব্যাকুলতর হয়।
সহসা, খবর আসে—
বন্দরে ঘাঁই মারে একটি উদাসী উড়োজাহাজ,

আষাঢ়ে গল্পের মতো
টুপ টুপ ঝরে পড়ে অপূর্ব বিকেল।

 

অন্ত্যেষ্টি

প্রতিটি বিচ্ছেদ অন্তে নিজেকে শুদ্ধ করে নিতে ইচ্ছে হয়—
ধুয়ে নিই সর্বাঙ্গ, জড়াই রক্তাভ শাল
প্রস্তুত করি চিতাস্তূপ,
ক্ষতস্থানে ঢেলে দিই গব্যঘৃত, সযত্নে পিণ্ড দিই মুখে
মুখাগ্নির পূর্বে ভেঙে দিই মৃৎপাত্র,
পড়ে থাকে মধুভাণ্ড, অমৃতকলস।

নাভিকুণ্ড-সহ ভেসে যায় দ্রাব্য হৃদয়,
ক্লেশ ত্রিকালস্পর্শী, ছেড়ে রাখে
পিছুডাকহীন অবয়ব,
যেমন দাহকার্য শেষে স্নান সেরে উঠে আসে মানুষ।

 

পঞ্চভূত

মেঘময় চুম্বনের মতো গভীর কোনও বিষাদ
আমাকে পেয়ে বসে,
আমি জলের কাছে যাই—
সে আমার ব্যথা বোঝে না।

সহস্র লাভার মতো আমার সন্তাপ
পুড়ে খাক হই,
আগুনের কাছে যাই—
সে আমায় প্রত্যাখ্যান করে।

হাওয়ার ঝামর এসে উতল করে সহসা
নগ্ন হয় সযত্ন শোকরাশি,
আমি বাতাসের কাছে যাই,
সে চলন স্তব্ধ করে দেয়।

আদিগন্ত মাঠের বুকে দাঁড়িয়ে
বারোমাস্যা আকাশ ডাক দেয়—
জড়ো করি গ্লানিসকল,
সে অন্ধকারে বুঁদ হয় তখনই।

সমস্ত অপমান প্রোথিত করব বলে
এক মানুষ সমান খুঁড়ে ফেলি মাটি,
ঘর্মাক্ত দু-হাতে দেখি,
সে বালি হয়ে যাচ্ছে ক্রমশ।

অতএব, ঘুমের বড়ির শিশি হাতে নিই,
আচমকা মায়ের মুখ মনে পড়ে।

 

মহাপ্রস্থান

সঘন বর্ষার দিনে
একা হেঁটে ফিরে গেল কেউ
ছত্রহীন, সম্বলহীন, অচঞ্চল
পিছুডাক অশ্রুত-প্রায়,
আচম্বিতে এ দৃশ্য জেগে ওঠে বলে
নিজেকে অচেনা লাগে।

সহসা সম্বিৎ ফিরে দেখি,
ঋণে ন্যুব্জ হয়ে আছি
জানুদ্বয় ভূমি স্পর্শ করে
পরাজয় আসন্ন জেনে
স্থাণু বসে ‘দুঃখের দিন’:

“এমন বৃষ্টির দিন পথে পথে
আমার মৃত্যুর দিন মনে পড়ে।”


 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5450 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.