গান্ধি-হত্যা, শ্যামাপ্রসাদ ও নেহরু

আশীষ লাহিড়ী

 

 

আশীষ লাহিড়ীর ইতিহাসের আলো-অন্ধকারে: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বইটি বহুস্বর থেকে প্রকাশিত হয়েছে সম্প্রতি। বর্তমান নিবন্ধটি সেই বইয়েরই লেখকের বাছাইকৃত অংশবিশেষ

 

একটা ধারণা চালু আছে যে গান্ধিহত্যার পরেই শ্যামাপ্রসাদ হিন্দু মহাসভার সংস্রব ত্যাগ করেন। কিন্তু মহাফেজখানায় রক্ষিত নথিপত্র থেকে অন্য একটা ছবি উঠে আসে। সেখানে দেখা যায়, গান্ধি-হত্যার ঠিক প্রাক্কালে ক্রমবর্ধমান গেরুয়া সহিংসতা বিষয়ে শ্যামাপ্রসাদ ছিলেন উদাসীন, তার নিন্দা করতে অনীহ। ১৯৪৭ সালের আগস্ট থেকে ১৯৪৮ সলের আগস্ট পর্বে কেন্দ্রীয় মন্ত্রী শ্যামাপ্রসাদের সঙ্গে নেহরুর চিঠিপত্র থেকে এই ছবি উঠে আসে। এই পর্বে নেহরু শ্যামাপ্রসাদকে বেশ কয়েকবার চিঠি লিখে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ আর হিন্দু মহাসভার কার্যকলাপ নিয়ে তাঁর আশঙ্কার কথা জোরের সঙ্গে ব্যক্ত করেছিলেন। জানিয়েছিলেন, তারা আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছিল, অস্ত্র সংগ্রহ করছিল, গ্রামে গ্রামে এবং বিভিন্ন ব্যক্তির উপর আক্রমণ চালাচ্ছিল। আর সেই সঙ্গে সাম্প্রদায়িক ভিত্তিতে প্রকাশ্য রাজদ্রোহিতা চালিয়ে সরকারের বৈধতা ভঙ্গ করছিল (যেমন ১৯৪৮-এর জানুয়ারির শেষ দিকে, বিড়লা হাউসের সামনে, গান্ধি-হত্যার ঠিক আগে), নেহরু, প্যাটেল আর মৌলানা আজাদের ফাঁসির দাবি করছিল।

শ্যামাপ্রসাদ মহাসভার সদস্য, কিন্তু এইসব কোনওকিছুর সঙ্গে যুক্ত ছিলেন বলে মনে হয় না। আরএসএস-এর মুখপত্র অর্গানাইজার-এ অবশ্য “শ্রদ্ধেয় নেতা” পরিচয়ে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হত। নেহরু তাঁকে আবার চিঠি লিখে অনুনয় করলেন, হয় তিনি মহাসভার অশান্তিকর কাজকর্মের নিন্দা করুন, নাহয় এগিয়ে এসে তাঁর মিত্রদের বলুন তারা যেন তাদের এই অনুৎপাদক, সহিংস, রাজদ্রোহিতামূলক প্রচারের সুর নরম করে। গান্ধিহত্যার ঠিক দুদিন আগে (২৮ জানুয়ারি, ১৯৪৮) শ্যামাপ্রসাদের কাছে তিনি এই চিঠিখানি পাঠিয়েছিলেন:

গত কিছুকাল ধরে হিন্দু মহাসভার ক্রিয়াকলাপ আমাকে গভীরভাবে ক্লিষ্ট করেছে…। ঠিক এই মুহূর্তে তারা যে কেবল ভারতে সরকারের ও কংগ্রেসের প্রধান বিরোধী শক্তি হিসেবে কাজ করছে তাই নয়, উপরন্তু সহিংসতাকে ক্রমাগত ইন্ধন-জোগানো এক সংগঠন হিসেবে কাজ করে চলেছে। আরএরএস-এর আচরণ তো আরও আপত্তিকর। আমাদের হাতে তাদের অত্যন্ত আপত্তিকর কর্যকলাপ সম্পর্কে এবং দাঙ্গা ও বিশৃঙ্খলা তৈরির কাজে লিপ্ত থাকা সংক্রান্ত বিপুল পরিমাণ তথ্য জমা হয়েছে। উপরে যা লিখলাম তা ছাড়াও যেটা আমাকে সবচেয়ে পীড়া দিচ্ছে তা হল, হিন্দু মহাসভার কোনও মঞ্চ থেকে দেওয়া বক্তৃতাগুলির চরম রুচিহীনতা আর কদর্যতা। “গান্ধি মুর্দাবাদ” তাদের একটি বিশেষ স্লোগান।

গান্ধিহত্যার পর, বেসরকারি সশস্ত্রবাহিনী বেআইনি হওয়ার পর, নেহরু আবার শ্যামাপ্রসাদের কাছে আবেদন জানালেন সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে সম্পর্ক ত্যাগ করার জন্য। কিন্তু শ্যামাপ্রসাদ হিন্দু মহাসভার বিরোধিতা করতে, তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে, তার নিন্দা করতে রাজি হলেন না। আরএসএস ও হিন্দু মহাসভা “হিন্দু-বিরোধী” কংগ্রেসের পতন চেয়ে বক্তৃতা দিচ্ছিল, যদিচ নেহরু তাঁকে মন্ত্রিসভায় একটি আসন দিয়েছিলেন। মহাসভার ফতোয়াগুলোর সঙ্গে সদ্য-স্বাধীন রাষ্ট্রের মূল ধারণাগুলির সংঘাত বাধছিল— যথা জননিরাপত্তা বজায় রাখা। নেহরু জানাচ্ছেন,

গোয়েন্দা বিভাগ থেকে এবং অন্যান্য সূত্র থেকে আমাদের কাছে আসা নির্ভরযোগ্য তথ্য অনুসারে, দিল্লি হাঙ্গামায় আরএসএস-এর একটা বড় ভূমিকা ছিল। এখনও আরএসএস এক খুব অশান্তিকর উপাদান।…[1]

ওই পর্বে আরএসএস বিভিন্ন রাজ্য থেকে মুসলিম নিষ্ক্রমণকে মদত দিচ্ছিল। রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব আর দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দিচ্ছিল। আর “হিন্দু সহায়তা সমিতি”র ছদ্মবেশে হিন্দু মহাসভা আরএসএস-এর সঙ্গে হাত মিলিয়ে জনপ্রচার অভিযান চালাচ্ছিল দিল্লি থেকে যাবতীয় মুসলমানকে উৎখাত করার দাবি নিয়ে— যদিও দিল্লি কিন্তু পাঞ্জাব কিংবা বঙ্গের মতো বিভক্ত রাজ্য ছিল না।[2]

এই পরিপ্রেক্ষিতে স্বাধীনতার মাস দেড়েক পর নেহরুর প্রথম চিঠিতে (তারিখ ২৮ সেপ্টেম্বর, ১৯৪৭) পাচ্ছি:

আমি যখন আপনাকে মন্ত্রিসভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলাম, আপনি তখন স্পষ্ট ভাষায় আমাকে বলেছিলেন যে আপনি হিন্দু মহাসভাতেই থাকবেন। আমি বলেছিলাম, নিশ্চয়ই আপনি তা থাকতে পারেন। যতদূর মনে পড়ছে, হিন্দু মহাসভার প্রতিনিধি হিসেবে, সভার ফতোয়ার প্রতি অনুগত থেকে মন্ত্রিসভায় যোগ দেওয়ার কোনও প্রসঙ্গ ওঠেনি। অন্তত আমার কাছে এটা যে পরিষ্কার করে বলা হয়নি, সেটা ঠিক। পরিষ্কার করে বললে সমস্যা হত। সদ্য-স্বাধীন রাষ্ট্রের মূল ধারণাগুলির সঙ্গে সংঘাত বাধছিল— যথা জননিরাপত্তা বজায় রাখা।[3]

উত্তরে শ্যামাপ্রসাদ ৩০ সেপ্টেম্বর ১৯৪৮-এর চিঠিতে জানান, তিনি কোনও সংগঠনের মনোনয়ন নিয়ে মন্ত্রিসভায় যোগ দেননি। ‘মহাসভার ফতোয়া মানতে তিনি বাধ্য’ কিনা এ বিষয়ে কোনও প্রশ্ন সে-সময় তোলাই হয়নি।

স্বাধীনতার পরের প্রথম দুই মাসে আরএসএস এবং হিন্দু মহাসভার বিরুদ্ধে ৭০০টি এফআইআর করা হয়েছিল। গেরুয়া সংগঠনগুলিকে নিয়ে নেহরু তাঁর দুশ্চিন্তা নেহরু আবার ব্যক্ত করেন:

সম্প্রতি হিন্দু মহাসভার এক বিশিষ্ট নেতা বলেছেন, তাঁদের ঈপ্সিত একটি লক্ষ্য হল নেহরু, সর্দার প্যাটেল আর মৌলানা আজাদের ফাঁসি। … সাধারণত যে কোনও রাজনৈতিক কার্যকলাপের মধ্যে হস্তক্ষেপ করতে ইচ্ছা করে না। কিন্তু এই ধরনের ব্যাপারে কোথাও তো একটা সীমা থাকা চাই। … আমি আপনাকে বিশেষ করে লিখছি এইজন্য যে হিন্দু মহাসভার সঙ্গে আপনার ঘনিষ্ঠ যোগ আছে। গণ পরিষদে আমাদের পার্টি থেকে আমাদের কেবলই প্রশ্ন করা হচ্ছে … এ বিষয়ে কী আপনার অবস্থান। আপনি কীভাবে এ পরিস্থিতির মোকাবিলা করার প্রস্তাব দিচ্ছেন তা যদি আমাকে জানান তাহলে আমি কৃতজ্ঞ থাকব, কারণ এ পরিস্থিতি আমার কাছে যতখানি অস্বস্তিকর আপনার কাছেও ঠিক ততখানিই।[4]

খেয়াল করতে হবে, নিষিদ্ধকারী নির্দেশ অমান্য করে মহাসভার ভাষণগুলি সবই লেখা হত পুনে, আমেদাবাদ আর দিল্লিতে। তাছাড়া দিল্লিতে গীতার ক্লাসের আড়ালে আরএসএস সাংগঠনিক সভা করত।[5] গান্ধিহত্যার সময় শ্যামাপ্রসাদ দিল্লিতে ছিলেন না। গান্ধিহত্যার পর হত্যাকারীদের সাজা দেওয়ার জন্য জনদাবি বিপুল হয়ে ওঠার উত্তরপর্বে নেহরু শ্যামাপ্রাসদাকে আবারও একটি চিঠি লেখেন। তাতে তিনি বলেন, দেশভাগ-উত্তর, উপনিবেশ-উত্তর গণতান্ত্রিক যুগে হিন্দুরাই ভারতের ব্যাপক সংখ্যাগুরু অংশ। এহেন পরিস্থিতিতে “হিন্দু স্বার্থ” রক্ষার জন্য চরমপন্থী সংগঠনের প্রয়োজন তো মিলিয়ে যাওয়ার কথা। ঠিক তার পরদিনই নিষিদ্ধ হয়ে যায় আরএসএস:[6]

প্রিয় ডক্টর মুখার্জি,

আপনার মনে থাকবে, দিন কয়েক আগে আমি আপনাকে লিখেছিলাম যে হিন্দু মহাসভার কিংবা তার নেতাদের কাজকর্ম আপনাকে আর আমাকে সমানভাবে অপ্রস্তুত করছিল। আপনি সেসময় কলকাতা যচ্ছিলেন এবং আমাকে বলেছিলেন আপনি স্বয়ং এ ব্যাপারে উদ্বিগ্ন। আরও বলেছিলেন যে ফিরে এসে ব্যাপারটা নিয়ে আমার সঙ্গে আলোচনা করবেন।

তার পর এক অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি অনন্তগুণে খারাপ হয়েছে। যেভাবেই হোক, মানুষের মনে হিন্দু মহাসভা এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে আর আপনি তো জানেন, দেশে এখন প্রবল উত্তেজনা রয়েছে।

হিন্দু মহাসভা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি যাই হোক, আমার গত চিঠিতে আমি যেসব প্রশ্ন তুলেছিলাম সেগুলো এখনও আমাদের সামনে বিরাজ করছে শুধু নয়, তার তীব্রতা আরও বেড়েছে। এরই মধ্যে আমার পার্টির সদস্যরা আমাকে এ নিয়ে প্রশ্ন করছেন এবং উত্তরের জন্য চাপ দিচ্ছেন। খুব সম্ভব তাঁরা আজই বিকেলে পার্টির সভায় এ প্রশ্ন তুলবেন।

আমার নিজের মনে এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে রাজনীতিতে সাম্প্রদায়িক সংগঠনের দিন শেষ। কোনও অবস্থাতেই তাকে মদত দেওয়া আমাদের উচিত নয়। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রীর পক্ষে হিন্দু মহাসভার মতো এক সাম্প্রদায়িক সংগঠনের সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত থাকাটা সকলের পক্ষেই মেনে নেওয়া কঠিন এবং অস্বস্তিকর। নিছক রাজনৈতিক স্তরেও হিন্দু মহাসভা আমাদের সাধারণ পলিসির বিরোধী, সামগ্রিকভাবে সরকারের বিরোধী তো বটেই।

আপনি নিশ্চয়ই এ নিয়ে ভাবনাচিন্তা করেছেন। আমার পক্ষে আপনাকে পরামর্শ দেওয়া একটু কঠিন, তবু একটা কথা বলি। এখন কিন্তু মহাসভা সমেত সাম্প্রদায়িক সংগঠনগুলির বিরুদ্ধে আপনার কথা বলার এবং যেভাবেই হোক, হিন্দু মহাসভার সঙ্গে আপনার যোগ বিচ্ছিন্ন করবার সময় এসে গেছে। আপনার এই ধরনের যে-কোনও কাজ পার্টিতে উচ্চপ্রশংসিত হবে, এবং আমার ধারণা, গোটা দেশেই হবে।

আপনার একান্ত,

জওহরলাল নেহরু

আগস্ট মাসে তদন্ত থেকে যা বেরিয়ে এল তাতে সাভারকারের বৃহত্তর ভূমিকা প্রকাশ্যে চলে এল। জানা গেল, গডসে ও তার সহযোগীরা মহাসভার সদস্য, কিন্তু আরএসএস-এর প্রাক্তন সদস্যও বটে, জানা গেল জনৈক আরএসএস নেতাই গডসেকে পিস্তলটি দিয়েছিলেন। ঠিক সেই সময় হিন্দু মহাসভা কংগ্রেস-পরিচালিত সাময়িক সরকারের বিরোধী রূপে নির্বাচনী রাজনীতিতে পুনঃপ্রবেশের সিদ্ধান্ত নিল। গান্ধিহত্যার সঙ্গে সরাসরি যুক্ত সংগঠনের সঙ্গে জড়িত একজন মানুষকে মন্ত্রিসভায় রাখা নেহরুর পক্ষে উত্তরোত্তর কঠিন হয়ে পড়ল। ২৪ আগস্ট ১৯৪৮ তিনি শ্যামাপ্রসাদকে অনুনয় করে লিখলেন:

কয়েক দিন আগে সংবাদ মাধ্যমে ঘোষণা করা হয়েছে যে হিন্দু মহাসভা রাজনীতির অঙ্গনে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এ খবরের তাৎপর্য অনেক। স্বভাবতই সংবাদমাধ্যমে অনেক আলোচনা হয়েছে। … যে-সংগঠন ছিল নিতান্তই সাম্প্রদায়িক, যা এখনও তাই আছে, তার কাজকর্মকে আমরা অনুমোদন দিতে পারি না। …

পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে এই কারণে যে গান্ধিজিকে হত্যার ষড়যন্ত্রের মামলায় সাভারকরের বিচার চলছে। ফল যাই হোক না কেন, সাভারকরের ভাবমূর্তি এ থেকে উজ্জ্বল হবে না।

…বিভিন্ন প্রদেশে আরএসএস-এর নতুন করে কাজকর্ম শুরু করার খবর আমাদের কাছে আসছে। আপাতদৃষ্টিতে শান্তিপূর্ণ হলেও … এগুলির উদ্দেশ্য হল আগেরই মতো আবার সরকারকে বিপদে ফেলা। এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে আমার মনে হয় আপনার উচিত হিন্দু মহাসভার সঙ্গে আপনার সম্পর্ক বজায় রাখা সম্বন্ধে যাবতীয় ভুল ধারণা দূর করা। … জনসাধারণকে সব কথা খুলে বলা ঢের কাম্য। নইলে গুজব ছড়াবে, অশান্তির সৃষ্টি হবে। জনসাধারণের কথা ছেড়ে দিন, আমি নিজেও জানতে চাই আপনি এখনও হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত আছেন কিনা।

১৯৪৮-এর ২৮ আগস্ট শ্যামাপ্রসাদ জানিয়ে দিলেন, তিনি বরং মন্ত্রিত্ব ছেড়ে দেবেন, কিন্তু মহাসভার সদস্যপদ ছাড়বেন না—

আপনাকে কোনওভাবে বিব্রত করবার বাসনা আমার নেই। যখনই আপনার মনে হবে সরকারের সঙ্গে আমার আর যুক্ত থাকা উচিত নয়, একবার আমাকে জানাবেন, আমি তৎক্ষণাৎ আপনার ইচ্ছা পূর্ণ করব।[7]

তিনি আরও বললেন, দু-চারজন খারাপ লোকের জন্য গোটা সংগঠনকে দোষ দেওয়া ঠিক না। যার অর্থ, হিন্দুত্ববাদী নেতৃত্বকে তিনি নির্দোষ প্রতিপন্ন করতে চাইলেন।

 

অবশেষে পদত্যাগ ও জনসঙ্ঘ প্রতিষ্ঠা

গান্ধিহত্যায় যুক্তদের বিরুদ্ধে দেশের— বিশ্বের— মানুষের স্বতোৎসারিত প্রবল ক্রোধের মুখে অবশেষে ১৯৪৯ সালে হিন্দু মহাসভার কার্যকরী সমিতি থেকে পদত্যাগ করলেন শ্যামাপ্রসাদ। ১৯৫০-এ নেহরু সরকারের ‘পাকিস্তান-তোষণ’ নীতির প্রতিবাদে মন্ত্রিত্ব ত্যাগ করলেন। চলে এলেন কলকাতায়, উদ্বাস্তু ত্রাণে মন দিলেন। এই সময় ২৬ কর্নওয়ালিস স্ট্রিটের (বর্তমান বিধান সরণি) একটি বাড়িতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মাধব সদাশিব রাও গোলওয়ালকরের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। শ্যামাপ্রসাদ তাঁকে বললেন, “এবার আপনারা রাজনীতিতে আসুন।” যে-সংস্থা গান্ধিহত্যার সঙ্গে যুক্ত, দেশবাসীর মনে যে-হত্যার ক্ষত তখনও শুকোয়নি, তারই শীর্ষনেতাকে গুপ্ত রাজনীতি ছেড়ে প্রকাশ্য রাজনীতিতে নামার আহ্বান জানানোর অর্থ কি উক্ত সংস্থার ক্রিয়াকলাপকেই অনুমোদন দেওয়া নয়? তীক্ষ্ণবুদ্ধি গোলওয়ালকর জানালেন, প্রত্যক্ষ রাজনীতি সঙ্ঘের নীতির বিরোধী। বরং তিনি শ্যামাপ্রসাদকেই আবার সরাসরি রাজনীতিতে আসতে বললেন। জানালেন, “আমার সঙ্ঘ থেকে সবচেয়ে ভালো স্বয়ংসেবকদের আমি আপনার কাজের জন্য দেব।” শ্যামাপ্রসাদ রাজি হয়েছিলেন, গোলওয়ালকরও তাঁর কথা রেখেছিলেন।[8] এর পরই শ্যামাপ্রসাদ জনসঙ্ঘ দল প্রতিষ্ঠা করেন। নামে স্বাধীন হলেও কার্যক্ষেত্রে আরএসএস-এর যত্নে বাছাই-করা ক্যাডাররাই জনসঙ্ঘের মূল পদগুলিতে আসীন হত। ১৯৩৯-এ সাভারকর যেমন তাঁর দোলাচল দূর করে হিন্দু মহাসভায় টেনে এনেছিলেন, ১৯৫০-এ গোলওয়ালকর ঠিক সেই কাজটা করলেন। ‘শ্রীগুরুজি’র স্পষ্ট কবুলতি:

সংখ্যাগরিষ্ঠ হিন্দু-রাষ্ট্রের আদর্শের প্রতি তাঁর [শ্যামাপ্রসাদের] সম্পূর্ণ সহমত জ্ঞাপন করে তিনি বলেন যে আমাদের সংবিধানে ভারতীয় রাষ্ট্রীয়তার যথাযথ বর্ণনা ও বিশ্লেষণ করা হয়নি। … হিন্দু রাষ্ট্রকে তার অতীতগৌরবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের পরিপূরক, বিরোধী নয়, কারণ হিন্দু রাষ্ট্র দেশের সকল ব্যক্তিকে পূর্ণ নাগরিক স্বাধীনতা এবং রাজনৈতিক ধার্মিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠার সমান আশ্বাস প্রদান করে। অহিন্দুরাও সে-আশ্বাসের ভাগীদার, যদি অবশ্য তারা এই শর্ত মানে যে তারা রাষ্ট্রদ্রোহী কাজ করবে না এবং রাষ্ট্রকে তার সর্বোচ্চ গৌরবের আসন থেকে ষড়যন্ত্র করে সরাবার এবং শাসনক্ষমতা দখল করার আকাঙ্ক্ষা পোষণ করবে না।[9]

গোলওয়ালকর আর শ্যামাপ্রসাদের এই ভাবনার ভিত্তিতে স্থাপিত হল শ্যামাপ্রসাদের নতুন দল জনসঙ্ঘ। তবে এখানেও তাঁর অদ্ভুত দ্বিচারিতার প্রমাণ আছে। এক সাক্ষাৎকারে তিনি হিন্দু মহাসভাকে কেন ‘সাম্প্রদায়িক’ বলেছিলেন, তা নিয়ে অভিযোগ করে গোলওয়ালকর তাঁকে বলেন, তাহলে তো আরএসএস-ও সাম্প্রদায়িক। শ্যামাপ্রসাদ তৎক্ষণাৎ বলেন, ওটা মুখ ফস্কে বলে ফেলেছিলাম, ওটা আমার আসল মত নয়।[10]

গান্ধিহত্যার তিন বছর পর ২১ সেপ্টেম্বর ১৯৫১, জনসঙ্ঘের প্রতিষ্ঠার দিন, দিল্লিতে হিন্দুরাষ্ট্রের সনাতন চিত্রকল্পটি চমৎকার ফুটে উঠেছিল। মঞ্চে শুভ্রপটে আঁকা কয়েকটি ছবি: কুরুক্ষেত্রে ক্লৈব্য-আক্রান্ত অর্জুনকে ভোকাল টনিক দিচ্ছেন শ্রীকৃষ্ণ, অন্যদিকে রয়েছেন শিবজি আর রাণাপ্রতাপ, জ্বলছে একটি গেরুয়া প্রদীপ। মঞ্চে সগৌরবে আসীন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর পার্টি পাকিস্তান দখল করে নিয়ে মাতৃভূমির ঐক্য ফেরাতে চাইল, মুসলমানদের নিন্দা করল এই বলে যে তারা এই দেশের মাটি আর সংস্কৃতিকে আপন করে নিতে শেখেনি।[11] সেদিন অবশ্য রাজনৈতিক শক্তি হিসেবে জনসঙ্ঘ ছিল নগণ্য। শ্যামাপ্রসাদ নিজে বিপুল ভোটে জিতলেও,[12] ১৯৫২-র প্রথম সাধারণ নির্বাচনে জনসঙ্ঘ লোকসভায় পেয়েছিল তিনটি আসন (বিধানসভায় একটিও পায়নি)।


[1] Selected Works of Jawaharlal Nehru, Vol 4, p. 507.
[2] Saib Bilaval, Revisiting the Role of Saffron Forces in Gandhi’s Murder, 31 Jan 2019.
[3] দ্রষ্টব্য, টীকা ১, পৃঃ ৫০৬-৭।
[4] দ্রষ্টব্য, টীকা ১, সেকেন্ড সিরিজ, ভলিউম ৫, পৃঃ ৩০-৩১।
[5] দ্রষ্টব্য, টীকা ২।
[6] দ্রষ্টব্য, টীকা ১, সেকেন্ড সিরিজ, ভলিউম ৫, পৃঃ ৪৬-৪৭।
[7] দ্রষ্টব্য, টীকা ২।
[8] কবিশেখর কালিদাস রায়, শ্যামাপ্রসাদ (১৯৫৩), সম্পা. ড. রীণা ভাদুড়ী, শ্রী অমিতাভ চট্টোপাধ্যায়, শ্যামাপ্রসাদ ফাউন্ডেশন, কলকাতা ২০০৮, পৃষ্ঠা ১৯৩।
[9] পূর্বোক্ত, পৃষ্ঠা ১৯০।
[10] কবিশেখর কালিদাস রায়, পৃষ্ঠা ১৯০।
[11] রামচন্দ্র গুহ, গাঁধী-উত্তর ভারতবর্ষ, আনন্দ, পৃষ্ঠা ১২১।
[12] বাস্তবিক, পশ্চিমবাংলায় জনসঙ্ঘের প্রভাবটা যে সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক ছিল, তার প্রমাণ, “শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর পর পশ্চিমবঙ্গেও তাঁর সমস্ত রাজনৈতিক প্রভাব ধুয়েমুছে যায়।” (বিপান চন্দ্র, স্বাধীনতার পরে ভারতবর্ষ, আনন্দ, পৃষ্ঠা ২৫৬)।


 

About চার নম্বর প্ল্যাটফর্ম 5450 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

1 Comment

  1. ছাপার ভুল আছে। জনসংঘের প্রতিষ্ঠার দিন ২১ অক্টোবর। ছাপা হয়েছে সেপ্টেম্বর।

আপনার মতামত...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.