Site icon ৪ নম্বর প্ল্যাটফর্ম

নয়াব্যাটনমঙ্গলকাব্য

হকারভাই

 

 

ও মাউন্টব্যাটনসায়েব ও
তোমার সাধের ব্যাটন কার হাতে থুইয়া গেলা ও…
উইন্ডসরের খামার আন্ধার কইরা ও
কারাগারে চলিলায়… ও তুমি জেলে চলিলায়…
তোমার সখের ব্যাটন কার হাতে থুইয়া গেলা ও

গেটস কাঁপে, এহুদ কাঁপে, কাঁপে মেন্ডেলসান
ও কী হায় পরেশান
আবার ডলান-ইলান উটচে কেঁপে দুনিয়া হয় বিরান
বুঝি দুনিয়া হয় বিরান

তোমার জম্বুদ্বীপের ভক্তবৃন্দ ও
তারা ঘোর তরাসে দিন কাটায়
তোমার সখের ব্যাটন কার হাতে থুইয়া গেলা ও

মনে ভাবি, পরবর্তী
হিন্দুহৃদয়রাজচক্রবর্তী
ভবে বিশ্বগুরু ভজবে সবে লন্ডগঞ্জে ক্যালিগাঁয়
হল কী এ দিনেকালে
গুলে গিয়ে ঝোলেনালে
এমন হাউডি করে গোছানো নাম কার ফাইলে শোভা পায়
তোমার সখের ব্যাটন কার হাতে থুইয়া গেলা ও

পুরুষজাতের ফূর্তিবাজি
তারই সুযোগ নিয়ে কী কারসাজি ও
একটু-আধটু শিশুপীড়ন বলো কার কী আসে যায়

ডলানবাবুর নামটি আছে
তবু ধমকে দিতে ডাকছে কাছে গো
বলে খুলবে কাছা, প্রাণটা বাঁচাই বলো এখন কোন উপায়
বলো কুন কুন জাগায় সই দেব গো যা আছে সব লইয়া আয়
মাউন্টব্যাটনসায়েব ও
আমার সখের বাগান কার হাতে চইলা গেলায় ও।