Site icon ৪ নম্বর প্ল্যাটফর্ম

সেলিম মণ্ডল

কলরব

 

 

ধান নেই

উচ্ছিষ্ট ভাতের দানা শুকিয়ে
সঞ্চয় করছ চাল

নবান্ন হবে! আরও সবুজ হবে চারপাশ?

রান্নাঘরে ইঁদুর মরে পড়ে
কলঘরে কাকেদের কলরব…

 

জয়ধ্বনি

বিচ্ছেদের আয়নায় লেগে আছে কার সিঁদুর?
চিরুনি ভেঙে যায়, ছিঁড়ে যায় চুল….
পথে পথে বিদ্রোহ। মানুষ, সবাই মানুষ
কুচ্ছিত কিন্তু নয় অসুর! সবার ভয়াল দাঁত-নখ
তাতে কী এসে যায়…

আয়নার আলো যতদূর পড়েছে
মানুষ সেখানে জয়ধ্বনি গায়…

 

ঋণী

হাত পেতেছি অন্ধকারে
এমনই ভিক্ষুক আমি

ক্ষুধাভরা ঋণ নিয়ে চলি
ইতিউতি ওড়ে আকাশে-বাতাসে

সোনাহাঁস ডিম পাড়ে

তা দেয় গলাকাটা শালিখে!

 

আকুতি

১.

এই তৎসম ঘৃণার পাশে বসে
বিড়ালকে মাছ খাওয়ায়

আমিও অভুক্ত প্রেমে
ভালোবাসার খনি ভেঙে ছড়িয়ে দিয়েছি যত
লেগেছে বিদ্রোহ

 

২.

লক্ষ্মী তুমি, পূজিত নয় সংসারে
উলু বাজে— ঘরে ও বাইরে

যে মূর্তি রেখেছ আড়াল করে
সেখানে প্যাঁচারা সব হাসাহাসি করে

এটুকুই তোমার ঐশ্বর্য?
এটুকুরই আলপনায় রেখেছ সমস্ত দুধ উপুড় করে?

 

মাছ

তুমি কি জলের অন্ধকারে ডুবে থাকা মাছ?
ডাঙায় আসবে বলে মৃত্যুর কাছে করো আত্মসমর্পণ!

কত জেলে ফিরে গেল
কত লোকের উনুন জ্বলল না

শুধু মাছ পেল না বলে…