অদিতি বসুরায়

সম্মতিনামা

 


বহুদূরের কিছু গাছের কাছে নিয়ে যাবে?
অনামা স্টেশনে নেমে যাবো
ধুলোপায়ে।
বরণ করে নেবে টিকিটঘর আর
দিগন্তরেখা জুড়ে থাকা পাহাড়সমূহ।


খুব সচেতনে সমস্ত সম্মতি
তুলে নিতে হয় আমাকে।


আমি শুধু মরে যাবার আগে শীতকাল চাই।
সোয়েটার থেকে উঠে আসা
ইস্কুল-ইস্কুলের মাঠ-সাইকেল
— এই সবের জন্য বড় মনকেমন করে ইদানীং।


আরো দুরূহ এক বিষণ্ণতা নিয়ে
ঘুম থেকে জেগে উঠে দেখি

বিকেলের মুখে ঝুঁকে আছে বিষাদ বালক

লোকে তাকে ডাকনামে ‘সর্বনাশ’ ডাকে।

 

 

(ছবি-মানস নাথ)

About চার নম্বর প্ল্যাটফর্ম 5365 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...